Category: জাতীয়

  • ৪ ডিসির রদবদল

    ৪ ডিসির রদবদল

    বঞ্চিত কর্মকর্তাদের অসন্তোষের পর দেশের নবনিযুক্ত ৫৯ ডিসির মধ্যে আট ডিসির নিয়োগ বাতিল করার পাশাপাশি চার জেলার ডিসি রদবদল করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

    বদলি হওয়াদের মধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইল, নাটোরে ডিসিকে লক্ষ্মীপুর এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

    সিনিয়র সচিব বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট তৈরি করা হয়। সেই কমিটি আজকে বসেছিল। পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, ইতোমধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে। ্একই সঙ্গে ৪ জেলায় রদবদল করা হয়েছে। 

  • সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

    প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

    বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সম্প্রচার করবে।

  • নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল

    নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল

    সদ্য নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    বুধবার (১১ সেপ্টেম্বর) সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    সিনিয়র সচিব বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।

    বাতিল হওয়া ৮ জেলার মধ্যে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া, দিনাজপুর, শরিয়তপুর ও লক্ষ্মীপুর।

    এর আগে গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা।

  • দুর্গাপূজার আয়োজন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    দুর্গাপূজার আয়োজন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    আগামী ১৩ অক্টোবর সারা দেশে অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে যেন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তাছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যাতে সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারে, সেজন্য অসচ্ছল মন্দিরগুলোর অনুকূলে এবার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ দ্বিগুণ করে ৪ কোটি টাকা করা হয়েছে।

    মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে এই সভার আয়োজন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে রয়েছে পূজামণ্ডপ নির্মাণকালে নিরাপত্তা ও পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ। পূজামণ্ডপগুলোকে আইপি ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট ইউএনও অফিস ও থানা কর্তৃক মনিটরিং করা। সার্বক্ষণিক মনিটরিং/সেবা প্রদানের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ বিশেষ টিম গঠন করা।স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেওয়া। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাবের টহল নিশ্চিত করা।দুর্গাপূজা চলাকালীন পূজামণ্ডপ ও পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, সাদা পোশাকে পুলিশ, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা।পূজা উদযাপনকালে প্রতিটি পূজামণ্ডপে আনসার ফোর্স নিয়োজিত রাখা।সীমান্ত এলাকায় স্থাপিত পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি কর্তৃক সতর্কতামূলক কার্যক্রম/পদক্ষেপ গ্রহণ করা। অনুরূপভাবে উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক নিরাপত্তা প্রদান করা।বড় বড় পূজামণ্ডপগুলোতে র‌্যাব ও পুলিশের বিশেষ টহল এবং নজরদারি বৃদ্ধি করা।

    এ ছাড়া দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।পূজামণ্ডপে অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনারোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল/নৌপুলিশ/কোস্টগার্ডের ডুবুরি দলকে প্রস্তুত রাখা ও উদ্ধার কার্যক্রম গ্রহণ। সন্ধ্যা ৭টার মধ্যে স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম শেষ করা।প্রত্যেক পূজামণ্ডপে স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর/মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া।পূজামণ্ডপে আসা শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।ঢাকাসহ সারা দেশে বিশেষ করে পূজামণ্ডপ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। বিকল্প হিসেবে পূজামণ্ডপে জেনারেটরের ব্যবস্থা রাখা।সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকে পূজামণ্ডপের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এবং পাহারাদার নিয়োজিত করা।দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর বিশেষ করে পুরান ঢাকা, নবাবপুর রাস্তাসহ সারা দেশের পূজামণ্ডপ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।পূজামণ্ডপের আশেপাশের ডাস্টবিন, রাস্তা, ড্রেন, নালা, পুকুর এবং প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহৃত রাস্তাঘাট সংস্কার/মেরামতকরণ।পুলিশ সদর দপ্তর, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারের কার্যালয়, জেলা সদরে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা।আজান ও নামাজের সময়ে মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে পূজা চলাকালে এবং বিসর্জনকালে শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা।যেখানে ছাত্র সমন্বয়দের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন, সেখানে তাদের অন্তর্ভুক্ত করা।স্বরাষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন এনটিএমসির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় গুজব মনিটরিং করা।জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন এবং মনিটরিং করা।

  • শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন: ড. ইউনূস

    শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন: ড. ইউনূস

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই।

    মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সহযোগিতা চান তিনি।

    ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি, সামুদ্রিক, শিল্প, যুব, অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনাসহ সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে।

    অধ্যাপক ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ীসহ সবার সঙ্গে আমার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

    এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়।

    ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন জানান, তারা কৃষি, পানিসহ সম্ভাব্য ব্যবসার ক্লাস্টারে আরও ডাচ বিনিয়োগ আনবেন।

    বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং ডেপুটি ডাচ রাষ্ট্রদূত থিজ ওয়াউডস্ট্রা উপস্থিত ছিলেন।

  • আগামী সপ্তাহে বৈঠকে বসছে ঢাকা-ওয়াশিংটন

    আগামী সপ্তাহে বৈঠকে বসছে ঢাকা-ওয়াশিংটন

    বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।

    যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানকে উদ্ধৃত করে মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।

    ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র।

    প্রতিবেদন বলা হয়, বাংলাদেশের পক্ষে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসও। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ট্রেজারি ডিপার্টমেন্টের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএআইডি ও বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন।

    প্রতিবেদনে আরও বলা হয়, ব্রেন্ট নেইম্যান বলেছেন- বাংলাদেশ যেহেতু আর্থিক খাতে গভীর সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চাইছে, সেহেতু আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি বৈঠকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন।

    টানা কয়েক বছর ভালো প্রবৃদ্ধি ধরে রাখা বাংলাদেশ যখন আঞ্চলিক অর্থনীতিতে উদীয়মান সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছিল, তখনই করোনাভাইরাস মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি ও খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সঙ্কটে পড়ে বাংলাদেশকে আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ নিতে হয়।

    শেখ হাসিনার পতনের আন্দোলনে ব্যাপক সহিংসতা শুরু হলে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই দেশের অর্থনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছে।

  • আরও ৩৪ জেলায় নতুন ডিসি

    আরও ৩৪ জেলায় নতুন ডিসি

    দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

    এর মধ্যে অর্থ বিভাগের ড. মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিট পরিচালক (উপসচিব) মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোণা, আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী, উপ ওয়াকফ প্রশাসক ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের হাছিনা বেগমকে জামালপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সামাদকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমীকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানকে রাজশাহী, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষার পরিচালক (উপসচিব) মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপপ্রধান ফাতেমা তুল জান্নাতকে মুন্সীগঞ্জ, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আবদুল আজিজকে শরীয়তপুরে।

    এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। গত ২০ আগস্ট ওই ২৫ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছিল।

  • স্নিগ্ধকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত সমাজকল্যাণ উপদেষ্টা

    স্নিগ্ধকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত সমাজকল্যাণ উপদেষ্টা

    অনেকটাই অপ্রস্তুত, হঠাৎ পেছন থেকে কানের কাছে আওয়াজ-‘আমি মুগ্ধ’। ফিরে তাকাতেই স্নিগ্ধকে দেখে জড়িয়ে ধরেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ তার গলা দিয়ে কথা বের হয়নি।

    সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলন এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

    কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার পেছন থেকে এসে একটি ছেলে বলেন, ‘আমি মুগ্ধ। উপদেষ্টা সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরেন। খানিক পর কিছুটা ধাতস্থ হয়ে তিনি স্নিগ্ধর কাছে তার পরিবারের খোঁজখবর নেন। ধরা গলায় কথা বলতে বলতে তার মাথায়, গালে হাত বুলিয়ে দেন।

    এরপর উপদেষ্টা স্নিগ্ধকে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দেন। যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। স্নিগ্ধ যে কাজের জন্য এসেছে তা দ্রুত করে দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

    এরপর সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী বাচ্চাদের স্বপ্নপূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সে কথাটি কিন্তু আমরা কেউ এক মুহূর্তের জন্য ভুলি না। আপনারা লক্ষ্য করে দেখবেন- স্নিগ্ধ যখন এখানে ঢুকলো, আমাদের মুগ্ধর জমজ ভাই, আমি তো আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি, আমি জানি অনেকেই হয়তো পারেননি। আমাদের চোখের সামনে ভেসে ওঠে কী চরম আত্মত্যাগ এই বাচ্চাগুলো করেছে।

    ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ। গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি আন্দোলনে আসা শিক্ষার্থীদের পানি পান করাচ্ছিলেন। আন্দোলনের মধ্যে ‘পানি লাগবে, পানি’- মুগ্ধর এ কথা অনেকের হৃদয়ে গেঁথে আছে।

  • দুদকের ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল

    দুদকের ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল করা হয়েছে।

    সোমবার দুদকের কার্যালয়ের বদলি আদেশ সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

    এতে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।

  • অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

    অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিনের শপিং ব্যাগ এবং পলিপ্রোপিলিন ব্যাগ রাখা যাবে না। এসব ব্যাগ ক্রেতাদের দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। এ প্রক্রিয়া দেখভাল করার জন্য তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

    সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

    তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হবে। পত্রিকায়ও গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    পরিবেশ উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব সুপারশপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগ সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর ইএসডিও-এর সঙ্গে মিলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিবেশবান্ধব উপাদানে তৈরি, পাট বা বস্ত্রের ব্যাগ উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে। মেলায় সুপার শপের কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অন্যান্য মন্ত্রণালয় এবং সিএসডি বাজার, ইউনিমার্ট, চালডাল, হোলসেল ক্লাব, স্বপ্ন, আগোরা, মোস্তফা মার্ট, ডেইলি সুপার শপ, প্রিন্স বাজার লিমিটেড, শাপলা সুপার শপ, ইউনিমার্ট, আলমাস সুপার শপ, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিওসহ বিভিন্ন সুপার শপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।