Author: banglarmukh official

  • নাজিব রাজাকের বাড়ি থেকে ৭২ স্যুটকেস নগদ অর্থ জব্দ

    নাজিব রাজাকের বাড়ি থেকে ৭২ স্যুটকেস নগদ অর্থ জব্দ

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ স্যুটকেস ভর্তি নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র জব্দ করেছে পুলিশ। জাতীয় নির্বাচনে পরাজয়ের এক সপ্তাহ পর তার দুর্নীতি এবং অর্থ-পাচার তদন্তের অংশ হিসাবে পুলিশ এ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।

    দেশটির তদন্ত কর্মকর্তা অমর সিং বলেন, কুয়ালালামপুরের একটি বর্ধিত কনডমিনিয়াম নাজিব রাজাকের সাথে সংযুক্ত কয়েকটি অ্যাপার্টমেন্ট থেকে এ মূল্যবান জিনিসগুলো জব্দ করা হয়।

    তিনি অারও বলেন, দুর্নীতি এবং অর্থ-পাচার তদন্তের অংশ হিসাবে এ অভিযান চালানো হয়েছে। কেননা, রাষ্ট্রীয় তহবিল থেকে নাজিবের সহযোগীরা ৪.৫ বিলিয়ন ডলার চুরি করেছে বলে মার্কিন তদন্তকারীদের অনুসন্ধানে উঠে এসেছে।

    পুলিশ নাজিবের অন্যান্য সম্পদেরও অনুসন্ধান করেছে জানিয়ে অমর সিং বলেন, কাউকে কোনো ধরনের হেনস্থা করার ইচ্ছা আমাদের নেই। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।

  • টেস্টে থাকছে না টস

    টেস্টে থাকছে না টস

    টেস্ট ক্রিকেট থেকে হয়তো ঐতিহ্যবাহী টস প্রথাটি বিলুপ্ত হতে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে ভারতের মুম্বাইতে বসছে আইসিসির সভা। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মূলত ঘরের মাঠে স্বাগতিক দেশ বেশি সুবিধা পায় বলেই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে আইসিসি।

    টস না করে সফরকারী দেশ নির্ধারণ করবে তারা ফিল্ডিং করবে না ব্যাটিং। কেননা সম্প্রতি স্বাগতিক দেশগুলো দেশের মাঠ ও পিচকে পুরোপুরি নিজেদের মতো করে সাজিয়ে রাখে। ফলে সফরকারীদের অবস্থা হয় বেহাল। আর সে জন্যই আগামী বছর থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে টস পদ্ধতি তুলে দেয়ার সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এমনকি আগামী অ্যাশেজেও পদ্ধতিটি প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে।

    আসছে সভায় যা থাকছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ হলো, ‘টেস্টে স্বাগতিক দেশ উইকেট যেভাবে বানায়, তা উদ্বেগজনক। কমিটির একাধিক সদস্য বিশ্বাস করেন, প্রতিটি টেস্টেই টসের সিদ্ধান্ত সহজাতভাবেই সফরকারী দলকে উপহার দেওয়া উচিত; যদিও কমিটিতে এর দ্বিমত পোষণকারীরাও রয়েছেন।’

  • এবার বিশ্ব একাদশ ছাড়লেন আফ্রিদি

    এবার বিশ্ব একাদশ ছাড়লেন আফ্রিদি

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার অরাউন্ডার সাকিব আল হাসান। মূলত বিশ্রামে থাকার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ঠিক একদিন পর এবার পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিও বিশ্ব একাদশ থেকে নাম প্রত্যাহার করে নিলেন।

    আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন আফ্রিদি। তবে পুরনো হাঁটুর ব্যথা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। আর এ কারণেই বিশ্ব একাদশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

    বৃহস্পতিবার নিজের ফেরিভাইড টুইটারে এক বার্তায় আফ্রিদি লিখেছেন, দুবাইতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমরা হাঁটু পুরোপুরি সেরে ওঠেনি। পুরোপুরি সেরে উঠতে আরো ৩-৪ সপ্তাহ লাগবে। আশা করছি এই সময়ের মধ্যে আমি আমার পুরো ফিটনেস ফিরে পাব। আমার জন্য দোয়া করবেন।

    চলতি মাসের ৩১ তারিখে ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশের মধ্যকার একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু আফ্রিদির পুরোপুরি সেরে উঠতে ২১ থেকে ২৮ দিনের মতো লাগবে। তাই বলাই যায়, আফ্রিদির পক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলা সম্ভব নয়। তবে আইসিসির পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

  • মোশাররফ করিম, আ খ ম হাসান তৃণমূল কর্মী, তোলপাড়!

    মোশাররফ করিম, আ খ ম হাসান তৃণমূল কর্মী, তোলপাড়!

    ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম এবং আ খ ম হাসান নাকি সেই দলের সক্রিয় কর্মী! অবাক হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে এমনটাই দাবি করছেন কৌশিক দত্ত নামের এক ভারতীয় নাগরিক। যা ইতোমধ্যে তোলপাড় ফেলেছে নেট দুনিয়ায়।

    ফেসবুকে ওই ছবি পোস্ট করে কৌশিক দত্ত লিখেছেন, “তৃণমূলের দুই সৎ ও নির্ভীক কর্মীকে গাছে বেঁধে পেটাল বিজেপির দুষ্কৃতীরা, তাঁদের অপরাধ একটাই তাঁরা তৃণমূল করে…। ছবিটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, আর এদের দ্রুত আরোগ্য কামনা করুন।”

    খোঁজ নিয়ে জানা গেছে, কৌশিক দত্ত যে ছবিটি ব্যবহার করেছেন সেটি শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত ‘তখনো সূর্য ডোবেনি’ নাটকের একটি দৃশ্য। নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম ও আ খ ম হাসানকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। আর কৌশিক দত্ত সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে তৃণমূল কর্মী দাবি করেছেন। গত ১৬ মে বিকালে চাঞ্চল্যকর এই পোস্টটি দেওয়ার পর দ্রুত তা ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে ছবিটি ৮১৭ জন শেয়ার এবং ৭ শতাধিক মানুষ তাতে মন্তব্য করেছেন। সেখানে মোশাররফ করিম এবং আ খ ম হাসানকে যারা চেনেন তারা ওই পোস্টের কঠোর সমালোচনা করেছেন।

    ফেসবুকের ওয়াল থেকে জানা গেছে, কৌশিক দত্ত পশ্চিমবঙ্গের নদীয় জেলার নবদ্বীপের বাসিন্দা। তার ওয়াল দেখে পরিষ্কার বোঝা যায় তিনি একজন কট্টর তৃণমূল সমর্থক এবং বিজেপিবিরোধী।

    মজার বিষয় হলো তিনি এই পোস্টটি যখন করেছেন তখন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের পর ফলাফল গণনা শুরু হবে। রাজনৈতিক কারণেই বিশেষ করে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির ওপর দোষ চাপাতেই কৌশিক দত্ত এমন পোস্ট করেন বলে ধারণা করা হচ্ছে। তাই পোস্টকারীর বিরুদ্ধে কেউ কেউ আইনি ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন পোস্টটির মন্তব্যের তালিকায়।

  • যে ছবি নিয়ে এত তোলপাড়

    যে ছবি নিয়ে এত তোলপাড়

    বর্তমানে বলিউডের সর্বত্রই চলছে সোনমের রিসেপশন নিয়ে আলোচনা। যার কেন্দ্রে রয়েছে ঐ রাতে সালমান ও অর্জুনের ঠাণ্ডা লড়াই। শোনা যায়, মালাইকা অরোরার সঙ্গে অর্জুনের সম্পর্কের বিতর্কই নাকি সালমানের রাগের মূল কারণ। আর সেজন্যই সেই রাতে অর্জুনের দিকে ফিরেও তাকাননি সালমান!

    এই আলোচনা-সমালোচনা শেষ হতে না হতেই নতুন আরেক বিতর্ক হাজির! আর এবারের বিতর্কের কারণ একটি ছবি। ইনস্টাগ্রামে অর্জুন একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অর্জুন কাপুরকে। আর সেই ছবিতে ‘লাইক’ করেন মালাইকা!

    উল্লেখ্য, সালমানের ভাই আরবাজ খান ও মালাইকার ১৮ বছরের সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ হিসাবে দায়ী করা হয় অর্জুন কাপুরকে। জানা যায়, অর্জুনের বাবা বনি কাপুর ছেলেকে শাসন করে স্পষ্ট জানান, মালাইকার থেকে অর্জুন যেন দূরে থাকেন।

  • শ্রীদেবীকে হত্যা করা হয়েছে

    শ্রীদেবীকে হত্যা করা হয়েছে

    বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে ৫৪ বছর বয়সে মারা যান। তার মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

    প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথটাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী। পরে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিলো, হৃদরোগে নয় দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয় তার। তবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভূষণ। শ্রীদেবীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

    বেদ বলেন, কাউকে চাইলেই তো জোর করে বাথটাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। পানিতে ডুবিয়ে রেখে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করা সম্ভব। এতে করে কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষকে মেরে ফেলা যায়। শ্রীদেবীকেও পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।

    এক সাক্ষাৎকারে বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যু নিয়ে দুবাই পুলিশের ময়নাতদন্তের প্রতিবেদন বিষয়ে জানান, আরব আমিরাতের আইন ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু তারা শ্রীদেবীর ময়নাতদন্তের যে প্রতিবেদনটি জমা দিয়েছেন সেটি নিয়ে আমরা সন্তুষ্ট নই। ঠিক কি হয়েছিলো তার সঙ্গে আমরা সেটি জানতে চাই। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। আমরা দুবাই যাবো এবং সবকিছু পুনরায় তদন্ত করবো।’

    শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য তিনি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন। কিন্তু হোটেলের ওই ঘরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন এবং সিদ্ধান্তে এসেছেন যে, ‘শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত’।

    এর আগে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সুনীল সিংহও। তিনি বলেছিলেন, ৫.৭ ফুট উচ্চতাবিশিষ্ট একজন কী করে ৫.১ লম্বা বাথটাবে ডুবে যাবেন!

  • সাভারে স্কুল ছাত্রীসহ ২ শিশুকে ধর্ষণ

    সাভারে স্কুল ছাত্রীসহ ২ শিশুকে ধর্ষণ

    ঢাকা জেলার সাভারে পৃথক ঘটনায় এক কিশোরী পোশাক শ্রমিক (১৩) ও তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুমন মিয়া (২৭) নামের এক যুবককে আটক করেছে।

    আটককৃত যুবক সাভার পৌর এলাকার মোজাহার আলীর ছেলে এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

    ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, কিশোরী তার পরিবারের সাথে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানা কাজ করতেন। একই কারখানায় কাজ করার সুবাদে সাভার পৌর এলাকার সুমন নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। পরে গত রবিবার কারখানা ছুটির পর মেয়েটিকে ফুসলিয়ে সাভারের নবীনগর এলাকায় নিয়ে যায় ওই যুবক। এরপর টানা ৪ দিন বিভিন্ন স্থানে রেখে কিশোরীর উপর চালানো হয় পাশবিক নির্যাতন।

    এদিকে, গত বৃহস্পতিবার নারী শ্রমিককে রাজফুলবাড়িয়া এলাকায় রেখে চলে যায় বখাটে যুবক। পরে এ ঘটনায় ওই দিন রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে শুক্রবার সকালে পুলিশ ওই যুবককে আটক করে।

    অন্যদিকে, হেমায়েতপুরের যাদুরচর এলাকার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী তার পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর বাবা গাড়ির হেলপার ও মা পোশাক শ্রমিক কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরই সুযোগে শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে বিকেলের দিকে প্রতিবেশী ভাড়াটিয়া শামিম (৩১) নামের এক ভ্যানচালক মেয়েটির কক্ষে প্রবেশ করে। এরপর তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা বাড়িতে এসে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাজ্জাত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এক যুবককে আটক করা হয়েছে।

  • কারামুক্তির জন্য খালেদাকে সব মামলাতেই জামিন নিতে হবে: নৌমন্ত্রী

    কারামুক্তির জন্য খালেদাকে সব মামলাতেই জামিন নিতে হবে: নৌমন্ত্রী

    শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই হবে না, কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য অন্য সব মামলায়ই জামিন পেতে হবে। শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুস্থদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

    এ সময় মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, আইনগতভাবে সেসব মামলায় জামিনের পর তিনি মুক্তি পাবেন। এছাড়া খালেদা জিয়া কখনওই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

    মন্ত্রী শাজাহান খান আরও বলেন, খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে, যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে, মানুষ পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরেও সাধারণ মানুষকে হত্যা করেছেন। এসব মামলায়ও তাকে জামিন নিতে হবে।

    মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান পল্লবী হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • পরমাণু নিরস্ত্রীকরণ না মানলে গাদ্দাফির মতো পরিণতি হবে কিমের

    পরমাণু নিরস্ত্রীকরণ না মানলে গাদ্দাফির মতো পরিণতি হবে কিমের

    আন্তর্জাতিক মহলে উত্তেজনার অবসান ঘটিয়ে ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে। পুরো বিশ্ব যখন এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই কিমকে লক্ষ্য করে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন ট্রাম্প।

    বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হলে কিম জং উন অবশ্যই ক্ষমতায় থাকবেন। তবে পরমাণু নিরস্ত্রীকরণ না মানলে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো তার অবস্থা হবে। ট্রাম্প জানান, তিনি এখনও বিশ্বাস করেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা হবে।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে আগামী মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক পরিকল্পনামতো হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়।

    ট্রাম্প বলেন, কিম জং তার দেশেই থাকবেন এবং দেশ পরিচালনা করবেন। তার দেশ অনেক ধনী হবে। আর যদি শর্ত না মানে, তবে মুয়াম্মার গাদ্দাফির মতোই পরিণতি হবে তার। তিনি আরও বলেন, ‘লিবিয়ার দিকে তাকালেই বোঝা যায় যে আমাদের সঙ্গে সমঝোতায় না আসার পরিণতি কত ভয়াবহ হতে পারে।’

  • গণতন্ত্রকে মুক্ত করতে একযোগে সংগ্রামে নামতে হবে: ফখরুল

    গণতন্ত্রকে মুক্ত করতে একযোগে সংগ্রামে নামতে হবে: ফখরুল

    গণতন্ত্রকে মুক্ত করতে একযোগে সংগ্রামে নেমে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঢাকা মহানগরের দিকে সবাই তাকিয়ে থাকে। তাই আপনারা সংগঠিত হন। যখনই প্রয়োজন হবে তখনই যাতে রাস্তায় নেমে আসতে পারেন।

    শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সিডি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    মির্জা ফখরুল বলেন, যদি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করে, নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন না হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যদি মুক্তি দেয়া না হয়, যদি সংসদ ভেঙে দেয়া না হয়, যদি সেনাবাহিনী মোতায়েন না হয়’ তাহলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

    নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা করতে এবং বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোন বিকল্প নেই। সেই আন্দোলন তখন সফল হবে যখন গণতন্ত্র ও বেগম জিয়ার মুক্তির জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো। আর জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই এ পাথর (সরকার) সরাতে হবে। এ দানবকে সরাতে হবে। তারা (সরকার) দানবের চেয়েও খারাপ অবস্থান নিয়েছে।

    তিনি বলেন ‘দানবকে সরাতে হলে ঐক্যবদ্ধ হয়ে দল-মতনির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল, সংগঠন এবং সকল ব্যক্তির ঐক্য সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

    খুলনা নির্বাচনে যে অনিয়ম হয়েছে তার তদন্ত হওয়া উচিত- ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতের এ বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন তদন্ত করবে না। কারণ ইসি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

    নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা কথা বলছি, কাজ করছি, আন্দোলন করছি এবং আমাদের হাজার হাজার নেতাকর্মীরা জেলে গেছে। কিন্তু এরপরও আমরা বেগম জিয়াকে বাইরে আনতে পারিনি। এটা একদিকে যেমন ব্যর্থতা অন্যদিকে সরকারের ভয়ঙ্কর রূপ প্রকাশিত হয়েছে।

    মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন বেগম জিয়া অংশগ্রহণ করলে তাদের ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না। সেই কারণে অত্যন্ত সু-পরিকল্পিতভাবে চক্রান্ত করে নির্বাচনের আগে মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক করেছে।

    ‘কোটি জনতার মা’ পর্ব-১’ সিডি উদ্বোধন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

    এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অভিনেতা আশরাফ উদ্দিন খান উজ্জ্বল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সসভাপতি মোস্তাফিজুর রহমান, কণ্ঠশিল্পী নাসির প্রমুখ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের ভাইস প্রেসিডেন্ট আহসান উল্লাহ চৌধুরী, মাকসুদুর রহমান টিপু, মহানগর বিএনপি নেতা মীর হোসেন মিরু, ইকবাল হোসেন নান্টু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছা সেবক দল নেতা আক্তারুজ্জামান বাচ্চু।