Author: banglarmukh official

  • ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ভ্যানচালককে গণধোলাই

    ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ভ্যানচালককে গণধোলাই

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল কাসেম (৪৫) নামে এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিকেলে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।

    ভ্যানচালক আবুল কাশেম ইনবাবপুর ইউনিয়নের বালদাখাল এলাকার চাঁদ মিয়ার ছেলে।

    বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই ইব্রাহীম হোসেন জানান, মঙ্গলবার সকালে ওই ছাত্রী মাঠে তার বাবার খাবার দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আবুল কাশেম তাকে ফুঁসলিয়ে নির্জনস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আবুল কাশেমকে আটক করে গণধোলাই দিয়ে পদমদী বাজারে আটকে রেখে পুলিশে খবর দেয়। পড়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

    বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

  • লড়াই করে শহীদ হলেন ফিলিস্তিনি সালাহ

    লড়াই করে শহীদ হলেন ফিলিস্তিনি সালাহ

    ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ও নিহতদের স্বজনের আর্তনাদে ভারি হয়ে উঠেছে গাজা উপত্যকা। তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেন।

    বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলি, টিয়ারগ্যাসে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত ও আরো দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে গাজার প্রধান হাসপাতাল আল-শিফা। টিয়ারগ্যাসে শ্বাসকষ্টে মারা গেছেন ৮ মাসের এক শিশুও। এছাড়া আরো অন্তত ৮ শিশু মারা গেছে; যাদের বয়স ১৬ বছরের নিচে।

    ফিলিস্তিনে একদিনে হতাহতের এ সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গাজার চলমান সংঘাতে দুই পা-বিহীন ফাদি হাসান আবু সালাহ নামে এক যুবকের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় শুরু হয়েছে।

    jagonews24

    সংবাদ সংস্থা মানের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সৌদি সংবাদমাধ্যম আল-আরাবি বলছে, জেরুজালেমে মার্কিন দূতাবাস চালুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন পা-বিহীন ফিলিস্তিনি যুবক ফাদি হাসান আবু সালাহ। হুইলচেয়ারে করে গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাথর নিক্ষেপ করছিলেন তিনি। এসময় গুলিতে প্রাণ যায় সালাহর।

    এর আগে ২০০৮ সালে গাজায় ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে মারাত্মক আহত হয়েছিলেন ৩০ বছর বয়সী সালাহ। পরে তার শরীর থেকে দুই পা অপসারণ করেন চিকিৎসকরা।

    গত ডিসেম্বরে ২৯ বছর বয়সী প্রতিবন্ধী যুবক ইব্রাহীম আবু থারায়াকে গুলি করে হত্যা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। গাজা উপত্যকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হুইল চেয়ারে করে অংশ নিয়েছিলেন ইব্রাহীম।

    jagonews24

    মঙ্গলবার আবু সালাহর শেষকৃত্যে শোকার্ত শত শত ফিলিস্তিনি অংশ নেয়। গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিন্দা জানিয়েছেন। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার গাজা হত্যাকাণ্ডের জেরে জরুরি বৈঠক শুরু হয়েছে।

    জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশষ দূত নিকোলা ম্ল্যাদেনোভ গাজা উপত্যকায় অনিয়ন্ত্রিত সহিংসতা দ্রুত বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

    শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়  শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়।

    টেলিফোনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই সম্মেলনে যোগ দেয়ার জন্য তিনি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।

    তিনি ইসরায়েলের শক্তি প্রয়োগকে নিন্দা করে বলেছেন, ‘এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

  • মঞ্জু আমার ছোট ভাইয়ের মতো, জয়ের প্রতিক্রিয়ায় খালেক

    মঞ্জু আমার ছোট ভাইয়ের মতো, জয়ের প্রতিক্রিয়ায় খালেক

    বিপুল ভোটে বিএনপি প্রার্থীকে হারিয়ে জয়ের মালা গলায় নিয়ে আওয়ামী লীগের জয়ী প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়েই খুলনার উন্নয়নে কাজ করতে চাই। মঞ্জু আমার ছোট ভাইয়ের মতো।

    মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্রে এসে জয়ের খবর শুনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তালুকদার খালেক।

    তিনি বলেন, এই নির্বাচনে আমার প্রধান প্রতিপক্ষ বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অল্প কিছু ভোটে তিনি পিছিয়ে ছিলেন। কাজেই তাকে নিয়েই খুলনার উন্নয়নে কাজ করতে চাই।

    একই সঙ্গে তালুকদার খালেক বলেন, বিজয়ী করে জনতা আমাকে ঋণী করে দিয়েছেন। আমি চেষ্টা করবো কাজের মাধ্যমে তাদের সেই ঋণ পরিশোধ করার।

    এছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করায় নেতাকর্মীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের ধৈর্য্য ধরার আহ্বান জানান নতুন মেয়র খালেক।

    তালুকদার খালেক বলেন, আমি যখন খুলনার মেয়র ছিলাম, তখন তিনি (নজরুল ইসলাম মঞ্জু) এমপি ছিলেন। তিনি আমার ছোট ভাইয়ের মতো। আমরা যখন খুলনা শহরে বিভিন্ন আন্দোলনে মাঠে ছিলাম, সেও সেই আন্দোলন-সংগ্রামে ছিল। মাঠ পর্যায়ের একজন নেতা। কাজেই তাকে নিয়েই খুলনার উন্নয়ন করা হবে।

    এর আগে মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এর মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি ২৮৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১৭৬৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১০৮৯৫৬ ভোট।

    ২৮৬ কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটিতে আওয়ামী লীগ প্রার্থী অপরটিতে বিএনপি প্রার্থী জয়ী হন।

  • খুলনার মেয়র খালেক

    খুলনার মেয়র খালেক

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে (ধানের শীষ) বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) তালুকদার আবদুল খালেক।

    মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।

    সর্বশেষ বিভিন্ন উৎস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ প্রার্থী খালেককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।

    ফলাফলে দেখা যায়, ২৮৬ কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক। অপরদিকে তার থেকে অর্ধেক পিছিয়ে আছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এর মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি ২৮৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১৭৬৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১০৮৯৫৬ ভোট।

    ২৮৬ কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটিতে আওয়ামী লীগ প্রার্থী অপরটিতে বিএনপি প্রার্থী জয়ী হন।

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এর মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়।

    এদিকে, কয়েকটি কেন্দ্রে অনিয়ম, অভিযোগ, ব্যালট পেপারে জোরপূর্বক সিল মারার ঘটনা ঘটেছে। আবার ভালো ভোটও হয়েছে অনেক কেন্দ্রে। খুলনা ক্ষমতাসীন দলের প্রার্থী বলেছেন, ভোট ভালো হয়েছে। অন্যদিকে বিএনপির প্রার্থী বলেছেন, অন্তত ৪০টি কেন্দ্রে অনিয়ম হয়েছে।

    অপরদিকে, রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী বলেছেন, দুই একটি ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বিএনপির অভিযোগ সুস্পষ্ট নয় বলে উল্লেখ করেছেন।

    যদিও অনিয়ম ও জাল ভোটের অভিযোগে একটি কেন্দ্রে ভোট বাতিল, দুটি কেন্দ্র এবং একটি বুথে ভোট স্থগিত করা হয়েছে। এর বাইরে একটি কেন্দ্রের অদূরে বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।

    ২৪ নং ওয়ার্ডের সরকারী ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট বন্ধ করে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।

    এছাড়া নৌকা প্রতীকে সিল মারার ঘটনায় রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট স্থগিত হয়।

    পাশাপাশি ৩১ নম্বর ওয়ার্ডের লবণচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে কেন্দ্রটিতে ভোট স্থগিত রাখা হয়।

    ২২ নম্বর ওয়ার্ডের ফাতিমা উচ্চ বিদ্যালয়ে একটি বুথে স্থগিত করা হয় ভোট। সেখানেও নৌকা মার্কায় সিল মারা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

    খুলনার নির্বাচনে মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক নৌকা এবং বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

    পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজ্জাম্মিল হক হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু (কাস্তে) এবং জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান (লাঙ্গল) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • বরিশালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক এসএম রফিক রক্তাক্ত, আটক ৩

    বরিশালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক এসএম রফিক রক্তাক্ত, আটক ৩

    বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম রফিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের বটতলা বাজার এলাকায়।

    ঘটনা প্রত্যক্ষদর্শী এস এম আশিকুর রহমান জানিয়েছেন- সাংবাদিক রফিকুল ইসলাম বটতলা বাজার এলাকার রনির দোকানে ফল ক্রয় করতে যান। ওই সময় দোকানি রনি তাকে একটি তরমুজ কেটে দেখান। কিন্তু সেটি পছন্দসই না হওয়ায় নিতে অপারগতা প্রকাশ করেন সাংবাদিক রফিক।

    এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার হয়। তখন এই রনির নেতৃত্বে ১০ থেকে ১৫ ফল বিক্রেতা একত্রিত হয়ে সাংবাদিক রফিকের ওপরে হামলা করে। একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সকলে পালিয়ে যায়। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আলেকান্দা ফাঁড়ি পুলিশ ৩ হামলাকারীকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন- গুরুতর আঘাতে রফিকুলের মাথায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। যে কোন সময়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে প্রেরণ প্রয়োজন হতে পারে।

  • বার কাউন্সিল নির্বাচনে ১২টি পদে আওয়ামীপন্থীদের জয়

    বার কাউন্সিল নির্বাচনে ১২টি পদে আওয়ামীপন্থীদের জয়

    আইনজীবীদের সনদ প্রদান ও পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে কর্তৃত্ব ধরে রেখেছেন সরকার সমর্থক আওয়ামীপন্থী আইনজীবীরা। সোমবার ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়। তবে আনুষ্ঠানিক ফলাফল বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ঘোষণা করবেন।

    আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১২টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। দু’টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত তালুকদার অনানুষ্ঠানিক এ ফলের বিষয়টি  নিশ্চিত করেছেন।

    বার কাউন্সিল নির্বাচনে ১৪ সদদ্যের মধ্যে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

    সারাদেশের ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতেই আলাদা করে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফল থেকে জানা যায় নির্বাচিত ১৪টি পদের মধ্যে ১২টিতেই সরকারপন্থীরা জয়লাভ করেছেন।

    এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৭টি পদের মধ্যে আওয়ামীপন্থী প্যানেল থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুয়ায়ুন, বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

    সাধারণ ক্যাটাগরিতে বিএনপিপন্থি প্যানেল থেকে শুধু সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

    গ্রুপ-ভিত্তিক সাতটি পদের মধ্যে আওয়ামীপন্থীরা ছয়টি পদে জয়লাভ করেন। তারা হলেন-সাবেক বৃহত্তর ঢাকা জেলার সকল আইনজীবী সমিতিতে (গ্রুপ -এ) অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. কবির উদ্দিন ভূঁইয়া,বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ. এফ. মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) পারভেজ আলম খান, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. ইয়াহিয়া এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) রেজাউল করিম মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    গ্রুপ-ভিত্তিক পদে শুধু বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

    বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ অনুসারে ১৫ সদস্যের কাউন্সিলে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে চেয়ারম্যান। এ ছাড়া ১৪ জন সদস্য নির্বাচিত হন। যার মধ্যে সাতজন সাধারণ ক্যাটাগরিতে ও সাতজন আঞ্চলিক ক্যাটাগরিতে নির্বাচিত হন। নির্বাচিত এই ১৪ সদস্য নিজেরা ভোটের মাধ্যমে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন। নির্বাচিত কমিটির মেয়াদ হলো তিন বছর।

    এদিকে নির্বাচন সংক্রান্ত আপত্তি শুনানির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করে দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন- বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। বাকি দু’জন হলেন- বিচারপতি ফরিদ আহমেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. অজি উল্লাহ।

    উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টিতে আওয়ামীপন্থী ও ৪টিতে বিএনপিপন্থীরা জয়লাভ করেছিলেন। সদস্যদের ভোটে পরে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

  • বিক্ষোভে উত্তাল গাজায় নিহত বেড়ে ৫৮

    বিক্ষোভে উত্তাল গাজায় নিহত বেড়ে ৫৮

    বিক্ষোভে উত্তাল গাজা উপত্যকায় সোমবার একদিনেই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ হাজার সাতশোর বেশি মানুষ। ইসরায়েল সীমান্তের কাছে বেশ কিছু পয়েন্টে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলি, টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

    সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে গাজা উপত্যকাসহ পুরো ফিলিস্তিনে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

    ১৯৪৮ সালের ১৫ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রত্যেক বছর ওই দিনটিকে ফিলিস্তিনিরা ‘বিপর্যয়’ বা ‘নাকাবা’ দিবস হিসেবে পালন করে। ওই বছর হাজার হাজার ফিলিস্তিনি তাদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত হয়।

    gaza-3

    গ্রেট মার্চ অব রিটার্ন আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত সুরক্ষিত সীমানা বেড়া পেড়িয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে অংশ নিতে গাজায় লাখো ফিলিস্তিনি পৌঁছেছেন।

    তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রতিবাদে পশ্চিম তীরের রামাল্লাহ ও হেবরনেও বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। জেরুজালেম থেকে উত্তরাঞ্চলের রামাল্লাহকে বিভক্তকারী কালানদিয়া সামরিক তল্লাশি চৌকির কাছেও বিক্ষোভ করছেন তারা।

    ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে এই বিক্ষোভ করে আসছে। ১৫ মে এই বিক্ষোভ শেষ হওয়ার কথা। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি বাস্ত্যুচুত হয়। ইসরায়েলি অবৈধ ভূমি দখলকে ফিলিস্তিনিরা বিপর্যয় হিসেবে মনে করে।

    gaza-3

    ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে ইসরায়েল স্বাগত জানালেও এ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়িয়েছে। ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে। তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।

    চলতি বছরের ৩০ মার্চ থেকে বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১২ হাজার মানুষ। ২০১৪ সালে গাজায় ইসরায়েলের হামলার পর একদিনে এত বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা আর ঘটেনি।

    একসঙ্গে এতো ফিলিস্তিনি নিহত হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। গাজায় যা ঘটছে তাকে এক বর্বরোচিত আক্রমণ বলে বর্ণনা করেছেন তিনি।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন বলেছেন, যারা এই জঘন্য মানবাধিকার লংঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। ইসরায়েলি বাহিনীর হাতে নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে।

  • কোটার প্রজ্ঞাপন দাবিতে দ্বিতীয় দিনে ধর্মঘটে ছাত্ররা

    কোটার প্রজ্ঞাপন দাবিতে দ্বিতীয় দিনে ধর্মঘটে ছাত্ররা

    প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা প্রথার বিলুপ্তির প্রজ্ঞাপন চেয়ে দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।

    মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ক্লাস বর্জন করে এ ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। তবে কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

    এর আগে গত রোববার বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয় কোটা সংস্কারের দাবিতে গঠিত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। প্রজ্ঞাপন জারির দাবিতে বেশ কয়েক দফায় অাল্টিমেটাম শেষে গত রোববার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    গতকালও (সোমবার) ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ৬ ঘণ্টা অবরোধ করা হয় শাহবাগ মোড়। অবরোধ শেষে সন্ধ্যা ৭টায় বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুলহক নুর।

    আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমরা কোটা সংস্কার চেয়েছি। সরকার চাইলে সেটি একেবারেও বাতিল করতে পারে। আবার সংস্কারও করতে পারে। তবে আমাদের ৫ দফার ভিত্তিতে সংস্কার করতে হবে।

    এদিকে গতরাতে আন্দোলনকারীদের ফেসবুক ভিত্তিক ‘কোটা সংস্কার চাই (সকল চাকরি পরীক্ষায়)’ গ্রুপটি হ্যাক হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে সকাল নাগাদ সেটি উদ্ধার করা হয়েছে।

  • রায়ের দিন শুনানির সুযোগ পেলেন অ্যাটর্নি জেনারেল

    রায়ের দিন শুনানির সুযোগ পেলেন অ্যাটর্নি জেনারেল

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিলের ওপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও শুনানি করার সুযোগ দিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

    সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১২টায় শুনানি করতে বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ।

    সকালে ৯টা ৫০ মিনিটের দিকে রায় ঘোষণার জন্য বিচারপতিরা এজলাসে আসন গ্রহণ করার সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে আরও শুনানি করার জন্য একদিন সময় আবেদন করেন।

    তিনি বলেন, আমার কিছু সাবমিশন ছিল। ওই দিন হৈ চৈ হট্টগোলের জন্য ঠিক মতো শুনানি করতে পারিনি। আমি আবারও শুনানি করতে চাই।

    এ সময় প্রধান বিচারপতি বলেন, একদিন সময় দিতে পারব না। কারণ, আগামীকাল আমার একজন ব্রাদার আদালতে আসতে পারবেন না।

    এরপর অ্যটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, আপনি সাড়ে ১১টার দিকে আসেন। এরপর অ্যাটর্নি জেনারেল বলেন ১২টায় দেন। তখন আদালত ১২টায় শুনানির জন্য সময় দেন। এরপর আইনজীবীরা আদালত থেকে বের হয়ে যান।

    এদিকে রায় পেছানোকে একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সরকার ও অ্যাটর্নি জেনারেল ষড়যন্ত্র করে এসব করছে।

    প্রধান বিচারপতি এসময় অন্য বিচারপতিদের সাথে পরামর্শ করে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, আগামীকাল আবার এক ব্রাদার আসতে পারবেন না। এরপর সাড়ে ১১টায় শুনানির জন্য সময় রাখেন। এসময় অ্যাটর্নি জেনারেল আদালতে আবারও বলেন শুনানির কথা। তখন দুপুর ১২টায় শুনানির জন্য রাখেন।

    খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিল নিয়ে দুইদিন শুনানি অনুষ্ঠিত হয়। গত ৮ ও ৯ মে এ শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার জামিন বাতিলের পক্ষে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আর দুদকের পক্ষে খুরশিদ আলম।খান।

    অপর দিকে খালেদা জিয়ার জামিন বহাল রাখতে খালেদা জিয়ার পক্ষে চারজন আইনজীবী শুনানি করেন। এরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদন।

    গত ১৯ মার্চ মামলাটি শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একই বেঞ্চ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল এবং আপিল বিভাগের স্থগিতাদেশ তুলে নেয়া সংক্রান্ত খালেদা জিয়ার আবেদনের ওপর এই শুনানি হয়।

    গত ১২ মার্চ দুদকের আবেদনের শুনানি নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

    এরপর ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ৮ মে পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেন।

    চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের দিনই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।