Category: দূর্ঘটনা

  • মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

    মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

    মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা হলেও উড়োজাহাজটির পাইলট শামীম আহত হয়েছেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ যাত্রী নিয়ে ইয়াঙ্গুন যাচ্ছিল। সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করে। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।

    ছিটকে পড়া উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

    উড়োজাহাজটি ছিটকে পড়ে পাইলট আহতের তথ্য নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, যাত্রীরা অক্ষত আছেন। তবে কয়েকজন যাত্রী হয়তো সামান্য ব্যথা পেয়েছেন। পাইলট ও যাত্রীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে চিকিৎসক পাঠানো হচ্ছে।

  • বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে আগুন

    বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে আগুন

    বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এর আগে সোমবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।

    প্রতক্ষদর্শীরা জানান, নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে দ্বিতীয় তলার কয়েন রাখার ভল্টে আগুন লাগে। এ সময় ব্যাংক কর্মকর্তা-কমচারীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসতে থাকেন।

    বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাংকের ভেতরের আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ভল্ট অক্ষত রয়েছে।

    ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় কয়েনের ভল্টে একটি চেয়ারে আগুন লেগেছিল। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস দ্রুত কাজ শুরু করায় বড় ধরনের ক্ষতি হয়নি।

  • ফণীর প্রভাবে কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৬

    ফণীর প্রভাবে কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৬

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া, মিঠামইন ও ইটনা উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে।

    শুক্রবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এর মধ্যে পাকুন্দিয়ার তিনজন, মিঠামইনের দুইজন ও ইটনার একজন রয়েছেন।

    নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুর্শাকান্দা গ্রামের আয়াজ আলীর ছেলে আসাদ মিয়া (৫৫), একই উপজেলার চরফরাদি ইউনিয়নের আলগীরচর গ্রামের আবদুল হালিমের মেয়ে নুরুন্নাহার (৩০), একই এলাকার এন্তাজ আলীর ছেলে মুজিবুর (১৭), মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মহিউদ্দিন (২৩), একই উপজেলার কেওয়াজোড় ইউনিয়নের অলিপুর গ্রামের এবাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৭) ও ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কাটুইর গ্রামের রাখেশ দাসের ছেলে রুবেল দাস (২৬)।

    পুলিশ জানায়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার দুপুরের দিকে জেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে পাকুন্দিয়া, মিঠামইন ও ইটনায় ছয়জনের মৃত্যু হয়।

    পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস, মিঠামইন থানার ওসি জাকির রব্বানি ও ইটনা থানার ওসি মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • ফণীর তাণ্ডবে ভবন পুড়ে ছাই

    ফণীর তাণ্ডবে ভবন পুড়ে ছাই

    ১৭৫ কিলোমিটারের বেশি গতির বাতাসের শক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। ফণীর প্রাথমিক তাণ্ডবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর শহরের একাংশ তছনছ হয়ে পড়েছে। ২৪ পরগনায় তীব্র বাতাসের সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভস্মীভূত হয়ে গেছে একটি বাড়ি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    তুমুল ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ওপর একটি বাড়ির ওপর। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাড়িটিতে। পুড়ে ছাই হয়ে যায় দ্বিতল এই বাড়ি। ঘূর্ণিঝড়ের হাত থেকে ফসল বাঁচাতে ধান কেটে ঘরে তুলে রেখেছিলেন। আগুনে সেই চেষ্টাও ব্যর্থ হয়। আগুনে পুড়ে যায় ঘরে মজুত করা ধান। তবে ঘটনার সময়, বাড়িতে কেউ না থাকায়, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

    বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় ফনি ভারতের ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন উপকূলীয় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে শুক্রবার মধ্যরাত নাগাদ। খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় আজ সকাল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হয়েছে।

    ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্রগ্রাম, নোয়াখালী, ললক্ষ্মীপুর, ফেনী,চাঁদপুর, বরগুনা, ভোলা,পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি,বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ -৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে।

  • ঝড়ের নাম ‘ফেনী না ফণী’ এই তর্কে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৯

    ঝড়ের নাম ‘ফেনী না ফণী’ এই তর্কে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৯

    ঝড়ের আতঙ্কে যখন মানুষ ভীত তখন অহেতুক বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়েছে একদল যুবক। তখন ভারতের মধ্য প্রদেশের রামপুরা শহরে এক চায়ের দোকানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝড়ের নাম সঠিক কি? ফেনী? না ফণী? এই তর্ক করতে করতে দুই ভাগ হয়ে যায় চায়ের দোকানের লোকজন। তারপর তর্ক বাড়তে থাকে, এক পর্যায়ে বেধে যায় সংঘর্ষ। আর এতেই আহত হয়েছে নয়জন যুবক।

    এদিকে এই যুবকেরা যখন অহেতুক ব্যাপার নিয়ে সংঘর্ষ করছে, তখন ভারতে আঘাত হেনেছে ফণী। ঘূর্ণিঝরের নাম নিয়ে সংঘর্ষের খবরটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

    ঘূর্ণিঝড় ফণীর কারণে ভারতের ওডিশা রাজ্যে তিন ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    ওডিশা রাজ্যের বিশেষ ত্রান কমিশনার বিষ্ণুপদ শেঠি সাংবাদিকদের বলেন, ‘আমি এখন পর্যন্ত দুই ব্যক্তির নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারি।’

    ওডিশার এই ত্রাণ কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় ফণী চলাকালে এক বয়স্ক ব্যক্তি একটি আশ্রয়শিবিরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। আরেক ব্যক্তি সতর্কতা উপেক্ষা করে ঘূর্ণিঝড়ের মধ্যে বাইরে যান। তাঁর ওপর গাছ পড়লে তিনি নিহত হন।

    ঘূর্ণিঝড়ে রাজ্যে অনেক গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। রাজ্যের অনেক এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে কোনো কোনো এলাকা ডুবে গেছে।

    সকালে ওডিশা রাজ্যের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। ফণীর প্রভাবে প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যায়। একই সঙ্গে ভারী বৃষ্টি হয়।

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

    সৌদি আরবের সাকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি। দূতাবাসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

    জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত হন।

    গাড়িতে ১৭ জন ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে পাঠানো হয়েছে। নিহতদের লাশ সাকরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • মৌলভীবাজারে ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

    মৌলভীবাজারে ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার পতনউষার, শমশেরনগর, মুন্সিবাজার ও পৌরসভা এলাকায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

    রোববার দুপুরে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি লন্ডভন্ড হয়ে গেছে।

    স্থানীয় সূত্র জানায়, কমলগঞ্জ-কুলাউড়া সড়কে শমশেরনগর এয়ারপোর্ট রোডে ব্যাপক গাছপালা ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া লাউয়াছড়া পাহাড়ে রেল লাইনের ওপর গাছ পড়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ও সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল ও কুলাউড়া স্টেশনে আটকা পড়েছে। বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে যাওয়ার করণে বিদ্যুৎহীন রয়েছে পুরো কমলগঞ্জ।

    molovibazar-cyclone

    স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ে পতনউষার ইউনিয়নের পতনউষার, শ্রীরামপুর, চন্দ্রপুর, ধোপাটিলা, রসুলপুর, বৃন্দাবনপুর, দক্ষিণপল্কীসহ ১০টি গ্রামের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে। পতনউষারের বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইন ছিঁড়ে পড়েছে। পতনউষার গ্রামের আলাল মিয়া, দক্ষিণপল্কী গ্রামের আগুরী বিবিরসহ প্রায় ২০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

    অপরদিকে, একই সময় শমশেরনগর, মুন্সিবাজার ও কমলগঞ্জ পৌরসভায় ঘূর্ণিঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের আধাপাকা একাডেমিক ভবনের টিন ছাউনিসহ পৌরসভার ৫, ১, ২ নং ওয়ার্ডের ঘরের অনেক বাড়ির টিন উড়ে গেছে। কয়েক শতাধিক গাছপালা উপড়ে পড়েছে।

    পতনউষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর বলেন, আমার ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা।

    molovibazar-cyclone

    বাংলাদেশ রেলওয়ে শ্রীমঙ্গল জোনের উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে রেললাইনে গাছপালা ভেঙে পড়েছে। তাই ট্রেন আটকা পড়েছে।

    কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোবারক হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় শতাধিক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে একদিন সময় লাগবে।

    কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতা মো. আছাদুজ্জামান বলেন, সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ভেঙে পড়া ঘরবাড়ির তালিকা দেয়ার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে।

  • বরগুনায় পুকুরে ডুবে অটোচালকের মৃত্যু

    বরগুনায় পুকুরে ডুবে অটোচালকের মৃত্যু

    অনলাইন ডেস্ক:

    বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের অটোচালক জাকির শরীফ (২৮) পুকুরে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের আসমত আলী শরীফের পুত্র অটোচালক মোঃ জাকির শরিফ শনিবার দুপুরে বাড়ীর পুকুরে গোসল করতে যায়।

    ওই পুকুরে কিছুক্ষন সাতার কাটতে দেখে বাড়ীর লোকজন। আধা ঘন্টায়ও সে ঘরে না ফিরলে স্বজনরা খুঁজতে নামে। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, জাকির পুকুরে গোসল করতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত হয়নি।

  • পটুয়াখালীতে সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

    পটুয়াখালীতে সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

    স্টাফ রিপোর্টার//

    পটুয়াখালীর কারখানা নদীর ঝিলনা ও পাংশিঘাট পয়েন্টে সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে ছিটকে পরে যাওয়া মালিকসহ নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

    শনিবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    এ ঘটনায় আহত আবদুল খালেককে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, ট্রলার মালিক নুরুল আলম ও তার সহযোগী মনির হোসেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

    পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে মহিষ নিয়ে ট্রলারে লক্ষ্মীপুর যাচ্ছিল। পথিমধ্যে মহিষবাহী ট্রলারে ত্রুটি দেখা দিলে কারখানা নদীর তীরে নোঙ্গঁর করে মেরামত করছিল। এ সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেরে আসা যাত্রীবাহী একটি লঞ্চ ভোর ৪টার দিকে ওই ট্রলারটিকে ধাক্কা দেয়। এসময়  ট্রলারের উপর ঘুমিয়ে থাকা মালিক নুরুল আলম ও  তার সহযোগী মনির হোসেন নদীতে ছিটকে পরে নিখোঁজ হয়।

    এ বিষয়ে পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জেলা ফায়ার সার্ভিসের লিডার মো. খবির উদ্দিন হাওলাদার জানান, এ ঘটনায় বরিশাল থেকে ডুবুরি দল এসে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করে। তবে মহিষ হতাহত হয়নি বলে জানান তিনি।

    দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আহত আবদুল খালেককে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রলার মালিক পক্ষের অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • হাঁসের বাচ্চা ধরতে গিয়ে তিন শিশুর মৃত্যু

    হাঁসের বাচ্চা ধরতে গিয়ে তিন শিশুর মৃত্যু

    নিউজ ডেস্ক:

    খেলাধুলা করার সময় বাড়ির পাশের ডোবার (বড় গর্ত) পানিতে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

    নিহত তিন শিশু হল- ওই গ্রামের মিলন মিয়ার ছেলে নিয়ন (৪), পাশের বাড়ির দুলাল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও রুস্তম আলীর মেয়ে ফাহিমা আক্তার (৫)।

    স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার আগে ওই তিন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় তারা দল বেঁধে হাঁসের বাচ্চা ধরতে গেলে পর্যায়ক্রমে ওই ডোবার পানিতে পড়ে যায়।

    পরে স্থানীয়রা ওই শিশুদের দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।