Author: banglarmukh official

  • নয়াপল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি

    নয়াপল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হিসেবে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।

    বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

    রিজভী বলেন, যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া না হয়, তাহলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সিটি করপোরেশন ও পুলিশকে চিঠিও দিয়েছি।

    দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, দীপেন দেওয়ান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • দেবিদ্বারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আহত ১২

    দেবিদ্বারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আহত ১২

    কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কম্পক্ষে ১২ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার পান্নারপুল নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা জনতা পরিবহনটি পান্নারপুল এলাকায় আসলে গ্যাস সিরিন্ডারটি বাস থেকে ছিটকে পরে পিছনের চাকায় চাপা পরে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরলে তারা দিগ্বিদিক ছুটা ছুটি করে, আবার কেউ গাড়ির জানালা দিয়ে লাফিয়ে পরে আহত হয়। দেবিদ্বার উপজেলার কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল সূত্র জানা যায় এ ঘটনায় কম পক্ষে ১২জন যাত্রী আহত হয়েছে।

  • পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে কেন্দ্রে না গেলে বাদ

    পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে কেন্দ্রে না গেলে বাদ

    এসএসসি পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে আর পরীক্ষাকক্ষে ঢুকতে দেওয়া হবে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এতে বলা হয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

    নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    আগামী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে।

    মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক করার কথা গত বছরের ২৪ অক্টোবর জানায় সরকার।

  • মেনন-আনিসুল-মঞ্জু-তারানার দফতর বদল

    মেনন-আনিসুল-মঞ্জু-তারানার দফতর বদল

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার শেষ সময়ে এসে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দফতর বদল বা পুর্নবণ্টন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

    ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, মঞ্জু জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।

    এদিকে, রাষ্ট্রপতির কাছে গতকাল মঙ্গলবার শপথ নেওয়া তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকেও দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ পদোন্নতি পাওয়ার পর ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।

    এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে এবং প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

  • এ্যাংকর সিমেন্ট কোম্পানির চেয়ারম্যানের ইন্তেকাল

    এ্যাংকর সিমেন্ট কোম্পানির চেয়ারম্যানের ইন্তেকাল

    বরিশাল নগরীর এ্যাংকর সিমেন্ট কোম্পানি ও খান সন্স গ্রুপ অব কোম্পানির স্বত্ত্বাধিকারী মজিবর রহমান খান (৭০) ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি…………রাজিউন)।

    বুধবার সকালে লন্ডনের কার্নিভালের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। মজিবর রহমানের শ্যালক তাজবির জামান রানা জানান, মজিবর রহমান খান গত ডিসেম্বর মাসের প্রথম দিকে আমেরিকায় যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১১ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডনের কার্নিভালে তাকে নিয়ে যাওয়া হয়।

    সেখানকার চিকিৎসকদের বরাত দিয়ে রানা আরও জানান, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মজিবর রহমানের মরদেহের সঙ্গে তার স্ত্রী জুলিয়া রহমান রয়েছেন। রানা জানিয়েছেন, মরদেহ আনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ মৃতদেহ দেশে আসবে সেই বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এদিকে মজিবর রহমানের মৃত্যুতে বরিশালে এ্যাংকর সিমেন্ট ও খান সন্স গ্রুপ অব কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বইছে শোকের ছায়া।

  • ভুল বুঝিয়ে পুরুষ বন্ধাকরণ করার অভিযোগে নারী দালাল আটক

    ভুল বুঝিয়ে পুরুষ বন্ধাকরণ করার অভিযোগে নারী দালাল আটক

    বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে মতামত না নিয়েই পুরুষ বন্ধা করণ করার অভিযোগে এক নারী দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এস.আই মোশারেফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেকসোনা বেগম (৪০) নামের ওই নারী দালালকে আটক করেন। সংস্লিষ্ট সূত্রে জানা গেছে ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ চলছে। এ সময় টার্গেট ফিলাপ করতে মরিয়া হয়ে উঠেছেন বানারীপাড়া উপজেলার ১টি পৌরসভা সহ ৮টি ইউনিয়নের এফ.ডব্লিউ.এ সহ সংস্লিষ্টরা।

    টার্গেট ফিলাপের ক্ষেত্রে তারা টাকার বিনিময়ে এলাকা ভিত্তিক পুরুষ ও মহিলা দালাল নিয়োগ করেছেন বলে জানাগেছে। ওই দালালদের টার্গেট দিয়েছেন এক জন পুরুষ ও মহিলাকে বন্ধা করণের জন্য তাদের কাছে নিয়ে আসতে পারলে নগদ ৫’শ টাকা করে দেওয়া হবে। সে অনুযায়ী হাবাগোবা পুরুষ ও মহিলার সন্ধানে দিন রাত কাজ করতে থাকেন উপজেলার উয়দকাঠী গ্রামের মৃত শহিদ হাওলাদারের স্ত্রী রেকসোনা বেগম। তিনি যখন যেখানে সহজ সরল লোক পাচ্ছেন তাকেই ওই বিষয়ে সঠিক তথ্য না দিয়ে ভূল বুঝিয়ে এফ.ডব্লিউ.এ’র মাধ্যমে বন্ধা করণ করাচ্ছেন। এ বিষয়ে জানা গেছে সোমবার সকালে উপজেলার সৈয়দকাঠী গ্রামের জেলে সুশীল নাটুয়া (৩২) বরিশাল’র কীর্তনখোলা নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করে বাসযোগে এসে বানারীপাড়া স্ট্যান্ডে নামেন। এ সময় উদয়কাঠী এলাকার রেকসোনা নামের ওই নারী দালাল তার পিছু নিয়ে তাকে স্বাস্থ্য ভাল করার জন্য সরকারী হাসপাতালে বিনা মূল্যে ভিটামিন ইনজেকশন, ১টি লুঙ্গি ও নগদ ৩ হাজার টাকা করে দেয়া হয় বলে জানান। দরিদ্র মৎস্য শিকারী সুশীল নাটুয়া ওই নারী দালালের কথা বিশস করে তার সাথে হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর ওই দিন বিকেল ৪টায় ডাক্তার মোঃ রফিকুল ইসলাম সহ সংস্লিষ্টরা তাকে পুরুষ বন্ধা করণ সম্পর্কে কোন ধরনের কাউন্সিলিং বা তার ব্যক্তিগত মতামত না নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ওটিতে তার পুরুষ বন্ধা করন অপারেশন করেন।

    অপারেশন শেষে তাকে সরকারী নিয়ম অনুযায়ী ৩ হাজার টাকা ও প্রয়োজনীয় ঔষধ পত্র দেয়ার নিয়ম থাকলেও শুধু মাত্র ১৩’শ টাকা ও ১টি লুঙ্গি দিয়ে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। পরে তিনি জানতে পারেন তাকে ভিটামিন ইনজেকশন দেয়ার কথা বলে পুরুষ বন্ধা করন করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে নারী দালাল রেকসোনাকে আসামী করে মঙ্গলবার সকাল ১০টায় বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি (তদন্ত) মোঃ ফারুক খান ওই অভিযোগ তদন্ত করার জন্য এস.আই মোশারেফ হোসেনকে নির্দেশ দেন। এস.আই মোশারেফ ওই দিন বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত করতে যান। এ সময় তার তদন্তে বেড়িয়ে আসে থলের বিড়াল। তিনি জানতে পারেন মাছ শিকারী সুশীলকে বন্ধা করন করার বিষয়ে মিথ্যা তথ্য দেয়া রেকসোনা সৈয়দকাঠী এলাকার এফ.ডব্লিউ.এ শারমিন আক্তারের দালাল এবং সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছেন। রেকসোনা বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় দু’ঘন্টা ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র বাথরুমে পালিয়ে থাকেন। পুলিশ ওই বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। পরে সে বাথরুম থেকে বাইরে বেড়িয়ে আসলে পুলিশ তাকে আটক করে।এ বিষয়ে ওসি (তদন্ত) মোঃ ফারুক খান জানান তদন্ত পূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    এদিকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা (ইউ.এফ.পি.ও) মোঃ মেহেদী হাসান জানান আমি এ ব্যাপারে কিছুই জানিনা,জানেন মেডিকেল অফিসার ডা. নাঈমা খান। এ বিষয়ে ডা.নাঈমা খান জানান আটক রেকসোনা বেগম তাদের সংস্লিষ্ট কেউ না। কোন ব্যাক্তিকে বন্ধা করণ করার পূর্বে তাকে তিন ধাপে কাউন্সিলিং করা হয়। এ ক্ষেত্রে কাগজপত্রে তাকেও তিন ধাপে কাউন্সিলিং করা হয়েছে বলে তার কাছে ডকুমেন্টস রয়েছে । এ বিষয়ে ভূক্তভোগী সুুশীল নাটুয়া জানান তাকে কোন ধরনের কাউন্সিলিং না করেই ভিটামিন ইনজেকশন দিলে তার স্বাস্থ্য ভাল হয়ে যাবে বলে এফ.ডব্লিউ.এ শারমিন খানম তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এদিকে এফ.ডব্লিউ.এ শারমিন খানমের মুঠোফোনের নম্বর অফিসের কেউই জানেন না বলে জানালে,তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    প্রসঙ্গত বানারীপাড়ায় সব সময় সহজ সরল,অসচেতন, হতদরিদ্র ও নিরক্ষর নারী-পুরুষদের ভুল বুঝিয়ে বন্ধাকরণ করা হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

  • বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আানন্দব র্যালী ৬ ই জানুয়ারি।

    বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আানন্দব র্যালী ৬ ই জানুয়ারি।

    রাকিব সিকদার

    বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ঠা জানুয়ারী। সংগঠনটির ৭০ বছরে নানা আনন্দ র‌্যালী, রক্তদান কর্মসূচী, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচী নিয়েছে সংগঠনটি। তবে যানজটে জনভোগান্তির কথা বিবেচনা করে এ বছর ৪ জানুয়ারী র‌্যালী না করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। নির্ধারিত আনন্দ র‌্যালীটি অনুষ্ঠিত হবে সরকারী ছুটির দিন শনিবার সকাল ১০ টায়। সোমবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতার নিজ হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এ লক্ষ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নানা কর্মসূচী নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বেশকয়েকটি উপ-কমিটি করা হয়েছে। নেয়া হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা। কর্মসূচীগুলোর মধ্যে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সাড়ে ৭ টায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সকাল ১০ টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা। ওইদিন রাজধানী ছাড়া দেশের অন্য সকল ইউনিটে আনন্দ র‌্যালী করা হবে। ৫ জানুয়ারী শুক্রবার রাজধানীসহ সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে ছাত্রলীগ। ৬ জানুয়ারী সকাল ১০ টায় ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়াও, ঢাকা বিশ^বিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং রাজধানীতে অবস্থিত ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা র‌্যালীতে অংশ নেবেন।

    ৮ জানুয়ারী সোমবার দুপুর ২ টায় ঢাবি,র সোপার্জিত স্বাধীনতা চত্বরে দুঃস্থদের মাঝে শীতবসন্ত্র বিতরণ, ৯ জানুয়ারি মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ১১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১০ টায় অপরাজেয় বাংলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার কর্মসূচী নেয়া হয়েছে। ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা জানান, ৪ তারিখ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও ওইদিন সরকারী ছুটি না হওয়ায় ঢাকায় আমরা কোনো আনন্দ র‌্যালী করব না। কিন্তু অন্যান্য কর্মসূচী পালন করা হবে। গত বছর আমাদের সিদ্ধান্ত ছিল সাধারণ জনগণের যেন কোনরকম দুর্ভোগ না হয় সে জন্য ছুটির দিন ছাড়া ছাত্রলীগ ঢাকার শহরে কোন আনন্দ র‌্যালী করবেনা। এবার আমরা সেটি বাস্তবায়ন করছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো

  • এনায়েত উল্লাহ সরকারি বিদ্যালয়ে নতুন বই পেল ৩০০’শ জন শিক্ষার্থী

    এনায়েত উল্লাহ সরকারি বিদ্যালয়ে নতুন বই পেল ৩০০’শ জন শিক্ষার্থী

    তানজীল শুভ :

    শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই শিক্ষা যেন আজ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে গিয়েছে। কেননা সরকার প্রতিবছরই এই শিক্ষাকে বেগবান করার জন্য প্রতিবছর অনেক বই বিনামূল্যে বিতরণ করে থাকেন।প্রতিবছরের ন্যায় এইবার ও বছরের শুরুতে সারাদেশব্যপী নতুন বই বিতরণ করা হয়।

    আর সারাদেশের মত এইবছর ও নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা বরিশালের অনেক আলোচিত প্রাইমারী স্কুল এনায়েত উল্লাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।১ জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় শিক্ষর্থীদের হাতে নতুন বই তুলে দেয় স্কুলের প্রধান শিক্ষিকা , সভাপতি, জমির দাঁতা জনাবএস এম রফিক উল্লাহ সহ অন্যান্য শিক্ষিকা বৃন্দ।স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বললে তিনি জানান, আমরা চাই শিক্ষার্থীরা যেন নতুন বই পাওয়ার আনন্দে বই গুলো বাসায় রেখে না দিয়ে পড়তে বসে। এবং বই গুলো যত্ন করে রাখে। এবং প্রতিদিন স্কুলে আসে। তিনি গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলেন। তারা যেন তাদের শিশুদের ভাল ভাবে দেখা শুনা করে যাতে করে তারা প্রতিদিন স্কুলে আসে এবং নিয়মিত ক্লাসের পড়া শিখে আসে। তাহলে তারা আরো ভাল ফলাফল করতে পারবে।সবশেষে তিনি সরকারকে কৃতজ্ঞতা জানান এবং শিক্ষার্থীদের উজ্জল ভবিষৎ কামনা করেন।

  • শপথ নিলেন তিন মন্ত্রী, এক প্রতিমন্ত্রী

    সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণে শপথ নিলেন আরও তিনজন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

    পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সংসদ সদস্য (রাজবাড়ী-১) কাজী কেরামত আলী।

    শপথ নেওয়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনও জানানো হয়নি।এর আগে, ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় রদবদল আনা হয়।

  • পরীক্ষায় মেয়ে দ্বিতীয় হওয়ায় শিক্ষক পেটালেন বাবা!

    পরীক্ষায় মেয়ে দ্বিতীয় হওয়ায় শিক্ষক পেটালেন বাবা!

    সিলেটে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান পাওয়ায় এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছেন মেয়েটির বাবা। সোমবার জকিগঞ্জ উপজেলার গোটারগ্রাম ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

    জানা যায়, স্থানীয় হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী নাঈমা হক লস্করের রোল ছিল এক। গেল বার্ষিক পরীক্ষায় সে দ্বিতীয় হয়। এ নিয়ে গত রবিবার তার বাবা বদরুল হক লস্কর বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের প্রতি উত্তেজিত হয়ে ওঠেন। এ বিষয়ে গত সোমবার শিক্ষকরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ লস্করের কাছে বিচার দেন। তখন সেখানে থাকা বদরুল হক লস্কর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালমান শিব্বিরকে পিটিয়ে আহত করেন।

    সহকারী শিক্ষক আবু সালমান শিব্বির বলেন, জনসম্মুখে আমাকে পিটুনি দিয়েছেন বদরুল হক লস্কর। বিষয়টি মীমাংসার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি চেষ্টা করছে।

    অভিযুক্ত বদরুল হক লস্কর বলেন, আমি বিদ্যালয়ের লেখাপড়ার মান নিয়ে কথা বললে ওই শিক্ষক আমার উপর রাগান্বিত হয়ে খারাপ আচরণ করেন। তিনি আমাকে ঘুষি মারলে আমিও শিক্ষককে পাল্টা জবাব দেই।

    হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলম বলেন, শিক্ষক আবু সালমান শিব্বির জনসম্মুখে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনা দুঃখজনক।

    জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার বলেন, আমরা শিক্ষকের উপর নির্যাতনকারী অভিভাবকের দৃষ্টান্তমূলক বিচার চাই।

    জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম বলেন, আমি অফিসের কাজে ঢাকায় রয়েছি। ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছেন এলাকার বিশিষ্টজনরা। সম্মানজনকভাবে সমাধান না হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।