Author: banglarmukh official

  • মেসিরা চাপে পড়ে গেছে : ক্রোয়েশিয়া অধিনায়ক

    মেসিরা চাপে পড়ে গেছে : ক্রোয়েশিয়া অধিনায়ক

    রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত আইসল্যান্ডের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা চাপে পড়ে গেছে মনে করছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মড্রিচ। আর্জেন্টিনা আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসির দল। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মানসিকভাবে চাপে বলে মনে করেন লুকা মড্রিচ।

    ক্রোয়েশিয়ার অধিনায়ক মড্রিচ বলেন, আইসল্যান্ডের কাছে পয়েন্ট নষ্ট করে স্বাভাবিকভাবেই চাপে পড়ে গেছে আর্জেন্টিনা। এর মধ্যে আমরা আমাদের প্রথম জিতেছি। আমরা মানসিকভাবে ফুরফুরে রয়েছি। কিন্তু আর্জেন্টিনার আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে।

    আর্জেন্টিনা ড্র করলেও নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ে এবারের আসরে শুভ সূচনা করে ক্রোয়েশিয়া। এমন জয় আর্জেন্টিনার বিপক্ষে পরের ম্যাচে সাহস যোগাবে বলে মনে করেন মড্রিচ।

    তিনি বলেন, নাইজেরিয়ার বিপক্ষে এমন জয় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এই জয় আর্জেন্টিনার বিপক্ষে আরও ভালো খেলতে অনেক বেশি সহায়তা করবে। শুধুমাত্র আইসল্যান্ডের কাছে ড্র করেই নয়, ক্রোয়েশিয়ার জয়ও আর্জেন্টিনার চাপ বাড়িয়ে দিয়েছেন বলে জানান মড্রিচ।

    তিনি বলেন, আমার মনে হয়, আমাদের জয় আর্জেন্টিনার চাপ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ আমরা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের পথে ভালোভাবে টিকে রয়েছি। সেখানে আর্জেন্টিনা ড্র করে পিছিয়ে রয়েছে।

    আর্জেন্টিনা চাপে বা পিছিয়ে থাকলেও পরের রাউন্ডে ঠিকই জায়গা করে নিবে মেসি-ডি মারিয়ারা বলে জানান মড্রিচ। আমার ধারণা আর্জেন্টিনা পরের রাউন্ডের টিকিট পেয়ে যাবে। পরিস্থিতি এখন খারাপ। কিন্তু দল হিসেবে দুর্দান্ত আর্জেন্টিনা। ঠিকই দু’ম্যাচে ভালো পারফরমেন্স করে পরের রাউন্ডের টিকিট নিয়ে নিবে তারা।

    তবে আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়ার ম্যাচটি কঠিন হবে বলেও মনে করেন মড্রিচ। আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তার দল প্রস্তুত বলে মনে করেন এ তারকা খেলোয়াড়। আর্জেন্টিনাকে ফেভারিট মেনে মড্রিচ বলেন, আর্জেন্টিনার বিপক্ষে আমাদের পরের ম্যাচটি যথেষ্ট কঠিন হবে বলে মনে করি আমি। এই গ্রুপের সেরা দলের বিপক্ষে আমরা খেলতে নামবো। আর্জেন্টিনার জয়ের জন্যই সবকিছু করবে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

    ২১ জুন ‘ডি’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। নিজনি নভগোরোদের বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

  • স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীকে হত্যা

    স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীকে হত্যা

    বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মহিষা গ্রামের নিজ বাড়ি থেকে আনিস মাঝি (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ফাতেমা (২০) বেগমের পরকীয়া প্রেমের কারণে আনিসকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ঘরের মেঝেতে ফেলে রাখা হয় বলে স্বজনরা অভিযোগ করেছেন।
    এদিকে ঘটনার পর থেকে আত্মগোপন করেছে আনিস মাঝির স্ত্রী ফাতেমা বেগম ও ফাতেমার প্রেমিক জুয়েল আকন (২৫)। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত আনিস ওই এলাকার মৃত ইয়াসিন মাঝির ছেলে এবং পেশায় ড্রেজার চালক।

    স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান জানান, আনিসের স্ত্রীর সঙ্গে একই গ্রামের জুয়েল আকনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। গত সোমবার বিষয়টি আনিসের কাছে স্পষ্ট হলে রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে এর জের ধরে ফাতেমা ও তার পরিবারের স্বজনরা আনিসকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ঘরের মেঝেতে ফেলে রাখে। আনিসের শ্বশুরবাড়ি একই এলাকায়।

    ইউপি সদস্য শফিকুর রহমান আরও জানান, সাত বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের আামির হোসেন মোল্লার মেয়ে ফাতেমার সঙ্গে আনিসের বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

    নিহত আনিসের সহকর্মী রাজু জানান, সকালে কাজে না আসায় তিনিসহ (রাজু) ৩/৪ জন আনিসের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পান মেঝেতে আনিস পড়ে রয়েছে। এরপর আনিসের শরীরে হাত দিয়ে তারা বুঝতে পারেন আনিসের মৃত্যু হয়েছে। এরপর তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পাড়া প্রতিবেশীকে অবহিত করেন।

    মেহেন্দীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেলের মর্গে পাঠানোসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • উপজেলা চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

    উপজেলা চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

    শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যাচার ও নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
    এ সময় তারা ষড়যন্ত্রকারী সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের অপসারণ দাবি করেন। এছাড়াও এসব ঘটনার সঙ্গে জড়িত ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানার শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

    মঙ্গলবার (১৯ জুন) বেলা ১টার দিকে শহরের কলেজ রোড এলাকা থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির, হাবিবুর রহমান হাবিল, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন, শহর ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের হোসেন, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির ও পৌর কাউন্সিলর শাহ আলম ফারসু।

    এ সময় বক্তারা বলেন, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও সাবেক পৌর মেয়র সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়ে জেলা আওয়ামী লীগ ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

    এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

  • তিন সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বুধবার

    তিন সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বুধবার

    রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদ প্রত্যশীদের কাছে বুধবার মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।তিনি বলেন, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তু ফরম সংগ্রহ করা যাবে। প্রতিটি ফরমের দাম ১০ হাজার টাকা জমা দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তু ২৫ হাজার টাকা জামানতসহ পূরণকৃত মনোনয়নপত্র জমা দিতে হবে।
  • বরিশালে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ৮৬ কাউন্সিলর প্রার্থী

    বরিশালে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ৮৬ কাউন্সিলর প্রার্থী

    বরিশাল সিটি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেতে ৮৬ জন কাউন্সিলর প্রার্থী দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী এই ফরম সংগ্রহ করার পর তা পূরণ করে জমা দেন।

    মঙ্গলবার বিকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বিষয়টি নিশ্চিত করেন।

    দলীয় সূত্রে জানা গেছে, সোমবার মহানগর আ’লীগের বর্ধিত সভায় নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করার জন্য নির্দেশ দেয়া হয়। সেই অনুযায়ী সোমবার রাত থেকে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা ৫ হাজার টাকা দলের ফান্ডে জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং তা পূরণ করে কার্যালয়ে জমা দেন প্রার্থীরা।

    বরিশাল মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, নগরীর ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থন বা মনোনয়ন প্রত্যাশী সকলেই মনোনয়ন ফরম নিয়ে তা পূরণ করে জমা দিয়েছেন। প্রথম দিকেই মনোনয়ন ফরম জমা দেন ১৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গাজী আক্তারুজ্জামান হিরু, ২০নং ওয়ার্ড থেকে এসএম জাকির হোসেন, সাইদুর রহমান ছগির, ১৯নং ওয়ার্ড থেকে গাজী নইমুল হোসেন লিটু, ২১নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা শেখ সাঈয়েদ মান্না, ২৫ নং ওয়ার্ড থেকে মোল্লা সাইদুর রহমান জাকির প্রমুখ।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, সাধারণ আসনে ৬৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ২০ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। এদের সাক্ষাৎকার গ্রহণ করে আমরা ২২ জুন ঢাকায় মনোনয়ন বোর্ডে এবং আওয়ামী লীগ কার্যালয়ে জমা দেব। সেখান থেকে মেয়র পদে নৌকা প্রতীক ও কাউন্সিলর পদে বিভিন্ন প্রতীক বিতরণ করা হবে।

  • বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় সাদিক আবদুল্লাহকে মেয়র নমিনেশন দেয়ার দাবী

    বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় সাদিক আবদুল্লাহকে মেয়র নমিনেশন দেয়ার দাবী

    উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ এই শ্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বিষয় নিয়ে বর্ধিত সভায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নমিনেশন দেয়ার জোরালোভাবে নেতা-কর্মীদের মধ্য থেকে দাবী জানানো হয়েছে।

    জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেছেন আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্দু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে একটি স্বল্প উন্নত দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করেছে।
    শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী নন তিনি একজন দক্ষ দেশ পরিচালকের আসনে নিজের নামকে অন্তভূক্ত করতে সক্ষম হয়েছে। তাই আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে মনোনয়ন দেয়ার দাবী জানান।
    আজ সোমবার (১৮ই জুন) বরিশাল সাকির্ট হাউজ মিলনায়তন সভা কক্ষে বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় সম্পকির্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ্ (এমপি)’ সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল সদর আসন সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী (হোসেন নানা), সৈয়দ আনিসুর রহমান, এ্যাড.আঃ রসিদ খান, এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাকসহ জেলা আওয়ামীলীগের বিভিন্নস্থরের তৃর্ণমূল নেতা-কর্মীরা সাদিক আবদুল্লাহকে মেয়র পদে মনোনয়ন দেয়র জন্য তাদের পক্ষ থেকে সমর্থন প্রকাশ করেন।
    জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়নের সভাপতি/সম্পাদক ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. শেখ আঃ কাদের।
    এর পূর্বে সকাল ১১টায় মহানগর আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্যতে সভাপতি গোলাম আব্বাস চৌধুরী বলেন, সাবেক মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র ও সংসদ সদস্য এ্যাড. শওকত হোসেন হিরনের মৃত্যুর পর থেকে জিমিয়ে পড়া মহানগর আওয়ামীলীগ, যুবলীগকে একটু একটু করে প্রতিটি স্থরে নিজে মাঠে নেমে আজ দলকে সু সংগঠিত করতে সক্ষম হয়েছে।
    তিনি মনোনয়ন বোর্ডের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর প্রতি অনুরোধ করে বলেন সভানেত্রী প্রাথী দেয়ার সিদ্বান্ত নিতে ভুল করলে তাহলে মেয়র নির্বাচনে বিজয়ের বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে।
    দুলাল আবুল হাসনাত আবদুল্লাহ্ র উর্দেশ্য করে বলেন আপনি আপনার আত্ব মর্যদা ভেঙ্গে সভানেত্রীর কাছে বরিশাল মহানগর আওয়ামীলীগের কথা তুলে ধরার আহবান জানান।
    এসময় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন, সহ-সভাপতি ও বরিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সাবেক বরিশাল মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, আমিনুল ইসলাম তোতা, আমির হোসেন তালুকদার।
    বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগ আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুর রহমান শাহিন, শ্রমীকলীগ সভাপতি আফতাব আহমেদ, মহানগর মহিলালীগ সাধারন সম্পাদিকা ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম, মহিলা নেত্রী নিগার সুলতানা হনুফা, মহানগর ছাত্রলীগ আহবায়ক রইস আহমেদ মান্না ও মোর্সেদ আলম মিরাজ সহ তৃনমূল বিভিন্ন প্রর্যায়ের নেতা-কর্মীরা সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
    মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় নগরীর ত্রিশটি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন মহানগর আওয়ামীলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু।

    এর পূর্বে মহানগর আওয়ামীলীগ এর পক্ষ থেকে আবুল হাসনাত আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
    অন্যদিকে মেয়র নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগ নেতা কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বর্ধিত সভায় ছিলেন অনুপস্থিত।

  • প্রবীণ সাংবাদিক মঈনুল আলম আর নেইু

    প্রবীণ সাংবাদিক মঈনুল আলম আর নেইু

    চট্টগ্রামের এক সময়ের জনপ্রিয় সাংবাদিক মঈনুল আলম (৮১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। সোমবার টরন্টোর সময় বিকাল ৫ টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৩টা) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

    চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের শুরুর দিকে যাত্রা পথে অনন্য ভূমিকা ছিল এই প্রবীণ সাংবাদিকের। প্রায় পাঁচ দশক দাপটের সাথে লেখা লেখি ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন তিনি। পেশাগত কারণে ঘুরেছেন দেশ-বিদেশে। লিখে গেছেন সাংবাদিকতায় নিজের অভিজ্ঞতার কথামালাও। সাংবাদিকতায় তৃণমূল থেকে আন্তর্জাতিক পরিসরে কাজ করেন তিনি।

    মঈনুল আলমই বাংলাদেশের এক মাত্র সাংবাদিক যিনি Reagan- Gorbachev শীর্ষ বৈঠক কভার করেন। দারুণ শিল্পবোধ সম্পন্ন এই সাংবাদিক ছিলেন সুবক্তাও। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন দুইযুগেরও বেশি সময়।

  • কাকাতুয়ার সঙ্গে নেইমারের তুলনা

    কাকাতুয়ার সঙ্গে নেইমারের তুলনা

    রাশিয়ার রোস্তভ অন স্টেডিয়ামে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমারকে বল পায়ে স্বরূপে দেখা যায়নি। কিন্তু নতুন হেয়ার কাট নিয়ে মাঠে উপস্থিত হন এ পিএসজি তারকা। এরপরই তার চুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

    কেউ কেউ লিখেছেন, হেয়ারস্টাইলে দশে দশ, আর ফুটবলে শূন্য! চুল তো নয় এ যেন স্প্যাগোটি! নেইমারকে নিয়ে এমন মজার হরেক রকম পোস্ট ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোও নেইমারের চুল নিয়ে তুলোধনা শুরু করেছে।

    ব্রাজিলিয়ান সংবাদপত্রে কাকাতুয়ার ঝুঁটির সঙ্গে নেইমারের চুলের তুলনা করা হয়েছে। লেখা হয়েছে,নেইমার তো ঝুঁটি বাঁধা পাখি, যার গলায় কোনও সুর নেই। এখানেই শেষ নয়, চাউমিনের ছবি সঙ্গে নেইমারের ছবি প্রকাশ করে প্রকাশ পেয়েছে হরেক রকম ট্রল। এর সঙ্গে রয়েছে ইন্টারনেট দুনিয়ায় নেইমারকে নিয়ে মজার মজার জোকস।

    ইনজুরি কাটিয়ে নেইমার যে এখনও পুরোপুরি ফিট নয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে চাপের মুহূর্তে তাঁর পা থেকে আক্রমণাত্বক শট দেখা যায়নি। সেই সঙ্গে পায়ের চোট নিয়ে ম্যাচের মাঝে বারবার মাটিতে আছড়ে পড়েছেন। ব্রাজিলের অভিযান ম্যাচে নেইমারের হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে বিশ্বকাপে অনেকেই আশা ছেড়ে দিচ্ছেন। প্রথমার্ধে কুতিনহোর গোলে এগিয়ে গিয়েও নেইমাররা সুইসদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে।

    বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বের নজর ছিল রোনালদো, মেসি, নেইমার ত্রয়ীর দিকে। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সিআর সেভেন বিশ্বকাপের নায়ক হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন। গোল করা তো দূরের কথা, আর্জেন্টিনার প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে কার্যত খলনায়ক বনে গিয়েছেন মেসি। সেই অর্থে নেইমারকে খলনায়ক বলা যাবে না বটে, তবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচে তাঁকে পার্শ্বচরিত্র হিসেবেও বিবেচনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।ু

  • খুলনায় দুই আর্জেন্টিনা সমর্থককে কুপিয়ে জখম

    খুলনায় দুই আর্জেন্টিনা সমর্থককে কুপিয়ে জখম

    খুলনা মহানগরীর দৌলতপুরে দুই আর্জেন্টিনা সমর্থককে কুপিয়ে জখম করেছেন ব্রাজিল সমর্থকরা। আজ সোমবার সকাল ১০টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা গাজির মোড় এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার শিকার হন তারা।

    আহতরা হলেন- মো. শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তার (২৫)। বিশ্বকাপ ফুটবলে দুই দলের পারফরমেন্স নিয়ে বিতর্কের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শনিবার নিজেদের প্রথম ম্যাচে ড্র করলে ওই এলাকায় ব্রাজিলের সমর্থকরা আজেন্টিনা সমর্থকদের তুচ্ছ-তাচ্ছিল্য করে। রবিবার মধ্যরাতে একইভাবে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ড্র করলে আজেন্টিনা সমর্থকরাও পাল্টা ব্রাজিল সমর্থকদের তিরস্কার করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

    এ ঘটনার জের ধরে সোমবার সকালে ব্রাজিল সমর্থক মো. লিটন ও আরও কয়েকজন আজেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। পরে বাড়ির অদূরে হোটেলের সামনে ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে কুপিয়ে জখম করা হয়। এসময় শুকুরের স্ত্রী মিনু বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় দু’জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনেরই মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। এছাড়া শুকুরের শরীরেও পেটানোর মারাত্মক জখম রয়েছে।

    এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৈয়দ মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • কখনো জাতীয় পার্টির এমপি ছিলাম না: অর্থমন্ত্রী

    কখনো জাতীয় পার্টির এমপি ছিলাম না: অর্থমন্ত্রী

    জাতীয় সংসদের বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর সমালোচনা করা হলেও তিনি নীরব ছিলেন। কিন্তু তিনি জাতীয় পার্টির এমপি ছিলেন, এই দাবি করতেই চটে গেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। প্রতিবাদ করলেন। বললেন, নো। কখনো জাতীয় পার্টির এমপি বা সদস্য ছিলাম না।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সম্পূরক বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহীত এ প্রতিবাদ করেন।

    তিনি বলেন, আমি আগেও কয়েকবারই বলেছি, কিন্তু জাতীয় পার্টির সদস্যরা সেটা অস্বীকার করে যান। আজকেও অস্বীকার করেছেন। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো দিন জাতীয় পার্টির সদস্যও ছিলাম না। কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রীও ছিলাম না। অনেকবারই এটা বলেছিল।

    অর্থমন্ত্রী আরও বলেন, জেনারেল এরশাদ যখন সামরিক শাসক ছিলেন সেই সময় মন্ত্রী ছিলাম, জাতীয় পার্টির তখন জন্মও হয় নাই। জাতীয় পার্টি জন্ম হওয়ার আগে আমি সেই সরকার থেকে পদত্যাগ করে চলে যাই। কাজেই আমার অনুরোধ হবে ভবিষ্যতে যেন জাতীয় পার্টির সদস্যরা মনে রাখেন, যদি মনে না রাখেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। ক্ষুব্ধ অর্থমন্ত্রী আদালতে যাওয়ারও হুঁশিয়ারী উচ্চারণ করেন জাপা এমপিদের বিরুদ্ধে।

    এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ অর্থমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, জাতীয় পার্টি গঠনের পূর্বেই এরশাদ সাহেবের সামরিক শাসনের সময় অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত সাহেব বাজেট দিয়েছিলেন। উনি (অর্থমন্ত্রী) কখনো জাতীয় পার্টি করেননি। তবে আমি আশ্বস্থ করতে চাই, ভবিষ্যতে তার (অর্থমন্ত্রী) মতো জ্ঞানি, অভিজ্ঞ ব্যক্তিকে জাতীয় পার্টি তাদের দলে স্থান দেবে না। এরজন্য (জাতীয় পার্টিও মন্ত্রী বলায়) আপনাকে (অর্থমন্ত্রী) আদালতে যেতে হবে না। কিন্তু আপনি ব্যাংক ডাকাতদের যে প্রটেকশন দিয়েছেন তার জন্য আদালতে যেতে হবে।

    পরে জাতীয় পার্টির সেলিম উদ্দিন বলেন, আমি তাকে (অর্থমন্ত্রী) জাতীয় পার্টির আমলের মন্ত্রী কথাটি বলিনি। তিনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু সংসদে আমরা কিন্তু সহকর্মী। অর্থমন্ত্রী বয়স্ক হলেও অন্য সংসদ সদস্যকে এভাবে ধমকানো তার সঠিক হয়নি।