Category: জাতীয়

  • শেখ হাসিনা, সিনহা’র প্রসঙ্গ টেনে নওয়াজ কন্যা’র ট্যুইট

    শেখ হাসিনা, সিনহা’র প্রসঙ্গ টেনে নওয়াজ কন্যা’র ট্যুইট

    পাকিস্তানের সুপ্রিম কোর্টের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার উদাহরণ টেনেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ। টেলিভিশনে দেখানো শেখ হাসিনার একটি ছবি যুক্ত করে গত ১৬ নভেম্বর ট্যুইট করেন মরিয়ম।

    সেখানে তিনি বাংলাদেশের বিচার বিভাগে পাকিস্তানের প্রসঙ্গ টানায় নিজের দেশকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, এভাবেই অন্য দেশ আপনাদের বিচার বিভাগকে দেখছে। একটি খারাপ সিদ্ধান্ত ন্যায় বিচারের সব সুনাম ক্ষুন্ন করে।

    উল্লেখ্য, সম্প্রতি আপিল বিভাগে এক শুনানিতে পাকিস্তানের বিচার বিভাগের উদাহরণ টানেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তার এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস কে সিনহার নাম উল্লেখ না করে সমালোচনা করে বলেন, তার পদত্যাগ করা উচিত। পাকিস্তানের সঙ্গে তুলনা করা সবচেয়ে অপমানজনক বিষয়। এটি সহ্য করা হবে না।

  • দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির

    দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির

    দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নির্বাহী কমিটির সর্বোচ্চ পদে থাকা ভাইস চেয়ারম্যানদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

    শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

    দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়া, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবির পক্ষে সবাই একমত প্রকাশ করেন। বৈঠকে খালেদা জিয়ার বিভাগ ও জেলা সফর নিয়ে আলোচনা হয়।

    কোন্দল মিটিয়ে দলকে শক্তিশালী করতে সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যাতে কোনো দুর্বলতা না থাকে সেজন্য এখন থেকে সবাইকে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

    সংগঠনের ভিত মজবুত করতে বিশৃঙ্খলাকারীদের হুশিয়ার করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। দ্রুত ঝুলে থাকা জেলা, থানা ও অঙ্গসংগঠনের কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। সবাইকে এলাকায় গিয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি তত্ত্বাবধায়ক ইসু্যতে জনমত তৈরির নির্দেশ দেন খালেদা জিয়া।

    সংগঠন দ্রুত গোছানোর তাগিদ দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তরুণদের জায়গা করে দিতে হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেয়া যাবে না।

    খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন। তারা হলেন- এম মোরশেদ খান, হারুন আল রশিদ, আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চেৌধুরী, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মো. নাসিরউদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চেৌধুরী, আমিনুল হক, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও শওকত মাহমুদ। এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

  • জাতির মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

    জাতির মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের অমূল্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলেও তা মুছে ফেলা যায় না।

    মুছে ফেলতে পারে নাই কেউ। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। তিনি জাতির মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান।

    তিনি আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইউনেস্কো কতৃর্ক জাতির পিতার ৭ মার্চের ভাষণকে ইন্টারন্যাশনাল মেমোরি রেজিষ্টারে অন্তর্ভুক্ত করা উপলক্ষ্যে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

    প্রায় ৪৬ বছর আগে এই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েই জাতির পিতা বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতিকে বাঙালি জাতিস্বত্তার মূলমন্ত্রে আবদ্ধ করার এবং স্বাধীনতার আহ্বান হিসেবে স্বীকৃত তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদান করেন।

    শেখ হাসিনা বলেন, ইউনেস্কোর এই স্বীকৃতি শুধু স্বীকৃতিই নয়, প্রতিশোধও বটে। ইতিহাসও প্রতিশোধ নেয়, ইতিহাসও সত্যকে তুলে ধরে। যতই তা মুছতে চেষ্টা করা হোক ইতিহাস তার সত্যিকারের অবস্থানটা অবশ্যই তুলে ধরবে। আজকে সেই স্বীকৃতিই বাংলাদেশ পেয়েছে।

    তিনি বলেন, এই স্বীকৃতির মধ্যদিয়ে শুধু এই ভাষণ নয়, সমগ্র বাংলাদেশ, বাঙালি জাতি, সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সকলেই আজকে বিশ্বদরবারে সন্মানিত হয়েছে।

    সরকার প্রধান বলেন, আমার মাঝে মাঝে মনে হয় যারা একদিন এই ভাষণ বাজাতে বাধা প্রদান করেছে, যারা জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করেছে, আজকে যখন ইউনেস্কো এই ভাষণকে তাঁর ঐতিহাসিক দলিলে স্বীকৃতি দিয়েছে। তাদের কি এখন লজ্জা হয় না। তাদের কি এখন এতটুকুও দ্বিধা হয় না।

    ‘ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে বঙ্গবন্ধুর ৭মার্চের মার্চের ভাষণকে ইউনেস্কোর এই সন্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত নাগরিক সন্মাণনায় দেশ বরেন্য ব্যাক্তিবর্গসহ লাখো জনতার উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানস্থল ও তাঁর চারপাশ পূর্ণ হয়ে ওঠে।

    উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণকে তাদের ইন্টারন্যাশনাল মেমোরি রেজিষ্টারে অন্তভ’ক্ত করে।

    এমিরেটাস অধ্যাপক আসিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক রফিকুল ইসলাম, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও প্রধান বিয়েট্রিস খলদুন।

    বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জাসদ সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, এবং ব্যারিষ্টার নাজমুল হুদা, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নের্তৃস্থানীয় শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নাগরিক সমাবেশে অংশ নেন।

    বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সমাবেশের স্বতস্ফুর্ত জনসমুদ্রের দিকে ইঙ্গিত করে সূর্যালোকিত আকাশের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতদিন মেঘে ছেয়ে ছিল আজকে আবার সূর্য নতুনভাবে দেখা দিয়েছে, কাজে এই সূর্যই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে।

  • ‘মানুষ দুই দলের উপর আস্থা হারিয়েছে’ – রুহুল আমিন

    ‘মানুষ দুই দলের উপর আস্থা হারিয়েছে’ – রুহুল আমিন

    জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, এরশাদের নেতৃত্বে নয় বছরের শাসনে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ আজ সুখে নেই, দুই দলের (বিএনপি-আওয়ামী লীগ) উপর আস্থা হারিয়েছে।

    জাতীয় পার্টিকে মানুষ ক্ষমতায় দেখতে চায়, দু’দলকে আর চায় না।  আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি আশি ভাগ (৮০%) ভোট পাবে।  আজ নোয়াখালীর মাইজদী ধানসিঁড়িতে জেলা জাতীয় পাটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হট্টগোল ও দু’গ্রুপের পাল্টাপাল্টি স্লোগান আর উত্তেজনার মধ্য দিয়েই জেলা জাতীয় পাটির এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।   এ ব্যাপারে সুধারাম থানার এস আই ইকবাল হোসেন জানান, দলীয় গ্রুপিং-এর কারণে উত্তেজনা ও বিশৃংখলা সৃষ্টি হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়।

    এবিএম রুহুল আমিন হাওলাদার আরো বলেন, আপনারা দলাদলি করবেন না। নোয়াখালীতে আমরা জাতীয় পার্টিকে দলের সবার সাথে বসে সুসংগঠিত করব।   জাতীয় পার্টির নোয়াখালী জেলা কমিটির আহব্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল আলম দিদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আজাদ, কেন্দ্রীয় নেতা রিন্টু আনোয়ার, ইয়াহিয়া চৌধুরী এমপি, আমির হোসেন এমপি, পীর মেজবাহ এমপি, হাসান মঞ্জুর, ইফতেখার হাসান, জেলার বোরহান উদ্দিন মিঠু, ও জেলা যুগ্ম আহবায়ক অহিদ উদ্দিন মুকুল ও জাতীয় আইনজীবি ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

  • প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ

    প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ

    আজ ১৯ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হবে। দেশের সাত হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

    সারা দেশে মোট প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

    এবার দুই হাজার প্রাথমিকে ৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ পরীক্ষার্থী অংশ নেবে । এই শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

    প্রশ্নপত্র ফাঁসরোধে এবার থেকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ করবে এবং এ সময় কোন পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে না বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।

    সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নিচ্ছে সরকার। পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।

    ইতোমধ্যে প্রশ্নপত্র ফাসরোধে বিশেষ নিরাপত্তায় জেলা ও উপজেলা পর্যায়ে এবং দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

    মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষা শুরুর দিন বেলা ১১ টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করবেন।

  • চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    ১৪৩৯ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণ ও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে চাঁদা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

    রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

    সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করবেন।

    এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

  • ‘তরুণরাই বিশ্ব জয় করবে’-পলক

    ‘তরুণরাই বিশ্ব জয় করবে’-পলক

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে। এই লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলার  জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    নাটোরের সিংড়াসহ দেশের ২৮টি জেলায় আইসিটি পার্ক নির্মাণ করছে সরকার।   আজ সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইসিটি বিভাগ এবং এলআইসিটি প্রকল্পের উদ্যোগে এই ল্যাব তৈরি করা হয়।

    http://bangla.earthtimes24.com

    প্রতিমন্ত্রী পলক বলেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মডেল হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তির রুপকার সজীব ওয়াজেদ জয়ের অনন্য অবদানের কারণেই এই অর্জন সম্ভব হচ্ছে। এই  লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে। পলক বলেন, উন্নত প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ অনেক আগেই জাতি উপহার পেত যদি ৭৫ এর ১৫ আগষ্টে ঘাতকের জন্ম না হতো। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তা আজ বাস্তবায়নের পথে। সকল বাধা বিপত্তি,জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে  সরকার যুদ্ধ ঘোষণা করেছে।

    জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। তিনি সবাইকে সরকারের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

    প্রতিমন্ত্রী আরো বলেন, ৩৭ বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে শেথ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে। সেদিন বেশি দূরে নয় বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে।
    সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুর রহমান কলেজ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে প্রতিমন্ত্রী কলেজ চত্বরে চলনবিল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ হাজার কৃষকের মাঝে বীজ বিতরণ করেন।

  • কলাপাড়ায় গৃহকর্মী নির্যাতনের শিকার

    কলাপাড়ায় গৃহকর্মী নির্যাতনের শিকার

    পটুয়াখালীর কলাপাড়ায় নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে অজ্ঞান অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।  আজ পৌরশহরের নাচনাপাড়া এলাকার কদম মৃধার বাড়ির ৪ তলা ভবনের কালাম মৃধার ফ্লোর থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে কদম মৃধার নিরাপত্তা কর্মী আহম্মদ হাওলাদার।

     

    নিরাপত্তাকর্মী আহম্মদ হাওলাদার জানান, সকালে বাড়ীর ছাদ থেকে নামার সময় দেখি মুন্নি অজ্ঞান অবস্থায় চারতলায় পড়ে আছে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। কিভাবে সে অজ্ঞান হয়েছে তা তিনি বলতে পারেন না। মুন্নি বেগমের চার বছরের একটি সন্তান রয়েছে এবং তার বাড়ি যশোর জেলায় বলে জানান তিনি।

    কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিন জানান, আজ সকাল ৯টায় তাকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসে। ওই রোগীর নাকে, গালে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার শরীর খুবই দুর্বল বলে জানান তিনি।
    কলাপাড়া থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, নির্যাতনের শিকার ওই নারীকে তিনি হাসপাতালে গিয়ে অজ্ঞান অবস্থায় দেখে এসেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

  • টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাংসদসহ আহত ৪

    টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাংসদসহ আহত ৪

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়ায় বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক সংসদ সদস্যসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    আহত সংসদ সদস্যের নাম গোলাম মোস্তফা আহমেদ। তিনি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ।

    দেলদুয়ার থানার ওসি (তদন্ত) দিদারুল ইসলাম জানান, জাতীয় সংসদ ২৯ (গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ঢাকা যাওয়ার পথে মহাসড়কের নাটিয়া পাড়া নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্যসহ তার সাথে থাকা অপর ৩ জনও গুরুতর আহত হয়। তাদের মধ্যে সাংসদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গুরুতর অবস্থা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।

    দায়িত্বরত চিকিৎসক সোবহান জানান, সাংসদের অবস্থা অত্যন্ত আশংকাজনক।

  • অবকাঠামো উন্নয়নে ২৬ কোটি ডলার দেবে এডিবি

    অবকাঠামো উন্নয়নে ২৬ কোটি ডলার দেবে এডিবি

    টেকসই অবকাঠামো উন্নয়ন বিশেষ করে সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে ২৬ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার এখানে বলেন, আগের মতোই এডিবি দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করবে এবং বাস্তবায়নকারী সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিডে (আইডিসিওএল) মাধ্যমে বেসরকারি অংশীদারিত্বের খাতে অনুঘটকের ভূমিকা পালন করবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ খাত টেকসই অবদান রেখে আসছে।
    এই ঋণদান বিষয়ে ১৯ নভেম্বর শেরেবাংলানগরে ইআরডি’র এনইসি-২ সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর হবে। ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং বাংলাদেশ আবাসিক মিশনে ইআরডি কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাস নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।
    আগের পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর ‘তৃতীয় পাবলিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি ট্র্যাচ-১’ নামে পিপিপি প্রকল্পগুলোতে অনুঘটকের ভূমিকা পালন করবে এডিবি। এতে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থায়নের চাপ কমবে।
    প্রকল্পের লক্ষ্য গ্রামীণ জনগোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে গ্রিড সংযুক্ত করে অথবা অব গ্রিড বিদ্যুৎ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি সুবিধার সহায়তা দেয়া। বাসস