Author: banglarmukh official
-

১১ স্বামী থাকায় নারীকে পাথর ছুড়ে হত্যা
সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব পরিচালিত আদালতে এক নারীকে একাধিক স্বামী থাকার দায়ে পাথর ছুড়ে হত্যার রায় দেয়া হয়েছে। ওই নারীর নাম শুকরি আব্দুল্লাহি ওয়ারসামে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পূর্ববর্তী কোন স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে পরপর ১১ বার বিয়ে করেছেন। এ খবর দিয়েছে বিবিসি।খবরে বলা হয়, ওয়ারসামের ঘাড় পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আল-শাবাবের যোদ্ধারা তাকে পাথর ছুড়েছে। উল্লেখ্য, আল শাবাব শরীয়া আইনের কট্টর অনুসারী। তারা সোমালিয়ার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে ও ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে প্রায়ই রাজধানীতে হামলা চালায়।লোওয়ার শাবেল অঞ্চলের জন্য নিযুক্ত আল-শাবাবের গভর্নর মোহাম্মদ আবু ওসামা বলেন, শুকরি আব্দুল্লাহি ও তার নয় স্বামীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে তার বৈধ স্বামীও ছিলেন। তাদের প্রত্যেকেই তাকে নিজের স্ত্রী বলে দাবি করেন।আল-শাবাবের এক সংবাদ-ভিত্তিক সাইটে বলা হয়েছে, ওয়ারসামে আদালতে তার দোষ স্বীকার করে নেন। -

মানবতাবিরোধী অপরাধে রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ডাদেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলবদর বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।এর আগে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২১ মার্চ এ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলায় পাঁচটি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর স্বাক্ষীদের জবানবন্দি জেরা ও যুক্তি উপস্থাপনের মধ্যে দিয়ে মামলাটি শেষ হয়।এ মামলায় প্রথম দিকে তিনজন আসামি ছিল। এর মধ্যে আমজাদ আলী গ্রেফতারের পর মারা যাওয়ায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আর অভিযোগ গঠনের আগে পলাতক আসামি ওয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকেও অভিযোগ থেকে বাদ দেয়া হয়।এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩২তম রায়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে জড়িতদের বিচারে গঠিত এ ট্রাইব্যুনাল এর আগে আরো ৩১টি মামলার রায় ঘোষণা করেছে। ১৩ মার্চ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে ৩১তম মামলার রায় ঘোষণা করা হয়। -

সদস্যপদ পাচ্ছেন না জয়দীপ, অনিশ্চয়তায় ভাইজান এলো রে
এখনই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সমিতির সদস্যপদ পাচ্ছেন না কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জি। বাংলাদেশের ছবি হিসেবে ‘ভাইজান এলো রে’ ছবিটি নির্মাণের জন্য জয়দীপ পরিচালক সমিতির কাছে অতিথি সদস্য হতে চেয়ে আবেদন করেছিলেন গত রোববার। কিন্ত অভিযোগ উঠেছে যে ছবিটি নির্মাণের জন্য তিনি অনুমতি চাইছেন, সেই ছবিটির কাজ তিনি আগেই কলকাতা ও লণ্ডনে শেষ করেছেন। এমন অবস্থায় এটিকে প্রতারণা হিসেবে দেখছে সমিতি।
মূলত, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজিত ছবি ‘ভাইজান এলোরে’ নামের এই ছবিটি বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া করতেই জয়দীপ মুখার্জির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ প্রয়োজন। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জাগো নিউজকে জানালেন, ‘পরিচালক সমিতির সদস্য পদ পাচ্ছেন না জয়দীপ।’
বদিউল আলম খোকন বলেন, ‘আমি বাংলাদেশে একটি ছবি নির্মাণ করে কলকাতার ছবি হিসেবে সেটিকে মুক্তি দেওয়ার জন্য যদি সেখানকার পরিচালক সমিতির সদস্য হতে যাই, তারা কি আমাকে সদস্য করবেন? একটি ছবি নির্মাণের আগে সেই ছবির নাম লিপিবদ্ধ করতে হয়। যেই ছবি আগেই বিদেশি ছবি হিসেবে নির্মাণ হয়েছে বিদেশে, সেই ছবির জন্য কেমন করে আমরা তাকে সদস্য করি ? তাকে সদস্যপদ দেয়ার মানে হচ্ছে সমিতির গঠনতন্ত্রের সঙ্গে প্রতারণা করা। একজন বিদশি নাগরিকের জন্য এটা কখনই সম্ভব নয়।’
খোকন বলেন, ‘জয়দীপ সাহেব যদি বাংলাদেশের ছবি নির্মাণ করতে চান, তাহলে সেটা বানাতেই পারেন। তবে যাবতীয় নিয়ম কানুন মেনেই তা নির্মাণ করতে হবে। মিথ্যে ইনফরমেশন দিয়ে এদেশের পরিচালক সমিতির সদস্য হওয়া যাবে না। যে ছবিটি তিনি নির্মাণ করতে চান, সেই ছবি তো হয়ে গেছে। এরই মধ্যে সেই ছবির টিজার, পোস্টার প্রকাশও হয়েছে। শুরুতেই তিনি প্রতারণা করতে চেয়েছেন। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনি বাংলাদেশে কোনো ছবি নির্মাণ করতে পারবেন না। এমনকি উনার কোনো ছবি সাফটা চুক্তির মাধ্যমেও বাংলাদেশে মুক্তি দিতে পারবেন না।’
বদিউল আলম খোকন আরও বলেন, ‘পৃথিবীর যেকোনো দেশের নাগরিক যদি বাংলাদেশের স্থানীয় ছবি নির্মাণ করতে চান, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদের জন্য আবেদন করতে হবে ছবি নির্মাণের আগে। সে ক্ষেত্রে তিনি যে দেশের নাগরিক, তার পাসপোর্টের ফটোকপি, সেই দেশের পরিচালক সমিতির সনদসহ কিছু প্রয়োজনীয় কাগজ জমা দিবেন। সঙ্গে কোন ছবিটি আপনি নির্মাণ করতে চান, তার নাম অবশ্যই জমা দিতে হবে শিল্পীদের নামসহ। জয়দীপ মুখার্জি সব কাগজ জমা দিয়েছেন, কিছু বিষয়ে গরমিল পেয়েছি। যে কারণে তিনি আমাদের পরিচালক সমিতির সদস্যপদ পাবেন না। এমনকি উনার পরিচালিত কোনো ছবি বাংলাদেশে মুক্তি পাবে না।’
এমন পরিস্থিতে আসছে ঈদে ‘ভাইজান এলো রে’ ছবিটির মুক্তি অনিশ্চয়তার মুখে পড়ে গেল। বাংলাদেশি ছবি হিসেবে আপাতত ভাবা যাচ্ছে না এটিকে। দেখার পালা সাফটায় বাংলাদেশের সিনেমা হলে ‘ভাইজান এলো রে’ মুক্তি পায় কী না। তবে সাফটায় এলেও ঈদে মুক্তি সম্ভব নয়। কারণ, ঈদে দেশীয় কোনো চলচ্চিত্র মুক্তি পেলে সাফটায় কোনো ছবি আমদানি করার নিয়ম নেই বলেই জানালেন বদিউল আলম খোকন। আসছে ঈদে প্রায় তিনটি দেশীয় সিনেমা প্রস্তুত রয়েছে মুক্তি পাবার জন্য। সেদিক থেকে সাফটায় ‘ভাইজান এলো রে’ দেখতে হবে ঈদের আগে বা পরে।
‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জিসহ অনেক তারকা।
-

২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ
হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ তুলে দিয়ে আইন অনুযায়ী আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতেই হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নির্বাচন স্থগিতের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও দুই মেয়র প্রার্থীর করা আবেদনের শুনানি বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় শুরু করে দুপর সাড়ে ১২টায় শেষ করে হাইকোর্টের আদেশ বাতিল করে নির্বাচন করার এই নির্দেশ দেন আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগগের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেছেন মো. ওবায়দুর রহমান (মোস্তফা)। হাসান উদ্দিন সরকারের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, জাহাঙ্গীরের পক্ষে এ এম আমিন উদ্দিন এবং রিটকারী সুরুজের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
আদেশের পরে জয়নুল আবেদীন বলেন,আমরা এ রায়ে সন্তুষ্ট। মানুষ এখন ভোট কেন্দ্রে যাওয়ায়, ধানের শীষে ভোট দেয়ার সুযোগ পেয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন,গভীর ষড়যন্ত্র ছিল সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। এ আদেশের ফলে আমি সন্তুষ্ট। এখন গাজীপুরবাসী ভোট দেবে। আশা করি নৌকা জয়যুক্ত হবে।
গাসিক নির্বাচন স্থগিত করে গত ৬ মে রুলসহ একটি আদেশ দেন হাইকোর্ট। সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই স্থগিতাদেশ দেয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে রিটটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত করার পাশাপাশি রুলে গাজীপুর সিটি করপোরেশনে শিমুলিয়ার ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানতে চান।
পরে ৭ মে এ স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। তার মতো একই পথে হাঁটেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমও।
দু’জনের আপিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ মে) চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। পরে গতকাল (৯ মে) বুধবার ইসির আবেদনের কারণে শুনানি একদিন পেছানো হয়।
বৃহস্পতিবার স্থগিতাদেশের পক্ষে বিপক্ষে শুনানি শেষে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে ৮ মে দুই মেয়র প্রার্থীর করা আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন বুধবার ধার্য করে দিয়েছিলেন চেম্বার আদালত।
গত ৭ মে গাজীপুর সিটি কর্পোশনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে দুই মেয়র প্রার্থী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। গত ৬ মে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গাজীপুর সিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই স্থগিতের আদেশ দিয়েছিলেন।
শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে এই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন।
আজহারুল ইসলাম সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের বেয়াই।
-

কতদিনে পৌঁছাবে বঙ্গবন্ধু-১
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু- ১ মহাকাশে উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টা) এটি উৎক্ষেপণের কথা। বিশেষ এ মুহূর্তের সাক্ষী হতে অনেকেই চেয়ে আছেন টেলিভিশন কিংবা অনলাইন দুনিয়ায়।
বঙ্গবন্ধু-১ কবে নাগাদ পৌঁছাবে তার নিজস্ব কক্ষপথে; সে বিষয়ে অনেকের আগ্রহ রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উৎক্ষেপণের ৩০ দিনের মধ্যে এটি নিজস্ব অরবিট বা কক্ষপথে পৌঁছাবে।
এছাড়া পুরো উৎক্ষেপণ প্রক্রিয়া শেষ হবে দুটি ধাপে। প্রথম ধাপ, লঞ্চঅ্যান্ড আরলি অরবিট ফেজ (এলইওপি) এবং দ্বিতীয় ধাপ হচ্ছে স্যাটেলাইট ইন অরবিট।
গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিনক্ষণ ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ওই সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন আরমা আঘাত হানে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ায় স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে দেয়া হয়। পরে ৫ মে উৎক্ষেপণের দিনক্ষণ ঠিক করা
স্যাটেলাইট উৎক্ষেপণে আবহাওয়া অনুকূলে না থাকায় এবারও তারিখ পিছিয়ে ৭ মে নির্ধারণ করা হয়। কিন্তু এদিনও আবহাওয়া প্রতিকূলে থাকতে পারে এমন আশঙ্কায় স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়। তার আগে ৪ মে (শুক্রবার) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ চালানো হয়।
ওইদিন অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় ফ্যালকন-৯ রকেটের। এসময় কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তথ্য পর্যালোচনা করে স্পেসএক্স। ফলাফল ইতিবাচক হওয়ায় ১০ মে বঙ্গবন্ধু-১ মহাকাশে ডানা মেলবে বলে জানায়।
উল্লেখ্য, স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে পাঠানোর লক্ষ্যে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনে বাংলাদেশ। ২০১৫ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার কাছ থেকে মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি প্রায় ২১৯ কোটি টাকায়) কেনা হয়েছে এ স্লট।
-

ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কোনালের গান
একটা অপরিচ্ছন্ন পুকুরে ভাসছে অনেকগুলো রঙিন পুতুল। অথচ এই পুতুলগুলোর থাকার কথা ছিল কোনো সুন্দর পরিবেশে। ভয়ে ভরা চোখ নিয়ে পুকুর থেকে উঠে আসলো এক কিশোরী। মাটি ফুঁড়ে বের হয়ে আছে অনেকগুলো হাত, খাঁচার ভেতর বন্দী হয়ে আছে এক কিশোরী, রশিতে পেঁচানো দেহ, যার মুখ একটা ফুটন্ত সূর্যমুখী ফুল। এমন নানা প্রতিকী দৃশ্যের মিলন ঘটেছে সোমনুর মনির কোনালের গাওয়া একটি রবীন্দ্রসংগীতের ভিডিওতে। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’ রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি কবিগুরুর জন্মদিনে নতুন আয়োজনে প্রকাশ হয়েছে ইউটিউবে।
তবে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এই ভিডিও তৈরি করেছেন বলে জানালেন শিল্পী কোনাল। ভিডিওর কনসেপ্টটিও তার। কোনাল বলেন,‘শিল্পী শুধু শিল্পী নন, তিনি কিন্তু এই বার্তাবাহক—আমি সবসময় তাই মনে করেছি।একজন শিল্পীর দায়িত্ব, কর্তব্য, কার্যভার—সাধারণ যে কারো চেয়ে বিশাল! চারিদিকে যা ঘটছে, তা দেখে, শুনে, মুখ বুজে বসে আছি সবাই, ফেসবুকে নিউজ শেয়ার দিচ্ছি আর প্রতিনিয়ত ভাবছি দেশটা রসাতলে গেল! কিন্তু করছি কি? করা উচিত নয় কি?’
কোনাল আরও বলেন,‘একজন শিল্পীর গান শুধু দর্শক নাচাতে কেন হবে? দর্শককে ভাবতেও হবে! তাই গান গেয়ে ফেললাম। এর চেয়ে সঠিক গান আর কী হতে পারে? তাঁর জন্মদিনের চেয়ে আর সঠিক দিনইবা কি হতে পারে? তাই এই গান, আমার নিবেদন। আশা করি কিছুটা হলেও সাহস যোগাবে আমাদের এই গান, শপথ হবে আমাদের এই গান, মন্ত্র হবে আমাদের এই গান—সকল সহিংসতার বিরুদ্ধে। নারী তুমি এগিয়ে যাও! আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে । যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে!’
কবিগুরুর এ গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী ও শাহরিয়ার আলম মার্সেল। ভিডিওটি পরিচালনা করেছেন তানহা জাফরীন।
-

মাত্র একটি কাজেই দূর হবে হাঁটু ব্যথা
বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে। তার মধ্যে বয়সজনিত কারণেও হাঁটু ব্যথা হয়ে থাকে। হাঁটুতে থাকে এক ধরনের তরল। বয়স হলে সেই তরল কমে যায়। সেই থেকেই ব্যথা অনুভব হওয়া শুরু। বয়স হলে মানুষের শরীরে ক্যালসিয়ামের অভাব হয়। ফলে হাড় দুর্বল হয়ে ব্যথা হতে পারে। অনেক সময় আবার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেও হাঁটু ব্যথা শুরু হয়ে থাকে।
বয়সজনিত কারণ ছাড়া চোট-আঘাত লেগেও ব্যথা হয় হাঁটুতে। চোট লাগলে অনেক সময় লিগামেন্ট ছিঁড়ে যায়। বহু রোগী সেই রোগের সঙ্গে সঙ্গে চিকিৎসা করান না। ফলে পরে হাঁটুর সমস্যায় ভুগতে হয় তাঁদের। এ ছাড়া স্পন্ডেলাইটিস থেকেও হাঁটু ব্যথা হতে পারে।
হাঁটু ব্যথায় মহিলারাই আক্রান্ত হন বেশি। এর একাধিক কারণ রয়েছে। মহিলাদের ৪৫ বছর বয়সের পর ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়। ফলে মেয়েদের হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। মেয়েদের মধ্যে যাঁরা বাড়িতে বসে কাজ করেন, তাঁদের তো বটেই, এমনকী যাঁরা মাঠে কাজ করেন, তাঁদেরও অনেক সময়ে হাঁটু মুড়ে কাজ করতে হয়। ফলে হাঁটুতে হাড়ের সংযোগস্থলে চাপ অনেকটাই বেড়ে যায়। দিনের পর দিন হাড়ের সংযোগস্থল অর্থাৎ হাঁটুতে চাপ পড়ায় তার ক্ষমতা কমে যায়। তার থেকেই মেয়েদের এখানে ব্যথার সৃষ্টি হয়।
হাঁটুর মতো গুরত্বপূর্ণ স্থানে ব্যথা অনুভব হলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। ব্যথার ওষুধ বেশি খেলে আবার কিডনির সমস্যা হতে পারে। এমনকী, হতে পারে আলসারও। তবে সব থেকে ভালো দাওয়াই হলো ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করতে হবে। হাঁটুর ব্যথা হলে পা লম্বা করে একবার শক্ত এবং একবার ঢিল দিতে হবে। এমন করলে হাঁটুর হাড়ের শক্তি বেড়ে যায়।
-

আবারও ক্ষমতায় মাহাথির
মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
বুধবার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার দাতুক সেরি মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ সাইদ এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ১২৬ আসনে এবং দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৮৮ আসনে জয় পেয়েছে।
সরকার গঠনের জন্য মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা। এখন নতুন সরকার গঠনের অপেক্ষায় সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হয়। প্রথমদিকে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়।
দেশটির পূর্বাঞ্চলের সারাওয়াক প্রদেশে ক্ষমতাসীন দলের দুই মন্ত্রী ইতোমধ্যে হেরে গেছেন। মালয় অধ্যুষিত ওই অঞ্চলে চীনা ও ভারতীয় দুটি দলের প্রধান তাদের নিজ আসনে পরাজিত হয়েছেন। এই অঞ্চলকে ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্টের ভোট ব্যাংক হিসেবে পরিচিত।

দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে । এদিকে, ক্ষমতাসীন এবং বিরোধী শিবির থেকে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে।
মালয়েশিয়ার মারদেকা অপিনিয়ন সেন্টার বলছে, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়লেও এবার সে সংখ্যা কিছু কম। তবে অন্যান্য বছরের নির্বাচনের চেয়ে এবারে ভোট পড়ার সংখ্যা তুলনামূলক বেশি।
কেন্দ্রীয় পার্লামেন্টের ২২২ আসনে এবং ১৩ রাজ্যের ১২টিতে ৫০৫ আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মালয়েশিয়া ভোটার রয়েছে প্রায় দেড় কোটি। এর মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর তিন লাখ ভোটার ৫ মে আগাম ভোট দিয়েছেন।
-

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তিন আপিলের শুনানি চলছে
সীমানা সংক্রান্ত জটিলতার কারণে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচন স্থগিতের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও দুই মেয়র প্রার্থীর করা তিন আবেদনের শুনানি চলছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
এতে প্রথমেই শুনানি করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষ এখন শুনানি করছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
গাজীপুর সিটি নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর করা আবেদনের ওপর বুধবার আপিল বিভাগে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালে ইসির পক্ষে আইনজীবী মো. ওবায়দুর রহমান (মোস্তফা) আদালতে বলেন, নির্বাচন কমিশনের পক্ষে আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করবো। এই দুটি আবেদনের সঙ্গে আমাদেরটি একত্রে শুনানি করলে ভালো হয়। তখন আদালত এক পর্যায়ে বলেন, অন্যরা চলে এসেছে। আপনারা বিলম্ব করেছেন কেন?
জবাবে আইনজীবী বলেন, মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে আদেশ পাওয়ার পর আজ আবেদনের প্রস্তুতি নিচ্ছি। এরপর আদালত ‘নট টুডে’ (আজকে নয়) আদেশ দেন। তার মানে আজ নয় আগামীকাল (বৃহস্পতিবার) বিষয়টি শুনানি করা হবে।
এ সময় বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাঁড়িয়ে আগের দুটি আবেদনের শুনানি করতে বলেন। তখন আদালত বলেন, নির্বাচন ১৫ তারিখে (১৫ মে)। আগামীকাল (বৃহস্পতিবার) কী হয় দেখেন।
আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে এএম আমিন উদ্দিন ও এস এম শফিকুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
এর আগে ৮ মে দুই মেয়র প্রার্থীর করা আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন বুধবার ধার্য করে দিয়েছিলেন চেম্বার আদালত।
গত ৭ মে গাজীপুর সিটি কর্পোশনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে দুই মেয়র প্রার্থী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। গত ৬ মে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গাজীপুর সিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই স্থগিতের আদেশ দিয়েছিলেন।
শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে এই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন। আজহারুল ইসলাম সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের বেয়াই।
-

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৪ জুন পর্যন্ত খালেদার জামিন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।
বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, ‘খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি।‘
অপরদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ৪ জুন পযন্ত খালেদার জামিন মঞ্জুর করেন।
২২ এপ্রিল খালেদা জিয়ার জামিন ১০ মে পর্যন্ত মঞ্জুর করেন আদালত। এর আগে ৫ এপ্রিল খালেদা জিয়ার জামিন ২২ এপ্রিল পর্যন্ত এবং তার আগে ২৮ মার্চ ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ৫ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন তিনি।
১২ মার্চ খালেদার চার মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ৯ মে আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন বিষয় শুনানির আদেশের জন্য ১৫ মে দিন ধার্য করেন।