Category: আন্তর্জাতিক

  • ইসরাইলকে থামাতে জাতিসংঘকে যে পরামর্শ এরদোগানের

    ইসরাইলকে থামাতে জাতিসংঘকে যে পরামর্শ এরদোগানের

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজা ও লেবাননে ইসরাইলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে ১৯৫০ সালে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরাইলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷

    জাতিসংঘের সাধারণ পরিষদে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেন তুর্কি প্রেসিডেন্ট। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান এই রেজুলেশনের কথা উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদের উচিত ইসরাইলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷

    ১৯৫০ সালে পাস হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে, নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে৷

    ইসরাইলের বিরুদ্ধে আরো সক্রিয় অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতা দেখে তিনি দুঃখ পেয়েছেন বলেও মন্তব্য করেন এরদোগান৷

    ইসরাইলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করতে মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনীতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি৷

  • ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ডজনখানেক, আটক অনেকে

    ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ডজনখানেক, আটক অনেকে

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ডজনখানেক লোক আহত হয়েছে। শনিবার রাওয়ালপিন্ডিতে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা এবং তার সমর্থকরা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গেলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

    পিটিআই-এর ইসলামাবাদ শাখার সভাপতি আমির গণমাধ্যমকে জানান, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। তারপরেও পুলিশ আমাদের কর্মীদের ছত্রভঙ্গ করার জন্য বলপ্রয়োগ করেছে।

    স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের টিয়ার গ্যাসে বেশ কয়েকজন কর্মী আহত হন এবং অনেককে গ্রেফতার করা হয়।

    বিক্ষোভকারীরা এ সময় তিন রঙের টুপি পরে এবং দলীয় পতাকা উড়িয়ে ‘ইমরান খান দীর্ঘজীবী হোক’, ‘ইমরান খানকে মুক্তি দাও’ এবং ‘কারচুপির নির্বাচন মানি না মানব না’ বলে স্লোগান দিচ্ছিলেন।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাধা দেওয়ায় বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করছে এবং পুলিশ পালটা টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করছে।

    পিটিআই অভিযোগ করে বলেছে, ২৮ সেপ্টেম্বর লিয়াকত বাগে সমাবেশ করার অনুমতি নিয়ে সরকারের তালবাহানা এবং দেরিতে অনুমতি দেওয়ার কারণে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করার ঘোষণা দেয়।

    কিন্তু খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর আগমনের আগেই উত্তেজিত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। মুখ্যমন্ত্রী একটি মিছিলের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন।

    পিটিআই আরও অভিযোগ করে জানায়, ‘পিটিআইয়ের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ব্যারিস্টার গওহার খান এবং সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার সালমান আকরাম রাজার গাড়ি ইসলামাবাদ পুলিশ থামিয়ে দেয়। যা সেনা সমর্থিত বর্তমান ফ্যাসিস্ট সরকারের কাপুরুষোচিত আচরণ’।

    অন্যদিকে পাঞ্জাব প্রাদেশিক সরকারের মুখপাত্র আযমা বোখারি পিটিআইকে দোষারোপ করে বলেন, ‘তারা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই এ বিক্ষোভ করছে’।

  • হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর বিয়োগে লেবাননে ৩ দিনের শোক

    হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর বিয়োগে লেবাননে ৩ দিনের শোক

    ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এ হত্যাকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

    শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননের সব সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান এবং পৌরসভায় পতাকা অর্ধনমিত থাকবে।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নাসরুল্লাহর জানাজার দিন সব সরকারি অফিস বন্ধ থাকবে। যদিও হিজবুল্লাহ এখনও জানাজার তারিখ ঘোষণা করেনি।

    শুক্রবার বৈরুতে নাসরুল্লাহ ও অন্যান্য কমান্ডারদের হত্যার পর লেবানন ও আশেপাশের অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। শনিবারও ইসরাইলি বাহিনী লেবাননের রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়। এতে ৩৩ জন নিহত এবং ১৯৫ জন আহত হয়েছেন।

  • হামাস ‘সন্ত্রাসী’ নয়, ‘স্বাধীনতাকামী’ সংগঠন: এরদোগান

    হামাস ‘সন্ত্রাসী’ নয়, ‘স্বাধীনতাকামী’ সংগঠন: এরদোগান

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করেন না। বরং এটি এমন একটি স্বাধীনতাকামী সংগঠন, যারা নিজেদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছে।

    স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এরদোগান এ কথা জানান।

    তিনি বলেন, ‘হামাসকে আমি কখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করিনি এবং আমি তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখি না’।

    তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘হামাস একটি স্বাধীনতাকামী, প্রতিরোধকারী সংগঠন, যারা তাদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করছে। সুতরাং আমি কিভাবে এমন একটি দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারি?’

    এ সময় এনবিসির সাংবাদিক ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণকে কীভাবে দেখেন, জানতে চাইলে এরদোগান বলেন, ‘আপনাকে এ ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি পেছনের ঘটনার দিকে তাকাই, তাহলে দেখব- আগে থেকেই চলা ইসরাইলি আগ্রাসনে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছিল এবং পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল’।

    তুরস্ক দীর্ঘদিন ধরেই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে দুই-রাষ্ট্র সমাধানের সমর্থক। এর মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে।

    এদিকে এরদোগানের এ মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষত, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। তবে এরদোগান জোর দিয়ে বলেছেন, ইসরাইলের ক্রমাগত আক্রমণ ও ফিলিস্তিনের ভূমি দখলই মূলত এ সংঘাতের আসল কারণ।

    প্রসঙ্গত, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায়ও ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। যা নিয়ে গত ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯৫ হাজার ৮১৮-তে।

    এই হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আনাদোলু এজেন্সি ও আল-জাজিরা

  • ১২৫ কুমিরকে বিদ্যুতায়িত করে হত্যা

    ১২৫ কুমিরকে বিদ্যুতায়িত করে হত্যা

    থাইল্যান্ডের একটি খামারে বিদ্যুতায়িত করে ১২৫টি কুমির হত্যা করা হয়েছে। কুমিরগুলো চলমান বন্যার মধ্যে পালিয়ে গিয়ে মানুষের জীবনের প্রতি হুমকি সৃষ্টি করতে পারে- এমন আশঙ্কায় এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন খামার মালিক।

    বুধবার এ তথ্য জানিয়েছে এএফপি।

    এ মাসে থাইল্যান্ডের উত্তরাঞ্চলজুড়ে ভারি মৌসুমি বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এসব দুর্যোগে এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন।

    বেশ কয়েক দিন ধরে উত্তরের লামফুন প্রদেশে ভারি বৃষ্টির কারণে নাত্থাপাক খুমকাদের খামারের নিরাপত্তা বেষ্টনীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিন মিটার (১০ ফুট) দীর্ঘ সিয়ামিজ জাতের কুমিরগুলো পালিয়ে গিয়ে গ্রামবাসী ও গবাদিপশুর ওপর হামলা চালাতে পারে- এমন আশঙ্কা দেখা দিয়েছে।

    খামারের মালিক নাত্থাপাক বলেন, খামারের প্রাচীরগুলো বন্যার কারণে ক্ষয় হয়ে যাচ্ছে। ফলে দুর্ভাগ্যজনকভাবে আমরা ১২৫টি কুমিরকে মেরে ফেলতে বাধ্য হয়েছি। তিনি ও তার কর্মীরা প্রাণিগুলোকে বিদ্যুতায়িত করে হত্যা করেছেন বলে জানান নাত্থাপাক।

    তিনি বলেন, ওরা আমাদের সঙ্গে ১৭ বছর ছিল।

    তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি ডিগার ব্যবহার করে তিনটি বড় কুমিরকে সরিয়ে নেওয়া হচ্ছে।

    মুক্ত চারণভূমিতে সিয়ামিজ কুমির বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে বিবেচিত। তবে থাইল্যান্ডের অসংখ্য খামারে এ ধরনের কুমিরের চাষ বেশ জনপ্রিয়। মূলত চামড়ার জন্য এই কুমিরগুলোকে লালন-পালন করা হয়।

    থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক, ওয়াইল্ডলাইফ ও প্ল্যান্ট কনজারভেসশন বিভাগের পশু চিকিৎসক পাতারাপোল মানিওর্ন বলেন, তিনি মালিকের সিদ্ধান্তের পেছনের চিন্তা ধরতে পেরেছেন। তবে তার মতে, কুমিরগুলোকে বন্যাকবলিত নয় এমন কোনো জায়গায় স্থানান্তর করা যেত।

    তবে নাত্থাপাক বলেন, তিনি কুমিরগুলোর জন্য সাময়িক আশ্রয় পেতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন; কিন্তু এদের বড় আকৃতির জন্য তার এই অনুরোধ মানতে অস্বীকার করে সংশ্লিষ্ট বিভাগ।

    পাতারাপোল এএফপিকে বলেন, দুর্যোগের সময় বিপজ্জনক প্রাণীদের বিষয়টি ব্যবস্থাপনার গুরুত্ব বোঝাতে এ ধরনের একটি শিক্ষার প্রয়োজন ছিল।

  • ‘পুরো সিস্টেম’ ধ্বংসের পথে, কেন বললেন ইমরান খান?

    ‘পুরো সিস্টেম’ ধ্বংসের পথে, কেন বললেন ইমরান খান?

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচারব্যবস্থা ও সামগ্রিক শাসন ব্যবস্থার বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    বুধবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় ইমরান দাবি করেন, সুপ্রিম কোর্ট ও অর্থনীতিসহ পাকিস্তানের পুরো সিস্টেম ধ্বংসের পথে রয়েছে। সেই সঙ্গে বর্তমান শাহবাজ সরকার ইচ্ছাকৃতভাবে তার দেশের বিচার বিভাগকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

    পিটিআই প্রতিষ্ঠাতা এ সময় সাম্প্রতিক ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সবাই জানে সুপ্রিম কোর্টে গতকাল থেকে কী চলছে’।

    তিনি আরও অভিযোগ করে বলেন, সরকার সুপ্রিম কোর্টকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে এবং বিচারকরা যেন সরকারের অধীনে কাজ করে, তা নিশ্চিত করার জন্য কাজ করছে।

    ইমরান খান বলেন, ‘তারা দেশকে ধ্বংস করেছে এবং এখন সুপ্রিম কোর্টকে ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছে’।

    সাবেক এই প্রধানমন্ত্রী এ সময় প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার সমালোচনা করে বলেন, তারা একে অপরের মতো। প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের ৬নং ধারা অনুযায়ী অভিযোগের মুখোমুখি হতে পারেন বলে তিনি ভীত। তাই তিনি নির্বাচনী জালিয়াতির বিষয়টি আড়ালে রাখছেন।

    ইমরান খানের দাবি, ‘তাদের লক্ষ্য হলো যাতে তাদের জালিয়াতি ফাঁস না হয় এবং পিটিআই-এর জনপ্রিয়তা বৃদ্ধি না পায়- সেজন্য সবকিছু করা’। তিনি বলেন, পুরো বিশ্ব ৮ ফেব্রুয়ারির নির্বাচনকে জালিয়াতি হিসেবে স্বীকৃতি দিয়েছে’।

    এছাড়াও গত ৯ মে-র ঘটনার বিষয়ে প্রশ্ন তুলে বলেন, যখন তার গ্রেফতারের পর সহিংসতা দেখা দেয় এবং তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তখন তিনি সেই দিনের সিসিটিভি ফুটেজ কোথায়, তা জানতে চান।

    ইমরান খান অভিযোগ করে বলেন, ‘আসলে ৯ মে-র ঘটনাগুলোর সময় তারা নিজেরাই আগুন লাগিয়েছে’।

    পিটিআই নেতার অভিযোগ, সরকার তার দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং তাদের জনসভা ও র‌্যালি আয়োজন করতে বাধা দিচ্ছে। তিনি এ সময় প্রশ্ন তোলেন, ‘গ্রীষ্মকালে কোনো রাজনৈতিক র‌্যালি কী সন্ধ্যা ৬টায় শেষ হয়?’

    ইমরান খান এ সময় তার দেশের প্রধান বিচারপতির ভূমিকা নিয়েও কথা বলেন এবং মৌলিক অধিকার রক্ষায় প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) থেকে যা ঘটছে তা স্পষ্ট— প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার একই ভূমিকায়’।

    ইমরান খান দেশের অর্থনীতির অব্যবস্থাপনা নিয়েও সরকারের সমালোচনা করেন এবং বিচার ব্যবস্থা নিয়ে বলেন, জাতি বিচার ব্যবস্থার চলমান সমস্যাগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন। সূত্র: সামা নিউজ

  • বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে সমর্থন হোয়াইট হাউসের

    বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে সমর্থন হোয়াইট হাউসের

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।

    এতে বলা হয়, বৈঠকে বাইডেন বলেছেন- বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।

    মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি (রিড আউট) প্রকাশ করে হোয়াইট হাউস।

    বিবৃতিতে বলা হয়, মুহাম্মদ ইউনূস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানাতে গতকাল মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করেন। আর এ সম্পর্কের মূলে রয়েছে পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন।

    বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।

    এছাড়া বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এবং ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

  • বয়স্ক ভাতার জন্য ৮০ বছরের বৃদ্ধার ২ কিলোমিটার হামাগুড়ি

    বয়স্ক ভাতার জন্য ৮০ বছরের বৃদ্ধার ২ কিলোমিটার হামাগুড়ি

    বয়স্ক ভাতা তুলতে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ২ কিলোমিটার রাস্তা হামাগুড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হলো।

    ওই বৃদ্ধার নাম পাথুরি দেহুরি। অসুস্থতার কারণে তিনি হাঁটতে পারেন না। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। তার পায়ে সমস্যা।

    গত শনিবার পূর্ব ভারতের ওড়িশার কেওনঝাড়ের তেলকই ব্লকে এমন ঘটনা ঘটে। সরকারি ভাতায় তার দিন চলে। কার্যত বাধ্য হয়েই তিনি গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে।

    ৮০ বছর বয়সি সেই বৃদ্ধা জানান, এই বয়স্ক ভাতার টাকায় আমার দিন চলে। পঞ্চায়েতের কর্মকর্তা আমায় বলেছিলেন বয়স্ক ভাতার টাকা নিতে হলে অফিসে যেতে হবে। কেউ আমার বাড়িতে এসে বয়স্ক ভাতার টাকা পৌঁছে দিতে রাজি হয়নি, তাই বাধ্য হয়েই ২ কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে গিয়েছি।

    পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগামী মাস থেকে যাতে বাড়িতে গিয়েই রেশন ও ভাতার টাকা দেওয়া হয় সেটা বলা হয়েছে।

  • জেলেনস্কিকে ‘ইতিহাসের সেরা বিক্রয়কর্মী’ বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে ‘ইতিহাসের সেরা বিক্রয়কর্মী’ বললেন ট্রাম্প

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইতিহাসের সেরা বিক্রয়কর্মী বলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রতিবার তিনি (জেলেনস্কি) যুক্তরাষ্ট্রে আসেন, ছয় হাজার কোটি মার্কিন ডলার জিতে চলে যান।

    এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কি মনেপ্রাণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর জয় চান বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। আগামী ৫ নভেম্বর এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    সোমবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে জেলেনস্কিকে নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

    গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছান। রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েভের পরিকল্পনা জানাতে এবার সেখানে গেছেন তিনি।

    এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করবেন জেলেনস্কি। তিনি এ পরিকল্পনার নাম দিয়েছেন ‘বিজয় পরিকল্পনা’।

    পেনসিলভানিয়ায় ট্রাম্প আরও বলেছেন, যদি নির্বাচনে জেতেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করবেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে দুজনকে একটি চুক্তিতে উপনীত হওয়ার তাগাদা দেবেন।

  • ধর্ষণে বাধা দেওয়ায় অধ্যক্ষের হাতে ছয় বছরের ছাত্রী খুন

    ধর্ষণে বাধা দেওয়ায় অধ্যক্ষের হাতে ছয় বছরের ছাত্রী খুন

    ভারতের গুজরাট প্রদেশের দাহোদ জেলায় ধর্ষণে বাধা দেওয়ায় ছয় বছরের শিশুকে গলা টিপে হত্যা করেছে অধ্যক্ষ। হত্যার পর স্কুল কম্পাউন্ডেই লাশ ফেলে রাখা হয়। এই খুনের অভিযোগে ৫৫ বছর বয়সি অধ্যক্ষ গোবিন্দ নাথকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

    ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজদীপ সিং ঝালা গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল কম্পাউন্ড থেকে ছয় বছরের মেয়ের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধে মৃত্যু হয়েছে তার। এরপর পুলিশ মামলা দায়ের করে ঘটনা তদন্তে ১০টি টিম গঠন করে।

    ভুক্তভোগী শিশুর মা জানান, অধ্যক্ষ গোবিন্দ নাথের সঙ্গেই প্রতিদিন স্কুলে যেত ওই শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোবিন্দ বলেছিলেন, ঘটনার দিন শিশুটিকে স্কুলে পৌঁছে দিয়ে অন্য কাজে চলে গিয়েছিলেন।

    তবে অধিকতর জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে খুনের বর্ণনা দিয়ে দায় স্বীকার করেছেন অভিযুক্ত গোবিন্দ নাথ। পুলিশ জানায়, স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন অধ্যক্ষ, তবে সে সময় মেয়েটি চিৎকার করলে তার মুখ চেপে ধরেন গোবিন্দ। তখনই মেয়েটির মৃত্যু হয়।