Category: জাতীয়

  • ছাত্র আন্দোলন: জামিন পেলেন ১৬ শিক্ষার্থী

    ছাত্র আন্দোলন: জামিন পেলেন ১৬ শিক্ষার্থী

    পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ছাত্রদের পক্ষ করা আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৯ আগস্ট) ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এবং সাইফুজ্জামান হিরু এসব শিক্ষার্থীকে জামিন দেন।
    বাড্ডা থানায় দায়ের করা মামলায় জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন-নুর মোহাম্মদ, জাহিদুল হক, মো. হাসান, রেদওয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, এ এইচ এম খালিদ রেজা,  রেজা রিফাত আখলাক, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ।
    ভাটারা থানার মামলায় জামিন পাওয়ারা হলেন মাসাদ মর্তুজা বিন আহাদ, সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, আজিজুল করিম অন্তর, মেহেদী হাসান, ফয়েজ আহম্মেদ আদনান।
    গত ৯ আগস্ট দুই দিনের রিমান্ড শেষে এসব শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলের ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার।
    বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তা জুলহাস মিয়া ও ভাটারা থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসান মাসুদ দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তখন তাদের কারাগারে পাঠান।
    এসব শিক্ষার্থী বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত। যাদের প্রথম ১৪ জন বাড্ডা থানার মামলায় এবং শেষের ৮ জন ভাটারা থানার মামলার আসামি। এর আগে গত ৭ আগস্ট ২২ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
  • সিলেটে চাকরি পেলেন ৬০ প্রতিবন্ধী

    সিলেটে চাকরি পেলেন ৬০ প্রতিবন্ধী

    সিলেটে প্রতিবন্ধীদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর নগরের আরামবাগ এলাকায় আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এই মেলায় প্রায় ৬০ জন প্রতিবন্ধী চাকরির নিশ্চয়তা পেয়েছেন।

    সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ-অ্যাবিলিটি নেটওয়ার্ক, বাংলাদেশ অ্যামপ্লোয়ার্স ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিবন্ধীদের এই চাকরি মেলার আয়োজন করে।

    মেলায় ২০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরির জন্য প্রতিবন্ধীদের কাছ থেকে চার শতাধিক আবেদনপত্র জমা পড়ে মেলায়।

    মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি ইমরান আহমদ। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, বাংলাদেশ অ্যামপ্লোয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের নির্বাহী কমিটির কো-চেয়ার সালাউদ্দিন কাশেম খান।

    অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বি-সেপ প্রজেক্টের ডিজেবিলিটি কনসালটেন্ট অ্যালবার্ট মোল্লা।

    অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজেবিলিটি নেটওয়ার্কের কো-চেয়ারম্যান মোর্তেজা আর খান, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নুরজ্জামান, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী, সিলেট চেম্বারের সহ-সভাপতি এমদাদ হোসেন, আলীম ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, ফুলকলির উপ-মহাব্যবস্থাপক জসিম উদ্দিন খন্দকার, লুব-রিফ বাংলাদেশ লি. এর পরিচালক সালাউদ্দিন ইউসুফ, মেলায় চাকরিপ্রাপ্ত প্রতিবন্ধীদের পক্ষে পল্লব সাহা ও আব্দুস সালাম বাবুল।

    অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী।

    চাকরি মেলা আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল জার্নি মেকার ডট কম, গ্রিন ডিজ-অ্যাবল্ড ফাউন্ডেশন, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল এবং আলীম ইন্ডাস্ট্রিজ লি.।

  • খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শনিবার রাতে খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এই কমিটি গঠন করেন।

    খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু ইউছুফকে আহ্বায়ক ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামছুল তাবরীজকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল, খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নয়নময় ত্রিপুরা এবং খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার।

    খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

    প্রসঙ্গত, শনিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ছয়জন নিহত হন।

  • বিষাক্ত রংয়ে মুখরোচক খাবার, মুন স্টারকে জরিমানা

    বিষাক্ত রংয়ে মুখরোচক খাবার, মুন স্টারকে জরিমানা

    খাদ্য আইন লঙ্ঘন করে বিষাক্ত রং ব্যবহার করে তৈরি হচ্ছে মুখরোচক সব খাবার। এ অপরাধে রাজধানীর কলাবাগানের মুন স্টার কাবাব অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আরও ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

    প্রতিষ্ঠানগুলো হলো- কলাবাগান এলাকার তেজপাতা রেস্টুরেন্ট, আলম রেস্তোরাঁ, রানা ফার্মেসি, হক ফার্মেসি, সজিব ফার্মেসি এবং কাকরাইলের বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

    শ‌নিবার রাজধানীর কলাবাগান ও কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় মোট ১ লাখ ৬৪ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

    এর ম‌ধ্যে তেজপাতা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, আলম রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা, রানা ফার্মেসিকে ১৫ হাজার টাকা, হক মেডিকেল স্টোরকে ২ হাজার টাকা, সজিব ফার্মেসিকে ২ হাজার টাকা এবং কাকরাইলের বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান প‌রিচালনা ক‌রেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সহযোগিতা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। এ সময় সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১ এর সদস্যরা।

    মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় আইন লঙ্ঘন করে ভেজাল সামগ্রী মিশিয়ে খাবার তৈরি করছে। মেশানো হচ্ছে বিষাক্ত ক্যামিক্যাল রং; যা খেয়ে ক্রেতারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে। এ অপরাধে মুন স্টার কাবার অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আজকে আরও ৬ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৪ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

  • পটুয়াখালীতে র‌্যাবের হাতে ওয়ান শুটার গানসহ শীর্ষ সন্ত্রাসী জুয়েল প্যাদা গ্রেফতার

    পটুয়াখালীতে র‌্যাবের হাতে ওয়ান শুটার গানসহ শীর্ষ সন্ত্রাসী জুয়েল প্যাদা গ্রেফতার

    র‌্যাব-৮ এর অভিযানে পটুয়াখালীর কলাপাড়া থেকে শীর্ষ সন্ত্রাসী জুয়েল প্যাদাকে (৩২) ওয়ান শুটার গানসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ১৭ আগস্ট রাত সাড়ে ১০টায় কলাপাড়া থানাধীন ৭নং ওয়ার্ডস্থ চাকামাইয়া পুরাতন ব্রিজ রোড সংলগ্ন মোকলেস স-মিলস এর সামনে পাকা রাস্তা উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জুয়েল প্যাদা(৩২) কলাপাড়া থানার টিয়াখালী মোঃ ফারুক প্যাদার ছেলে। র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সূত্রটি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ৭নং ওয়ার্ডস্থ চাকামাইয়া পুরাতন ব্রিজ রোড সংলগ্ন মোকলেস স-মিলস এর সামনে পাকা রাস্তা উপর একজন লোক অবৈধ অস্ত্র সহকারে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করিতেছে । প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ হাছান আলী, সিনিঃ সহকারী পরিচালক এর নেতৃত্বে আনুমানিক ২২.২০ ঘটিকায় উল্লিখিত ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে জুয়েল প্যাদাকে আটক করেন।

    এ সময় আসামী জুয়েলের শরীর তল্লাশী করে একটি ওয়ান শুটার গান, ০৪টি কার্তুজ, নগদ ১৫৫০/-টাকা, ০২টি মোবাইল সেট ও ৪টি সীম কার্ডসহ উদ্ধার করেন। জুয়েল প্যাদ্যার বিরুদ্ধে আমতলী থানার হত্যা ও অস্ত্র মামলাসহ, পটুয়াখালী কলাপাড়া থানায় ৭টি মামলার ওয়ারেন্ট আছে। এ ব্যাপারে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

  • বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি

    বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি

    বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন এর ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ সালের ২১ (একুশ) সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিগত ২৮ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় বরিশাল ক্লাব লি: এর গোলাম মাওলা কনভেনশন হলে (২য় তলা) বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সধারন সভার সিদ্ধান্তনুযায়ী এ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটি, সভাপতি ও সাধারন সম্পাদকের ১৬ আগষ্টের এর উপস্থিত সভায় ১ (এক) টি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়।

    নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডাঃ আনোয়ার হোসেন। অন্যান্য পদে যারা নির্বচিত হয়েছেন, সহ সভাপতি- মাহবুবুল আলম, ডা: মিজানুর রহমান, ডা: এস.এম. জাকির হোসেন, সানোয়ার হোসেন ও শহিদুল্লাহ কবির। যুগ্ম সাধারন সম্পাদক-লিয়াকত আলী লিকু, কাজী মিরাজ। এছাড়াও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন-ডা: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সোভন কুমার দাশ, প্রচার সম্পাদক শেখ সাইদ আহমেদ মান্না, সমাজসেবা সম্পাদক- হাবিবুর রহমান।

    নির্বাহী সদস্যরা হলেন- ডা: মোঃ শামসুল হক, ডা: মোঃ ইশতিয়াক হোসেন, ডা: মাসুদ আহম্মেদ, আব্দুল জলিল সিকদার, কাজী আফরোজা, কাজী মামুন, আক্তার ফারুক শাহিন, মাহাবুব আলম।

  • বরিশালে বিএনপি’র যুগ্ম মহাসচিব সরোয়ারের বাসভবন ঘেরাও

    বরিশালে বিএনপি’র যুগ্ম মহাসচিব সরোয়ারের বাসভবন ঘেরাও

    বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাস ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে ১নং ওয়ার্ডস্থ সরোয়ারের বাসভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন। বরিশাল জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী বলেন, ‘আমরা একটি খবর পেয়েছি যে ব্যবসায়ী লোকজনদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠনের পায়তারা চলছে।

     

    আমাদের দাবী হচ্ছে দীর্ঘদিন যারা মাঠে রয়েছে, হামলা মামলার শিকার হয়েছেন তাদের কমিটিতে জায়গা দেয়া হোক। কোনো সুখ পাখিকে জেলা ছাত্রদলের সভাপতি বা সম্পাদক করা হলে আমরা সেই কমিটি মেনে নেব না। কেননা দলের জন্য আমাদের ত্যাগ রয়েছে কিন্তু ওই ব্যবসায়ীদেরতো কোনো ত্যাগ নেই। তাই আমরা চাই দলের জন্য যাদের দিনের পর দিন জেল খাটতে হয়েছে তাদের কমিটিতে ভালো পদে রাখা হোক। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভরত ছাত্রদলের এক নেতা জানান, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পিকলু জমাদ্দার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু একটি চক্র তৈরী করে তারা জেলা ও মহানগরে ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টা করছে।

     

    এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পিকলু জমাদ্দার দুইজনেই মেহেন্দিগঞ্জের বাসিন্দা এবং তারা দুই বন্ধু হওয়ায় এই চার নেতার ম্যানেজ প্রক্রিয়া সহজ হয়ে গিয়েছে। এই বিষয়টি টের পেয়ে আমরা বিক্ষোভে নেমেছি। পাশাপাশি মহানগর ও জেলা বিএনপির নেতারাও এই বিষয়টির জন্য ক্ষুদ্ধ রয়েছেন। বিক্ষোভ কর্মসূচীতে বিএম কলেজ ছাত্রদল নেতা আসিফ আল মামুন, মো: মাসুমসহ কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং তারা ত্যাগী নেতাদের অগ্রাধিকারের দাবী জানান।

  • এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষনে বরিশালে ১৮ জনের ফল পরিবর্তন

    এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষনে বরিশালে ১৮ জনের ফল পরিবর্তন

    এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। শনিবার দুপুরে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

    প্রকাশিত ফলাফলের তথ্যানুযায়ী, পুনঃনিরীক্ষণের জন্য ৩ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী ১৪ হাজার ৬৬২ টি আবেদন করেন। যার মধ্যে পুনঃনিরীক্ষণে ১৮ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

    পরিবর্তিত ফলাফলের মধ্যে ২ জন ফেল থেকে পাশ করেছেন ও ২ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং বাকীদের গ্রেড উন্নয়ন হয়েছে।

  • বরিশালগামী লঞ্চের ধাক্কায় গরু বোঝাই ট্রলার ডুবি

    বরিশালগামী লঞ্চের ধাক্কায় গরু বোঝাই ট্রলার ডুবি

    নারায়ণগঞ্জের ফতুল্লায় বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৩১টি গরু ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ফতুল্লা লঞ্চ ঘাটের কাছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে এমভি ধুলিয়া-১ লঞ্চের ধাক্কায় এঘটনা ঘটে।

    নিখোঁজ গরুর মালিক সিরাজ বেপারীর ছেলে মনিরুল ইসলাম বলেন, টাঙ্গাইল থেকে ৩১টি গরু নিয়ে ফতুল্লা হাটে আসছিলাম। ফতুল্লা লঞ্চঘাটের কাছে সন্ধ্যায় আসামাত্র এমভি ধুলিয়া-১ বরিশালগামী লঞ্চ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

    তিনি বলেন, ৫টি গরু নিয়ে আমরা ৯জন তীরে উঠতে পারলেও বাকী ২৬টি গরু ও ট্রলারটি হদিস পাওয়া যায়নি।

    তিনি দাবি করেন, প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা।

    ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, লঞ্চচালক ফারুক হোসেনকে লঞ্চসহ আটক করা হয়েছে।

  • মির্জা ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল: কাদের

    মির্জা ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ বাংলাদেশের জন্য আবার দেশকে ‘স্বাধীন’ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান রাষ্ট্রদ্রোহের শামিল।

    গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ শুক্রবার সন্ধ্যায় ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

    ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার দুপুরে এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, ‘দেশের জনগণকে আহ্বান জানাব যে শুধু এই নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুন, আপনারা জেগে উঠুন। আপনারা দেশকে “স্বাধীন” করুন।’ তাঁর এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

    মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, এটা কি রাষ্ট্রদ্রোহিতার শামিল নয়? এর যদি বিচার করতে হয়, ফখরুলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করলে কি ভুল হবে?’ তিনি বলেন, ‘ফখরুল ইসলাম এখনো গ্রেপ্তার হননি, রাষ্ট্রদ্রোহিতার কথা বলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।’

    বিএনপির মহাসচিবের উদ্দেশে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কোন স্বাধীনতা? পাকিস্তানে ইমরান সরকার এসেছে, মহাখুশি—না?’ তিনি বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেব, অচিরেই টের পাবেন কত ধানে কত চাল।’ ফখরুল ইসলামের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নাকি এক-এগারোর কথা বলছে। ১/১১-এর পরিস্থিতি সৃষ্টি করার সব ধরনের ষড়যন্ত্র বিএনপি করেছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বাংলাদেশে আর ১/১১-এর পরিস্থিতি সৃষ্টি হবে না। জনগণ বিএনপির সব ধরনের চেষ্টা ব্যর্থ করে দেবে। এই ষড়যন্ত্র সফল হবে না।

    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গোপন বৈঠক চলছে। দেশে, বিদেশে ব্যাংককে বসে বৈঠক চলছে। গত সাত দিনে কারা ঘনঘন যাতায়াত করছে, সে খবর আমরা জানি। ব্যাংককে এখন ঘাঁটি করেছে। কারা কারা আসছেন, কারা যাচ্ছেন, কী কী কথা হচ্ছে, মনে করেছেন আমরা জানি না?’ তিনি বলেন, ‘ঢাকা অচল হবে না। বাংলাদেশ অচল করা যাবে না। বিএনপি অচল হয়ে যাবে। বিএনপি অচল হওয়ার সব উপাদান তারা যুক্ত করে ফেলেছে।’

    বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শক্তি কমে আসছে, তাই বিএনপির গলার জোর বেড়ে গেছে। কথা বলতে বলতে লাগামছাড়া হয়ে গেছে। প্রধানমন্ত্রীকেও আক্রমণ করে কথা বলছে বিএনপি। বিএনপি যত দিন আছে, দেশে তত দিন অশান্তির আগুন জ্বালাবে। তিনি আরও বলেন, বিএনপি বলে বুকের ওপর দানব সরকার। বিএনপি নামক সাম্প্রদায়িক দানব পার্টি বাংলাদেশে যত দিন থাকবে, এখানে অশান্তি দূর হবে না। দানব পার্টি যত দিন আছে, দেশে অশান্তির আগুন জ্বালাবে।

    গণমাধ্যমে ‘সরকারবিরোধী’ আন্দোলন চলছে, দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘কারা কারা পেছন থেকে ষড়যন্ত্রে বাতাস দিচ্ছে, আমরা জানি। এই বাতাস দেওয়া বন্ধ করুন। বিএনপি মাঠে না থাকলেও দু-একটা মিডিয়ার মধ্যে এই আন্দোলন আছে। টার্গেট হাসিনা সরকারকে উৎখাত করা। শেষ পর্যন্ত ইনশা আল্লাহ বাংলার জনগণ রুখে দাঁড়াবে।’

    মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ সভায় বক্তব্য দেন।