Category: আন্তর্জাতিক

  • মডেলের মরদেহ উদ্ধার

    মডেলের মরদেহ উদ্ধার

    পাকিস্তানের সাবেক জনপ্রিয় মডেল ও ফ্রিল্যান্স সাংবাদিক কুরআতুলআইন (অ্যানি) আলী খানকে গতকাল শনিবার করাচিতে তাঁর বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। অ্যানি আলী খান নামে তিনি বেশি পরিচিত ছিলেন। সংবাদমাধ্যম ‘ডন’কে করাচির সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ (দক্ষিণ) ওমর শহীদ জানান, করাচি জিমখানা আর রাজ্য অতিথি ভবনের কাছে কসর-ই-জয়নাব ভবনের তৃতীয় তলা থেকে অ্যানি আলী খানের মরদেহ উদ্ধার করা হয়। এ এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা। পুলিশ ধারণা করছে, এটা পুরোপুরি আত্মহত্যার ঘটনা।

    অ্যানি আলী খানের মরদেহ জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এখানে ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, দম বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে তাঁর শরীরের কোথাও কোনো পোড়া বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

    ওমর শহীদ আরও জানান, অ্যানি আলী খান তাঁর ফ্ল্যাটে একা বসবাস করতেন। তাঁর স্বামী বিদেশে আছেন।

    আর্টিলারি ম্যাডেন স্টেশনের হাউস অফিসার সাফদার মাশওয়ানি বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, অ্যানি আলী খানের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, তখন সেখানে দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। ওই সময় মেঝেতে কিছু পোড়া বই আর মরদেহ পড়েছিল।

    অ্যানি আলী খানের একজন সাবেক প্রতিবেশী ‘ডন’কে বলেন, অ্যানি সম্প্রতি তাঁর একটি বই লেখার কাজ শেষ করেন। বইটি শিগগিরই প্রকাশিত হওয়ার কথা ছিল।

    ৩৮ বছর বয়সের অ্যানি আলী খান সাংবাদিকতার পাশাপাশি তথ্যচিত্র নির্মাণের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি ‘ডন’, ‘হেরাল্ড’, ‘স্লেট’, ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’, ‘দ্য এশিয়া সোসাইটি’ ও ‘দ্য ক্যারাভ্যান’-এ লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন।

  • বিজেপিবিরোধী মহাসমাবেশের ঘোষণা মমতার

    বিজেপিবিরোধী মহাসমাবেশের ঘোষণা মমতার

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। আর সেই লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি বিজেপি-বিরোধী মহাসমাবেশ থেকে ফেডারেল ফ্রন্টকে সংগঠিত করে দিল্লি দখলের ডাক দেওয়া হবে।

    কলকাতার ধর্মতলায় আজ শনিবার আয়োজিত সমাবেশ এসব কথা বলেন মমতা।

    ১৯৯২ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতার নেতৃত্বে রাজ্য সচিবালয় মহাকরণ অভিযানকালীন পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়। এই দিনকে স্মরণ করে প্রতিবছর ২১ জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে আসছে রাজ্যজুড়ে। এবার এই শহীদ দিবস ২৫ বছর পার করেছে।

    আজ এই বৃষ্টিভেজা সমাবেশে মমতা বলেন, আগামী দিনে গোটা ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। ‘সাম্প্রদায়িকতা ঠেকাও, বিজেপি হটাও’ লক্ষ্য নিয়ে ১৯ জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে মহাসমাবেশের। এখানে উপস্থিত থাকবেন বিজেপিবিরোধী দলের নেতারা। সেখান থেকেই দিল্লি সরকার দখলের ডাক দেওয়া হবে তাঁর গড়া ফেডারেল ফ্রন্টকে সংগঠিত করে। তিনি জোর দিয়ে বলেন, ১৯-এর লোকসভা নির্বাচনে আর জয়ের মুখ দেখবে না বিজেপি। তাই ’১৯-এর ১৯ জানুয়ারি ডাক দেওয়া হবে দিল্লির বিজেপি সরকার হটানোর।

    মমতা বলেন, বিজেপির সাম্প্রদায়িকতার মুখোশ খুলে গেছে। দেশ শাসনে অযোগ্য হয়েছে তারা। সাম্প্রদায়িকতার স্থান নেই এ দেশে। তাই আগামী বছর বিজেপিবিরোধী সরকার আসছে কেন্দ্রে। তিনি আরও বলেন, বিজেপি গত বছর ২৮২টি আসন পেলেও আগামী বছর ১০০ আসনও পাবে না। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাটে বিজেপির আসন হবে শূন্য হবে। উত্তর প্রদেশে অখিলেশ যাদব, মায়াবতীরা এক হলে বিজেপির ধরে রাখা ৭২টি আসনের মধ্যে এক-চতুর্থাংশ আসন পাবে না তারা। রাজস্থানে মিলবে মাত্র ৫টি আসন। বিহারে এবার আসন কেড়ে নেবেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদব। ওডিশায় আসন কাড়বেন বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়ক। আর পাঞ্জাবে কংগ্রেসের অমরেন্দ্র সিং।

    মতা বলেন, ‘আমরা চেয়ারকে কেয়ার করি না। কেয়ার করি দেশকে, দেশের মানুষকে।’ তিনি আরও বলেন, ‘এবার আমাদের রুখে দাঁড়াতে হবে বিজেপির বিরুদ্ধে। বিজেপি ভাঙা শুরু হয়েছে। আজ এই সাম্প্রদায়িক বিজেপি সরকার নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। নাম বদল করছে রেলস্টেশনের। পরিবর্তন আনছে পাঠ্যক্রমে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

    মমতা বলেন, যাঁদের হাতে দাঙ্গার রক্ত লেগে আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, ‘আজ এনকাউন্টারের মাধ্যমে উত্তর প্রদেশে মেরে ফেলা হচ্ছে মানুষকে। প্রতিবছর ১২ থেকে ১৩ হাজার কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেন। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।’ তিনি আসামে বাঙালি খেদাও আন্দোলনের তীব্র নিন্দা জানিয়ে আসামের বাঙালিদের পাশে আছেন বলে আশ্বাস দেন।

    মমতা ঘোষণা দেন আগামী ১ থেকে ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে সাম্প্রদায়িকতাবিরোধী কর্মসূচি।

    এদিন এই শহীদ দিবসের মঞ্চে কংগ্রেসের ৫ বিধায়ক তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এই শহীদ দিবসের মঞ্চে আরও ভাষণ দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ। তাঁরাও দেশব্যাপী বিজেপি হটাও, দেশ বাঁচাও আন্দোলন জোরদার করার দাবি তোলেন। বলেন, ‘দুই হাজার উনিশ, বিজেপি ফিনিশ।’ বক্তারা ভবিষ্যতে একজন বাঙালি প্রধানমন্ত্রী দেখতে চান বলে দাবি তোলেন। তাঁরা আরও দাবি তোলেন, আগামী ৩০ বছরেও এখানে থাকবে মমতার দল।

  • জয়ের গন্ধ পাচ্ছেন ইমরান খান!

    জয়ের গন্ধ পাচ্ছেন ইমরান খান!

    পাকিস্তানে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পূর্বে জনপ্রিয়তায় এগিয়ে আছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।

    ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই নেতা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ‘তার প্রতিদ্বন্দ্বীরা হারবেন তাদের অতীত কৃতকর্মের জন্য’।

    এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা সে নিয়ে পাকিস্তানে যে উদ্বেগ রয়েছে তাও তিনি নাকচ করে দিয়েছেন।

    তিনি বলেছেন, অন্য দলগুলো বেশ হঠাৎই বলতে শুরু করেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এর কারণ হল জনমত জরিপে দেখা যাচ্ছে- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এগিয়ে রয়েছে। তারা আসলে ইতিমধ্যেই, ভাগ্যের লিখন দেখতে পাচ্ছে।

    গত পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকা নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ দলটির সমর্থক ও দেশটির মানবাধিকার কর্মীরা অভিযোগ করছেন যে ইমরান খানের দলকে জেতাতে দেশটির সেনাবাহিনী নির্বাচনের ফল ‘সাজাচ্ছে’। পাকিস্তানে এবারের নির্বাচনকে মূলত এই দুটি দলের মধ্যে প্রতিযোগিতা বলে মনে করা হচ্ছে।

    তিনি বলেছেন, পাকিস্তানের উত্থান মাথায় রেখেই নির্বাচনের প্রচারণা চালিয়েছে তার দল।

    পাকিস্তানের নির্বাচনে ইমরান খান দেশটির দুর্নীতি দমনকে তার প্রধান নীতি হিসেবে ব্যবহার করছেন। তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফকে এমাসের শুরুতে দশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির দুর্নীতি দমন আদালত।

    জুলাইয়ের ১৩ তারিখ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই গ্রেফতার হন নওয়াজ শরীফ ও তার মেয়ে। ওই দিনই তাদের কারাগারে পাঠানো হয়। গত বছর দুর্নীতির অভিযোগে তিনি ক্ষমতাচ্যুত হন।

    ইমরান খান বেশ কিছুদিন ধরে যে অভিযোগে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরীফের বিরুদ্ধে তদন্ত দাবি করছিলেন, সেই অভিযোগেই তার সাজা হল।

    ইমরান খান আরও বলেছেন, দুর্নীতির কারণে একটি দেশের ব্যয়ভার বহন করার অর্থ থাকে না, মানব উন্নয়নের জন্য অর্থ থাকে না। এ সম্পর্কে এই মামলাটি জনসচেতনতা তৈরি করেছে।

    তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, নওয়াজ শরিফের কারাদণ্ডের পেছনের কারণ আসলে তিনি ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা ইস্যুতে সেনাবাহিনীর সাথে বিবাদে জড়িয়েছিলেন।

    পাকিস্তান রাষ্ট্র জন্মের অর্ধেকটা সময়ই দেশটির সবকিছুর নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছে সেখানকার সেনাবাহিনী।

    নওয়াজ শরীফ দাবি করেছেন, তার দল যাতে জয়ী না হয় তাই দেশটির সেনাবাহিনী ভোটের আগেই ‘ফল কারচুপির’ কার্যকলাপে নেমেছে।

    তার দলের বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ তুলেছেন যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের দল ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

    সাংবাদিকরা দাবি করেছেন, নওয়াজ শরিফ সম্পর্কে কোন ধরনের সহানুভূতি দেখানো প্রতিবেদন না করতে তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

    লাহোরে একটি সমাবেশে ইমরান খানের সমর্থকরা বলেছেন দুর্নীতির দায়ে যে নওয়াজ শরিফের সাজা হয়েছে, সেদিক থেকে জনগণের মনোযোগ সরিয়ে নিতে এসব গল্প ফাঁদছে তার দল।

    পাকিস্তানে রাজনীতির একটি সংস্কৃতি হল দলের নেতারা বংশগতভাবে এর সাথে জড়িত। ইমরান খানের সেই ইতিহাস নেই। তার দলের ক্ষমতায় থাকারও কোন অভিজ্ঞতা নেই।

    নিয়মিত দল পরিবর্তন করে এমন কিছু ধনী রাজনীতিবিদের সম্প্রতি দলে জায়গা দিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন ইমরান খান।

    কিন্তু এই নেতাদের একটা বিষয় হলো যে দলের হয়েই তারা লড়ুক না কেন তারা বিপুল পরিমাণে ভোটার আকর্ষণ করতে পারেন।

    ইমরান খান তার এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এরা হলেন এমন নেতা যারা জানে কিভাবে নির্বাচনে প্রতিযোগিতা করতে হয়।

    তারা দলের মতাদর্শকে কলুষিত করবেন না বলে ইমরান খান দাবি করছেন। তবে কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই জনমত জরিপে ইঙ্গিত মিলছে।

    ইমরান খান স্বীকার করেছেন, যে সে ক্ষেত্রে তাকে জোট সরকার গঠন করতে হতে পারে।

    তবে জারদারি পরিবার পরিচালিত দল পাকিস্তান পিপলস পার্টি অথবা নওয়াজ শরিফের দলের সাথে জোট গঠন করার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

    ইমরান খান বলেছেন, তাদের সাথে জোট তৈরি করলে, যে উদ্দেশ্য নিয়ে আপনি ক্ষমতায় যাচ্ছেন তা পরাজিত হবে।-বিবিসি

  • ১২০ নারীকে ধর্ষণের দায়ে মন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার

    ১২০ নারীকে ধর্ষণের দায়ে মন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার

    এ যেন আরেক বাবা রামরহিম। নিজের আশ্রমে একাধিক নারী ভক্তকে যৌন নির্যাতন করত স্বঘোষিত ধর্মগুরু ভারতের হরিয়ানার রামরহিম। আপাতত জেলে বন্দি সে। কিন্তু সেই হরিয়ানায় খোঁজ মিলল একইরকম আরও এক পাষণ্ডের। একজন বা দু’‌জন নয়, ১২০ জন নারীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল হরিয়ানার ফতেহাবাদের বাবা বালকনাথ মন্দিরের প্রধান পুরোহিত বাবা অমরপুরিকে।

    সোশ্যাল মিডিয়ায় সেই পুরোহিতের কুকীর্তির ভিডিও ছড়িয়ে পড়তেই গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, প্রত্যেকটি ভিডিও পৃথক পৃথক মহিলার। ওই পুরোহিতের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

    ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘‌আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। আমরা ওই পুরোহিতের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু আপত্তিকর জিনিসও উদ্ধার করেছি।’‌

    জানা গেছে, বাবা অমরপুরি নামে সেই পাষণ্ড অন্তত ১২০ জন নারীকে ধর্ষণ করেছে এবং সেগুলি ক্যামেরাবন্দি করে রাখে। এরপর মাঝেমধ্যেই ওই ভিডিওগুলির সাহায্যে সেই নারীদের ব্ল্যাকমেল করত সে। ইতিমধ্যে পুলিশ সেই ভিডিওগুলি উদ্ধার করেছে।

  • এই রাহুলকে কেউ দেখেনি আগে!

    এই রাহুলকে কেউ দেখেনি আগে!

    এই রাহুল গান্ধীকে আগে কেউ দেখেনি। কংগ্রেস সভাপতি যে এমন করতে পারেন, কারও কল্পনাতেও তা আসেনি। শুক্রবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে ভাষণ শেষে রাহুল যা করলেন, তা ছিল তাক লাগানো। ভারতীয় সংসদের ইতিহাসে সম্ভবত বিরলতম ঘটনা।

    কংগ্রেসের পক্ষে রাহুলই ছিলেন প্রথম বক্তা। দুধসাদা কুর্তা পরে তাঁর ঠিক উল্টো দিকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত চার বছরে মোদি সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনার মধ্যে রাহুল বললেন, ‘প্রধানমন্ত্রী আমার চোখে চোখ রাখতে পারছেন না। সম্ভবত তাঁর সংকোচ হচ্ছে। আমি জানি, আপনি আমাদের সহ্য করতে পারেন না। আমাকে পাপ্পু বলেন। ঘৃণা করেন। অনেক রাগ আমাদের ওপর। আমরা কিন্তু আপনাদের ওপর ক্ষিপ্ত নই। বরং আপনাদের ভালোবাসি। কৃতজ্ঞও। কারণ, প্রধানমন্ত্রীজি আপনি, আপনার দল বিজেপি এবং আরএসএস ভারতের আসল চরিত্র কী রকম তা আমাদের আরও ভালোভাবে বুঝতে শিখিয়েছেন। আপনাদের মনে যে হিংসা রয়েছে, আমরা তা ভালোবাসায় পরিবর্তন করব। আমরা কংগ্রেস।’

    প্রায় এক ঘণ্টা ধরে মোদি সরকারকে তুলোধোনা করে ভাষণ শেষে রাহুল নাটকীয়ভাবে গটগট করে ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে বাড়িয়ে দেন হাত। রাহুল দাঁড়িয়ে মোদির আসনের সামনে। প্রসারিত হাত ধরে ফেলেছেন মোদি। আচমকাই রাহুল প্রধানমন্ত্রীকে বুকে জড়িয়ে ধরলেন। ঘটনার আকস্মিকতায় গোটা কক্ষ হকচকিত। রাহুল ফিরে যাচ্ছেন তাঁর আসনের দিকে। মোদি তাঁকে কাছে ডাকলেন, হাত মিলিয়ে পিঠ চাপড়ে কিছু একটা বললেন। রাহুল ফিরে এলেন নিজের আসনে।

    গোটা ভাষণে যেভাবে নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে রাহুল আক্রমণ করে গেলেন, তেমন আক্রমণাত্মক কেউ কখনো তাঁকে দেখেনি। নোট বাতিলের সিদ্ধান্ত, তড়িঘড়ি জিএসটি চালু, কর্মসংস্থানে ব্যর্থতা, কালাটাকা দেশে ফেরানো ও প্রত্যেকের ব্যাংক খাতায় ১৫ লাখ টাকা জমা দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি, তিন গুণ বেশি দাম দিয়ে ফ্রান্সের সঙ্গে রাফায়েল যুদ্ধবিমান চুক্তি, হাতে গোনা কিছু শিল্পপতির স্বার্থ দেখে কৃষকের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার বিষয়গুলো নিয়ে সরকারকে তুলোধোনা করে রাহুল বলেন, পররাষ্ট্রনীতিতেও এই সরকার চূড়ান্ত ব্যর্থ। ভারত, ভুটান ও চীন সীমান্তে ডোকলামে চীনা অনুপ্রবেশের উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনার পরেই মোদি চীন সফরে যান। সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে কোনো রকমের অ্যাজেন্ডা ছাড়াই দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন অপদার্থতা ঢাকা দিতে! বিজেপির নীতিকে আক্রমণ করে রাহুল বলেন, ওরা হিংস্র। আক্রমণাত্মক। ওদের বুকে ঘৃণা। আমরা বিরোধীরা এবং আমাদের সঙ্গে শাসক দলেরও অনেকে মিলে এই সরকারের বিদায়ঘণ্টা বাজিয়ে দেব।

    মাত্র কিছুদিন আগেই রাহুলকে চ্যালেঞ্জ জানিয়ে নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্ষমতা থাকলে লিখিত ভাষণ পাঠ না করে ১৫ মিনিট বক্তৃতা দিয়ে দেখান। সেটা করতে পারলে ভূমিকম্প দেখা দেবে। শুক্রবার লোকসভায় রাহুল সেটাই করে দেখালেন। তাঁর ভাষণের সময় শাসক দলের সমবেত বিরোধিতার মধ্য দিয়েও এটা স্পষ্ট হয়ে গেল, আগামী নির্বাচনে কংগ্রেসই হতে চলেছে বিজেপির প্রবল প্রতিপক্ষ এবং মোদির লড়াইটা রাহুলেরই সঙ্গে। কংগ্রেস নেতা শশী থারুরও তাই টুইট করে বললেন, বাস্তবিকই এটা পালাবদলের ভাষণ। ভূমিকম্প এসে গেছে।

    খুশি সোনিয়া গান্ধীও। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি খুব খুশি। আরও খুশি প্রচারমাধ্যমের মনোভাব বদলাচ্ছে দেখে।’

  • ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে শোয়ার্জনেগারের কটূক্তি

    ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে শোয়ার্জনেগারের কটূক্তি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে কটাক্ষ করেছেন হলিউড তারকা শোয়ার্জনেগার৷রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠককে কেন্দ্র করেই ক্যালিফোর্নিয়ার প্রাক্তন এই গভর্নর এমন সমালোচনা করেন।

    ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এই বৈঠকে পুতিন পরবর্তী বিশ্বকাপের বল তুলে দেন ট্রাম্পের হাতে৷ বৈঠকে উঠে আসে গত মার্কিন জাতীয় নির্বাচনে রুশ গোয়েন্দাদের ভূমিকা নিয়ে৷ জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি বলেই স্বীকার করেছেন৷

    এর পরেই ট্রাম্পকে ভেজা নুডলস বলে কটাক্ষ করেন শোয়ার্জনেগার৷ তিনি ট্যুইটে লিখেছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা বিভাগকে বিক্রি করে দিয়ে এলেন৷ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ঘিরে মার্কিন রাজনৈতিক মহল সমালোচনায় মুখর হয়েছে৷ ঘরে বাইরে বিদ্ধ হচ্ছেন ট্রাম্প৷

  • অবশেষে বাড়ি ফিরেছে সেই খুদে ফুটবলাররা

    অবশেষে বাড়ি ফিরেছে সেই খুদে ফুটবলাররা

    থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থেম লুয়াং গুহায় আটকে পড়া সেই ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ আজ বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ফিরে গেছেন তাদের মা-বাবার কাছে। আর বিকেলে সংবাদ সম্মেলন শেষে স্থানীয় সময় সন্ধ্যায় তারা বাড়ি ফিরেছে।

    বুধবার ওই ফুটবল দলকে নিয়ে ‘থাইল্যান্ড মুভ ফরোয়ার্ড’ নামের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার জন্য থাই সরকার ৪৫ মিনিট সময় বরাদ্দ করে দিয়েছে বলে জানা গেছে।

    এর আগে হাসপাতালে কিশোরদের সামনে ডুবুরি সামানের একটি ছবি রাখা হয় বলে জানা গেছে। তাদের জানানো হয়, ইনি হলেন সেই ডুবুরি যিনি তোমাদেরকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়েছেন। এ কথা শোনার পর নিজেদের আর দমিয়ে রাখতে পারেনি কিশোর ছেলেরা। ছবির সামনে দাঁড়িয়েতারা কান্নায় ভেঙে পড়ে।

    উল্লেখ্য, থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থেম লুয়াং গুহায় ১১ থেকে ১৬ বছর বয়সী ওই ১২ কিশোর ফুটবলার ও ২৫ বছর বয়সী তাদের কোচ প্রবল বর্ষণ ও বন্যার কারণে আটকে পড়ে। আর্ন্তজাতিক ও স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তা প্রায় ২ সপ্তাহ পর তাদের উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়ার পর তারা চিয়াং রাইয়ের একটি হাসপাতালে ছিল।

  • বিশ্বকাপ ফাইনাল দেখা হচ্ছে না সেই থাই খুদে ফুটবলারদের

    বিশ্বকাপ ফাইনাল দেখা হচ্ছে না সেই থাই খুদে ফুটবলারদের

    থাইল্যান্ডের থাম লিয়াং গুহায় আটকা পড়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে বিশ্বকাপে ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ করে দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।কিন্তু, গুহা থেকে তারা বেঁচে ফিরলেও শারীরিক অসুস্থতার কারণে মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্টেডিয়ামে বসে খেলা দেখা হচ্ছে না।

    গত ২৩ জুন থাইল্যান্ডের ওয়াইল্ড বোরস ফুটবল ক্লাবের ১২ জন কিশোর ও তাদের কোচ প্রচণ্ড বৃষ্টিতে থাম লিয়াং গুহায় আটকা পড়ে। উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন হলে পুরো দলটিকে মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানায় ফিফা। অবশেষে ১৮ দিন পর গত মঙ্গলবার বিকালের দিকে সকলকে উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা। এরপরই চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    এদিকে, গুহা থেকে উদ্ধার হওয়ার পর ফুটবল অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের সঙ্গে ফিফা যোগাযোগ করে জানতে পারে উদ্ধার হওয়া ওই ফুটবলাররা মস্কো যেতে পারবে না।

    এরপর এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, “১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে সফলভাবে উদ্ধারের খবরে ফিফা অত্যন্ত আনন্দিত। উদ্ধারকাজে নিয়োজিত প্রতিটি ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে উদ্ধারকার্য চলাকালীন একজন ডুবুরির মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তবে থাইল্যান্ড ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে ওই কিশোররা মস্কো পর্যন্ত যাওয়ার অবস্থায় নেই।”

  • থাই ফুটবলারদের উদ্ধারে বাধা দিচ্ছে মিডিয়া!

    থাই ফুটবলারদের উদ্ধারে বাধা দিচ্ছে মিডিয়া!

    বিশ্বে এই মুহূর্তে অন্যতম সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবলারদের উদ্ধার অভিযানের বিষয়টি। এ নিয়ে বিশ্ব গণমাধ্যমেরও আগ্রহের কমতি নেই। থাইল্যান্ডের পাশাপাশি ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাংবাদিকরাও গুহা এলাকায়  জড়ো হয়েছেন। এবার তাদের বিরুদ্ধেই উঠেছে চরম অপেশাদারিত্ব ও নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ।

    ব্যাংকক পোস্ট জানিয়েছে, কার আগে কে খবর সংগ্রহ করতে ও ছবি তুলবে কয়েকটি টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের মধ্যে এ প্রতিযোগিতা লেগে গেছে।

    রবিবার সাংবাদিকদের দুটি আচরণ জনসম্মুখে তাদের দায়িত্বশীলতাকে প্রশ্নের মুখে ঠেছে দিয়েছে। তা হল ড্রোনের ব্যবহার যা উদ্ধার অভিযানে অংশ নেয়া হেলিকপ্টার চলাচলে বাধা তৈরি এবং উদ্ধার অভিযানে অংশ নেয়া অফিসারদের কাজের মধ্যে সরাসরি সম্প্রচার যা তাদের কাজে বাধা তৈরি করেছে!

    গত ২৩ জুন থাম লুয়াং নামের ওই গুহায় ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকা পড়েন। এর মধ্যে ৮ ফুটবলারকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার তৃতীয় ও চূড়ান্ত ধাপের অভিযান শুরু হয়েছে।

  • জেলে যাওয়ার জন্য টাকা দিয়ে হুড়োহুড়ি!

    জেলে যাওয়ার জন্য টাকা দিয়ে হুড়োহুড়ি!

    কারাগার আরামের জায়গা নয়, বুদ্ধিমানরা সর্বদা সেই সব কাজ এড়িয়ে চলতে বলেন, যা করলে জেলের ঘানি টানতে হয়। তবে শুনতে অবাক লাগলেও জেলে যাওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। তাও আবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে।
    নেলসন ম্যান্ডেলার জেলের কুঠুরিতে একটি রাত কাটানোর জন্য পর্যটকদের মধ্যে এই হুড়োহুড়ি। বার্ষিক ‘স্লিপআউট’ নামের একটি প্রোগ্রামের দৌলতে এবার রাত কাটানো যাবে রবেন আইল্যান্ডের জেলের কক্ষে। তবে তার জন্য দিতে হবে বিশাল অঙ্কের ভাড়া।
    বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় তিন দশক জেলে কাটিয়েছেন ম্যান্ডেলা। তার মধ্যে কেপ টাউনের রবেন আইল্যান্ডের জেলে ১৮ বছর বন্দি ছিলেন সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট।

    ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলে দেওয়া হয়েছে ৮ ফুট বাই ৭ ফুট কুঠুরির দরজা। ওই সেলেই এক রাত কাটানোর জন্য নিলাম ডাকা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নিলামের টাকা যাবে সেবামূলক কাজে। এখনও পর্যন্ত উঠেছে ৩ লাখ মার্কিন ডলার। জুলাইয়ের ১৬ তারিখ নিলামের শেষ দিন। ‘সেল নম্বর-৭’-এ রাত কাটাবেন নিলামে জয়ী ব্যক্তি। তবে হতাশ হওয়ার কিছু নেই। ৬৬ জন ওই জেলের অন্যান্য কামরায় থাকতে পারবেন।

    জানা গেছে, নিলাম থেকে পাওয়া টাকা জেলবন্দিদের শিক্ষায় খরচ করা হবে। ‘প্রিজন টু পাইপলাইন’ প্রকল্পের আওতায় জেলবন্দিদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিতেই এই পদক্ষেপ।