Category: আন্তর্জাতিক

  • জন্মদিনের পার্টিতেই মরতে হলো খুশবুকে

    জন্মদিনের পার্টিতেই মরতে হলো খুশবুকে

    রাত ১২টায় আয়োজিত ২৯ ডিসেম্বরে নিজের ২৯তম জন্মদিনের পার্টিতে খুশবু বানশালিকে খুব আনন্দিত মনে হচ্ছিল। সবাই তাকে নিয়ে সবাই মজা করছিল। বান্ধবীরা চিৎকার করে বলছিলেন ‘হ্যাপিয়েস্ট বার্থডে খুশবু’। আধ ঘণ্টার মধ্যেই সেই পার্টিতেই মরতে হলো তাকে। পরের দিনের আলো আর দেখা হয়নি তার। ডাক্তাররা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারলে বাঁচানো যেত খুশবুকে।

    শুধু খুশবু নয়, অক্সিজেনের অভাবে শ্বাসরোধ হয়ে আরও ১৩ জন মারা গেছেন মুম্বাইয় ‘ওয়ান অ্যাবাভ’ নামের রেস্তোরায় লাগা সেই আগুনে। খুশবুর দেহ শনাক্ত করেন স্বামী।

    ভয়াবহ আগুনের মধ্যে গ্রাহকদের সাবধানে বের করে আনার বদলে ম্যানেজার ও কর্মীরা পালিয়ে যান। দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-কে। ইতিমধ্যেই পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে বিএমসি।

  • সৌদিতে অলংকার মার্কেটে বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের নির্দেশ

    স্বর্ণালংকার মার্কেটে বিদেশি কোনো শ্রমিক রাখবে না সৌদি আরব সরকার। চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশ জারি করা হয়। এ নির্দেশনা দেশজুড়ে অলংকার ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়েছে। এমনকি নির্দেশনা বাস্তবায়নে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল খালির বরাত দিয়ে সাউদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

    ইতোমধ্যে সৌদি আরবের ১৩টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ৭টিতে সরকারি নির্দেশনা পূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে। কাসিম, তাবুক, নাজরান, বাহা, আসির, উত্তর সীমান্ত এলাকা ও জাযান- এই সাতটি অঞ্চলে বর্তমানে আর কোনো বিদেশি শ্রমিক নিযুক্ত নেই। বাকিগুলোতেও শিগগিরই প্রবাসীদের বদলে স্থানীয় শ্রমিকদের নিয়োগ দেয়া হবে।

    উল্লেখ্য, স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে সৌদি আরব বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রায় ৬ হাজার স্বর্ণালংকারের দোকানে আনুমানিক ৩৫ হাজার প্রবাসী কাজ করেন।

  • মিশরের চার্চে বন্দুকধারীর হামলা, নিহত ৯

    মিশরের চার্চে বন্দুকধারীর হামলা, নিহত ৯

    নতুন বছরের আগে ফের রক্তাক্ত হলো মিশর। শুক্রবার স্থানীয় সময় সকালে মিশরের দক্ষিণে হেলওয়ানে সেইন্ট মিনাস চার্চে বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছে ৯ জনের। এই হামলায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে দুই পুলিশকর্মীও আছেন।

    পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে প্রার্থনার সময় দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরকবোঝাই জামা পরে, অস্ত্র নিয়ে চার্চে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালায়। পুলিশের সঙ্গে পাল্টা গুলিতে নিহত হয় এক বন্দুকধারী। দ্বিতীয়জন পালিয়ে যায়।তার খোঁজ চলছে।

    মিশরের প্রেসিডেন্ট আল সিসি এই হামলার তীব্র নিন্দা করেছেন। ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষ্যে মিশরে কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি করেছে মিশর পুলিশ। তা সত্ত্বেও এই ঘটনায় মিশর পুলিসের ফস্কা গেরোর ছবিটাই স্পষ্ট হল বলে মনে করছে কূটনৈতিক মহল।

  • মোদি-মমতাকে মেলালেন সাবেক প্রধানমন্ত্রী!

    মোদি-মমতাকে মেলালেন সাবেক প্রধানমন্ত্রী!

    নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি। একজন দেশের প্রধানমন্ত্রী অন্যজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জাতীয় রাজনীতিতে কখনই তাদের একমত হতে দেখা যায় না। তবে আজ বড়দিনের সকালে দেখা গেল অদ্ভুত মিল। তাদের মিলিয়ে দিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

    আজ বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার ৯৩ তম জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষ্যেই মোদি ও মমতা দু’জনে শুভেচ্ছা জানালেন বাজপেয়ীকে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে পৌঁছে যান অটলবিহারী বাজপেয়ীর বাড়িতে। সেখানে গিয়ে দেখা করেন তার সঙ্গে। এদিন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ অনেকে। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ফেসবুক ও ট্যুইটারে অটলজির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ীর আমলে এনডিএ-র শরিক ছিলেন। বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি ছিলেন রেলমন্ত্রী। সেই সময় রেলমন্ত্রী হিসেবে তার কাজ প্রশংসিতও হয়েছিল। একই সঙ্গে বাজপেয়ীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও বেশ ভাল ছিল।

    তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, মোদি-অমিতের বিজেপির সঙ্গে যে অটল-আদবাণীর বিজেপির তফাৎ রয়েছে, তা-ই এদিনের শুভেচ্ছার মাধ্যমে বার্তা দিলেন মমতা।

  • ফিলিপাইনে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

    ফিলিপাইনে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

    ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
    স্থানীয় পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেন, শনিবার সকালে চারতলা বিশিষ্ট এনসিসিসি নামের এ শপিং মলে আগুন লাগে এবং ভেতরে লোকজন আটকা পড়ে। এ ভবনের একেবারে ওপরের তলায় একটি কল সেন্টার রয়েছে। কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। এই কল সেন্টারে আটকা পড়াদের অধিকাংশ কর্মী নিহত হয়েছে।
    তিনি আরো জানান, এ শপিং মলের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিকের তার তৈরি হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
    প্রেসিডেন্টের সহকারীদের একজন বলেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে এ ঘটনার শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে শনিবার রাতে এ শপিং মল পরিদর্শন করেন।
    দুতার্তে প্রায় দুই দশক ধরে দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি এ নগরীতেই বসবাস করছেন।
  • গর্ভেই বিক্রি হচ্ছে কন্যাভ্রূণ

    গর্ভেই বিক্রি হচ্ছে কন্যাভ্রূণ

    মায়ের গর্ভে থাকতেই বিক্রি হয়ে যাচ্ছে কন্যাশিশুর ভ্রূণ! তাও আবার মাথাপিছু ১৫ থেকে ৮০ হাজার টাকায়। ভারতের হায়দরাবাদে এনডিটিভি’র চালানো এক স্টিং অপারেশনে এমন চাঞ্চল্যকর তথ্য ওঠে এসেছে। সন্ধান মিলেছে একটি বড় শিশুপাচার চক্রেরও।

    প্রতিবেদনে বলা হয়, স্টিং অপারেশনের ফলে শিশুপাচার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এখন সন্ধান চলছে চক্রের মূল হোতাদেরও গ্রেফতারে।

    এনডিটিভির দাবি, হায়দরাবাদের এই শিশুপাচার চক্রের খবর তাদের কাছে আগে থেকেই ছিল। পরে স্টিং অপারেশনের জন্য হায়দরাবাদে একটি অস্থায়ী অফিস খোলা হয়। শিশুপাচার চক্রের এক সদস্যকে শিশু কেনার কথা জানালে চ্যানেলের অস্থায়ী অফিসে এক অন্তঃসত্ত্বাকে নিয়ে আসেন রবি নামের একজন (তিনি শিশু পাচারকারীর সদস্য)। ওই মহিলাকে স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে জানানো হয়, তার গর্ভে কন্যাভ্রূণ রয়েছে। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে পরীক্ষা করে ডাক্তার নিশ্চিত হয়েছেন।

    এরপর শিশুটির জন্মের আগেই ঠিক করা তার দাম। এক সপ্তাহের মধ্যেই সদ্যোজাতকে ‘ক্রেতা’র হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

    গত শুক্রবার কন্যাভ্রূণ বিক্রির জন্য হায়দরাবাদের একটি মন্দিরে টিভি চ্যানেলের ‘ক্রেতা’ সাংবাদিককে ডেকে পাঠায় রবি (শিশু পাচারকারী)। ঠিক সময়ে সেখানে পৌঁছে যান ‘ক্রেতা’ সাংবাদিক। সঙ্গে ছিল পুলিশ। তবে পুলিশ সাদা পোশাকে লুকিয়ে ছিলেন। কিছু ক্ষণ পর এক মহিলা সদ্যোজাতকে নিয়ে হাজির হন। আর তখনই তাকে হাতেনাতে ধরে পুলিশ। ঘটনাস্থল থেকে রবিসহ ৫ শিশু পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    পশ্চিমবঙ্গেও বড়সড় শিশুপাচার চক্র অনেক দিন ধরেই সক্রিয়। কলকাতার খুব কাছে বাদুড়িয়ায় গত বছরের শেষের দিকে এমন একটি বড়সড় শিশু পাচারচক্রের সন্ধান পান তদন্তকারীরা। বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, বাদুড়িয়া ছাড়াও উত্তর ২৪ পরগণার একাধিক নার্সিংহোমে চলে এসব শিশুপাচার চক্রের কাজ।

  • অর্থনৈতিক সংকটের মুখে উত্তর কোরিয়া

    অর্থনৈতিক সংকটের মুখে উত্তর কোরিয়া

    উত্তর কোরিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। নতুন এই অবরোধ প্রস্তাবে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে পেট্রোলিয়াম সরবরাহ সীমিত করা হবে এবং উত্তর কোরিয়ার যেসব কর্মী বিদেশে আছেন, তাদের দেশে ফিরে যেতে হবে।

    উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই এই নিষেধাজ্ঞা আরোপ করল জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বিষয়ের উপর ভোটাভুটি হয়। রাশিয়া চীনসহ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবাই যুক্তরাষ্ট্রের তৈরি নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

    নতুন এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    যুক্তরাষ্ট্রের উত্থাপিত এই প্রস্তাবে উত্তর কোরিয়ায় বছরে ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল, কেরোসিন এবং ডিজেল সরবরাহ সীমিত করে ৫ লাখ ব্যারেলে নামিয়ে আনা হয়েছে, এর আগে যা ২০ লাখে সীমিত করা হয়েছিল। এছাড়া প্রস্তাবে আগামী দু’বছরের মধ্যে উত্তর কোরিয়ার কর্মীদের নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানানো হয়েছে।

    জাতিসংঘ বলছে, উত্তর কোরিয়া রাশিয়া ও চীনে লাখো শ্রমিককে ক্রীতদাসের মতো কাজ করার জন্য পাঠাচ্ছে, যাতে তারা দেশে বিদেশি মুদ্রা পাঠাতে পারেন। দেশটির বৈদ্যুতিক ও অন্যান্য যন্ত্রপাতিসহ পণ্য রফতানিও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ব্যাংকিং সেক্টরে কাজ করা ১৬ জন উত্তর কোরীয় কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

    জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে স্পষ্টত এ বার্তাই দেওয়া হলো যে, এরপরও তারা বেপরোয়া আচরণ করলে আরও শাস্তি পাবে এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

    বিশেষজ্ঞরা বলছেন, এই বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো অবরোধ আরোপ করা হয়েছে উত্তর কোরিয়ার ওপর। গত ১১ বছরে এই সংখ্যা ১০ বার, যা দেশটির অর্থনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। বলা বাহুল্য, তেল সরবরাহ সীমিত করলে উত্তর কোরিয়ার শিল্প খাতে ভয়াবহ প্রভাব পড়বে।

    গত ২৯ নভেম্বর সর্বশেষ পরীক্ষামূলকভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। এটি ছিল দেশটির পরীক্ষিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যে কোনো অংশ আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছিলেন মার্কিন বিশেষজ্ঞরা।

    উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি এ সব কর্মসূচি চালিয়ে যাচ্ছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর পিয়ংইয়ং তাদের ষষ্ঠতম ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।সূত্র: ডয়চে ভেলে

  • লন্ডনে ১০ ছিনতাইকারীকে ১১০ বছরের কারাদণ্ড

    লন্ডনে ১০ ছিনতাইকারীকে ১১০ বছরের কারাদণ্ড

    লন্ডনের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের দায়ে ১০ ব্যক্তিকে মোট ১১০ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি বিচার কাজ শেষে শুক্রবার লন্ডনের ব্ল্যাকফ্রায়ার্স ক্রাউন কোর্টে তাদের সাজার মেয়াদ ঘোষণা করা হয়। সংঘবদ্ধ এই চক্রটি ইস্ট এবং নর্থ লন্ডনে প্রায় ১৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে আদালত জানিয়েছে।

    ২০১৬ সালের পহেলা মে থেকে একই বছরের ২৭শে নভেম্বর পর্যন্ত এই চক্রটি প্রায় এক মিলিয়ন পাউন্ডের মোবাইল ফোন এবং ট্যাবলেট ছিনতাই করে। একই সময় তারা অনেক দোকানপাট ভাঙচুর করে।

    সাজাপ্রাপ্তরা হলেন- কোর্টনি হোয়াইট (২৩), মমিনুর রহমান (২২), মোহাম্মদ হোসেইন (২৪), চাং মোবায়ালা (২২), মোহাম্মদ আলী (২৪), ক্রিস কস্টি (১৯), ববি কেনেডি (২২), আলফি কেনেডি (২১), আতালাহ (২১) এবং ডাইলান ক্যাস্টানো লোপেজ (২০)। এরা সবাই আদালতে কেউ নিজে দোষ স্বীকার করেছে অথবা দোষী সাব্যস্ত হয়েছে। এদের মধ্যে অন্তত তিনজন বাঙালি আছেন বলে ধারণা করা হচ্ছে।

    নর্থ লন্ডনের উডগ্রীনের বাসিন্দা হোয়াইটের ২০ বছরের জেল হয়েছে। কেমডেনের বাসিন্দা মমিনুরের ১২ বছর ৬ মাস, হ্যাকনির বাসিন্দা হোসেইনের ১০ বছর, ইজলিংটনের বাসিন্দা মোবায়ালার ৮ বছর ৬ মাস, হ্যাকনির বাসিন্দা মোহাম্মদ আলীর ৭ বছর ১ মাস, হ্যাকনির বাসিন্দা কস্টির ৮ বছর ৬ মাস, ইজলিংটনের বাসিন্দা ববি কেনেডির ১১ বছর ৬  মাস, সর্ডিচের আলফি ক্যানেডির ১৩ বছর ১ মাস, আতাল্লার ১০ বছর ১০ মাস এবং চ্যাম্বারওয়েলের বাসিন্দা লোপেজের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

  • বিরোধীদের হট্টগোলে ভারতের সংসদ অধিবেশন ভন্ডুল

    বিরোধীদের হট্টগোলে ভারতের সংসদ অধিবেশন ভন্ডুল

    বিরোধীদের হট্টগোলে সারা দিনের মতো ভন্ডুল হয়ে গেল ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন। শুক্রবার অধিবেশনের শুরুতেই সম্প্রতি গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারণায় গিয়ে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং’এর সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে নরেন্দ্র মোদির মন্তব্যের বিরুদ্ধে রাজ্যসভায় হইচই শুরু করেন কংগ্রেসের সাংসদরা। তাদের দাবি অবিলম্বে সংসদে এসে নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে প্রধানমন্ত্রীকে। ওই সমস্যার সমাধান না হলে সংসদ চলতে দেওয়া হবে না।

    মোদিকে উদ্যেশ্য করে মোদির ‘পাক চক্রান্ত’এর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিবৃতির দাবি জানিয়ে গত এক সপ্তাহ ধরেই সংসদে অচলাবস্থা জারি রেখেছে কংগ্রেস। আজ সকালেও অধিবেশন শুরুর পরই রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেন, সমাধান সূত্র না পাওয়া পর্যন্ত সংসদের অধিবেশন বন্ধ থাকা উচিত।

    যদিও সংসদীয় মন্ত্রী বিজয় গোয়েল জানান, সংসদের অধিবেশনকে চলতে দেওয়া হোক পাশপাশি এই সময়ের মধ্যে সমাধান সূত্রও খুঁজে বের করা হোক। এটা এমন কোন সমস্যা নয় যে এর সমাধান খুঁজে পাওয়া যাবে না।

    দুই পক্ষের মন্তব্য-পাল্টা মন্তব্যের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইনা নাইডু জিরো আওয়ারে সংসদ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিরোধীরা তাতে বাধা দেওয়ায় আজকের মতো সংসদ মুলতুবী করে দিতে বাধ্য হন চেয়ারম্যান। সাপ্তাহিক ছুটি ও খ্রিস্টমাসের ছুটি থাকায় আগামী ২৭ ডিসেম্বর ফের সংসদের অধিবেশন বসবে।

    গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। কিন্তু একাধিক ইস্যুতে বিরোধীদের হট্টগোলের কারণে বারবার ভুন্ডুল হয়েছে অধিবেশন।

    গতকাল বৃহস্পতিবারও মনমোহনকে উদ্যেশ্য করে মোদির ‘পাক চক্রান্ত’র মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। এমনকি কংগ্রেসের প্রবল হট্টগোলের কারণে গতকাল ‘খেলার অধিকার এবং ভারতে খেলার ভবিষ্যত’ নিয়ে সংসদে বক্তব্যই রাখতে পারেন নি রাজ্যসভার মনোনীত সাংসদ শচীন টেন্ডুলকার। বক্তব্য রাখতে উঠে টানা প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন শচীন। এরপর শুক্রবার ফেসবুকে লাইভ সেই বক্তব্য রাখেন মাস্টার ব্লাস্টার। সংসদে দাঁড়িয়ে না বলতে পারার হতাশার কথা জানিয়ে তিনি বলেন ‘গতকাল আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু পারি নি’। ভারতকে ‘স্পোর্টস-লাভিং’ দেশ থেকে ‘স্পোর্টস-প্লেয়িং’ দেশে পরিণত করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তরুণ সমাজ উন্নতশীল ভারতের কাছে ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ তারও ব্যাখ্যা দেন শচীন।

  • যুক্তরাষ্ট্রের নতুন নীতি বিশ্বের শতকরা ৯০ ভাগ মানুষের জন্য ভীতিকর

    যুক্তরাষ্ট্রের নতুন নীতি বিশ্বের শতকরা ৯০ ভাগ মানুষের জন্য ভীতিকর

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলা ও তা ব্যবহারের যে ইঙ্গিত দিয়েছেন তাতে রাশিয়া ও চীন কোনও ভাবেই ভীত হবে না বলে মন্তব্য করলেন মার্কিন লেখক ও প্রাক্তন অধ্যাপক জেমস পেত্রাস।

    গত কয়েকদিন আগে নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় ট্রাম্প দাবি করেন, আমেরিকার বিরুদ্ধে আগ্রাসন প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হচ্ছে তার দেশের নিরাপত্তা নীতির ভিত্তি।

    তিনি বলেছেন, যদিও পরমাণু অস্ত্র সব সংঘাত প্রতিহত করতে পারে না তবে পরমাণু হামলাসহ বড় রকমের যে কোনও হামলা ঠেকানোর জন্য এগুলো জরুরি।

    আন্তর্জাতিক ইস্যুতে কয়েক ডজন বইয়ের খ্যাতিমান লেখক জেমস পেত্রাস ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বলদর্পিতার মাধ্যমে বিশ্বে আমেরিকার আধিপত্য ধরে রাখতে চাইছেন। কিন্তু এই নীতি চীন, রাশিয়া, ইরান এবং বিশ্বের অন্য দেশগুলোর জন্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

    তিনি আরও বলেন, এখন আমরিকা বিশ্বের একমাত্র শক্তি নয় যে, সে পরমণু অস্ত্রের মজুত গড়ে তুলে চিন, রাশিয়া ও ইরানকে ভীত-সন্ত্রস্ত করে তুলবে। জেমস পেত্রাস মার্কিন নীতিকে বিপজ্জনক খুবই উল্লেখ করে বলেন, এতে কোনও দেশ বিশেষ করে চিন ও রাশিয়া মোটেই ভয় পাবে না।

    তিনি বলেন, মার্কিন নতুন নীতি বিশ্বের শতকরা ৯০ ভাগ মানুষের জন্য ভীতিকর।