Category: জাতীয়

  • ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার আর্থিক সহায়তা পাবে

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার আর্থিক সহায়তা পাবে

    রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে। পাশাপাশি নিহতদের পরিবার আর্থিক সহায়তাও পাবে।

    আজ রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    আজ দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই ৩জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনসহ ৪জন মারা যান। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ২০জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়।

    এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে ঊধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।

  • ৩৯তম বিসিএস : আবেদন সমস্যার সমাধানে পিএসসির হেল্পলাইন চালু

    ৩৯তম বিসিএস : আবেদন সমস্যার সমাধানে পিএসসির হেল্পলাইন চালু

    ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনসংক্রান্ত সমস্যার সমাধানের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। টেলিটকের এই চারটি নম্বর হচ্ছে : ০১৫৫৫৫৫৫১৪৯-৫২। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে পিএসসি।

    পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন প্রার্থীরা। আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে অনলাইন আবেদনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তারা এ নম্বরে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন।

    সূত্রে আরো জানা গেছে, এ পরীক্ষায় আবেদনের জন্য সাধারণ পরীক্ষার্থীদের ৭০০ টাকা ফি দিতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই বিশেষ বিসিএসের মাধ্যমে  ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

  • সৌদি আরব ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর

    সৌদি আরব ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর

    সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেল ৪টা ৪০ মিনিটে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি।

    ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চিফ হুইপ আসম ফিরোজ, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণ, সৌদি আরবের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ঢাকায় যুক্তরাজ্যেও হাইকমিশনার এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

    সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আগামীকাল সোমবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গাল্ফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে ২৩টি বন্ধুপ্রতীম দেশের অংশগ্রহণে মাসব্যাপী এই সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি আরব। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।

    গাল্ফ শিল্ড-১ এর সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগদানের জন্য ১৬ এপ্রিল বিকেলে একটি বিশেষ ফ্লাইটযোগে লন্ডনের উদ্দেশে দাম্মাম ত্যাগ করবেন। ওইদিন রাতেই লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।

    এ বছর সিএইচওজিএম-এর প্রতপাদ্য হচ্ছে- ‘অভিন্ন ভবিষ্যত অভিগামী।’

    ১৭ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্ট মিনিস্টারের রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ফোরামের ‘এডুকেট টু এম্পাওয়ার : মেকিং ইকুইটেবল এন্ড কোয়ালিটি প্রাইমারী এডুকেশন এন্ড সেকেন্ডারী এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস এক্রোস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন। এরপরে বিকেলে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

    ১৮ এপ্রিল শেখ হাসিনা এশীয় নেতাদের ‘ক্যান এশিয়া কিপ গ্রোইং?’ রাউন্ডটেবিলে অংশ নেবেন। ওইদিন বিকেলে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান ও পরে নৈশভোজে যোগ দেবেন।

    ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী বৃটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) আনুষ্ঠানিক উদ্বোধন ও অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়াও তিনি সরকার প্রধান ও তাদের স্বামী/স্ত্রীদের সম্মানে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করবেন।

    ২০ এপ্রিল শেখ হাসিনা তিনটি ‘রিট্রিট সেশন’ ও শীর্ষ সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেবেন।

    ২১ এপ্রিল প্রধানমন্ত্রী রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের জন্য সংবর্ধনা এবং রাণীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেবেন।

    এ ছাড়াও একই দিনে শেখ হাসিনা এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া তিনি শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

    ২৩ এপ্রিল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বরিশালে বর্ষবরণে দিনভর নানা আয়োজন

    বরিশালে বর্ষবরণে দিনভর নানা আয়োজন

    নুরই মাহাবুব:

    প্রভাতী অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, ঢাক উৎসব, রাখী উৎসব, চিত্রাংকন প্রতিযোগিতা, মঙ্গল শোভাযাত্রা এবং পৃথক বৈশাখী মেলার মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৫।

    এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর বিএম স্কুল মাঠে উদীচী শিল্পিগোষ্ঠীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ বরন অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নাচে, গানে, কবিতা আবৃত্তি, ঢাক উৎসব, রাখী উসৎব এবং বিশিষ্টজনদের উত্তরীয় পড়িয়ে বর্ষবরণ করেন সাংস্কৃতিক কর্মীরা। সকাল সাড়ে ৮টায় বিএম স্কুল চত্বর থেকে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। পুলিশের কঠোর নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের বিএম স্কুল মাঠে গিয়ে শেষ হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন সহ বিভিষ্টজনদের নেতৃত্বে এবারের মঙ্গল শোভাযাত্রায় বিশেষত্ব ছিলো ‘দাদু’। এছাড়া দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ষবরণ উপলক্ষ্যে বিএম স্কুল মাঠে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে উদীচী।

    এদিকে, সকাল ৭টায় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্বরে নৃত্য, সংগীত এবং আবৃত্তি পরিবেশন শেষে গুণীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পরানোসহ সন্মাননা প্রদান করে বর্ষবরণ করে চারুকলা বরিশাল। ৭টা ৫৯ মিনিটে সিটি কলেজ মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    বরিশাল বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের পৃথক মঙ্গল শোভাযাত্রা এবং প্রেসক্লাব পান্তা উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও বিএম কলেজ, জেলা পুলিশ, আপন সংগীত বিদ্যালয় এবং শব্দাবলী গ্রুপ থিয়েটার পৃথক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। টিবি হাসপাতাল মাঠে চাঁদের হাটের উদ্যোগে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার।

    বর্ষবরনেণের অনুষ্ঠানে আগত সবাই অশুভ শক্তির বিনাশ এবং অতীতের জরাজীর্ণতা পেছনে ফেলে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনা করেন। তারা নতুন বছরে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করেন।

    নতুন বছরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যাশা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও  যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    এদিকে, বর্ষবরণের সকল অনুষ্ঠান নির্বিঘ্নে এবং উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন।

  • বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে দেশবাসীসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিসহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বাঙালির জীবনে অনাবিল সুখ, শান্তি কামনা করে সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

    বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

    নতুন বছরে বাঙালির জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে- এমন প্রত্যাশা করে রাষ্ট্রপতি বলেন, ‘অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্যকে আরও সুসংহত করবে। সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। বাংলা নববর্ষ সকলের জন্য আনন্দের বারতা বয়ে আনুক এ প্রত্যাশা করি।’

    ‘প্রবাসী বাঙালিরাও বিপুল উৎসাহ উদ্দীপনায় নববর্ষ উদযাপন করেন, যা এই উৎসবের আন্তর্জাতিকতাকে তুলে ধরে। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন।’

    রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা মানবসভ্যতার প্রতিনিধিত্বশীল সংস্কৃতি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে; যা আজ জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এ স্বীকৃতি আমাদের অসাম্প্রদায়িক অবস্থানকে আরও সমুন্নত করবে।

    এদিকে পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন বছরের প্রথম দিনে আমরা অতীতের ব্যত্যয় এবং গ্লানি ভুলে জীবনের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আশায় বুক বাঁধি। দেনাপাওনা চুকিয়ে নতুন করে শুরু হয় জীবনের জয়গান। পহেলা বৈশাখ তাই যুগ যুগ ধরে বাঙালির মননে মানসে শুধু বিনোদনের উৎস নয়, বৈষয়িক বিষয়েরও আধার।

    বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে বিগত বছরটি ছিল বাংলাদেশের জন্য প্রভূত।

  • রমনার বটমূলে মানুষের ঢল

    রমনার বটমূলে মানুষের ঢল

    রাজধানীর ঐতিহাসিক রমনার বটমূলে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ শুরু হয় ভোর সোয়া ৬টায়। সেখানে ঢল নেমেছে সংস্কৃতিপ্রাণ মানুষের। বরাবরের মতো এবারের আয়েজনটিও সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
    বটমূলের বর্ষবরণ আয়োজন সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।
    ছায়ানট মনে করে বিশ্বমানব হবার আগে চাই শাশ্বত বাঙালি হবার প্রত্যয়। নতুন বাংলা বছরে তাই এবারের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বিশ্বায়নের বাস্তবতায় শিকড়ের সন্ধান’।
    ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে ছায়ানটের যে যাত্রার সূচনা তা মূলত বাঙালির আপনসত্তাকে জাগিয়ে তুলবার, আপন সংস্কৃতিতে বাঁচবার অধিকার ও বিশ্বাস প্রতিষ্ঠা করবার জন্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটাবার জন্য ১৯৬৭ সালে রমনার বটমূলে শুরু হয় বাংলাবছরকে আবাহনের আয়োজন।

  • চলছে বৈশাখী আনন্দ

    চলছে বৈশাখী আনন্দ

    আজ ১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখ। রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনে বরণ করা হচ্ছে বাঙালির প্রাণের এ উৎসবকে। নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে রমনা বটমূলে চলছে  ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।

    এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি শেষ হয়েছে।

    প্রতিবছরের মতো এবারও পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন  রমনা পার্কে। নতুন বছরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সকাল সোয়া ৬টা থেকে রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বিভিন্ন পরিবেশনা। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের সুরে ছায়ানটের শিল্পীরা বরণ করেন নতুন বাংলা বছরকে। গানের মূর্ছনা, কবিতা, আবৃত্তিতে ভোরে ওঠে গোটা রমনা বটমূল চত্বর। সোনালী রঙের পোশাকে ছায়ানটের শিল্পীদের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিপাদ্যে, ১৪২৫ বঙ্গাব্দের মঙ্গল শোভাযাত্রা  চারুকলা অনুষেদের উদ্যোগে শুরু হবে সকাল ১০টায়।

    গতকাল শুক্রবার রাতে আলপনা উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় তাঁর সঙ্গে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রশিল্পী রফিকুন্নবীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। এ ছাড়া শিশু-কিশোর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে আসেন এই আলপনা আকা দেখতে। মানিক মিয়া এভিনিউয়ের রাস্তার উভয় পাশজুড়ে ভোর পর্যন্ত আলপনা অঙ্কনে অংশ নেন প্রায় ৩০০ জন তরুণ শিল্পী।

    এ সময় স্পিকার বলেন, বাঙালির  অসাম্প্রদায়িক এই উৎসব জঙ্গি-মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতিকে ঐক্যবদ্ধ করবে।

    কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন গণনার শুরু মোঘল সম্রাট আকবরের সময়ে। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসন ভিত্তি করে প্রবর্তন হয় নতুন এই বাংলা সন।

    ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে।

    পাকিস্তান শাসনামলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের। আর ষাটের দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে।

    দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। উৎসবের পাশাপাশি স্বৈরাচার-অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা; যা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

  • বৈশাখে শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন, ইলিশ নয়–প্রধানমন্ত্রী

    বৈশাখে শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন, ইলিশ নয়–প্রধানমন্ত্রী

    আসছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন। প্রধানমন্ত্রীকে রংপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার দাওয়াত দিলে এর জবাবে তিনি এ কথা বলেন।

    বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটি বিদ্যুৎকেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রংপুরের পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

    তারা প্রধানমন্ত্রীকে নববর্ষ বরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। জানান, বৈশাকে তারা প্রধানমন্ত্রীকে পান্তা-ইলিশ খাওয়াবেন। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বৈশাখে পান্তা ভাত খেলেও ইলিশ মাছ খাবেন না তিনি। তিনি বলেন, ‘পহেলা বৈশাখে পান্তা ভাত খাবো। তবে ইলিশ মাছ দিয়ে নয়, শুটকি ভর্তা দিয়ে খাবো।’

    প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়ার রেওয়াজ থাকলেও গত দুই বছর ধরে এই দিনটিতে ইলিশ খাওয়াকে নিরুৎসাহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরও তিনি পহেলা বৈশাখের দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’

  • অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

    অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বর্ষবরণের উৎসবে যেকোনো ধরনের অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    শুক্রবার বিকেলে রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সকল সংস্থা নিয়োজিত থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।”

    তিনি আরও বলেন, “কোনো অঘটন যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া এ ধরনের পরিস্থিতিতে কে কি করবে সেটাও প্রস্তুত রাখা হয়েছে। মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি পরখ করে দেখা হয়েছে।”

    বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “পবিত্র শব-ই-মেরাজেও যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য ৫টার পর উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। সন্ধ্যার পর যার যার বাসায় নিজের ইচ্ছে মতো বৈশাখ কিংবা শব-ই-মেরাজ পালন করতে পারবেন। এক্ষেত্রে আমাদের কোনো অনুযোগ নেই।”

  • ঘোলা পানিতে মাছ শিকারে ব্যর্থ হয়েছে বিএনপি-ওবায়দুল কাদের

    ঘোলা পানিতে মাছ শিকারে ব্যর্থ হয়েছে বিএনপি-ওবায়দুল কাদের

    বিএনপির লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে ব্যর্থ হয়েছে।

    শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে চারলেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে এসে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

    তিনি বলেন, চারলেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভারটির কাজ চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে শেষ হবে। ঢাকা-সিলেট মহাসড়কের নিত্যদিনের যানজট সম্পর্কে তিনি বলেন, যানজট নিরসনে সবাইকে মানসিকতার পরিবর্তন করতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম, ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া, যুবলীগ নেতা মোশারফ হোসেন ভুইয়া প্রমুখ।