Category: জাতীয়

  • সেলিম মো. জাহাংগীর এনএসআইয়ের পরিচালক

    সেলিম মো. জাহাংগীর এনএসআইয়ের পরিচালক

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র‌্যাবের পরিচালক সেলিম মো. জাহাংগীরকে জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
    বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- এন এস আইয়ের পরিচালক মেজবাহ উদ্দিনকে জননিরাপত্তা বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে।
  • কাটাতারের বেড়া ভেদ করে নিজ দেশে ফেরা

    কাটাতারের বেড়া ভেদ করে নিজ দেশে ফেরা

    শেখ সুমন:

    প্রিজন ভ্যানে চেপে আসতে হয়েছিল সরকারি হোমে। তাই প্রিজন ভ্যান দেখলেই দু’চোখ জলে ভিজে যেত বছর সাতের মেয়েটির। কিন্তু বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ হোমের সামনে প্রিজন ভ্যানটি এসে দাঁড়াতেই সবার আগে দৌড়ে উঠেছিল সে। নিজে বসেই পাশের আসনটিতে হাত রেখেছিল ১১ বছরের দিদির জন্য।

    শুধু নিজের দিদিই নয়, আরও ছয় দিদিকে দ্রুত ভ্যানে ওঠানোর জন্য তৎপর হয়েছিল একরত্তি মেয়েটি। মালদহ জেলা প্রশাসন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তৎপরতায় জেলার সরকারি হোমে থাকা আট কিশোরী ও যুবতীকে এ দিন পাঠানো হল বাংলাদেশে। ইংরেজবাজারের মহদিপুর সীমান্ত দিয়ে ওই মেয়েদের এ দিন ঘরে ফেরানো হয়। ঘরে ফেরার আনন্দ থাকলেও বছরের পর বছর হোমের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন অনেকেই। মালদহের সরকারি হোমে প্রায় ৭৬ জন মহিলা আবাসিক রয়েছেন। তারমধ্যে ২৬ জন বাংলাদেশি। এ দিন আটজন বাংলাদেশিকে ঘরে ফেরানো হল।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন যাদের বাড়ি ফেরানো হল তাদের পরিবারের সন্ধান পাওয়া গিয়েছে। বাড়ির লোকেরাও তাদের ফেরত নিতে রাজি হয়েছেন। তারপরেই দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সেই মেয়েদের বাংলাদেশে নিজের বাড়িতে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে, বছর সাতের ওই মেয়েটি তিন বছর আগে বাবা-মা এবং দিদির সঙ্গে এ পারে এসেছিল। দক্ষিণ দিনাজপুরের হিলিতে তারা ধরা পড়ে যায় বিএসএফের হাতে। বাবা-মাকে পাঠানো হয় জেলে। আর ওই দুই নাবালিকার ঠাঁই হয় মালদহের মকদমপুরের ওই সরকারি হোমে।

    বছর পাঁচেক আগে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল সপ্তম শ্রেণির পড়ুয়া এক মেয়েকে। আগাম বুঝতে পেরে বালুরঘাট পুলিশের শরণাপন্ন হয়েছিল সে। তারপর থেকে তারও ঠিকানা হয় মালদহের হোম। কেউ আবার এসেছিল কাজের সন্ধানে। বাংলাদেশের দৌলতপুরের এক বাসিন্দা বলেন, ‘‘আমি তিন বছরের মেয়েকে বাড়িতে রেখে কাজের সন্ধানে ভারতে ঢুকে পড়েছিলাম। ছ’বছর পর বাড়ি ফিরছি। মেয়ে আমাদের চিন্তে পারবে কিনা সেটাই শুধু ভাবছি।

    ’’ বুধবার রাতে হোমের তরফে ওই কিশোরী-যুবতীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ঘরে ফিরতে পারার আনন্দ মুহূর্তেও চোখ ভিজে যাচ্ছিল অনেকেরই। তাদের কথায়, ‘‘পাঁচ বছর হোমের চার দেওয়ালের মধ্যে থেকে শুধুই বাড়ির কথা ভেবেছি। বাড়ি যে ফিরতে পারব তা কখনও ভাবতেই পারেনি। এখন ঘরে ফেরার সময় এতদিনের সঙ্গীদের ছেড়ে যেতেও খারাপ লাগছে।” চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার বলেন, “বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে আমরা মেয়েদের তুলে দিয়েছি। তারাই ওঁদের পরিবারের হাতে তুলে দেবে।’

  • লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি

    লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি

    যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

    কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ওই সম্মেলনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠকের জন্য তৎপরতা শুরু করেছে দুই দেশ। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠক হয়েছে প্রায় এক বছর আগে। এর মধ্যে কোনো তৃতীয় দেশেও তাদের সাক্ষাৎ হয়নি।

    খবরে আরও বলা হয়েছে, লন্ডনে বৈঠকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে তিস্তা নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না মোদির পক্ষ থেকে। তবে তিস্তা ছাড়া অনেকগুলো দিক রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে। এগুলোর পাশাপাশি নতুন কোনো ক্ষেত্রে সমন্বয় বাড়ানো যায় কি না তা নিয়ে কথা বলবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হবে।

    কমনওয়েলথ সম্মেলন শেষে আগামী ২৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

  • ৩ সিটি কর্পোরেশনে নির্বাচন জুলাইয়ে

    ৩ সিটি কর্পোরেশনে নির্বাচন জুলাইয়ে

    গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পর আরও তিন সিটিতে নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদুল ফিতরের পর জুলাইয়ের শেষ সপ্তাহে এ সিটিগুলোতে ভোট হবে।

    ইসি সূত্র জানায়, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোটগ্রহণের জন্য ইসির নির্বাচন পরিচালনা শাখা কর্মপরিকল্পনা তৈরি করেছে। কমিশন এটি অনুমোদন দিলে ঈদুল ফিতরের পর এ সিটিগুলোর তফসিল দেয়া হবে।

    ইসির নির্বাচন পরিচালনা শাখা জানায়, ঈদুল ফিতর হবে জুনের মাঝামাঝি। আবার ঈদুল আজহা আগস্টে। এ করণে দুই ঈদের মাঝখানে তিন সিটিতে নির্বাচন করার পরিকল্পনা ইসির। সেক্ষেত্রে জুলাইয়ের শেষ সপ্তাহকে বেশি উপযোগী মনে করছে ইসি।

    জানা যায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট গ্রহণ করতে হবে। তাই গাজীপুর সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। সিলেট সিটির ৮ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, বরিশাল সিটির ২৩ অক্টোবর মেয়াদ পূর্ণ হবে।

  • ১ মে পবিত্র শবে বরাত

    ১ মে পবিত্র শবে বরাত

    বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৪ শাবান বা ১ মে মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

    সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল। সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হাসান, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। ‘শবে বরাত’ হলো সৌভাগ্যের রজনী, যাকে আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’।

    হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন। ইবাদত-বন্দেগি ছাড়াও প্রয়াত স্বজনদের কবর জিয়ারতও করে থাকেন মুসলমানরা।

  • “লন্ডনে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে

    “লন্ডনে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে

    কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে সৌদি সরকারের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের লুটন বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে ব্রিটিশ সরকারের কমনওয়েলথ ও পররাষ্ট্র দপ্তরের প্রটোকল পরিচালক নেইল হল্যান্ড এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ক্লারিজ হোটেলে।

    সাত দিনের লন্ডন সফরে ওই হোটেলে থাকবেন তিনি। হোটেলে পৌঁছালে যুক্তরাজ্য ও ইউরোপ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের আমন্ত্রণে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। ১৭ থেকে ২১ এপ্রিল যুক্তরাজ্য সফরে থাকবেন শেখ হাসিনা। এর মধ্যে মঙ্গলবার সকালে লন্ডনের ওয়েস্ট মিনস্টারে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে ‘এডুকেট টু এম্পাওয়ার: মেইকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস অ্যাক্রস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সেখানে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে শেখ হাসিনার।

    বিকেলে যুক্তরাজ্যের গবেষণা সংস্থা ওডিআই আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন তিনি। এছাড়া ১৮ এপ্রিল এশীয় নেতাদের অংশগ্রহণে ‘ক্যান এশিয়া কিপ গ্রোইং?’ শীর্ষ একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। সেদিন বিকেলে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন। ১৯ এপ্রিল কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের উদ্বোধনী ও অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন। কমনওয়েলথ মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান ও রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    ২০ এপ্রিল সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেওয়ার পরদিন তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত সংবর্ধনা ও রানির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন শেখ হাসিনা। বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে আছেন। আগামী ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

  • রাজীব হত্যাকারীদের ফাঁসির দাবি যাত্রী অধিকার আন্দোলনের

    রাজীব হত্যাকারীদের ফাঁসির দাবি যাত্রী অধিকার আন্দোলনের

    রাজধানীতে দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে কলেজছাত্র রাজীবের প্রাণ হারানোর ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে ঘাতক বাসচালকদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রাজীবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যাত্রী অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচি থেকে তিনি এ দাবি জানান।

    কেফায়েত শাকিল বলেন, রাজধানীর গণপরিবহনগুলোর চালকরা এতটাই বেপরোয়া হয়েছে যে মানুষের প্রাণ এখন তাদের কাছে কিছুই না। তারা রাস্তায় মানুষের জীবন নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠে। যার জ্বলন্ত প্রমাণ কলেজছাত্র রাজীব হোসাইনের মৃত্যু, গৃহবধূ আয়েশা খাতুনের মেরুদণ্ড ভাঙা ও বেসরকারি চাকরিজীবী রুনা আক্তারের পা থেতলে যাওয়া।

    তিনি বলেন, আমরা বহুদিন ধরে দাবি তুলে আসছি রাজধানীর পরিবহন নৈরাজ্য বন্ধ করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তখন ব্যবস্থা নিলে আজ রাজীবকে বলি হতে হতো না। তাই আমরা মনে করছি এ হত্যাকাণ্ডে প্রশাসনেরও গাফিলতি রয়েছে।

    যাত্রী অধিকার আন্দোলনের এ নেতা বলেন, রাজধানীতে সিটিং সার্ভিসের সামে চালু হওয়া চিটিং সার্ভিস যেভাবে মানুষের পকেট কাটছে সেভাবে কাটছে গলাও। এ পরিবহনগুলো সন্ত্রাসের চেয়েও বড় সন্ত্রাস হয়ে দাঁড়িয়েছে। এদের আজই না রুখা হলে পরিবহন খাতে যে কঠিন অবস্থার সৃষ্টি হবে এর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে। এসময় তিনি সিটিং সার্ভিসের নামে চিটিংবাজী বন্ধ না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

    তিনি আরো বলেন, সিটিং সার্র্ভিসের সংজ্ঞা বা বৈশিষ্ট কি আমরা সংশ্লিষ্ট প্রশসনের কাছে জানতে চাই। একটি গাড়িতে সিট পেরিয়ে দাঁড়ানোর জায়গা থাকে না তবুও সেটা সিটিং সার্ভিস হয় কিভাবে?

    এসময় তিনি রাজীবের স্মরণে একমাস যাত্রী ও চালকদের সচেতনতায় গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরে স্বজন পরিবহনের রুট পার্মিট বাতিল, রাজীবের পরিবারের ভরনপোষণের ব্যবস্থা করা ও দ্রুত বিচারের জন্য সরকারকে একমাসের সময় বেধে দেন। একমাসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

    এসময় তিনি শিগগরির পরিবহনব্যবস্থা শৃঙ্খলে আনাসহ সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-দাবিগুলো হলো : রাজীব হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সব সড়ক দুর্ঘটনায় মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করতে হবে, যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিতে যত্রতত্র যাত্রী উঠা-নামা বন্ধ করতে হবে, সারাদেশে গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করতে হবে, রাজধানীসহ দেশের নগর-মহানগর ও আন্তজেলার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কর্যকর করতে হবে এবং দূর পাল্লার পরিবহনে শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দিতে হবে, নামে-বেনামে চালু হওয়া সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিআরটিএ’র অনুমতিক্রমে কিছু স্পেশাল পরিবহন চলাচল করতে পারে, তবে তা অবশ্যই যথাযথ মানের হতে হবে, গণপরিবহনের ভাড়ায় সমতা আনতে হবে। প্রতিটি গাড়িতে ভাড়ার চার্ট রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে, পরিবহন নৈরাজ্য বন্ধে বিআরটিএ’কে নিয়মিত ‘কার্যকর’ অভিযান পরিচালনা করতে হবে এবং  গণপরিবহনে নারীদের নিরাপত্তার নিশ্চিতে ব্যবস্থা করতে হবে। নারী হয়রানি শিকার হলে কঠোর ব্যবস্থা নিতে হবে, প্রাইভেট পরিবহনের চাপ কমাতে উন্নতমানের এসি, নন-এসি সার্ভিস চালু করতে হবে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ইনসুরেন্স চালু করতে হবে।

    এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম, মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরী, মাঈন উদ্দিন আরিফ, মনিরুল ইসলাম, মাহফুজ বিন শাকুরী, যোবায়ের আহমেদ, হাসান আল বান্না, তামান্না আক্তার, এস এম সজিব, এনামুল, হুমায়ুন, আকিব, রাকিব এবং শোয়েব প্রমুখ।

  • নেত্রীর লাশ নিতে জেলগেটে অপেক্ষা করতে হতে পারে: গয়েশ্বর

    নেত্রীর লাশ নিতে জেলগেটে অপেক্ষা করতে হতে পারে: গয়েশ্বর

    সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জীবিত মুক্তি দিবেন না বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন করে সরকারের পতন ঘটাতে না পারলে জেলগেটে নেত্রীর লাশ ফেরত নিতে আমাদের অপেক্ষা করতে হবে।

    খালেদা জিয়ার মুক্তি ও এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

    নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্য যেন মান্নান ভূইয়ার মত না হয়। খালেদা জিয়া আর তারেক রহমানকে বের করে দিয়ে নয়। আমরা আগামী দিনে নির্বাচনে যাব কি যাব না এটা নিয়ে নানা শর্ত আলোচনায় আসতে পারে। কিন্তু, একটাই শর্ত, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে।’

    তিনি বলেন, ‘আজকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমাদের নেত্রীর মুক্তির দাবিকে পাশ কাটিয়ে। আমরা যদি নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় করতে পারি, তাহলে আমাদের নেত্রীও মুক্তি পাবেন। তখন খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব, না তাকে ছাড়া যাব, সেই নির্দেশনাও তিনি আমাদের দিবেন।’

    সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

  • নারীর ক্ষমতায়নকে ভিত্তি করে বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    নারীর ক্ষমতায়নকে ভিত্তি করে বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শান্তি ও নারীর ক্ষমতায়নকে ভিত্তি করে আগামীতে দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে কমনওয়েলথভুক্ত সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ‘নারীর ক্ষমতায়নে শিক্ষা’ বিষয়ে মূল বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

    বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য শুরু করেন তিনি।

    এর আগে, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ লন্ডনে অবতরণ করে। বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতিনিধি নিল হল্যান্ড।

  • বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে

    বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে

    সকল গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, এদেশেও সেই পদ্ধতিতেই নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  বলেছেন, ‘সকল গণতান্ত্রিক দেশে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হয়। তাই বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

    ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলায় মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সফল রাষ্ট্রনায়ক হিসেবে চিহিৃত হয়েছেন। তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বীকৃতি হিসাবে ২৭টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।’

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শেখর, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রমুখ।

    সমাবেশ সঞ্চালনা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

    সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এর কোনো বিকল্প নাই।

    এর আগে সকাল পৌঁনে ১১টার দিকে জাতীয় নেতৃবৃন্দ মেহেরপুরে পৌঁছে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

    পতাকা উত্তোলন শেষে আনসার ও ভিডিপি সদস্যদের পরিবেশনায় জল মাটি ও মানুষ শীর্ষক গীতিনাট্য পরিবেশনা ও পুলিশ, বিজিবি, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।