Category: জাতীয়

  • আরও ২২ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি

    আরও ২২ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি

    উপসচিব থেকে যুগ্মসচিব পদে আরও ২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আলমগীর কবিরের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত রোববার (১৮ আগস্ট) ২০১ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্মসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

    প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অনেকেই গত আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত হয়েছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোন কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

    যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

    পরবর্তী সময়ে কোন কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    পদোন্নতি পেলেন যারা:

  • এস আলমের ৬ ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা

    এস আলমের ৬ ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা

    এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংক-  ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের  উপর ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

    নিষেধাজ্ঞা আরোপ করা বাংলাদেশ ব্যাংককের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

    চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

    গণঅভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে সরকারের প্রশ্রয়ে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ (এস আলম) ব্যাংকিং খাতে দোর্দণ্ড প্রতাপশালী এক ব্যক্তিতে পরিণত হন। খোদ ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের যোগসাজশ ও সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে ব্যাংক দখল, একাধিক ব্যাংকের লাইসেন্স নেওয়া, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণের আড়ালে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

  • সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

    সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

    বেসরকারি টেলিভিশন চ্যালেন সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    গত ১০ আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়। সেই দায়িত্ব দেওয়া হয় কোম্পানির পরিচালক শম্পা রহমানকে। 

    ২০০৯ সালে লাইসেন্সের জন্য আবেদন করা সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শেষে ২০১১ সালের ১৭ এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে।

    লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরের নামে ৯৩ শতাংশ শেয়ার ছিল। ব্যবসায়িক ও পারিবারিক সূত্রের তথ্য, এর মধ্যে ৯০ শতাংশ শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজে কলমে তা ছিল আহমেদ জোবায়েরের নামে।

    অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলামের ৩ শতাংশ এবং নিয়াজ মোরশেদ ও তুষার আবদুল্লাহর ২ শতাংশ করে শেয়ার ছিল।

    এরপর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপ সময় টেলিভিশনে ৬৫ কোটি টাকা বিনিয়োগ করে। তাদের কাছে ৭৫ শতাংশ শেয়ার ছেড়ে দেওয়া হয়। তবে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ জোবায়েরের মাধ্যমে মন্ত্রী কামরুলের পরিবারের কাছে থেকে যায়। 

  • ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ

    ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ

    সারা দেশের ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্থানীয় সরকার বিভাগ।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলার নিবার্হী কর্মকর্তাগণ অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

    পৃথক প্রজ্ঞাপনে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়।

    প্রশাসক নিয়োগের পুরো তালিকা

  • ৩২৩ পৌর মেয়র, ৪৯৩ উপজেলা ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ

    ৩২৩ পৌর মেয়র, ৪৯৩ উপজেলা ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ

    সারা দেশের ৩২৩ পৌরসভার মেয়র, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। রোববার এ ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    এছাড়া আলাদা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং জেলা পরিষদে জেলা প্রশাসকগণ (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

    উল্লেখ্য যে, ৪৯৫ উপজেলা ও ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে। গত ১৬ আগস্টের সরকারি তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।

    স্থানীয় সরকার বিভাগের সংশোধিত অধ্যাদেশগুলোর বিধান অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একইসঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

  • সাইফুজ্জামান, আছাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

    সাইফুজ্জামান, আছাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন।

    কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান।

    এরপরই তার সরকারের সময়ের মন্ত্রী-এমপি এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অর্থপাচারের তথ্য বেরিয়ে আসতে শুরু করে।

    ইতোমধ্যেই বেশ কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে, যারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

    গত বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার বেলা সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    গত ৬ আগস্ট বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়েছিল।

    এদিকে ১৩ আগস্ট জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

  • নিয়োগের ৩ দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হলো সচিব মোকাব্বিরকে

    নিয়োগের ৩ দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হলো সচিব মোকাব্বিরকে

    নিয়োগের তিন দিন পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে সরানো হলো জ্যেষ্ঠ সচিব মো. মোকাব্বির হোসেনকে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক আদেশে মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করার কথা জানিয়েছে।

    এর আগে গত ১৪ আগস্ট তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছিল। ওইদিনই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন। তার আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। 

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে সরকারের সুরক্ষায় মোকাব্বির শক্ত ভূমিকা নিয়েছিলেন বলে প্রশাসনে গুঞ্জন রয়েছে। গত ৭ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়াকে সরানোর পর সেখানেও নিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন আগের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শুক্রবার উপদেষ্টা পরিষদে রদবদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে।

    এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

  • ৫ জনকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার

    ৫ জনকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার

    অবসরে যাওয়া ৫ জন অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিব হওয়া এই কর্মকর্তাদের ৫জনই বিসিএস ৮২ ব্যাচের।

    শনিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    নিয়োগপ্রাপ্তরা হলেন- ড.নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়, এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়, ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

  • নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

    নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা ১৫ বছর আগে শুরু হলেও সম্প্রতি এই আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছে শিক্ষার্থীদের দু’জন সমন্বয়ক।

    এসবের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কি না এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। তবে এ বিষয়টি নাকচ করে দিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো আমরা গণমাধ্যম থেকেই জানছি। আমরা সারাদিন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়েই ব্যস্ত আছি। রাজনৈতিক বিষয়গুলো আলাপ-আলোচনার বাইরে হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে এগুলো নিয়ে কোনো আলাপ-আলোচনা হচ্ছে না।

    তিনি বলেন, ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল গঠনের বিষয়ে চিন্তা করার ফুসরত পাইনি। আমাদের মূল কনসার্ন এখন আহতদের পাশে দাঁড়ানো, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বেচ্ছাসেবী হিসেবে ভূমিকা রাখা।

    এই সমন্বয়ক আরও বলেন, মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে তারা আমাদের নিয়ে চিন্তা করছে ও ভাবছে। আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত। ফলে জনমত গঠন হবে। এতে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত। পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামো গঠনের বিষয়টি চিন্তা করা যেতে পারে।

  • মিথ্যা মামলায় বারবার যেতে হয়েছে লোহার খাঁচায়: উপদেষ্টা আসিফ

    মিথ্যা মামলায় বারবার যেতে হয়েছে লোহার খাঁচায়: উপদেষ্টা আসিফ

    সব অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    শনিবার ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ ‘আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা’ এই শিরোনামের একটি সংবাদ শেয়ার করেন।

    আসিফ মাহমুদ লেখেন, ছাত্রলীগ, আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়। শুনানি-হাজিরায় ছোট্ট একটা খাঁচায় আমাদের ২৪ জনকে ঢোকাতো।

    শুক্রবার বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে আসিফ মাহমুদকে এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে। 

    মো. বিল্লাল হোসেন ছেলে আসিফ রাজধানীর নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।