Category: দূর্ঘটনা

  • পটুয়াখালীতে লঞ্চে কাটা পড়ে প্রাণ গেল জেলের

    পটুয়াখালীতে লঞ্চে কাটা পড়ে প্রাণ গেল জেলের

    পটুয়াখালীর দশমিনায় লঞ্চে কাটা পড়ে আবু শিকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার দুপরে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আবু শিকদার রণগোপালদি ইউনিয়নের চরঘুমী গ্রামের বাসিন্দা দলিল উদ্দিন শিকদারের ছেলে।

    স্থানীয় বাসিন্দা জামিল মিয়া জানান, আবু শিকদারসহ আরও একজন ঢাকাগামী রাসেল প্লাস লঞ্চের পেছনে নৌকায় ছিলেন। লঞ্চটি আচমকা পেছনের দিকে নেয়ায় নৌকাটি উল্টে যায় এবং আবু শিকদার নিচে পড়ে লঞ্চের পাখায় কাটা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু শিকদার পেশায় একজন জেলে ছিলেন।

    দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত লঞ্চটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

  • সন্তানদের উদ্ধারে পদ্মায় ঝাঁপিয়ে এক মায়ের মৃত্যু

    সন্তানদের উদ্ধারে পদ্মায় ঝাঁপিয়ে এক মায়ের মৃত্যু

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার পর তাদের খুঁজতে গিয়ে এক গৃহবধূ পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এ সময় নিখোঁজ হয়েছেন আরেকজন।

    নিহতের নাম স্বপ্না বেগম (৩২)। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া নতুন পাড়ার চাদু মন্ডলের স্ত্রী। নিখোঁজ হয়েছেন একই এলাকার সুজাত শেখের স্ত্রী রেবেকা খাতুন (২২)।

    স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয় কয়েকজন শিশু নদীতে গোসল করার সময় হঠাৎ নিরব ও লামিয়া নামে দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় শিশু নিরবের মা রেবেকা খাতুন নদীতে ঝাঁপ দিয়ে শিশু দুটিকে উদ্ধার করে স্বপ্না বেগমের কাছে দেন। কিন্তু রেবেকা ক্লান্ত হয়ে হয়ে পড়ায় নদীর পানি থেকে আর উঠতে পরেননি। তিনি স্রোতের টানে ভেসে যান। এ সময় রেবেকা খাতুনকে উদ্ধারের জন্য স্বপ্না বেগম নদীতে ঝাপ দিলে তিনিও ডুবে যান। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় স্বপ্নাকে উদ্ধার করতে পারলেও রেবেকার কোন সন্ধান পায়নি। উদ্ধারের পর স্বপ্নাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব লিডার দেলওয়ার হোসেন বলেন, নদীতে ডুবে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নিখোঁজ হওয়া রেবেকা খাতুনকে উদ্ধারে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত পৌনে ৯টা পর্যন্ত রেবেকার কোন সন্ধান পাওয়া যায়নি।

    তিনি আরও বলেন, খারাপ আবহাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই আজেকের উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে তাকে না পাওয়া গেলে শনিবার সকালে আবারও উদ্ধার তৎপরতা শুরু হবে।

  • লঞ্চে উঠতে গিয়ে ভীরের কারনে দের বছরের শিশু সহ স্বামী-স্ত্রী নদীতে

    লঞ্চে উঠতে গিয়ে ভীরের কারনে দের বছরের শিশু সহ স্বামী-স্ত্রী নদীতে

    স্টাফ রিপোর্টার//কাইয়ুম খান:

    আসন্ন ঈদ উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়।

    মানুষের এমন ভিড়ের মধ্যেই লঞ্চে উঠতে গিয়ে দেড় বছরের শিশুসহ স্বামী-স্ত্রী নদীতে পরে যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশসহ স্থানীয়দের প্রচেষ্টায় অল্পের জন্য বেঁচে যায় পরিবারটি।

    শুক্রবার (৩১ মে), সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে লঞ্চে উঠে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি। তারা ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

    খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী ঈদ উপলক্ষে এই ঘাট দিয়ে বাড়ি ফিরছেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সকাল থেকে ছোট গাড়ির চাপ রয়েছে।

    বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যাবস্থাপক (এজিএম বাণিজ্য) নাছির মোহাম্মদ চৌধুরী জানান, ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। কোনো সমস্যা নেই। তবে সকাল থেকে গাড়ির চাপ থাকলেও আমরা ভালোভাবে সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

  • মেঘনায় বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি, ৪৫ জনকে উদ্ধার

    মেঘনায় বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি, ৪৫ জনকে উদ্ধার

    অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে চর কিশোরগঞ্জ বালুর ঘাট ডক ইয়ার্ডের সামনে নদীতে এ ঘটনা ঘটে। ট্রলারডুবির পর উদ্ধারকর্মীরা ৪৫ জনকে উদ্ধার করলেও আরও কতজন নিখোঁজ রয়েছেন, তা জানাতে পারেননি।

    তবে প্রত্যক্ষদর্শীর মতে, ট্রলারে ৭০ থেকে ৭৫ জন যাত্রী ছিলেন। ট্রলারের যাত্রীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গজারিয়া থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গজারিয়া থেকে ৭০-৭৫ যাত্রী নিয়ে ট্রলারটি মুন্সীগঞ্জের উদ্দেশে গজারিয়া থেকে রওনা দেয়। ট্রলারের অধিকাংশ যাত্রী মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। ট্রলারটি চর কিশোরগঞ্জ বালুর ঘাট ডক ইয়ার্ডের সামনে পৌঁছালে বালুবাহী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারের ওপর বালুবাহী ট্রলার উঠে যায়। পরে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

    খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের পেটি অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টা পর্যন্ত ৪৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া গজারিয়ার আল আমিন জানান, দুটি ট্রলার রিজার্ভ করে তারা পরীক্ষায় অংশ নিতে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন। প্রতিটি ট্রলারে ৭০ থেকে ৭৫ জন ছিল। প্রথম ট্রলারে তারা মুন্সীগঞ্জে চলে যান। দ্বিতীয় ট্রলারটি দুর্ঘটনায় পতিত হয়।

    এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহা. হারুন-অর-রশীদ জানান, মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী হওয়ায় কোস্টগার্ডের পাশাপাশি ঘটনাস্থলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সদরের ইউএনওকে পাঠানো হয়েছে। সেখানে পুলিশও রয়েছে। এখনো কোনো নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সকল আরোহী তীরে উঠতে সমর্থ হয়েছেন।

    জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ঘটনাস্থলটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অন্তর্গত। ট্রলারটির মালিকের তথ্য নেওয়ার ও তাকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে নৌপুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

  • আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

    আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

    নিউজ ডেস্ক:

    বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের অভ্যন্তরে নতুন ট্রান্সফরমার স্থাপনের সময় এ অগ্নিকাণ্ড হয়।

    ফায়ার সার্ভিস একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।

    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ১৩২ কেভি সঞ্চালন লাইনের জন্য নতুন একটি ট্রান্সফরমার বিদ্যুৎ কেন্দ্রের সুইস ইয়ার্ডে বসানো হয়। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, “কাজ শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ স্থাপন করা নতুন ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

    সাজ্জাদাুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট বন্ধ হয়ে যায়। “বন্ধ ইউনিটগুলো হলো আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ২২৫ মেগাওয়াট সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট ও বেসরকারি ১৯৫ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার, ৫৫ মেগাওয়াট ক্ষমতার প্রিসিসন এনার্জি পাওয়ার প্লান্ট।

    প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান আরও জানান, বন্ধ হওয়া ইউনিটগুলোর মধ্যে ২২৫ মেগাওয়াট সিসিপিপি ইউনিট এবং ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট রাত পৌনে ৯টায় চালু হয়েছে। তিনি বলেন, বাকিগুলোর মেরামত চলছে। কয়েক ঘণ্টার মধ্যেই সবগুলো চালু হয়ে যাবে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসে আগুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসে আগুন

    অনলাইন ডেস্ক :: রাজধানীর মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার বিকালে ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির স্টোর রুমে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

    তিনি বলেন, ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির অফিসে আগুন লেগে যায়। কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে।

  • মুলাদীতে যাত্রীবাহী বাস উল্টে আহত-৭

    মুলাদীতে যাত্রীবাহী বাস উল্টে আহত-৭

    বরিশালের মুলাদীতে যাত্রীবাহী বাস উল্টে ৭জন আহত হয়েছে। তবে অল্পের জন্য বেচে গেল ২০ যাত্রীর প্রান। গতকাল মঙ্গলবার (২৮ মে) মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির মা-বাবার দোয়া নামক (বরিশাল জ ১১-০০৭৭) বাসটি উল্টে বাবলা গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশের্ খাদে পরে দূর্ঘটনা কবলিত হয়।

    মর্মান্তিক এ দূর্ঘটনায় বাস চালক ও হেল্পার সহ মোট ৭ যাত্রী মারাত্বক আহত হয়। স্থানীয়রা আহতদের বাসের জানালা, দরজা ও পিছনের গ্লাস ভেঙ্গে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

    স্থানিয়রা জানিয়েছেন, হিজলা উপজেলার খুন্না বন্দর থেকে মীরগঞ্জের উদ্দেশ্যে ছেরে আসা মা বাবার দোয়া বাসটি অহেতুক বিভিন্ন জায়গা থেকে যাত্রী ওঠা নামা করায় সময়ক্ষেপন হয়। এর ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছানোর জন্য বাসের বেপরোয়া গতি এ দূর্ঘটনার কারন বলে অভিযোগ বাস যাত্রীদের।

  • ঝালকাঠিতে খাদ্য সামগ্রীর গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

    ঝালকাঠিতে খাদ্য সামগ্রীর গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

    স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:

    ঝালকাঠিতে তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খাদ্য সামগ্রী মজুত রাখার গোডাউন পুড়ে গেছে।

    সোমবার দুপুরে শহরের মধ্য চাঁদকাঠি বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

    ফায়ার সার্ভিস জানায়, খাদ্য সামগ্রীর ব্যবসা করেন শহরের ব্যবসায়ী মো. খায়ের। বিশ্বরোড এলাকার সুফিয়া ম্যানশনের নিচ তলায় তার মালামাল রাখার গোডাউন ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে দুপুর পৌনে ২টায় গোডাউনে আগুন লাগে। দ্বিতীয় তলায় একটি বীমা কোম্পানির অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসার লোকজন এতে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক মো. খায়ের জানান, আগুনে ভেতরের সব মালামাল পুড়ে গেছে। ঈদকে সামনে রেখে বাড়তি বিক্রির আশায় গোডাউনে মালামাল ভর্তি করা হয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিটে দ্রুত আগুন গোডাউনে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা যায়নি। স্থানীয়দের সহায়তায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণের কারণে দ্বিতীয় তলার সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অফিস ও তৃতীয় তলার ভাড়া বাসার লোকজন রক্ষা পায়।

  • ঈদের জামা কিনতে না পেরে ২ শিশুসন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

    ঈদের জামা কিনতে না পেরে ২ শিশুসন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

    যশোরের শার্শার দীঘায় মা ও তার দুই ছেলেমেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংসারে অভাবের কারণে মা তার দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন বলে স্থায়ী সূত্রে জানা গেছে।

    ঘটনাটি ঘটেছে রোববার রাত ১২টার দিকে শার্শা উপজেলার চালিতা বাড়ীয়ার দীঘা গ্রামে।

    নিহতরা ওই এলাকার চা-দোকানি ইব্রাহীমের স্ত্রী-সন্তান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব অনটনে ঈদে সন্তানদের নতুন জামাকাপড় কিনে দিতে না পেরে ইব্রাহীমের স্ত্রী হামিদা খাতুন (৩৫) প্রথমে স্কুলপড়ুয়া মেয়ে শরিফা খাতুন (১১) ও সোহান হোসেনকে (৪) খাবারের সঙ্গে কীটনাশক (বিষ ট্যাবলেট) খাইয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর নিজেও ঐ বিষ খেয়ে আত্মহত্যা করেন।

    এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, অভাবের সংসারে ঝগড়া লেগেই থাকত। সামনের ঈদে সন্তানদের নতুন জামা কাপড় কেনাকাটাসহ সাংসারিক নানা বিষয় নিয়ে রোববার রাত আনুমানিক সাড়ে ১১টায় স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়।

    এক পর্যায়ে স্ত্রী হামিদা খাতুন নিজে মেয়ে শরিফা ও ছেলে সোহানকে বিষের ট্যাবলেট খাইয়ে মৃত্যু নিশ্চিত করে নিজেও একই ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

    শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেপ্তার করেছে।

  • ককটেলের থেকে শক্তিশালী ছিল বিস্ফোরণটি : ডিএমপি কমিশনার

    ককটেলের থেকে শক্তিশালী ছিল বিস্ফোরণটি : ডিএমপি কমিশনার

    রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে যে বিস্ফোরণ হয়েছে, সেটি সাধারণ ককটেল থেকে শক্তিশালী ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

    আজ সোমবার সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়া দেখতে এসে ডিএমপি কমিশনার এ কথা জানান।

    গতকাল রবিবার রাত ৯টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী পুলিশ সদস্যসহ দু’জন আহত হন। ঘটনাস্থলে থাকা পুলিশের গাড়ি পেছনের দিক থেকে আংশিক পুড়ে যায়।

    এ বিষয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়া মাথার স্কাব ভেঙে ব্রেইনে চাপ লেগেছে। গতরাতে তাঁর মাথার অস্ত্রোপচার করা হয়েছে। এখন সবকিছু নরমাল আছে। তবে সে এখনও ঝুঁকিপূর্ণ। তার চিকিৎসার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে।

    কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কাউন্টার টেরোরিজম, ডিবি, সিআইডি ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এটি কি ধরনের বিস্ফোরক তা কাউন্টার টেরোরিজমের বোমা ডিসপোজাল ইউনিট খতিয়ে দেখছে। এটি পুলিশকে টার্গেট করা হয়েছে নাকি অন্য কোনো লক্ষে করা হয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলটি পুলিশ ভ্যানে পেছনে আগে থেকেই রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জনমনে ভীতি, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি করার জন্য কোনো গোষ্ঠী এটি করতে পারে। জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা এই মুহূর্তে বলা যাবে না।

    মালিবাগের ঘটনায় আহত নারী পুলিশ সদস্য রাশেদা খাতুনকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিএমপি কমিশনার তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।