Category: আন্তর্জাতিক

  • একে-৪৭’র গুলি আটকাতে সক্ষম এই জ্যাকেট

    একে-৪৭’র গুলি আটকাতে সক্ষম এই জ্যাকেট

    ভারতীয় সেনাবাহিনীতে এবার যুক্ত হচ্ছে উন্নতমানের বুলেটপ্রুফ জ্যাকেট। এই জ্যাকেট একে-৪৭ এর গুলিকেও আটকাতে সক্ষম বলে দাবি করেছেন গবেষকরা। ওজনে হালকা এই বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করেছে Bhabha Atomic Research Centre (BARC)।

    গবেষকদের মতে, এই জ্যাকেট অনেক বেশি হালকা এবং তা পরিধানও অনেক আরামদায়ক। এই জ্যাকেটের আর্মার প্যানেল তৈরিতে সেরামিক এবং পলিমার ব্যবহার করেছে বার্ক, যা এক-৪৭ এর বুলেটকে আটকাতে পারবে।

    নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্যবহৃত সেরামিক বোরোন কার্বাইড এবং কার্বন ন্যানো টিউব পলিমার এই কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে এই জ্যাকেট আরও হালকা এবং কার্যকরী হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

    বার্কে পাঁচ গবেষকের দলকে নেতৃত্ব প্রদানকারী কিংশুক দাশগুপ্ত জানিয়েছেন, বর্তমানে যে বুলেটপ্রুফ জ্যাকেটগুলো রয়েছে, তাতে গার্ড হিসেবে সেরামিকের ব্যবহার হয়েছে, তবে, নতুন ধরণের এই জ্যাকেটটি একে-৪৭ এর মতো বুলেটকেও প্রতিহত করতে সক্ষম।

    নতুন এই জ্যাকেটের ওজন ৬.৬ কিলো। তিনি আরও জানান, প্রথম সেটের পাঁচটি জ্যাকেট তৈরি সফল না হলেও পরবর্তী ক্ষেত্রে সাফল্য আসে। এই জ্যাকেটের ৩০টি পরীক্ষা হয়েছে। তিন ধরণের জ্যাকেট তৈরি করা হয়েছে। এগুলোর ওজন যথাক্রমে, ৬.৬, ৪ এবং ৩.১ কিলো।

  • বিমানে ক্রটি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাহুল গান্ধী

    বিমানে ক্রটি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাহুল গান্ধী

    অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আজ শুক্রবার তাকে বহনকারী বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষ পেয়ে নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুগলি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

    কংগ্রেস সভাপতিকে বহনকারী জেট প্লেনে এমন গুরুতর যান্ত্রিক বিভ্রাটের খবর প্রকাশের পর ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিমানে এ ক্রটি পরিকল্পিত ছিল কিনা খতিয়ে দেখার দাবি জানিয়েছে কংগ্রেস। ঘটনার পরে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী।

    জানা যায়, আজ শুক্রবার সকালে ছোট ফ্যালকন জেট বিমানটির অন্যতম যাত্রী ছিলেন রাহুল গান্ধী। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকে পৌঁছেছেন তিনি। তিন বারের চেষ্টায় হুবলিতে নামে বিমানটি। তাতে ছিলেন কংগ্রেস সভাপতি-সহ পাঁচজন।

    ডিজিসিএ জানিয়েছে, ‘অটো-পাইলট’ ব্যবস্থায় সমস্যা হওয়ায় ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদ অবতরণ করেছেন পাইলট। এই ধরনের ঘটনা ‘অস্বাভাবিক নয়’। কিন্তু সন্তুষ্ট নয় কংগ্রেস।

    দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘এসপিজি-র নিরাপত্তা পাওয়া কোনো ব্যক্তির উড়ানের আগে পাইলট এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেওয়া হয় ডিজিসিএ এবং এসপিজি-র কাছে। তারা ছাড়পত্র দিলেই উড়ান পরিকল্পনা চূড়ান্ত হয়। আমাদের আশা, কর্নাটক পুলিশ এবং ডিজিসিএ-র ডিজিরা তদন্ত করে জানাবেন, এই ঘটনায় কোনো ব্যক্তির হাত ছিল কি না।’

    বিধানসভা ভোটের প্রচারে শুক্রবার সকাল ৯টা ২০টার দিকে হুবলি রওনা হন রাহুল। আবহাওয়া ভালই ছিল। পৌনে ১১টার দিকে বিমানে দেখা দেয় ক্রটি।

    সুরজেওয়ালা জানিয়েছেন, জোরালো একটা শব্দের পরে অটো পাইলট বিকল হয়ে ধাক্কা খেয়ে নীচে পড়তে থাকে বিমানটি। ২-৩ মিনিটের জন্য রেডার থেকেও মুছে যায় সেটা।

    কর্নাটকের ডিজি ও আইজির কাছে লিখিত অভিযোগে রাহুল গান্ধীর সহযোগী কৌশল বিদ্যার্থী বলেছেন, এমন কোনো প্রযুক্তিগত বিভ্রাটের কারণে ঘটনাটি ঘটেছে, যার ব্যাখ্যা মেলেনি।

    তিনি বলেন, ‘সকলের প্রাণ যেতে বসেছিল। কিন্তু রাহুল ধৈর্য রেখে পাইলটের পাশে ছিলেন, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়।’

    কংগ্রেসের এক নেতা জানান, ‘এর আগেও গান্ধী পরিবারে এভাবে প্রাণ গেছে। রাহুলের প্রাণনাশের কোনো চেষ্টা হয়েছিল কি না, তার যথাযথ তদন্ত হওয়া উচিত।’

    বিষয়টি রীতিমতো স্পর্শকাতর বলে কোনো মন্তব্য করেনি বিজেপি। কিন্তু বিজেপির কয়েকজনের বক্তব্য, বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে কি না, তা-ও ভাবা দরকার।

    রাহুল গান্ধী দলের ইস্তাহার প্রকাশের জন্য শনিবারও কর্নাটকেই থাকবেন বলে জানা গেছে।

  • ৫০টি ধর্ষণ ও ১২টি খুনের পর যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন স্টেট কিলার’ গ্রেফতার

    ৫০টি ধর্ষণ ও ১২টি খুনের পর যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন স্টেট কিলার’ গ্রেফতার

    ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ক্যালিফোর্নিয়ার ‘গোল্ডেন স্টেট কিলার’কে খুঁজে হয়রান হয়েছে। ডিএনএর সূত্র ধরে সম্প্রতি তাকে খুঁজে বের করা হয়। কেন এত সময় লাগল কুখ্যাত ওই অপরাধীকে খুঁজে বের করতে তার ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। কারণ জোসেফ জেমস ডি অ্যাঞ্জেলো নামের সেই ব্যক্তি আগে পুলিশেরই সাবেক কর্মকর্তা ছিলেন! আর তিনি নিজের এলাকাতেই এসব জঘন্য অপরাধ করেছেন। এসব অপরাধের পর কোথাও যাননি। নির্বিকারভাবে পরিবার নিয়ে সেই এলাকাতে ছিলেন তিনি।

    এফবিআই তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছিল। কিন্তু কিছুতেই তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। মোট ১২টি খুন, ৫০টি ধর্ষণ এবং কয়েক ডজন বাড়িতে লুটপাটের ঘটনায় জড়িত ছিলেন জোসেফ। বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে ৭২ বছর বয়সী জোসেফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।

    ১৯৭৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি এলাকায় ত্রাস ছড়িয়েছিল জোসেফ। রাতের বেলা বাড়িতে ঢুকে আক্রমণ চালাত সে। পুরুষদের সামনেই মহিলাদের ধর্ষণ করত। কেউ বাধা দিতে গেলে খুন করত। ধর্ষণের পরে লুটপাট চালিয়ে পালাত। ১৩ বছরের কিশোরী থেকে ৪১ বছরের নারী, কাউকেই ছাড়ত না সে। পরপর কয়েক বছর খুন-ধর্ষণ চালাত, তার পর কয়েক বছর চুপ থাকত। এভাবে তিন দফায় তাণ্ডব চালায় জোসেফ। গোয়েন্দারা ভেবেছিলেন, এই সব তিন জন দুষ্কৃতীর কাজ।

    ১৯৮৬-র পরে এ ধরনের আর ঘটনা ঘটেনি। দুষ্কৃতীও অধরা থেকে যায়। গোয়েন্দাদের দাবি, নিজে পুলিশে চাকরি করতে বলেই এত দিন গা ঢাকা দিয়ে থাকতে পেরেছিল জোসেফ। কয়েক সপ্তাহ আগে গোয়েন্দাদের হাতে কিছু ডিএনএ প্রমাণ আসে, যার সাহায্যে জোসেফকে শেষ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়। স্যাক্রামেন্টোর শহরতলিতে জোসেফের বাড়ি।

  • নিহত চীনা পর্যটকদের বহন করা ট্রেনকে বিদায় জানালেন কিম

    নিহত চীনা পর্যটকদের বহন করা ট্রেনকে বিদায় জানালেন কিম

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিহত চীনা পর্যটকদের বহন করা ট্রেনকে বিদায় জানিয়েছেন। উত্তর কোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। এদিকে কিম এ মর্মান্তিক ঘটনার কারণে বেইজিংয়ের কাছে নতুন করে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
    চীনের কর্মকর্তারা জানান, বাসে করে ভ্রমণ করার সময় রবিবার রাতে পিয়ংইয়ংয়ের দক্ষিণে একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যাওয়ায় চীনের ৩২ পর্যটক ও উত্তর কোরিয়ার চার নাগরিক নিহত হয়। এতে চীনের অপর দুই নাগরিক আহত হয়।
    বেইজিং হচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার একমাত্র ঘনিষ্ঠ মিত্র দেশ। দেশটি পিয়ংইয়ংকে অনেক অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে এবং আন্তর্জাতিক নিন্দার বিরুদ্ধে রাজনৈতিক ধাক্কা সামলিয়ে থাকে।
    উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, কিম ব্যক্তিগতভাবে এ ট্রেনের ব্যবস্থা করেন এবং প্রাণে বেঁচে যাওয়াদের প্রতি ‘সান্ত্বনা’ জানান। কেসিএনএ’র পৃথক এক খবরে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে কিমের একটি ‘শোক বার্তা’ পাঠানো হয়েছে। কেসিএনএ।
  • বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা আমাকে মুগ্ধ করেছে: জাতিসংঘ মহাসচিব

    বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা আমাকে মুগ্ধ করেছে: জাতিসংঘ মহাসচিব

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মানবাধিকার সুরক্ষার পাশাপাশি গোলযোগপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকা আমাকে মুগ্ধ করেছে। আমি যখনই কোনো মিশনে যাচ্ছি, তখনই উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের নারী পুলিশের দল সোচ্চার রয়েছেন সামাজিক-সম্প্রীতি সুসংহত করতে। আমি সকলকে অভিবাদন জানাচ্ছি।
    স্থানীয় সময় বুধবার বিকালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতিসংঘের শীর্ষস্থানীয় সকল কর্মকর্তাসহ সদস্য রাষ্ট্রসমূহের কূটনীতিকরা যোগ দেন।
    অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর উচ্ছ্বাসিত প্রশংসা করে জাতিসংঘের চলতি ৭২তম সাধারণ অধিবেশনের সভাপতি  মিরস্ল্যাভ লাজ্যাক বলেন, শান্তি বিনির্মাণে দাঙ্গাপূর্ণ অঞ্চলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশি রক্ষীরা উদাহরণ সৃষ্টি করেছেন। গত ৩০ বছরে ১৪২ জন বাংলাদেশি প্রাণ দিয়েছেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আহত হয়েছেন ২২৩ জন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সব প্রাণ উৎসর্গকারী বাংলাদেশিকে।
    অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৩০ বছরের ভূমিকার উচ্ছ্বাসিত প্রশংসা শুনে আমি অভিভূত।
    অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক শান্তি আর সমৃদ্ধি ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ ছিলেন। বিশ্ব শান্তি বিনির্মাণে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরলসভাবে কাজ করছেন।
    স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন শান্তিরক্ষা মিশনের বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণেই বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।
    বাংলাদেশের স্থায়ী মিশনের মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে ইরাকের দাঙ্গা মেটাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বপ্রথম অংশ নেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। সেই থেকে বিশ্বের ২৭টি মিশনের দায়িত্ব সম্পাদন করেছে। এখন তারা কাজ করছে ১১টি দেশে। বর্তমানে ৭ হাজার ৮০ জন রয়েছেন এসব মিশনে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ৫ হাজার ৪৫৬, নৌবাহিনী ৩৪০, বিমান বাহিনী ৫০১ এবং পুলিশ বাহিনীর ৭৮৩ জন রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় বৃহত্তম শান্তিরক্ষী সরবরাহকারী রাষ্ট্রের মর্যাদায় রয়েছে বাংলাদেশ। এর মধ্যে মহিলা সদস্যের সংখ্যা ১৫৭।
    প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সাইপ্রাস, কঙ্গো, হাইতি, লেবানন, লাইবেরিয়া, মালি, সাউথ সুদান এবং সুদানের মিশনে কাজ করছেন বাংলাদেশিরা। এরমধ্যে ফোর্স কমান্ডারসহ শীর্ষপদেও রয়েছেন কয়েকজন।
    ৩০ বছর পূর্তি উৎসবের স্লোগান ছিল উই আর কমিরেটড এ্যান্ড ইনভলব। এ উৎসবে জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ প্রবাসের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
  • মমি রহস্য, হতে পারেন তিনিই ইরানের শেষ রাজা

    মমি রহস্য, হতে পারেন তিনিই ইরানের শেষ রাজা

    ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে শাহর-ই রে নামক জায়গায় একদল নির্মাণ কর্মী মাটিতে গর্ত করতে গিয়ে একটি মমি খুঁজে পেয়েছে। এটি দেশটির শেষ শাহ বা রাজা রেজা পাহলভির দেহ হতে পারে বলে ধারনা করা হচ্ছে। কারণ যে এলাকায় মমিটি পাওয়া গেছে, সেই শাহর-ই রে এলাকাতেই শাহ রেজা পাহলভির সমাধি ছিল।

    ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর বিপ্লবীরা সমাধিটি ধ্বংস করে দিয়েছিল। এরপর তার দেহাবশেষের কোনো সন্ধান কখনও পাওয়া যায়নি। ইরানে ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে শাহ রাজবংশের পতনের বেশ কয়েক দশক পর এই মমি পাওয়া গেলো।

    পাহলভির নাতি রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে নির্বাসনে রয়েছেন।মমির সন্ধান মেলার পর তিনি যুক্তরাষ্ট্র থেকে এক টুইটে বলেছেন, দেহা বশেষটি কার, তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক রিপোর্ট এখনও তার কাছে পৌঁছায়নি। এরপরও তিনি ধারণা করছেন, মমিটি তার পিতামহ বা দাদার।

    টুইটারে এক বিবৃতিতে তিনি দেহাবশেষটি ইরানে যথাযথ মর্যাদায় সমাহিত করার ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

    রেজা পাহলভি টুইটারে বলেছেন, আধুনিক ইরানের জনক নয়, কিংবা রাজা হিসেবেও নয়। কেবলমাত্র একজন সাধারণ সেনা এবং জনগণের সেবক হিসেবে রেজা শাহর সমাধি পরিচিত কোন জায়গায় চিহ্নিত করে রাখতে হবে।

    তেহরানের কালচারাল হেরিটেজ কমিটির চেয়ারম্যান স্থানীয় একটি সংবাদ সংস্থাকে বলেছেন, মমিটি সাবেক নেতার দেহাবশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    রেজা শাহ ইরানে সেনাবাহিনীর নেতৃত্বস্থানীয়দের মধ্যে অন্যতম ছিলেন।তিনিই পাহলভি রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
    সেই রাজবংশ ১৯২৫ সাল থেকে ৫০ বছরেরও বেশি সময় ইরান শাসন করে গিয়েছে। তার বিরুদ্ধে ধর্ম নিয়ে সমালোচনা করা এবং মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ উঠেছে বারবার। রেজা শাহ দক্ষিণ আফ্রিকায় নির্বাসনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ প্রথমে মিসরে দাফন করা হয়েছিল। পরে তা ইরানে এনে দাফন করা হয়।সূত্র: বিবিসি বাংলা

  • ভারতে চলন্ত ট্রেনের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষ, ১৩ শিশুর প্রাণহানি

    ভারতে চলন্ত ট্রেনের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষ, ১৩ শিশুর প্রাণহানি

    ভারতে চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে ১৩ শিশুর প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আরো আট শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর প্রদেশের কুশিনগর শহরের কাছাকাছি দুধি নামক একটি রেল ক্রসিংয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। স্থানীয় জেলা প্রশাসনকে আহতদের সকল ধরনের সাহায্য ও চিকিৎসা সুবিধা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

    দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্ত করার নির্দেশে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি দেয়ার কথা ও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

    প্রসঙ্গত, ভারতে চলতি মাসে এই দুর্ঘটনাসহ দুটি স্কুলবাস দুর্ঘটনার শিকার হয়েছে। গত ৯ এপ্রিলে হিমাচল প্রদেশে একটি স্কুলবাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ২৩ জন শিশুসহ ২৭ জন নিহত হন।

  • তীব্র সমালোচনার শিকার ব্রিটেনের হবু রাজবধূ

    তীব্র সমালোচনার শিকার ব্রিটেনের হবু রাজবধূ

    ব্রিটেনের ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজ সোমবার তৃতীয় সন্তানকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল লন্ডনে একটি শোক অনুষ্ঠানে অংশ নেন। সে অনুষ্ঠানে পরা পোশাকের জন্য হলিউডের সাবেক অভিনেত্রীকে এখন তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে।

    লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্যা ফিল্ডস চার্চে আয়োজিত ওই অনুষ্ঠানে হাতে হাত ধরে অংশ নেন প্রিন্স হ্যারি। ২৫ বছর আগে বর্ণবাদী হামলায় নিহত ১৮ বছরের কিশোর স্টিফেন লরেন্সের স্মরণে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের।

    এদিন মেগান পরেছিলেন হাতাকাটা কালো রঙের প্রিন্টের ভি গলার পোশাক। চুল খোঁপা করা ছিল, হাতে ছিল ক্লাচ। সঙ্গে ন্যুড রঙের শু পরেছিলেন। তবে পায়ে মোজা পরেননি। অনুষ্ঠানে অন্যদের মাঝে মেগানের সাজসজ্জা একটু বেশিই চোখে লাগছিল।

    অনুষ্ঠানে লরেন্সের মা এবং প্রিন্স চার্লসের পক্ষ থেকে প্রিন্স হ্যারি কথা বলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও তাতে উপস্থিত ছিলেন। ছবিতে দেখা যায় মের্কেলের পাশেই তিনি বসা।

    সমালোচকরা বলছেন, মের্কেলকে দেখেই মনেই হয়নি তিনি রাজপরিবারের হয়ে একটি শোক অনুষ্ঠানে অংশ নেয়ার মতো পোশাক পরেছেন। অনাবৃত হাত ঢাকতে তার জ্যাকেট পরা উচিত ছিল এবং সেই সাথে পাও মোজা দিয়ে ঢেকে রাখা উচিত ছিল। সেই অনুষ্ঠানে মেগান বার বার হাত দিয়ে চুল ঠিক করছেন। এটির জন্য সমালোচনা চলছে মেগানের। সূত্র: পিপল সাময়িকী

  • পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র এই ড্রোন সাবমেরিন!

    পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র এই ড্রোন সাবমেরিন!

    পুজেইদন বা স্ট্যাটাস-৬। এটি রাশিয়ার মানুষবিহীন একটি পারমাণুবাহী ড্রোন সাবমেরিন। এই ড্রোন সাবমেরিনকে ‘পুতিনস ডুমসডে মেশিন’ নামেও ডাকা হয়। যার বাংলা করলে দাঁড়ায়- পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র। এই ড্রোন সাবমেরিন ব্যবহারের ফলে সমুদ্রে ৩০০ ফুট উঁচু সুনামি তৈরি হবে। ফলে সমুদ্র উপকূলবর্তী শহরগুলো মুহূর্তেই পানিতে ডুবে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস তৈরি করে শহরের পর শহর ধ্বংস করে দিতে পারে বলেই এটিকে এই নাম দেয়া হয়েছে।

    গত মাসে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে পুতিন নিজেই এই সাবমেরিন নির্মাণের কথা স্বীকার করেছেন।

    বিশেষজ্ঞরা জানান, পানির নিচে ৫০ মেগাটনের পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৩২০ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস তৈরি করতে পারবে এই যন্ত্রটি।পুতিনের এই সাবমেরিন ছয় হাজার ২০০ মাইলে দূরে পর্যন্ত হামলা চালাতে পারবে। এর গতি ঘণ্টায় ৫৬ নটিক্যাল মাইল। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ডুবোজাহাজ যুক্তরাষ্ট্রে হামলা চালাতেও সক্ষম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

    পদার্থবিদ ও পারমাণবিক অস্ত্র গবেষক রেক্স রিচার্ডসন বলেন, এটি ২০-৫০ মেগাটনের যে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, তাতে ২০১১ সালের জাপানের সুনামি কিংবা তার চেয়েও আরও ধ্বংসাত্মক সুনামি তৈরিতে সক্ষম হবে। জাপানের সুনামিতে ১৬ হাজার মানুষের মৃত্যু ঘটেছিল।

    রিচার্ডসন বলেন, যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলে এই ডুবোজাহাজের পারমাণবিক বোমা ব্যবহার করে তেজস্ক্রিয় বৃষ্টির মাধ্যমে লস অ্যাঞ্জেলেস ও সান দিয়াগোর মতো শহরে ব্যাপক বিপর্যয় তৈরি করা সম্ভব।

  • বিনোদন নগরীর নির্মাণ কাজের উদ্বোধন করবেন সৌদি বাদশাহ

    বিনোদন নগরীর নির্মাণ কাজের উদ্বোধন করবেন সৌদি বাদশাহ

    রিয়াদের কাছে বুধবার একটি ‘বিনোদন নগরীর’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন সৌদি বাদশাহ সালমান। দেশটির তেল নির্ভর অর্থনীতিতে ভিন্নতা আনার প্রচেষ্টার প্রেক্ষাপটে মাল্টি বিলিয়ন ডলারের যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে এটি সেসবের অংশ। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

    কর্মকর্তারা জানান, রিয়াদের দক্ষিণ-পশ্চিমের কিদিয়ায় ৩৩৪ বর্গ কিলোমিটারের এ মেগা প্রকল্পে থিম পার্ক, মটর স্পোর্ট সুবিধা ও একটি সাফারি পার্কসহ ওয়াল্ট ডিজনী থাকছে।

    প্রকল্প কর্মকর্তা ফাহাদ বিন আব্দুল্লাহ তৌসি বলেন, এ প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।

    কিদিয়া প্রধান নির্বাহী মিশেল রিনিঞ্জার জানান, তিনি আশা করেন যে এ প্রকল্প সৌদি আরবের বিনোদন ও অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। তবে প্রকল্পটির মোট ব্যয়ের কথা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

    যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার নিজস্ব ধারায় সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন। তিনি হচ্ছেন দেশটির সুদুরপ্রসারী ‘ভিশন ২০৩০’ সংস্কার কর্মসূচির প্রধান উদ্যোক্তা।