Category: দূর্ঘটনা

  • পুলিশের গাড়িতে বিস্ফোরণ, নারী সদস্যসহ আহত ৩

    পুলিশের গাড়িতে বিস্ফোরণ, নারী সদস্যসহ আহত ৩

    রাজধানীর মালিবাগ মোড়ে (ট্রাফিক পূর্ব সবুজবাগ জোন) পুলিশের গাড়িতে বিস্ফোরণে নারী সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

    আহত পুলিশের ওই নারী কর্মকর্তার নাম রাশেদা আক্তার বাবলী (২৮)। বিস্ফোরণে বাম পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পুলিশের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
    এ ঘটনায় লাল মিয়া (৫০) নামে এক রিকশাচালকও আহত হন। তার মাথায় জখম হয়েছে। এ সময় এক পথচারীও সামান্য আহত হন।

    ঘটনাস্থলে থাকা ট্রাফিক সার্জেন্ট এনামুল হক দুজনকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে (ঢামেক) নিয়ে যান।
    এনামুল জানান, ডিউটির সময় কে বা কারা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এ সময় পাশে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। ডিউটিরত পুলিশের এএসআই রাশেদা এ সময় আহত হন। একজন রিকশাচালকও আহত হন। তাদের দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
    ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মালিবাগ মোড়ে দুবৃর্ত্তদের হামলায় একজন পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কে বা কারা এমন হামলা করেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

  • ঝালকাঠিতে খাদ্য মজুদের গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    ঝালকাঠিতে খাদ্য মজুদের গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    ঝালকাঠিতে তিনতলা একটি ভবনে অগ্নিকা-ে খাদ্য সামগ্রী মজুদ রাখার গোডাউন পুড়ে গেছে। শহরের মধ্য চাঁদকাঠি বিশ্বরোড এলাকায় আজ সোমবার দুপুরে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন।

    ফায়ার সার্ভিস জানায়, প্রাণসহ কয়েকটি কোম্পানির এজেন্ট নিয়ে খাদ্য সামগ্রীর ব্যবসা করেন শহরের ব্যবসায়ী মো. খায়ের। বিশ্বরোড এলাকার সুফিয়া ম্যানশনের নিচ তলায় তাঁর মালামাল রাখার গোডাউনে ছিলো। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে দুপুর একটায় গোডাউনে আগুন লাগে।দ্বিতীয় তলায় একটি বিমা কোম্পানীর অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসার লোকজন এতে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে গোডাউনের ভেতরের খাদ্য সামগ্রীর সব মালামাল পুড়ে যায়।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার মো. মেদেহী হাসান বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণের কারনে দ্বিতীয় তলায় সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসার লোকজন রক্ষা পেয়েছে।

  • পিরোজপুরে বজ্রপাতে যুবলীগ নেতা জাকির নিহত

    পিরোজপুরে বজ্রপাতে যুবলীগ নেতা জাকির নিহত

    পিরোজপুরে ইন্দুরকানি উপজেলায় বজ্রপাতে জাকির আকন (৩৬) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত জাকির উপজেলার কোলপটুয়া ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও একই এলাকার মো. সাহেদ আকনের ছেলে।

    স্থানীয়দের বরাত দিয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে প্রবল বৃষ্টিপাতের মধ্যে বলেশ্বর নদীতে জাল নিয়ে মাছের রেনু পোনা সংগ্রহ করতে যান জাকির আকন।

    এসময় হঠাৎ বজ্রপাতে লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।’’

  • নেপালে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

    নেপালে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। তবে রোববারের এই বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

    পুলিশের কর্মকর্তা শ্যাম লাল গয়ালি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণের পৃথক দু’টি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণ কী ধরনের ছিল সেটি জানতে তদন্ত চলছে।

    কাঠমান্ডুর প্রাণকেন্দ্রের ঘাট্টেকুলো এলাকার একটি বাড়িতে প্রথম বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়। শহর থেকে একটু দূরে সুকেধারা এলাকার একটি সেলুনের পাশে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে দুজনের প্রাণহানি ঘটে। পৃথক বিস্ফোরণে আহত পাঁচজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রয়টার্সের এক আলোকচিত্রী দ্বিতীয় বিস্ফোরণস্থলে কাছে দেখেছেন, সেলুনের দরজা এবং জানালা বিস্ফোরণে উড়ে গেছে। ওই এলাকায় বর্তমানে দেশটির সেনাবাহিনী সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে। তবে রোববারের এই বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

  • মেঘনায় সংঘর্ষে লঞ্চের তলায় ফাটল, বাল্কহেড ডুবি

    মেঘনায় সংঘর্ষে লঞ্চের তলায় ফাটল, বাল্কহেড ডুবি

    নিউজ ডেস্ক: বরিশালের হিজলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি যুবরাজ-৭ ও বালুবাহী বাল্কহেড এমভি সিয়ামের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে শনিবার (২৫ মে) সকাল ১০টায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বাল্কহেডটি ডুবে গেছে ও লঞ্চটির তলায় ফাটল দেখা দিয়েছে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত লঞ্চে থাকা ৩শ’র মতো যাত্রীকে এমভি আওলাদ-৪ নামের লঞ্চে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

    লঞ্চের স্টাফ ও যাত্রীরা বলেন, এমভি যুবরাজ-৭ পটুয়াখালী থেকে ৩শ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে শুক্রবার (২৪ মে) বিকেলে রওয়ানা দেয়। মাঝপথে বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে এসে ঝড়ের কবলে পড়ে।

    এসময় অন্য একটি লঞ্চের সঙ্গে এমভি যুবরাজ-৭ নামের লঞ্চটিকেও নদী তীরে বেঁধে রাখা হয়। পরে ঝড় থামলেও ভাটার কারণে লঞ্চটি চরে আটকে যায়। শনিবার সকালে লঞ্চটি অন্য লঞ্চের সহায়তায় চর থেকে নামিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করানো হয়। কিছুদূর এগিয়ে হিজলার মিয়ারচর সংলগ্ন মৌলভীরহাট এলাকায় পৌঁছালে এমভি সিয়াম নামে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয় লঞ্চটির।মেঘনায় ডুবছে বাল্কহেড।

    এতে লঞ্চের তলা ফেটে গেলে তাৎক্ষণিক সেটিকে নদী তীরে নোঙর করা হয় বলে জানিয়ে এমভি যুবরাজ-৭ এর মাষ্টার সিরাজ বলেন, উল্টাপাশ থেকে বাল্কহেডটি এসে লঞ্চের তলায় সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীরা কেউ হতাহত না হলেও লঞ্চটির তলা ফেটে পানি উঠতে শুরু করে।

    তিনি বলেন, পরে লঞ্চটিকে তীরে নোঙর করে যাত্রীদের এমভি আওলাদ-৪ নামের অপর লঞ্চে তুলে দেওয়া হয়েছে। এ মুহূর্তে লঞ্চটিকে কোনোভাবে মেরামত করা হচ্ছে, যাতে ঢাকায় নিয়ে পুরোপুরি মেরামত সম্ভব হয়।

    এদিকে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়ে নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির পরিদর্শক শেখ মো. বেল্লাল হোসেন বলেন, বাল্কহেডের ৮ জন লোক ছিল, বাল্কহেডটি ডুবলেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

    অপরদিকে লঞ্চের যাত্রীরাও নিরাপদে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক ও বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু।

    বাল্কহেডটি নিমজ্জিত অবস্থা থেকে উত্তোলন না করা গেলে ওই চ্যানেলে নৌযান চলাচলে বিঘ্নতা ঘটতে পারে বলে ধারণা লঞ্চ মাস্টার-চালকদের।

  • অল্পের জন্য রক্ষা পেলো তিন শতাধিক যাত্রী

    অল্পের জন্য রক্ষা পেলো তিন শতাধিক যাত্রী

    বালুবোঝাই কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী এমভি গ্লোরি অব শ্রীনগর-২ যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে গেছে। এতে পানি প্রবেশ করতে থাকলে আরেকটি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন শতাধিক যাত্রীকে উদ্ধার করে। প্রাণে বেঁচে যায় যাত্রীরা।

    মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের নদীতে এ ঘটনা ঘটে।

    শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে প্রায় তিনশত যাত্রী নিয়ে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হয় যাত্রীবাহী লঞ্চ এমভি গ্লোরি অব শ্রীনগর-২। রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের কাছে আসলে একটি বালুভর্তি বড় কার্গো পাশের দিক থেকে ধাক্কা দেয়।

    এতে লঞ্চের সামনের তলা ফেটে যায়। পরে লঞ্চে পানি প্রবেশ করতে থাকলে ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটিকে খবর দিলে তারা ঘটনাস্থালে দ্রুত চলে এসে। এরপর শ্রীনগর-২ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে লালমোহনের উদ্দেশে রওনা হয়।

    তিনি আরও বলেন, তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেন। যার কারণে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। বর্তমানে শ্রীনগর-২ লঞ্চটি চরে উঠিয়ে রাখা হয়েছে।

  • ভোলায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

    ভোলায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

    : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মো. হাসান (১৯) ও আরোহী রাকিব (২০)। নিহত হাসান বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ও রাকিব একই উপজেলার বড় মানিকা এলাকার বাসিন্দা। তারা আপন মামাতো ফুফাতো ভাই।

    স্থানীয়রা জানান, নিহত হাসান ও রাবিক তাদের পারিবারিক কাজে সকালে মোটরসাইকেল নিয়ে মনিরাম বাজার নামক এলাকায় যান। কাজ শেষে দুপুরে বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হন। বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে আসলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বোরহনউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক আটোরিকশাটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে।’’

  • পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পটুয়াখালীর কলাপাড়ায় পুকুড়ে পড়ে আমানুল্লাহ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদি বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    প্রতিবেশিরা জানান, শিশুটির মা তাকে পুকুর ঘাটে রেখে ঘরে যান। কিছুক্ষন পরেই এসে আমানুল্লাহকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর ঐ পুকুর থেকেই তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

    নিহত শিশু আমানুল্লাহ ঐ ইউনিয়নের অলিউল্লাহ হাওলাদারের পুত্র।

  • বজ্রপাতে কক্সবাজারে ৩ জন নিহত ও ৫ জন আহত

    বজ্রপাতে কক্সবাজারে ৩ জন নিহত ও ৫ জন আহত

    বজ্রপাতে কক্সবাজারে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় বজ্রপাতে একই পরিবারের শিশু ও কিশোরীসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো-উক্ত এলাকার মাওলানা নুরুল ইসলামের কন্যা ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২)। নিহত ২ জনের পিতা, মাতা ও তাদের আরেকটি শিশু একই বজ্রপাতে গুরুতর আহত হয়েছে।

    একইসময়ে উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামক একজন রোহিঙ্গা শরনার্থী নিহত ও দু’জন আহত হয়। এনিয়ে রোববার ১৯ মে কক্সবাজার জেলায় বজ্রপাতে মোট তিনজন নিহত ও ৫ জন আহত হয়ওয়ার খবর নিশ্চিত হওয়াগেছে।

  • বরগুনায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

    বরগুনায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

    বরগুনার আমতলী ফেরিঘাটে গ্যাঙ্গওয়ে দিয়ে ফেরীতে পিকআপ ওঠার সময় পিছন দিক থেকে ইট বোঝাই টমটমের ধাক্কায় পল্টুনে থাকা ছত্তার দফাদার (৬৫) এবং চাওড়া পাতাকাটা চৌরাস্তায় টমটম থেকে ছিটকে পরে বিশ্বজিৎ নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাতে।

    জানাগেছে, আমতলী ফেরিঘাটে বরগুনার যাওয়ার জন্য পিকআপ ও ইট বোঝাই টমটম অপেক্ষা করছিল। শনিবার রাত আটটার দিকে গ্যাঙ্গওয়ে দিয়ে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩৯১৬৩) ফেরিতে উঠতেছিল। এ সময় ইট বোঝাই টমটম পিছন দিক থেকে পিকআপকে স্ব-জোড়ে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ফেরির পল্টুনে উঠে যায়। এতে পল্টুনে থাকা ছত্তার দফাদার ও ফেরির ম্যানেজার পুলিন বাবু গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত ছত্তার দফাদারকে মৃত্যু ঘোষনা করেন। অপর আহত পুলিন বাবুকে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। অপর দিকে উপজেলার চাওড়া পাতাকাটা চৌরাস্তায় শনিবার সন্ধ্যায় টমটম ঘুরানোর সময় টমটম থেকে ছিটকে ওই টমটমের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের শিশু বিশ্বজিৎ গুরুতর আহত হয়। দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ পিকআপ ও টমটম আটক করেছে। পুলিশ লাশ দুটির সুরতহাল প্রতিবেদন করে অভিভাবকের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

    আমতলী ফেরিঘাটের প্রত্যক্ষদর্শী খলিলুর রহমান ও জুয়েল বলেন, গ্যাঙ্গওয়ে দিয়ে পিকআপ ফেরিতে উঠার সময় পিছন দিক দিয়ে ইট বোঝাই টমটম পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ফেরির পল্টুনে উঠে গেলে পল্টুনে থাকা ছত্তার দফাদার ও পুনিল গুরুতর আহত হয়েছে।

    শিশু বিশ্বজিতের দাদা নিমাই শীল বলেন, ননী তার ছেলে বিশ্বজিৎকে নিয়ে আমতলী যাওয়ার জন্য টমটমে উঠে। এ সময় টমটম ঘুরাতে গেলে শিশু বিশ্বজিৎ ছিটকে টমটমের চাকায় পিষ্ঠ হয়।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র বলেন, আহত ছত্তার দফাদার ও শিশু বিশ্বজিৎকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

    আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, নিহত দু’জনকেই সুরতহাল প্রতিবেদন করা হয়েছে এবং চিকিৎসক মৃত্যুর কারণ উল্লেখ করে মৃত্যু সনদ দিয়েছেন। পরে অভিভাবকের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।