Category: ক্রিকেট

  • হাথুরুর বিষয়ে বিসিবি সভাপতিকে লঙ্কান বোর্ড সভাপতির চিঠি

    হাথুরুর বিষয়ে বিসিবি সভাপতিকে লঙ্কান বোর্ড সভাপতির চিঠি

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। চন্ডিকা হাথুরুসিংহেকে শ্রীলঙ্কান ক্রিকেট দলের কোচ পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকারও করা হয়েছে সেই চিঠিতে।

    হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। এসএলসি জানিয়েছে, হাথুরুকে কোচ হিসেবে বিবেচনা করা হবে বাংলাদেশের সঙ্গে তার চুক্তির সবকিছু চুকেবুকে গেলেই।

    গ্রাহাম ফোর্ড চাকরি ছেড়ে দেন চলতি বছরের জুনে। এরপর থেকে কোচের জায়গা ফাঁকাই পড়ে আছে শ্রীলঙ্কার। অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাসকে দিয়ে কাজ চালাচ্ছে তারা।

  • সাকিবের পর এবার বিগ ব্যাশে রুমানা-খাদিজা

    সাকিবের পর এবার বিগ ব্যাশে রুমানা-খাদিজা

    বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফক রচিত হলো। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন জাতীয় নারী ক্রিকেট দলের দুই তারকা রুমানা আহমেদ এবং খাদিজাতুল কুবরা।

    ছেলে-মেয়ে মিলিয়ে এখন পর্যন্ত মাত্র একজন বাংলাদেশিই এই লিগে খেলেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

    দুজন অবশ্য এক দলে খেলছেন না। বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের শীর্ষ দুই দল বেছে নিয়েছে বাংলাদেশের দুই তারকাকে। টাইগ্রেস অধিনায়ক রুমানা খেলবেন ব্রিজবেন হিটের হয়ে। আর মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠ মাতাবেন খাদিজা। দুজনের উড়াল দেওয়ার তারিখও ভিন্ন। রুমানা যাবেন ১০ জানুয়ারি, আর ১৬ জানুয়ারি যাবেন খাদিজা।

    আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলার এক ফাঁকে সাংবাদিকদের রুমানা বলেন, ‘প্রথমবারের মত এই লিগে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে।

    বিগ ব্যাশ অনেক বড় টুর্নামেন্ট। আমরা যেভাবে উন্নতি করছি, তাতে আশা করছি আরও অনেকে সেখানে সুযোগ পাবে। অনেক কিছু শিখতেও পারব। এটা দেশের নারী ক্রিকেটের জন্য ভালো খবর। ‘

  • রুদ্ধশ্বাস জয়ে রংপুর রাইডার্সের রাজসিক প্রত্যাবর্তন

    রুদ্ধশ্বাস জয়ে রংপুর রাইডার্সের রাজসিক প্রত্যাবর্তন

    দুর্দান্ত জয়ে জয়ের ধারায় ফিরল টুর্নামেন্টের হট ফেবারিট রংপুর রাইডার্স। ব্যাট হাতে ঝলক দেখালেন গেইল-ম্যাককালাম।

    এরপর বোলিংয়ে নেমে সিলেট সিক্সার্স ব্যাটসম্যানদের চেপে ধরে রংপুরের বোলাররা। রংপুরের ১৬৯ রানের জবাবে ৪ উইকেটে ১৬২ রানেই থামল সিলেট। দুর্দান্ত টিম পারফর্মেন্সে টানা তিন ম্যাচ হারের পর ৭ রানে নাসির হোসেনের সিলেট সিক্সার্সকে হারিয়ে রাজসিক প্রত্যাবর্তন ঘটল মাশরাফি বাহিনীর।

    ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায় সিলেট। সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে যান ৪ বলে ৮ রান করা গুনাথিলাকা। সিলেট শিবিরে দ্বিতীয় আঘাত হানেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাশের বলে রবি বোপারার তালুবন্দি হন ২ রান করা বাবর আজম। এরপরেই দলের হাল ধরেই অধিনায়ক নাসির হোসেন এবং সাব্বির রহমান।

    দুজনের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন সাব্বির।

    চলতি বিপিএলে ফর্ম ফিরে পাওয়া জাতীয় দলের এই তরুণ ৪৯ বলে ৭ চার ২ ছক্কায় ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে পেরেরার বলে ম্যককালামের তালুবন্দি হন। ভাঙে ১১৭ রানের বিশাল জুটি। তখন জয় থেকে মাত্র ২৮ রান দূরে সিলেট সিক্সার্স। এর মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন নাসির। কিন্তু সেটা কোনো কাজে আসেনি। ৪৩ বলে ১ চার ১ ছক্কায় ৫০ রান করে মাঠ ছাড়েন নাসির।

    আজ সোমবার দিনের দ্বিতীয় খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৯ রান তুলে রংপুর রাইডার্স। ওপেন করতে নেমেই সিলেট বোলারদের বেদম প্রহার শুরু করেন গেইল-ম্যাককালাম। ৮.৩ ওভারে দুজনে মিলে গড়েন ৮০ রানের ওপেনিং জুটি। শেষ পর্যন্ত নাসির হোসেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে প্ল্যাংকেটের তালুবন্দি হন ২১ বলে ৩ চার ৩ ছক্কায় ৩৩ রান করা ম্যাককালাম। অপর প্রান্তে থাকা গেইল ঠিকই ৩৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।

    আবুল হাসানের বলে বোল্ড হওয়ার আগে  তার সংগ্রহ ৩৯ বলে ২ চার ৫ ছক্কায় ৫০ রান। এই দুজনের বিদায়ের পরই খেই হারিয়ে ফেলে রংপুরের ব্যাটসম্যানরা। আবুল হাসানের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৮ রান করেন শাহরিয়ার নাফীস। ২৫ রান করে প্ল্যাংকেটের বলে এলবিডাব্লিউ হয়ে যান মোহাম্মদ মিথুন। শেষদিকে রবি বোপারার দৃঢ়তায় রানের চাকা ঘুরতে থাকে। বোপারাও ১২ বলে ২৮ রান করে রান-আউট হয়ে যান।

  • হাসান আলীর তাণ্ডবে অসহায় ঢাকা ডাইনামাইটস

    হাসান আলীর তাণ্ডবে অসহায় ঢাকা ডাইনামাইটস

    ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে বল হাতে আগুন ঝরালেন হাসান আলী। একাই ধসিয়ে দিলেন ঢাকাকে।

    তার বোলিং তাণ্ডবে তারকাবহুল শক্তিশালী ঢাকা থেমে গেল ১২৮ রানে। হাসান আলি একাই তুলে নেন ৫ উইকেট।

    শুরুতেই ঢাকা ডাইনামাইটসের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পাকিস্তানি পেসার। তার তৃতীয় শিকার মোসাদ্দেক হোসেন হন সরাসরি বোল্ড। এটি ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। ইনিংসের ১৮ তম ওভারে আবারও জোরা আঘাত হানেন হাসান আলি।

    বিপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা হাসান আলির বোলিং ফিগার দেখলেই বোঝা যায় আসলেই তাণ্ডব চালিয়েছেন তিনি। ৩.৩ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫ টি উইকেট।

  • বিপিএলে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি আটক

    বিপিএলে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি আটক

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, এ টুর্নামেন্ট ঘিরে সারাদেশে চলছে জুয়ার হিড়িক। সেটাকে আরও ভারি করে তুলেছে আসরের শুরুর দিকে জুয়াকে কেন্দ্র করে রাজধানী বাড্ডায় এক তরুণের খুনের ঘটনা। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গ্যালারিতে বসে অনলাইনে জুয়া খেলার সময় ১০ ভারতীয়সহ মোট ৭৭ জুয়াড়িকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

    শুক্রবার সিলেট সিক্সার্স এবং রাজশাহী কিংসের ম্যাচের পর আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বিপিএল এবং বিসিবির এই কর্মকর্তা।

    জানা গেছে, বাড্ডায় জুয়া নিয়ে এক তরুণের খুনের ঘটনার পরই নড়েচড়ে বসে বিসিবির দুর্নীতিবিরোধী সংস্থা। তারা, খোঁজ নিয়ে জানতে পারে, শুধুমাত্র মাঠের বাইরেই নয়, মাঠের মধ্যে গ্যালারিতে বসেই ক্রিকেট জুয়ায় মেতে উঠেছে একটি চক্র। তাদের ধরতেই মূলতঃ বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট মাঠে নেমে পড়ে। প্রযুক্তির উৎকর্ষতার কারণে হয়তো তাদের ধরা কঠিন। তবে বিসিবি আড়ি পেতে হোক আর যে ভাবেই হোক, মাঠ থেকেই মোট ৭৭জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়।

    ইসমাইল হায়দার মল্লিক জানান, ৭৭ জন আটককৃত জুয়াড়ির মধ্যে বাংলাদেশি রয়েছেন মোট ৬৫ জন। এছাড়া বিদেশি রয়েছেন ১২ জন। বিদেশিদের মধ্যে ১০ জনই ভারতীয়।

    তিনি বলেন, ‘আমরা ৬৫ বাংলাদেশিকে মাঠে বসে অনলাইনে জুয়া খেলার সময় আটক করেছি। যেহেতু আমরা পুলিশ কেস করতে পারি না, তাই তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। ৬৫ বাংলাদেশি ছাড়াও বিদেশি ছিল ১২ জন। যার মধ্যে ভারতীয়ই ছিল ১০ জন।’

    বিপিএলের ম্যাচ চলাকালীন প্রতিটি বলের মাঝে যেটুকু সময় থাকে, তারই ফাঁকে অনলাইনে জুয়া খেলা হয় বলে জানান মল্লিক। তিনি বলেন, ‘মূলতঃ এরা অনলাইনে জুয়া খেলে। বিভিন্ন জুয়ার সাইটে মাঠে বসেই জুয়া খেলে। প্রতিটা বল করতে যে টুকু সময় লাগে তার মাঝেই এই কাজটা করে তারা। প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, তাই এদের ধরা বেশ কঠিন। তবুও আমরা এদের খুঁজে বের করছি যতটা সম্ভব।’

    জুয়াড়িদের বিরুদ্ধে বিসিবি কোন আইনানুগ ব্যবস্থা নিতে পারছে না বলেও স্বীকার করেন এই বোর্ড পরিচালক। তার মতে, ‘যেহেতু আইনানুগ ব্যবস্থা নেয়ার কোন সুযোগ নেই, তাই আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করে দেই। পরে পুলিশ তাদেরকে অল্প শাস্তি দেয় হয়তো। তবে আমরা মাঠের মধ্যে কেউ কিছু করলে তাদের আমরা আটক করতে পারি।’

    দেশে জুয়াড়িদের বিরুদ্ধে কোন প্রচলিত কঠিন আইন নেই বলেও জানান তিনি। এ প্রসঙ্গে মল্লিক বলেন, ‘সারাদেশে যে জুয়াটা হয়, তা নিয়ে আমাদের কোন ব্যবস্থা নেয়ার সুযোগ কিন্তু নেই। আর দেশে জুয়া নিয়ে প্রচলিত কোন কঠিন আইনও নেই। আপনাদের জানাচ্ছি, আমাদের স্টেডিয়ামের মধ্যে কিন্তু একটি দুর্নীতি বিরোধী ইউনিট আছে। স্টেডিয়ামের মধ্যে যদি কিছু হয় তাহলে তারা সাথে সাথে ব্যাবস্থা নেয়।’

    জুয়া থেকে তরুণদের সচেতন করতে বিসিবি মাঠে বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেও বলে জানান আইএইচ মল্লিক। তিনি বলেন, ‘বিষয়টা কি আসলে দেখেন, বিসিবি কিন্তু সচেতনতা তৈরি করা ছাড়া আর কিছু করতে পারে না। করার কোন সুযোগও নেই। আপনারা দেখবেন, আমরা অলরেডি বোর্ডে এবং স্কোরবোর্ডে জুয়া বিরোধী সচেতনাতামূলক বিভিন্ন লেখা দিচ্ছি।’

  • কোচ নির্বাচন বিসিবির ব্যাপার

    কোচ নির্বাচন বিসিবির ব্যাপার

    পদত্যাগ করলেও সহসাই বাংলাদেশে আসছেন চন্ডিকা হাতুরাসিংহে। বাংলাদেশের কোচ হিসেবে তার বিদায়টা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি এখনো। তারপরও বাংলাদেশের কোচ বিষয়ে আলোচনা থেমে নেই। গতকাল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ক্রিকেটারদের দায়িত্ব মাঠে খেলা। কোচ প্রসঙ্গে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আলোচনার প্রয়োজন দেখেন না তিনি।
    হাতুরাসিংহে থাক বা নতুন কেউ দায়িত্ব নিক তাতে ক্রিকেটারদের একটাই দায়িত্ব দেখতে পাচ্ছেন মাশরাফি। তা হলো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়া। এবং পরিবর্তনকে ইতিবাচকভাবে নেয়া।
    আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পার করে দিয়েছেন মাশরাফি। নিজের ক্যারিয়ারে কখনোই তিনি দেখেননি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে জাতীয় দলের কোচ নির্বাচন করছে বিসিবি।
    গতকাল মাদক বিরোধী প্রচারণা সম্পর্কিত এক অনুষ্ঠানে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের আলোচনার বিষয়ে মাশরাফি বলেছেন, ‘আজ পর্যন্ত কোনো কোচ যখন নেওয়া হয়েছে গত ১৬-১৭ বছরে আমার অন্তত মনে পড়ে না আমাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। এখনো তাই বলব, মনে করছি না আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। আমাদের দায়িত্ব মাঠে খেলা। যিনিই আসুন তার পরিকল্পনা অনুযায়ী খেলা। কে আসবে সেটাও ব্যাপার নয়। যিনি আসবেন তার সাক্ষাতকার নেবে নিশ্চয়ই বিসিবি, তাকে চিন্তা করেই নেওয়া হবে।’
    হাতুরাসিংহে না থাকলে একটা পরিবর্তন আসবে। মাশরাফি মনে করেন, পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘যখন একটা পরিবর্তন আসে তখন যত তাড়াতাড়ি সম্ভব সেটা মেনে নিতে হবে। অবশ্যই গত তিন বছর হাথুরুর অধীনে খেলে তার পরিকল্পনা, দল কেমন হবে অনেকটাই মুখস্থ হয়ে গিয়েছিল। তিনি যদি না থাকেন নতুন কোচ যে আসবে তার সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায়।’
    দেড় বছর পরই ২০১৯ বিশ্বকাপ। তার আগে কোচের এ পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখতে বলছেন মাশরাফি। ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘২০১৯ বিশ্বকাপ বেশি দূরে নয়। ২০১৮ সালে বিদেশে অনেক দ্বিপক্ষীয় সিরিজ আছে। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্বকাপের জন্য। একটা পরিবর্তন তো হবেই। পরিবর্তনটা যে নেতিবাচক দিকে যাবে তা নয়। আমাদের চেষ্টা করতে হবে এটা ইতিবাচক দিকে নেওয়ার।’
    বিভিন্ন সময় বিদেশি কোচদের সঙ্গে কাজ করেছেন দেশীয় কোচরা। যদিও মাশরাফি বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন।
    বিপিএলে একাদশে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলায় পারফরম্যান্সের সুযোগ কমে আসছে স্থানীয় ক্রিকেটারদের। তারপরও জহুরুল ইসলাম অমি, আবু জায়েদ রাহী, মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করেছেন নড়াইল এক্সপ্রেস।
    তিনি বলেন, ‘টপঅর্ডারে যারা ব্যাটিং করছে, প্রতিটি দলই বিদেশি ব্যাটসম্যানদের নামাতে চাচ্ছে। বিজয় দেখেন ওপরে ব্যাটিংয়েরই সুযোগ পাচ্ছে না। আরও অনেকে আছে। যখন সুযোগ পাচ্ছে তখন ইনিংস লম্বা করার পরিস্থিতি থাকছে না। গিয়েই শট খেলতে হচ্ছে। ক্রিকেটে এসব ছোটখাটো বিষয় অনেক গুরুত্ববহন করে। কাল জহুরুল যে ইনিংসটা খেলেছে, সেই ম্যাচের নায়ক। রিয়াদ কয়েকটা ছোট ছোট কার্যকারী ইনিংস খেলেছে। খুলনার জায়েদ রাহি খুব ভালো বোলিং করছে। একেবারে যে হচ্ছে না, তা নয়। তবে সুযোগ কমে যাচ্ছে। প্রতিটি দল বিদেশি খেলোয়াড়দের ব্যবহার করতে চাচ্ছে। আমাদের সুযোগ তাই কমে যাচ্ছে।’
  • পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে টাইগার যুবারা

    পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে টাইগার যুবারা

    যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার কুয়ালালামপুরে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে টাইগার যুবারা।

    এদিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার পিনাক ঘোষ ও নাঈম শেখ। দলীয় অর্ধশতকের পর ফিরে যান নাঈম। এরপর অধিনায়ক সাইফ হাসানকে নিয়ে শতরানের জুটি গড়েন পিনাক। তবে ১৫৬ রানে ব্যক্তিগত ৬৪ রানে সাইফ ফিরে যাওয়ার পর এক বড় ধাক্কা খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩০ রান যোগ হওয়ার আগেই ফিরে যান টুর্নামেন্টে দুর্দান্ত খেলা তৌহিদ হৃদয়, ফিরে যান পিনাক ঘোষও। তবে যাওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ৮২ রান করে যান পিনাক।

                  টাইগার যুবাদের উৎসাহ দিতে মাঠে যান মালয়েশিয়া প্রবাসীরা।

    তবে হাল ছাড়েননি নিচের সারির ব্যাটসম্যানরা। শেষ দিকে দুই ছক্কায় ১৫ বলে ২২ এবং আফিফ হোসেনের ৫৫ বলে ৫২ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

    পাকিস্তানের হয়ে মিরাজ রিয়াজ সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

  • মাদকের বিরুদ্ধে লড়াই করবেন মাশরাফি

    মাদকের বিরুদ্ধে লড়াই করবেন মাশরাফি

    দেশের ক্রিকেটকে বদলে দিয়েছেন, এবার মাদকমুক্ত সমাজ গঠন করে দেশটাকে বদলে দিতে চান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ বুধবার রাজধানীর বারিধারায় প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রাঙ্গণে মাদক প্রতিরোধ বিষয়ক একটি অনুষ্ঠানে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বানের পাশাপাশি নিজে মাদকের বিরুদ্ধ মাঠে নামার ঘোষণা দেন তিনি।

    নিজের বক্তব্যে ম্যাশ বলেন, ‘মাদক একটা ভাইরাসের মতো, একটা জায়গায় ঢুকলে ছড়িয়ে পড়ছে। শোনা যাচ্ছে, আমাদের দেশে এটি প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে। যারা মাদকে জড়িয়ে পড়েছেন, তাদের একটা সিদ্ধান্তকে ভুল মনে করে যদি তাদের সাপোর্ট না করি, তাদেরকে যদি কাউন্সেলিং না করি, পরিবার থেকে শুরু করে আরও কাছের মানুষ যারা আছেন সবাই মিলে আমরা যদি বোঝানোর চেষ্টা না করি, ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা না করি, তাহলে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে। ‘

    এরপরই মাদকবিরোধী লড়াইয়ে নিজেকে যুক্ত করার আগ্রহ জানিয়ে মাশরাফি বলেন, ‘আমারও খুব ইচ্ছা, আমার জায়গা থেকে চেষ্টা করব। একজন হলেও যদি ফিরিয়ে আনতে পারি, সেটা আমার কাছে ভালো লাগবে। সবার প্রতি আমার অনুরোধ, যারা এর ভেতরে ঢুকে গেছেন, আপনারা জীবনকে সুন্দর করুন। আর যারা ভালো আছেন, তাদের আর একজনও যেন নতুন করে না যান। ‘

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি মাদক ও জঙ্গিবাদকে পৃথিবীতে বড় দুই সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেন, ‘আইন করে মাদক আসা-যাওয়া, দেশের ভেতরে ঢোকা, এসব নিয়ন্ত্রণ করা যায়; কিন্তু আইন করে মাদক সেবন বা মাদকের ক্ষতিকর বিষয়গুলো বন্ধ করা যায় না।

    আইনের পাশাপাশি সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। ‘

  • টপ অব দ্য ডে

    টপ অব দ্য ডে

    ঝলমলে শতরানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ যুবাদের বড় জয়ের নায়ক তৌহিদ হৃদয়। রান তুলেছেন তিনি বলের সঙ্গে পাল্লা দিয়ে।

    ১২০ বলে ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় করেছেন ১২০ রান। শতরানের পথে তৃতীয় উইকেটে অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে যোগ করেছেন ১৯২ রান। তৌহিদের এই ইনিংসে ভর করে ৩৩৫ রানের পাহাড় গড়ে ২৬২ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

  • বিদেশি লিগে বিধি-নিষেধ বিসিবির

    বিদেশি লিগে বিধি-নিষেধ বিসিবির

    তাঁরা দুজন গতবারও ছিলেন একই দলে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরেও বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি সাকিব আল হাসানকে ধরে রাখার পাশাপাশি ড্রাফট থেকে নিয়েছে তামিম ইকবালকেও।

    আর এই দলভুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে পেশোয়ারের স্থানীয় পশতু ভাষায় তাঁদের দুজনের ‘টুইট’ করা নিয়ে যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে অকারণ সমালোচনার ঝড়, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যেও তোলপাড়টা কম নয়। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে ক্রমেই বাংলাদেশি খেলোয়াড়দের দুয়ার উন্মোচিত হওয়ার সময়েই যে তাঁদের এ ধরনের আসরে খেলার সুযোগ সংকুচিত করে দেওয়া হয়েছে। বিসিবিই করে দিয়েছে সেটি। দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন ঠিক করেছে, এখন থেকে এর চুক্তিভুক্ত ক্রিকেটারদের বছরে সর্বোচ্চ দুটির বেশি বিদেশি লিগে খেলার এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হবে না।

    সেই সঙ্গে চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য দেশের ফার্স্ট ক্লাস প্রতিযোগিতা এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) এবং বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগ) খেলাও বাধ্যতামূলক করেছে। এর আগেও এই আসরগুলোতে খেলার নির্দেশনা ছিল। তবে সেটা এবারের মতো আনুষ্ঠানিক ছিল না কখনোই। গত পরশু বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটারদের প্রত্যেককে পাঠানো চিঠিতে ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি বিদেশি লিগে খেলার এনওসি নিয়েও নিজেদের কঠোর অবস্থান জানায় দিয়েছে বিসিবি। বোর্ড থেকে এ রকম চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানসহ জাতীয় দলের আরো বেশ কয়েকজন ক্রিকেটারও।

    তবে এঁদের প্রত্যেকেই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।

    এই মুহূর্তে সেটি খুব স্বাভাবিকও। কারণ প্রতিদিন বিসিবি থেকে নানা বিধি-নিষেধের এত চিঠি তাঁদের কাছে যাচ্ছে যে ছড়িয়ে পড়েছে ‘চিঠি আতঙ্ক’ও! গতকালই যেমন এক চিঠিতে যেকোনো বিষয়েই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যার ব্যত্যয় হলে নিশ্চিত আর্থিক জরিমানা এড়াতে মুখে কুলুপ এঁটেছেন ক্রিকেটাররা। যদিও সর্বোচ্চ দুটি বিদেশি লিগে খেলার নিয়ম করে দেওয়াটা যে পছন্দ হয়নি, সেটি অনানুষ্ঠানিকভাবে প্রকাশে দ্বিধা ছিল না কারো। এঁদেরই একজন বলছিলেন, ‘একটা সময় ছিল, যখন বিদেশের লিগে বাংলাদেশের একজনই (সাকিব) খেলত। এখন দিন দিন বিদেশে আমাদের ক্রিকেটারদের চাহিদা বাড়ার সময়ে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কাই। ’

    যদিও বিসিবি বলছে আন্তর্জাতিক ক্রিকেটের সময় জাতীয় দল যাতে চোটের ধাক্কায় নাকাল না হয়, সে জন্যই বিদেশি লিগে খেলতে দেওয়ার ক্ষেত্রে তাঁদের কঠোর মনোভাব। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সার্বিক দিক বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্তটি নিয়েছি। একেই আমাদের পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটসূচি খুব ঠাসা, তার ওপর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারও আছে। এর সঙ্গে জড়িত খেলোয়াড়দের ইনজুরি ব্যবস্থাপনার বিষয়টিও। আমরা চাই আন্তর্জাতিক খেলার সময় আমাদের সেরা খেলোয়াড়দের সবাইকে পেতে। তাই বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না কাউকেই। ’ এমনকি কারো কারো ক্ষেত্রে মিলতে পারে বিদেশে মাত্র একটি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্রও। সেটি কোন ক্ষেত্রে? তাও নির্দিষ্ট করেছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘কেউ যদি একই বছরে টি-টেন টুর্নামেন্টও খেলে, তাহলে সে টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলতে পারবে একটি। কেউ ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেললে তার জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। ক্রিকেটারদের যে চিঠিটা আমরা দিয়েছি, তাতে এসব কিছুরই উল্লেখ আছে। ’

    এই নিয়মে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সাকিব আল হাসানের। কারণ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশিদের মধ্যে তাঁর চাহিদাই সবচেয়ে বেশি। আগামী ১৪ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে শুরু হতে যাওয়া নতুন ফরম্যাটের ক্রিকেট টি-টেনের আসরে তাঁর পাশাপাশি দল পেয়েছেন তামিম ও মুস্তাফিজুর রহমানও। পরেরজন গত বছর সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে গিয়ে পাওয়া কাঁধের চোটে ছিলেন লম্বা সময় মাঠের বাইরে। অস্ত্রোপচার করিয়ে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তবেই ফিরেছিলেন মাঠে। সাকিব-তামিম-মুস্তাফিজরা যদি পরের বছরও ১০ ওভারের ক্রিকেট খেলেন, তাহলে ২০১৮ সালে তাঁরা দেশের বাইরে খেলতে পারবেন শুধু একটি টি-টোয়েন্টি লিগেই। সে ক্ষেত্রে আইপিএল, সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) নাকি পিএসএল? বাছবেন কোনটি? বাংলাদেশি ক্রিকেটারদের দুয়ার ক্রমেই উন্মুক্ত হওয়ার সময়ে এই সংকটটা সাকিবের মতো না হলেও তামিম বা মুস্তাফিজেরও কম নয়!