Category: আবহাওয়া

  • সাগরে নিম্নচাপ, পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

    সাগরে নিম্নচাপ, পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

    ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

    শুক্রবার বিকালে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দুই হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে দুই হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে দুই হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুই হাজার ১৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।

    শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

    এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন হচ্ছে ২০০ উপজেলায়

    স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন হচ্ছে ২০০ উপজেলায়

    স্থানভিত্তিক নির্ভুল পূর্বাভাস পেতে দেশের ২০০ উপজেলায় হচ্ছে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন। একটি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমিতে এ আবহাওয়া স্টেশনগুলো হবে।

    এ জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া এ সমঝোতা স্মারকে সই করেন।

    এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে জানানো হয়, ৫২০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ‘স্ট্রেনদেনিং মেট্রোলজিক্যাল ইনফরমেশন সার্ভিসেস অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমস (কম্পোনেন্ট-এ) আন্ডার বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস রিজিওনাল প্রজেক্ট’ নামে একটি প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। এ প্রকল্পের আওতায় ২০০ উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন নির্মাণ ছাড়াও ৬৫টি স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্র ও ৩৫টি সিনপটিক এডব্লিউএস স্থাপনের মাধ্যমে আবহাওয়া পর্যবেক্ষণ পদ্ধতির মানোন্নয়ন করা হবে। এ ছাড়া আবহাওয়া সদর দফতর কার্যালয়ের ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ছয়টি বিভাগে জলবায়ু কেন্দ্র স্থাপন করা হবে।

    পাশাপাশি সবগুলো আবহাওয়া পর্যবেক্ষণাগারকে একই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে।

    অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস যদি সঠিকভাবে পাই তাহলে কৃষি ও মৎস্যসহ অন্যান্য বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। পূর্বাভাসের ওপর ভিত্তি করে কী কী করা দরকার এবং কী কী করলে আমাদের জন্য লাভজনক হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে।’

    প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘প্রকল্প বাস্তবায়িত হলে জলবায়ু এবং আবহাওয়া সম্পর্কে স্থানভিত্তিক ও সময়ভিত্তিক সতর্কবাণী পাব, যেটি আগে পেতাম না। এতে আমাদের ফসলসহ গবাদি পশু ও জীবন রক্ষা পাবে।’

    আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘প্রকল্পের উদ্দেশ্য ছিল আবহাওয়ার আগাম সতর্কবাণী আরও বেশি উন্নত করা এবং যে সংকেতগুলো দেয়া হয় সেগুলোতে যেন ভুলের পরিমাণ কমে যায়। আমরা উপজেলা পর্যায়ে আবহাওয়া সেবাকে নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রসারিত করতে চাই। বিভিন্ন উপজেলায় এখন আবহাওয়ার তথ্য পাওয়া যায় না। অর্থাৎ যেখানে অটোমেটিক আবহাওয়া স্টেশন নাই। ২০০ উপজেলায় যখন আবহাওয়া স্টেশন বসে যাবে তখন প্রত্যেক উপজেলা থেকে নিয়মিত স্বয়ংক্রিয়ভাবে ডাটাগুলো পাব। তাহলে আমাদের ডাটার সংখ্যা বাড়বে এবং আগাম সতর্কবাণী আরও উন্নত হবে।’

    তিনি বলেন, ‘কোন এক উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন না থাকায় কী পরিমাণ বৃষ্টিপাত হয়, তাপমাত্রা কী থাকে তা রেকর্ড করতে পারি না। কোনো উন্নয়ন প্রকল্প করতে গিয়ে গত ৩০ বছরে বৃষ্টিপাতের ধরণ কী ছিল, তাপমাত্রা কী ছিল, বাতাস কোন দিক থেকে হয়- এ সমস্ত তথ্য প্রকল্প পর্যালোচনাকালে প্রয়োজন হয়। স্টেশন না থাকার কারণে আমরা এ সমস্ত তথ্য দিতে সক্ষম না। যখন স্টেশন হয়ে যাবে তখন বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়নে আবহাওয়া ও পরিবেশগত যে বিষয়গুলো বিশ্লেষণের প্রয়োজন হবে সুনির্দিষ্টভাবে তা আমরা সরবরাহ করতে পারব।’

    ‘এখন যে পূর্বাভাস হয়, অনেক সময় এটিকে সাধারণ মানুষ বলে খুবই জেনারেলাইজ। বাংলাদেশে আমাদের এখন চাহিদা হলো সময় ও স্থানভিত্তিক পূর্বাভাস পাওয়া, যাতে আমরা প্রতিদিনের জীবন-জীবিকায় কৃষি উৎপাদন, মৎস্য উৎপাদনে এটি ব্যবহার করতে পারি। এ তথ্য যতো বেশি আমরা সরবরাহ করতে পারব ততো বেশি সকলেই সমৃদ্ধভাবে ব্যবহার করতে পারবেন। এ তথ্য কৃষি, মৎস্য, পানি সম্পদসহ অর্থনীতির বিভিন্ন কাজে আসবে বলে আমাদের ধারণা। এ জন্য আমরা আবহাওয়া তথ্য নেটওয়ার্কে সারাদেশে সম্প্রসারিত করতে চাচ্ছি’ বলেন আবহাওয়া অধিদফতরের পরিচালক।

    প্রতিরক্ষা বিভাগের সচিব বলেন, ‘আমরা যখন উপজেলাভিত্তিক যাব তখন স্থান ও সময়ভিত্তিক তথ্য সরবরাহ করতে পারব। এতে আরও বেশি উপকৃত হব। উপজেলা কমপ্লেক্সে যে জায়গা দেয়া হচ্ছে তা ২২০ স্কয়ার ফিট। এ জন্য স্থানীয় সরকার বিভাগকে ধন্যবাদ জানাই।’

  • বরিশালে ঝড়-বৃষ্টি থাকতে পারে আরো তিনদিন

    বরিশালে ঝড়-বৃষ্টি থাকতে পারে আরো তিনদিন

    আগামী বুধবার (১০ এপ্রিল) পর্যন্ত সারাদেশে ঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সোমবার (৮ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দেশের দক্ষিণাংশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী বুধবার (১০ এপ্রিল) পর্যন্ত সারাদেশে ঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

    এদিকে, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার যা অস্থায়ী দমকা হাওয়াসহ ঘণ্টায় (৪০-৫০) কিলোমিটার। অন্যদিকে, রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

  • আজও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

    আজও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

    ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে।

    রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪৭ মিনিটে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অতিক্রম করছে।

  • এপ্রিল মাসেই আরও ৩টি কালবৈশাখী ঝড়

    এপ্রিল মাসেই আরও ৩টি কালবৈশাখী ঝড়

    চলিত এপ্রিল মাসে হালকা থেকে মাঝারি ধরনের আরও ৩টি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন,এপ্রিল মাসে আবহাওয়া বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়। বৃষ্টিপাত ছাড়াও এসময় সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড রূপ নিতে পারে। এই মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যেতে পারে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।

    সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

  • কালবৈশাখী ঝড়ে মাথায় ইট পড়ে বরিশালের হানিফ নিহত

    কালবৈশাখী ঝড়ে মাথায় ইট পড়ে বরিশালের হানিফ নিহত

    অনলাইন ডেস্ক:

    বৈশাখ আসতে এখনো সপ্তাহ দুই দেরি। তার আগেই রোববার সন্ধ্যায় রাজধানীতে হঠাৎ কালবৈশাখী হানা দিয়েছে। এতে ভবন থেকে ইট ও গাছ ভেঙে পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এরমধ্যে পুলিশ দুইজনের নাম পরিচয় জানাতে পারলেও এখনো আরেকজনের নাম পরিচয় জানাতে পারেনি।

    সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ করেই ঢাকার আকাশে জমতে থাকে মেঘমালা। সময় গড়ার সঙ্গে পুরো আকাশই ঢেকে যায় কালো মেঘে।

    একপর্যায়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শুরু হয় মেঘের গর্জন। তীব্র বাতাস কাঁপিয়ে তোলে চারপাশ। গাছেরা করতে থাকে এফোড়-ওফোড়। অবশেষে নামে বৃষ্টি। মিনিট ১৫’র বৃষ্টিতেই জবুথবু অবস্থা।

    পূর্বপ্রস্তুতি না থাকায় পথচারীরা পড়েন বিপাকে। এ সময় অনেককেই কাক ভেজা হতে হয়েছে। ঝড়ো বাতাসের কারণে যে যার মতো নিরাপদ আশ্রয়েও অবস্থান নেন।

    বৃষ্টিতে নিচু এলাকায় পানি জমতে দেখা গেছে। সড়কে স্থবির হয়ে পড়ে যানবাহন।

    বিপরীতে বৈশাখী ঝড়ে বিপত্তির সঙ্গে মিলেছে স্বস্তিও।

    রোববার দিনভরই ভ্যাপসা গরম ছিল। বৃষ্টিতে তা ক্ষণিকের জন্য হলেও কমে গেছে। আবার বাতাসের তীব্রতা কমে এলে ইচ্ছে করে অনেককেই বৃষ্টির পানিতে ভিজতে দেখা গেছে।

    মৌসুমের প্রথম কালবৈশাখীতে রাজধানীর পুরান পল্টন মোড়ে ভবন থেকে ইট পড়ে মোহাম্মদ হানিফ নামে (৫০) এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

    হানিফের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা উলানিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আবদুল লতিফ।

    তিনি দক্ষিণ মুগদায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন হানিফ।

    প্রায় একই সময় সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে মিলি ডি কস্তা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাশের মনিপুরি পাড়ায় থাকতেন।

    ধারণা করা হচ্ছে তিনি সান্ধ্যকালীন হাঁটাহাটি করছিলেন।

    এদিকে ঝড়ের সময় মিরপুর পশ্চিম শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ওয়াল ভেঙে নিচে পড়ায় এক চালকের মৃত্যু হয়েছে বলে জানান মিরপুর থানার ওসি।

    শুধু রাজধানীতে নয়, এদিন বিকেলে দেশের বিভিন্ন স্থানেও ঝড় ও বৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত জেলাগুলো থেকে হতাহতের কোনো খবর আসেনি।

    এদিকে, রোববার আবহাওয়া অফিস তাদের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • বরিশালে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

    বরিশালে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

    আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃতি রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

    আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৪ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৫১ মিনিটে হবে।

  • লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

    লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

    কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।রোববার সন্ধ্যা ৬টার দিকে ঝড়-বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়।

    বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বিকেলে হঠাৎ করেই আকাশে মেঘ করে। পরে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

    অন্যদিকে ফেরিঘাট সূত্র জানায়, ঝড়-বাতাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে দুটি ফেরি ছেড়ে গেছে। বাতাসের কারণে ফেরিতে পরিবহন লোড বন্ধ রাখা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়-বাতাস শুরুর পর নৌরুটে চলাচলরত লঞ্চ ও ফেরি নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে।

    বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, বাতাস শুরু হওয়ার আগে দুটি ফেরিঘাট ছেড়ে গেছে। তবে তা নদীতে নিরাপদে নোঙর করে আছে। আপাতত ফেরিতে গাড়ি লোড করা বন্ধ রয়েছে।

  • বরিশালে আগামী দশদিন শক্তিশালী ঝড়বৃষ্টির আশঙ্কা

    বরিশালে আগামী দশদিন শক্তিশালী ঝড়বৃষ্টির আশঙ্কা

    অনলাইন ডেস্ক:

    বরিশালসহ সারাদেশে আগামী দশদিন শক্তিশালী ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিষয়ক ফেসবুক পেজ ‘সাইক্লোন নিউজ: বে অব বেঙ্গল’-এর একটি পোস্টে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

    ঝড়বৃষ্টির আগাম সতর্কতা জানিয়ে সেখানে বলা হয়, একটি শক্তিশালী বৃষ্টিবলয় (আঁখি) ২৬ মার্চ থেকে চলতে পারে ৫ এপ্রিল পর্যন্ত।

    এসময় দেশের বেশ কিছু এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

    বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় ৯০কিলোমিটার এর চেয়েও বেশি গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

    এ সময়ে দেশের আকাশ আংশিক থেকে পূর্ণ মেঘলা থাকতে পারে। গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে- ঢাকা বিভাগ ১০০ মিলিমিটার।

    খুলনা বিভাগ ৯০ মিলিমিটার, রাজশাহী বিভাগ ৯০ মিলিমিটার, রংপুর বিভাগ ৩৫ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগ ১০০ মিলিমিটার।

    সিলেট ১১০ মিলিমিটার, বরিশাল বিভাগ ৬০ মিলিমিটার ও চট্টগ্রাম বিভাগ ৫০ মিলিমিটার। তবে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য হতে পারে।

    পোস্টে আরও বলা হয়, বিক্ষিপ্তভাবে খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

  • ঝড়ো হাওয়াসহ সারাদেশে বজ্রবৃষ্টি হতে পারে

    ঝড়ো হাওয়াসহ সারাদেশে বজ্রবৃষ্টি হতে পারে

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফরত। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।