Category: আন্তর্জাতিক

  • হাজার টেস্টের রেকর্ড গড়ছে ইংল্যান্ড

    হাজার টেস্টের রেকর্ড গড়ছে ইংল্যান্ড

    বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে কাল বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ টেস্ট দিয়ে ক্রিকেটে প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নামছে ইংলিশরা। টেস্ট ফরম্যাটে আজ অবধি কোন দলই ১ হাজার টেস্ট খেলতে পারেনি। প্রথম দল হিসেবে ইংল্যান্ডই এমন রেকর্ড করতে যাচ্ছে। ইংল্যান্ডের ইতিহাস সৃষ্টির ম্যাচে সাক্ষী হবে ভারত। সৌভাগ্য বিরাট কোহলির দলের।
    ১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মেলাবোর্নে লড়েছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেটিই ছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। এরপর এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলেছে তারা। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এটি। এই রেকর্ড আরও বড় করতে যাচ্ছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামলেই বিশ্ব ক্রিকেটে এক অনন্য ইতিহাসের জন্ম দিবে ইংল্যান্ড। ৯৯৯ ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। এরমধ্যে দেশের মাটিতে ৫১০ ম্যাচ খেলেছে ইংলিশরা। ২১৩টি জয়, ১১৯টি হার ও ১৭৮টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড।
    ইংল্যান্ডের পরই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৮১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে অসিরা। তবে অস্ট্রেলিয়ার জয় ইংল্যান্ডের চেয়েও বেশি। ৩৮৩ ম্যাচে জিতেছে তারা। ২১৯টি ম্যাচে হার ও ২০৮টি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫৩৫ ম্যাচ। ৫২২ ম্যাচ খেলে চতুর্থস্থানে রয়েছে ভারত। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর আজ অবধি ১০৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১০টি জয়, ৮২টি হার ও ১৬টি ম্যাচ ড্র করেছে টাইগাররা। বাসস।
  • বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় : ইমাম বুখারি

    বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় : ইমাম বুখারি

    ভারতের কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন দিল্লি জামে মসজিদের ইমাম বুখারি। চিঠিতে ইমাম বুখারি লিখেছেন, ভারতের দাড়ি-টুপি থাকলেই টার্গেট করা হচ্ছে। গত সাত দশকের মধ্যে বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। গোরক্ষার নামে কমপক্ষে ৬৪ জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব প্রাণহানির দায় কি কেন্দ্র নেবে?

    কংগ্রেস সভাপতির কাছে তার প্রশ্ন, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিমদের সঙ্গে অন্যায় আচরণ করছে তা প্রতিবাদযোগ্য। তাহলে কেন কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদ করা হচ্ছে না?

    তিনি আরও জানান, কংগ্রেসের ভূমিকা দেখে সত্যিই মুসলিম সম্প্রদায় আশাহত। মুসলিমরা আশা করেছিল কংগ্রেস দায়িত্ব নিয়ে বিরোধী দলের কর্তব্য পালন করবেন এবং সরকারকে এ বিষয়ে চাপ দেবেন।

  • নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তায় দর্শকদের নাচে-গানে মাত করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, ‘ইজ নট ইট রোমান্টিক’ নামে হলিউডের একটি সিনেমার শুটিংয়ের প্রয়োজনে নেচেছেন এই অভিনেত্রী। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের কিছু ছবি দ্রুতই ছড়িয়ে পড়েছে।

    এ ব্যাপারে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের ৪০তম সড়কে নেচেছেন প্রিয়াঙ্কা।

    এদিকে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের জামা পরে নাচছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে রয়েছেন রেবেল উইলসন। তিনি উজ্জ্বল লাল রঙের জামা পরে নাচছেন। এছাড়াও লিয়াম হ্যামসওয়ার্থকে কালো রঙের পোশাক পরে নাচতে দেখা যায়।

    টড স্ট্রাউস-স্কুলসন পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছে নিউ লাইন সিনেমা। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

    নিউইয়র্কের এক স্থাপত্যবিদ নাটালিকে নিয়ে সিনেমাটির কাহিনি। সেখানে নাটালির ভূমিকায় অভিনয় করছেন রেবেল। লিয়াম ব্লেক নামে এক সুদর্শন ক্রেতার ভূমিকায়। আর প্রিয়াংকা যোগব্যায়াম শিক্ষক ইসাবেলার চরিত্রে অভিনয় করছেন।

  • সৌদিতে পৌঁছেছেন ৬৭,০০০ বাংলাদেশি হজযাত্রী, আরও ২ জনের মৃত্যু

    সৌদিতে পৌঁছেছেন ৬৭,০০০ বাংলাদেশি হজযাত্রী, আরও ২ জনের মৃত্যু

    চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব এসে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন, গাজীপুর সদর উপজেলার সালেমা খানম (৬৪) তাঁর পাসপোর্ট নং BE0838281 এবং খুলনা সদর উপজেলার আব্দুর রাজ্জাক মিয়া (৬২) তাঁর পাসপোর্ট নং BM0683441।

    মক্কা বাংলাদেশ হজ অফিস জানায়, গতকাল রবিবার মক্কায় আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজ করতে এসে সৌদিতে মারা গেলেন ১০ বাংলাদেশি।

    মৃত সালেমা খানম এমজি এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ২৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব আসেন। মৃত আব্দুর রাজ্জাক আনিকা এভিয়েশনের মাধ্যমে হজ পালনের জন্য গত ১৬ জুলাই সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবে আসেন।

    এদিকে ২৯জুলাই রাত ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি এবং সৌদিয়ার ৯৬টি মোট ১৮৯টি ফ্লাইটে ৬৭হাজার ২৭২জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

  • ৮২ বছর বয়সে কেটেছেন ১৪টি পুকুর

    ৮২ বছর বয়সে কেটেছেন ১৪টি পুকুর

    পানির অপর নাম জীবন। তবে তা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। তাই তো বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য কাটা হয় পুকুর। গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে একটি বা দুটি পুকুর থাকে। কিন্তু এক বৃদ্ধই পুকুর কেটেছেন ১৪টি। অবাক হলেও ঘটনা সত্য। আসুন জেনে নেই বিস্তারিত-

    বৃদ্ধের নাম কেরে কামেগৌড়া। বয়স ৮২ বছরের মতো হবে। বেঙ্গালুরুর মালাভাল্লি তালুকের দাসানডোড্ডি গ্রামের বাসিন্দা তিনি। তার হাতে তৈরি হয়েছে ১৪টি পুকুর। পানি সংরক্ষণের জন্য তিনি তৈরি করেছেন পুকুরগুলো। ভারতের বেঙ্গালুরু-মালাভাল্লি-কোলেগাল সড়কে যাতায়াত করলে চোখে পড়বে পুকুরগুলো।

    তার দেখা মেলে নিজের ছোট্ট ঘরে। বয়সের ভারে ন্যুব্জ। তবে মনের দিক থেকে এখনো তরুণ। প্রায় ১২ ঘণ্টা পরিশ্রম করেন। ৫০টি ভেড়া নিজে চড়ান, দেখভাল করেন। কখনো কখনো গাছের চারা রোপণ করেন। আবার মাটি খুঁড়ে পুকুর তৈরি করেন একাই।

    এভাবে তিনি গড়ে তুলেছেন ১৪টি পুকুর। ২০১৭ সালে ৬টি পুকুর তৈরি করেন। পরে ২০১৮ সালের মধ্যে তৈরি করেন আরও ৮টি পুকুর। এজন্য তার নাম দেওয়া হয়েছে ‘কেরে’। যার বাংলা অর্থ ‘পুকুর’ বা ‘লেক’। এজন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন।

    এ পুরস্কারের অর্থ নিজের কাজে লাগান না তিনি। সে টাকা দিয়ে কিনেছেন আধুনিক প্রযুক্তির মাটি খোঁড়ার যন্ত্র। ফলে একের পর এক গড়ে তুলেছেন হাতে গড়া পুকুর। এছাড়া এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নত করতে তৈরি করেছেন ছোট ছোট রাস্তা।

    সবচেয়ে বড় কথা হচ্ছে- এলাকার মেষপালকদের পাহাড়ে চড়তে যাতে অসুবিধা না হয়, সে জন্য পাহাড়ের ঢাল বেয়ে তৈরি করেছেন রাস্তা। শুধু ১৭-১৮ সালই নয়, চল্লিশ বছর আগেও এই খনন কাজ শুরু করেন তিনি। স্থানীয় মানুষের কষ্ট দেখেই কাজ শুরু করেন তিনি।

  • উৎকণ্ঠায় আসামের দেড় কোটি বাসিন্দা খসড়া তালিকার ভিত্তিতে ব্যবস্থা না নিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা

    উৎকণ্ঠায় আসামের দেড় কোটি বাসিন্দা খসড়া তালিকার ভিত্তিতে ব্যবস্থা না নিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা

    বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের আসাম রাজ্যে অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করার অংশ হিসেবে ‘জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি)’ দ্বিতীয় ও শেষ খসড়া তালিকা আগামী সোমবার প্রকাশ করার কথা রয়েছে। প্রথম তালিকায় বাদ পড়া প্রায় দেড় কোটি বাসিন্দা গভীর উত্কণ্ঠা নিয়ে ওই তালিকার অপেক্ষায় আছে। তালিকায় বাদ পড়া ব্যক্তিরা যদি নিজেদের নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়, তবে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কী ঘটবে তা-ও স্পষ্ট নয়।

    এদিকে প্রকাশিতব্য খসড়া এনআরসি তালিকার ভিত্তিতে কোনো ধরনের প্রশাসনিক বা পুলিশি ব্যবস্থা না নিতে ভারতের কেন্দ্রীয় সরকার গতকাল বুধবার আসাম রাজ্য সরকারকে নির্দেশনা দিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় ওই নির্দেশনার কথা জানান। একই দিন তিনি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বলেছেন, ‘ফরেনার্স অ্যাক্টের’ আওতায় ভারতে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ভারতে অবৈধভাবে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, আগামী সোমবার আসাম থেকে ৫২ জন অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

    আসামে এনআরসি প্রক্রিয়ার আওতায় নাগরিকত্ব যাচাইয়ের ফলে বর্তমানে সেখানে বসবাসরত অনেকেরই নাগরিকত্ব হারানোর শঙ্কা রয়েছে। সেখানে বিভিন্ন মহলের ধারণা, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে লোকজন সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। নাগরিকত্ব হারালে তাদের বাংলাদেশে ফেরত আসতে হতে পারে—এমন শঙ্কাও রয়েছে।

    তবে বাংলাদেশের সরকারি সূত্রগুলো এমন শঙ্কা নাকচ করলেও পরিস্থিতির দিকে নজর রাখার কথা জানিয়েছে। ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গত সোমবার কলকাতায় সাংবাদিকদের বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত বিষয়টি বাংলাদেশের কাছে তোলেনি। তাই এ বিষয়ে বাংলাদেশেরও কোনো মন্তব্য নেই।

    গত ৩১ ডিসেম্বর রাতে প্রকাশিত এনআরসির প্রথম খসড়ায় আসামের তিন কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে এক কোটি ৯০ লাখের নাম স্থান পায়। বাকি এক কোটি ৩৯ লাখ আবেদনকারীর আবেদন যাচাই-বাছাই করে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হচ্ছে। তালিকায় স্থান পেতে আসামের বাসিন্দাদের প্রমাণ করতে হচ্ছে যে তাদের পূর্বপুরুষদের নাম ১৯৫১ সালের এনআরসিতে বা ১৯৭১ সালের মার্চ মাসের আগের কোনো ভোটার তালিকায় ছিল।

    খসড়া এনআরসির দ্বিতীয় ও শেষ তালিকা প্রকাশের প্রাক্কালে গতকাল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসাম রাজ্য সরকার ও প্রতিবেশী রাজ্যগুলোকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে। আসাম রাজ্য সরকারকে রাজ্যের ও কেন্দ্রের বিভিন্ন সংস্থা এবং এনআরসি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে রাজ্যসচিবের সভাপতিত্বে রাজ্যপর্যায়ের সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ গ্রহণ ও দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে রাজ্যের রাজধানী ও জেলা সদরগুলোতে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

    ওয়েবসাইট, ‘টোলফ্রি’ নম্বর, এসএমএসসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে জনগণের কাছে খসড়া এনআরসির তথ্য তুলে ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে। এনআরসি প্রক্রিয়া, খসড়া তালিকায় নাম না থাকা ব্যক্তিদের জন্য করণীয় বিষয়গুলো জনগণকে জানাতে ব্যাপক পরিসরে উদ্যোগ নেওয়া হয়েছে।

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত রবিবার এক বিবৃতিতে বলেছেন, প্রত্যেকেই ন্যায়বিচার পাবে। সবার সঙ্গেই মানবিক আচরণ করা হবে। আইন অনুযায়ী, প্রত্যেকেই পর্যাপ্ত সুযোগ পাবে। ভারত সরকার স্পষ্ট জানাচ্ছে, আগামী ৩০ জুলাই এনআরসির খসড়া প্রকাশের পরও অভিযোগ ও দাবি জানানোর পর্যাপ্ত সুযোগ থাকবে। সব অভিযোগ ও দাবি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

    ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খসড়া এনআরসির তালিকায় নাম না থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আসাম সরকারের প্রশাসনিক বা পুলিশি ব্যবস্থা নেওয়া ঠিক হবে না। তালিকায় বাদ পড়া ব্যক্তিদের ‘ফরেনার্স ট্রাইব্যুনালে’ পাঠানোরও কোনো প্রশ্ন নেই। কারণ চূড়ান্ত এনআরসি প্রকাশের আগে তারা অভিযোগ ও দাবি জানানোর অধিকার রাখে এবং তারা তা পাবে।

    ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, এনআরসির ভিত্তিতে কাউকে আটক করে ‘ডিটেনশন সেন্টারে’ পাঠানোরও সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রশাসনিক ও পুলিশ শাখাকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিতে আসামের রাজ্য সরকারকে নির্দেশনা দিয়েছে।

    জানা গেছে, আসামের এনআরসির খসড়া নিয়ে প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলোতেও, বিশেষ করে পশ্চিমবঙ্গে শঙ্কা রয়েছে। প্রথম দফা তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, এনআরসি হালনাগাদের নামে আসাম থেকে বাঙালিদের তাড়ানোর চেষ্টা চলছে।

    নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, আদালতের নির্দেশে আসামে এনআরসি তালিকা প্রকাশের কাজ চলছে। শেষ পর্যন্ত যারা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না, তাদের ব্যাপারেও আদালত সিদ্ধান্ত দিতে পারেন।

  • মৃত স্ত্রীর সঙ্গে ৬ রাত ঘুমিয়েছেন স্বামী!

    মৃত স্ত্রীর সঙ্গে ৬ রাত ঘুমিয়েছেন স্বামী!

    পৃথিবীতে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার নজির কম নয়। তবে মৃত্যুর পর অনেকেই তখন ভয়ে দীর্ঘদিনের প্রিয় মানুষটির সঙ্গে একাকী একটি মুহূর্তও কাটাতে চান না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রাসেল ডেভিসন। ব্রিটেনের ডার্বিশায়ারের যে বাড়িতে, যে ঘরে তাদের কয়েক দশকের বিবাহিত জীবন কেটেছে, স্ত্রী ওয়েন্ডির মৃত্যুর পর মৃতদেহ সেই ঘরেই রেখে ছয় রাত ঘুমিয়েছেন তিনি।

    দীর্ঘ এক দশক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫০ বছর বয়সে সম্প্রতি মারা যান রাসেল ডেভিসনের স্ত্রী ওয়েন্ডি ডেভিসন। নিজেদের শোয়ার ঘরের খাটে স্বামী রাসেল ডেভিসনের বাহুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ফেলেন তিনি।

    ব্রিটেনের বর্তমান প্রথা অনুযায়ী শেষকৃত্যের আগে মৃতদেহ এলাকার সুনির্দিষ্ট হিমঘরে রাখতে হয়। কবর দেওয়া বা দাহ করার আগে একজন নার্স মৃত ব্যক্তিকে গোসল করান। কিন্তু স্ত্রীকে তিনি এতাটাই ভালোবাসতেন যে সে পথে হাঁটেননি ডেভিসন। নিজ হাতে স্ত্রীকে গোসল করিয়ে, পোশাক পরিয়ে নিজেদের বেডরুমেই ছয়দিন ধরে রেখে দেন এবং ওই ছয় দিনই তিনি মৃত স্ত্রীর সাথে একই ঘরে ঘুমিয়েছেন।

    ব্রিটেনের ডার্বিশায়ার কাউন্টি আদালতের বরাত দিয়ে বিবিসি জানায়, এতদিন মৃতদেহ ঘরে রেখে প্রথা ভঙ্গ হলেও আইন ভঙ্গ হয়নি। চিকিৎসককে জানিয়ে শেষকৃত্যের আগ পর্যন্ত ঘরে রাখলে আইন ভঙ্গ হয় না।

  • সকাল-সন্ধ্যা ট্রাম্পের পূজা

    সকাল-সন্ধ্যা ট্রাম্পের পূজা

    পূজার যে স্থানে থাকার কথা লক্ষ্মী, দুর্গা, গণেশ কিংবা গোপালের মূর্তি। সেখানে স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুদ এই পূজায় মেতেছেন ভারতের তেলেঙ্গার বুসা কৃষ্ণ নামে এক যুবক। ট্রাম্পকে ‘ঈশ্বর’ মনে করে দুই বেলা এই পূজা করে আসছেন তিনি।

    ভারতের তেলেঙ্গানার জনগাঁও জেলার কন্নে গ্রামে এই কৃষকের বাড়ি। ঠাকুরঘরের সিংহাসনে ডোনাল্ড ট্রাম্পের ছবি রেখে সকাল-সন্ধ্যা পূজা করেন তিনি।

    আমেরিকা প্রবাসী ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা ২০১৭-র ফেব্রুয়ারিতে খুন হওয়ার পর থেকেই ট্রাম্পের পূজা শুরু করেন ৩১ বছর বয়সী এই যুবক।

    তার ওপর এ ঘটনার পর তিনি মনে করেন, ভালোবাসা দিয়েই জয় করা যায় সব হিংসাকে। বুসার দাবি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয়দের অহিংস নীতিতে ভর করেই ট্রাম্পকে তার সিংহাসনে ঠাঁই দিয়েছেন তিনি।

    দুই বেলা ট্রাম্পের ছবির সামনে রীতিমতো ঘণ্টা নাড়িয়ে আরতি, মন্ত্রপাঠ করেন এই যুবক। বিশ্বাস, তার আরাধ্য দেবতা দূরে থেকেও এসব টের পান। শুধু তা-ই নয়, এতে তুষ্টও নাকি হন তিনি! তার ‘ভগবান’কে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এ উপায়ই বার করেছেন বুসা।

    নিজের ফেসবুকে রোজ ট্রাম্পকে পূজার ছবি পোস্ট করেন বুসা।

    জানা যায়, হিন্দু দেব-দেবীর সাথে ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে পূজা করেন বুসা। একেবারে হিন্দু ধর্মের সব রীতি নীতি ঠিক রেখেই এই পূজা সারেন তিনি। কিন্তু কেন বুসা ট্রাম্পকে পূজা করেন? হিন্দুরা সাধারণত সর্বশক্তিমান ভগবানকে পূজা করে।

    এই পূজার সম্পর্কে বুসা বলেন, কিছুদিন আগেই জাতিগত হিংসার জেরে খুন হন ভারতীয় এক আইটি কর্মী। সেই থেকে শুরু। বুসা বলেন, হিংসা নয়, ভালবাসা দিয়েই সব কিছু আদায় করা যায়। আর ভারতীয়দের শেষ কথা ভালবাসা।

    এই কাজ করতে গিয়ে অনেকেই তাকে পাগল বলেছেন। তবে কারও কথা গায়ে মাখেননি বুসা।

    বুসা বলেন, প্রেসিডেন্টের কাছে পৌঁছবে তার কথা। আর তিনি সংঘাত ছেড়ে ভালবাসার এক পৃথিবী উপহার দিবেন। সেখানে কোনো জাতীগত হিংসা-বিদ্বেষ থাকবে না।

  • নওয়াজের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ইমরান খান

    নওয়াজের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ইমরান খান

    পাকিস্তানের জাতীয় নির্বাচনে বেসরকারি ফলাফলে নওয়াজ শরিফের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান খান। তবে পিটিআই ছাড়া বাকি সব দলই কারচুপির অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে।

    পাকিস্তানের দৈনিক ডনের তথ্য অনুযায়ী, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পেয়েছে ১১৩টি আসন। আর নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৬৪ আসন। এছাড়া বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪৩টি, এমকিউএম ৫টি এবং এমএমএ ৯টি আসন লাভ করেছে।

    পিএমএল-এনের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বলেছেন, নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে এবং ফলে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটেনি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো নির্বাচনের ফলকে ‘অযৌক্তিক ও অসঙ্গত’ বলে তা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনের ফলের ব্যাপারে কঠোর আপত্তি জানিয়েছে।

    তবে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনের প্রধান (সিইসি) মুহাম্মাদ রাজা খান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তিনি বৃহস্পতিবার ভোর ৪টায় রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

    অপরদিকে বুধবার সন্ধ্যার পর নির্বাচনের ফল ঘোষিত হতে শুরু করার পর পিটিআই দলের সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।

  • ইমরান খান এগিয়ে

    ইমরান খান এগিয়ে

    পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সর্বশেষ বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পরিষদের ৯৭ আসন পেয়ে সবার উপরে রয়েছে পিটিআই।

    ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইর পরেই রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। তারা পেয়েছে ৬২টি। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এগিয়ে আছে ৩০টি আসনে।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ২৩টি এগিয়ে রয়েছেন। মুত্তাহিদা মজলিস আমল (এমএমএ) এগিয়ে রয়েছে সাতটি আসনে ও গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ) এগিয়ে আছে সাতটি আসনে।

    এর আগে সহিংসতা, বোমা হামলা, নানা অভিযোগের ঘটনাবহুল পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দেশটিতে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

    পাকিস্তান নির্বাচন কমিশন বলছে, জাতীয় পরিষদের ২৭২ আসনের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হাজার ৪৫৯ প্রার্থী। এরমধ্যে শুধুমাত্র পাঞ্জাব থেকেই এক হাজার ৬২৩ জন, সিন্ধ থেকে ৮২৪ জন, খাইবার পাখতুনখাওয়া থেকে ৭২৫ জন ও বেলুচিস্তান থেকে ২৮৭ জন। এছাড়া দেশটির দুটি আসন এনএ-৬০ ও এনএ-১০৮ এ নির্বাচন স্থগিত রয়েছে।

    কোনো একক দল ক্ষমতায় যেতে হলে থলেতে ভরতে হবে কমপেক্ষ ১৩৭ আসন; তবেই দেশ শাসনের জন্য সরাসরি সরকার গঠন করতে পারবে। এছাড়া কোনো দলই যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে ঝুলে যাবে পাকিস্তানের পার্লামেন্ট। দ্বারস্থ হতে হবে ছোট-খাট দলগুলোর; জোট গঠন করে তবেই মসনদে যেতে হবে।

    এদিকে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে এগিয়ে রেখেছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট। এক প্রতিবেদনে ইন্ডিপেনডেন্ট বলছে, দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ইমরান খানই রয়েছেন এগিয়ে।

    মধ্য-ডানপন্থী পাকিস্তান তেহরিক-ই ইনসাফের এই প্রধান দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্মে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। দেশটির তিনবারের প্রধানমন্ত্রী কারাবন্দি নওয়াজ শরিফের রক্ষণশীল রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) বিরুদ্ধে প্রতিযোগিতা করছেন ৬৫ বছর বয়সী ইমরান।

    লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় ও কর ফাঁকি দিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ-পাচার এবং বিদেশে কোম্পানি খোলার দায়ে অভিযুক্ত নওয়াজকে গত বছর দেশটির আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। ২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের নাম আসার পর দেশটির আদালত তদন্ত শুরু করে।

    এই তদন্তে অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়ার পর দেশটির দুর্নীতিবিরোধী আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়। কার্যত কোণঠাসা নওয়াজের দল যে এবারের নির্বাচনে জনগণের কাছে প্রত্যাখ্যাত হতে যাচ্ছে সেই ইঙ্গিতও মিলতে শুরু করেছে।