Author: banglarmukh official

  • গাজীপুরে ভোট ২৬ জুন

    গাজীপুরে ভোট ২৬ জুন

    আদালতের নির্দেশে স্থগিত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ সিটিতে ১৮ জুন থেকে প্রচারণা চলাতে পারবেন প্রার্থীরা। তবে সেখানকার জন্য নতুন করে কোনো তফসিল ঘোষণা করা হয়নি। আগের প্রার্থীরাই ভোটে অংশ নিতে পারবেন।

    রোববার বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক সচিবসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, ১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু এর মধ্যেই ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন আদালত।

    বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে ভোট করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

  • বঙ্গবন্ধু সেতুতে হঠাৎ ট্রাক প্রতি ৩শ’ টাকা টোল বৃদ্ধি

    বঙ্গবন্ধু সেতুতে হঠাৎ ট্রাক প্রতি ৩শ’ টাকা টোল বৃদ্ধি

    হঠাৎ করেই বঙ্গবন্ধু সেতুতে ট্রাক প্রতি টোল আদায় বৃদ্ধি করা হয়েছে। যেখানে দুইদিন আগেও ট্রাক প্রতি টোল আদায় হতো ১১শ’ টাকা। রোববার থেকে ট্রাক প্রতি ১৪শ’ টাকা আদায় করছে সেতুতে টোল আদায়ে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) কর্তৃপক্ষ। অঘোষিত এই বাড়তি টোল আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা।

    চালকদের অভিযোগ, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) অস্থায়ীভাবে সেতুর টোল আদায় করছে। টোল আদায় নিয়ে বিভিন্ন সময় অনিয়ম ও টোল বৃদ্ধির অভিযোগ উঠলেও কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর আগে সেতুতে টোল চুরি ও অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

    রোববার কোনো কারণ দর্শানো ছাড়াই সেতুতে ট্রাক প্রতি ৩শ’ টাকা হারে টোল বৃদ্ধি করা হয়েছে। এ কারণে চালক ও টোল অপারেটররা বাগবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন। বিকেলে আকিজ গ্রুপের কয়েকটি ট্রাক চালকদের সঙ্গে টোল অপারেটরদের বাড়তি টোল আদায় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। তবে উচ্চ পর্যায় থেকে এ টোল আদায় বৃদ্ধি করা হয়েছে মর্মে চালকদের জানানো হয়। এর ফলে বাধ্য হয়ে চালকরা বাড়তি ৩শ’ টাকা দিয়ে সেতু পার হচ্ছে।

    এ নিয়ে আকিজ গ্রুপের পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯১৮৬) ট্রাক চালক সাগর জানান, প্রতিনিয়ত ঢাকা হতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছি। গত শুক্রবার দুপুরে ১১শ’ টাকা টোল দিয়ে সেতু পাড় হয়েছি। আজকে (রোববার) সেতু পার হতে ১৪শ’ টাকা দাবি করা হয়। তাও আবার টোলের টোকেনে ট্রাকের নম্বর লেখা নেই। গাড়ির নম্বর থাকলেও টোকেনে আন-রেজিস্ট্রার লেখা রয়েছে। টোল অপারেটরকে অতিরিক্ত টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিবিএ থেকে এ টোল বৃদ্ধি করা হয়েছে বলে জানান তারা। বাধ্য হয়েই এ বাড়তি টাকা দিয়ে সেতু পাড় হতে হচ্ছে।

    টোল আদায়ে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের টোল ম্যানেজার আমিনুর রহমানের মোবাইল নম্বরে একাধিবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, সেতুতে কোনো প্রকার টোল বৃদ্ধি করা হয়নি।

    তিনি আরও জানান, বিআরটিএ’র ডাটাবেইজের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। হয়তো তারা ভুয়া কাগজ ব্যবহার করছে। তারপরও কেন তারা বেশি নিচ্ছে সেই বিষয়ে টোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা জানান তিনি।

  • মধ্যরাতে প্রচারণা শেষ, চলছে ভোটের হিসাব-নিকাশ

    মধ্যরাতে প্রচারণা শেষ, চলছে ভোটের হিসাব-নিকাশ

    খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

    রোববার মধ্যরাতে শেষ হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। মঙ্গলবার (১৫ মে) খুলনা সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রচারণা শেষে ভোটের হিসাব-নিকাশ কষছেন প্রার্থীরা।

    প্রচার-প্রচারণার শেষ দিনে মহানগরীর পাড়া-মহল্লা, অলিগলি মুখরিত মাইকিংয়ে। বিভিন্ন জায়গা ছেয়ে গেছে পোস্টার আর লিফলেটে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও প্রচারণা। সেই সঙ্গে পাড়া-মহল্লায় ভোটারদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। তাদের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা নির্বাচিত হবেন।

    প্রার্থী ও ভোটারদের পাশাপাশি নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। গাজীপুর নির্বাচন পিছিয়ে যাওয়ার পর দেশের মানুষ এখন খুলনা সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে আছে। উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে সবাই। তবে খুলনায় চলছে উৎসবমুখর পরিবেশ।

    khulna-4

    আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকাল ৯টায় দৌলতপুর পাবলা দফাদার পাড়া চানাচুর পট্টিতে শেষ দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন। দিনভর তিনি বিভিন্ন এলাকায় শেষ প্রচারণা চালান। পাশাপাশি তিনি মোবাইল ফোনে প্রতিটি নাগরিকের কাছে ভোট প্রার্থনা করেন।

    অন্যদিকে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচারণার শেষ দিনে ৩১নং ওয়ার্ডের নগরীর প্রবেশদ্বার খানজাহান আলী সেতু থেকে গণসংযোগ শুরু করে চানমারী, বান্দবিাজার, রূপসাস্ট্যান্ড রোডে প্রচারণা চালান।

    সেই সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। নজরুল ইসলাম মঞ্জু ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে মঞ্জু বিভিন্ন বস্তিতে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছেন বলে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয়কারী এসএম কামাল হোসেন অভিযোগ তোলেন। এসব অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রচার-প্রচারণা।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। রোববার দুপুরের পর থেকে মাঠে নেমেছে বিজিবি।

    রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, এবার প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার, সিল, কালিসহ নির্বাচনী মালামাল খুলনায় এসেছে। এসব মালামাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রাখা হয়েছে। নির্বাচনে ১ হাজার ৮১০টি ব্যালট বাক্স প্রয়োজন হবে। সোমবার সকাল ১০টা থেকে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের এসব মালামাল বুঝিয়ে দেয়া হবে।

    khulna-BGB

    খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। ১৬ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে।

    র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনে র‌্যাবের ৩২টি টিম দায়িত্ব পালন করবে।

    খুলনা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, নির্বাচনে সাড়ে ৯ হাজার পুলিশ, বিজিবি, এপি ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি, সাড়ে ৪ হাজার আনসার-ভিডিপি সদস্য থাকবে।

    আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভোট কারচুপিতে নয় আওয়ামী লীগ জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। যদি ভোট কারচুপির ইচ্ছা থাকতো তাহলে ২০১৩ সালের চারটি সিটি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হতো না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাকে স্বাগত জানাবো।

    বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আপনারা ভয় পাবেন না। হতাশ হবেন না। সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করুন। দলবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যান। ধানের শীষে আপনার ভোট প্রয়োগ করুন। কোনো শক্তি নেই জনতার সম্মিলিত ও ঐক্যবদ্ধ শক্তিকে পরাস্ত করতে পারে। আওয়ামী লীগের উন্নয়নের গালগল্প জনগণ প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের নামে হাজার কোটি টাকা বরাদ্দ এনে লুটেপুটে খাওয়াই আওয়ামী লীগের ধর্ম। দেশের মানুষ তা জেনে গেছে।

  • ‘যখনই প্রয়োজন হবে মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী’

    ‘যখনই প্রয়োজন হবে মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই প্রয়োজন হবে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়াবে।

    রবিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্যান্সার সেন্টারসহ সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। অতীতের মতো সরকারকে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতেও তারা মানুষের পাশে  দাঁড়াবে।

    প্রধানমন্ত্রী বলেন, সেনাসদস্যদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছি। রসদ বাড়ানোর পাশাপাশি ভাতা বাড়িয়েছি। তাদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছি। প্রথমবারের মতো আমরা সেনাবাহিনী প্যারাকমান্ডো ইউনিট চালু করেছি। ‘৯৬ সালে মেয়েদের সেনা ও বিমানবাহিনীতে নিয়োগের ব্যবস্থা করি। নারী পাইলট সংযোজন করে নতুন যুগের সূচনা করি। সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য কেন্দ্র করে দিয়েছি।

  • ‘যখনই প্রয়োজন হবে মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী

    ‘যখনই প্রয়োজন হবে মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই প্রয়োজন হবে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়াবে।

    রবিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্যান্সার সেন্টারসহ সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। অতীতের মতো সরকারকে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতেও তারা মানুষের পাশে  দাঁড়াবে।

    প্রধানমন্ত্রী বলেন, সেনাসদস্যদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছি। রসদ বাড়ানোর পাশাপাশি ভাতা বাড়িয়েছি। তাদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছি। প্রথমবারের মতো আমরা সেনাবাহিনী প্যারাকমান্ডো ইউনিট চালু করেছি। ‘৯৬ সালে মেয়েদের সেনা ও বিমানবাহিনীতে নিয়োগের ব্যবস্থা করি। নারী পাইলট সংযোজন করে নতুন যুগের সূচনা করি। সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য কেন্দ্র করে দিয়েছি।

  • বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডে  রক্তাত্ত নারীর লাশ উদ্ধার

    বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডে রক্তাত্ত নারীর লাশ উদ্ধার

    বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর ফজলিাতুন্নেছা মহিলা মাদ্রাসা সংলগ্ন নির্মানাধিন ৭ তলা ভবনের নিচ থেকে মুক্তা আক্তার (৩৫) নামে এক রক্তাত্ত নারীর লাশ উদ্ধার করা হয় ।

    শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবা মো: মুজাহার আলী সরদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইনেস্পেক্টর । স্বামী মো: কবির হোসেন একজন কাপড় ব্যবসায়ী । তার দুটি কন্না সন্তান রয়েছে । বড় মেয়ে মোসা: স্বর্না ৮ম শ্রেনীর ছাত্রী এবং ছোট মেয়ে মোসা: শোহেলী ২য় শ্রেনীর ছাত্রী ।

    নিহত মুক্তা কাশিপুর ২৯ নং ওয়ার্ডের বিল্লা বাড়ির বাসিন্দা ছিল । মুক্তা আজ সকাল ১০ পর থেকে নিখোজ হয় । মুক্তার খালাতো ভাই মো: ফিরোজ খান এবং প্রতিবেশি মো: রাশেদ খান খান জানান,মুক্তা মানসিক সমস্যা ছিল,আজ সকালে নিখোজ হওয়ার পর অনেক খোজাখুজি করে এখানে রক্তাত্ত অবস্থায় পাওয়া যায়।

    এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিমান বন্দর থানা পুলিশ । এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মো: অপু সরোয়ার ,বিমানবন্দর থানার ওসি মো: আনোয়ার হোসেন ,ডিসি (নর্থ) মো: হাবিবুর রহমান , সিআইডির পরিদর্শক মো: সেলিম শাহনেওয়াজ ।

    পুলিশ জানায় যেহেতু মুুুুক্তার শরীরে রক্ত দেখা গেছে সেহেতু পুলিশ সকল তথ্য সংগ্রহের জন্য লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম মর্গে পাঠানো হয়েছে । তবে হত্যা না স্বাভাবিক মৃত্যু সেটা এখনও বলা যাচ্ছে না।

  • হঠাৎ ঢাকা আসছেন গর্ডন গ্রিনিজ

    হঠাৎ ঢাকা আসছেন গর্ডন গ্রিনিজ

    হঠাৎ আবার ঢাকা আসছেন গর্ডন গ্রিনিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হন্যে হয়ে কোচ খুঁজছে। রিচার্ড পাইবাস, ফিল সিমন্স, জাস্টিন ল্যাঙ্গার, গ্যারি কার্স্টেনসহ কতজনের কথাই শোনা গেছে। কিন্তু তারা কেউ আর কোচ হচ্ছেন না, সেটাও নিশ্চিত। তাই গর্ডন গ্রিনিজের ঢাকা আসার কথা শুনে নিশ্চয়ই ভাবছেন, কি জানি তবে কি আবার বাংলাদেশের কোচ হবেন এই ক্যারিবীয়ান গ্রেট? এমন প্রশ্ন উঠতেই পারে। তবে আসলে তা নয়।

    বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ গ্রিনিজ আসছেন মূলতঃ একটি আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতার অতিথি হয়ে, যার অন্যতম আয়োজক গর্ডনেরই শিষ্য বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। দুর্জয় নিজেই আজ সকালে খবরটি নিশ্চিত করেছেন। দুর্জয় জানান, আগামীকাল ঢাকা আসছেন গ্রিনিজ।

    ঠিক তার হাত ধরেই আইসিসির সহযোগী সদস্যদের গন্ডি পেরিয়ে ক্রিকেটের বিশ্বমঞ্চে পা রেখেছিল বাংলাদেশ-তা বলা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি খেলতে যাবার অল্প ক’দিন আগে কোচ হয়ে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্ব ক্রিকেটের সব সময়ের অন্যতম সেরা ওপেনার গর্ডন গ্রিনিজ। তারপরের কাহিনী সবার জানা। এ ক্যারিবীয় গ্রেটের পরিচর্যা, তত্ত্বাবধান ও বুদ্ধি-পরামর্শে দু’বছরের মধ্যেই বদলে যায় বাংলাদেশ।

    ১৯৯৯ সালে যুক্তরাজ্যে প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে গর্ডন গ্রিনিজের কোচিংয়েই পাকিস্তানের প্রচন্ড শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকে চমকে দেন আমিনুল, সুজন, আকরাম, নান্নু, দুর্জয়, পাইলট, অপি ও রফিকরা। কিন্তু ৩১ মে নর্দাম্পটনে পাকিস্তানকে হারানোর রাতেই বিদায়ঘন্টা বেজে যায় গ্রিনিজের। ৯৭ সালে আইসিসি ট্রফি বিজয়ের অন্যতম রূপকার ও নৈপথ্য কারিগর হিসেবে রাজধানী ঢাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত গর্ডন দু’বছর পর বিশ্বকাপ শেষে আর ঢাকায় ফিরতে পারেননি। ইংল্যান্ডে থাকা অবস্থায় তাকে বরখাস্ত করা হয়। শেষ হয়ে যায় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী গর্ডন গ্রিনিজের প্রশিক্ষক উপাখ্যান।

    এবার আবার বাংলাদেশে গর্ডন। তবে ক্রিকেটীয় কর্মকান্ডে নয়, গলফ টুর্নামেন্টের অতিথি হয়ে।

  • কোহলি অসুস্থ, ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন কে?

    কোহলি অসুস্থ, ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন কে?

    চলতি আইপিএলে ভীষণ দুর্দশায় আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আট দলের মধ্যে পয়েন্ট তালিকায় সাত নাম্বারে অবস্থান তাদের। দুর্দশাটা বোধ হয় আরও বাড়ছে দলটির। অধিনায়ক বিরাট কোহলি যে অসুস্থ হয়ে পড়েছেন। ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে আজ রাতের ম্যাচে দলে না-ও থাকতে পারেন ডানহাতি এই ব্যাটসম্যান।

    ভারতীয় গণমাধ্যমের খবর, ম্যাচের আগে নেট সেশনে দেখা যায়নি কোহলিকে। তিনি যদি আনফিট থাকেন, তবে আজকে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর টিম ম্যানেজম্যান্ট বিকল্প ভাবনাও ভেবে রেখেছে। কোহলি না খেললে দলকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

    ১০ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট জোগাড় করেছে ব্যাঙ্গালুরু। প্লে-অফে খেলার সম্ভাবনা কি তবে শেষ কোহলির দলের? কাগজে কলমে অবশ্য এখনও টিকে রয়েছে তারা। তবে কাজটা কঠিন। এখন শেষ চার ম্যাচের সব কয়টিই জিততে হবে ব্যাঙ্গালুুরুকে। ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষও শক্তিশালী-দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালস।

  • এবার মোহাম্মদপুরে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

    এবার মোহাম্মদপুরে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

    রাজধানীতে আবারও ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের জনতা হাউজিংয়ের পার্শ্ববর্তী কাঁচাবাজারের সামনে রাখা ময়লা পরিষ্কার করতে গিয়ে এক মেয়ে নবজাতকের দেখা পান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক নারী পরিচ্ছন্নকর্মী (ঝাড়ুদার)। পরে তার দেয়া খবরে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

    বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, ভোরবেলা ডিএনসিসির এক নারীকর্মী ময়লা পরিষ্কার করতে এসে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন কাপড়ে পেচানো এক মেয়ে নবজাতক। তখনও শিশুটির শরীরে সদ্যজন্ম নেয়ার আভা স্পষ্ট।

    ওই নারীকর্মী বিষয়টি সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন এক পরিদর্শককে জানালে তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করেন। এরপর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য মোহাম্মদপুর টেম্পুস্ট্যান্ড সংলগ্ন গ্লাস আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। শিশুটির দেখভাল করছেন থানার অপর উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

    তিনি বলেন, ‘কে বা কারা শিশুটিকে রাস্তায় ফেলে গেছে তা জানা যায় নি। নবজাতকের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

    উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ৩ মার্চ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেকশনের ২০/ডি রোডের ১৭ নম্বর বাড়ির সামনে ড্রেনের পাশ থেকে দুই মাসের একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

    media

    এছাড়া ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি জন্মের পরেই ভবন থেকে নিচে ফেলে দেয়া নবজাতককে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রমনা থানা পুলিশ। রমনার বেইলি রোডের পিঠাঘর-সংলগ্ন একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ ওই ছেলে নবজাতকটিকে ফেলে দেন মা বিউটি। ২৬ দিন চিকিৎসাধীন থাকা পর ‘বেবি অব বিউটি’ মারা যায়।

    এরপর গত বছরের ২ ফেব্রুয়ারি খিলগাঁওয়ের ৪২৭/সি ভবনের সামনে থেকে এক নবজাতককে দেখতে পেয়ে ওই ভবনের ৫ম তলার বাসিন্দা শাহিনুর বেগম তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে প্রথমে শিশুটিকে খিলগাঁও খিদমা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

    সর্বশেষ গত এপ্রিলেও জন্মের পরই আরেক নবজাতকের জায়গা হয় রাস্তায়। মা কিংবা বাবার নির্দয় আচরণের শিকার নবজাতক। মিরপুর স্টেডিয়াম গলির মুখে গত ২৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাচ্চাটির কান্নার আওয়াজ ও নড়াচড়া দেখতে পান নাফিসা ইসলাম অনন্যা। তার খবরে ছুটে আসেন স্বামী ইঞ্জিনিয়ার মেহেদি হাসান আহাদ। মাতৃস্নেহে বুকে নিয়ে বুঝতে পারেন নবজাতকের শারীরিক অবস্থা ভাল নয়। আসাদগেটের কেয়ার হাসপাতালে ভর্তি করেন নাফিসা-মেহেদি দম্পতি।

  • আইএসকে হারানোর পর প্রথম ভোট ইরাকে

    আইএসকে হারানোর পর প্রথম ভোট ইরাকে

    সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে ইরাকের জনগণ। গত বছর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার পর প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বী জোটগুলো থেকে সংসদের ৩২৯টি আসনের জন্য লড়াই করছেন। আইএসের বিরুদ্ধে চার বছরের যুদ্ধের অবসানের পর নতুন করে দেশ গড়ে তোলার জন্য ইরাক এখনও কঠিনভাবে লড়াই করে যাচ্ছে।

    স্থানীয় সময় সকাল শনিবার ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের সাধারণ নির্বাচনকে দেশটির স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্পূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    নির্বাচনে যারা জয়ী হোক না কেন, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও বিচ্ছিন্নতাবাদের উত্তেজনাকে কমিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনাই তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে।

    শনিবারের ভোটে অংশ নেওয়া প্রার্থীদের বেশিরভাগই বিভিন্ন সুন্নি অথবা শিয়া রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। তবে কুর্দিদেরও আলাদা তালিকা রয়েছে।

    শিয়া নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যেই আইএসের বিরুদ্ধে লড়াই করে প্রশংসীত হয়েছে। একই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থারও বেশ উন্নতি হয়েছে।

    তবে দেশজুড়ে সরকারের দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক অগ্রগতির সমালোচনা করছেন অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়ার কয়েক দিনের মাথায় ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তার জন্য ইরাকে আবার নতুন করে সংঘাত ও ক্ষয়ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেক ইরাকি।