Category: আন্তর্জাতিক

  • আগামী সপ্তাহে বৈঠকে বসছে ঢাকা-ওয়াশিংটন

    আগামী সপ্তাহে বৈঠকে বসছে ঢাকা-ওয়াশিংটন

    বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।

    যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানকে উদ্ধৃত করে মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।

    ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র।

    প্রতিবেদন বলা হয়, বাংলাদেশের পক্ষে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসও। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ট্রেজারি ডিপার্টমেন্টের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএআইডি ও বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন।

    প্রতিবেদনে আরও বলা হয়, ব্রেন্ট নেইম্যান বলেছেন- বাংলাদেশ যেহেতু আর্থিক খাতে গভীর সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চাইছে, সেহেতু আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি বৈঠকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন।

    টানা কয়েক বছর ভালো প্রবৃদ্ধি ধরে রাখা বাংলাদেশ যখন আঞ্চলিক অর্থনীতিতে উদীয়মান সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছিল, তখনই করোনাভাইরাস মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি ও খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সঙ্কটে পড়ে বাংলাদেশকে আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ নিতে হয়।

    শেখ হাসিনার পতনের আন্দোলনে ব্যাপক সহিংসতা শুরু হলে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই দেশের অর্থনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছে।

  • বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন বিএসএফের

    বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন বিএসএফের

    সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক স্থাপন করেছে তারা।

    সোমবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বিএসএফের ১০ থেকে ১২ জওয়ান নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাদিপুর জড়ো হন। সেখানে তাদের মৌমাছি চাষ শিখতে দেখা যায়। সেসময় তাদের মাথা ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরা ছিল।

    সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌ-বাক্স ঝুলিয়ে রাখা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ৪৬ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরাকারবারি কাঁটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে।

    ৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কী করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাষের বাক্সগুলো কাঁটাতারের বেড়ায় রাখা যায়। আমরা প্রায়ই দেখি কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। এছাড়া গরু চোরাচালানসহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে। আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বাক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে।

  • মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

    মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

    কলকাতার মেকআপ একাডেমিতে এক তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সেই অভিযুক্তের মেকআপ একাডেমিতেই এ শ্লীলতাহানির ঘটনা ঘটে।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নির্যাতিতার অভিযোগ-সম্প্রতি মডেলিংয়ের জন্য তিনি ওই মেকআপ একাডেমিতে যান। পৌঁছার পরই ওই প্রতিষ্ঠানের মালিক তাকে বিবস্ত্র করেন।

    শ্লীলতাহানির ঘটনা ঘটার পরই ওই মডেল স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। এর ভিত্তিতেই একাধিক ধারায় মামলা করে পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। তরুণী মডেলের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

  • রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

    রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

    ভারতীয় ২টি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়।

    রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আজারবাইজানের সংবাদমাধ্যম নিউজ ডট এজেডের প্রতিবেদনে বলা হয়েছে- মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হলো- গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

    ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে। তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে- মার্কিন প্রশাসন গোটিক শিপিং কোম্পানি এবং প্লিও এনার্জি কার্গো শিপিংকে রাশিয়ার নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যবস্থাটি রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি রোধ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। কারণ রাশিয়ান অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হচ্ছে।

    এর আগে, ২০২৩ সালের নভেম্বরে ওয়াশিংটন ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে। একই বছরের ডিসেম্বরে এলএনজি সরঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে রপ্তানি চালু রাখার জন্য রাশিয়া যেসব প্রতিষ্ঠানের এলএনজি ট্যাংকার ব্যবহার করছে বলে সন্দেহ করছে ওয়াশিংটন সেগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও তাদের বন্দর দিয়ে রুশ এলএনজি পরিবহণে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। এই ব্যবস্থা ২০২৫ সালের বসন্তে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই প্যাকেজে রাশিয়ার ‘আর্কটিক এলএনজি-২’ এবং ‘মারমানস্ক এলএনজির’—এর মতো রুশ এলএনজি প্রকল্পগুলো প্রয়োজনীয় বিনিয়োগ, পণ্য সরবরাহ এবং পরিষেবার ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে।

    নিষেধাজ্ঞার তালিকায় ভারতীয় শিপিং কোম্পানিকে অন্তর্ভুক্ত করার ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিবেচনায় নিলে এটি নয়াদিল্লির জন্য নেতিবাচক হয়ে দেখা দিতে পারে।

    নয়াদিল্লি বহু বছর ধরে মস্কোর সঙ্গে সক্রিয় সহযোগিতা বজায় রেখেছে, বিশেষ করে জ্বালানি খাতে। মার্কিন বিধিনিষেধ রাশিয়ান জ্বালানি পণ্য সরবরাহের জন্য লজিস্টিক চেইনে জড়িত ভারতীয় কোম্পানিগুলোকে বিপদে ফেলতে পারে এ নিষেধাজ্ঞা; যা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের গতিশীলতাকে প্রভাবিত করতে পারে।

  • ভিয়েতনামে সুপার টাইফুনে নিহত বেড়ে ৫৯

    ভিয়েতনামে সুপার টাইফুনে নিহত বেড়ে ৫৯

    ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। বলা হচ্ছে, চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। খবর বিবিসির।

    শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়।

    শনিবার ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। ঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বিভিন্ন স্থানে বন্যা এবং ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

    স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে একটি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভিএনইএক্সপ্রেস জানায়, ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে।

    ঘূর্ণিঝড়ের সময় একটি বাড়ি ধসে পড়েছে। দুর্ঘটনা থেকে ৫১ বছর বয়সি এক ব্যক্তি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তবে তার স্ত্রী, মেয়ে এবং দুই নাতি নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এর আগে চীনের হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হানে টাইফুন ইয়াগি। এতে অন্তত দুজন নিহত এবং আরও ৯২ জন আহত হয়েছে।

    এদিকে রোববার দুপুরের দিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় লাও সেই প্রদেশের সা পা এলাকায় ভূমিধসের ঘটনায় ১৭ জন চাপা পড়ে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। বাকি নয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৮ বছর বয়সি এক নারী, এক বছর বয়সী এক শিশু এবং এক নবজাতক রয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কিলোমিটারের (১৪৩ মাইল) বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং দ্বীপটির সাড়ে চার লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

    রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশে চারজন এবং হ্যানয়ের কাছাকাছি হাই ডুয়োং শহরে আরও একজন নিহত হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তুয়ান চাউ দ্বীপের হাই আউ বোট লকে কমপক্ষে ২৩টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ডুবে গেছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে টাইফুন ইয়াগির আঘাতে কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়।

    ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লোকজনকে এই সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

  • সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করল সৌদি

    সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করল সৌদি

    পুরো বিশ্বজুড়েই সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার একটি সংস্কৃতি চালুর চেষ্টা চলছে। সেই পথে হেঁটে এবার সপ্তাহে তিন দিনের ছুটির যুগে প্রবেশ করেছে সৌদি আরব। অনেকের ধারণা, সাপ্তাহিক ছুটি যদি বেশি দিন থাকে তাহলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। খবর গালফ নিউজের।

    রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। যার অর্থ এই কোম্পানির কর্মীরা এখন থেকে সপ্তাহে চারদিন অফিস করবেন। আর তিন দিন ছুটি কাটাবেন। সৌদিতে সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকে দুই দিন।

    লুসিডিয়ার এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সপ্তাহের প্রায় অর্ধেক সময় ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের উপর কেমন প্রভাব ফেলবে এ বিষয়টি দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জানিয়েছেন নেটিজেনরা।

    সংবাদমাধ্যম আল এখবারিয়া বলেছে, লুসিডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে সৌদিতে এটি অভূতপূর্ব নজির। তাদের এ উদ্যোগ অনেক মানুষকে রোমাঞ্চিত করেছে। অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন। যারমধ্যে আছে কর্মীদের উপর এটির প্রভাব এবং তাদের উৎপাদনশীলতা।

    এদিকে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন। 

    তিনি বলেছেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।

  • ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সেনাদের

    ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সেনাদের

    চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত ৬০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা কিছু সময়ের জন্য ওই জেলার কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল। খবর অরুনাচল টোয়েন্টিফোরের।

    প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে পাওয়া বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে সহজেই অনুমেয়, সম্প্রতি এ অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

    এর আগে ১৮ সালের অক্টোবরে প্রায় ১০ চীনা সেনা দিবাং উপত্যকার মথু ও এমরা নদীর তীরে ভারতের প্রায় ১৪ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেখানে তারা তাঁবু স্থাপন করে কয়েক ঘন্টা অবস্থানের পর আবার ফিরে গিয়েছিল।

    ২০১৯ সালের সেপ্টেম্বরে ইস্টার অরুণাচল প্রদেশ সংসদীয় আসনের সংসদ সদস্য এবং অরুণাচল প্রদেশের বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তাপির গাও অরুণাচল প্রদেশের আনজাও জেলায় চীনের অনুপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছিলেন। তাতে দেখা যায়, চীনের সেনারা একটি নালার উপর কাঠের সেতু তৈরি করেছিল।

    তারও আগে ২০২১ সালে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ৬০টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী।

    ২০২০ সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ডোইমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী।

    ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশি চীন। চীনের সঙ্গে ভারতের মোট ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এক হাজার ১২৬ কিলোমিটার।

  • ইউক্রেনে রাতভর ৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

    ইউক্রেনে রাতভর ৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

    ইউক্রেনের ১১টি অঞ্চলে ৬৭ টি দূরপাল্লার শাহেদ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এর মধ্যে ৫৮ টিকেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। খবর রয়টার্সের

    টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে বিমান বাহিনী বলেছে, রাশিয়া-অধিকৃত উপদ্বীপ থেকে ড্রোনগুলো নিক্ষেপ করা হয়। এর ফলে ইউক্রেনের ১১টি ইউনিটেই বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় থাকতে দেখা যায়।

    অফিসিয়াল টেলিগ্রামে বেশ কয়েকটি ছবিসহ পোস্ট দিয়ে এক পার্লামেন্ট সদস্য আলাদা এক বিবৃতিতে জানিয়েছেন, এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্লামেন্ট ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

    ছবিতে পার্লামেন্ট ভবনের কাছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত চারটি ধ্বংসাবশেষ দেখা গেছে। একটি টুকরো বিল্ডিংয়ের প্রধান প্রবেশদ্বারের কাছে পড়েছিল।

    কিয়েভে এতদূর রুশ ক্ষেপণাস্ত্রের প্রবেশ বেশ বিরল। শহরটি সোভিয়েত-যুগের নেটওয়ার্ক এবং পশ্চিমা-দানকৃত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। এছাড়া শহরের কেন্দ্রে অবস্থিত সরকারি ভবনটি সম্ভবত ইউক্রেনের সেরা সুরক্ষিত স্থান। কারণ এখানেই প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় রয়েছে।

    কিয়েভ থেকে রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন, তার শনিবার ভোরে কয়েকটি সিরিজ বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর মধ্যে কয়েকটি শহরের কেন্দ্রের চারপাশে বিকট আওয়াজ করেছে।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকেই ইউক্রেনজুড়ে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে মস্কো।

    ইরানের ডিজাইন করা ড্রোনগুলো রাশিয়া ২০২২ সালের সেপ্টেম্বর থেকেই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে ব্যবহার করছে।

  • পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

    পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

    সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

    এসময় দুদেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

    বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করলে রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস প্রদান করেন। 

    হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন, সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছে। বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে মর্মে দুজন একমত প্রকাশ করেন। 

    রাষ্ট্রদূত বিগত ১৫ বছরে দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে, তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান। তাছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন। 

    এসময় রাষ্ট্রদূত বলেন, দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকগণ ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে। 

    রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন। 

    তিনি জানান, সর্বশেষ ২০১৮ সালে দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) অপারেট করত।
    বৈঠকে মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

    এসময় ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গাল ও জাইন আজিজসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী আদানি

    আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী আদানি

    ভারতের শীর্ষ ধনী পরিবার ধরা হতো মুকেশ আম্বানির পরিবারকে। এবার তাদের হটিয়ে ভারতের শীর্ষ ধনীর জায়গা দখল করেছেন আরেক ধনকুবের গৌতম আদানি।

    ভারতীয় সংস্থা হুরুন ইন্ডিয়ার শীর্ষ ধনীর তালিকায় এই জায়গা করে নিয়েছেন তিনি। মোট ১১ দশমিক ৬ লাখ কোটি রুপির সম্পত্তি নিয়ে তিনি শীর্ষস্থান অধিকার করেছেন।

    ২০২০ সালের তালিকায় আদানির অবস্থান ছিল চতুর্থ। গত এক বছরে আদানির সম্পত্তি বেড়েছে ৯৫ শতাংশ। হিন্ডেনবার্গকাণ্ডের পর ধনীদের তালিকায় ধস নামে আদানির। যদিও এরই মধ্যে তিনি ঘুরে দাঁড়িয়েছেন।

    হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিন্ডেনবার্গের অভিযোগের পর যেন ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন গৌতম আদানি ও তার পরিবার। গত বছর তাদের সম্পদ বেড়েছে প্রায় ৯৫ শতাংশ। এর ফলে তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৬১ হাজার ৮০০ কোটি রুপিতে এবং এর মধ্য দিয়ে তারা ভারতের শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন।

    গত এক বছরে আদানি গ্রুপের সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। যেমন আদানি পোর্টের শেয়ার দর বেড়েছে ৯৮ শতাংশ। তাছাড়া আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন ও আদানি পাওয়ার-এভারেজ শেয়ারের দামে ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ১০ দশমিক ১৪ লাখ কোটি রুপির সম্পত্তি নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুকেশ আম্বানি। ৩১ জুলাই ২০২৪-এ নেওয়া স্ন্যাপশটের ওপর ভিত্তি করে সম্পত্তির পরিমাণ হিসাব করা হয়েছে।

    দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড ৩৩৪ জনে পৌঁছেছে বলেও উল্লেখ করা হয়েছে।

    হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনায়েদ বলেন, ভারত এশিয়ায় সম্পদ তৈরির ইঞ্জিন হয়ে উঠছে।