Author: banglarmukh official

  • বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দেবে না আ’লীগ

    বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দেবে না আ’লীগ

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিএনপি কেউ আপাতত সমর্থন দেওয়ার বিষয়টি ভাবছে না। আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে কোন ধরনের দলীয় সমর্থন ছাড়াই তাদের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে হবে।
    কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বুধবার (০৪ জুলাই) এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এই নেতা জানিয়েছেন- আপতত কাউন্সিলরদের নিয়ে ভাবার সময় নেই। যে কারণে ওই পদটিতে দল কোন ধরনের সমর্থন দেবে না। এখন শুধু মেয়র প্রার্থীকে সমর্থন জানিয়েছে আ’লীগ।

    তবে দলীয় সমর্থন দেওয়ার নামে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কাছে ৫ হাজার টাকা মনোনয়নপত্র বিক্রি করেছিলেন এখানকার নেতারা। এমনকি প্রার্থীদের দল থেকে সমর্থন দেওয়ার বিষয়টিও প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের অবহিত করেছিলেন বরিশাল মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ‍একেএম জাহাঙ্গীর হোসেন।

    এদিকে বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে- কাউন্সিলর প্রার্থীকে কোন ধরনের সমর্থন দেওয়া হয়নি। এই বিষয়টি কেন্দ্রীয় বিএনপি নেতা মির্জা আব্বাস বুধবার রাতে নিশ্চিত করেছেন।’

  • বিসিসির ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদ থেকে সরে দাড়ালেন সুলতান

    বিসিসির ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদ থেকে সরে দাড়ালেন সুলতান

    প্রবল ইচ্ছা আকাঙ্খা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীতায় নেমেছিলেন সাবেক কাউন্সিলর শ্রমিক নেতা সুলতান মাহমুদ। এমনকি ক্ষমতাসীন আ’লীগের সমর্থন না পেয়েও প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনঢ় ছিলেন তিনি। কিন্তু শেষাবধি দলীয় চাপে নির্ধারিত সময়ের আগেই দল সমর্থিত প্রার্থী এম সাইদুর রহমান জাকির মোল্লাকে সমর্থন জানিয়ে সরে গেলেন নির্বাচনী মাঠ থেকে। নিশ্চিত হওয়া গেছে বৃহস্পতিবার আ’লীগ ঘরনার এই শ্রমিক নেতা স্বশরীরে নির্বাচন কমিশনের গিয়ে মনোনয়ন পত্র তুলে নিয়েছেন।

    পরবর্তীতে তিনি দলীয় নেতৃবৃন্দের সম্মুখ মনোনিত প্রার্থী জাকিরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অবশ্য সুলতানের এমন সিদ্ধান্তের কারণে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে একটি উদাহরণ সৃষ্টি করেছে। তবে সুলতান সমর্থকদের দাবি হচ্ছে তিনি (সুলতান) স্বেচ্ছায় মাঠ ছাড়েননি। বরিশাল আ’লীগের নীতি নির্ধারকরা চাপ প্রয়োগ করার কারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হলেন। যদিও এই বিষয়টি সাবেক কাউন্সিলর সুলতান মিডিয়ার কাছে স্বীকার করছেন না।

    এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে সুলতান সরে যাওয়ায় বর্তমানে সেখানে বিএনপি প্রার্থী জিয়াউদ্দিন শিকদারসহ ৪জন রয়েছেন। বাকিদের মধ্যে ২ জনের নাম আলোচনায় না থাকলেও জিয়া শিকদারের সাথে জাকির মোল্লার তুমুল প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ভাবছে ভোটাররা।

  • জাল সার্টিফিকেট দেওয়ায় নারী কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল

    জাল সার্টিফিকেট দেওয়ায় নারী কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্রের সাথে জাল শিক্ষাসনদ দিয়ে প্রার্থিতা হারিয়েছেন মাকসুদা আক্তার মিতু নামে সংরক্ষিত ওয়ার্ডের এক নারী প্রতিদ্বন্দ্বি। একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (০৫ জুলাই) শুনানি করে বিষয়টি নিশ্চিত প্রার্থীর মনোনয়নটি বাতিল ঘোষণা করেন বরিশাল বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান।

    নির্বাচন থেকে বাতিল হওয়া মাকসুদা আক্তার মিতু ক্ষমতাসীন আ’লীগ মনোনীত প্রার্থী হয়ে সংরক্ষিত ৪ আসনে (১০, ১১ ও ১২) নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। অবশ্য তিনি ওই আসনের বর্তমান কাউন্সিলর হিসেবে দায়িত্বও পালন করছেন।

    বরিশাল নির্বাচন কমিশনার অফিস সূত্র জানিয়েছে- মাকসুদা আক্তার মিতু একই আসন থেকে ৩০ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে সাম্প্রতিকালে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিনি মাস্টার্স পাশ না করা সত্বেও নিজেকে সার্টিফিকেটধারী দাবি করেন। এমনকি তিনি এই সংক্রান্ত একটি সার্টিফিকেটও হলফনামার সাথে সংযুক্ত করে দেন। কিন্তু এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্চ করে নির্বাচন অফিসে আপত্তি দেন প্রতিদ্বন্দ্বি এক প্রার্থী।

    সেই আপত্তির প্রেক্ষিত্রে বিষয়টির ওপরে বৃহস্পতিবার একটি শুনানী করেন বিভাগীয় কমিশনার। সেখানে সকলের উপস্থিতিতে কাউন্সিলর প্রার্থী মাকসুদা আক্তার মিতুর শিক্ষাসনদ জাল প্রমাণিত হয়েছে। ফলে এবারের নির্বাচনে প্রার্থীতা থেকে তাকে বাতিল ঘোষণা করা হয়।’’

  • নৌকার সমর্থনে,বরিশাল জেলা করাতকল শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

    নৌকার সমর্থনে,বরিশাল জেলা করাতকল শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

    আগামী ত্রিশে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন।নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠন তাকে জয়ী করতে আলোচনা সভা করছেন ।

    গতকাল নগরীর চাদমারিতে আলোচনা সভা করছেন বরিশাল জেলা করাতকল শ্রমিক ইউনিয়ন। উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় করাতকল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি,এস এম হুমায়ুন কবির মোতালেব, অন্যান্যের মধ্যে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সর্দার  ও করাতকল ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহ শতাধিক শ্রমিক । সবাই,নৌকা,মার্কার প্রার্থী যুবরত্ন  সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ কে নগরপিতা রুপে অধিস্ঠিত করার জন্য সকল রকম কার্যক্রম করবেন বলে আশা রাখেন ।

  • এবার ডাস্টবিনে বসে নির্বাচনী প্রচারণা

    এবার ডাস্টবিনে বসে নির্বাচনী প্রচারণা

    পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে উন্মাদনা। সেই উন্মাদনায় এমন কিছু নেই যা সম্ভাব্য প্রার্থীরা করছেন না। তবে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়ে রীতিমতো আলোচনায় এসেছেন দেশটির এক রাজনীতিক।

    করাচির এই রাজনীতিক তার নির্বাচনী এলাকার ভোটারদের আকর্ষণে শুয়ে পড়ছেন পানিতে, জঙ্গলে, খানাখন্দে, রাস্তার ম্যানহোলে ও ডাস্টবিনে।

    তার এমন কার্যক্রম এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। শহরের ময়লার ভাগাড়, রাস্তাঘাটে জমে থাকা পানি ও অকার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভোটারদের কাছে তুলে ধরতে অভিনব সব পন্থা বেছে নিয়েছেন করাচির আয়াজ মেমম মোতিওয়ালা।

    আম আদমি পাকিস্তান দলীয় এই প্রার্থী ময়লার স্তূপের ওপর শুয়ে ও ম্যানহোলের ভেতর ঢুকে, রাস্তায় জমাবদ্ধ পানির ওপর বসে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিচ্ছেন। পরে এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তিনি, যা রীতিমতো ভাইরাল।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তার উদ্ভট এমন নির্বাচনী প্রচারণার লক্ষ্য হচ্ছে এলাকার মানুষজনের মন গলিয়ে ভোট নিজের থলেতে ভরা এবং একমাত্র তিনিই এলাকার মানুষের ভোগান্তি বুঝতে পারেন, সেটির জানান দেয়া।

    পাকিস্তানের করাচি থেকে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আয়াজ মেনন মোতিওয়ালা। ভাইরাল হএয়া ছবিতে দেখা যাচ্ছে, তিনি শহরের ডাস্টবিনগুলোতে গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন, ডাস্টবিনের ওপর বসে জনসভার ভাষণ দিচ্ছেন।

    আয়াজ মেনন জানান, শহরের বিভিন্ন ডাস্টবিনগুলো নোংরা এবং এগুলো শহরবাসীর জন্য অস্বাস্থ্যকর। কিন্তু কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছে না। তাই কর্তৃপক্ষের দৃষ্টি ফেরাতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

    ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যে যার মতো করে প্রচার চালাচ্ছেন। তবে এই প্রার্থীর অদ্ভুত প্রচারণা বাকিদেরকে ছাড়িয়ে গেছে।

  • ম্যারাডোনা বলছেন ব্রাজিল

    ম্যারাডোনা বলছেন ব্রাজিল

    প্রতিবেশী দেশের ফুটবল সমর্থক হওয়ার কোনো কারণ নেই ডিয়েগো ম্যারাডোনার। তবে রাশিয়া বিশ্বকাপ থেকে প্রিয় দলের হতাশাজনক বিদায়ের পর মাঠের ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওদেরই হট ফেভারিট মনে করছেন এই ফুটবল কিংবদন্তি।

    আর্জেন্টিনা যত দিন বিশ্বকাপে ছিল, তত দিন সমান আকর্ষক ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। মাঠে তাঁর উচ্ছল উপস্থিতি মাতিয়েছে গোটা বিশ্বকেই। লিওনেল মেসিরা এবারের আসর থেকে বিদায় নিলেও ‘উপস্থিত’ আছেন তাঁদের পূর্বসূরি ম্যারাডোনা। ভেনিজুয়েলার টিভি টেলেসুরে নিয়মিত অনুষ্ঠান করছেন তিনি। মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয় দেখার পর ম্যারাডোনার মন্তব্য, ‘ব্রাজিলের এই দলটা খুব শক্তিশালী। আমার তো মনে হচ্ছে ওরাই শিরোপা জিতবে। ট্রফি বড় দলই জেতে। তিতেকে (ব্রাজিলের কোচ) আমার খুব পছন্দ, ব্রাজিল দলটাকে কী দারুণ গুছিয়েছে। মেক্সিকোর এই হারে মুষড়ে পড়ার কোনো কারণ নেই।’ তবে ব্রাজিলের মহাতারকা নেইমারের ‘অভিনয়’ বিরক্ত করেছে ম্যারাডোনাকে, ‘তুমি (নেইমার) হয় আমাদের কাঁদাও নয়তো হাসাও—যেকোনো একটা করো। তুমি মাঠে পড়ে গড়াগড়ি খেলে আমরা উদ্বেগে কেঁপে উঠি। কিন্তু একটু পরই তুমি যখন স্বাভাবিক দৌড় দাও, তখন হাসি পায়। এমন নাটকের মানে কী?’

    তবে সর্বান্তঃকরণে তিনি তো আর্জেন্টাইনই। তাই এত দিন পরও টিভি শোতে ঘুরে-ফিরে আসে আলসেবেলিস্তেদের বিদায়ের শোক। মাঠে বসে আর্জেন্টিনার প্রতিটি খেলা দেখা ম্যারাডোনার আক্ষেপ, ‘ওরা (নিজ দেশের সমালোচকরা) ভাবে আমি হয়তো খুব আনন্দে আছি। কিন্তু আমার মনের কষ্ট তো কাউকে দেখাতে পারি না। ঈশ্বর যদি আমাকে মাঠে নামার শক্তি ফিরিয়ে দিতেন…৫৭ বছর বয়সে এসে চোখের সামনে এ কোন আর্জেন্টিনাকে দেখছি? আমাদের জাতীয় দল এমন একটা মানের, যে দলটাকে আমি টুর্নামেন্টের সেরা বলে মনে করি না। এটা যে আমার কতটা পীড়া দেয়, বলে বোঝাতে পারব না।’

    ম্যারাডোনার এই কষ্ট হয়তো লাঘব হবে যদি বিশ্বমঞ্চে আবার দোর্দণ্ডপ্রতাপে ফেরে তাঁর আর্জেন্টিনা। চার বছর পরে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপের জন্য সে রকম একটি দল গড়ার কাজে নিজে থেকে হাত বাড়িয়েও দিয়েছেন ম্যারাডোনা, ‘আর্জেন্টিনা ফুটবলের উন্নতির জন্য যেকোনো দায়িত্ব পালন করতে আমি রাজি, ফ্রি করে দেব।’ টেলেসুর

  • চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

    চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে। মঙ্গলবার (০৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ২০১৮-১৯ প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলী পরে জানানো হবে।

    এর আগে গত বছর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটে নেওয়া হয়। এবারও বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সম্মিলিত ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

  • সন্তানকে স্বীকৃতি দিচ্ছেন না পিতা, আদালতে মায়ের মামলা

    সন্তানকে স্বীকৃতি দিচ্ছেন না পিতা, আদালতে মায়ের মামলা

    পিতা সন্তানকে স্বীকৃতি না দেয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন সন্তানের মাতা। এমন ঘটনায় শহরে মূল আলোচনার বিষয়ে রূপ নিলেও আসামি গ্রেফতার না হওয়ায় অসহায় হয়ে আদালতের বারান্দায় ঘুরছেন ওই নারী।

    মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে ওই নারী গোপালগঞ্জ জেলার কাশীয়ানি উপজেলার ফুকরা সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। মামলার আসামি মুন্সি রুহুল আসলাম একই উপজেলার সহকারি শিক্ষা অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। চাকুরি চলাকালীন আসামি আসলাম বিবাহের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষিকাকে ডেকে তার ভাড়া বাসায় সহবাসে লিপ্ত করতে বাধ্য করে। পরে শিক্ষিকা তাকে বিভিন্নভাবে বিয়ের চাপ দিলে ২০১২ সালে বিয়ের কয়েক দিন পর কাবিন করার কথা বলে হুজুর ডেকে ধর্ম মোতাবেক বন্ধুর বাসায় বিবাহ করে আসলাম।২০১৪ সালে পুত্র সন্তান জন্ম নেয় তাদের।

    কিন্তু পরে আর বিয়ের কাবিন করেননি আসলাম। উল্টো সময়-অসময়ে নির্যাতন ও যৌতুকের জন্য চাপ সৃস্টি করা হয়। কমপক্ষে ১০ লাখ টাকা যৌতুক দেয়া না হলে বৌ হিসেবে মেনে নিবে না বলে জানিয়ে দেয়া হয়।

    স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও তা না হওয়ায় ৯ এপ্রিল আদালতে মামলা করেন বাদী শাবিহা শারমিন। আদালত মামলা আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও টাকার জোরে প্রকাশ্যে গোলাপগঞ্জ জেলার মকসদপুদ উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে রয়েছেন। পরে ৩ জুলাই আদালত ডিএনএ টেস্ট পর্যন্ত আসামীকে জামিন দেন।

    বাদি পক্ষের দাবি, আসামি মুন্সি রুহুল আসলাম টাকা দিয়ে সব কাজ করিয়ে নেয়। তাই প্রশাসনের হস্তক্ষেপে ডিএসএ টেস্টটি যেন সঠিকভাবে হয়। এ ছাড়া আসামির বিরুদ্ধে নারীঘটিত একাধিক অভিযোগ পাওয়া গেছে।

    এ বিষয়ে মুন্সি রুহুল আসলামের নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যান।

    মকসদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, হাইকোর্ট থেকে জামিন নেয়ার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

  • রুশ দম্পতির ঘর ভেঙে দিলেন মেসি-রোনালদো! অনলাইন ডেস্ক

    রুশ দম্পতির ঘর ভেঙে দিলেন মেসি-রোনালদো! অনলাইন ডেস্ক

    বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারের নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনলদো। কিন্তু এই দুইজনের মধ্যে সেরা কে? এই উত্তরে কেউ বলবেন মেসি, আবার কেউ বলবেন রোনালদো। দু’জনই ৫ বার করে নিজেদের ঝুঁলিতে ফিফা বর্ষসেরা পুরস্কার তুলেছেন। ফলে এখানেও বলা যাচ্ছে না সেরা কে? তবে, রাশিয়া বিশ্বকাপে তাদের নিয়ে বিতর্ক করতে গিয়ে এবার ঘর ভাঙল এক রুশ দম্পতির!

    আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, মেসির অন্ধ ভক্ত এক রুশ যুবক তার নিজের স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। সেই স্ত্রী আবার রোনালদোর অন্ধ ভক্ত। মহা দ্বৈরথে শেষমেশ ঘর ভাঙল দম্পতির! রাশিয়ান সংবাদ মাধ্যম ‘অর্গুমেন্তো ই ফকতি’-র প্রতিবেদন অনুযায়ী, ফুটবল-পাগল এক দম্পতির সম্পর্কে চিড় ধরে। নেপথ্যে মেসি বনাম রোনালদোর— সেই চির বিতর্কিত রসায়ন।

    রুশ যুবকের নাম আর্সেন। স্ত্রী-র নাম লুডমিলা। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচের পরেই প্রবল তর্কাতর্কি শুরু হয় দু’জনের মধ্যে। সেদিন নাইজেরিয়াকে হারিয়ে মেসিরা শেষ ষোলোয় পৌঁছনোর পরেই উদযাপনে মেতে উঠেন আর্সেন। যা ভালো লাগেনি স্ত্রী লুডমিলার। শুরু হয় কথার লড়াই। একজন বলেন মেসি সেরা, আরেকজন বলেন রোনালদো সেরা। কিন্তু স্ত্রীর সঙ্গে পেরে উঠতে না পেরে আর্সেন সিদ্ধান্ত নেন, তার সঙ্গে আর সম্পর্ক রাখবেন না। এরপর আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করেন তিনি।

    তবে স্থানীয় সংবাদমাধ্যমে আর্সেন জানিয়েছেন, ‘‘চলতি বিশ্বকাপ শুরুর দিন থেকেই মেসিকে ব্যঙ্গ করছিল আমার স্ত্রী। আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার পরে আরও বিদ্রুপে ভরিয়ে দিচ্ছিল আমাকে।’’ এরপরে তিনি জানান, ‘‘মেসিকে গালিগালাজ করার পরে নিজেকে সংযত রাখতে পারিনি। রোনালদোকে নিয়ে আমার যা ভাবনা তা ওকে স্পষ্ট করে দিয়ে বাড়ি ছাড়ি চিরতরে।’’

    মজার বিষয় হলো, যে বিশ্বকাপ নিয়ে সম্পর্ক শেষ, সেই বিশ্বকাপের লগ্নেই অবশ্য ভালবাসার গল্পের সূত্রপাত। ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপের সময়েই দেখা হয় আর্সেন-লুডমিলার। তারপর তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া। পরবর্তীতে সেটা পরিণতি পায় বিবাহে।

  • হাসান সরকারের সহযোগিতা চাইলেন মেয়র জাহাঙ্গীর

    হাসান সরকারের সহযোগিতা চাইলেন মেয়র জাহাঙ্গীর

    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত আওয়ামী লীগের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

    বুধবার দুপুরে টঙ্গী আউচপাড়া মিত্তিবাড়ি আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে সৌজন্য এ সাক্ষাৎ করেন। এ সময় জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার নিজেদের মধ্যে কুশল বিনিময় ও মিষ্টিমুখ করেন। এখানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সাক্ষাৎকালে নবনির্বাচিত মেয়র মো, জাহাঙ্গীর আলম দল মত এক হয়ে গাজীপুর সিটিকে একটি আধুনিক সিটি করপোরেশন রূপ দেওয়ার জন্য হাসান উদ্দিন সরকারের সহযোগিতা কামনা করেন। এসময় হাসান উদ্দিন সরকার সকল ভাল কাজে তাকে সহযোগিতার আশ্বাস দেন।

    গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ লাখ ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, তার তীব্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।