Author: banglarmukh official

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপি অফিসে তালা মেরে বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপি অফিসে তালা মেরে বিক্ষোভ

    জেলা যুবদল কমিটি গঠনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপি অফিসে তালা মেরে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা গত ১ জুন জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।
    এর প্রতিবাদে আজ সোমবার সকালে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি নিজেই নেতা-কর্মীদের নিয়ে বিএনপি অফিসে তালা মেরে দেন। পরে অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নেতা-কর্মীরা।

    এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাইরুল বাসার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ময়েজ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিরুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আওয়াল আলী, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বাবর আলী রুমন, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সভাপতি শহীদুল ইসলাম ওদুদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি ওমর ফারুক রানা, সহ- সভাপতি গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

    বিক্ষোভ চলাকালে যুবদলের এধরণের কমিটি গঠনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের এই কমিটি বাতিল করে সকল নেতা-কর্মীদের গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন জেলা যুবদল কমিটি গঠনের জোর দাবি জানানো হয়।

    উল্লেখ্য, জেলা বিএনপি’র কমিটি ঘোষণার পর থেকেই হারুন-পাপিয়া সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপি’ নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির ব্যাপক দূরত্ব সৃষ্টি হয়েছে এবং জেলা যুবদলের কমিটি হচ্ছে জেলা বিএনপি’র আস্থাভাজন।

  • সাদিক আবদুল্লাহর পক্ষে ঈদ শুভেচ্ছা ব্যানার করতে নিতে হবে অনুমতি: অন্যথায় আইনানুগ ব্যবস্থা

    সাদিক আবদুল্লাহর পক্ষে ঈদ শুভেচ্ছা ব্যানার করতে নিতে হবে অনুমতি: অন্যথায় আইনানুগ ব্যবস্থা

    প্রেস বিজ্ঞপ্তি //

    বরিশাল নগরীতে সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা সম্বলিত বিলবোর্ড পোষ্টার প্রচারণার ক্ষেত্রে পূর্বানুমতি গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি নিচে তুলে ধারা হল।

    এতদ্বারা বরিশাল মহানগরের সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা সম্বলিত বিলবোর্ড, পোষ্টার প্রচারণার ক্ষেত্রে বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। ইতোমধ্যে পূর্বানুমতি ব্যতীত যে সকল পোষ্টার, ফেষ্টুন, ব্যানার প্রচার করা হয়েছে তা অত্র বিজ্ঞপ্তি প্রচারের সাথে সাথে অপসারণ করার জন্য অনুরোধ করা গেল। অন্যথায় অবিলম্বে তাদের বিরদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বার্তা প্রেরক,

    (মো: হুমায়ূন কবীর)

    দপ্তর সম্পাদক

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বরিশাল মহানগর।

  • মেসির জার্সি পুড়িয়ে ফেলবে ফিলিস্তিনিরা

    মেসির জার্সি পুড়িয়ে ফেলবে ফিলিস্তিনিরা

    ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বহু বছর ধরেই চলছে দ্বন্দ্ব-সংঘাত। অবৈধভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েলের উপনিবেশ স্থাপনের বিরুদ্ধে লড়াই করছে দেশটি। নিজেদের বেহাত হওয়া ভূমি উদ্ধারে দীর্ঘদিন ধরে চলছে এ যুদ্ধ। এবারের রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী শনিবার ফিলিস্তিনের ‘রাজনৈতিক শত্রু’ ইসরায়েলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ব্যাপারটিকে ভালো চোখে দেখছে না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের মতে, আর্জেন্টিনার জায়ান্ট লিওনেল মেসি যদি এই ম্যাচে অংশগ্রহণ করে, তবে ভক্তদের উচিত হবে তাঁর ছবি ও তাঁর শার্ট পুড়িয়ে ফেলা।

    আর মাত্র ১০ দিন পরই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অন্যান্য দলের মতো শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে ও টিম কম্বিনেশন ঠিক করতে জর্জ সাম্পাওলির দলও বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে। এর আগের ম্যাচে হাইতির বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। পরের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে নামবে মেসি বাহিনী। এই ম্যাচের মাধ্যমেই বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করবে আর্জেন্টিনা শিবির। ওই ম্যাচকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ফিলিস্তিন মনে করছে, আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ভাবে ব্যবহার করা হচ্ছে। তাই ফিলিস্তিনের ভক্তদের উচিত হবে, মেসির ছবি ও তাঁর নামের জার্সি পুড়িয়ে ফেলা। এমনটাই বলেছেন ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজব।

    পুরো আর্জেন্টিনা দলই ইসরায়েলের বিপক্ষে খেলবে। তবে শুধু মেসিকেই কেন আক্রমণ? এই প্রশ্নেরও জবাব দিলেন জিবরিল। তিনি বলেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তাঁর যেকোনো কাজই গুরুত্ব বহন করে। তাই আমরা তাঁকে ব্যক্তিগতভাবে টার্গেট করেছি। এবং সবাইকে বলব, যদি মেসি এই ম্যাচে খেলে, তবে ভক্তদের উচিত হবে তাঁর ছবি ও নামসংবলিত জার্সি পুড়িয়ে ফেলে প্রতিবাদ করা। আমরা সবাই আশা করি, মেসি এই ম্যাচ খেলতে আসবেন না।’

  • বরিশালে খসড়া ভোটার তালিকা প্রকাশ

    বরিশালে খসড়া ভোটার তালিকা প্রকাশ

    আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।

    সোমবার (০৪ জুন) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তালিকা প্রকাশ করা হয়।

    আসন্ন বিসিসি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সিটির অধিন চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

    তিনি জানান, বিসিসিতে মোট ভোটার রয়েছে ২ লাখ ৪১ হাজার ৯শ’ ৫৯ জন। গত নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ১১ হাজার ২শ’ ২৭। মোট ভোটা কেন্দ্রের সংখ্যা ১২৭টি। গত বছর এর সংখ্যা ছিল ১শ’টি।

  • বরিশালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪০:ব্যাপক মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার

    বরিশালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪০:ব্যাপক মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার

    বরিশাল রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে বিভাগের ছয় জেলায় ১৭ দিনে ৩৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার (০৪ জুন) দুপুরে নগরের আমতলা মোড়স্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

    সংবাদে সম্মেলনে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান জানান, প্রথম রমজান থেকে ১৭ রমজান পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কোতয়ালি মডেল থানা, বন্দর থানা, কাউনিয়া থানা ও এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও গুলি।

    এর মধ্যে নিয়মিত ১০১ মামলায় গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে এবং বিএমপি আইনে ১৩১ মামলায় ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএমপি আইনে মামলার বেশিরভাগই মাদকসেবী ও দেহ ব্যবসায়ী রয়েছে।

    তাদের কাছ থেকে তিন হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫৭ বোতল ফেনসিডিল, পৌনে তিন লিটার দেশীয় মদ, পাইপগান, চাপাতি, রামদা, আটটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

  • সিঙ্গেল আছি, লিভ-টুগেদার বিশ্বাস করি না

    সিঙ্গেল আছি, লিভ-টুগেদার বিশ্বাস করি না

    আমি অতি সাধারণভাবে জীবনযাপন করতে ভালবাসি, কারো সাথে ঝগড়া, কখনও ফেসবুকে কাউকে প্রতিউত্তরও দেই না। সস্তা কিছু অনলাইন মাঝে মাঝে যা তা নিউজ করে থাকে। তা নিয়ে কথা বলার মত রুচি আমার নেই। তবে যারা আমাকে কাছে থেকে চেনেন তারা আমার পরিবার সম্পর্কে যানেন তারা জানেন যে আমি আমার মা-বাবার বাসায় থাকি।

    আমি পরিস্কার করে বলতে চাই সাংবাদিকতা করুন নোংরামি না করে, নিজেদের মা, বোন, বউ নিশ্চয়ই আছে, সেরকম আমারও পরিবার আছে। যদি প্রেমের নিউজ করতে চান, তাহলে সময় ব্যয় করুন, আমি কোথায় যাই, কার সাথে খেতে যাই, আমার পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে প্রেমের নিউজ লিখবেন।

    কিন্তু বাজে কথা লিখবেন না, খোজঁ নিন আমি কোথায় থাকি। আর লিভ-টুগেদার এসব আমি বিশ্বাসও করি না। আমি চোর নই, আমি শিল্পী, শিল্পীরা সাহসী হয়, ঠিক তেমনি আমিও।

    আমি আমার বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেল আছি। আর বিয়ে করতে ঠোল পিটিয়ে করব। পুরান ঢাকার এবং পাঠান পরিবারের মেয়ে আমি, লুকিয়ে বিয়ে করব না, হাজারটা অনুষ্ঠান হবে, তখন নিউজ করতে করতে হাঁপিয়ে যাবেন।

    আর হ্যাঁ বিয়ে করায় ঠিক সময় এখন ও আসেনি। সবে মাত্র একটা সিনেমা করেছি, ২০টা সিনেমা না করে বিয়ে করছি না।

    (ফেসবুক থেকে সংগৃহীত)

  • প্রধানমন্ত্রীকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ ট্রুডোর

    প্রধানমন্ত্রীকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ ট্রুডোর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী ৮-৯ জুন ব্যাপী জি-সেভেন শীর্ষ সম্মেলনের সঙ্গে ওই বিশেষ আউটরিচ সেশনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবে কানাডা।

    বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক আগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের (কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন) বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। একেই বলা হয় জি-সেভেন আউটরিচ মিটিং। এবার সেশনের মূল প্রতিপাদ্য হবে সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি।

    বাংলাদেশের পাশাপাশি এবার আর্জেন্টিনা, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, মার্শাল দ্বীপপূঞ্জ, নরওয়ে, রুয়ান্ডা, সেনেগাল, সিচিলিস, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং বিশ্বব্যাংকও আছে অতিথির তালিকায়।

  • বিশ্বকাপ জিতলে কত বোনাস পাবে নেইমাররা?

    বিশ্বকাপ জিতলে কত বোনাস পাবে নেইমাররা?

    রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। শিরোপা জয়ের লক্ষ্যেই এবার মাঠে নামবে নেইমাররা। আর এরই মধ্যে নেইমারদের জন্য বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

    বিশ্বকাপ এবার ঘরে তুলতে পারলে স্কোয়াডে থাকা প্রতিটি ফুটবলারকেই দেওয়া হবে ৭ লক্ষ ৫০ হাজার পাউন্ড।

    বিশ্বকাপের বল গড়ানোর আগে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন বোনাস ঘোষণা করে থাকে। প্রতিবার বিশ্বকাপের আগেই এমন ঘোষণা করে থাকে।

    ষষ্ঠবার বিশ্বকাপ ঘরে তুলতে পারলে বোনাস হিসেবে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই বিশাল অঙ্কের বোনাস পাবে দেশটির ফুটবলাররা।

  • সিঙ্গাপুরে মোদির নামে অর্কিড

    সিঙ্গাপুরে মোদির নামে অর্কিড

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে স্মরণীয় করে রাখতে সিঙ্গাপুর তার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়েছে। শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেন তার নামে একটি অর্কিডের নামকরণ করে।

    হালকা বেগুনি রঙের ক্রান্তীয় উদ্ভিদ। এক-একটি গাছ লম্বা হয় কমপক্ষে ৩৮ সেন্টিমিটার পর্যন্ত। আর সারিতে ফুল ধরে মোটামুটি ১৪ থেকে ২০টি করে। এতদিন শুধুই এর নাম ছিল ‘ডেনড্রোব্রিয়াম’। কিন্তু শনিবার সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের অন্তঃস্থ অর্কিড উদ্যানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের পর থেকে নতুন নামকরণ হল এই ফুলের।

    দেশটির ন্যাশন্যাল অর্কিড গার্ডেনে এবার থেকে অর্কিডের ওই প্রজাতি পরিচিত হবে ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি’ নামে।

    অর্কিড উদ্যান ঘুরে দেখার পর মোদিকে ওই সম্মান জানানো হয়। নিজে হাতে ইংরেজিতে ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি’ লেখা বোর্ড গাছের টবের সামনে রাখেন মোদি। তারপর তার নামাঙ্কিত ফুলের সুবাসও গ্রহণ করেন।

    মোদির হাতে তুলে দেওয়া হয় ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি’-র ছবিসহ একটি স্মারক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তা এই খবর জানিয়েছে।

    প্রসঙ্গত, সিঙ্গাপুরের ওই অর্কিড উদ্যানই বিশ্বের একমাত্র ক্রান্তীয় উদ্যান যা ইউনেস্কোর পক্ষ থেকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর স্বীকৃতি লাভ করেছে। আর সেখানেই সম্মানিত করা হয় নরেন্দ্র মোদিকে।

    ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। ত্রিদেশীয় এই সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী ছিলেন সিঙ্গাপুরেই। শনিবার মোদি প্রথমে ঘুরে দেখেন ২৪৪, দক্ষিণ ব্রিজ রোডের শ্রী মারিয়াম্মান মন্দির, যা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে শুধুমাত্র প্রাচীনতমই নয়, দেশের অন্যতম সেরা পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুও।

    মোদিকে গোটা মন্দির চত্বর ঘুরিয়ে দেখান সিঙ্গাপুরের সংস্কৃতি মন্ত্রী গ্রেস ইয়েন। তারপর তারা যান চুলিয়া মসজিদে। বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে দেখার আগে মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়।

    সফরের একেবারে শেষ ভাগে চাঙ্গি নৌ সেনা ঘাঁটি ঘুরে দেখার কথা আছে মোদির। এখানেই রয়েছে আইএনএস সাতপুরা। তা দেখার পাশাপাশি ভারতীয় নৌ সেনা এবং সিঙ্গাপুরের ‘রয়্যাল’ নৌ-সেনার অফিসার এবং নাবিকদের সঙ্গে সাক্ষাৎও করার কথা নরেন্দ্র মোদির।

  • মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

    মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

    চট্টগ্রামে ভয় দেখিয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মজিদ (৪৯) নামের এক কর্ভাডভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ।

    ১৬ বছর বয়সী ওই কিশোরী শনিবার তার সৎ বাবাকে আসামি করে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। এরপর তাকে গ্রেফতার করা হয়।

    আসামি মোহাম্মদ মজিদ (৪৯) কভার্ডভ্যান চালক। তিনি নগরীর মোগলটুলি এলাকায় কাটা বটগাছ মোড়ে ভাড়ায় বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন।

    পুলিশ জানায়, ১০ থেকে ১২ বছর আগে মজিদ ওই কিশোরীর মাকে বিয়ে করেন। বিয়ের পর ওই কিশোরীও মজিদের পরিবারের সঙ্গেই থাকত। তার মা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। মা কাজে বাইরে গেলে মেয়েটিকে মজিদ ভয় দেখিয়ে গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে নিজঘরে ধর্ষণ করেন।

    পুলিশ আরও জানায়, ওই মেয়ে অভিযোগ করেছে, ধর্ষণের কথা কাউকে বললে মা ও মেয়েকে মেরে ফেলার হুমকি দিত মজিদ। শুক্রবার ওই কিশোরী অসুস্থ হলে তার মা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন কিশোরীটির অন্তঃস্বত্তা হওয়ার বিষয়টি ধরা পড়লে ঘটনা প্রকাশ হয়ে যায়।