Author: banglarmukh official

  • কে হচ্ছেন মাশরাফি সাকিবদের নতুন কোচ

    কে হচ্ছেন মাশরাফি সাকিবদের নতুন কোচ

    ক্রীড়া প্রতিবেদক:

    বিশ্বকাপ ক্রিকেটের সূচি চূড়ান্ত। যদিও ক্রিকেট মহাযজ্ঞ মাঠে গড়াতে ১৩ মাস বাকি। তারপরও ১০ দলের টুর্নামেন্টে ভালো করতে প্রস্তুতি নেওয়া শুরু করেছে দলগুলো। লিগ ফরম্যাটের টুর্নামেন্টের ভাবনায় রোমাঞ্চিত মাশরাফি, তামিমরা। টাইগার ক্রিকেটাররা মুখিয়ে আছেন ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের চেয়ে ভালো কিছু করার। কোচশূন্য টাইগারদের পক্ষে সেটা কি সম্ভব? অক্টোবরে চন্ডিকা হাতুরাসিংহের বিদায়ের পর কোচশূন্য হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন এক একজন। ক্রিকেট পাড়ায় এখন জোর আলোচনা, হাতুরাসিংহের উত্তরসূরি কে? শোনা যায় কোর্টনি ওয়ালশ, মাহেলা জয়াবর্ধনে, চামিন্দা ভাস, গ্রায়েম ফোর্ড, গ্যারি কারস্টেন, স্টিফেন ফ্লেমিংদের মতো রথী, মহারথীদের নাম। নতুন কোচ কবে থেকে দায়িত্ব নিবেন মাশরাফি, সাকিবদের? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়েছেন, চলতি মাসের প্রথম সপ্তাহেই নতুন কোচ পাচ্ছেন মাশরাফিরা।

    অক্টোবরে হঠাৎ দায়িত্ব ছাড়েন হাতুরাসিংহে। এরপর থেকে কোচশূন্য টাইগাররা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজে টেকনিক্যাল অ্যাডভাইজর ছিলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে তিন জাতির টুর্নামেন্টেও কাজ করেছেন মাহমুদ। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিন জাতির নিদাহাস টি-২০ টুর্নামেন্টে কোচ ছিলেন ক্যারিবীয় লিজেন্ড কোর্টনি ওয়ালশ। ওয়ালশ আবার হেড কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু বিসিবি চাইছে আরও পরিণত একজন। যার মেধা ও মস্তিষ্কের সংযোজনে ২০১৯ সালের বিশ্বকাপে স্বপ্নের ফল যেন করতে পারে বাংলাদেশ। শোনা যাচ্ছে, জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত মাশরাফি, সাকিবদের দায়িত্ব পালন করবেন ওয়ালশ। এর ফাঁকে কোচ খুঁজে নিবে বিসিবি।

    হাতুরাসিংহের বিদায়ের পর বিসিবি সাক্ষাৎকার নেয় রিচার্ড পাইবাস ও ফিল সিমন্সের। পাইবাসকে এর আগে একবার নিয়োগ দিয়েছিল বিসিবি। কিন্তু মাস তিনেক থেকে চলে যান। সিমন্স পরিচিত মুখ বিশ্ব ক্রিকেটে। দুজনকে না করে দেওয়ার পর বিসিবি যোগাযোগ করে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে। তিনি রাজি হননি। এখন শোনা যাচ্ছে, বেশ কিছু শর্ত জুড়েছেন লঙ্কান কিংবদন্তির ব্যাটসম্যান। বিপিএলে কোচ ছিলেন খুলনা টাইটান্সের। আইপিএলে কোচিং করাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। সম্প্রতি চামিন্দা ভাসের সঙ্গেও কথা বলেছেন বিসিবির একজন প্রভাবশালী পরিচালক। ভাস এর আগে টাইগারদের বোলিং কোচ হিসেবে আগ্রহ দেখিয়েছিলেন। শুরুতে রাজি ছিল বিসিবিও। শেষ পর্যন্ত ভাগ্যে শিকে ছিঁড়ে ওয়ালশের। এবার ভাস হতেও পারেন কোচ। দুই লঙ্কানের নামের ফাঁকে শোনা যাচ্ছে হেড কোচের লড়াইয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম ফোর্ড। ফোর্ডের কোচিং ক্যারিয়ার শুরু নাটাল প্রদেশের হয়ে। তার কোচিংয়ের খেলেছেন ম্যালকম মার্শাল, ক্লাইভ রাইস, শ্যন পোলক, জন্টি রোডসদের মতো ক্রিকেটার। এরপর তিনি ১৯৯৯ সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সহকারী কোচ ছিলেন। ২০১২ সালে হেড কোচ ছিলেন শ্রীলঙ্কার। ৫৭ বছর বয়সী ফোর্ডের কোচিংয়ে খেলেছেন কুমার সাঙ্গাকারা, জয়বর্ধনে, ভাস, মুত্তিয়া মুরলিধরনের মতো বিশ্ব তারকা ক্রিকেটাররা খেলেছেন। দ্বিতীয় ধারায়ও কোচিং করিয়েছেন দ্বীপরাষ্ট্রকে। ২০১৭ সালে দায়িত্ব ছেড়ে এখন কোচিং করাচ্ছেন কাউন্টি দল সারেকে। ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেজকে চূড়ান্ত করে ফেলেছিল বিসিবি। দায়িত্ব নিতে রাজিও হয়েছিলেন তিনি। স্ত্রী ও পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় পিছুটান দেন ফারব্রেজ। এরপরই বিপাকে পড়ে বিসিবি। যদিও নজর রাখছে আইপিএলে কোচদের দিকে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের প্রতি বিসিবি অনেকদিন আগে থেকেই আগ্রহী। সাবেক কিউই অধিনায়ক এখন চেন্নাইয়ের কোচ। একই দলের মাইক হাসির বিষয়েও আগ্রহী বিসিবি। ক্যালিস, কারস্টেনদের সঙ্গেও কথা বলছে ক্রিকেট বোর্ড। কারস্টেনের দাবি নাকি আকাশসম পারিশ্রমিক। জ্যাস্টিন ল্যাঙ্গারকে চেয়েছিল বোর্ড। তিনি না করে দিয়ে এখন অস্ট্রেলিয়ার দায়িত্ব নিয়েছেন।  বিসিবি চাইছে চলতি মাসেই কোচের নিয়োগ দিতে। আবার বড় তারকাদের সঙ্গেও কথা বলছে। এখন সময় বলবে কে হবেন হাতুরাসিংহের উত্তরসূরি।

  • পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ করায় একদিনেই আটক ১৬০০

    পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ করায় একদিনেই আটক ১৬০০

    চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ গ্রহণ করবেন ভ্লাদিমির পুতিন। সবকিছু ঠিক থাকলে ক্ষমতায় থাকবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত। ২০০০ সাল থেকে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ায় ক্ষমতা আঁকড়ে ধরে আছেন পুতিন।

    গত মার্চে অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। তিনিই আবার দেশের প্রেসিডেন্ট হবেন এটা এখনো অনেক রুশই মানতে পারছেন না। তার শপথগ্রহণকে সামনে রেখে রাজপথে নেমেছে রুশরা। বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রশাসন।

    গতকাল একদিনেই রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিসহ প্রায় ১৬০০ মানুষকে আটক করা হয়েছে। পরে অবশ্য অ্যালেক্সেই নাভালনিকে ছেড়ে দেয়া হয়। নাভালনির অভিযোগ, জারের মতো স্বৈরতান্ত্রিকভাবে রাশিয়া শাসন করছেন পুতিন। সূত্র: বিজনেস ইনসাইডার

  • লা লিগায় মেসির ভিন্নরকম রেকর্ড

    লা লিগায় মেসির ভিন্নরকম রেকর্ড

    স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি নাটকীয় এক ড্রয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে।  ২-২ গোলে সমতার ম্যাচে একটি গোল করেন লিওনেল মেসি।  আর তাতেই ভিন্নরকম এক রেকর্ডের মালিক হন তিনি।  লা লিগার ক্লাসিকোতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন অধিনায়ক।

    এ নিয়ে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে লিগের ক্লাসিকো ম্যাচে ৭টি গোল করলেন মেসি।  পাঁচবারের ব্যালন ডি অর জয়ী পেছনে ফেললেন ১৯৫৩-৭১ পর্যন্ত রিয়ালে খেলে ক্যাম্প ন্যু’য়ে লা লিগার ক্লাসিকোয় ছয় গোল করা ফ্রান্সিসকো জেন্তোকে।

    এদিন লুইস সুয়ারেজের গোলে লিড নেয় বার্সেলোনা।  তবে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতা পায় রিয়াল মাদ্রিদ।  সেখান থেকে দলকে ফের লিড পাইয়ে দেন মেসি।  আর দ্বিতীয়ার্ধের এই গোলেই রেকর্ড গড়েন মেসি।  শেষ পর্যন্ত অবশ্য রিয়ালকে সমতায় ফেরান গ্যারেথ বেল।

  • খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে লেবার পার্টির উদ্বেগ

    খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে লেবার পার্টির উদ্বেগ

    খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শ‌রিক বাংলাদেশ লেবার পার্টি। সোমবার সকালে এক বিবৃতিতে ‌লেবার পা‌র্টির নেতারা এ উদ্বেগের কথা জানান।

    লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান ছাড়াও বিবৃতি দাতাদের মধ্যে আরও রয়েছেন পার্টির ভারপ্রাপ্ত মহাস‌চিব প্রকৌশলী ফ‌রিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান লোকমান হা‌কিম, মো. ফারুক রহমান, মো. মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আ‌মিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খা‌লেদ, মো. জ‌হুরুল হক চৌধুরী জ‌হির, মো. আ‌মিনুল ইসলাম, এসএম ইউসুফ আলী।

    বিবৃতিতে লেবার পার্টির নেতারা বলেন, কারা কর্তৃপক্ষের সুপারিশের পরও খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের উদাসীনতা দেখে আমরা মর্মাহত। সরকারের এ স্বেচ্ছাচারী অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    তারা আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই নন, তিনি তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি কারাগারে নানা জটিল রোগে আক্রান্ত। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

    ‘আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে।’

  • সাকিবের হায়দারাবাদের প্রতিপক্ষ আজ বেঙ্গালুরু

    সাকিবের হায়দারাবাদের প্রতিপক্ষ আজ বেঙ্গালুরু

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দারুণ ছন্দে আছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ।  ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।  টুর্নামেন্টের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে আজ রাতে প্রথমবারের মতো মাঠে নামছে হায়দ্রাবাদ।

    নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের হাত ধরে দুর্দান্ত খেলছে সানরাইজার্স হায়দারাবাদ।  আর ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের এ অগ্রযাত্রায় দারুণ ভূমিকা রাখছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব।  এরই মধ্যে টি-টোয়েন্টির বিরল এক রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি।  ক্যারিবিয় অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ সংস্করণে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ স্পর্শ করেছেন তিনি।  এছাড়া আইপিএলে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন সাকিব।

    অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।

    হায়দ্রাবাদের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ।

  • পৃথক অভিযানে ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৫৮১ অভিবাসী উদ্ধার

    পৃথক অভিযানে ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৫৮১ অভিবাসী উদ্ধার

    আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ৪৭৬ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের নৌ উদ্ধার সার্ভিস।  শুক্রবার ও শনিবার তাদের উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

    অন্যদিকে, রবিবার আরেক অভিযানে লিবিয়ার কাছে জলসীমায় ১০৫ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনভিত্তিক একটি অলাভজনক সংস্থা প্রোঅ্যাক্টিভা ওপেন আর্মস। মোটরবিহীন ওই নৌকায় বাংলাদেশ, মিশর, লিবিয়া, নাইজেরিয়া ও অন্য দেশের নাগরিক ছিল বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা।

    এ ব্যাপারে বার্তা সংস্থা এপির আলোকচিত্রীকে অভিবাসীরা বলেন, মানব পাচারকারী ও তারা পৃথক নৌকায় যাচ্ছিলেন।  তবে ভূমধ্যসাগরের মাঝখানে তাদের নৌযানের ইঞ্জিন খুলে নেয় পাচারকারীরা এবং চলে যায়।

    এদিকে জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬১৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।  এ সময়ের মধ্যে ইউরোপের উপকূলে পৌঁছাতে সক্ষম হয় ২২ হাজার ৪৩৯ জন।  যাদের মধ্যে চার হাজার চারশ’ নয়জনই আবার স্পেনে পাড়ি জমায়।

    সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস

  • একেক দিন একেক পুরুষের সাথে

    একেক দিন একেক পুরুষের সাথে

    স্বামী অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আত্মীয়-স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থা থেকে উত্তরণে টাকা উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটেন স্ত্রী। এক এক দিন, এক এক পুরুষের সঙ্গে মিলন। তাদের সুখ দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘এ তুমি কেমন তুমি’!

    নেহাল দত্তের পরিচালনায় ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। সেখানে প্রিয়াঙ্কার পারফরম্যান্স দেখে মুগ্ধ সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। ছবিতে আরও অভিনয় করেছেন রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পী।

  • গাজীপুর সিটি নির্বাচনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

    গাজীপুর সিটি নির্বাচনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

    গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

    হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের অনুমতি পাওয়ার পর সোমবার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন তিনি। এ আবেদনের ওপর চেম্বার বিচারপতির আদালতে আজ সোমবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবীরা

    এর আগে, গতকাল রবিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর ৩ মাসের স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।

    সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

  • জনগণ দেখ‌লেই ভয় পায় সরকার

    জনগণ দেখ‌লেই ভয় পায় সরকার

    জনগণ দেখ‌লেই ভয় পায় সরকার জানিয়ে বিএন‌পির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া বর্তমানে নানাবিধ জটিল রোগে ভুগলেও তার সুচিকিৎসার দাবি আমলে না নিয়ে বরং আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিষ্ঠুর রসিকতা করছেন। তিনি বলেন, সরকার জন আত‌ঙ্কে ভুগ‌ছে। বি‌রোধী দল‌কে কোনো কর্মসূ‌চি পালন কর‌তে দি‌চ্ছে না। সরকা‌রের এমন অগণতা‌ন্ত্রিক আচার‌ণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

    তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। এজন্য জাল-জালিয়াতির মাধ্যমে দায়ের করা মামলায় অন্যায় সাজা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। বিএন‌পি চেয়ারপ‌ারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে সমা‌বে‌শের অনুম‌তি দেয়নি। পু‌লিশ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে বিএন‌পি‌কে কোথাও সমা‌বে‌শের অনুম‌তি দেওয়া হবে না।

    এ সময় বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

  • ইস্কাটনে জোড়া খুন: এমপিপুত্র রনির রায় মঙ্গলবার

    ইস্কাটনে জোড়া খুন: এমপিপুত্র রনির রায় মঙ্গলবার

    রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

    গত ২০ এপ্রিল উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন ৮ মে রায়ের জন্য দিন ধার্য করেন।

    মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি রনি মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।

    প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় নিজ গাড়ি থেকে রনির ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ২০১৫ সালের ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে। এরপর গত বছরের ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।