Category: জাতীয়

  • রাত পোহালেই বৈশাখী উৎসব

    রাত পোহালেই বৈশাখী উৎসব

    দিন ফুরাল আরও এক বছরের। আজ ১৪২৪ বঙ্গাব্দের বিদায়। রাত পোহালেই নতুন বছর। আবহমানকালের বাঙালি ঐতিহ্যের বরণডালা সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিপুল আয়োজনের প্রস্তুতি চলছে দেশজুড়েই। রাজধানীতে রীতিমতো সাজ সাজ রব। চারুকলায় মঙ্গল শোভাযাত্রার আয়োজনে শেষ পর্যায়ের ব্যস্ততা, শিশু একাডেমীর সামনে মৃৎ ও কারুশিল্পের দোকানগুলোতে কেনাকাটার ধুম। সাংস্কৃতিক অঙ্গনে চৈত্রসংক্রান্তির আসর, বৈশাখ বরণ অনুষ্ঠানের মহড়া। আর সুপারমার্কেটগুলোর দোকানে দোকানে বৈশাখী সাজসজ্জাসমেত বিশেষ ছাড়ের ছড়াছড়ি।

    গতকাল চারুকলা অনুষদে দেখা গেল, বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রার শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থী দলের দম ফেলার ফুরসত নেই। মাঝের দু-তিন দিন ‘কোটা আন্দোলন’কে কেন্দ্র করে উত্তেজনায় তাদের কাজের প্রবাহ খানিকটা থমকে গিয়েছিল। সময়ের ফলে শেষ পর্যায়ে এসে ব্যস্ততা একটু বেড়েছে বলে জানালেন প্রস্তুতি কমিটির দায়িত্বরত যুগ্ম আহ্বায়ক আফি আজাদ। তহবিল সংগ্রহের জন্য যেসব সরা, মুখোশ ইত্যাদি তৈরি ও ছবি আঁকা হচ্ছে, তা বিক্রি হচ্ছে যথেষ্ট। এসব শিল্পকর্ম কিনে নগরবাসী নববর্ষের এই বর্ণাঢ্য আয়োজনে স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা দিয়ে থাকেন।

    মানুষে মানুষে বিভেদ, বিদ্বেষ ঘুচিয়ে মানবতার বন্ধনে সবাইকে আপন করে নেওয়ার তাগিদ থেকেই এবারের উৎসবের প্রতিপাদ্য লালন সাঁইয়ের গানের চরণ, ‘মানুষ ভজলে সেনার মানুষ হবি’। চারুকলার তিন দিনের বৈশাখী উৎসব আজ শুক্রবার বিকেল চারটায় শুরু হবে বকুলতলায় চৈত্রসংক্রান্তির লোকগানের আসর দিয়ে। পয়লা বৈশাখের সকালে বের হবে উৎসবের বিশেষ আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। বড় প্রতীক থাকবে টেপাপুতুলের আদলে গড়া পাখি ও ছানা, জাল ও জেলে, মা ও শিশু, বাঘ ও বক, মহিষ ইত্যাদি। শেষ দিন শনিবার সন্ধ্যায় বকুলতলায় হবে যাত্রাপালা বাগদত্তা।

    ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে এবার ৫১ তম পয়লা বৈশাখের প্রভাতি অনুষ্ঠান শুরু হবে ভোর সোয়া ছয়টায় বাঁশিতে ভোরের রাগের পরিবেশনায়। দেড় শতাধিক শিল্পী এতে অংশ নেবেন। একক, সম্মেলক গান ও আবৃত্তি দিয়ে সাজানো হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের অনুশীলন চলছে ছায়ানটে। আজ শুক্রবার বিকেলে বটমূল মঞ্চে হবে চূড়ান্ত মহড়া।

    শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিচালিত সংগীত সংগঠন সুরের ধারার চার দিনের বৈশাখী উৎসব গত বুধবার শুরু হয়েছে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আজ সন্ধ্যায় এখানে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে হাজার কণ্ঠের গান দিয়ে।

    নববর্ষ উপলক্ষে চার দিনের গানের অনুষ্ঠান করছে বেঙ্গল ফাউন্ডেশন। কাল থেকে লালমাটিয়ার বেঙ্গল বইতে শুরু হয়েছে ‘পরান ভরি দাও’ নামের এই আয়োজন। অন্য বড় অনুষ্ঠানের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট পয়লা বৈশাখ বিকেল চারটায় অনুষ্ঠান করবে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে আর ওই দিন সকালে ঋষিজ শিল্পীগোষ্ঠী অনুষ্ঠান করবে শাহবাগে শিশু একাডেমীর সামনের নারকেলবীথি চত্বরে। প্রস্তুতি সম্পন্ন, এখন অপেক্ষা শুধু ভোরের সূর্য ওঠার।

    অনুষ্ঠান পাঁচটায় শেষ করতে নির্দেশ
    বিকেল পাঁচটার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তবে জোটের অনুষ্ঠান চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান নিয়ে কোনো নিরাপত্তা হুমকি নেই। পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জারি রাখবে। ভুভুজেলা বাজানো যাবে না, আর যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।

  • কোটা সংস্কার আন্দোলন  স্থগিতঃ

    কোটা সংস্কার আন্দোলন স্থগিতঃ

    জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে কোটা বাতিলের ঘোষণা আইন আকারে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা দাবি জানাচ্ছি, প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করবেন।

    প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, সারাদেশে কোটা সংস্কারের দাবি প্রাণের দাবি হয়ে উঠেছে। কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে নানা ঘটনা জন্ম হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণায় আমরা আস্থা রাখছি। তিনি যে ঘোষণা দিয়েছেন তা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে আশা করছি। হাসান আল মামুন আরও বলেন, পাশাপাশি ঢাকাসহ সারাদেশে যেসব আন্দোলনকারী শিক্ষার্থী ভাই-বোনকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের সরকারি খরচে চিকিৎসা নিশ্চিত করতে হবে। দুই মাস ধরে চলা আন্দোলন সফল হয়েছে। সংবাদ সম্মেলনে একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ‘হামলার’ জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানোসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন, আটকদের নিঃশর্ত মুক্তি, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন, মামলা প্রত্যাহার, কোনো প্রকার হয়রানি না করা। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী, সংহতি জানানো শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

  • ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তার বদলী

    ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তার বদলী

    বাংলাদেশ পুলিশ’র ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তার বদলী করা হয়েছে।

    বদলীকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি একেএম শহিদুর রহমান পিপিএমকে বাংলাদেশ পুলিশ টিএন্ডআইএম এর ডিআইজি, টিএন্ডআইএম এর ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি, র‌্যাবের পরিচালক (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খন্দকার লুৎফুল কবির পিপিএমকে এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) কে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, এসপিবিএন এর ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন এনডিসি কে এসবি’র ডিআইজি ও এসবি’র ডিআইজি মোঃ মোশাররফ হোসেন ভূঁঞা পিপিএমকে সিআইডি’র ডিআইজি হিসেবে বদলী করা হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ১১ এপ্রিল এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়।

  • ছাত্রীদের ওপর নির্যাতনকারী এশার বাড়ি ঝিনাইদহে

    ছাত্রীদের ওপর নির্যাতনকারী এশার বাড়ি ঝিনাইদহে

    কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতনের অভিযোগে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বাড়ি ঝিনাইদহে। গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে। বর্তমান তারা পুরো পরিবার নিয়ে ঝিনাইদহ শহরের আরাপপুরের জামতলায় বসবাস করেন। তার মা গৃহণী।

    বাবা মো. ইসমাইল হোসেন বাদশা সাবেক ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি ছিলেন। ২০০১ সালে শৈলকুপার গাড়াগঞ্জ একটি জনসভায় তিনি আওয়ামী লীগে যোগদান করেন। পরে তাকে পিছনের ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ইসমাইল হোসেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বন ও পরিববেশক বিষয়ক সম্পাদক এবং জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একটানা পিপির দায়িত্ব পালন করে যাচ্ছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, চার ভাই বোনের মধ্যে এশা তৃতীয়। তার দুই বোনের বিয়ে হয়ে গেছে ও সবাই ছোট ভাই ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

    এশা ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১০ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি ও ২০১২ সালে ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ থেকে মানবিক বিভাগ নিয়ে এইচএসসি পাস করেন। এরপর ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। এশা ঢাকায় বসবাসের পর থেকে কিছুটা পাল্টিয়ে যান। আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসাবে তিনি বাংলাদেশ ছাত্রলীগে যোগ দেন।

    ছাত্রলীগ নেত্রী এশার বাবা ইসমাইল হোসেন বাদশা দাবি করেন, আমার মেয়ে এশার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা করা হচ্ছে। সে ষড়যন্ত্রের স্বীকার। ভিসির বাসভবনে যারা হামলা করে মিথ্যা রটিয়েছে এটাও এমন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তিনি শাস্তিমূলক ব্যবস্থার আগে পুরো বিষয়টি সঠিক ভাবে তদন্তের দাবি করেন।

    উল্লেখ্য, এক শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী এশাকে বহিষ্কার করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।এর আগে তিনি এশাকে হল থেকে বহিষ্কারের আদেশ দেন। একইসাথে তাকে সুফিয়া কামাল হলের সভাপতি পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

  • নারী শিক্ষার্থীরা কোটা চায় না: প্রধানমন্ত্রী

    নারী শিক্ষার্থীরা কোটা চায় না: প্রধানমন্ত্রী

    নারী শিক্ষার্থীরা কোটা চায় না, তারা কোটা সংস্কার চায় বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না। নারী শিক্ষার্থীরাও কোটা চায় না। তারাও কোটা সংস্কার চায়। তাদের সঙ্গে আলোচনার সময় তারা কোটা সংস্কার চেয়েছে।সরকার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। নারীর ক্ষমতায়ন নিয়ে সবচেয়ে বেশি আমি কাজ করেছি।

    বুধবার বিকেলে জাতীয় সংসদে ঢাকার সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীসহ অন্যদের চাকরির ব্যবস্থা আলাদাভাবে করে দেব। আর কোনো কোটার দরকার নেই। আন্দোলন অনেক হয়েছে। তিনি ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, অর্জিত শিক্ষা ব্যবহার হওয়ার কথা গঠনমূলক কাজে। কিন্তু এখন ব্যবহার হচ্ছে গুজব ছড়ানোর কাজে। সেদিন এক ছাত্রের মৃত্যুর গুজব ছড়ানো হলো, তখন ছাত্রীরাও হলের গেট ভেঙে বেরিয়ে আসে। সেদিন কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব কে নিতো? সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। আমরা আন্দোলন-সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি, এতোদূর এনেছি। কিন্তু কখনো ভিসির বাড়িতে হামলা হতে পারে কেউ চিন্তাও করতে পারে না। সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ভিসির ওপর আঘাত করতে চেয়েছে। একতলা-দোতলা সব তছনছ করে দিয়েছে। ক্যামেরা সরিয়ে নিয়ে গেছে। কতো পরিকল্পিত। এই হামলার নিন্দা জানাই, যারা এ হামলা করেছে, তারা ছাত্র বলে বিশ্বাস করি না।

  • অবশেষে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না

    অবশেষে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না

    বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকমঃ

    সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না বলে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ছাত্রলীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

    এরপর ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাদের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয় জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, মন্ত্রিপরিষদ সচিবকে এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

    এবং এ সংক্রান্ত কাজও শুরু করা হয়েছে। ‘প্রধানমন্ত্রী হয় নিজে এসম্পর্কে ঘোষণা দেবেন, নয়তো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়, বলে জানা যায়।

  • কোটা সম্পর্কে গণমাধ্যমে ব্যাখ্যা তুলে ধরেন: প্রধানমন্ত্রী

    কোটা সম্পর্কে গণমাধ্যমে ব্যাখ্যা তুলে ধরেন: প্রধানমন্ত্রী

    কোটার বিষয়ে গণমাধ্যমে সরকারের সংশ্লিষ্টদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য সংবিধানে কোটার বিষয়ে বলা আছে বলে উল্লেখ করেন।

    সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সূত্র জানায়, প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোটা নিয়ে আন্দোলন করা দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ধরনের ঘটনা পাকিস্তান আমলেও হয়নি।

    প্রধানমন্ত্রী বলেছেন, এসব কারা করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি চাকরির কোটা সংস্কার করতে পারবেন? এগুলো কেন করা হচ্ছে? আমাদের সংবিধানেই আছে পিছিয়ে পড়াদের এগিয়ে আনার জন্য কোটা ব্যবস্থার কথা। আপনারা সংশ্লিষ্ট যারা আছেন এই কোটা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন।

  • এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত

    এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত

    এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছে আন্দোলন কারীরা। আজ সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে বলেছেন, কোটা সংস্কার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। আন্দোলনে এ পর্যন্ত যারা যেভাবে আহত হয়েছে তাদের চিকিৎসার বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

  • জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত – সিইসি

    জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত – সিইসি

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

    রোববার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত প্রকাশ করেন।

    সিইসি বলেন, যেহেতু বিগত নির্বাচনগুলোতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তাই আসন্ন জাতীয় নির্বাচনেও সেনা মোতায়েন হোক বলে মনে করি।

  • বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্ভোধন করলেন সাদিক আব্দুল্লাহ

    বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্ভোধন করলেন সাদিক আব্দুল্লাহ

    শেখ সুমন :

    আজ রবিবার ১৫ তম বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্ভোধন করলেন সাদিক আব্দুল্লাহ।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব এস.এম . রুহুল আমিন।

    সভাপতিত্ত্ব করেন , জনাব সাইদুর রহমান রিনটু, সভাপতি বরিশাল চেম্বার অব কমার্স।

    উপস্থিত ছিলেন, বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান সমন্বয়কারী  জনাব নিরব হোসেন টুটুল,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক , বরিশাল মহানগর আওয়ামীলীগ।

    এসময় বরিশাল চেম্বার অব কমার্সের কর্মকর্তা সহ বরিশাল বিভাগীয় প্রসাশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠাণে বক্তাগন মেলার সাফল্য কামনা করেন।উদ্ভোধনী অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টল সমূহ পরিদর্শন করেন।

    উল্লেখ্য়, বিগত বছর গুলোতে মেলায় জুয়া,যাত্রা সহ বিভিন্ন অশ্লীল কার্যকলাপ চলতো। কিন্তু সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিগত ২ বছর ধরে সকল জুয়া,যাত্রা সহ বিভিন্ন অশ্লীল কার্যকলাপ বন্ধ করে দেন। যে কারনে নগরবাসী খুব উপকৃত।