Category: জাতীয়
-

বৌদ্ধ নগরীর প্রত্নতাত্ত্বিক খনন কাজ উদ্বোধন
বিক্রমপুর একটি প্রাচীন সমৃদ্ধ জনপদ, এটি ছিল বঙ্গ ও সমতট অঞ্চলের রাজধানী। টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে আসছে একের পর এক তাৎপর্যপূর্ণ স্থাপত্যিক নিদর্শন বৌদ্ধ মন্দিরের অষ্টকোণকৃতি স্তূপ, ৪টি অনন্য স্তূপ হলঘর, ইটে-নির্মিত রাস্তা, কক্ষ, দেওয়াল, মেঝে, ইট-নির্মিত নালা সর্বোপরি বৌদ্ধনগরীর খনন কাজ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নাটেশ্বর বৌদ্ধ মন্দির প্রত্নস্থানে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই খনন কাজ উদ্বোধন করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ জামাতা দেশ-বরণ্যে শিক্ষাবিদ প্রফেসর ড. সফিক আহম্মেদ সিদ্দিক।বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সভাপতি ড. নূহ-আলম লেলিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন-অর-রশিদ, চীন থেকে আগত প্রত্নতত্ত্ব বিশেষঞ্জ অধ্যাপক চাই হুয়ান হো, খনন প্রকল্পটির নির্বাহী পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত হাসিনা আক্তার, অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, আমিরুল ইসলাম ও সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। -

‘শনিবারের নাগরিক সমাবেশ রাজনৈতিক পাল্টাপাল্টি সমাবেশ নয়’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশ কোন পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ নয়। এ সমাবেশ সবার বলে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বাধীনতার অস্তিত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারাই এ সমাবেশে উপস্থিত হবেন।আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির সমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, নাগরিক সমাবেশ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি ধরনের কোন সমাবেশ নয়। আর আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোন ধরনের কর্মসূচি পালন করে না। বিএনপির ১২ নভেম্বরের সমাবেশের অনেক আগেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই আওয়ামী লীগের নাগরিক সমাবেশকে ফলো করে পাল্টাপাল্টি সমাবেশ করেছে।বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটির উদ্যোগে শনিবার বঙ্গবন্ধুর এ ভাষণ দেওয়ার স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।নাগরিক কমিটির আহ্বায়ক এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু
বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও টঙ্গীতে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা। বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এই আনুষ্ঠানিকতা।
আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।
এ ব্যাপারে বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, এবারের জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন লাখ মুুসল্লি এতে অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা রবিউল হক। কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা বয়ান করবেন। পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে সেই বাণী শোনাবেন।
এদিকে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে।
-

উড্ডয়নকালে চাকার বিয়ারিং ভাঙল স্পাইস জেটের
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে কলকাতাগামী স্পাইস জেটের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্পাইস জেটের উড়োজাহাজটি বিমানবন্দরের ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে যাওয়ার সময় পেছনের দিকে বাম পাশের একটা চাকার বিয়ারিং ভেঙে যায়।
এ ব্যাপারে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান জানান ‘এ সময় কোনো আগুন না ধরলেও ধোঁয়া বের হয়। ট্যাক্সিওয়ের পাশে ছিল ফায়ার সার্ভিসের কার্যালয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। ’
তিনি আরও বলেন, প্লেনটির ৭৮ জন আরোহীর সবাই নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে টার্মিনালে অপেক্ষা করছেন তারা। নতুন চাকা লাগানো হলে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি গন্তব্যে রওনা দেবে বলে জানান এএসপি আশরাফ।
দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিকে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
-

ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিবে প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির এক সদস্য বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিয়ে বের হয়ে আসলে আকরামুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়। সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
-

গণভবনে বিমান নিয়ে হামলার ছক ছিল
‘প্রধানমন্ত্রীর বাসভবনে কোনোভাবে বিমান ক্র্যাশ করানো যায় কিনা, সে বিষয়ে আব্দুল্লাহর সঙ্গে পরিকল্পনা হয়েছিল। এই পরিকল্পনার বিষয়টি বিমানের ফার্স্ট অফিসার শাহরান আলী, ক্যাপ্টেন (অব.) আতাউল কাইয়ুম ও ক্যাপ্টেন নওশাদের সঙ্গে কথাও হয়েছিল।’ এমনই ভয়ঙ্কর জবানবন্দি দিয়েছেন র্যাবের হাতে গ্রেফতার বিমানের ফার্স্ট অফিসার পাইলট সাব্বির এমাম।
তিনি জবানবন্দিতে বলেন, বিমান দিয়ে কোনো স্থাপনায় আঘাত হানতে হলে তা অবতরণের সময় সম্ভব। কোনোক্রমে টেক অফের সময় সম্ভব নয়। ঢাকা বিমানবন্দর থেকে টেক অফ করে তাত্ক্ষণিকভাবে ঢাকার কোনো স্থাপনায় আক্রমণ করা সম্ভব নয়। চট্টগ্রাম, সিলেট বা রাজশাহী থেকে বিমান এনে ঢাকার কোনো স্থাপনায় অবতরণকালে আঘাত হানা সম্ভব। স্থাপনা উচ্চতা উপপাদ্য অনুযায়ী হিসাব করে স্থাপনায় আঘাত করা সম্ভব।
গত ২৬ অক্টোবর মিরপুরের বর্ধনবাড়ির কমলপ্রভা বাড়ি থেকে পাইলট সাব্বির এমামকে র্যাব গ্রেফতার করে। এর আগে ৫ সেপ্টেম্বর কমলপ্রভা বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানে আত্মঘাতি হামলায় জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী ফাতেমা ও নাসরিন, দুই সন্তান ওমর ও ওসামা এবং দুই সহযোগী নিহত হয়।
গত ৮ নভেম্বর ঢাকার মহানগর হাকিম মো: সারাফুজ্জামান আনছারীর আদালতে পাইলট সাব্বির এমাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন বলে উল্লেখ করা হয়। সেখান থেকে পরিত্রাণ পেতে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আব্দুল্লাহর মাধ্যমে নব্য জেএমবি’র বায়াত গ্রহণ করেন।
তিনি বলেন, ২০১২ সালে বিয়ে করার পর বাবা-মায়ের সাথে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। ২০১৩ সালে বর্ধনবাড়ির কমলপ্রভা বাড়ি ছেড়ে বাবার কেনা কল্যাণপুরস্থ কেয়ারী বুরুজ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ওঠেন। বাবার সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি ওই ফ্ল্যাট ছেড়ে মোহাম্মদীয়া হাউজিংয়ের ফ্ল্যাট ভাড়া করেন। মানসিক হতাশাগ্রস্তের কারণে সেখানকার মসজিদে যাতায়াত করেন। পরে তাবলীগ নামাজে যুক্ত হন। ২০১৪ সালে কোরবানি ঈদের কয়েকদিন আগে বাবার কমলপ্রভা বাড়িতে যান। ওই বাড়ির তিন তলায় আব্দুল্লাহ সপরিবারে থাকতেন। বাড়ির নিচতলায় আব্দুল্লাহর মালিকানাধীন আইপিএস ও স্ট্যাবিলাইজার তৈরির কারখানা। দোতলায় কবুতর ফার্ম। আব্দুল্লাহ তার বাবা-মা ও তাকে জিহাদ সম্পর্কে হাদিসের বয়ান দিতেন। দেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সংবিধান নিয়েও কথা বলতেন।
জবানবন্দিতে সাব্বির বলেন, আব্দুল্লাহ দেশের সংবিধান আল্লাহর আইন ও শরীয়ত পরিপন্থি বলে মন্তব্য করেন। এ জন্য এদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। যারা ইসলাম বিরোধী কথা বলে, তাদের কোনো বিচার হয় না। রণবী, আব্দুল গাফফার চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবালসহ অনেকেই ইসলাম সম্পর্কে কটূক্তি করেন। এদের কোনো বিচার হয় না বলে, ২/৩ জন বড় বিচারককে মেরে ফেলতে হবে। তাহলে বিচার করার সাহসিকতা বিচারকরা হারিয়ে ফেলবেন।
পাইলট সাব্বির ইন্টারনেট থেকে ১০ খণ্ড বোখারী শরীফ ডাউনলোড করেন। ফাজায়েল আমল, হাদিস সংকলন ও লন্ডন থেকে বাংলায় অনূদিত কোরআন শরীফ তিনি ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন। এসব পড়াশুনা করে তিনি বুঝতে পারেন, যেখানে ইসলাম অবনমিত হবে সেখানে ইসলামের পতাকা উত্তোলনের জন্য জিহাদ করতে হবে।
জবানবন্দিতে বলা হয়, আব্দুল্লাহ তাকে বারবার সিরিয়ায় যাওয়ার কথা বলেছিলেন। তাতে সাব্বির রাজি না হলে, দেশে কিছু করা যায় কিনা সে ব্যাপারে পরিকল্পনা নিতে বলেন। তখন আব্দুল্লাহ বলে, আমি যে বিমানটি চালাই, সেটা নিয়েই সিরিয়া যেতে পারি। সাব্বির তাকে বলে, আমি যে বিমানটি চালাই, সেটি দুজনে মিলে চালাতে হয়, তাই একা কিছু করা সম্ভব নয়। তবে জরুরি হলে জীবনে একবার সম্ভব। আমি তাকে সিরিয়ার রুট প্ল্যান দিয়ে বলেছিলাম, তুরস্ক হয়ে সিরিয়া যাওয়া সম্ভব, সরাসরি সম্ভব নয়। আব্দুল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছিল যে, তাদের ২/৪ জন ছেলেকে ফ্লাইং শিখিয়ে বিচারলয়সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ছোট ছোট বিমান দিয়ে আত্মঘাতি হামলা চালানো যায় কিনা।
-

আওয়ামী লীগের সভাস্থলে ময়লার স্তূপ, মোটরসাইকেলে আগুন
পুরান ঢাকায় আওয়ামী লীগের দুই নেতার বিরোধের কারণে দলের একটি বর্ধিত সভাস্থলের রাস্তা ময়লা ফেলে আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালবাগ থানার আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সেখানে কামরাঙ্গীর চর, লালবাগ ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করেন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
আর মেয়র সাঈদ খোকনের সমর্থক হিসেবে পরিচিত ৩৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু আহমেদ মান্নাফিকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে তার সমর্থকরা পার্ল হারবারের সামনের সড়কে একই সময়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই তারা সেখানে ময়লার স্তূপ দেখতে পান। তাদের ধারণা রাতে অন্ধকারে সেখানে এই ময়লাগুলো ফেলা হয়েছে।
এ বিষয়ে শাহে আলম মুরাদ অভিযোগ করেন, তাদের কর্মসূচি কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য সিটি করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে ময়লা ফেলে কমিউনিটি সেন্টারের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
কমিশনার আবু আহমেদ মান্নাফি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ময়লার মালিক তো আর আমি না।
অনেক সময় গাড়ির সঙ্কট থাকে… অনেক জায়গায় ময়লা জমে থাকে। হয়ত সরিয়ে নিয়ে যাবে। ”
-

নবান্নের আলোয় জঙ্গিবাদের আঁধার দূর করতে হবে’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবান্নের দিন নিজের মনকে আলোকিত করার দিন। সোনার ধান-ফলানো কৃষকের জন্য মমতা, উত্তরোত্তর সমৃদ্ধি, নারী অগ্রযাত্রা, ডিজিটাল বাংলাদেশ আর গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আলোয় আলোকিত হবার সময় আজ।
আর সেই আলোতে দূর করতে হবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বৈষম্য, দারিদ্র্য, অশিক্ষা আর কূপমন্ডুকতার সকল অন্ধকার।
অগ্রহায়ণ মাসের প্রথম দিন (বুধবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আরটিভি আয়োজিত দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এসময় সকলকে বিশেষ করে দেশের কৃষকদের প্রতি নবান্নের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে হাসানুল হক ইনু বলেন, নতুন ধানের গন্ধে মৌ মৌ বাংলার গ্রাম-প্রান্তর আজ যে নবান্ন উৎসবে মেতেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের কৃষকদের।
নবান্ন উৎসবকে দেশের লোকজ সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকের যাপিত জীবন, সবুজমাখা প্রকৃতির বৈচিত্র্য আর নদী-নালা, খাল-বিলের জলতরঙ্গ -এসবই আমাদের লোকজ সংস্কৃতির উৎস। আর ছয় ঋতুর পরিবর্তনের বৈচিত্র্য নগরের দালান-কোঠায় বসে যতটা না অনুভব করা যায়, তার চেয়ে অনেক বেশি অনুভব করা যায় ঘরের উঠোনে বসে, ক্ষেতের আলে বসে বা নদীর পাড়ে বসে।
তিনি বলেন, নাগরিক সভ্যতাকে অস্বীকার করে নয়, লোকজ সংস্কৃতির শেকড়কে শক্তভাবে আঁকড়ে ধরেই নাগরিক সভ্যতার বিকাশ সাধনে এগুনো উচিত। তবেই কেবল আমরা আধুনিকতা পাবো আবার বাঙালি স্বকীয় বৈশিষ্ট্যও ধারণ করতে পারবো।
-

নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে ইসি সিদ্ধান্ত নেয়নি : সিইসি
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সোমবার সেনা মোতায়েন বিষয়ে বক্তব্য প্রসঙ্গে মঙ্গলবার বাসসকে একথা বলেন সিইসি।
নুরুল হুদা বলেন, ‘বক্তব্যটি তার ব্যক্তিগত। এ ব্যাপারে কমিশন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। তবে সেনাবাহিনী নির্বাচনে থাকতে পারে কি না এ ব্যাপারে কথা বার্তা হচ্ছে। ’
এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচনের এখনও এক বছর বাকি। কমিশন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। ’
সেনাবাহিনীকে আইন-শৃংখলাবাহিনীর সংজ্ঞায় অন্তর্ভূক্ত করা প্রসঙ্গে সচিব বলেন, ‘সেনাবাহিনীকে আইন-শৃংখলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভূক্ত করতে হলে- গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), সংবিধান ও সিআরপিসি সংশোধন করতে হবে। সেনাবাহিনী হচ্ছে দেশ রক্ষা বাহিনী, এরা আইন-শৃংখলা বাহিনী না। ’
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন হবে না অন্য কোন পদ্ধতিতে হবে।
নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন বিষয়ে বিএনপি’র দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ইতোপূর্বে দেশে যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে, প্রত্যেকটিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত কোনো নির্বাচনেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন হয়নি। ’
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আগামী নির্বাচনে ভোট গ্রহণ হবে কি না এ বিষয়েও এখনো কমিশন কোন সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। জাতীয় নির্বাচনে কি হবে এটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হবে। কিন্তু কীভাবে হবে, নির্বাচন প্রক্রিয়াতে সেনাবাহিনী কীভাবে যুক্ত হবে, তা এখনো বলার সময় হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে কমিশনের একটা সিদ্ধান্ত হতে হবে। আমি কখনই বলব না, যে সেনা মোতায়েন হবে না। তিনি বলেন, সময় বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। এছাড়া আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তা নেই বলেও জানান তিনি।
-

‘বিএনপির পাপ ধৌত করলে বুড়িগঙ্গা আরও ময়লা হবে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যদি তাদের পাপ ধৌত করতে যায় তাহলে বুড়িগঙ্গা আরও ময়লা হয়ে যাবে।’ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক আন্তর্জাতিক স্মৃতি ঐতিহ্য ঘোষণা উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়া সব নিয়ে বলি। লুটপাট, খুন, আগুন, সন্ত্রাসে আপনাদের পাপে পাপে, অনেক পাপ জমে গেছে। এটা ধৌত করবে এমন শক্তি কারো নাই।’
ভারতীয় একটি সিনেমার নাম উল্লেখ করে তিনি বলেন, ‘পাপীর পাপ ধৌত করতে করতে রামের গঙ্গা ময়লা হয়ে গেছে। আমাদের বুড়িগঙ্গাও ময়লা হয়ে গেছে। বিএনপি যদি নিজেদের পাপ ধৌত করতে যায় তাহলে বুড়িগঙ্গা আরও ময়লা হয়ে যাবে। আপনি আচারে ধর্ম পরকে শেখান। আগে নিজেরা শুদ্ধ হোন তারপর অন্যকে বলুন শুদ্ধ হওয়ার জন্য। আপনাদের চেয়ে অনেক ভালো আমরা। আমাদের ভুলত্রুটি আছে, আমরা শতভাগ শুদ্ধ একথা বলবো না। কিন্তু আপনারা তো শতভাগের কাছাকাছি অশুদ্ধ।’
দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় গণতন্ত্রের সমস্যা সম্পর্কে বিএনপির কাছে জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ করুন এখানে আইনের কি সমস্যা, গণতন্ত্রের কি সমস্যা নির্বাচনের কি সমস্যা? আপনি নির্বাচনে এলেন না, অপ্রতিদ্বন্দ্বী করলেন অনেককেই। এর দোষ কি জনগণকে নিতে হবে? আপনি এলেন না, দোষ আপনার, এতে নির্বাচনেরও কোনো দোষ নেই, বৈধতারও কোনো সংকট নেই।’
সদ্য সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটি থেকে ফিরে ওই ১৫৪ জনের বৈধতার প্রশ্নে করা একটি রিটের শুনানি নিয়ে তাদের অবৈধ ঘোষণা করতে পারেন এই আশঙ্কায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মোশাররফ সাহেব কী বলেছেন ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে? ১৫৪ জন নয়, ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটাও জানেন না তিনি। তিনি যে এ কথাটা কতবার বলেছেন তিনি নিজেও জানেন না। আসেন চ্যালেঞ্জ করুন।’
তিনি বলেন, ‘আদালত কী তাদের (বিএনপি) মত ঘোড়ার ঘাস খায় নাকি? যে সেই ব্যাপারে রায় দিয়ে দেবে। এখন তো মনে হয় আদালতের স্বপ্রণোদিত হয়ে একটি রায় যে নির্বাচন কমিশনকে একটি ম্যান্ডেট দিয়ে বিএনপিকে নির্বাচনে জেতাতে হবে, তা না হলে হয়তো দেশে আবার আগুন সন্ত্রাস শুরু হবে। এটা দিলেই বিএনপি খুশি হবে।’
প্রধান বিচারপতির পদত্যাগ ‘অশনি সংকেত’ এ কথার জবাবে তিনি বলেন, যেভাবে নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরেছে এটা বিএনপির জন্য অশনি সংকেত। নির্বাচনে না এলে তাদের ভবিষ্যত অশনি সংকেত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিহাসের মহানায়কের পাশে ইতিহাসের ফুট নোটকে (জিয়াউর রহমান) তুলনা করা হয়েছে। জিয়াউর রহমানকে যখন স্বাধীনতার ঘোষক বলা হয়, তখন মনে হয় তিনি কবরে শুয়ে ছটফট করেন। কারণ তিনি নিজেই বলে গেছেন বঙ্গবন্ধুর সাত মার্চের ঘোষণা স্বাধীনতার গ্রিন সিগন্যাল।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।