Category: জাতীয়
-

গাসিক নির্বাচন : হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কমিশনের আইনজীবীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও প্রচার বিষয়ক নীতিমালা প্রণয়ন বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানান।সচিব বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার মন্ত্রণালায়রে সঙ্গে কয়েক দফা যোগাযোগ হয়েছে, কমিশন তাদের চিঠি দিয়েছে।তারা বলেছে, এই দুই সিটি করপোরেশনের সীমানা নিয়ে জটিলতা নেই। এটা পরিষ্কার হওয়ার পরই তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরও গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়া দুর্ভাগ্যজনক।তিনি বলেন, এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আমরা একজন আইনজীবী নিয়োগ দিয়েছি তিনিই বিষয়টি দেখভাল করবেন। আশা করছি আমরা সেখানে নির্বাচন করতে পারব।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন রবিবার তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। -

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ১৩ মে, ক্লাস শুরু ১ জুলাই
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৩ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৪ মে পর্যন্ত। জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরদিন আজ সোমবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এবারও একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে। এর মধ্যে শিক্ষার্থীর ফল ও পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করে দেওয়া হয়।
অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ঠিকানায়। এসএমএস করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। অনলাইনে ১৫০ টাকা দিয়েই ৫ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। তবে এসএমএসের জন্য প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা করে ফি দিতে হবে।
প্রথম পর্যায়ে ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত আবেদন করতে হবে। তবে ফল পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এবার শিক্ষার্থী ভর্তির নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৯ ও ২০ জুন। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ২১ জুন। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ২৪ জুন। এই পর্যায়ের ফল প্রকাশ হবে ২৫ জুন। প্রতিষ্ঠান পরিবর্তনসহ (মাইগ্রেশন) অন্যান্য কাজ শেষ করে ২৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে।
এবার বিভাগীয় ও জেলা সদরের কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে শতভাগ আসন মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। তবে মেধার ভিত্তিতে ভর্তির পর যদি বিশেষ অগ্রাধিকার কোটার কোনো আবেদনকারী থাকে, তাহলে মোট আসনের অতিরিক্ত হিসেবে নির্ধারিত কোটায় শিক্ষার্থী ভর্তি করা যাবে। বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা আছে ১১ শতাংশ। তবে এবার এসব কোটায় যদি প্রার্থী না পাওয়া যায়, তবে এ আসনগুলোর আর কার্যকারিতা থাকবে না। আগে এসব কোটায় প্রার্থী না পাওয়া গেলে আসনগুলো সাধারণ কোটার প্রার্থীদের দিয়ে পূরণ করা হতো।
স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হবে। এলাকাভেদে ভর্তির ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। -

ডিসেম্বরে ফাইনাল খেলা হবে :মোহাম্মদ নাসিম
ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামী ২০১৯ সালে নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। ওই নির্বাচনে বিএনপি আসতে বাধ্য হবে এবং হারবে। কারণ, শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে।
মঙ্গলবার (৮ মে) দুপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যা বিশিষ্ট চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। খেলা হবে দু’দলের মধ্যে আর মাঠে রেফারির দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। আমরা খালি মাঠে গোল দিতে চাই না।
এসময় শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খাঁন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মাহী। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল ইসলাম ভিপি প্রমুখ।
দুপুরে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে দক্ষিণ পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার ও বিনোদন পার্ক পরিদর্শন, চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
-

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে লেবার পার্টির উদ্বেগ
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি। সোমবার সকালে এক বিবৃতিতে লেবার পার্টির নেতারা এ উদ্বেগের কথা জানান।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ছাড়াও বিবৃতি দাতাদের মধ্যে আরও রয়েছেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান লোকমান হাকিম, মো. ফারুক রহমান, মো. মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খালেদ, মো. জহুরুল হক চৌধুরী জহির, মো. আমিনুল ইসলাম, এসএম ইউসুফ আলী।
বিবৃতিতে লেবার পার্টির নেতারা বলেন, কারা কর্তৃপক্ষের সুপারিশের পরও খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের উদাসীনতা দেখে আমরা মর্মাহত। সরকারের এ স্বেচ্ছাচারী অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই নন, তিনি তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি কারাগারে নানা জটিল রোগে আক্রান্ত। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
‘আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে।’
-

গাজীপুর সিটি নির্বাচনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের অনুমতি পাওয়ার পর সোমবার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন তিনি। এ আবেদনের ওপর চেম্বার বিচারপতির আদালতে আজ সোমবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবীরা
এর আগে, গতকাল রবিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর ৩ মাসের স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।
সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
-

জনগণ দেখলেই ভয় পায় সরকার
জনগণ দেখলেই ভয় পায় সরকার জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া বর্তমানে নানাবিধ জটিল রোগে ভুগলেও তার সুচিকিৎসার দাবি আমলে না নিয়ে বরং আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিষ্ঠুর রসিকতা করছেন। তিনি বলেন, সরকার জন আতঙ্কে ভুগছে। বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সরকারের এমন অগণতান্ত্রিক আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। এজন্য জাল-জালিয়াতির মাধ্যমে দায়ের করা মামলায় অন্যায় সাজা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি দেয়নি। পুলিশ জানিয়ে দিয়েছে বিএনপিকে কোথাও সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
-

রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত
রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।
পরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, ‘রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
-

আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে : নজরুল ইসলাম খান
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের স্বার্থে প্রয়োজনে বিএনপির আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির মতো একটি রাজনৈতিক দল, শুধু আন্দোলনের বর্তমান ধরণটাই জানে বা বুঝে কিংবা আর কোনো ধরণ জানে না- সেটা ঠিক নয়। প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরণও পরিবর্তন হতে পারে।’
আগামী ৮ মে খালেদা জিয়ার জামিন শুনানি বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় না হলে, এরপরে কী করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে।
বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নাই। যা তারা (ক্ষমতাসীনরা) নিজেরাও জানে, খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাই বেআইনিভাবে তাকে আটকে রাখতে চায় ক্ষমতাসীনরা।
-

ফের রাজনীতি শুরুর ঘোষণা সৈয়দ আশরাফুল ইসলামের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমি অনেক দিন মাঠে ছিলাম না। আজ এসেছি, এখন থেকে আবার রাজনীতি শুরু করবো।
রবিবার সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনের পশ্চিম পাশে যানবাহন মেরামত কারখানার জমিতে বহুতল কার পার্কিং ও মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সরকারি যানবাহন মেরামত কারখানার ৬৮ হাজার ৭৫০ বর্গফুট জায়গার ওপর একটি ১০তলা ও একটি ২৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনের দু’টি বেজমেন্টে ১০৭টি ও গ্রাউন্ড ফ্লোরে ১১টি পার্কিং করা যাবে। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩০ হাজার ২০০ স্কয়ার ফুটের প্রতি ফ্লোরে ৬২টি করে গাড়ি পার্কিং করা যাবে।
-

টঙ্গীতে বিএনপি নেতা নোমানসহ ১৬ নেতাকর্মী আটক
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে টঙ্গীতে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।
হাসান উদ্দিন সরকারের বাসভবনে অবস্থান নেওয়া বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান সরকারের বাড়িও ঘিরে রেখেছে শতাধিক পুলিশ। বাসায় অবস্থান করছেন নেতাকর্মীরা।