Category: দূর্ঘটনা

  • ব‌রিশালে ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত

    ব‌রিশালে ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত

    ব‌রিশালের গৌরনদীর্উপজেলায় ট্রলিচাপায় নিলাদ্রী মজুমদার (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

    শ‌নিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

    নিলাদ্রী মাহিলাড়া গ্রামের তপন মজুমদারের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ছাত্র ছিল।

    স্থানীয় সূত্রে জানা‌ গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয় মাঠের মধ্য দিয়ে হাঁটছিল নিলাদ্রী। এসময় বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বালুবাহী একটি ট্রলি মাঠে বালু নামিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    গৌরনদী মডেল থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

  • ভয়াবহ দুর্ঘটনা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল ভবন, নিহত ১০

    ভয়াবহ দুর্ঘটনা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল ভবন, নিহত ১০

    ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হুড়মুড়িয়ে ধসে পড়েছে বহুতল ভবন। চীনের সাংহাই শহরে একটি বাণিজ্যিক ভবন ধসে ১০ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

    ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    সাংহাইয়ের চেঞ্জনিং জেলার জোহা রোডের ওই ভবনটির পুনঃসংস্কারের কাজ চলছিল। আর সেই কাজ চলাকালীনই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনটি ধসে পড়ে। সেই সময় কংক্রিটের পিলার ও কাঠের বিম ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

    ধ্বংসাবশেষের নিচ থেকে এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১০ জন মৃত বলে জানা গিয়েছে। এর আগে এক বিবৃতিতে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত আর কেউ ওই ভবনের নিচে চাপা পড়ে আছে কিনা তার খোঁজ করছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

  • বাগেরহাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

    বাগেরহাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

    বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    শনিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার কাকডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি

    ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন।

    পুলিশ জানায়, খুলনা থেকে ফকিরহাট হয়ে মোল্লাহাটগামী যাত্রীবাহী বাস সড়কের কাকডাঙা এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ও রাস্তার পাশের পথচারীসহ পাঁচজন নিহত হন।

  • গলাচিপায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    গলাচিপায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    নিউজ ডেস্ক :: পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে শাওন (৭) ও সিফাত (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শাওন ও সিফাত সম্পর্কে মামা-ভাগ্নে। শাওন উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আবু প্যাদার ছেলে ও সিফাত একই এলাকার শাহিন মেলকারের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টার দিকে শিশু দুটি বড় গাবুয়া এলাকার মেলকার বাড়ির সামনে খেলা করছিল। খেলার এক ফাঁকে বড় গাবুয়া মসজিদের সামনের বদ্ধ খালে পড়ে ওই শিশু দুটির মৃত্যু হয়।

    বাড়ির লোকজন শাওন ও সিফাতকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির পরে তাদেরকে খালের পানিতে ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজন পানি থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

  • ঝড়ে বায়তুল মোকাররমের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫

    ঝড়ে বায়তুল মোকাররমের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫

    ডেস্ক রির্পোটঃ শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের মুসল্লিদের নামাজ আদায়ের জন্য তৈরি প্যান্ডেল ভেঙে একজন নিহত হয়েছেন।

    এ ঘটনায় অন্তত ১৫ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের দায়িত্বরত অফিসার বাচচু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

    আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    খবর পেয়ে সদর দফতর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

    শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝড় শুরু হলে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে দায়িত্বরত জীবন মিয়া জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

  • উজিরপুরে ৩ দোকান পুড়ে ছাই: ২০ লাখ টাকার ক্ষতি

    উজিরপুরে ৩ দোকান পুড়ে ছাই: ২০ লাখ টাকার ক্ষতি

    অনলাইন ডেস্ক :: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও আগুন নিভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৫ মে) ভোর রাতে বৈদ্যুতিক গোলযোগে এই আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সাতলা বাজারের মোকসেদ হাওলাদার ও খবির বিশ্বাসের মিষ্টির দোকান এবং আনোয়ার সন্যামতের মুদি মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

    উজিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মো: সনাজ জানান, পুড়ে যাওয়া তিনটি দোকানঘরের মধ্যে কোনো একটি দোকানঘর থেকে বৈদ্যুতিক গোলযোগের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌছানোর আগেই আগুনে দোকানঘরগুলো পুড়ে ভূস্মিভূত হয়েছে।

    এদিকে অগ্নিকান্ডে দোকানঘর ভস্মিভূত হওয়ার বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে তাদেরকে সরকারিভাবে সহয়তার আশ্বাস দেন।
    এ সময় সেখানে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারিসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • অবুঝ দুই সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন মা

    অবুঝ দুই সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন মা

    দালালদের খপ্পরে পড়ে সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে মাদারীপুরের শিবচর উপজেলার জাকির হোসেন (২৮) নিহত হয়েছেন।

    নিহত জাকির হোসেন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৮নং চর গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। নিহতের খবর বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

    পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর এই দিনে পরিবারের মুখে হাসি ফুটাতে অর্থ উপার্জনের জন্য নূর-নবী খলিফা ও নূর ইসলাম খলিফা নামের দুই দালালের হাত ধরে বিদেশে পাড়ি জমান জাকির হোসেন।

    জাকিরকে স্থলপথে তুরস্ক নেয়ার কথা থাকলেও দালালরা লিবিয়া নিয়ে আটকে রাখে। লিবিয়ায় জাকির হোসেনকে আটকে রেখে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করে দালালরা।

    টাকা দিতে অস্বীকার করলে ছেলেকে বিক্রি করে দেবে অথবা না হয় অনাহারে রাখবে বলে হুমকি দেয় তারা। এভাবে ভয়ভীতি দেখিয়ে এ পর্যন্ত পরিবারের কাছ থেকে প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় দালালরা।

    Madaripur-Jakir

    গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাডুবিতে নিহত হন জাকির হোসেন।

    জাকির হোসেনকে হারিয়ে এখন দিশেহারা স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন। স্বামীকে হারিয়ে কান্না যেন থামছে না স্ত্রী শান্তা আক্তারের। অবুঝ দুটি কন্যা সন্তানকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই মায়ের। বাবার জন্য কান্না থামছে না অবুঝ দুই সন্তানের।

    এদিকে, নৌকাডুবিতে সন্তান নিহত হওয়ার খবরকে বিশ্বাস করতে পারছেন না জাকিরের বাবা-মামা। আহাজারিতে আকাশ-বাতাস ভারি করে তুলেছেন তারা।

    এলাকাবাসী জানান, দালালদের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত জাকির হোসেনের পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই কারও। তবে দালালদের উপযুক্ত শান্তি দাবি করেছেন এলাকাবাসী। যাতে আর কোনো দালাল এভাবে নৌকাযোগে গ্রামের সহজ-সরল যুবকদের নিয়ে মৃত্যুর দিকে ঠেলে না দেয়।

  • ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আহত ৩০, এক যাত্রী নিখোঁজ

    ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আহত ৩০, এক যাত্রী নিখোঁজ

    ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাটে যাত্রীবাহী কর্ণফুলি-১৩ লঞ্চটি ভেরার সময় যাত্রীদের ওপর উঠিয়ে দিয়েছে। এতে ঘাটে থাকা প্রায় ২৫/৩০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় মো. সোহাগ নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় যাত্রীরা।

    শুক্রবার রাত ৮টার দিকে ভোলা বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

    jagonews

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চটি উপজেলার বেতুয়া ঘাট থেকে বিকেলে ছেড়ে এসে রাত ৮টার দিকে দ্রুত চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন ঘাটে ভেরার সময় লঞ্চের জন্য অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘাটে থাকা প্রায় ২৫/৩০ জন যাত্রী আহত হয়েছেন এবং সোহাগ নামে একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    bhola-1

    বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী কর্ণফুলি-১৩ লঞ্চটি ঘাট ভেরার সময় যাত্রীদের ওপর চাপিয়ে দেয়। পরিস্থিতি দেখে লঞ্চটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এতে ২৫/৩০ জন আহত হয়েছেন।

    তিনি আরও বলেন, নিখোঁজ সোহাগসহ তার কয়েকজন বন্ধু বোরহানউদ্দিনে দীর্ঘদিন রাস্তার কাজ করছিলেন। শুক্রবার কাজ শেষে ঢাকার উদ্দেশে হাকিম উদ্দিন ঘাটে পৌঁছলে দুর্ঘটনায় তিনি নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশ নদীতে নেমেছে।

  • কাতারে সড়কে ৩ বাংলাদেশির প্রাণহানি, আহত দুই

    কাতারে সড়কে ৩ বাংলাদেশির প্রাণহানি, আহত দুই

    কাতারের আলাদিয়া শহরে গত বুধবার সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দোহার হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, কাতারে বাস দুর্ঘটনায় নিহত শ্রমিকদের মধ্যে একজন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামের মৃত মোকাদ্দেস ফকিরের ছেলে লিটন। তিনি দুই বছর আগে জীবিকার সন্ধানে কাতার আসেন। দুর্ঘটনায় টাঙ্গাইল ও যশোর জেলার আরও দুই শ্রমিক নিহত হয়েছে, যাদের পরিচয়  তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    নিহত লিটনের বড়ভাই মোনারুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে কাতার থেকে এক আদম ব্যবসায়ী তাকে ফোন করে বাস দুর্ঘটনায় লিটনের নিহতের কথা জানিয়ে ফোন কেটে দেন। পরে আমরা কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

  • আগুনে পুড়লো ৭ হাজার মুরগি

    আগুনে পুড়লো ৭ হাজার মুরগি

    লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে একটি  খামারের সাত হাজার মুরগি মারা গেছে। এতে মালামালসহ  পুড়ে খামারির ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুধারাম মোড়ের সাউধেরখিল এলাকায় নোহা পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারের মালিক পশ্চিম ভাদুর গ্রামের মো. মানিক হোসেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে- তা নিশ্চিতভাবে জানাতে পারেনি কেউ।

    স্থানীয়রা জানান, উপজেলার সাউধেরখিল এলাকার শাহ আলমের কাছ থেকে জমি ভাড়া নিয়ে মানিক ২০১৭ সালের জানুয়ারিতে নোহা পোল্ট্রি খামার গড়ে তোলেন। সর্বশেষ মার্চে তিনি খামারে ৭ হাজার সোনালি মুরগির বাচ্চা উত্তোলন করেন। প্রতিটি মুরগির ওজন এখন ৭ থেকে ৮শ গ্রাম। মঙ্গলবার গভীর রাতে খামারটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    মানিক হোসেন বলেন, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। খামারের চারপাশে এবং ভেতরের সিলিংয়ে একই সঙ্গে  আগুন লাগার বিষয়টি উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে। তবে কারা, কী কারণে আগুন দিয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পানেননি তিনি।