Author: banglarmukh official

  • আদনানকে কিশোর সংশোধনী কারাগারে জিজ্ঞাসাবাদের নির্দেশ

    আদনানকে কিশোর সংশোধনী কারাগারে জিজ্ঞাসাবাদের নির্দেশ

    সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের ‘হত্যাকাণ্ডের’ অন্যতম অভিযুক্ত আদনান মির্জাকে গাজীপুরের কিশোর সংশোধনী কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে সংশোধনী কারাগারের পরিচালকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্যও পুলিশকে নির্দেশনা দিয়েছেন আদালত।

    রবিবার এ আদেশ দেন চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী।

    চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘তাসফিয়া হত্যাকাণ্ডে আদনান মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানী শেষে আদনানকে গাজীপুরের কিশোর সংশোধনী কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই সাথে সংশোধনী কারাগারের পরিচালকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।’

    আলোচিত এ ‘হত্যাকাণ্ডের’ পাঁচ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো বেশির ভাগ আসামিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকী তাসফিয়া খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা নিয়েও দোদুল্যমান রয়েছে। রহস্যভেদ করতে পারেনি কার সাথে তাসফিয়া পতেঙ্গা সৈকতে গিয়েছিল, তার খোয়া যাওয়া মোবাইল ও স্বর্ণের আংটি কার হাতে রয়েছে এসব বিষয়ের।

    চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘তদন্ত অনেক দুর এগিয়েছে। আশা করছি দু একদিনের মধ্যে ভালো খবর দিতে পারব।’

    প্রসঙ্গত, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ স্কুল ছাত্রীর ‘প্রেমিক’ নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আমিন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কথিত প্রেমিক আদনান মির্জাসহ ছয় জনকে আসামি করা হয়।

  • পাহাড়ে সহিংসতায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; অস্থিরতা কাটেনি

    পাহাড়ে সহিংসতায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; অস্থিরতা কাটেনি

    পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের সহিংসতায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। আতঙ্কে নিরাপত্তাহীনতায় অভিযোগ সাধারণ মানুষের। এখনো কাটেনি অস্থিরতা। তবে রাঙামাটি জেলা প্রশাসক বলছে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সর্বাত্মক প্রস্তুত প্রশাসন। অন্যদিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ৬ খুনের ঘটনার তিন দিনেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্থবির হয়ে আছে পুরো নানিয়ারচর উপজেলা। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। রাঙামাটির নানিয়ারচ উপজেলার চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শক্তিমান চাকমা ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (গণতান্ত্রিকের) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতার আশংকা করছে স্থানীয়রা। তাই আতঙ্কে বসছেনা কোনো হাটবাজার। রাঙামাটি-নানিয়ারচর-খাগড়াছড়ি সড়কে চলাচল করেনি কোন যানবাহন। উপজেলার কিছু কিছু দোকান খুলা থাকলেও মানুষ ছিল কম।

    রবিবার সকালে নানিয়ারচর উপজেলায় ও রাঙামাটির সার্বিক পরিস্থিতি পর্যাবেক্ষণ করতে আসেন চট্টগ্রাম জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। এসময় তার সফর সঙ্গি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামান বিপিএম, পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম) এস এম রোকন উদ্দিন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মো. গোলাম ফারুক।
    রাঙামাটি জেলা প্রশাসন এ কে এম মামুনুর রশিদ জানিয়েছেন, ৬ খুনের ঘটনায় এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় কোন মামলা হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াদিন আছে। যারা সন্ত্রাসী, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বিষয়টি নিয়ে কাজ করছে।

    তবে রাঙামাটি জেলা মানবাধিকার কর্মী রত্না রানি দে বলছেন, যারা অশান্তি সৃষ্টি করে তারা কোন জাতিগোষ্ঠীর হতে পারে না। তাই সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নত করে, তাদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
    এদিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান ও এ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবি সমিতি। রবিবার দুপুরে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি পিপি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, আইনজীবি সমিতির  সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. মোক্তার আহম্মেদ, প্রবীণ আইনজীবি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, প্রতিম রায় পাম্পু, সুস্মিতা চাকমা বক্তব্য রাখেন।
    এদিকে, রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মাইক্রোবাস চালক সজীব হাওলাদারের খুনিদের গ্রেফতার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সোমবার ও মঙ্গলবার রাঙামাটিতে ৪৮ ঘণ্টার হরতালের পালন করবে বলে জানিয়েছেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

    উল্লেখ্য, গত বৃহষ্পতিবার সন্ত্রাসীদের ব্রাশফায়ার করে রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শক্তিমান চাকমাকে হত্যা করে। এরপরের দিন শুক্রবার রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় একইভাবে সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পার্বত্য এমএন লারমা লারমা গ্রুপ অর্থাৎ (সংষ্কারপন্তি) যুব সমিতির কেন্দ্রীয় সদস্য তনয় চাকমা (৩১), মহালছড়ি যুব সমিতির সভাপতি সুজন চাকমা (৩০), সেতু লাল চাকমা, (৩৬) ও এক বাঙালী মাইক্রোবাসের চালক মো. সজিব (৩৫)নিহত নির্মমভাবে ব্রাশফায়ার করে হত্যা করে। এসব ঘটনায় পুরো পাহাড়ে অশান্তি ছড়িয়ে পরেছে।

  • কনুই দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে বগুড়ার আসিফ

    কনুই দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে বগুড়ার আসিফ

    হাত-পা বিহীন আসিফ একটি মেধাবী মুখের নাম।  তার নেশা ছিল ভালোভাবে লেখাপড়া করা। ভালোভাবে পড়তে গিয়ে তার নেশা চেপে বসে সে কিছু হতে চায়। সে লক্ষ্যকে সামনে রেখেই হাত-পা বিহীন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র আসিফ করিম আলিফ এগিয়ে চলেছে।

    মেধাবী আসিফ একাগ্রতা আর প্রচেষ্টায় চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে।  হুইল চেয়ারে বসে দুই হাতের কনুই দিয়ে লিখেই সে ফলাফল পেয়েছে।  কম্পিউটারও চালাতে পটু আসিফ ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।

    খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শহরের মালতীনগর পাইকাড়পাড়ায় নানা, নানী ও মামাদের কাছে বেড়ে ওঠে আসিফ করিম আলিফ। তার বাবা মা ঢাকায় চাকরি করেন। চাকরি করার কারণে আসিফ বগুড়ায় নানা, নানীর কাছে থাকেন। তিনি প্রতিদিন ৫ থেকে ৬ থেকে ঘন্টা করে পড়েন। তার নানা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত শহীদুর রহমান তাকে স্কুলে, প্রাইভেট পড়ানোর বিষয়ে সহযোগিতা করেন। তার খাবার, গোসল এবং অন্যান্য কাজে নানী এবং মামারা তাকে সহযোগিতা করেন।

    বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র আসিফ করিম আলিফ জানান, সে কনুই দিয়ে লিখতে পারে। লিখতে তার কোন সমস্যা হয় না। বাবা-মা চাকরি করেন। নানার কাছে থেকে তিনি লেখাপড়া করে। নানা, নানী এবং মামারা তাকে সহযোগিতা করে। স্কুলের প্রতিটি বন্ধু তার খোঁজখবর নেয়। তার কাজে সহযোগিতা করে। সে স্বাভাবিক খাবার খেতে পারে। সে জানায় তার সব কিছু স্বাভাবিক থাকলেও তার কেবল দুই হাত ও পা নেই। না থাকার কোন কষ্ট নেই। হাত-পা না থাকলেও তার মামার সাথে ক্রিকেট খেলে। তার ইচ্ছে সে একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।

    বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড করেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, আসিফ করিম আলিফ বগুড়া শহরের মালতিনগরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। ওই শ্রেণিতে মেধা তালিকায় বৃত্তিও পেয়েছে। পিএসসিতে সাফল্য পাওয়া ছেলেটি এই স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিও হয় মেধা তালিকায়। আমরা তার বিষয়ে কোন অতিরিক্ত কিছুই করিনি। কার সে নিজে থেকেই অনেক মেধাবী। বিজ্ঞান বিভাগের ছাত্র সে। তার কাছে বিজ্ঞানভিত্তিক, কম্পিউটার বিষয়ক খুব সহজে উত্তর পাওয়া যায়। স্কুলের পরিবেশে সে খুব দ্রুত মানিয়ে যায়। তার ক্লাশের অন্যান্য শিক্ষার্থীরাও তাকে খুব সহজে গ্রহণ করে। এছাড়া তাকে সব কাজেই ব্যাপক সহযোগিতা করে। শুধু শিক্ষার্থীরা নয় স্কুলের শিক্ষকবৃন্দও তাকে সহযোগিতা করেছে। সে প্রতিদিন স্কুলে হুইল চেয়ারে করে আসত। পরীক্ষার ফলাফলের দিনেও সে হুইল চেয়ারে করে আসে। সে হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না। তার হাতের কনুই পর্যন্ত এবং পায়ের উরুর উপরিভাগ রয়েছে। কিন্তু তাকে কেউ কখনই অবহেলা করেনি। সে নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।

  • এসএসসি’র রেজাল্ট পুনর্নিরীক্ষণ ৭-১৩ মে

    এসএসসি’র রেজাল্ট পুনর্নিরীক্ষণ ৭-১৩ মে

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং।

    তবে ফলাফল আশানুরূপ না হলে শিক্ষার্থীরা খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে আগামী ৭ মে শুরু হবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম। ১৩ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে।

    যেভাবে আবেদন করা যাবে:
    ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

    প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি দিতে হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

  • প্রত্যাশিত ফল না আসায় জগদিশ সারস্বত স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ

    প্রত্যাশিত ফল না আসায় জগদিশ সারস্বত স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ

    এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না আসায় শিক্ষকদের অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছে বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজের এসএসসি’র শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ফল ঘোষণার পর কেউ প্রত্যাশিত ফল না পাওয়ায় আবার কেউ অকৃতকার্য হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। এ সময় তারা শিক্ষকদের বিরুদ্ধে কটাক্ষ করেন। শিক্ষকরা আন্তরিকভাবে ক্লাসে পাঠ দান না করানোয় এবং কোচিংয়ের নামে ব্যবসা করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি বলে তাদের অভিযোগ। এর সব দায়ভার শিক্ষকদের উপর চাপিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা ওই স্কুলের শিক্ষকদের একটি কক্ষে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

     

    তবে অকৃতকার্য কিংবা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের দায়ভার নিতে রাজী নন বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহআলম। তিনি বলেন, ক্লাসে ঠিকভাবেই পাঠদান হয়েছে। ওই শিক্ষার্থীরা ভালাভাবে ক্লাসের পড়া রপ্ত করতে পারেনি এবং বাসায়ও তারা তেমন লেখাপড়া করেনি। অভিভাকরাও শিক্ষার্থীদের সঠিকভাবে যত্ন নিতে পারেনি। এ কারণে তারা প্রত্যাশিত ফল পায়নি। তারপরও কোন শিক্ষার্থী কিংবা অভিভাবকের ফল নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার ফল পুনমূল্যায়নের আবেদন করতে বলেন অধ্যক্ষ মো. শাহআলম।

    বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজ থেকে এবার ২০৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৭ জন অকৃতকার্য হয়েছে।

  • এক নজরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

    এক নজরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং। আজ সকাল ১০টা ৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

    মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৭ হাজার ৫৭৪ (গত বছরের তুলনায় ২ লাখ ৪৪ হাজার ৬১২ জন বেশি)
    মোট পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪
    ছাত্র ৭ লাখ ৮৪ হাজার ২৪৫
    ছাত্রী ৭ লাখ ৯১ হাজার ৮৫৯

    মোট পাসের হার ৭৭.৭৭%
    ছাত্র পাসের হার ৭৬.৭১%
    ছাত্রী পাসের হার ৭৮.৮৫%

    মোট জিপিএ-৫ প্রাপ্ত: ১ লাখ ১০ হাজার ৬২৯
    এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ এবং
    ছাত্রী ৫৪ হাজার ৯২৮

    সাধারণ ৮ বোর্ডে পাস করেছে ১২ লাখ ৮৯ হাজার ৫০৮ (গতবারের থেকে ১ লাখ ৩৪ হাজার ৭৩৭ জন বেশি পাস করেছে)
    জিপিএ-৫ – ১ লাখ ২ হাজার ৮৪৫ (৯৭ হাজার ৯৬৪ গতবছর)
    পাসের হার ৭৮.৪০

    মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৯১৭
    পাস করেছে ২ লাখ ৩ হাজার ৩৮২ জন
    পাসের হার ৭০.৮৯ %

    কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২১৫
    পাস করেছে ৮২ হাজার ৯১৭
    পাসের হার ৭১.৯৬ % কমেছে ৬.৭৩%
    জিপিএ-৫ প্রাপ্ত: ৪ হাজার ৪১৩

  • রাজাকারের ছেলে আ.লীগের এমপি

    রাজাকারের ছেলে আ.লীগের এমপি

    বরগুনা-২ আসন সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের বাবা রাজাকার কমান্ডার ছিলেন বলে অভিযোগ করেছেন বরগুনার পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহরাব।সম্প্রতি বেসরকারি টেলিভিশন বিশেষ আয়োজন ‘ইলেকশন এক্সপ্রেস’এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

    বরগুনার পাথরঘাটা, বামনা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে মাঠে নেমেছেন বর্তমান সাংসদসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীরা।

    বর্তমান সাংসদ শওকত হাচানুর রহমান রিমন ২০০৩ থেকে ২০১৪ এই ১১ বছরের রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মেয়াদ শেষ না হতেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ না হতেই গোলাম সবুর টুলু এমপির মৃত্যুতে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দশম সংসদ নির্বাচনেও জয়ী হয়ে হ্যাট্রিক করেন তিনি।

     

    পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ নেই উল্লেখ করে মোশারফ হোসেন আরো বলেন- ‘আমাদের আওয়ামী লীগ আগে থেকেই সুসংগঠিত, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে আমরা অনেক ভালো আছি। গোলাম সবুর টুলু এমপির মৃত্যুর পরে শওকত হাচানুর রহমান রিমনকে দল থেকে মনোনয়ন দেয়া হয় এবং এমপি নির্বাচিত হয়। পাথরঘাটায় আওয়ামী লীগের মধ্যে কোন দ্বন্দ নেই, শুধু সমস্যা হলো রিমন শুরু থেকেই আওয়ামী লীগ মনা নয়। তিনি মূলত বিএনপি জামায়াত ও শিবির মনা। কারণ তার বাবা ছিলেন এই জেলার রাজাকার কমান্ডার।’

    স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাংসদ রিমনের কোন সম্পৃক্ততা নেই উল্লেখ করে পৌর আওয়ামী লীগের এই নেতা বলেন- ‘তিনি একাই আসে, আবার একাই যায়। তার কাছের ১০/১২ জন লোক আছে, যাদের নিয়ে তিনি সব সময় চলাফেরা করেন। তারা সবকিছু লুটপাট করে খাচ্ছে। এদের কাছে আমরা সবাই জিম্মি হয়ে আছি। তিনি মূলত কাজ করে মৌলবাদীদের। দলের জন্য তিনি কিছুই করেন না।’

    অন্যদিকে এই আসনে বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন তিনি দু’বার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এতদিন তিনিই আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন। কিন্তু এবার তার প্রতিদ্বন্দ্বী হয়ে মনোনয়ন পাওয়ার আশায় মাঠে নেমেছেন আরও দুজন।

    আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এমপির পাশাপাশি মনোনয়ন পেতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক শুভাষ চন্দ্র হাওলাদার। তাকে নিয়েও এলাকায় বেশ আলোচনা চলছে। তিনি এলাকায় সক্রিয় রয়েছেন। তার প্রতি দলের শীর্ষ নেতৃত্বের সহানুভুতিও রয়েছে বলে একটি সূত্রে জানায়।

    দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনিও আশাবাদী। অন্যদিকে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর জ্যেষ্ঠ কন্যা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি। তিনি সব সময় ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেতে গণসংযোগ, শুরু করেছেন সভা সেমিনার ও সামাজিক কাজকর্ম করে থাকেন।

    এরআগে হত্যা মামলার চিহ্নিত আসামিকে নিয়ে নিজ গাড়িতে চড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার অভিযোগ ওঠে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে।

    এছাড়াও বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

    অন্যদিকে পৌরসভা নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন হাচানুর রহমানকে দুবার সতর্ক করেছিল। বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে মনোনয়নের প্রত্যয়নপত্র হেলিকপ্টারে নিয়ে গিয়েছিলেন সাংসদ শওকত হাচানুর। সে সময় তার এমন কর্মকাণ্ড বেআইনি বলে অভিযোগ উঠেছিল।

  • ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ করলো মাদরাসাছাত্রীকে

    ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ করলো মাদরাসাছাত্রীকে

    উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার (০৪ মে) বিকালে পুলিশ কিশোরীকে তার নানির বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনার পর অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক রয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীর মা সৌদি থাকেন। বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হওয়ার পর সে নানির কাছে থাকে। একই এলাকার পান্না পঞ্চায়েত (৩২) মেয়েটিকে উত্ত্যক্ত করত। কিশোরীর নানি স্থানীয় গ্রাম পুলিশের কাছে নালিশও করেছিল।

    বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পান্না পঞ্চায়েত ও তার সহযোগী রুম্মান পঞ্চায়েত কিশোরীকে নিজের ঘর থেকে মুখ চেপে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

    কিশোরীকে ঘরে খুঁজে না পেয়ে নানি ও প্রতিবেশিরা বাগান থেকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    কিশোরী অভিযোগ করে বলেন, ‘আমাকে মুখ চেপে পান্না পঞ্চায়েত ও রুম্মান পঞ্চায়েত ঘর থেকে তুলে বাগানে নিয়ে ধর্ষণ করে।’

    মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল বলেন, খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে

  • জিতল হায়দরাবাদ, লাভবান হল মুম্বাই

    জিতল হায়দরাবাদ, লাভবান হল মুম্বাই

    কেন উইলিয়ামসনের ‘অধিনায়কোচিত’ ব্যাটিং এবং শেষের থ্রিল ওভারে ইউসুফ পাঠান ধামাকাতে দিল্লি ডেয়ারডেভিলসদের হারাল সানরাইজার্স হায়দরাবাদ৷ এই জয়ের ফলে পয়েন্ট টেবলে একনম্বরে উঠে এল কেন উইলিয়ামসনরা৷

    দিল্লিকে হারিয়ে হায়দরাবাদের শীর্ষে ওঠায় লাভবান হল মুম্বাই ইন্ডিয়ানস। কারণ দিল্লি হেরে যাওয়ায় প্লে অফে খেলার আশা কিছুটা হলেও বেঁচে থাকল মুম্বাইয়ের। এই পরাজয়ের ফলে দিল্লি ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেল। আর ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে মুম্বাইয়ের অবস্থান পাঁচে।

    শনিবার উপলে প্রথম ব্যাট করে সানরাইজার্সদের সামনে ১৬৪ রানের টার্গেট রাখে ডেয়ারডেভিলস৷ এক বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স৷ ১৬৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্সের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং অ্যালেক্স হ্যালস দলকে দারুণ শুরুয়াত দেন৷

    নবম ওভারে অমিত মিশ্রার বলে আউট হয়ে অ্যালেক্স যখন ফিরে যাচ্ছেন তখন সানরাইজার্সের স্কোরবোর্ড ৭৬ ছুঁয়েছে৷ ব্যক্তিগত ৪৫ রান করে ডাগ-আউটে ফেরেন অ্যালেক্স৷ দু’ওভার পর ৩৩ রান করে অমিত মিশ্রারই বলে আউট হন শিখরও৷

    এরপর সানরাইজার্সদের স্কোরবোর্ডকে সচল রাখার কাজটা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন৷ পরে ইউসুফ পাঠান ১২ বলে অপরাজিত ২৭ রানের একটি ঝোড় ইনিংস খেলে হায়দরাবাদের জয় নিশ্চিত করেন৷

  • হেঁচকিতে অস্বস্তি? জেনে নিন সমাধান

    হেঁচকিতে অস্বস্তি? জেনে নিন সমাধান

    ছোটবেলায় হেঁচকি উঠলে বড়রা বলতেন কেউ মনে মনে তোমার কথা ভাবছে। হেঁচকি উঠলেই এক গ্লাস পানি খেয়ে নিতে বলা হয়। কখনো হঠাৎ চমকে দেবার চেষ্টা করা হয়। সাধারণত এভাবেই হেঁচকি কমানোর চেষ্টা করে থাকি আমরা। তবে কিছু কিছু সময় আসে যখন হেঁচকি উঠলে লজ্জিত বা বিব্রতবর অবস্থায় পড়ে যেতে হয়। যেমন: অফিসে জরুরি মিটিং চলাকালীন সময়ে, কোনো অনুষ্ঠানে খাওয়ার টেবিলে ইত্যাদি। এরকম অবস্থায় হেঁচলি উঠলে স্বস্তি পেতে যা করবেন:

    – গ্লাসে পানি নিন। দু’হাতের আঙুল দিয়ে কান বন্ধ করে স্ট্র দিয়ে ধীরে ধীরে পানি পান করুন। দেখবেন হেঁচকি কমে আসছে।

    – বোতল থেকে পানি খাবেন না। গ্লাসে পানি নিয়ে পরপর ১০ বার ছোট ছোট চুমুক দিন। এভাবে তালে তালে পানি খেলে হেঁচকি কমে যাবে।

    – মুখে হাত চাপা দিন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এতে ফুসফুসে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বাড়বে। হেঁচকি কমে যাবে।

    – দু’হাতের আঙুল দিয়ে কান বন্ধ করে রাখুন। এতে স্নায়ুতন্ত্রে রিলাক্স করার সংকেত পৌঁছবে। ফলে মধ্যচ্ছদা প্রসারিত হবে। ২০ থেকে ৩০ সেকেন্ড এভাবে কান বন্ধ করে রাখুন। হেঁচকি কমে আসবে।

    – বুক ভরে শ্বাস নিন। কিছু ক্ষণ শ্বাস ধরে রাখুন। এতেও শরীরে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বাড়বে। মধ্যচ্ছদা প্রসারিত হয়ে হেঁচকি কমে যাবে।

    – কয়েক মিনিট জিভ বের করে রাখুন। এতে গ্লটিসের মুখ বড় হবে। শ্বাস-প্রশ্বাস চালাতেও সুবিধা হবে, হেঁচকিও কমে যাবে।