Author: banglarmukh official

  • বরিশালে ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী গ্রেফতার

    বরিশালে ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী গ্রেফতার

    বরিশাল বিমান বন্দর মোড় থেকে ৪৮ পিস ইয়াবাসহ শাহিন রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

    শনিবার দুপুরে ইয়াবা সহ গ্রেফতারকৃত শাহিন রানা বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের ব্যক্তিগত দেহরক্ষী বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

    র‌্যাব-৮ জানায়, রহমতপুর এলাকার বাসিন্দা একটি মাদক মামলার আসামি শাহিন রানাকে দির্ঘদিন ধরে খুঁজছিলো র‌্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রহমতপুর বিমান বন্দর মোড় থেকে শাহিন রানাকে গ্রেফতার করে।

    এ সময় তার দেহ তল্লাশী করে ৪৮ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। পরে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

  • বিমানের শৌচাগারে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ

    বিমানের শৌচাগারে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টম কর্মকর্তারা। শনিবার বেলা পৌনে ১টার দিকে ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে শাহ আমানতে অবতরণ করে।

    এই ফ্লাইটের কোনো এক যাত্রী বিমান বন্দরে নিরাপত্তা জোরদার ও কড়া তল্লাশি দেখে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন কাস্টমস কর্মকর্তারা।

    কাস্টমসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, মালিকবিহীন অবস্থায় বিজি ১৩৬ ফ্লাইটের শৌচাগারে ৪৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। মালিকবিহীন এই স্বর্ণগুলোর প্রকৃত কোনো দাবিদার না আসলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হতে পারে।

  • ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ

    ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ

    কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে ইতালিয়ান ওপেনের ব্লকবাস্টার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। ক্যারিয়ারে এই নিয়ে ৫১ বারের মতো শীর্ষ এই দুই তারকা একে অপরের মোকাবেলা করবেন।

    শুক্রবার সার্বিয়ান তারকা জকোভিচর জাপানের কেই নিশিকোরির কাছে প্রথম সেটে ২-৬ গেমে পরাজিত হলেও পরের দুই সেট ৬-১, ৬-৩ গেমে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। অন্যদিকে নাদালও ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনির কাছে প্রথম সেটে ৪-৬ গেমে ধরাশায়ী হলেও পরের দুই সেট ৬-১, ৬-২ গেমে ঠিকই জয়ী হয়ে কোর্ট ছাড়েন।

    ইতালির রাজধানী রোমে দারুণ একটি নাটকীয় দিনে কোয়ার্টার ফাইনালে জয়ী হয়েছেন তিনবারের বিজয়ী মারিয়া শারাপোভা ও পুরুষ বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন আলেক্সান্দার জেভরেভ।

  • ৮ জুনের মধ্যে সব রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ

    ৮ জুনের মধ্যে সব রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ

    ঈদকে সামনে রেখে ৮ জুনের মধ্যে সব রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনব না।

    শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা নিয়ে আয়োজিত এক সমন্বিত সভায় এসব কথা বলেন তিনি।

    গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুরে সাসেক-এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক, সড়ক পরিহন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

    ওবায়দুল কাদের বলেন, ঈদের তিনদিন আগে সড়কে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল করবে না। এছাড়া গার্মেন্টস মালিকরা যেন তাদের শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিতে তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

    বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও গণতন্ত্রের ক্ষতি হবে না। তবে আমরা চাই তারা নির্বাচনে আসুক। একতরফা নির্বাচনের ফাঁদে আমরা পড়ব না। বিএনপি না আসলেও অন্য দলগুলোর অংশগ্রহণে নির্বাচন হবে।

    এর আগে মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ফোর লেনের উন্নীতকরণ কাজের পরিদর্শন করেন মন্ত্রী।

  • ভালকে খারাপ আর খারাপকে ভাল বলাই বিএনপির বৈশিষ্ট্য: তোফায়েল

    ভালকে খারাপ আর খারাপকে ভাল বলাই বিএনপির বৈশিষ্ট্য: তোফায়েল

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভালকে খারাপ আর খারাপকে ভাল বলাই বিএনপির বৈশিষ্ট্য।  তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল যার কোনো নীতি নেই। সারাদেশের মানুষ খুলনা সিটির নির্বাচন নিয়ে প্রশংসা করেছে, কিন্তু এই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা রকম কথা বলছে বিএনপি।

    শনিবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে জেলেদের মধ্যে জেলে পুনর্বাসনের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন রংপুর, কুমিল্লা, গাইবান্ধা ও খুলনার নির্বাচন সফলতার সঙ্গে করেছে। কোথাও নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু বিএনপি স্বপ্ন দেখে তত্ত্বাবধায়ক সরকারের। তাদের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। সংবিধান অনুসারে নির্বাচন হবে।

    বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ সম্মানিত হয়েছে প্রসংশিত হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতারা।

  • জনগণ রাস্তায় নামলে টিকতে পারবেন না

    জনগণ রাস্তায় নামলে টিকতে পারবেন না

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা যায় না। যারা ভাবছেন জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকবেন তা ভুলে যান। জনগণ রাস্তায় নামলে টিকতে পারবেন না।

    শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    বেগম খালেদা জিয়ার রায় নিয়ে তিনি বলেন, হাইকোর্ট জামিন দিলো, আপিল বিভাগও জামিন দিলো। কিন্তু সরকার অন্যান্য মামলা নিয়ে যেভাবে পরিকল্পনা করছে তাতে বোঝা যায় তারা খালেদা জিয়াকে বন্দী রেখে নির্বাচন করতে চায়।খালেদা জিয়াকে মাইনাস করে যে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে জনগণ তা মেনে নিবে না।

    আন্দোলন ঘোষণা দিয়ে হয় না উল্লেখ করে মোশাররফ বলেন, কোটা আন্দোলন দেখুন। কোনো নেতাও ছিল না। সময় আসছে। জনগণ আর আমাদের দিকে তাকিয়ে থাকবে না। নিজেরাই রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করে নেবে।

    তিনি বলেন, সরকার বলেছিল রমজানে নিত্যপণ্যের মূল্য বাড়বে না। রমজানের অথচ দুদিনের মধ্যে সব বেড়ে গেছে। তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না।

    সভায় আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ।

  • মেগানের সাবেক স্বামী ট্রেভর নিরুদ্দেশ!

    মেগানের সাবেক স্বামী ট্রেভর নিরুদ্দেশ!

    মহাসমারোহে চলছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের বিয়ে। ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলের অর্ন্তভুক্ত সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় এ বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আর মেগানের বিয়ের আগে নিরুদ্দেশ হয়েছেন তার সাবেক স্বামী ট্রেভর এঙ্গেলসন।

    সবার মনোযোগ যখন যুবরাজ হ্যারি ও মেগান মার্কলের ওপর তখন চোখ এড়াতেই তিনি নিরুদ্দেশ হলেন। মেগানের সাবেক স্বামী পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক থাকেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।

    শনিবার যখন লন্ডনে হ্যারি ও মেগানের বিয়ে হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রে গণমাধ্যম খুঁজেও পাচ্ছে না ট্রেভরকে। দেশে নেই, কোথায় তিনি- খোঁজ নিয়ে ইউএস উইকলি জানতে পেরেছে, ছুটি নিয়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন ট্রেভর, সম্ভবত দক্ষিণ আমেরিকার কোনো দেশে।

    সাবেক স্ত্রীর বিয়ের ক্ষণে গণমাধ্যমের চোখ এড়াতেই এঙ্গেলসনের এই নিরুদ্দেশ যাত্রা বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

    বর্তমানে ৪১ বছর বয়সী ট্রেভরের সঙ্গে অভিনেত্রী মেগানের ঘনিষ্ঠতার শুরু ২০০৪ সালে; সাত বছর প্রেমের পর ২০১১ সালে তারা ঘর বাঁধেন। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এর তিন বছর বাদে নিজের থেকে তিন বছরের ছোট ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে সম্পর্কে জড়ান ৩৬ বছর বয়সী মেগান; যার পরিণতিতে তারা বিয়ের পিঁড়িতে বসেছেন।

    হ্যারি-মেগান জুটি বাঁধার পর একটি টিভি শো তৈরিতে হাত দেন এঙ্গেলসন। তাতে এক ব্যক্তিকে হাজির করেন এঙ্গেলসন, যিনি সন্তানের কর্তৃত্ব পেতে চাইছেন তার ডিভোর্সি স্ত্রীর কাছ থেকে। তার স্ত্রী আমেরিকা থেকে ব্রিটেন যাচ্ছেন এক যুবরাজকে বিয়ে করতে।

    মেগান-এঙ্গেলসনের কোনো সন্তান না থাকলেও এটি এঙ্গেলসনের নিজের জীবনের গল্প বলে সবাই মনে করছেন। তবে এঙ্গেলসন তা অস্বীকার করেছেন।

  • হ্যারি-মেগানের বিয়েতে ‌’পেটা ইন্ডিয়া’র বলদ উপহার

    হ্যারি-মেগানের বিয়েতে ‌’পেটা ইন্ডিয়া’র বলদ উপহার

    ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলের অর্ন্তভুক্ত সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় সম্পন্ন হল ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে। আর ব্রিটিশ রাজপরিবারের সদস্যের এই বিয়েতে একটি বলদ উপহার দিতে চলেছে পেটা ইন্ডিয়া। সেই বলদটির নামও রাখা হয়েছে হ্যারি এবং মেগানের নাম জুড়ে, ‘‌মেরি’।

    পেটা ইন্ডিয়ার পক্ষ থেকে শচীন বাঙ্গরা জানিয়েছেন, নিরীহ প্রাণীদের উপর প্রচুর অত্যাচার হয়, সেই বিষয়ে সচেতনতা তৈরি করতেই এই উপহার দেওয়া হচ্ছে। মেরি বর্তমানে মহারাষ্ট্রের একটি সংরক্ষণাগারে রয়েছে। উদ্ধার করার সময় খুবই খারাপ অবস্থায় ছিল সে। টানা গাড়ি টানায় গলায় তৈরি হয়েছিল ক্ষত। সেখান থেকেই সেবা-শুশ্রুষার পর আপাতত সুস্থ হয়ে উঠেছে বলদটি।

    তিনি আরও বলেন, ‘‌আমরা বলদটির নাম হ্যারি এবং মেগানের নামে রেখেছি। বলদটিকে উপহার হিসেবে দু’‌জনকে দেওয়াটা হয়ত সম্ভব নয়। কিন্তু আমরা মেরির একটি ছবি আঁকিয়েছি, তাতে তার গল্পও লেখা আছে। সেই ছবিটিই আমরা হ্যারি এবং মেঘানকে উপহার হিসেবে দেব। ’‌

  • পুলিশ-ডিএমপির ইফতার বর্জনের ডাক

    পুলিশ-ডিএমপির ইফতার বর্জনের ডাক

    সাংবাদিকদের ওপর হামলা এবং অসদাচরণের বেশ কিছু ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি ইফতার বর্জন করেছেন অপরাধ বিষয়ে কাজ করা সাংবাদিকরা।

    শুক্রবার প্রথম রোজায় সাংবাদিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরই মধ্যে সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আমন্ত্রণপত্র।

    প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক এই প্রতিবাদে শামিল হয়েছেন। তারা বলছেন, পুলিশ সাংবাদিক নির্যাতন করবে আবার দাওয়াত করে খাওয়াবে এটা মানা যায় না।

    বৃহস্পতিবার মহাখালী এলাকায় সংবাদ সংগ্রহে যাওয়া ডিবিসি টেলিভিশনের সাংবাদিক আদিত্য আরাফাতের গায়ে ট্রাফিক পুলিশের সহকারী উপকমিশনার আশরাফ উল্লাহ গায়ে হাত দেন বলে অভিযোগ উঠেছে।

    কয়েকদিন আগে বেসরকারি টেলিভিশন বাংলা টিভির সাংবাদিক আরমান কায়সার ও ক্যামেরাপারসন মানিকের ওপর চড়াও হন মতিঝিল জোনের উপকমিশনার আনোয়ার হোসেন। এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সাংবাদিকরা এই ইফতার বর্জন করেছেন।

    ইফতার যারা বর্জন করছেন তাদের মধ্যে রয়েছেন নাদিয়া শারমীন, দিপন দেওয়ান, রাশেদ নিজাম, ইউ এইচ জিসান, সৈয়দ নয়ন, গোলাম মুজতবা ধ্রুব, মহসিন কবীর, মশিউদ্দিন মাহির, ইমরান আলী, নাঈম জিকো, সাইফুল জুয়েল, হাসান আহমেদ, বাতেন বিপ্লব, ইমরান হোসাইন সুমন, সাব্বির আহমেদ, সাঈদুল ইসলাম, নাজমুল সাঈদ, সুশান্ত সাহা, আতিকুর রহমান তমাল, জুবায়ের সানী, শহীদুল রাজী, মোস্তাফিজুর রহমান সুমন, লাইজুল ইসলাম, তানভীর খন্দকার, শাহ ইমন, মাইনুল সোহাগ, কামাল হোসেন তালুকদার প্রমুখ।

    সারাবাংলাডটনেটের অপরাধ বিষয়ক প্রতিবেদক ইউ এইচ জিসান  বলেন, ‘প্রতিবাদ হিসেবে এই বর্জন। যারা সাংবাদিক নির্যাতন করে তারাই আবার কাছে ডেকে সাংবাদিকদের খাওয়াতে চায়। আমরা ওখানে খেতে যেতে চাই না। সাংবাদিক এবং সাংবাদিকতার স্বার্থে আমাদের এই অবস্থান।’

    ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা দিন দিন বাড়ছে। তাই আমরা এই ইফতার বর্জন করেছি।’

    এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ওবায়দুল রহমান  বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, ঠিক হয়ে গেছে। ইফতারে সব সাংবাদিক উপস্থিত হবেন বলে আমরা আশা করছি।’

  • বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, নগরজীবনে স্বস্তি, মসজিদে মুসল্লিদের ভিড়

    বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, নগরজীবনে স্বস্তি, মসজিদে মুসল্লিদের ভিড়

    বরিশালে বৃষ্টিমুখর রমজান মাসের প্রথমদিন। ফলে স্বাভাবিক দিনের থেকে গরম কিছুটা কমে যাওয়ায় রোজাদাররা বেশ স্বস্তিতেই দিনটি পার করছেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রয়োজন ব্যতিত তেমন কাউকে বাইরে বেরুতে দেখা যায়নি। নগরজুড়ে দিনের বেশিরভাগ রাস্তাঘাটে অনেকটাই ফাঁকা ছিলো। তেমন একটা যানজট দেখা যায়নি নগরের ব্যস্ততম সড়ক সদররোডেও।

    বৃষ্টির কারণে ক্রেতা না থাকায়, হাটখোলা-বাজাররোড, পোর্টরোডের খেটে খাওয়া মেহেনতি মানুষের কর্মে কিছুটা ভাটাও পরেছিলো। তারাও অনেকটা আলসে দিনে কাটিয়ে অল্প রোজগার শেষে বাড়ি ফিরেছেন। তবে মহল্লার মসজিদগুলোতে জুমার নামাজে ছিলো মুসল্লিদের ব্যাপক ভিড়।

    শুক্রবার (১৮ মে) সকাল থেকেই বরিশালের আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন ছিলো। দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ বরিশাল শহরে বৃষ্টিপাত শুরু হয়। প্রথমে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হলেও বিকেল ৪টার দিকে বৃষ্টিপাতের পরিমাপ কমার সঙ্গে সঙ্গে থেমে থেমে বজ্রপাত হচ্ছিল। তবে শুধু বরিশাল শহরেই নয় জেলা ও বিভাগের বিভিন্ন উপজেলায় দুপুর থেকে বৃষ্টি হতে শুরু করে।টানা বৃষ্টিতে বরিশালের নিম্নাঞ্চলসহ শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা। রিশাল আবহাওয়ার অফিসের দেওয়া তথ্যানুযায়ী, দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শনিবার(১৯ মে) কিছুটা কমতে পারে। তবে আজ মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে।

    বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, দুপুর ১২টা ৫মিনিট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো মষুলধারে। সঙ্গে থেমে থেমে বিজলী চমকাচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ৩৫ দশমিক ৪ মিলিমিটার। দিনে বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোনিম্ন ছিলো ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    তিনি আরও জানান, আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফলে শুধুমাত্র ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া অন্য সব লঞ্চ চালকদের সতর্কতার সহিত লঞ্চ চালনা করার নির্দেশনা দিয়েছেন বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। এদিকে টানা বৃষ্টিতে বরিশালের নিম্নাঞ্চলসহ শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে।