Category: জাতীয়

  • ৭৫ এর ১৫ আগষ্ট কালরাতে বেঁচে যাওয়া সেই শিশু ‘সাদিক’ আজ বরিশালের নগরপিতা

    ৭৫ এর ১৫ আগষ্ট কালরাতে বেঁচে যাওয়া সেই শিশু ‘সাদিক’ আজ বরিশালের নগরপিতা

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে বাবা ও মায়ের সঙ্গে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া স্বজনের রক্তে ভেজা সেই সময়ের দেড় বছরের শিশু আজকের বরিশালের রাজনীতির ‘আইকন’ যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। স্বল্প সময়ের মধ্যে নিজের মেধা,প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে পাদ প্রদীপের আলোয় আসা এক উদীয়মান
    সূর্য।যার আলোয় আলোকিত বরিশালের আওয়ামী রাজনীতির অঙ্গন। তিনি বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সর্বাপেক্ষা আলোচিত ও জনপ্রিয় এক নেতা।

    বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চূক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি ও স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বরিশাল জেলা আ’লীগের সভাপতি সিংহ পুরুষ খ্যাত জাতীয় নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পদাঙ্ক অনুসরণ করে মুজিব অন্তঃ প্রাণ সাদিক আব্দুল্লাহ নিজেকে শুধু যোগ্য উত্তরসুরী হিসেবেই নয় দলীয় নেতা-কর্মীদের আশা ও
    ভরসার প্রতীক হিসেবেও নিজেকে গড়ে তুলতে পেরেছেন।তাকে ঘিরেই বরিশালের মেয়র পদটি পুনরুদ্ধার করার স্বপ্ন-সাধ বুকে লালণ করছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

    বিএনপির কাছে বেদখল হয়ে যাওয়া সিটি মেয়রের পদটি পুনরুদ্ধার করার একমাত্র সক্ষমতা তারই রয়েছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা। তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে বরিশাল নগরীকে তিলোত্তমা এক অপরূপা শহরে রূপান্তর করতে পারবেন বলেও সবার বিশ্বাস। তাইতো ওই পদে প্রার্থী হিসেবে তাকে দাবী করে জেলা ও মহানগর আওয়ামীলীগ বর্ধিত সভা করে তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে তার নাম প্রস্থাব করে কেন্দ্রে পাঠিয়েছে।নেতা কর্মীদের ঐকান্তিক বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বাস্তবতার নিরিখে তাকেই মনোনয়ন দেবেন।১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে রক্তঝরা অচিন্তনীয় বিয়োগান্তক অধ্যায়ের শোকগাথাঁয় জাতির জন্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে দাদা তৎকালীণ কৃষিমন্ত্রী ও কৃষক কুলের নয়নের মনি আব্দুর রব সেরনিয়াবাত ও চার বছরের ভাই সুকান্ত আব্দুলাহ বাবু সহ পরিবারের অনেক স্বজনকে হারান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।সেদিন রাতে মৃত্যুর দুয়ার থেকে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অপার কৃপায় অলৌকিকভাবে বাবা আবুল হাসানাত আব্দুল্লাহ,বুলেটবিদ্ধ মা শাহানারা আব্দুল্লাহ ও তার কোলে থাকা দেড় বছরের শিশু পুত্র সাদিক আব্দুল্লাহ প্রাণে বেঁচে যান।শরীরে বেশ কয়েকটি বুলেট বহন করে অসহ্য যন্ত্রনা নিয়ে মা শাহানারা আব্দুল্লাহ ও বাবা আবুল হাসানাত আব্দুল্লাহর মতো সাদিক আব্দুল্লাহও আ’লীগের সুখ-দুঃখের অংশীদার।৭৫’র পর সেনাশাসক জিয়াউর রহমান, স্বৈরশাসক এরশাদ ও বিএনপি-
    জামায়াত জোট সরকার আমলে (৯১-৯৬ ও ২০০১-২০০৬) মিথ্যা মামলা সহ নানা ভাবে আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার পরিবারকে হয়রানির শিকার হতে হয়। ১/১১’র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলেও ষড়যন্ত্রের শিকার হন তারা।

    তবে সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের মাঝেও এ পরিবারটি বরিশালে আওয়ামীলীগ নেতা-কর্মীদের একমাত্র ভরসাস্থল ও শেষ ঠিকানা।

  • ট্রাফিক সপ্তাহের দশদিনে আড়াই লাখ মামলা

    ট্রাফিক সপ্তাহের দশদিনে আড়াই লাখ মামলা

    নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দেয় পুলিশ সদর দফতর। নির্ধারিত সময় শেষে ইতিবাচক ফলাফলের কারণে কর্মসূচি আরও তিন দিন বাড়ানো হয়। মঙ্গলবার (১৪ আগস্ট) ছিল শেষ দিন।

    বিশেষ ট্রাফিক অভিযানে শেষ দিন পর্যন্ত দেশব্যাপী মামলা হয়েছে দুই লাখ ৫৪ হাজার চারশ ৭৩টি। আর জরিমানা করা হয়েছে সাত কোটি আট লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা। সন্ধ্যায় পুলিশ সদর দফতর এ তথ্য জানানো হয়েছে।

    পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ঘোষিত ট্রাফিক সপ্তাহের শেষ দিন পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মামলা ও জরিমানার পাশাপাশি পাঁচ হাজার ৪১৮টি যানবাহনের ফিটনেস ও লাইসেন্স না থাকায় আটক করা হয়। এ সময় ৭৪ হাজার ২২৪ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

    গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় সারাদেশে এসব মামলা ও জরিমানা করা হয়।

    উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এরপরই শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ জানিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ। ঘোষণা করা হয় ট্রাফিক সপ্তাহ।

    ট্রাফিক সপ্তাহে ইতিবাচক ফলাফল পাওয়ায় গত শনিবার ট্রাফিক সপ্তাহ ঢাকায় আরও তিনদিন বাড়ানোর ঘোষণা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে সারাদেশেই বাড়ানোর ঘোষণা আসে পুলিশ সদর দফতর থেকে।

  • হত্যার ষড়যন্ত্র উদঘাটনে কমিশন গঠনের ভাবনা

    হত্যার ষড়যন্ত্র উদঘাটনে কমিশন গঠনের ভাবনা

    স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার পেছনে যে রাজনৈতিক ষড়যন্ত্র বা হত্যার রহস্য রয়েছে তা উদঘাটনে ‘কমিশন’ গঠনের কথা ভাবছে সরকার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে বলে নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

    আইনমন্ত্রী বলেন, ‘যেহেতু দাবি উঠেছে, যেহেতু সবাই চাচ্ছে, সেহেতু আমরা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছি।’

    এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত। এর মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। একজন বিদেশে মারা গেছেন। ছয়জন বিদেশে অবস্থান করছেন। বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের দেয়া দণ্ড কার্যকর করতে সরকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে বলেও সংশ্লিষ্টরা দাবি করেছেন।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাকে নিছক কোনো হত্যাকাণ্ড হিসেবে ভাবলে তার পুরো চিত্রটি পাওয়া যাবে না। যে মামলাটির মাধ্যমে ওই হত্যাকাণ্ডের বিচার হয়েছিল তাও যথেষ্ট ছিল বলে মনে করেন না অনেকেই। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও এমনটাই মত দিয়েছিলেন ২০১৭ সালের ১৫ আগস্টের এক শোকসভায়।

    এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মিজানুর রহমান শেলী বলেন, এটি শুধু মহান একজন ব্যক্তিকে হত্যা নয়, এর পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক চালচ্চিত্র। এর পেছনে অনেক রাজনৈতিক পক্ষ-বিপক্ষ রয়েছে। যদি একটি কমিশন গঠন করা হয়, তাহলে সেটি যুগোপযোগী সিদ্ধান্ত হবে এবং জাতির কাছে বিষয়টি ইতিহাস উপযোগী হবে বলে মনে হয়।

    আওয়ামী লীগ নেতারা মনে করেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করতে পারলেও এই হত্যার পেছনের রাজনৈতিক ষড়যন্ত্র বা রহস্য এখনো উদঘাটিত হয়নি। এই ষড়যন্ত্রের অনুসন্ধানে একটি কমিশন গঠন করা সময়ের দাবি বলেই তাদের মত।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ জানে, বঙ্গবন্ধুকে হত্যার মানেই হলো বাংলাদেশকে হত্যা করা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র হয়েছিল। স্বাধীনতাবিরোধী শক্তি এবং জিয়াউর রহমান এই হত্যার সঙ্গে জড়িত, এটা সর্বজনবিদিত। প্রতিষ্ঠিত সত্য বিষয়ের জন্য গণকমিশনের প্রয়োজন নেই।

    দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছি। কিন্তু এই হত্যাকাণ্ডের যে রহস্য, হত্যাকাণ্ডের পেছনে যে ষড়যন্ত্র তা এখনো বের হয়নি। হত্যার যে রহস্য, ষড়যন্ত্র উদঘাটনের জন্য একটি কমিশন গঠন করা দরকার। এ দাবিটি আমরা বরাবরই করে এসেছি।

    আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, একটা জুডিশিয়াল কমিশন গঠিত হতে পারে। প্রকৃত ঘটনার পূর্বাপর উদঘাটনে এই কমিশন কাজ করতে পারে। এ ঘটনায় দূর থেকে জড়িতদেরও ফৌজদারি আইনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। প্রয়োজনে সম্পূরক চার্জশিট দিয়ে জড়িত ব্যক্তিদের নতুন করে বিচার করতেও আইনে কোনো বাধা নেই। অর্থাৎ অনেকে দূর থেকে এ ঘটনায় ইন্ধন জোগাতে পারে, অনেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করে ঘটনা ঘটতে দিতে পারে, এরকম সকলকে বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে।

  • নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৩২ নম্বর

    নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৩২ নম্বর

    প্রস্তুত ধানমন্ডির ৩২নম্বর সড়ক চত্বর এবং বঙ্গবন্ধু জাদুঘর। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে পুরো এলাকা। মঙ্গলবার (১৪ আগস্ট) থেকেই এ সড়কে সাধারণের চলাচল নিষিদ্ধ। বুধবার ( ১৫ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা।

    মঙ্গলবার বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, ৩২ নম্বরের পুরো সড়কের ওপরে ত্রিপল ও শামিয়ানা দিয়ে সাজানো হয়েছে। এ ছাড়া রাস্তার উভয় পাশে অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাশে বাঁশ দিয়ে গেট তৈরি করা হয়েছে। যে গেট দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী এবং মন্ত্রীরা প্রবেশ করবেন। এ ছাড়া সড়কে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া। শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যখন প্রবেশ করবেন তখন এ বেড়া খুলে দেয়া হবে।

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়ার জন্য পূর্বপ্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট সৈনিকরা। তারা কয়েকবার রিহার্সেল করেন। বাজান বিউগলের সুর। এ ছাড়া ডগস্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি করা হয়। গোয়েন্দা বাহিনী, সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন এজেন্সির সদস্যরা মঙ্গলবার থেকেই ৩২ নম্বর ও এর আশপাশ এলাকা নজরদারিতে রেখেছেন।

    মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ৩২ নম্বরের পুরো এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন পুলিশের অন্য কর্মকর্তারাও।

    পরিদর্শন শেষে তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, জাতীয় শোক দিবসকে (১৫ আগস্ট) ঘিরে বড় ধরনের কোনো নিরাপত্তা হুমকি নেই। এরপরও জনগণের নিরাপত্তার বিষয়টি খাটো করে না দেখে কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

    এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হবে। এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা ধানমন্ডি-৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ভোরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষ হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি-২৭ নম্বর সড়কের পূর্বপাশ থেকে রাসেল স্কয়ার ও কলাবাগান হয়ে ধানমন্ডি ২নং রোড ক্রসিং পর্যন্ত (মিরপুর রোড) সড়ক বন্ধ থাকবে। এ সময় কোনো যান চলাচল করতে দেয়া হবে না।

    বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, এদিন গাবতলীর দিক থেকে মিরপুর রোড হয়ে আগত যানবাহনকে মানিক মিয়া এভিনিউ থেকে বামে মোড় নিয়ে ফার্মগেটের দিকে, নিউমার্কেটমুখী যানবাহনকে ধানমন্ডি-২৭ নম্বর পূর্বপাশ থেকে ২৭ নম্বর রোড পশ্চিম পাশ হয়ে সাতমসজিদ রোড- ধানমন্ডি-২ নম্বর রোড, সিটি কলেজ হয়ে সায়েন্স ল্যাবরেটরির দিকে ডাইভারশন দেয়া হতে পারে।

    এ ছাড়া শাহবাগ বা নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরির দিকে আসা গাবতলী ও বিমানবন্দরগামী গণপরিবহনগুলো ধানমন্ডি-২ নম্বর রোড হয়ে জিগাতলা-সাতমসজিদ রোড ও ধানমন্ডি-২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে ২৭ নম্বর রোড পূর্ব মাথা হয়ে যাবে। পান্থপথ ক্রসিং থেকে রাসেল স্কয়ারের দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানায় ডিএমপি।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভেন্যু ত্যাগ করার পর সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করতে আসবে। এ সময় সাধারণ জনসাধারণের গাড়ি রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ৬নং রোডের উভয় পাশে একলাইনে এবং রাসেল স্কয়ার থেকে পান্থপথ ক্রসিং পর্যন্ত উত্তর লেনে এক লাইনে পার্কিং করা যাবে।

  • যার প্রেরণায় আত্মজীবনী লিখেছিলেন বঙ্গবন্ধু

    যার প্রেরণায় আত্মজীবনী লিখেছিলেন বঙ্গবন্ধু

    সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রেরণায় নিজের জীবনী খাতায় লিখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশ্য তাকে তার বন্ধুবান্ধব সহকর্মীরাও জীবনী লেখার কথা বলেছিলেন।

    বন্ধুবান্ধব ও সহকর্মীদের সম্পর্কে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ে বঙ্গবন্ধু লিখেছেন- বন্ধুবান্ধবরা বলে, ‘‘তোমার জীবনী লেখ।’’ সহকর্মীরা বলে, ‘‘রাজনৈতিক জীবনের ঘটনাবলি লিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে।’’

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্পর্কে তিনি লিখেছেন- আমার সহধর্মিণী একদিন জেল গেটে এসে বলল- ‘‘বসেই তো আছ, লেখ তোমার জীবনের কাহিনি।’’

    তখন বঙ্গবন্ধু তার সহধর্মিণীকে উদ্দেশ্য করে যা বলেছিলেন তার বর্ণনাও তিনি দিয়েছেন। বইয়ে লিখেছেন- বললাম ‘লিখতে যে পারি না; আর এমন কী করেছি যে লেখা যায়! আমার জীবনের ঘটনাগুলো জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে? কিছুই তো করতে পারলাম না। শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি।

    বঙ্গবন্ধুর সহধর্মিণীর ডাক নাম ছিল রেণু। এ সম্পর্কে বঙ্গবন্ধু তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে লিখেন ‘ আমার স্ত্রীর ডাক নাম রেণু- আমাকে কয়েকটা খাতাও জেল গেটে জমা দিয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা দিয়েছেন। রেণু আরও একদিন জেলগেটে বসে আমাকে অনুরোধ করেছিল। তাই আজ লিখতে শুরু করলাম।

    খাতায় লেখা এই জীবনকাহিনি যেভাবে গন্থে রূপ পায়

    শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা ২০০৪ সালে আকস্মিকভাবে তার কন্যা শেখ হাসিনার হাতে আসে। খাতাগুলো অতি পুরানো, পাতাগুলো জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলো পাঠ করে জানা গেল, এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। জেল-জুলুম, নিগ্রহ-নিপীড়ন যাকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত-প্রাণ, সদাব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছেনও, এই বইটি তার স্বাক্ষর বহন করছে।

    বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, বঙ্গবন্ধুর বংশপরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময় থেকে ১৯৫৪ সাল অবধি পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। আছে লেখকের কারাজীবন, বাবা-মা, সন্তান-সন্ততি ও সর্বোপরি সর্বংসহা সহধর্মিণীর কথা, যিনি তার রাজনৈতিক জীবনে সহায়ক শক্তি হিসেবে সব দুঃসময়ে অবিচল পাশে ছিলেন। একইসঙ্গে বঙ্গবন্ধুরি চীন, ভারত ও পশ্চিম পাকিস্তান ভ্রমণের বর্ণনাও বইটিকে বিশেষ মাত্রা দিয়েছে।

    ২০১২ সালে বইটি প্রকাশ করে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। এই বইটি ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি ও তুর্কি ভাষায় অনূদিত হয়েছে।

  • পলাতক খুনিরা কে কোথায়

    পলাতক খুনিরা কে কোথায়

    বাংলাদেশের স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ খুনির মধ্যে ছয়জন পলাতক। এই ছয় খুনির মধ্যে দুজন কোন দেশে অবস্থান করছেন তার সঠিক তথ্য কেউ জানে না। এরা হলেন খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদ।

    এই দুজন এখন কোথায়, কী অবস্থায় আছেন তা শনাক্ত করতে না পারায় গত ১ আগস্ট ক্ষোভ প্রকাশ করে সংসদীয় কমিটি। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করা হয়। ওইদিন সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

    বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা শেষে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার তাগিদ দেয়া হয়। পাশাপাশি বিদেশে বসবাসকারী চিহ্নিত হত্যাকারীদের ফিরিয়ে না আনা পর্যন্ত যেন স্বাভাবিকভাবে বসবাসের পরিবর্তে সংশ্লিষ্ট দেশে কারান্তরীণ রাখা হয়, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দেশের সরকারকে অনুরোধ জানানোর সুপারিশ করা হয়।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

    পলাতক খুনিরা কে কোথায়

    সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়। বাকিদের একজন জিম্বাবুয়েতে মারা যান এবং ছয়জন পলাতক।

    পলাতক ছয়জন হলেন- আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন।

    এদের মধ্যে চারজনের সম্ভাব্য অবস্থান হলো- কানাডায় নূর চৌধুরী। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে।

    চারজনের অবস্থানই ‘সম্ভাব্য’ বলে জানিয়েছে ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। তাদের বিরুদ্ধে ২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ড জারি করা আছে।

    স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন এনসিবির সহকারী মহাপুলিশ পরিদর্শক।

    খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘পলাতক ছয়জনের মধ্যে একজন জিম্বাবুয়েতে মারা গেছেন। দুজন বারবার অবস্থান পরিবর্তন করছেন। শুধু দুজনের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তাদের একজন যুক্তরাষ্ট্র এবং আরেকজন কানাডায়। তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সরকারি পর্যায়ে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত আছে।’

    যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা দুই খুনিকে ফিরিয়ে আনা এখন কঠিন হয়ে গেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। সোমবার (১৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

    বিভিন্ন দেশে পালিয়ে থাকা খুনিদের বিষয়ে আনিসুল হক বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য যদি আমরা প্রকাশ করি তবে তারা জেনে গেল। তাদের অবস্থান তারা পরিবর্তন করবে। সেক্ষেত্রে আমরা যে তথ্যের ভিত্তিকে এগোচ্ছি, সেই তথ্য আর সঠিক থাকবে না। আমার মনে হয়, পরিষ্কারভাবে আমরা তাদের পিন ডাউন করতে পারব, তখনই আপনারা এই প্রশ্নটি জিজ্ঞাসা করলে ভালো হয়। সেজন্য আমি ওই প্রশ্নে যাব না।’

    উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের বিচারে পদে পদে বাধা আসে। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ জারি করা হয়। ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল করে আওয়ামী লীগ সরকার। ওই বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

    ১৯৯৮ সালের ৮ নভেম্বর তত্কালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল ১৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট দ্বিধাবিভক্ত রায় দেন। ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চ ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে তিনজনকে খালাস দেন। এরপর ১২ আসামির মধ্যে প্রথমে চারজন ও পরে এক আসামি আপিল করেন। কিন্তু এরপর ছয় বছর আপিল শুনানি না হওয়ায় আটকে যায় বিচার-প্রক্রিয়া।

    দীর্ঘ ছয় বছর পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপিল বিভাগে একজন বিচারপতি নিয়োগ দেয়ার পর বঙ্গবন্ধু হত্যা মামলাটি আবার গতি পায়। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেন। আপিলের অনুমতির প্রায় দুই বছর পর ২০০৯ সালের অক্টোবরে শুনানি শুরু হয়। ২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ আসামির আপিল খারিজ করেন। ফলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে হাইকোর্টের দেয়া ১২ খুনির মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। এর মধ্য দিয়ে ১৩ বছর ধরে চলা এ মামলার বিচার-প্রক্রিয়া শেষ হলে দায়মুক্ত হয় বাংলাদেশ। ২০১০ সালের ২৭ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয়। ওই রায় কার্যকরের আগেই ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান আজিজ পাশা।

  • বেদনাবিধুর বিভীষিকাময় দিন আজ

    বেদনাবিধুর বিভীষিকাময় দিন আজ

    আজ সেই কলঙ্কময় দিন। শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একদিন। ১৯৭৫ সালের এই দিন প্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এছাড়া এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগ্নে আরিফ, ভাগ্নি বেবি, ভাগ্নে যুবনেতা, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, ভাগ্নের অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৭ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। ওই সময় স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে জার্মানিতে সন্তানসহ অবস্থান করছিলেন শেখ হাসিনা। শেখ রেহানাও ছিলেন বড় বোনের সঙ্গে।

    রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে আজ পালিত হবে জাতির জনকের ৪১তম শাহাদাতবার্ষিকী। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

    সেদিন যা ঘটেছিল

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যুষে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে কাপুরুষোচিত আক্রমণ চালায় ঘাতক দল। সেই নারকীয় হামলার পর দেখা গেছে, ভবনটির প্রতিটি তলার দেয়াল, জানালার কাচ, মেঝে ও ছাদে রক্ত, মগজ ও হাড়ের গুঁড় ছড়িয়ে-ছিটিয়ে আছে। গুলির আঘাতে দেয়ালও ঝাঁঝরা হয়ে গেছে। চারপাশে রক্তের সাগরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ঘরের জিনিসপত্র। প্রথমতলার সিঁড়ির মাঝখানে নিথর পড়ে আছেন চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত স্বাধীনতার মহানায়ক, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ। তার তলপেট ও বুক ছিল বুলেটে ঝাঁঝরা। পাশেই পড়েছিল তার ভাঙা চশমা ও অতিপ্রিয় তামাকের পাইপটি।

    অভ্যর্থনা কক্ষে শেখ কামাল, মূল বেডরুমের সামনে বেগম মুজিব, বেডরুমে সুলতানা কামাল, শেখ জামাল, রোজি জামাল, নিচতলার সিঁড়ি সংলগ্ন বাথরুমে শেখ নাসের এবং মূল বেডরুমে দুই ভাবির ঠিক মাঝখানে বুলেটে ক্ষত-বিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়েছিল ছোট্ট শিশু শেখ রাসেলের মরদেহ। লুঙ্গিতে জড়ানো শিশু রাসেলের রক্তভেজা মরদেহ দেখে খুনিদের প্রতি চরম ঘৃণা-ধিক্কার জানানোর ভাষা খুঁজে পান না মানবতাবাদী বিশ্বের কোনো মানুষ। এভাবেই নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

    কর্মসূচি

    আজ সরকারি ছুটির দিন। সরকারি কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। এছাড়া আলোচনা সভা। সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত হবে। পরে ঢাকার বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের পরিবারের শাহাদতবরণকারী সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া করবেন।

    সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং মোনাজাত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, অধিদফতর ও সংস্থা স্ব স্ব কর্মসূচি পালন করবে।

    জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে মসজিদগুলোতে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডায় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রোথ সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার লাগানো। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমি এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতার আয়োজন করবে।

    জেলা ও উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে তারা কর্মসূচি পালন করবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থলে এবং ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে।

    তথ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা এবং দফতরের মাধ্যমে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আলোকচিত্র প্রদর্শনী, নিরীক্ষা, সচিত্র বাংলাদেশ ও বাংলাদেশ কোয়ার্টারলির বিশেষ সংখ্যা প্রকাশ, স্মরণিকা ও বিশেষ নিবন্ধ প্রকাশ, আলোচনা সভা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থ দুটির পাঠ আগস্টব্যাপী প্রচারের ব্যবস্থা করবে বাংলাদেশ টেলিভিশন।

    আওয়ামী লীগের দুদিনব্যাপী কর্মসূচি

    আওয়ামী লীগের দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সবস্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। এতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবংং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড, পাড়া ও মহল্লায় দুপুরে অসচ্ছল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ আসর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল।

    শোক দিবসের পরের দিন বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে দলটি।

  • যেভাবে শেখ মুজিব থেকে হয়ে উঠলেন ‘বঙ্গবন্ধু’

    যেভাবে শেখ মুজিব থেকে হয়ে উঠলেন ‘বঙ্গবন্ধু’

    ঢাকা: বাঙালির মহাপ্রাণ নেতা শেখ মুজিবুর রহমান নিজেকে এমনভাবে উজাড় করে দিয়েছিলেন মানুষের জন্য যে, তাকে সবাই ‘বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত করেন। বিগত প্রায় ৫০ বছর ধরে জাতির জনক শেখ মুজিব তার নিজের নামের চেয়ে ‘বঙ্গবন্ধু’ নামেই সবার কাছে পরিচিত। যেভাবে এই শব্দের মুকুট তাকে দেয়া হলো, সে ইতিহাসের পেছনের মানুষ বরাবরই অন্তরালে থেকে গেছেন।

    প্রায় পাঁচ হাজার দিন কারাগারে কাটিয়েছেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা– জাতির জনক শেখ মুজিবুর রহমান। মূলত বাঙালির অধিকার, দাবিদাওয়া আদায়সহ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ গড়তেই বার বার জেল খেটেছেন তিনি। তার কারাবাস ছিলো জীবনের চার ভাগের প্রায় এক ভাগসমান।

    এমন ত্যাগী নেতা ছাড়া আর কে হতে পারেন বাংলা ও বাঙালির বন্ধু? সেই চিন্তা থেকেই ১৯৬৮ সালে শেখ মুজিবের হাতে গড়া ছাত্রলীগের মধ্যসারির এক নেতা তাকে বঙ্গবন্ধু উপাধি দেয়ার চিন্তা লিখিত আকারে প্রথম প্রকাশ করেন।

    ১৯৬৮ সালের ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক চোধুরী মোশতাক বলেন, ‘৮ আগস্ট ১৯৬৮-তে ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে যে ট্রায়াল চলছিলো, সে ট্রায়ালে আমি তাকে দেখতে গিয়েছিলাম। তারপর থেকেই আমার মাঝে একটি তাড়না কাজ করেছিলো, শেখ মুজিবুর রহমানকে একটি সুন্দর শ্রুতিমধুর উপাধি দেয়ার। নভেম্বরে  ঢাকা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে একটি বুলেটিন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর শেখ কামাল। সেখানে দেয়ার জন্য একটি আর্টিকেল লিখলাম। সেই আর্টিকেলের শেষে প্রথম ‘বঙ্গবন্ধু’ শব্দটি লিখেছিলাম।’

    ১৯৬৮ সালের ঢাকা কলেজ ছাত্র ইউনিয়ন নেতা মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তাদের কর্মকাণ্ড বর্ণনা করতে গিয়ে একটি চার পৃষ্ঠার বুলেটিন ছাপানো হয়। চতুর্থ পৃষ্ঠায় ছয় দফার বর্ণনা ছিল যার হেডিং ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর দেওয়া ছয় দফা কর্মসূচি। সেখানেই বঙ্গবন্ধু শব্দটি প্রথম ছাপা আকারে পাওয়া যায় ১৯৬৮ সালের নভেম্বরে।’

    সেই লেখা মানুষের কাছে যত টানা প্রচার পেয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বের সাথে বিষয়টি উঠে এসেছে আরো প্রায় এক বছর পর। ১৯৬৯ সালে যখন ছাত্রলীগের তুখোড় নেতা ও তৎকালীন সভাপতি তোফায়েল আহমেদ নিজে এক সভামঞ্চ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলে সম্বোধন করে প্রথম ঘোষণা করেন।

    সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ জানান, ‘কৃতজ্ঞ বাঙালি জাতি ঋণের বোঝা হালকা করতে চায় । আমি যখন জাতির পক্ষ থেকে প্রিয় নেতাকে উপাধি দিতে চাই, তখন ১০ লক্ষ লোক হাত উত্তোলন করলো। আমি তখন ঘোষণা করলাম, এবার বক্তৃতা করবেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

    যারা বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর ছিলেন, তার অনুসারী নেতা-কর্মী ছিলেন, কাছ থেকে তাকে দেখবার, বুঝবার সুযোগ হয়েছিলো, তারা আজও স্মৃতিকাতর হয়ে পড়েন বিশাল হৃদয়ের সেই মানুষটির অমুল্য অবদান স্মরণ করে।

    ১৯৬৮ সালের ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক চোধুরী মোশতাক বলেন, ‘যখন বঙ্গবন্ধু নামটি উচ্চারিত হয়, সাথে সাথে নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ এ নামটি আজকে সারা বাঙালি জাতিসত্তার হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতীক হয়েছে।’

    স্বাধীনতার পর শেখ মুজিবকে দেয়া বঙ্গবন্ধু উপাধি ছাত্রলীগ, আওয়ামী লীগসহ রাষ্ট্রীয়ভাবে নানান ঐতিহাসিক দলিলে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। কেন-না, বঙ্গবন্ধুর নামেই লক্ষ-কোটি বাঙালি, বাংলাদেশের মানুষ নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।

  • ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

    ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে হলের একজন আবাসিক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শেখ তাসনিম আফরোজ ইমি নামে ওই ছাত্রীকে মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার দিকে তুলে নেওয়া হয়। তবে কি কারণে তুলে নেওয়া হয়েছে তা জানা যায়নি।
    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী  বলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তিনি তা বলেননি।
    এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা বলেন, শুনেছি একজন ছাত্রীকে তুলে নেওয়া হয়েছে। তাকে অবহিত করে তুলে নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অবহিত করা হয়নি। তবে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানিয়েছেন।
    জানা গেছে, তাসনিম আফরোজ ইমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তবে তার কোনো পদবী ছিল না। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।
  • ১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি

    ১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি

    দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।

    মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

    তিনি বলেন, ‘১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইব। এজন্য গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হবে। আশা করছি, সমাবেশের অনুমতি পাব।’

    এদিকে, আগামীকাল বুধবার খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার মুক্তি ও রোগমুক্তি কামনায় সারাদেশে পূর্বঘোষিত মিলাদ মাহফিল কর্মসূচি পালন করা হবে বলেও জানান রিজভী। তিনি বলেন, ঢাকায় এই কর্মসূচি সকাল ১১টায় নয়াপল্টন কার্যালয়ে হবে।

    সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।