Author: banglarmukh official

  • নারায়ণগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ এএসআই গ্রেফতার

    নারায়ণগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ এএসআই গ্রেফতার

    নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিজের হেফাজতে থাকা ৫ হাজার ও বাসায় তল্লাশি করে ৪৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বুধবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে পুলিশের এএসআই সোহরাওয়ার্দী রুবেলের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

    এদিকে অভিযোগ রয়েছে সম্প্রতি এএসআই সোহরাওয়ার্দী রুবেল একজন নারীকে আটকে রেখে প্রায় ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছিলেন। তার স্বজনরাও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি বিভিন্ন লোককে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের টাকা আদায় করতেন বলে তথ্য বেরিয়ে আসছে।

    জানা যায়, পুলিশের এএসআই সোহরাওয়ার্দী রুবেল নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত থাকা অবস্থায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও এলাকার লোকজন জানার পরও কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি। তিনি বন্দরের রূপালী আবাসিক এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কামরুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকেন। বন্দর থানা থেকে বদলী হয়ে কিছুদিন আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন তিনি।

    রুবেল মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এমন অভিযোগে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার বন্দরের ফ্ল্যাট থেকে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে থানার ভেতর তার দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    এএসআই রুবেলের বন্দরের ফ্ল্যাটের কেয়ারটেকার জিয়াউল জানান, প্রায় সময় এএসআই রুবেল বিভিন্ন ধরনের লোকজনকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে এনে ফ্ল্যাটে রাখতেন। ওনাকে জিজ্ঞেস করলে কিছুই বলতেন না।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সদর থানায় তার ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এমনকি তার বাসা থেকেও ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিনিয়ার অফিসারদের সঙ্গেও আলোচনা চলছে।

  • কলেজ ছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ফুটেজ হাতে- স্বরাষ্ট্রমন্ত্রী

    কলেজ ছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ফুটেজ হাতে- স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকায় সাতই মার্চের সমাবেশের মিছিলের মধ্যে বাংলামোটরে কলেজছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ফুটেজ হাতে পাওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধীরা কোনোভাবে ছাড় পাবে না।

    বুধবারের ঘটনা নিয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে বৃহস্পতিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথ’ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতই মার্চ বাংলামোটরে শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় ভিডিও ফুটেজ হাতে এসেছে। কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক বাংলামোটরে এক কলেজ শিক্ষার্থীকে হয়রানি করেছিল।

    “ভিডিও ফুটেজ দেখে তাদের আইডেনটিফাই করার চেষ্টা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও জানতে পারেন, কারা কারা এতে জড়িত।”

     

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। এই জনসভায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন ক্ষমতাসীন দলটির বিভিন্ন ওয়ার্ড শাখা এবং ছাত্রলীগ, যুবলীগের মতো সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

    বাংলামোটরে এরকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা নিজের ফেইসবুকে এক তরুণী পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায় ফেইসবুকে।

    ঢাকার একটি কলেজের শিক্ষার্থী ওই তরুণী বিকালে পোস্টটি দেওয়ার পর তিন ঘণ্টায় তার শেয়ার ৫ হাজার ছাড়িয়ে যায়। অনেকেই সোচ্চার হন।

    ওই তরুণী ফেইসবুকে ঘটনার বর্ণনা দিয়ে লিখলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন বলে তার ঘনিষ্ঠ একজন জানান।

    এই কারণে তিনি প্রথমে পাবলিক স্ট্যাটাস দিলেও পরে তা ‘অনলি মি’ করে দেন বলে তা এখন আর সবাই দেখতে পারছেন না।

    বিষয়টি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলে তারা কেউ এই ধরনের ঘটনার খবর ‘জানেন না’ বলে জানিয়েছেন।

    কলেজ থেকে ফেরার সময় এই জনসভার কারণে বাস না পেয়ে হাঁটতে হাঁটতে বাংলামোটরে আসার পর একটি মিছিলে থাকা একদল যুবক তাকে ঘিরে ফেলে যৌন নিপীড়ন করে বলে ওই তরুণীর অভিযোগ।

    তিনি ফেইসবুক পোস্টে লিখেছেন, ১৫-২০ জন যুবক তাকে যৌন নিপীড়ন শুরু করলে এক পুলিশ সদস্য তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দেয়। ক্ষোভের সঙ্গে ওই তরুণী লেখেন, এরপর তিনি বাংলাদেশেই থাকবেন না।

    তার এই পোস্ট ব্যাপক শেয়ার হতে শুরু করে, বিভিন্নজন মন্তব্যও করে। এই বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনাও আসে নানাজনের মন্তব্যে। পরে নিজের পোস্ট সরিয়ে দেন তিনি।

    পরে আরেক পোস্টে তিনি লেখেন- “পোস্টটা অনলি মি করেছি কারণ পোস্টটা রাজনৈতিক উস্কানিমূলকভাবে শেয়ার করা হচ্ছিল। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টটা দিইনি। প্লাস আমার কলেজকে জড়ানো হচ্ছিল এই ব্যাপারে। ব্যাপারটার সাথে আমার কলেজের কোনো সম্পর্ক নাই।”

    তরুণী অভিযোগ তোলার পর পুলিশের নানা পর্যায়ে যোগাযোগ করা হলেও কেউ সত্যতা নিশ্চিত করতে পারেনি বুধবার রাতে।

    পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত পুলিশ পরিদর্শক বদিউজ্জামান বলেন, এই খবর শোনার পর সত্যতা জানতে বাংলামোটর ও আশে পাশে দায়িত্বরত প্রায় ৪০ জন পুলিশ সদস্যের সাথে কথা হয়েছে তার। “তারা এ ধরনের ঘটনার ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে,” বলেছিলেন এই পুলিশ কর্মকর্তা।

    ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেছিলেন, “আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের পুলিশের কেউ এ বিষয়টি জানেন না বা কাউকে এ ধরনের সাহায্য করেনি। এছাড়া পুলিশের কাছে কেউ অভিযোগও করেনি।”

    তবে ঘটনাটির সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি। বাংলামোটরে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মোরশেদুল আলম বলেন, তাদের যে সব সদস্য এখানে দায়িত্ব পালন করেছেন তাদের প্রায় প্রত্যেকের কাছে এই খবরের বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি। “কিন্তু এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না,” বলেছিলেন তিনি।

    এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, বুধবার রাতেই ওই তরুণীর বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলে আসেন পুলিশ কর্মকর্তারা।

    বুধবার রাজধানীর পথে এই ধরনের বিরূপ অভিজ্ঞতার মুখে পড়ার কথা জানিয়ে আরও কয়েকজন নারী ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

    এই ধরনের ঘটনাকে ‘দুঃখজনক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নজরে যেগুলো এসেছে, সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘টেলিফোনে সাক্ষাৎকার দেবেন না’ বলে বিষয়টি এড়িয়ে যান।

    রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, তার কাছে কোনো ভিডিও ফুটেজ নেই। অন্য কোনো সংস্থার কাছে আছে কি না, তাও তার জানা নেই।

    র‌্যাবের মহাপরিচালক মুফতি মাহমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ভিডিও ফুটেজ বা এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।”

  • চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবিতে নিখোঁজ ২ মুসল্লির লাশ উদ্ধার

    চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবিতে নিখোঁজ ২ মুসল্লির লাশ উদ্ধার

    শেখ মুমন :

    বরিশালের চরমোনাই লঞ্চঘাট এলাকায় মুসল্লিবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।  এ দুই মুসল্লির মরদেহ চরমোনাই মাহফিল প্রাঙ্গনে রাখা হয়েছে।বাদ জুমা ,তাদের নামাজে জানাজা সম্পন্ন হয়।

    উল্লেখ্য গত বুধবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। বরিশাল নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রলারটি চরবাড়িয়ার প্রান্ত থেকে কীতর্নখোলা নদী পাড়ি দিয়ে চরমোনাই লঞ্চঘাটে দিকে আসে।

    এ সময় ঘাটে থাকা কীর্তনখোলা ১০ লঞ্চের পেছনে নোঙর করে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের তুলতে গিয়ে ট্রলারটি কাত হয়ে যায়। পেছনে থাকা অন্য একটি ট্রলার ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই মুসল্লি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

  • রাশিয়ার ওপর হামলা হলে মানবসভ্যতার বিপর্যয় হবে

    রাশিয়ার ওপর হামলা হলে মানবসভ্যতার বিপর্যয় হবে

    নাম উল্লেখ না করে আমেরিকাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার ওপর কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে এমন জবাব দেওয়া হবে, যা মানবসভ্যতায় বিপর্যয় নেমে আসবে।

    বুধবার এক সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ‘কেউ যদি রাশিয়াকে ধ্বংসের সিদ্ধান্ত নেয়, তাহলে তখন আমাদের পাল্টা হামলা চালানোর বৈধ অধিকার আছে। হামলা হলে বিশ্বব্যাপী মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে। কিন্তু রাশিয়ার একজন নাগরিক হিসেবে ও রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আমি জানতে চাই- যদি রাশিয়া না থাকে তাহলে কী ধরনের বিশ্ব হবে?”

    পুতিন পরিষ্কার করে বলেন, রাশিয়া পরমাণু হামলার শিকার না হলে কখনোই অন্য কোনো দেশের ওপর মস্কো পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবে না।

    তিনি আরও বলেন, “পরমাণু হামলার সিদ্ধান্ত কেবল তখনই নেবো যখন আমাদের সতর্কীকরণ ব্যবস্থা শুধু শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করবে না। বরং যখন শত্রুর ক্ষেপণাস্ত্রের গতিপথ সঠিকভাবে চিহ্নিত করতে পারবে এবং পরমাণু ওয়ারহেড রাশিয়ার ভূখণ্ডে পৌঁছাবে।”

    সপ্তাহখানিক আগে প্রেসিডেন্ট পুতিন তার বার্ষিক ‘ইউনিয়ন অব দ্যা স্টেট’ বক্তৃতায় বলেছিলেন, ‘কেউ যদি রাশিয়ার ওপর হামলা চালায়, তবে তারাও পাল্টা পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে।’

    তিনি আরও বলেছিলেন, ‘রাশিয়াকে যে সাইজ ও ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র দিয়ে হামলা করা হবে, মস্কোও সেই সাইজের ও তেমন ক্ষমতাসম্পন্ন অস্ত্র দিয়ে হামলা চালাবে।

  • ভারতে এবার ‘গান্ধীজি’র চশমা খুলে নিল দুর্বৃত্তরা

    ভারতে এবার ‘গান্ধীজি’র চশমা খুলে নিল দুর্বৃত্তরা

    ভারত জুড়ে মূর্তি ভাঙার ঘটনা চলছেই। এবার দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ওপর হামলা চালাল দুর্বৃত্তরা। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর, খুলে নেওয়া হল তাঁর চোখের চশমা। ঘটনাটি ঘটেছে দেশটির কেরলের কান্নুর জেলার তালিপারাম্ব এলাকায়।

    বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ তালিপারাম্ব তালুক কার্যালয় চত্তরে অবস্থিত গান্ধীর একটি মূর্তির ওপর হামলা চালায় বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এক অপরিচিত ব্যক্তি প্রথমে গান্ধীর চোখের চশমাটি খুলে নেয়। এরপর গান্ধীর গলা থেকে মালা খুলে নেওয়া হয়। শেষে মূর্তিকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন ওই অভিযুক্ত ব্যক্তি।  এসময় পাশে থাকা অনেকেই ওই ঘটনার ছবি তাদের মোবাইলে ধারণ করেন।

    ঘটনার পরই তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। মোবাইলের ছবি দেখে অভিযুক্তকে সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানা গেছে।

    অন্যদিকে বুধবার রাতে উত্তর চেন্নাই’এর তিরুভত্তিউর-এ  সংবিধানের রচয়িতা বি.আর.আম্বেদকরের মূর্তিতে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে।
    উল্লেখ্য ভারতের ত্রিপুরায় রাজনৈতিক পালা বদলের পরই গত সোমবার রাতেই দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরে ভ্লাদিমির লেনিন মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর থেকেই গত তিন দিন ধরে কলকাতা, উত্তরপ্রদেশ, তামিলনাড়–, কেরলে একের পর এক মূর্তি ভাঙার ঘটনা ঘটে চলেছে।

    দেশজুড়ে এই মূর্তি ভাঙার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদানের কথাও বলেছেন তিনি। বিষয়টি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’এর সঙ্গে কথাও বলেছেন মোদি। এরপরই এই ঘটনা বন্ধ করতে রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার পরও মূর্তি ভাঙার রাজনীতি চলছেই।

  • খালেদার জামিন বিষয়ে আদেশ রবিবার

    খালেদার জামিন বিষয়ে আদেশ রবিবার

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামী রবিবার আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

    খালেদা জিয়ার আইনজীবীদের এ বিষয়ে করা এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

    জয়নুল আবদীন আদালতে বলেন, বিচারিক আদালত থেকে নথি আসা সংক্রান্ত আদেশের ১৬ দিন পেরিয়ে গেছে। নথি এসেছে কি না আমরা জানি না। তখন আদালত বলেন, এ বিষয়ে রবিবার আদেশ দেওয়া হবে।

    প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক ড. মো. আখতারুজ্জামান। খালেদা জিয়ার পাশাপাশি তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    রায় ঘোষণার পরপরই কঠোর নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার ভবনে। সেই দিন থেকে এখনো কারাগারেই রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

    রায় ঘোষণার ১১দিন পর গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সার্টিফাইড কপি বা অনুলিপি হাতে পান। পরদিন বিকেল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার জিয়ার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার কায়সার কামাল আপিল (ক্রিমিনাল আপিল নং- ১৬৭৩/১৮) দায়ের করেন। এরপর শুনানির দিন ধার্য করা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্ট বলেন, বিচারিক আদালত থেকে নথি আসার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

  • প্রিয়াঙ্কার মা ‘পাগল’ হয়ে গেছে!

    প্রিয়াঙ্কার মা ‘পাগল’ হয়ে গেছে!

    প্রিয়াঙ্কা চোপড়ার মা মাধু চোপড়া পাগল হয়ে গেছে! একথা শুনে বলিউড অভিনেত্রীর অনেক ভক্ত কষ্ট পেতে পারেন। কিন্তু আসলে এই কথাটি বলেছিলেন বলিউড অভিনেত্রীর অনেক সহকর্মী। কিন্তু কেন?

    ভারতীয় গণমাধ্যমের খবর, প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা শুরুতে একটি ভোজপুরি ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাদের এই সিদ্ধান্তের জেরেই প্রিয়াঙ্কা এবং তার মাকে এভাবে কটাক্ষ করেছিল ইন্ড্রাস্টির বহু মানুষ।

    ২০১৫ সালে মা-কে নিয়ে পার্পেল পেবেল পিকচার্স নামের নিজের প্রযোজনা সংস্থা শুরু করেন প্রিয়াঙ্কা। ২০১৬ সালে ওই প্রডাকশন হাউসের ব্যানারে মুক্তি পায় ‘বাম বাম বোল রাহা হ্যায় কাশি’ নামের ভোজপুরি ছবি। ছবিটি যখন মুক্তির জন্য অপেক্ষায় তখন প্রিয়াঙ্কাকে তার বলিউড সহকর্মীই বলেছিলেন, এটা মোটেই অভিনেত্রীর ব্র্যান্ড ইমেজের সঙ্গে যায় না। তার মা পাগল হয়ে গেছেন, আর সেই পরামর্শে তিনি এই কাজ করছেন।

    যদিও প্রিয়াঙ্কা কেবল ব্যবসায়িক উদ্দেশ্যেই ছবিটি প্রযোজনা করেননি। নায়িকার দাবি, শুধু হিন্দি নয়, ভারতের সমস্ত ভাষার ছবিকেই সমান প্রাধান্য দেওয়া উচিত। প্রিয়াঙ্কার মতে, ভালো করলেও ভারতের বিভিন্ন প্রাদেশিক ছবি প্রচার এবং ডিস্ট্রিবিউশনের অভাবে সঠিকভাবে দর্শকের নজরে আসে না।

    প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পেল পেবেল পিকচার্স’ প্রযোজনা সংস্থার আজ তিন বছর। এই তিন বছরে তারা নয়টি ছবি প্রযোজনা করেছেন। তার মধ্যে রয়েছে অাসামি, মারাঠি, পঞ্জাবি, সিকিমিও রয়েছে।

  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই কয়েক লাখ টাকা পাবেন প্রিয়া

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই কয়েক লাখ টাকা পাবেন প্রিয়া

    চোখের ইশারায় এরই মধ্যে ভারতসহ বিশ্বের লাখ লাখ তরুণকে ঘায়েল করেছেন কাজলকালো চোখের প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ভুরু নাচিয়ে তিনি জনপ্রিয়তার এতটাই শীর্ষে পৌঁছেছেন যে কিছু কোম্পানি নাকি তাকে স্যোশাল মিডিয়ায় একটা পোস্টের জন্য কয়েক লাখ টাকা করে দিতে যাচ্ছে।

    বর্তমানে প্রিয়ার ইনস্টাগ্রামে নাকি ৫.১ ফলোয়ার্স। বেশ কিছু ব্র্যান্ড এবং কোম্পানি চান প্রিয়া ইনস্টাগ্রামে তাদের প্রোমোট করুক। ইনস্টাগ্রামের মাধ্যমে প্রিয়া যদি তাদের ব্র্যান্ডকে প্রোমোট করে তাহলে তারা কয়েক লাখ টাকা দিতেও রাজি। ইতোমধ্যে তাকে আট লাখ টাকা অফার করেছে একটি কোম্পানি।

    বলিউডের বেশ কিছু অভিনেত্রী ইনস্টাগ্রামে নানা রকম ব্র্যান্ডের প্রমোশন করে কোটি টাকা উপার্জন করছেন মাত্র একটি পোস্টেই। এবার সেই তালিকায় নাম লিখাতে যাচ্ছেন প্রিয়া প্রকাশ।

  • মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে

    মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের মেধা কাজে লাগাতে হবে। নারীদের এগিয়ে আসতে হবে অর্থনীতির সব পর্যায়ে।

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীর হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

    নানান বাধা সত্ত্বেও প্রতিটি পর্যায়ে সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যতই নারীর অধিকার নারীর বলে স্লোগান দেই। অধিকার তো আর হেঁটে আসবে না। নারীর অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মেয়েদের বসে থাকলে হবে না। নিজের পায়ে দাঁড়াতে হবে।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

  • বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ২ জনের বিরুদ্ধে মামলা

    বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ২ জনের বিরুদ্ধে মামলা

    বরিশালে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আটক দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।

    বুধবার (৭ মার্চ) পাবলিক পরীক্ষা আইনে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করে পুলিশ। রাতে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়,  মঙ্গলবার (৬ মার্চ) বিকেল ৩টায় বরিশালের সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পুলিশ কনস্টেবল পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষাচলাকালে বাকেরগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমল চন্দ্র শীলের ছেলে শেখ চন্দ্র শীল নামে এক পরীক্ষার্থী গোপনে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। যা হলের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। মোবাইল ফোনটি চেক করে দেখা যায়। পরীক্ষার্থীর ব্যবহৃত শেখর রায় তুর্জ (Shakear Roy Turzo) নামে ফেসবুক মেসেঞ্জার থেকে প্রশ্নপত্রের ছবি তুলে মো. মাইনুল ইসলাম শাওনের ব্যবহৃত এফাবল নীল (Affable Nil) নামক ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়। মো. মাইনুল ইসলাম শাওন তার ব্যবহৃত (Affable Nil) মেসেঞ্জার থেকে ওই প্রশ্নপত্রের উত্তর তৈরি করে পুনরায় শেখর রায় তুর্জের (Shakear Roy Turzo) মেসেঞ্জারে পাঠিয়েছেন। যে উত্তর শেখর রায়ের খাতায় লিখিত উত্তরে সঙ্গে হুবহু মিল পাওয়া যায়।

    ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে পুলিশ শেখর চন্দ্র শীলকে আটক ও সিমসহ তার মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত বাকেরগঞ্জ সদরের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে মো. মাইনুল ইসলাম শাওনকেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ও মামলার তদন্ত চলমান রয়েছে।