Author: banglarmukh official

  • গাজীপুরে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

    আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন উপলক্ষে ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    রবিবার সকাল থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন।

    বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহসিন রেজা বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

    আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন প্রশ্নে সিদ্ধান্ত ২ জুলাই

    কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন প্রশ্নে সিদ্ধান্ত ২ জুলাই

    কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেয়া জামিন বহাল থাকবে কিনা আপিল বিভাগ সেই সিদ্ধান্ত জানাবেন ২ জুলাই।

    রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। সেই সঙ্গে কুমিল্লায় কভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার শুনানির জন্য আগামীকাল সোমবারের দিন ধার্য করা হয়েছে।

    আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

  • প্রকাশ্যে গাড়ি চালাচ্ছে সৌদি নারীরা

    প্রকাশ্যে গাড়ি চালাচ্ছে সৌদি নারীরা

    দেশের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাইভিং সিটে বসার সুযোগ পেয়েছে নারীরা। রবিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক মিনিট পরই ব্যস্ত রাস্তায় স্টিয়ারিং হাতে দেখা গেছে নারীদের।সৌদি নারীদের জন্য যেটি ছিল অকল্পনীয়।

    ব্যবসা, কাজে যেতে বন্ধুদের সঙ্গে দেখা করতে কিংবা বাচ্চাকে স্কুলে রেখে আসতেও স্বামী, বাবা, ভাই ও পুরুষ গাড়ি চালকদের ওপর এতদিন নির্ভর করতে হতো সৌদি নারীদের। এখন লাইসেন্স থাকলেই তারা গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন। এজন্য তারা দেশটির বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছেন।

    নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর স্থানীয় সময় রাতেই গাড়ি নিয়ে রাজপথে নামেন হেসাহ আল-আজাজি। তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটি সত্যি সত্যি ঘটছে দেখে আমি রোমাঞ্চিত।’ সূত্র: এনবিসি

  • এটাই বাকি ছিল, এবার বিমানেও ভিক্ষাবৃত্তি

    এটাই বাকি ছিল, এবার বিমানেও ভিক্ষাবৃত্তি

    বিমান সহযাত্রীদের কাছে ভিক্ষা চাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  দোহা থেকে কাতারের ইরানের শিরাজ আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এই ঘটনা ঘটেছে।

    ভিডিও-তে দেখা যায়, এক জন মধ্যবয়স্ক মানুষটি একটি প্লাস্টিকের ব্যাগ হাতে বিমানের ভেতর ঘুরে ঘুরে সহযাত্রীদের কাছে অর্থ সাহায্য চান। বিমানটি তখন দোহা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার অপেক্ষায়। এক কেবিন ক্রু এসে তাকে নিজের আসনে বসে পড়তে অনুরোধ করেন। কিন্তু ওই বৃদ্ধ নিজের কাজ চালিয়ে যান।

    তখন আরও কয়েকজন কেবিন ক্রু এসে তাকে সিটে বসে পড়তে বলায় অবশেষে নিজের সিটে গিয়ে বসে পড়েন তিনি। অনেকেই ওই বৃদ্ধকে অর্থ সাহায্য করেন।ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিটি ইরানের নাগরিক কারণ তিনি ফারসি ভাষায় কথা বলছিলেন।

  • গাজীপুরে শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন ভূমিকা রাখবে

    গাজীপুরে শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন ভূমিকা রাখবে

    গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

    রবিবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ প্রত্যাশা ব্যক্ত করেন।

    আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট/ সহকারী সার্কেল অ্যাডজুট্যান্ট/ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নবনিযুক্ত ১৯১ জনের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

    মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম ও একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফলের জন্য তিনজন চৌকস প্রশক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়।

  • গোল্ডেন বুটের লড়াইয়ে যারা

    গোল্ডেন বুটের লড়াইয়ে যারা

    বিশ্বকাপে ফিফার প্রবর্তিত সেরা পুরস্কারগুলোর মধ্যে একটি ‘গোল্ডেন বুট’।গোল্ডেন বুট ‘গোল্ডেন শু’ হিসেবেও পরিচিত, বাণিজ্যিকভাবে বলা হয় “অ্যাডিডাস গোল্ডেন শু”। ১৯৩০ সালে সর্বপ্রথম আসরের শীর্ষ গোলদাতার জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

    ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জয়ী হয়েছিলেন কলম্বিয়ান ফুটবলার জেমস রড্রিগেজ। তবে রাশিয়া বিশ্বকাপে এখনো গোলের দেখা পাননি তিনি। এবারের বিশ্বকাপে যারা গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন চলুন জেনে নিই তাদের নাম-

    ১. ক্রিশ্চিয়ানো রোনালদো: 

    দুই ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৪ গোল করে এখন পর্যন্ত গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে এ পর্তুগীজ তারকা।

    ২. রোমেলো লুকাকো:

    বেলজিয়ামের ফুটবলার রোমেলো লুকাকোও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সমানে লড়ে যাচ্ছেন। দুই ম্যাচে দুইবার জোড়া গোল করে তার গোল সংখ্যাও চারটি।

    ৩. এবারের বিশ্বকাপে ৩টি করে গোল করেছেন রাশিয়ার ডেনিশ চেরিশেভ ও স্পেনের দিয়াগো কস্তা

    ৪. দুটি করে গোল করেছেন মোট ৭ জন। তারা হলেন- ইংল্যান্ডের হ্যারি কেন, ব্রাজিলের পিলিপ্পি কুতিনহো, বেলজিয়ামের ইডেন হেজার্ড, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, নাইজেরিয়ার আহমেদ মুসা, অস্ট্রেলিয়ার মাইল জেডিনাক ও রাশিয়ার অরটেম জিয়ুবা।

  • উল্লাস সাহিত্য পরিবারের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

    উল্লাস সাহিত্য পরিবারের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

    হুজাইফা রহমানঃ

    ২২ জুন ২০১৮ রোজ শুক্রবার উল্লাস সাহিত্য পরিষদ, বাটাজোর এর আয়োজনে লক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী, উল্লাস সাহিত্য পত্রিকা ঈদসংখ্যা প্রকাশনা উৎসব ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাস সাহিত্য পরিষদের সহ সভাপতি স্নিগ্ধ নীলিমা, প্রধান অতিথি অমৃতলাল মহাবিদ্যালয়, বরিশাল এর সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ছড়াকার কবি তপংকর চক্রবর্তী, বিশেষ অতিথি শেরে-ই বাংলা কলেজ, শিকারপুর এর সাবেক অধ্যাপক কবি ও নাট্যকার আব্দুল হাকিম, কবি ও কথাসাহিত্যিক শফিক আমিন, কবি অপূর্ব গৌতম, কবি আফরোজা রোজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উল্লাস সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শেখ খলিলুর রহমান।

    উপস্থিত ছিলেন উল্লাস সাহিত্য পরিষদের সভাপতি উৎপল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কবি ও সংগীত শিল্পী আল আমীন খান, সদস্য কবি এস এম সোহেল আহমেদ, কবি তপন কুমার দাস, কবি কাজল বণিক, কবি সীতা রানী দেবনাথ , বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ , গৌরনদী এর সাধারণ সম্পাদক কবি মুশফিক শুভ, কবি ভবতোষ চক্রবর্তী এবং কবি ও প্রাবন্ধিক হিমু তাজ রক্তিম, কবি ফেরদৌস জান্নাত প্রমুখ ।

  • আড্ডা ধানসিড়ি’র ৬৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    আড্ডা ধানসিড়ি’র ৬৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    হুজাইফা রহমানঃ

    গত ২২ জুন, ২০১৮; শুক্রবার বরিশালে কবি জীবনানন্দ দাশ রোডের (বগুড়া রোড) কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে “আড্ডা ধানসিড়ি”র ৬৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে । “আড্ডা ধানসিড়ি”র আড্ডারুদের উপস্থিতিতে বিকেল চারটা থেকে আড্ডা শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা দু’ঘন্টা প্রাণবন্ত এই সাহিত্য আড্ডা চলে।

    আড্ডার শুরুতেই আড্ডারু ছোটন্দ্রনাথ চক্রবর্তী ধানসিড়ি’র সম্পাদক ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন এর পক্ষ থেকে উপস্থিত এবং অনুপস্থিত সকল আড্ডারুদের ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান। এরপর আড্ডায় নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিফাত আরা বাঁধন, আড্ডারু কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী, বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক শেখ সুমন, কবি মাহমুদ অর্ক্য, কবি তৌফিক ওমর, কবি হুজাইফা রহমান। আড্ডায় যোগ দিয়ে জীবননানন্দ দাশ মিলনায়তনে চাকরি করার সুবাদে লভ্য অভিজ্ঞতার আলোকে কবি জীবনানন্দ দাশকে নিয়ে লেখা একটি সুন্দর স্বরচিত কবিতা পাঠ করেন জনাব ওহাব শেখ।

    এছাড়াও আজকের আড্ডায় বিশেষ আড্ডারু হিসেবে উপস্থিত হয়েছিলেন সাহিত্য পত্রিকা ‘নবকেতন’ সম্পাদক জনাব আলমগীর হোসাইন আবির। উপস্থিত আড্ডারুদের হাতে তিনি ‘নবকেতন’ এর প্রথম সংখ্যা তুলে দেন। স্বরচিত কবিতা পাঠের ফাঁকে ছিলো আড্ডারু ছোটন্দ্রনাথ চক্রবর্তী’র আবৃত্তি এবং নিজের কথায় সুর দেওয়া কবি হুজাইফার বর্ষা নিয়ে এক অসাধারণ গান। আড্ডাটি সঞ্চালনা করেন ছোটন্দ্রনাথ চক্রবর্তী। পরিশেষে চা চক্রের মধ্য দিয়ে “আড্ডা ধানসিড়ি”র ৬৯ তম আড্ডার পরিসমাপ্তি ঘটে । উল্লেখ্য যে, “আড্ডা ধানসিড়ি” বরিশালের একটি সাহিত্যে আড্ডা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বরিশালের জীবনানন্দ সড়ক (বগুড়া রোডস্থ জীবনানন্দ দাশ এর ভিটায়) অবস্থিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে সাহিত্য প্রেমীদের নিয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

  • দখিনের কবিয়ালের ঈদ পুনর্মিলনী ও বর্ষার কবিতা পাঠ

    দখিনের কবিয়ালের ঈদ পুনর্মিলনী ও বর্ষার কবিতা পাঠ

    হুজাইফা রহমানঃ

    দখিনের কবিয়ালের ঈদ পুনর্মিলনী ও বর্ষার কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৩ জুন ২০১৮ শনিবার বিকাল ৫ টায় বর্ষার কবিতা পাঠ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান “দখিনের কবিয়াল” এর উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রি-ক্যাডেট স্কুল, চৌরাস্তা, পটুয়াখালী । কবি ও কথা সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সুভাষ চন্দন, কবি আনোয়ার হোসেন বাদল, কবি আনিসুর রহমান, কবি রওশন জাহান মাসুমা, কবি মোঃ আতাউর রহমান খান অরিফ, কবি মোহনা ইসলাম, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন মানিক, কবি মোঃ ওমর ফারুক, কবি জমির উদ্দীন হৃদয়, কবি মোঃ ইমরান হোসেন পিয়াল, কবি মোঃ নেছার উদ্দীন, কবি, গীতিকার ও শিল্পী হুজাইফা রহমান, কবি মাহিন, কবি ও বাচিক শিল্পী লুৎফুল বারি পান্না আবৃতি করেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা কবিতা । সব শেষে অনুষ্ঠানের মধ্যমণি ও সম্মানিত অতিথি কথা সাহিত্যিক কবি শফিক আমিন পাঠ করেন “ব্রেকিং নিউজ” শিরোনামের অণুগল্পটি ।

    আড্ডার ফাকে সুঘ্রাণ মিশ্রিত বোম্বাই মরিচ দিয়ে বিশেষ ভাবে তৈরী শিঙ্গাড়া, মুড়ি ও চা চক্রের ভেতর কবি শফিক আমিন বৃহত্তর বরিশালে ২০১৮ সালে প্রকাশিত বই ও লেখকদের নিয়ে “আমাদের লেখালেখি” (সম্ভাব্য) ব্যানারে একটি ‘বই উৎসব’ এর পরিকল্পনার কথা সবাইকে উদ্দেশ্য করে তুলে ধরেন । আড্ডার সবাই বিষয়টিকে সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন মানিক “দখিনের কবিয়াল”।

    অনুষ্ঠান শেষে সভাপতি সভা শেষ করার অনুমতি দেন বিশেষ অতিথি জনাব আতাউর রহমান খান আরিফকে । তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্ত ঘোষণা করেন । আড্ডা শেষে বৃহত্তর বরিশালের লেখকগণ ২০১৮ তে প্রকাশিত বই কবি ও কথা সাহিত্যিক শফিক আমিনের হাতে তুলে দেন কবি আনোয়ার হোসেন বাদল, কবি রওশন জাহান মাসুমা । “দখিনের কবিয়াল” জাহাঙ্গীর হোসেন মানিক দায়ীত্ব নিয়ে তার সংগ্রহিত কবি দীপ্তি ইসলাম, কবি বাবুল সিরাজী, কবি অধ্যাপক: ড. এস এম আনোয়ারা, কবি ও গবেষক ড. আনু মাহমুদ, কবি মমতাজ বেগম, কবি ইবিএম ওয়ালিদ এর বইগুলো তুলে দেন । পরিশেষে কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক মাসুদ আলম বাবুল তার ২০১৮ তে প্রকাশিত বইগুলো দিয়ে বিদায় জানান ।

  • পরিকল্পনা নিয়ে নগরীর উন্নয়ন করাই হবে সাদিক আব্দুল্লাহর মূল লক্ষ্য

    পরিকল্পনা নিয়ে নগরীর উন্নয়ন করাই হবে সাদিক আব্দুল্লাহর মূল লক্ষ্য

    শেখ সুমন :

    আগামী ত্রিশে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ থেকে  মনোনয়ন দেওয়া হয়েছে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর থেকেই বরিশালের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের হাওয়া বইছে।এখন সকলে অপেক্ষায় আছে ত্রিশে জুলাই নির্বাচনে সাদিক আব্দুল্লাহর জয়।

    সিটি কর্পোরেশনের গত তিনটি নির্বাচনে বরিশালে দুইবার বিএনপি এবং একবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে নির্বাচিত হওয়ার পর দৃশ্যমান উন্নয়নে দেশব্যাপী আলোচনায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণ। উন্নয়নের সেই আলোচনায় আসতে পারেননি বিএনপির অপর দুই মেয়র।

    সূত্রমতে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি চার বছর দায়িত্ব পালনের পর ওয়ান ইলেভেনের সময় দুর্নীতির মামলায় কারাগারে যান। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তিনি উন্নয়নে ব্যর্থ হন। দ্বিতীয় নির্বাচনে বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও তাদের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিল্পপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তাকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ। তিনি (হিরণ) নির্বাচিত হওয়ার পর নগরীর দৃশ্যমান ব্যাপক উন্নয়ন করেন। তৃতীয় নির্বাচনে শওকত হোসেন হিরণকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তৎকালীন জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তিনি (বর্তমান মেয়র কামাল) উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৫৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন ভোটারের মধ্যে এক তৃতীয়াংশ ভোটার অতীতের ভুল শুধরে আগামী ৩০ জুলাই এর নির্বাচনে রাজনীতির চেয়ে উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত করবেন।

    মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় নগরীতে দফায় দফায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  নিরব হোসেন টুটুল বলেন,  জনপ্রিয় মেয়র শওকত হোসেন হিরণের মৃত্যুর পর মহানগর আওয়ামী লীগের হাল ধরেছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। দলের বাইরে সাধারণ জনগণ সাদিক আব্দুল্লাহকে পছন্দ করেন। আর পছন্দ করা থেকেই সাদিক আব্দুল্লাহ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের সেবা করবেন।

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর সভাপতি মুহা: পলাশ চৌধুরী বলেন, আমরা চাই সাদিক আব্দুল্লাহ বিজয়ী হোক। নগরীর উন্নয়নের জন্য তরুণ নেতৃত্ব দরকার। তাই সেই অবস্থায় সাদিক আব্দুল্লাহর বিকল্প নেই।সাদিক আব্দুল্লাহকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। ৩০ জুলাইয়ের নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে প্রাচ্যের ভেনিস বরিশাল সিটি কর্পোরেশনটি আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেব।

    বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি (সাদিক) বলেন, আমি বরিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডে যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জনগণের জন্য কাজ করছি, কাজ করব। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নগরীর উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ আজকে যে দায়িত্ব দিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন ইনশাল্লাহ বরিশালবাসী আগামী ৩০ জুলাই এর নির্বাচনে সেই নৌকা মার্কাকে বিজয়ী করে বরিশাল সিটি কর্পোরেশনটি প্রধানমন্ত্রীকে উপহার দেবেন।