Category: জাতীয়

  • শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্দোলনে একাত্মতা পুলিশের

    শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্দোলনে একাত্মতা পুলিশের

    ‘কোমলমতি শিক্ষার্থীদের প্রতি সহিংসতা নয়, ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। তারা আমাদের সন্তান। এই অল্প বয়সে তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে দেখে আমি মুগ্ধ হয়েই তাদেরকে এই লাল গোলাপ দিয়ে ভালোবাসা জানালাম। সেই সঙ্গে তাদের নিরাপত্তার জন্য সবসময় পাশে থাকবে ঠাকুরগাঁও জেলা পুলিশ।’

    এভাবেই কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।

    jagonews24

    রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করার সময় জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন পুলিশের এই কর্মকর্তা।

    শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা মোড়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থী। এ সময় সকলের হাতে লাল গোলাপ দেখা যায়।

    jagonews24

    মানববন্ধন স্থলে উপস্থিত হয়ে ওসি আব্দুল লতিফ মিঞা কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। পরে মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।

  • শিক্ষার্থীদের ফেরাতে রাজপথে ছাত্রলীগ

    শিক্ষার্থীদের ফেরাতে রাজপথে ছাত্রলীগ

    রাজধানীতে সড়ক অবরোধ করে থাকা শিক্ষার্থীদের ফেরাতে মাঠে নেমেছেন ছাত্রলীগের কর্মীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে বাসায় পাঠানোর চেষ্টা করছেন তারা। অনেকেই তাদের অনুরোধে আন্দোলন ছেড়ে চলে যাচ্ছে। ফলে ক্রমানয়ে স্বাভাবিক হচ্ছে রাজধানীর ফার্মগেট ও পার্শ্ববর্তী এলাকা।

    ৯ দফা দাবি আদায়ে টানা সপ্তম দিনের মতো শনিবার সকাল থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অবস্থান নেয় বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীরা। এতে করে রাজধানীতে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

    ফার্মগেট এলাকায় ঢাকা কলেজ ও বিজ্ঞান কলেজ শিক্ষার্থীদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে নামে। বুঝিয়ে-সুজিয়ে আন্দোলনকারীদের রাজপথ থেকে সরিয়ে দিচ্ছেন তারা।

    ছাত্রলীগ নেতাকর্মীদের ভাষ্য, সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। তারা জাতিকে শিক্ষা দিয়েছে। তাদের আন্দোলন সফল, আমরা সকলে এ আন্দোলনকে সমর্থন করি। অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে যাও।

    তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের ছাত্রলীগ সভাপতি কাজী খলিকুর রহমান  বলেন, দলের নির্দেশে আমরা সকাল থেকে শিক্ষার্থীদের অবস্থান নেয়া প্রধান সড়কগুলো মনিটরিং করছি। আমরা তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। সরকার তাদের আন্দোলন মেনে নিয়েছে- আমরা সেটি বুঝিয়ে বলছি। আমাদের কথা শুনে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছেন।

    তিনি বলেন, ফার্মগেট এলাকায় আমাদের প্রায় ৫০ জন নেতাকর্মী রয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি ও যানজট নিরসনে আমরা কাজ করছি। আমরা সকলে মিলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি বাতিল করে তাদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বলছি। কেউ বুঝতে না চাইলে তাকে ভালো করে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

    শিক্ষার্থীরা যাতে আর সড়ক অবরোধ করতে না পারে সেটিও তারা নজরদারি করবেন বলেও জানান ছাত্রলীগের এই নেতা।

  • ‘ওরা ইস্পাত কঠিন, ওরা মানবিক’

    ‘ওরা ইস্পাত কঠিন, ওরা মানবিক’

    শেখ সুমন :

    ‘ইমার্জেন্সি লাইন অন করো। রোগী আছে।’ প্রাইভেটকারের ভেতরে উঁকি দিয়ে ৭/৮ বছরের এক অসুস্থ শিশুকে মায়ের কোলে শুয়ে থাকতে দেখে চিৎকার করে উঠলো লিকলিকে দেহের এক তরুণ।

    রাজধানীর সোবহানবাগের রাস্তায় তখন প্রাইভেটকার, জিপগাড়ি, পিকআপভ্যান, মোটরসাইকেল ও রিকশার প্রচণ্ড যানজট লেগে আছে।

    নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র আছে কি-না তা পরীক্ষা করে দেখছিল। ফলে রাস্তায় এতটুকু জায়গাও ফাঁকা নেই।

    jagonews24

    কিন্তু ইমার্জেন্সি লাইন অন বলার সঙ্গে সঙ্গে রূপকথার আলাউদ্দিনের চেরাগ ঘষার মতোই মুহূর্তেই রাস্তার এক পাশ ফাঁকা করে দিয়ে অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যেতে প্রাইভেটকারকে সুযোগ করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের একজন আবার ড্রাইভারের পাশের সিটের জানালায় বসে জরুরি রোগী আছে বলতে থাকে। রাস্তা ফাঁকা করে দেয় শিক্ষার্থীরা।

    এ দৃশ্যপট আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে লালবাগের বাসিন্দা শিশুটির মা জাহানারা খাতুন বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা একেক জন ইস্পাত কঠিন মনোভাব নিয়ে বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে। ট্রাফিক আইন সঠিকভাবে মেনে কীভাবে চলতে হয়। গাড়ি নিয়ে রাস্তায় বের হলে চালকের ড্রাইভিং লাইসেন্সসহ কী কী কাগজ সঙ্গে নিয়ে বের হতে হয় তা শেখাচ্ছে।’

    jagonews24

    তিনি বলেন, ‘এক্ষেত্রে তারা যতটা কঠিন, তেমনি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও গাড়ির ক্ষেত্রে ততোটাই মানবিক। অন্যান্য সময় মৃত্যুপথযাত্রী রোগীবাহী অ্যাম্বুলেন্স যানজটে আটক থেকে হর্ন বাজালেও কেউ তাদের হাসপাতালে যাওয়ার জন্য একটু জায়গা করে দেয় না। অথচ আজ শিক্ষার্থীরা মুহূর্তেই তার শিশু মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে পৃথক লেন করে দিলো।’

    সরেজমিনে ঢাকা কলেজ, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি, জিগাতলা, সোবহানবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন শুক্রবার বন্ধের দিনে শিক্ষার্থীরা রাজপথে না থাকলেও আজ (শনিবার) বিগত পাঁচদিনের তুলনায় অধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে।

    গত কয়েকদিন মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও আজ তাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তারা নিরাপদ সড়কের দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে স্লোগান দেয়।

    jagonews24

    রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। বিক্ষোভাকারী শিক্ষার্থীরা যেসব গাড়ির কাগজপত্র ঠিক নেই অথবা চালকের ড্রাইভিং লাইসেন্স পায়নি সেসব গাড়িতে অমুছনীয় সাইনপেন দিয়ে ‘কাগজপত্র নেই’ অথবা ‘লাইসেন্স নেই’ লিখে দিচ্ছিল।

    এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গণপরিবহন না চলায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে। কর্মস্থলে বা প্রয়োজনীয় কাজ সারতে মাইলের পর মাইল হেঁটে যেতে হচ্ছে।

  • ধানমন্ডিতে ধাওয়া-পাল্টা ধাওয়া

    ধানমন্ডিতে ধাওয়া-পাল্টা ধাওয়া

    রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে একদল যুবকের হামলার ঘটনার পর থেকে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শনিবার দুপুরের দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ সময় শিক্ষার্থী-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার বিকেল ৪টা) পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় পুলিশের সঙ্গে লাঠি হাতে একদল যুবককেও দেখা গেছে। ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশের সদর দফতরের কাছে হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন বিজিবি সদস্যরাও।

    jagonews24

    শনিবার দুপুরের দিকে জিগাতলার বিজিবি গেটের সামনে হেলমেট পড়া যুবকরাই শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে হামলা চালায়। তখন থেকে জিগাতলা, সাইন্সল্যাব ও ধানমন্ডি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    এর আগে শনিবার সকাল থেকে জিগাতলা এলাকায় জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী। ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে।

    jagonews24

    উল্লেখ্য, গেল ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় নিহত হন মিম ও করিম নামে দুই শিক্ষার্থী। ওই দুর্ঘটনায় ১০-১৫ জন শিক্ষার্থী আহতও হন। এ ঘটনায় দিয়ার বাবা ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

    jagonews24

    দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শনিবার তাদের আন্দোলনের সপ্তম দিনেও স্থবির হয়ে রয়েছে রাজধানী ঢাকা। নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

  • বরিশালে নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহকে সহযোগিতা করবেন মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব

    বরিশালে নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহকে সহযোগিতা করবেন মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব

    জনকল্যাণমূলক সব ধরনের কাজে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পরাজিত মেয়র প্রার্থী (হাত পাখা প্রতীক) মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। পাশাপাশি মেয়র নির্বাচিত হওয়ায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

    শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের কর্মস্থল নগরীর আমানতগঞ্জ জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসায় যান বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মাওলানা ওবাইদুর রহমান মাহবুব জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার অধ্যক্ষ।

    নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাক্ষাত করতে গেলে অভ্যর্থনা জানান পরাজিত মেয়র প্রার্থী (হাত পাখা প্রতীক) মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। পরে জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসা মসজিদে মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের ইমামতিত্বে জুমার নামাজ আদায় করেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ মুসুল্লিরা। নামাজ আদায় শেষে মুসলিম উম্মাহ ও নগরবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এরপর মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের আমন্ত্রণে তার বাসায় মধ্যাহ্নভোজে যোগ দেন সাদিক আবদুল্লাহ।

    নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, জুম্মার নামাজ আদায় ও মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করতে আমানতগঞ্জ জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসায় গিয়েছিলাম । তিনি জনকল্যানমূলক সব ধরনের কাজে আমার পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সুন্দর, সাজানো-গোছানো একটি নগরী গড়তে যথাসাধ্য সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন মাওলানা ওবাইদুর রহমান মাহবুব।

    উল্লেখ, সদ্য অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এক লাখ ৭ হাজার ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহাবুব পেয়েছিলেন ৬ হাজার ৪২৩ ভোট।

    কেন্দ্র দখল, এজেন্টেদের মারধর ও ব্যালট পেপারে সিল মারার অভিযোগ এনে ভোটের দিন ৩০ জুলাই বেলা সোয়া ১১টার দিকে নগরীর টাউন হলে সামনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহাবুব ।

  • দেশীয় ব্র্যান্ডের নতুন ল্যাপটপ তৈরি হচ্ছে: মোস্তাফা জব্বার

    দেশীয় ব্র্যান্ডের নতুন ল্যাপটপ তৈরি হচ্ছে: মোস্তাফা জব্বার

    দেশে ‘তালপাখা’ ব্র্যান্ডের নতুন ল্যাপটপ তৈরি হচ্ছে। হাই-টেক পার্কে দেশের একটি তথ্যপ্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান নতুন এ ল্যাপটপ তৈরি করছে। সাশ্রয়ী মূল্যের এ ল্যাপটপে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা থাকবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ল্যাপটপ মেলা উদ্বোধনের সময় এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, নতুন ল্যাপটপ তিনি দেখেছেন এবং নির্মাতাদের সঙ্গে কথা বলেছেন। এটি ফেলে দিলেও ভাঙবে না। এটি ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে। এর দাম হাজার দশেক টাকা হতে পারে।

    মোস্তাফা জব্বার বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি যে একটি ডিভাইসে টাচ স্ক্রিনসহ এ পরিমাণ সুযোগ-সুবিধা থাকবে আর এত কম দামে তৈরি হতে পারে। এ থেকে বোঝা যায়, আমাদের সম্ভাবনা প্রতিদিন বাড়ছে। ল্যাপটপের বর্তমান চাহিদা বিবেচনা করলে এ দেশের বাজার এখন ডিভাইস প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছে লোভনীয়। ইতিমধ্যে অনেক বিদেশি কোম্পানি দেশে ল্যাপটপ সংযোজনের চিন্তাভাবনা করছে। আর দেশের দুটি কোম্পানি ল্যাপটপ প্রস্তুতও করছে।

    আগামী দিন হবে ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবের। কারণ, আগামী দিন শিক্ষার। দেশে চার কোটি শিক্ষার্থী রয়েছে, তাদের সবার প্রয়োজন হবে ল্যাপটপের—বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী।

    দেশি তথ্যপ্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ল্যাপটপ তৈরি করছে। এর আগে টেশিস দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ তৈরি করেছিল।

    এক্সপো মেকারের আয়োজনে তিন দিনের ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, একসময় বাংলাদেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও এখন অনেক এগিয়ে। কারণ প্রযুক্তি নামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জড়িয়ে আছে। তাঁর কারণেই আজ ডিজিটাল বাংলাদেশ এবং সাড়ে আট কোটি ইন্টারনেট ব্যবহারকারী। এ ছাড়া যত ইন্টারনেট ব্যবহার বাড়বে, তত ল্যাপটপ ট্যাবের চাহিদাও দিন দিন বাড়বে। কম্পিউটার, ল্যাপটপ বলতেই একসময় সবাই বুঝত বিশেষ কিছু। কারণ বিশেষ মানুষেরা এগুলো ব্যবহার করত। কিন্তু বর্তমানে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব হয়েছে সবার বন্ধু। কাজের জায়গায় বিভিন্ন ডিভাইসের প্রয়োজনীয়তা বেড়েছে। বেড়েছে ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবের গুরুত্ব।

    মন্ত্রী বলেন, ‘ল্যাপটপ মেলা শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক্সপেরিয়েন্স জোন হিসেবেও ব্যবহার হয়। এই মেলার কারণে যে সচেতনতা তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কেননা আগে ল্যাপটপ বিক্রি তেমন ছিল না, এখন রূপান্তর ব্যাপকভাবে হয়েছে। আমাদের পরিধি বিস্তৃত হচ্ছে, বৈচিত্র্যও আসছে। মনিটর পিসি হতে পারে, সে ধারণায় ছিল না। আর এখন দেশে বসেই সুপার কম্পিউটার নিয়ে আলোচনা হয়, যা এক সময় ¯স্বপ্ন ছিল।’

  • মগবাজারে বাসচাপায় নিহত ১, আগুন দিল বিক্ষুব্ধ জনতা

    মগবাজারে বাসচাপায় নিহত ১, আগুন দিল বিক্ষুব্ধ জনতা

    রাজধানী ঢাকার মগবাজারে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা-ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন।

    ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সর্দার।

    নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে রানা। মগবাজার কমিউনিটি হাসপাতালে চাকরি করেন। তাঁর বয়স আনুমানিক ২৩ বছর। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আটক বাস চালকের নাম ইমরান সর্দার।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা-ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মগবাজার ওয়ারলেস এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। এ সময় একটি রিকশাকেও ধাক্কা দেয় বাসটি। স্থানীয় লোকজন ওই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া রিকশার চালক ও দুই যাত্রী সামান্য আহত হন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে এর চালককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক মহিবুল্লাহ। বেলা দুইটার দিকে তিনি বলেন, ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। লাশ ঢাকা মেডিকেলে রয়েছে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে কাজ করছে।

  • চালকের আসনে সহকারী, পথচারী ছাত্রীকে উত্ত্যক্তও করছিল সে

    চালকের আসনে সহকারী, পথচারী ছাত্রীকে উত্ত্যক্তও করছিল সে

    টাঙ্গাইলের সখীপুরে পিকআপের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, পিকআপটির চালকের আসনে ছিল কিশোর হেলপার (চালকের সহকারী)। সে মাদকসেবী; স্কুলছাত্রীকে উত্ত্যক্তও করছিল সে। পরে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

    শুক্রবার সকাল ১০টার দিকে সখীপুর-সাগরদিঘি সড়কের বেলতলী বাজারে এই ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে মারা যায়। নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আফরিন (১৫)। সে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    আটক হেলপারের নাম তানভীর হাসান (১৫)। তার বাড়ি একই উপজেলার প্রতিমাবংকী গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। বিকেলের দিকে সাদিয়াকে দাফন করা হয়েছে।

    নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাদিয়া তার ফুপুর বাড়ি থেকে নিজ বাড়িতে হেঁটে আসছিল। সকাল ১০টার দিকে বেলতলী বাজারে পৌঁছালে ওই পিকআপের ধাক্কায় তার মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

    আটক তানভীর বলে, সে কচুয়া থেকে কয়েকজন যুবককে তুলে উপজেলার কুতুবপুর বাজারের উদ্দেশে রওনা হয়। বেলতলী এলাকায় পৌঁছালে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে আসা ওই মেয়েটিকে পিকআপে থাকা যুবকেরা ‘হিপহিপ হুররে’ বলে উত্ত্যক্ত করে। এ সময় তানভীর নিজেও মেয়েটির পাশ দিয়ে পিকআপ চালায়। একসময় পিকআপের পেছনের অংশ সাদিয়ার মাথায় জোরে আঘাত করে। তানভীরের দাবি, ওই যুবকদের হই হুল্লোড় সে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে ওই যুবকদের চিনতে পারেনি।

    কিন্তু পুলিশের দাবি আটক তানভীর নিজেও একজন উত্ত্যক্তকারী ও মাদকসেবী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই পিকআপের মূল চালক লাবলু মিয়ার কাছ থেকে তানভীর পিকআপটি নিয়ে বের হয়।

    এদিকে ঘটনার পরপর সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সখীপুর-সাগরদিঘি সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে চার ঘণ্টা ওই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এলাকাবাসী গাড়ির আসল চালক ও মালিককে গ্রেপ্তারের দাবি জানায়।

    পরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী আন্দোলনকারীদের বিচারের আশ্বাস দিলে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে কাল শনিবার বড়চওনা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবেন বলে জানা গেছে।

    ওসি এসএম তুহীন আলী বলেন, গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। গাড়ির চালকের সহকারী তানভীরকে থানায় রাখা হয়েছে। মূলচালক লাবলু মিয়া ও গাড়ির মালিক উপজেলার কুতুবপুর গ্রামের রাজ্জাক বিপ্লবকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

  • রাশেদের মায়ের আকুতি আমার বাবারে মুক্তি দিন

    রাশেদের মায়ের আকুতি আমার বাবারে মুক্তি দিন

    কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানের মা সালেহা বেগম তাঁর ছেলেকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বাবার মুক্তি চাই। আমার বাবা রাশেদকে ফিরিয়ে দিন। সে সাধারণ ছাত্র। কত কষ্ট করে আমার বাবাকে মানুষ করেছি, তাকে মুক্তি দিন। তার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি।’

    রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার বিকেলে এক মানববন্ধনে এভাবেই আকুতি জানাচ্ছিলেন কোটা সংস্কার আন্দোলনের গ্রেপ্তারকৃত নেতা রাশেদের মা। কোটা আন্দোলন করতে গিয়ে আটক ছাত্রদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়ে তিনি বলেন, ‘আপনি তো মা; প্রধানমন্ত্রী, আপনি তো মায়ের জ্বালা বোঝেন। আপনার কাছে আবেদন, আমার বাবাদের ক্যাম্পাসে ফিরিয়ে দিন। আমার বাবারা তো কোনো রাজনীতি করে নাই, তারা তো কোনো অপরাধ করেনি। তারা শুধু চাকরির জন্য গেছিল। জেলে আটক সব বাবাদের মুক্তি দিন।’

    মানববন্ধনে রাশেদের বাবা মো. নবাই বিশ্বাস বলেন, ‘আমি আমার ছেলের মুক্তির দাবি করছি। প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি, তার পড়াশোনাটা আবার আগের মতো স্বাভাবিক করে দেওয়া হোক। এর বেশি আমি কিছু বলতে পারছি না।’
    কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গত ১ জুলাই রাজধানীর ভাষানটেক থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত রাশেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    কোটা সংস্কার আন্দোলনের আটক ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন করে যুব ঐক্য প্রক্রিয়া। যুব ঐক্য প্রক্রিয়া জাতীয় ঐক্য প্রক্রিয়ার একটি সহযোগী সংগঠন। এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের আটক নেতাদের মা-বাবারা বক্তব্য দেন। তাঁরা সন্তানের মুক্তির দাবি জানান। অভিভাবকেরা বলেন, তাঁদের সন্তানেরা কোনো অন্যায় করেননি। তাঁদের সন্তানেরা কোটা সংস্কার চেয়েছিলেন। কিন্তু তাঁদের আটক করে রিমান্ডে নেওয়া হচ্ছে।

    মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের নেতা মশিউর রহমানের বাবা মজিবুর রহমান বলেন, ‘কী দোষ করেছিল আমাদের ছেলেরা? তাদের এভাবে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে? আমাদের খোঁজ নিয়ে দেখেন। আমি একজন রিকশাওয়ালা। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়।’

    মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আ ব ম মোস্তফা আমিন বলেন, কোটা সংস্কারের দাবি ছাত্ররা তুলবেনই। এটা তাঁদের ন্যায্য অধিকার। কিন্তু ছাত্রদের ওপর নির্যাতন, গুম করা হচ্ছে কেন? ছাত্রদের কেন রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? দেশের সর্বস্তরে অব্যবস্থা। এটা চলতে দেওয়া যায় না। ঐক্যবদ্ধ হলে দেশের দুঃশাসন, দুর্নীতি বন্ধ করা যাবে।

  • বরিশালে ৩’শ পিচ ইয়াবাসহ যুবক আটক

    বরিশালে ৩’শ পিচ ইয়াবাসহ যুবক আটক

    বরিশালের গৌরনদী থেকে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুর ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক নুর ইসলাম গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মোঃ তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

    শুক্রবার (০৩ আগষ্ট)ভোরে গৌরনদীর কটকস্থল নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।এসময় তার কাছ থেকে তিন শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।