Category: জাতীয়

  • বরিশালে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

    বরিশালে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

    জাকারিয়া আলম দিপু.

    আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দক্ষ মানসম্পদের লক্ষ্যে প্রশিক্ষন দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরিশালের বেসরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষন প্রতিষ্ঠান “ফা আইটি”।

    আজ বরিশালে আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়।সন্ধ্যা সাড়ে ছয়টায় বরিশাল সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষন প্রতিষ্ঠান “ফা আইটি” সেন্টারের উদ্যোগে তিনমাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।

    এসয়ম অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ বা রূপকল্প ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নে বিকল্প নেই। আমাদের প্রত্যেকে আইসিটি খাতে জোর দিতে হবে।

    এ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, চৌধুরী মোঃ শওকত হোসাইন সহকারী প্রেগ্রামার বরিশাল সদর, বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী মোঃ আক্তারুজ্জামান হিরু, বরিশালের তরুন সফল ফ্রিলান্সার “ফা আইটির” প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহীন সানি।

  • রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে চলতি সপ্তাহে ‘চুক্তি’: সু চি

    রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে চলতি সপ্তাহে ‘চুক্তি’: সু চি

    রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে ঢাকার সঙ্গে চলতি সপ্তাহে একটি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন মিয়ানমারের বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি। মঙ্গলবার এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আসেমের দ্বিতীয় দিনে তিনি এ আশা প্রকাশ করেন।

    এ সময় সু চি বলেন, গত তিন মাসে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিমদের ‘স্বেচ্ছায় ও নিরাপদে ফেরাতে’ চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তি সই হবে।

    এদিকে, রোহিঙ্গাদের নিজভূমিতে নিরাপদে ফেরাতে বাংলাদেশ এবং মিয়ানমার শিগগিরই একটি সমঝোতা স্মারক ও চুক্তিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি।

    মঙ্গলবার সকালে বৈঠক শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতিমালা সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রাখাইন সঙ্কট নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন।

    আলোচনায় মিয়ানমার, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, এস্তোনিয়া, জার্মানি, মাল্টা, রাশিয়া, লুক্সেমবার্গ, ফ্রান্স, থাইল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড ও সুইডেনের পররাষ্ট্র মন্ত্রীরা অংশ নেন।

    সূত্র: রয়টার্স

  • খালেদার সাজায় কী করবে বিএনপি

    খালেদার সাজায় কী করবে বিএনপি

    জিয়া অরফানেজ ট্রাস্টে ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে পৃথক দুই মামলার বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে। আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্যের পর সাফাই সাক্ষী ও যুক্তিতর্ক।

    এরপরই রায়। এ মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই মামলায় ‘সাজা’ হওয়ার আশঙ্কা করছেন তার দলের নেতা-কর্মীরা। সম্প্রতি বিশেষ আদালতে নিজের ‘সাজা’ শঙ্কার কথা জানিয়েছেন বেগম জিয়া। তার সাজা হলে বিএনপির পরিণতি কী হবে তা নিয়ে দলের পক্ষে প্রকাশ্যে মুখ খোলেনি কেউ। তবে এ নিয়ে দলের ভিতরে-বাইরে নানা কৌশল নিয়ে আলোচনা চলছে। খালেদা জিয়া জেলে গেলে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান হাল ধরুক—এমনটাও চান দলের অনেক নেতা। আবার দলের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব চান বড় একটা অংশ। তবে সরকারের দুজন মন্ত্রী এ নিয়েও আগাম বার্তা দিয়েছেন। সম্প্রতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এক অনুষ্ঠানে বলেছেন, ‘খালেদা জিয়ার সাজা হলে নির্বাচনে যাবে না বিএনপি। ’ এরও কয়েকদিন আগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার সাজা হলে বিএনপি দুই-তিনভাগে বিভক্ত হবে। সব ভাগই পৃথক পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। ’ মন্ত্রীদের এ ধরনের কথাবার্তায় উদ্বিগ্ন  বিএনপি। মন্ত্রীদের এসব বক্তব্যে ‘অসৎ’ উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা-কর্মীরা। অবশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। মামলা আর জেলের ভয় পান না বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতা-কর্মীরা। নির্বাচনে অযোগ্য করার ষড়যন্ত্রও কাজে আসবে না। ’ দলের শীর্ষ নেতৃত্ব মনে করে, শুধু বেগম জিয়াকেই নয়, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতাকেও ‘সাজা’ দিয়ে আগাম নির্বাচন দিতে পারে সরকার। বেগম জিয়া ও তারেক রহমানকে নির্বাচনে অযোগ্য ঘোষণাও করা হতে পারে। সেই সঙ্গে কয়েকজন সিনিয়র নেতাকেও সাজার জালে আটকানো হতে পারে। তখন বিএনপি কী করবে—তা নিয়েই ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলছেন বেগম খালেদা জিয়া। দলের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন খালেদা জিয়া। বিশেষ করে বেগম জিয়া জেলে গেলে দল কীভাবে কার নেতৃত্বে চলবে তা নিয়েও মা-ছেলে কথা হয়। আপদকালীন একটি সংক্ষিপ্ত কমিটি গঠনের চিন্তার কথাও জানান বেগম জিয়া। তবে বিএনপির নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, আপদকালীন বিশেষ করে বেগম জিয়া জেলে গেলে তারেক রহমানেরও দেশে আসার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে দলের হাল ধরতে পারেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। দলে তারও ক্লিন ইমেজ রয়েছে। নেতা-কর্মীরাও তাকে বেশ পছন্দ করেন। বিএনপির হাইকমান্ড মনে করে, বিএনপিতে ভাঙন ধরাতে দীর্ঘদিন ধরেই একটি প্রক্রিয়া চলছে। মাঝখানে বন্ধ থাকলেও আগামী একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সেটা আবার নতুন করে শুরু হয়েছে। একটি বিশেষ মহল আবারও বিএনপিতে ভাঙন ধরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রীদের বক্তব্যেও তা কিছুটা আন্দাজ করছে বিএনপির হাইকমান্ড। ওই মহলটি শুধু বিএনপি নয়, জোটেও ভাঙন ধরাতে নানা তত্পরতা চালাচ্ছে। বিএনপি জোটকে খণ্ডবিখণ্ড করে দুর্বল অংশকে নিয়ে নির্বাচনে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। এ ব্যাপারে বিএনপিও বেশ সতর্ক। সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এমন সব নেতাদের ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখছেন খালেদা জিয়া। লন্ডন বসে তারেক রহমানও মনিটরিং করছে। দেখা-সাক্ষাৎ হলে তাদেরকে ইশারা ইঙ্গিতে বিএনপি প্রধান বুঝিয়েও দিচ্ছেন, ‘দল ভাঙার চেষ্টা করলে পরিণাম শুভ হবে না। ’ সিনিয়র নেতাদের একাধিক বৈঠকেও এ কথা বলেন তিনি। সর্বশেষ শনিবার রাতে ভাইস চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি প্রধান বলেছেন, ‘দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণাম ভালো হবে না’। বিএনপির তরুণ নেতৃত্ব বলছে, ভবিষ্যতে ওয়ান-ইলেভেনের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে একটি সুবিধাভোগী গ্রুপ দল থেকে বেরিয়ে যেতেও পারে। তাতে দলের কোনো ক্ষতি হবে না। মাঠপর্যায়ের নেতা-কর্মীরাই খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। কেউ দল থেকে চলে গেলে তারই ক্ষতি হবে। দল সাময়িকভাবে কিছুটা অসুবিধায় পড়লেও এ বিপদ কাটিয়ে ওঠার মতো সক্ষমতা রয়েছে বিএনপির। ওয়ান-ইলেভেনে যারা বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা কোনোদিন দলের আস্থার জায়গায় থাকবে না। নেতা-কর্মীরা তাদের এখনো বিশ্বাস করছেন না। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আশঙ্কা করছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছে। রায় ঘোষণার দিন খুব একটা দূরে নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খালেদা জিয়ারও ‘সাজা’ হতে পারে। ‘সাজা’ হলে খালেদা জিয়াকেও আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। পরে জামিন চেয়ে আপিল করতে হবে। সরকার হার্ডলাইনে থাকলে তাকেও জেলবাস করতে হবে। নির্বাচনে অযোগ্যও হতে পারেন বিএনপি প্রধান। তাদের মতে, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে সাজা হলেও আইনি লড়াইয়ে উচ্চ আদালতে আপিল করবেন খালেদা জিয়া। এতে নির্দোষ পাওয়ার আশা করছেন বিএনপি প্রধানের আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘সাজা’ শঙ্কার কথা জানিয়েছেন খোদ খালেদা জিয়া। সম্প্রতি বিশেষ আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি বলেছেন, “দেশের রাজনৈতিক অঙ্গন থেকে আমাকে সরাতে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য ‘নীলনকশা’ প্রণয়ন করছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে আমার বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা হুমকি দিচ্ছে, আমাকে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করে দেওয়া হবে। মামলা শেষ হওয়ার আগেই বিচার নিয়ে কথা বলছেন, মুখে মুখে রায় দিয়ে দিচ্ছেন তারা। তারা বলছেন যে—এই মামলায় আমার সাজা হয়ে যাবে। আমাকে কাশিমপুর কারাগারে রাখা হবে। এসব বক্তব্য আদালত অবমাননার শামিল। এতে আমার আশঙ্কা হচ্ছে, আমি এ মামলায় আদৌ ন্যায়বিচার পাব না। ” এ প্রসঙ্গে খালেদা জিয়ার মামলার অন্যতম আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মামলার কার্যক্রমের গতিপ্রবাহ দেখে মনে হচ্ছে সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ’

  • দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়’

    দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়’

    দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয় মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দুর্নীতি ভালো কাজ নয়, তারপরও মানুষ এটি করছে। এজন্য আরও বেশি সচেতনতা বাড়ানো উচিত।

    দুদক বড় বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি।  দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়। তবে সমাজের বড় একটি অংশ দুর্নীতিবাজ হলে একা দুদকের পক্ষে সেটা দমন করাও সম্ভব নয়।  আজ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।

    ফরাস উদ্দিন আরো বলেন, গত ১১ বছরে বাংলাদেশ থেকে ৬৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৩ সালে ৫৬ বিলিয়ন ডলার ও ২০০৯ সালে ৯ বিলিয়ন ডলার। কাজেই দুদককে আরও বেশি শক্তিশালী হতে হবে।

    সকালে সকল কর্মকর্তা-কমর্চারীকে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- দুদকের সচিব শামসুল আরেফিন, কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, ড. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।

  • আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: সেতুমন্ত্রী

    আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: সেতুমন্ত্রী

    “আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি।

    “আজ সোমবার বিকেলে ফেনীর মহিপালে নির্মাণাধীন ছয় লেন ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে- বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “ওনাকে খালাস দেওয়া বা শাস্তি দেওয়া আদালতের এখতিয়ার। এতে আমাদের কিছু বলার নেই। ” সৈয়দপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তার সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং কুশল বিনিময় হয়েছে। তার সঙ্গে  সংলাপ বা অন্য কোনো বিষয়ে কোনো আলাপ হয়নি।

    ফেনীর মহিপালে নির্মাণাধীণ ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “১৮১ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। আশা করি ডিসেম্বরে এটি চালু করা সম্ভব হবে। ” মাননীয় প্রধানমন্ত্রীর এটি উদ্বোধন করার কথা রয়েছে বলেও জানান তিনি। এ সময় পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ‘শেখ হাসিনার সামনে দুটি পথ আছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার’

    ‘শেখ হাসিনার সামনে দুটি পথ আছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার’

    সরকারকে হুঁশিয়ার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ আছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার। একটা হল সম্মানজনকভাবে বিদায় নেওয়া।

    আরেকটি হল একেবারে অপমানিত-লাঞ্ছিত এবং একেবারে অসম্মানের সঙ্গে পদত্যাগ করা বা সরকার থেকে চলে যাওয়া।

    আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরামের উদ্যোগে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের কারাবন্দি সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তির দাবি সভার আয়োজন করা হয়।

    মওদুদ আরও বলেন, প্রধানমন্ত্রীকে এখন পছন্দ করতে হবে যে কোনটা উনি চান। যদি উনি সম্মানের সঙ্গে যেতে চান, তাহলে সমঝোতায় আসতে হবে। একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেখানে আওয়ামী লীগ যদি হেরেও যায়, তবুও প্রধানমন্ত্রী সম্মানের সঙ্গে বিদায় নেবেন।

    তিনি বলেন, যদি তারা সমঝোতায় না আসে, আর যদি সুষ্ঠ নির্বাচনের কোনো ব্যবস্থা না করে, তাহলে যার কপালে তা, আমাদের কিছু বলার থাকবে না।

    দেশের মানুষ পরিবর্তন দেখতে চায় মন্তব্য করে মওদুদ বলেন, সেই পরিবর্তন ইনশাল্লাহ আসবে।

    সমঝোতায় সরকার যদি না আসে তাহলে রাজপথে কর্মসূচি দেওয়া হবে। এর কোনো বিকল্প নাই। আমরা জানি কী করে দাবি আদায় করতে হয়।

  • সংসদে বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস

    সংসদে বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস

    জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও আধুনিক বিজ্ঞান চর্চা সম্প্রসারণে জামালপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এ জন্য জাতীয় সংসদে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৭’ নামের একটি বিল পাস হয়েছে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমামসহ অন্যদের বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

    পাস হওয়া বিলে জামালপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করে সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরি কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, গ্রন্থাগারিক, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তাদের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিধান রাখা হয়েছে।

    এ ছাড়া বিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গঠন এবং কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব, অনুষদ গঠন ও এর দায়িত্ব-কর্তব্য, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভাগ গঠন, বিশ্ববিদ্যালয় তহবিল, অর্থ কমিটি গঠন, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি, পরীক্ষা, পরীক্ষা পদ্ধতি, চাকরির শর্তাবলী, সংবিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাবসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।

  • ‘ফখরুল সাহেব এলে ভালো হতো, দুজনে একসঙ্গে ঘুরতাম’

    ‘ফখরুল সাহেব এলে ভালো হতো, দুজনে একসঙ্গে ঘুরতাম’

    ‘ফখরুল সাহেব আজ এখানে আসার কথা ছিল, কিন্তু  নিরাপত্তার অজুহাত দেখিয়ে তিনি এলেন না। তিনি এলে ভালো হতো।

    দু’জনে আমরা একসঙ্গে থাকতাম, একসঙ্গে ঘুরতাম। ‘ রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা-ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    এসময় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা-ভাংচুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি ঘটানোর জন্য একটি মহল পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। নাসিরনগর ও রামুর ঘটনার ধারাবাহিকতায় রংপুরে হামলা হয়েছে।

    হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের কাঠগড়ায় আনা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যারা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের আশা পূরণ হবে না।

    উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রবিবার ঠাকুরপাড়ায় যাওয়ার কথা থাকলেও শনিবার রাতে তা স্থগিত করা হয়।

    রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু শনিবার রাতে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোববার আসছেন, তাই বিএনপি মহাসচিবের ঠাকুরপাড়ায় আসার কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

    এদিকে ওবায়দুল কাদের ঘর পুড়ে যাওয়া নয় পরিবারের প্রত্যেকটিকে ২৫ হাজার টাকা, ভাংচুর হওয়া সাত পরিবারের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা এবং মন্দির নির্মাণের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন।

    এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী ও বিএম মোম্মেল হক এবং স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

  • হঠাৎ দেখা কাদের-ফখরুল কী কথা হলো

    হঠাৎ দেখা কাদের-ফখরুল কী কথা হলো

    নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে হঠাৎই দুই মিনিটের দেখা-সাক্ষাৎ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গতকাল বিকালে তাদের হাস্যোজ্জ্বল পরিবেশে কথাও হয়।

    দুজন হ্যান্ডসেকও করেন। সেখানে কয়েকজন আওয়ামী লীগ নেতাকেও দেখা যায়। একাধিক প্রত্যক্ষদর্শী  এ তথ্য নিশ্চিত করেন। ইউএস বাংলা বিমানে ঢাকায় ফিরতে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এর আগেই বিমানবন্দর লাউঞ্জে বসা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিআইপি লাউঞ্জ দিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে এসে বলেন, ‘ভাই কেমন আছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মিত হেসে বলছেন, ‘ভালো আছি, আপনি কেমন আছেন ভাই। ’ ‘ভালো আছি’ বলে ওবায়দুল কাদের আরও বললেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ-আলোচনার পথ খোলা রাখাই ভালো।

    ’ ফখরুলের সঙ্গে কুশল বিনিময়ের সময় ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকায় এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি আসছেন না। একসঙ্গে এলে ভালো হতো। কথা বলা যেত। ’ জবাবে মির্জা ফখরুল বলেন, আমি সকালের ফ্লাইটেই আসতাম। কিন্তু পারিবারিক কারণে একটু পরে আসতে হয়েছে। ’ দুই মিনিটের কুশল বিনিময়ের পর ওবায়দুল কাদের বলেন, ‘যাই বিমান রেডি হয়ে আছে। ’ জবাবে মির্জা ফখরুলও বলেন, ‘ধন্যবাদ। ’ এরপর ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় চলে আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিছু সময় পর নভএয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

    দুই নেতার আলাপের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকায় ফেরার পর সন্ধ্যায় টেলিফোনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে কি না—জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনালের লাউঞ্জে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু না। ’ দীর্ঘ কয়েক বছর আগে ভারপ্রাপ্ত মহাসচিব থাকা অবস্থায় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা হলেও ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপি মহাসচিবের মুখোমুখি কথা এটাই প্রথম।

    জানা গেছে, কাদের ও ফখরুলের গতকাল ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানির ফ্লাইটে সৈয়দপুর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মির্জা ফখরুল সফর স্থগিত করেন। ফলে একই ফ্লাইটে দুই বড় দলের দুই নেতার সাক্ষাৎ হওয়ার সুযোগ নষ্ট হয়।

  • ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

    ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

    ৭ মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে ৭ মার্চের ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা চাওয়া হয়েছে।

    সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট বশিরুল্লাহ।

    দুপুর ২টার পর হাইকোর্টের একটি বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানির কথা রয়েছে বলে জানা গেছে।

    প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ওই ঘোষণার পর গত শনিবার নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।