Author: banglarmukh official

  • যেভাবে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল

    যেভাবে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল

    এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার  মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।

    পরে দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপরই আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রসা, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইলের এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

    পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।

    আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইসএসসি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

    মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

    এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেয়া হবে।

    উল্লেখ্য, এবার সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২৭ জন। এছাড়াও কারিগরি শিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৭৫৪।

  • ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে শোয়ার্জনেগারের কটূক্তি

    ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে শোয়ার্জনেগারের কটূক্তি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে কটাক্ষ করেছেন হলিউড তারকা শোয়ার্জনেগার৷রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠককে কেন্দ্র করেই ক্যালিফোর্নিয়ার প্রাক্তন এই গভর্নর এমন সমালোচনা করেন।

    ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এই বৈঠকে পুতিন পরবর্তী বিশ্বকাপের বল তুলে দেন ট্রাম্পের হাতে৷ বৈঠকে উঠে আসে গত মার্কিন জাতীয় নির্বাচনে রুশ গোয়েন্দাদের ভূমিকা নিয়ে৷ জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি বলেই স্বীকার করেছেন৷

    এর পরেই ট্রাম্পকে ভেজা নুডলস বলে কটাক্ষ করেন শোয়ার্জনেগার৷ তিনি ট্যুইটে লিখেছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা বিভাগকে বিক্রি করে দিয়ে এলেন৷ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ঘিরে মার্কিন রাজনৈতিক মহল সমালোচনায় মুখর হয়েছে৷ ঘরে বাইরে বিদ্ধ হচ্ছেন ট্রাম্প৷

  • বিশ্বকাপ জিতেছে আফ্রিকা’ অমিতাভের ট্যুইট ঘিরে বিতর্ক

    বিশ্বকাপ জিতেছে আফ্রিকা’ অমিতাভের ট্যুইট ঘিরে বিতর্ক

    ৪-২ ক্রোয়েশিয়াকে হারিয়ে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ জিতে নিয়েছে ফ্রান্স৷ অনবদ্য ফুটবলের জন্য সারা বিশ্বজুড়ে বন্দিত হচ্ছেন এমবাপে, গ্রিজমানরা৷ এরই মধ্যে অবাক করা ট্যুইট করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন৷ ট্যুইট করে বিগ-বি লেখেন ‘আফ্রিকা বিশ্বকাপ জিতেছে’৷

    এরকম ট্যুইট করে নেটিজেনের সমালোচনার মুখে পড়েছেন অমিতাভ৷ অনেকেই রি-ট্যুইট করে বিগ-বিকে জানিয়েছেন এরকম কথা বলা ঠিক হয়নি তাঁর৷ তবে বিগ-বি’র মতো একজন খেলা-পাগল মানুষ এরকম লিখলেন কেন? শেষ দশকে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের নিজেদের দেশে জায়গা এবং নাগরিকত্ত্ব দিয়ে আসছে ফ্রান্স৷

    ফরাসীদের বিশ্বকাপ জয়ী দলে এমন অনেক ফুটবলার রয়েছেন যাঁরা জন্মসূত্রে আফ্রিকান৷ অনেকে রয়েছেন ইসলাম ধর্মাবলম্বী৷ তাই ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফ্রান্সের জয়কে ‘আফ্রিকার জয় কিংবা মুসলিমদের জয়’ বলে বিভেদ তৈরি করতে চেয়েছেন৷ এরকমই একটি ট্যুইট শেয়ার করে বিগ’বি লেখেন ‘এই জয় তাহলে আফ্রিকার৷’

    সিনিয়র বচ্চনের শেয়ার করা ট্যুইটটিতে লেখা রয়েছে, ‘এই ফ্রান্স দলে সবচেয়ে বেশি বৈচিত্র্য রয়েছে৷২৩ জনের দলের ১৬ জন ফুটবলার জাইরে, ক্যামেরুন, মরক্কো, কঙ্গো, আলজেরিয়ার মতো জায়গা থেকে ফ্রান্সে অভিবাসিত হয়ে এসেছে৷এটা সত্যিই অসাধারণ অভিবাসীরা ফ্রান্সের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে৷’

    যে দেশ বিপদের সময় পাশে দাঁড়িয়ে মানুষকে আশ্রয় দেয় তাদের বিশ্বজয়ের দিন এই ধরনের বিভেদমূলক প্রশংসাকে সমর্থন করেনি নেটিজেন৷ বিগ বি’র এক ফলোয়ার লিখেছেন, ‘এরকম জিনিস বিগ বি’র কাছ থেকে আশা করা যায় না৷ একটা দেশ শরণার্থীদের হাসি মুখে গ্রহণ করে এরকম জায়গা দিয়েছে৷ সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে৷ এর জন্য সমস্ত ক্রেডিট ফ্রান্সের প্রাপ্য৷’

    সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

  • যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষক বরখাস্ত, প্রক্টরকে অব্যহতি

    যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষক বরখাস্ত, প্রক্টরকে অব্যহতি

    ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে একই বিভাগের তিন শিক্ষককে যৌন হয়রানির অভিযোগ উঠায় রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও দায়িত্বে অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবীরকে অব্যাহতি দেয়া হয়েছে। আর এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয়।
    জানা যায়, নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন গত চার বছর ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল বলে গত মঙ্গলবার অভিযোগে জানিয়েছেন একই বিভাগের বিভাগীয় প্রধান ও দুই শিক্ষিকা।
    অভিযোগে উল্লেখ করা হয়, রুহুল আমিন মঙ্গলবার একাডেমিক কমিটির সভা শেষ হওয়ার পর বিভাগীয় প্রধানকে চোখ টিপ দিলে তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং এর আগেও তাকে বিভিন্ন সময় এসএমএস, মেসেঞ্জারে অশ্লিল ছবিসহ নানাভাবে হয়রানি করা হয়। এছাড়াও একই বিভাগের আরো দুই শিক্ষিকাকেও উত্যক্ত করে আসছিল। এ ব্যপারে তারা সাবেক ভিসি মোহিত উল আলমের কাছেও মৌখিক অভিযোগ করেন বলে উল্লেখ করা হয় ওই অভিযোগ পত্রে।
    অভিযোগের প্রেক্ষিতে বুধবার ভিসি স্বাক্ষরিত এক নোটিশে অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে দায়িত্বে অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবীরকে অব্যহতি প্রদান করা হয়। আর এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হককে প্রধান করে ও কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিছ কেয়াকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।
    এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের জবাব, একাডেমিক সভায় ভাল রেজাল্টধারী শিক্ষার্থীদের মাস্টার্সে ফেল করিয়ে তাদের শিক্ষাজীবন ধবংস করতে চেয়েছিল বিভাগীয় প্রধানসহ কতিপয় শিক্ষক-শিক্ষিকা। আমি এর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে এরকম জঘন্য মিথ্যা অভিযোগ দিয়েছেন তারা।
    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবীর জানান, আমাকে কি কারণে অব্যহতি দিয়েছে আমি জানিনা। তবে আমি ঘটনা শুনার পরপরই শিক্ষিকার বাসায় গিয়ে খোঁজ নেয়ার চেষ্টা করেছি।
    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, নারী শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে আমি অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং এ বিষয়টি ধামাচাপা দেয়ার ব্যপারে প্রক্টর জাহিদুল কবীরের বিরুদ্ধে কয়েকজন শিক্ষক অভিযোগ করায় তাকেও অব্যহতি দিয়েছি। তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করার পরে আমরা সিন্ডিকেটে চুড়ান্ত সিদ্ধান্ত নেব।

  • কোটা নিয়ে কোনো রাজনীতি করছে না বিএনপি : ফখরুল

    কোটা নিয়ে কোনো রাজনীতি করছে না বিএনপি : ফখরুল

    কোটা সংস্কার ও খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, কোটা সংস্কার এবং খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো রাজনীতি করছি না। যেটা সত্য, আমরা সেটা জনগণের কাছে বড় রাজনৈতিক দল হিসেবে তুলে ধরছি।’

    মির্জা ফখরুল বলেন, বেকার যুবকদের ন্যায়সংগত আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু রেগে মেগে সংসদে প্রধানমন্ত্রী বললেন, কোনো কোটাই থাকবে না। এখন আপনিই বলছেন, হাইকোর্টের রায়ের বাইরে যাওয়া যাবে না।

    খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে-ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব।

    বিএনপি নেতা বলেন, সরকারের অভীষ্ট লক্ষ্য হলো আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। এর মাধ্যমে তারা আবারও একদলীয় শাসন পাকাপোক্ত করতে চায় ভিন্ন মোড়কে।

    সরকারের চরিত্র, লক্ষ্য সবার কাছে পরিষ্কার হয়ে গেছে-এমনটা দাবি করে ফখরুল বলেন, দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছে গেছে, বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনা রাখার পর সেটা বদলে ধাতু জাতীয় জিনিস রাখা হয়েছে। অলংকারগুলো বদলে সেখানে নকল জিনিস রাখা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিং করে টাকা লুট করা হলো। যার প্রতিবেদন এখনো প্রকাশ করতে পারেনি।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এসময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ।

  • ইভিএম চান সাদিক, লেভেল প্লেয়িং ফিল্ড চান সরোয়ার

    ইভিএম চান সাদিক, লেভেল প্লেয়িং ফিল্ড চান সরোয়ার

    প্রখর রোদ মাথায় নিয়ে ৯ম দিনে জমজমাট প্রচার-প্রচারণা চালিয়েছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মেয়র প্রার্থীরা। এ সময় আওয়ামী লীগ প্রার্থী সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন। বিরোধী প্রার্থীরা সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হওয়াসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান।

    বুধবার সকাল বেলা সোয়া ১২টার দিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহাত রাখতে আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে সবার কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

    গণসংযোগকালে সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনগণ বরিশালের উন্নয়ন তড়ান্বিত করার জন্য অধীর আগ্রহে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে নৌকার বিজয় সুনিশ্চিত।

    সাংবাদিকদের প্রশ্নে জবাবে সাদিক আরও বলেন, তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ায় বিরোধী প্রার্থীরা তার দিকে আঙ্গুলী তুলছেন। এ কারণে তিনি স্বচ্ছতা নিশ্চিত করতে তার নিজের ওয়ার্ডের দুটি কেন্দ্র সহ আশপাশের কেন্দ্রগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। বিরোধী প্রার্থীরা কথায় কথায় অভিযোগ করলেও তার কোন ভিত্তি নেই। কারণ রিটার্নিং কর্মকর্তার কাছে মাত্র দুটি অভিযোগ জমা পড়েছে। এতেই প্রমাণিত হয় বিরোধী প্রার্থীরা মিথ্যা অভিযোগ করছেন।

    নির্বাচনের সুষ্ঠু-সুন্দর পরিবেশ বিরাজ করছে বলে জানান সাদিক। এসময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইদুর রহমান রিন্টু ও সাধারন সম্পাদক এ কে এম জাহাঙ্গীর সহ অন্যান্যরা তার সাথে উপস্থিত ছিলেন।

    সাদিক ছাড়াও সকালে নগরীর চকবাজার এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত কুমার নন্দী এবং দলের কেন্দ্রিয় নেতা অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেজ বলরাম পোদ্দার।

    এদিকে সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড, প্যারারা রোড এবং চাঁদমারী এলাকায় গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এ সময় সরোয়ার সাংবাদিকদের বলেন, ইভিএম পদ্ধিতে হলেই যে সুষ্ঠু ভোট হবে সেটা ঠিক নয়। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে যেসব ত্রুটি বিচ্যুতি ছিলো, বরিশাল সিটি নির্বাচনে সেইসব ত্রুটি দূর করতে হবে। একই সাথে ভোট কেন্দ্র দখল, জালিয়াতিসহ বিভিন্ন মেকানিজম বন্ধ করতে হবে।

    নির্বাচনের দিন যাতে বহিরাগতরা নগরীতে না আসতে পারে সেজন্য পুরো নগরীকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলার জন্য সংশ্লিস্ট প্রশাসনের কাছে দাবি জানান সরোয়ার। নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হওয়াসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে দাবি জানান সরোয়ার। এ সময় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এবং সাবেক এমপি আবুল হোসেন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    অপরদিকে বিএনপি’র মেয়র প্রার্থী সরোয়ারের পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে রুদ্ধদার মতবিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আাব্বাস এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। এ সময় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, দুই সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সাদিক এবং সরোয়ার ছাড়াও জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী এবং জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

  • হলুদ সাংবাদিকতার কাছে হার মানার লোক আমি নই- বরিশাল পুলিশ কমিশনার

    হলুদ সাংবাদিকতার কাছে হার মানার লোক আমি নই- বরিশাল পুলিশ কমিশনার

    আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী, শুভাকাংখী, শত্রু মিত্র সকলের উদ্দেশ্যে একজন পুলিশ কর্মকর্তা-পিতা-নাগরিক হিসাবে কিছু অনুভুতি ব্যক্ত করছি।

    অতি সম্প্রতি “তথা কথিত” কিছু পত্রিকা যেমন মানবজমিন, ইনকিলাব ও ভুঁইফোড় অনলাইন পত্রিকায় বরিশালের পুলিশ কমিশনারের মাথায় পিস্তল ঠেকিয়ে একজন আওয়ামী লীগ নেতা পিটিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা আবার মফস্বলীয় ঘরনার আদম সন্তান যারা নিজেদের খুব জ্ঞানী আর ক্ষমতাবান ভাবেন।

    ভাষা আর শিক্ষা দীক্ষায় তারা আবার বরিশালের আঞ্চলিকতার একনিষ্ঠ অনুরাগী-জোর করেও তাদেরকে দিয়ে শুদ্ধ বাংলা ভাষা বলানো যায় না। এর মধ্যে আবার যুগান্তর নামক পত্রিকার মাননীয় মফস্বলীয় সাংবাদিক ভাইও বিরাট মওকা পেয়ে কঠিন মার-মার কাট-কাট রির্পোট করে রীতিমত কোন আন্তর্জাতিক খেতাব অর্জনের খোয়াব দেখছেন!!

    বাংলাদেশের এই শ্রেনীর সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সাংবাদিকতার মত মহান পেশাকে আরো মহিমান্বিত করে যাচ্ছেন-আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি!

    আপনাদের সম্পাদকদের কাছে নিচের প্রতিবাদটি পাঠানো হয়েছে। ছাপানো হবে না হয়তো। তাই ফেসবুকই ভরসা।

    দীর্ঘ বিশ বৎসর মাঠে ময়দানে আর পুলিশ হেডকোর্য়াটার্সে বহু চড়াই উৎরাই অতিক্রম করে সৎ-কর্মঠ-প্রতিবাদী-ধার্মিক-অসাম্প্রদায়িক পুলিশ কর্মকর্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। কতিপয় পদলেহনকারী আর অসৎ-ধান্ধাবাজ সহকর্মীদের শত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজকের অবস্থানে এসেছি। শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার কৃপায়।

    কতিপয় ভুঁইফোড় সাংবাদিকের হলুদ সাংবাদিকতার কাছে হার মানার লোক আমি নই। কোন রাজনৈতিক নেতার বুকে অতো বড় কলিজা নেই যে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে মারধোর করবে। আমার জীবনের প্রতিটি কাজ আমি আল্লাহকে সন্তুষ্ঠ করার জন্যেই করে থাকি এবং আমৃত্যু করে যাবো-ইনশাআল্লাহ।

    যে ঘটনা সুন্দরবন ১১ লঞ্চে ঘটেছে তা অনাকাংখিত-পত্রিকার অতিরঞ্জনের ফলে আমি, আমার সহকর্মীগন বিব্রত, আহত তবে একই সাথে সংযত। দুষ্কৃতিকারীরা যতই ক্ষমতাবান হোন না কেন আপনাদের কৃতকর্মের জন্য আইনের আওতায় আপনাদের আনা হবে ইনশাআল্লাহ।

    আর ছিঁচকে মফস্বলীয় কতিপয় মেরুদন্ডহীন সাংবাকিকদের বলছি-হলুদ সাংবাদিকতার জন্যে আইনের আশ্রয় নেয়ার অধিকার সকল নাগরিকের মত একজন পুলিশ কর্মকর্তারও রয়েছে-জাতির জনক শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলায়!

    দেখা হতে পারে আদালতে ইহকাল বা পরকালে। সত্য প্রতিষ্ঠায় পোস্টটি শেয়ার করে কৃতজ্ঞ করবেন-ধন্যবাদ।

  • অবশেষে বাড়ি ফিরেছে সেই খুদে ফুটবলাররা

    অবশেষে বাড়ি ফিরেছে সেই খুদে ফুটবলাররা

    থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থেম লুয়াং গুহায় আটকে পড়া সেই ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ আজ বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ফিরে গেছেন তাদের মা-বাবার কাছে। আর বিকেলে সংবাদ সম্মেলন শেষে স্থানীয় সময় সন্ধ্যায় তারা বাড়ি ফিরেছে।

    বুধবার ওই ফুটবল দলকে নিয়ে ‘থাইল্যান্ড মুভ ফরোয়ার্ড’ নামের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার জন্য থাই সরকার ৪৫ মিনিট সময় বরাদ্দ করে দিয়েছে বলে জানা গেছে।

    এর আগে হাসপাতালে কিশোরদের সামনে ডুবুরি সামানের একটি ছবি রাখা হয় বলে জানা গেছে। তাদের জানানো হয়, ইনি হলেন সেই ডুবুরি যিনি তোমাদেরকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়েছেন। এ কথা শোনার পর নিজেদের আর দমিয়ে রাখতে পারেনি কিশোর ছেলেরা। ছবির সামনে দাঁড়িয়েতারা কান্নায় ভেঙে পড়ে।

    উল্লেখ্য, থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থেম লুয়াং গুহায় ১১ থেকে ১৬ বছর বয়সী ওই ১২ কিশোর ফুটবলার ও ২৫ বছর বয়সী তাদের কোচ প্রবল বর্ষণ ও বন্যার কারণে আটকে পড়ে। আর্ন্তজাতিক ও স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তা প্রায় ২ সপ্তাহ পর তাদের উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়ার পর তারা চিয়াং রাইয়ের একটি হাসপাতালে ছিল।

  • বরিশাল যুবদলের শতাধিক নেতাকর্মী মহানগর আওয়ামীলীগে যোগদান

    বরিশাল যুবদলের শতাধিক নেতাকর্মী মহানগর আওয়ামীলীগে যোগদান

    বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মামুন মোল্লা ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান শোয়েব এর নেতৃত্বে শতাধিক নেতা কর্মী বরিশাল মহানগর আওয়ামী লীগে যোগদান করেছেন।

    নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মঙ্গলবার বিকালে ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক শেষে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হাতে ফুলেল তোড়া উপহার দিয়ে যুবদলের নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, এ্যাডভোকেট আফজালুল করীম প্রমুখ।

  • বরিশালে ২৫ নং ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক

    বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থনে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে স্থানীয় জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উঠান বৈঠকে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।