Author: banglarmukh official

  • ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্রলীগ নেতা নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্রলীগ নেতা নিহত

    পণ্যবোঝাই ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। উপজেলার শাহপুর এলাকার আঞ্চলিক সড়কে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হল- উপজেলার কুটি ইউনিয়নের ছাত্রলীগের পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নরুল আমিন (২০), একই ইউনিয়নের ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়সাল (১৮) ও কায়েমপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সজল মিয়া (১৮)।

    কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিযয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

  • খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার হরতাল চলছে

    খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার হরতাল চলছে

    অপহৃত তিন বাঙালী ব্যবসায়ীকে উদ্ধার ও মাইক্রোবাস চালক সজীবের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

    হরতালের কারলে আজ সকাল থেকে জেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে অধিকাংশ দোকান। সকালে হরতালকারীরা সদর উপজেলা পরিষদের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রর্দশন করে। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে।

    খাগড়াছড়ি সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানিয়েছেন, হরতালের কারণে যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    জেলার মাটিরাঙ্গা থেকে নিখোঁজ তিন বাঙ্গালীর মুক্তি ও মাইক্রোবাস চালক সজীবের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শনিবার এক কালো পতাকা মিছিল ও বিক্ষোভ  সমাবেশ করে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এ সমাবেশে আজ রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় সংগঠন দুটি।

    উল্লেখ্য, রাঙ্গামাটির জেলায় শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ৫ জন নিহত হন। তার মধ্যে মাইক্রোবাস চালক সজীবও নিহত হন। এছাড়া গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বাসিন্দা তিন বাঙালি কাঠ ব্যবসায়ী মো. সালাউদ্দীন, মো. বাহার মিয়া (ড্রাইভার) ও মহরম আলী কাঠ ক্রয়ের উদ্দেশে জেলার মহালছড়ির মাইসছড়িতে গেলে সেখান থেকে নিখোঁজ হন। ১৯ দিন পরও তাদের উদ্ধার করতে পারেনি প্রশাসন।

  • ভোররাত পর্যন্ত ১৩৫টি মামলা শুনে বিচারপতির রেকর্ড!

    ভোররাত পর্যন্ত ১৩৫টি মামলা শুনে বিচারপতির রেকর্ড!

    গ্রীষ্মের দীর্ঘ ছুটিতে যাওয়ার আগে, বকেয়া মামলার ভার কমাতে বিচারপতি ভোররাত পর্যন্ত মামলা শুনছেন, এ নজির সাম্প্রতিক অতীতে তো নয়ই, ভারতের বোম্বে হাইকোর্টের ইতিহাসেও নেই।

    যে নজির গড়লেন বিচারপতি এসজে কাঠাওয়ালা। গত ৫ মে শনিবার থেকে একমাসের জন্য গ্রীষ্মের ছুটিতে বন্ধ থাকবে বোম্বে হাইকোর্ট। তাই মামলা জমিয়ে না-রেখে, গত এক সপ্তাহ ধরেই মধ্যরাত পর্যন্ত মামলা শুনেছেন বিচারপতি এসজে কাঠাওয়ালা। তবে, শুক্রবার তিনি অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দেন। একটানা শনিবার ভোররাত সাড়ে ৩ পর্যন্ত একের পর এক পেন্ডিং মামলার শুনানি হয়েছে হাইকোর্টের ২০ নম্বর রুমে, বিচারপতি এসজে কাঠাওয়ালার এজলাসে।

    আদালত সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে পরদিন ভোররাত পর্যন্ত সর্বমোট ১৩৫টি মামলার শুনানি হয়েছে তার এজলাসে। এর মধ্যে ৭০টি মামলাই ছিল অত্যন্ত জরুরি।

    বিচারপতির এই ধৈর্য দেখে অভিভূত প্রবীণ এক আইনজীবী। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍‌কারে ওই আইনজীবী বলেন, আমার মামলা শেষের দিকে ছিল। বিচারপতি দু-পক্ষের বক্তব্য ধৈর্য ধরে শুনছেন, রায় দিচ্ছেন— ভাবা যায় না!

    আদালত সূত্রে খবর, বিচারপতি হিসেবে তিনি অন্যদের থেকে একটু আলাদাই। অন্য বিচারপতিদের এজলাস শুরু হয় সকাল ১১ টায়। কিন্তু, নিয়মিত তার এজলাস বসে সকাল ১০ টায়। থাকেন অন্যদের মতোই বিকেল ৫টা পর্যন্ত। এই সময়।

  • নারায়ণগঞ্জের ত্রাস কে এই পলাশ?

    নারায়ণগঞ্জের ত্রাস কে এই পলাশ?

    অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন ফতুল্লার শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ। সরকার, প্রশাসন, দল— কোনো কিছুরই তোয়াক্কা করেন না তিনি। দেশের বৃহত্তম রপ্তানি খাত নিটশিল্পের প্রধান কেন্দ্র ফতুল্লার বিসিক পল্লীর শত শত গার্মেন্ট মালিক-শ্রমিক অসন্তোষের আড়ালে পলাশের চাঁদাবাজির কাছে জিম্মি।

    শুধু ফতুল্লাতেই পলাশের ৭৪টি শ্রমিক সংগঠন রয়েছে; যার সব কটির শীর্ষপদই তার দখলে। আর ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতির পদটি দীর্ঘ ১৩ বছর ধরে নিজের কব্জায় ধরে রেখেছেন। তার এসব শ্রমিক সংগঠনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কানাডিয়ান নাগরিকের মালিকানাধীন র‌্যাডিকেল গার্মেন্ট, হামিদ ফ্যাশন, পাইওনিয়ার সোয়েটার, আর এস সোয়েটার, মিশওয়ার হোসিয়ারি, এন আর নিটিং, মাইক্রো ফাইবার, মেট্রো নিটের মতো প্রায় ৩৬টি গার্মেন্ট বন্ধ হয়ে গেছে।

    অনেক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলে গেছে। যারা টিকে আছে তার অনেককেই কৃত্রিম শ্রমিক অসন্তোষের ভয়ে গুনতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের সাম্রাজ্যের মতোই ফতুল্লায় গড়ে তুলেছেন আলাদা আরেক সাম্রাজ্য। যেখানে সব কথার শেষ কথা পলাশ। দিনের পর দিন অপকর্ম করে গেলেও তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই।

    জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক পলাশ যেন এখন সন্ত্রাসের মহিরুহে পরিণত হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এক পলাশেই ঘটছে নারায়ণগঞ্জের সর্বনাশ। সরেজমিন জানা গেছে, ফতুল্লার কয়েক হাজার অবৈধ অটোরিকশার চাঁদাবাজিও পলাশের নিয়ন্ত্রণে। এতে ফতুল্লার তিনটি ইউনিয়ন থেকে উঠে গেছে প্যাডেলচালিত রিকশা। ফতুল্লার কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বহমান বুড়িগঙ্গা নদী দখল করে অবৈধ বালু আর পাথরের ব্যবসার একচ্ছত্র আধিপত্যও পলাশের কব্জায়।

    ইতিমধ্যেই বুড়িগঙ্গা নদী দখলমুক্ত রাখতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। পাগলা থেকে আলীগঞ্জ পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নির্মিত ওই ওয়াকওয়ে ভেঙে ফেলায় তার বিরুদ্ধে ৩ মে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্মপরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় জিডি করেন। তবে এ জিডি পলাশের দখলদারিত্বে কোনো প্রভাব ফেলতে পারেনি। ভুক্তভোগীরা বলছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের এক শীর্ষ নেতা তার (পলাশ) বাড়িতে আসার পর থেকে যেন বাদশাহ হয়ে উঠেছেন তিনি।

    একনেক অনুমোদিত কাজে বাধা : ফতুল্লার আলীগঞ্জে গণপূর্ত অধিদফতরের জমিতে প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় একনেকে অনুমোদন পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আটটি ১৫ তলা ভবনের ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে বাধা হয়ে দাঁড়িয়েছেন পলাশ। আলীগঞ্জ মাঠ রক্ষার আন্দোলনের নেপথ্যে তিনি মূলত ওই প্রকল্পের ঠিকাদারি কাজে ভাগ বসাতে সরকারি কাজে বাধা দেন; যার ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএল-ডিসিএলের (জেভি) পক্ষে গত বছরের ১২ নভেম্বর ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়; যার বিপরীতে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় পুলিশ। ফলে নতুন করে ওই প্রকল্পের কাজে বাধা, প্রাণনাশের হুমকি ও মালামাল লুটের অভিযোগ এনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে গণপূর্ত বিভাগের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলীর পক্ষে উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ৩ মে ফতুল্লা থানায় আরও একটি সাধারণ ডায়েরি (নম্বর ১১৯) করেছেন। কিন্তু পলাশের ভয়ে তার নামটি পর্যন্ত মুখে আনতে সাহস পাচ্ছেন না সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানও।

    বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিনের জিডিতে বলা হয়, নদী ও নদীর তীরভূমি রক্ষায় হাই কোর্টের নির্দেশে বুড়িগঙ্গায় নির্মিত ফতুল্লার পাগলা বাজার থেকে আলীগঞ্জ পর্যন্ত এলাকায় ওয়াকওয়ে ভেঙে ফেলা হয়েছে। নদীর বিপুল অংশ অবৈধভাবে ভরাট করে ইট, বালু, পাথর রেডিমিক্সের ব্যবসা পরিচালনা করছেন আলীগঞ্জনিবাসী মৃত ইদ্রিস আলীর ছেলে কাউসার আহমেদ পলাশ এবং তার নেতৃত্বে কতিপয় অসাধু ব্যক্তি; যার ফলে নদীর পাড়ে গড়ে ওঠা স্বাস্থ্যসম্মত পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএল-ডিসিএলের জিডিতে বলা হয়, গত বছরের ৮ ও ১১ নভেম্বর সকালে রমজান ও হান্নানের নেতৃত্বে ১৫-২০ জন লোক নিয়ে প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে কাজ বন্ধ করার হুমকি দেন।

    অনুগত চার খলিফা : পলাশের অত্যন্ত বিশ্বস্ত শাহাদাত হোসেন সেন্টু, আবুল, মোকাররম ও আজিজুল হক চার খলিফা নামে পরিচিত। এ চারজন নিয়ন্ত্রণ করেন তার টাকা হাতানোর বিভিন্ন সেক্টর। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের দুই পাশে পরিবহনের পণ্য লোড-আনলোড সেক্টর নিয়ন্ত্রণ করেন মোকাররম। কথায় কথায় নিজেকে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ঠজন বলে জাহির করেন। লেবার সর্দার মোকাররম মাত্র পাঁচ বছরে কোটিপতি বনে গেছেন। তিনি এখন বাংলা সিনেমায় কোটি কোটি টাকা বিনিয়োগকারী প্রযোজক। শহরের জামতলা এলাকায় কিনেছেন দেড় কোটি টাকার বাড়ি, চড়েন অর্ধ কোটি টাকা দামের গাড়িতে, গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যান হেলিকপ্টারে। করেছেন বাবার নামে কলেজ।

    সূত্র জানায়, লোড-আনলোড থেকে মোকাররমের মাধ্যমে পলাশের আয় মাসে কমপক্ষে ৬০ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের বিদেশ থেকে আসা পাথরও সরিয়ে ফেলা হয় এসব ঘাট থেকে। অন্যদিকে পলাশের হয়ে গার্মেন্ট সেক্টরের দেখভাল করেন শাহাদাত হোসেন সেন্টু। বেতন-ভাতা বা কোনো কারণে শ্রমিকদের সঙ্গে মালিকদের বনিবনা না হলেই সেন্টুর লোকেরা সেখানে শ্রমিকদের উসকে দিয়ে প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দেন। বাধ্য হয়ে মালিকরা ধরনা দেন পলাশের কাছে। শুরু হয় দরকষাকষি, রফা না হলেই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান। পলাশের চাঁদাবাজির অন্যতম বড় সেক্টর সরকারি অনুমোদনবিহীন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক।

    প্যাডেলচালিত রিকশা (ব্যাটারিচালিত) মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক জানান, এই পরিষদের নামে ১৯টি কমিটি রয়েছে। কমিটির অধীন রয়েছে ৪ হাজার রিকশা। আর ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য জোট নামে চারটি কমিটি রয়েছে। এসব কমিটির অধীন ইজিবাইক রয়েছে ৮০০। শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের জন্য প্রতিটি রিকশা থেকে মাসে ১০০ ও ইজিবাইক থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করা হয়। পলাশের চাঁদাবাজির অন্য সেক্টর আলীগঞ্জ ও পাগলার বিশাল ট্রাকস্ট্যান্ড। কয়েক হাজার ট্রাক থেকে তার চাঁদাবাজির পরিমাণ মাসে প্রায় অর্ধ কোটি টাকা।

    বুড়িগঙ্গার তীরে ওয়াকওয়ে দখল ভাঙচুর : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পোস্ট অফিস থেকে আলীগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গার তীর ও ওয়াকওয়ে দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও ভাঙচুরের অভিযোগে জিডি করেছে বিআইডব্লিউটিএ ঢাকা বন্দর। এতে পলাশ ও তার সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, সরকার কর্তৃক নির্মিত ওয়াকওয়ে তারা অন্যায়ভাবে ব্যবহার ও ব্যবসার কারণে তা ভেঙে ফেলেছে। জানা গেছে, আলীগঞ্জে টিসিবির ভবন সংলগ্ন এলাকা থেকে পিডব্লিউডি খেলার মাঠ পর্যন্ত দখলে রেখেছেন পলাশ। আলীগঞ্জ মাদ্রাসাসংলগ্ন ঘাট থেকে কয়েক শ ফুট ওয়াকওয়ে এখন আর নেই।

    আলীগঞ্জ মাদ্রাসা ঘাটে নদীর তীর দখল করে বসানো হয়েছে দুটি বিশালাকারের ক্রেন। দু-তিনটি এক্সাভ্যাটরও (ভেকু) রয়েছে। অবাধে চলছে বালু, কয়লার লোড-আনলোডিং কার্যক্রম। স্তূপীকৃত করে রাখা হয়েছে বালু ও কয়লা। স্থাপন করা হয়েছে একাধিক বাঁশের জেটি। এসব নিয়ন্ত্রণে রয়েছেন কাউসার আহমেদ পলাশ। এ ছাড়া আলীগঞ্জ পিডব্লিউডি মাঠের শেষ প্রান্তে বুড়িগঙ্গার তীরে অসংখ্য কাঠের গুঁড়ি স্তূপ করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্মপরিচালক আরিফ উদ্দিন জানান, ফতুল্লা, আলীগঞ্জ, পাগলা বাজার এলাকার ওয়াকওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যবসা করছেন। এখানে অনেকেই কাউসার আহমেদ পলাশের নাম বলেছেন। তার নেতৃত্বে ওখানে রশিদ হাজী, সেন্টুসহ বেশকিছু প্রভাবশালী লোক এ কাজ করছেন। মূলত এর মধ্যে পলাশের নামই বেশি শোনা যাচ্ছে। তার ছত্রচ্ছায়ায় এগুলো হচ্ছে। যারা এখানে নতুন নতুন গদি বানাচ্ছেন শোনা যাচ্ছে পলাশ এগুলো উদ্বোধন করছেন। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। জিডির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মাদক ব্যবসায়ীর কক্সবাজার ভ্রমণ : সম্প্রতি ফতুল্লায় পলাশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একটি জাতীয় দৈনিকের ফতুল্লা প্রতিনিধি আল-আমিনের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন মোল্লা মামুন নামে এক মাদক ব্যবসায়ী। ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার জামাই মতিনের ছেলে মোল্লা মামুন। তিনি গত বছরের ১১ জানুয়ারি পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হন। ফতুল্লা মডেল থানার এসআই কামরুল হাসান তাকে গ্রেফতার করে মোবাইল কোর্টে হাজির করেন। এরপর আদালতে দোষ স্বীকারের পর মোল্লা মামুনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালের ২০ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ট্রাকভর্তি ৫০০ বোতল ফেনসিডিলসহ মামুনকে গ্রেফতার করা হয়। ফতুল্লা পুলিশ ও জেলা ডিবির চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোল্লা মামুন।

    এদিকে মোল্লা মামুনের ফেসবুক আইডিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতে পলাশের সঙ্গে ঘুরছেন আর মোবাইলে সেলফি তুলছেন। মোল্লা মামুন একটি সেলফি তার ফেসবুকে পোস্টও করেছেন। এলাকাবাসী জানান, মোল্লা মামুন শ্রমিক লীগ নেতা পলাশের ছত্রচ্ছায়ায় থেকে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছেন।

  • যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

    যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

    আজ রবিবার প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিন দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন। আর দুপুর ২টা থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

    যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

    SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2018 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

    এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট  http://www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

    শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না। তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

    উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন।

  • বরিশালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো তার্কিকদের সংগঠন ডিই.সি.বি.

    বরিশালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো তার্কিকদের সংগঠন ডিই.সি.বি.

    বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক নিয়ে কাজ করার লক্ষ্যে তিন এপ্রিল দুই হাজার আঠারো ইং তারিখে প্রতিষ্ঠিত হয়েছে তার্কিকদের সংগঠন ” DEBATERS COMMUNITY OF BARISHAL ( De.C.B ) । মুক্তির প্রত্যয়ে অবিরাম যুক্তি , এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটির পথ চলা শুরু হলো।

    সংগঠনটির মূল লক্ষ্য হলো বরিশাল বিভাগের সকল তার্কিকদের নিয়ে পরিচ্ছন্ন বিতর্ক সমাজ গঠন করা।বরিশালের সকল বিশ্ববিদ্যালয়,কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা করা।

    এই সংগঠনের কার্যপ্রণালী এগিয়ে নিতে চোদ্দজন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি সকল সদস্যদের সম্মতিক্রমে গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ হলো:

    আহ্বায়ক : শেখ সুমন।    যুগ্ম আহ্বায়ক : ১: মো: আবু সুফিয়ান শেখ ২: সামিয়া তিশা ৩: সানজিদ আলম সিফাত ৪: সাদিয়া নিশা ৫: হুজাইফা রহমান ৬: শিফা

    সদস্য সচিব: ১: আরিফ রহমান ২:ফারাবি নিহা ।   সদস্য: ১: পারভেজ হাসান ২: নুজহাত প্রাপ্তি ৩: ইমতিয়াজ ৪:মো: শামিম হাওলাদার ৫: ফয়সাল হোসেন অভিনন্দন সকল তার্কিকবৃন্দকে । আশা করছি সকলে একত্রে মিলে গড়ে তুলবো বিতর্কের নতুন প্লাটফর্ম।

    সংগঠনটির মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করবে জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডট কম।

  • ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা; নির্দোষ দাবি বাংলাদেশি নাইমুরের

    ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা; নির্দোষ দাবি বাংলাদেশি নাইমুরের

    লন্ডনের একটি আদালতে শুক্রবার নিজেকে নির্দোষ দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার পরিকল্পনা করার দায়ে অভিযুক্ত ব্রিটিশ-বাংলাদেশি নাইমুর জাকারিয়া রহমান।

    ভিডিও লিঙ্কের মাধ্যমে লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে হাজির হয়ে নাইমুর নিজেকে নির্দোষ দাবি করেন।

                                  নাইমুর রহমান (বামে) ও মোহাম্মদ ইমরান

    গত নভেম্বরে নাইমুর রহমানকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ ইমরান নামে এক ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেয়ার বিষয়ে সাহায্য করেছেন বলেও নাইমুরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সূত্র: রয়টার্স

  • রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে নিহত বর্মাসহ দু’জনের দাহক্রিয়া সম্পন্ন

    রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে নিহত বর্মাসহ দু’জনের দাহক্রিয়া সম্পন্ন

    রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা ও সদস্য তনক চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে খাগড়াছড়ির তেতুলতলা এলাকায়।

    শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ গ্রহণ করে বিভিন্ন আনুষ্ঠানিকতায় এ দাহক্রিয়া সম্পন্ন করা হয়। দাহক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

    নিহত অপর তিনজানের লাশ তাদের স্বজনরা নিজ নিজ এলাকায় নিয়ে দাহ ও দাফন সম্পন্ন করেন।

    উল্লেখ, গুলিতে নিহত শক্তিমান চাকমার দাহক্রিয়ায় মাইক্রোবাসযোগে যাওয়ায় পথে রাঙ্গামাটির নানিয়ারচর এলাকার বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে শুক্রবার ইউপিডিএফ গণতান্ত্রিক এর আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মা ও মাইক্রো চালক মো: সজিব হোসেনসহ ৫ জন নিহত হয়।

  • বর্তমান ইসির পক্ষে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়: মওদুদ

    বর্তমান ইসির পক্ষে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়: মওদুদ

    নির্বাচন কমিশন(ইসি) পুনর্গঠনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই কমিশনের পক্ষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব নয়। কারণ গাজীপুর ও খুলনায় সরকার সমর্থকরা প্রতিদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। কিন্তু কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

    শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

    নির্বাচন কমিশন সরকারের স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ করেন মওদুদ। তিনি বলেন, নির্বাচন কমিশন যত পদক্ষেপ নিচ্ছে সব সরকারি প্রার্থীদের বিজয়ী ও বিরোধীদের পরাজিত করার জন্য।

    বিএনপি যাতে আগামী নির্বাচনে অংশ না নেয় সেজন্য সরকারের সব আয়োজন চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি অভিযোগ করে বলেন, যতই নির্বাচনের কাছাকাছি যাচ্ছি ততই মনে হয় সরকার আরও বেপরোয়া হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন রুখতে যত রকমের ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে।

  • কোটা আন্দোলনে তাণ্ডব ও শক্তিমান হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়

    কোটা আন্দোলনে তাণ্ডব ও শক্তিমান হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে রাজনৈতিক প্রবাহিত করে তাণ্ডব চালানো আর নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শুক্রবার (০৪ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় খেলাঘর আসরের ৬৬তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে আজও রক্তপাত হলো। শান্তির মধ্যে অস্থিরতা তৈরির জন্য একটা মতলবি মহল সক্রিয়। বাংলাদেশকে শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা অনেকের ঈর্ষার কারণ। তারা সোজা পথে পারে না, বাঁকা পথে আসে। আলোতে পারে না, অন্ধকারের আশ্রয় নেয়, রক্তপাতের আশ্রয় নেয়, ষড়যন্ত্রের আশ্রয় নেয়।

    ‘অপশক্তি সক্রিয় বলেই কোটা সংস্কার আন্দোলনে ঢাবি উপাচার্যের (ভিসি) বাড়িতে একাত্তরের নারকীয় তাণ্ডবের পুনরাবৃত্তি হয়। এ বছর অনেক অঘটন ঘটার পায়তারা হচ্ছে, চক্রান্ত চলছে। নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’

    বিএনপির নির্বাচনে না আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবারও বিএনপি নির্বাচনে না আসলে না আসুক, কিন্তু নির্বাচন বর্জন করে গতবারের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে। সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন থেমে থাকেনি, এবারও থেমে থাকবে না।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন একটি বৈধ নির্বাচন। এর প্রমাণ সিপিইউ ও আইপিএ-এর সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও সংসদ সদস্যের এই দুইটি আন্তর্জাতিক সংগঠনে সভাপতি নির্বাচিত হওয়া।

    ছাত্রলীগের কমিটি গঠন বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কমিটি করলে অভিযোগ তো আসবেই। আমাদের কাছেও অভিযোগ আসছে। মাথা ব্যাথা হলে তো মাথা তো আর কেটে ফেলা যায় না। সমাধানের চেষ্টা আছে।

    অনুষ্ঠানে খেলাঘর সংগঠক কামাল চৌধুরী ও নুরুর রহমান সেলিমকে বজলুর রহমান স্মৃতি পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
    খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

    বক্তব্য দেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য শমী কায়সার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।