Category: প্রশাসন

  • রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

    রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

    দেশব্যাপী চুরি ছিনতাই ধর্ষণরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকায় রয়েছে দাবি করে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রমজান মাসে বরিশাল নগরী চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। চাঁদাবাজি রুখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে। চুরি ছিনতাই রোধে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।

    বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএমপি পুলিশ কমিশনার এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ঈদযাত্রায় জনগণের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

    নগরীতে মাদকের বিস্তার বাড়ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে শুধু মাদক নয়, প্রতারক চক্র, জাল টাকার বাণিজ্যসহ বিভিন্ন অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তবে বরিশাল নগরীতে কোনো অপরাধীর ঠাঁই হবে না বলেও জানান তিনি।

    এ সময় বরিশালের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

    ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

    সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

    পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি ৪.৫ এম এম পিস্তল, একটি এলজি ও একটি শুটারগান ছাড়াও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ম্যাগজিন, ৭টি কার্তুজ ও একটি রাইফেলের গুলি জব্দ করা হয়েছে।

    এছাড়াও অভিযানে স্টিলের দেশীয় তৈরি একটি কুড়াল ছাড়াও একটি ধারাল চাপাতি, একটি রামদা, একটি লোহার শাবল, একটি ক্ষুর, ২টি সুইচ গিয়ার ও ২টি লোহার রড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে ঘটনার পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

    সবশেষ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৬৩৯ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ৯৯৯ জনকে গ্রেফতার করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে যতদিন প্রয়োজন হবে, ততদিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

  • দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

    দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

    নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি কাজের সময় অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়টিও তুলে ধরেন তিনি।

    সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

    তিনি বলেন, ‘বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বলপ্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত, একেবারে প্রোপোরশনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে এই কাজগুলো করা যায়, ততই ভালো।

    জেনারেল ওয়াকার বলেন, ‘দেশ ও জাতির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটা শান্তি-শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত, ধৈর্য্যের সঙ্গে কাজটা করে যেতে হবে।’

    দীর্ঘ সময় পর তিনি নিজে ফায়ারিং রেঞ্জে গুলি চালনোর অনুশীলনে অংশ নেবেন বলেও জানান।

    সেনাপ্রধান উল্লেখ করেন, ‘একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

  • অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

    অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

    সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই। ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান আইজিপি বাহারুল আলম।

    শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

    সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। জানান, এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি।

    তিনি বলেন, অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছি। ঢাকাসহ সারা দেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই।

    এসময় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

    তিনি বলেন, কী কারণে মানুষের এতো ক্ষোভ পুলিশের ওপরে তা বিশ্লেষণ করা উচিত। ৫ আগস্টে ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারতো তাহলে এতো প্রাণহানি হতো না বলে জানান ডিএমপি কমিশনার।

  • ১২ পুলিশ সুপারকে বদলি

    ১২ পুলিশ সুপারকে বদলি

    বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন জেলার ১২ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

    বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ।

    এতে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    এছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর, ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নাওগার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  • মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

    মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় ডিএমপির আদাবর থানায় দায়ের করা মামলার আসামির কাছে টাকা দাবি করায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই-এর নাম শাহিন পারভেজ।

    রোববার (৮ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। এর আগে তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন।

    সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের মামলায় বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। আমার লোক যে সব ভালো তা বলবো না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গতকাল (রোববার) একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি যিনি মামলা বাণিজ্যে জড়িত ছিল।

    ডিএমপি কমিশনারের বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে, ডিএমপি কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।

    আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া যুগান্তরকে বলেন, রোববার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার কাছে একটি হত্যা মামলা ছিল।

    জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করে। ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে রাতেই তাকে প্রত্যাহার করা হয়। তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

  • পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

    পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

    অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৪৪ দশমিক ৯ শতাংশ মানুষ এবং এ সেবা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন ২২ শতাংশের বেশি মানুষ। এছাড়া জরুরি সেবা ৯৯৯ এর সেবায় সন্তুষ্ট নয় ৩২ দশমিক ৪ শতাংশ মানুষ, এতে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৬ দশমিক ৬ শতাংশ মানুষ।

    মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগসূত্রে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফলাফল বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।

    জরিপের ফলাফলে আরও দেখা গেছে, ভিক্টিম সাপোর্ট সেন্টারের সেবায় সন্তুষ্ট নয় ৪২ শতাংশ মানুষ। বিট পুলিশিং কার্যক্রমে সন্তুষ্ট নয় ৪৫ শতাংশের বেশি মানুষ। থানায় অনলাইনে জিডি সেবা ক্ষেত্রে সন্তোষজনক নয় বলে জানিয়েছেন ৪৪ দশমিক ৯ শতাংশ মানুষ। এদিকে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ডেস্ক সংক্রান্ত কার্যক্রমটির বিষয়ে অসন্তষ্টি বেশি।

    সাইবার বুলিং ও সাইবার ক্রাইম সংক্রান্তে ভুক্তভোগী মেয়েদের প্রতিকারের জন্য এটি অনলাইন ব্যবস্থা। তবে কার্যক্রম সন্তোষজনক নয়। ৭২ দশমিক ১% উত্তরদাতা সন্তোষজনক নয় বা অবগত নয় জানিয়েছেন। এছাড়া ই-ট্রাফিকিং প্রসিকিউশন সেবা কার্যক্রমটিও সন্তোষজনক নয় বলে মত অধিকাংশের।

    এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজার ৪৪২ জন। এদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের ব্যাক্তিদের অংশগ্রহনের হার ৮৬ দশমিক ৬ শতাংশ। তবে উত্তরদাতাদের প্রায় ৯৫ শতাংশ পুরুষ৷ উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬ দশমিক ৪ শতাংশ, ছাত্র ২৭ দশমিক ২ শতাংশ, ব্যাবসায়ী ৭ দশমিক ৬ শতাংশ এবং ৭ দশমিক১ শতাংশ উল্লেখযোগ্য। এসব উত্তরদাতাদের সর্বাধিক ঢাকা জেলার এবং পরবর্তী অবস্থানে রয়েছে চট্রগ্রাম ও কুমিল্লা।

  • ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

    ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

    পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

    সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। রাত ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৬ নম্বর এজাহারনামীয় আসামি।

  • ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

    ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

    রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় দলটির সভানেত্রী একং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পতনের প্রায় তিন মাসের মাথায় প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৩টায় শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবি তুলে গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি পালনের কথা দলটির। এদিকে একইস্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সবমিলিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মুখে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েনের খবর এলো। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

    এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি)।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই।

    এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    তিনি আরও লেখেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে যে কেউ র্যালি, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তির মুখোমুখি হবে।

  • কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন হারুন

    কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন হারুন

    মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের জন্ম। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০০ সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশে চাকরি পান তিনি। অথচ তার শ্রমজীবী বাবা মো. হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল।

    ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন। এ ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান।

    আর তখন থেকেই যেন টাকার মেশিন হয়ে ওঠেন হারুন। সরকারের প্রতিপক্ষ দমনের মূর্তিমান আতঙ্ক ডিবি হারুন বিভিন্ন কৌশলে নিপীড়ন-নির্যাতনকে হাতিয়ার করে রাতারাতি অঢেল সম্পদ ও বিত্তবৈভবের মালিক হয়ে ওঠেন। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, হেলিকপ্টার ছাড়া তিনি বাড়িতেও আসতেন না। দেশে-বিদেশে শতকোটি টাকা পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার গ্রামের বাড়ি মিঠামইনে শতকোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিংপুল। রোববার দুপুরে মিঠামইন পরিদর্শনকালে লোকজনের সঙ্গে কথা হলে তারা ওই রিসোর্ট সম্পর্কে নেতিবাচক বর্ণনা দেন।

    সাবেক ডিবিপ্রধান হারুনের কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে শতকোটি টাকার প্রাসাদোপম প্রমোদশালা ‘প্রেসিডেন্ট রিসোর্ট’-এ এখন ঘুঘু চরার অবস্থা। অথচ কয়েক মাস আগেও ওই রিসোর্টের কক্ষ বুকিং করতে কয়েক সপ্তাহ আগে যোগাযোগ করেও পাওয়া কঠিন ছিল। বলতে গেলে ‘অদৃশ্য আকর্ষণে’ আগাম বুকিং হয়ে থাকত ওই রিসোর্টের অধিকাংশ ডিলাক্স ও সুপার ডিলাক্স কক্ষ।

    কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই প্রেসিডেন্ট রিসোর্টের জৌলুসেরও পতন ঘটে। বন্ধ হয়ে যায় এর সব কপাট। নিভে যায় চোখ ধাঁধানো ও মনমাতানো লাল-নীল বাতির আলো-আঁধারির খেলা। কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই গা ঢাকা দিয়েছেন। এদিকে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে, জোরপূর্বক নেওয়া জমির দাম এখনো পাননি সংখ্যালঘুসহ অনেকে।

    মন্ত্রী-এমপি, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নায়ক-নায়িকাসহ সমাজের বিত্তবৈভবের মালিক ধনাঢ্য নারী-পুরুষের এক ‘নিরাপদ আশ্রয়’ হয়ে উঠেছিল এই রিসোর্ট। সারা দিন-রাত বিলাসবহুল গাড়ির বহর আর হেলিকপ্টারের লাইন ছিল ওই নিরাপদ আনন্দ ধাম প্রেসিডেন্ট রিসোর্টে। হাওড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট সময়ের পরিক্রমায় এখন ভূতুড়ে পল্লিতে পরিণত হয়েছে।

    সরেজমিন পরিদর্শনকালে কিশোরগঞ্জের মিঠামইন হাওড়ে ডিবি হারুনের হেলিপ্যাড সুবিধাসংবলিত শতকোটি টাকার প্রাসাদোপম প্রেসিডেন্ট রিসোর্টে এখন ঘুঘু চরার অবস্থা দেখা যায়। ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় এটি। আত্মগোপনে চলে যান সাবেক ডিবিপ্রধান হারুনও। এরপর থেকেই একে একে বেরিয়ে আসছে ভয় দেখিয়ে জোরপূর্বক রিসোর্টের জন্য জমি নিয়ে দাম পরিশোধ না করার কাহিনি।

    মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। এর প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া ২০ হাজার টাকা। সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয়। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন হারুনের ছোট ভাই ডা. শাহরিয়ার। সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব দীলিপ চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, তার কোটি টাকা মূল্যের ১ একর ১০ শতাংশ পৈতৃক সম্পত্তি হারুন প্রেসিডেন্ট রিসোর্টের জন্য ভয় দেখিয়ে নিয়ে আর টাকা দেননি। এখনো তিনি টাকা পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছেন।

    একই কথা জানালেন মানিক মিয়া নামের আরেক ভুক্তভোগী। তার অন্তত ৫ কোটি টাকা মূল্যের ৫ একর জমি একই কায়দায় রিসোর্টের দখলে নিয়ে একটি টাকাও দেননি হারুন অর রশিদ।

    মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা হয়। তারা বলেন, ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করা হারুন পুলিশি ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি অঢেল বিত্তবৈভবের মালিক বনে যান। তিনি হেলিকপ্টার ছাড়া বাড়িতেও আসতেন না।