Category: প্রচ্ছদ

  • বরিশালে প্রধানমন্ত্রীর উপহার; ৬৭ ভিক্ষুকের আনন্দের উচ্ছ্বাস

    বরিশালে প্রধানমন্ত্রীর উপহার; ৬৭ ভিক্ষুকের আনন্দের উচ্ছ্বাস

    নিজস্ব প্রতিবেদকঃ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বরিশালে ৬৭ ভিক্ষুককে সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদফতর।

    মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গনে সমাজসেবা অধিদফতরের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে সহায়তা দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    এসময় সুবিধাভোগীদের মাঝে ১৬টি ভ্যান গাড়ি, ১২টি সেলাই মেশিন, ৮ জনকে গবাদিপশু, ৮ জনকে মুদি দোকানের মালামাল, ৮ জনকে চায়ের দোকানের মালামাল, ১ জনকে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন উপকরণসহ মোট ৬৭ জনের হাতে এ সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

    বরিশাল সমাজসেবা অধিদফতরের জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, সহায়তা পেতে পুরো জেলা থেকে ভুক্তভোগীরা সমাজসেবা বরাবর আবেদন করে। পরে সেসব আবেদন যাচাই-বাছাই শেষে ৬৭ জনকে সহায়তা দেওয়ার জন্য নির্বাচন করা হয়।

    তিনি আরও বলেন, এরা প্রত্যেকেই আগে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করত। প্রধানমন্ত্রীর দেওয়া এই সহায়তা পেয়ে যেন ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজে কিছু করে খেতে পারে, তাই তাদেরকে যার যার প্রয়োজন অনুযায়ী ভ্যান গাড়ি, সেলাই মেশিন, দোকানের মালামাল, গবাদিপশুসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রবেশন কর্মকর্তা।

    প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সুবিধাভোগী সবাইকে এসব উপহার সামগ্রী যেন কেউ বিক্রি না করে নিজে ব্যবহার করেন তার শপথ করান।

    জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, আপনাদের জীবনমান উন্নয়নে এসব সামগ্রী দেয়া হয়েছে। প্রয়োজনে এমন সহায়তা আরও দেওয়া হবে, তবু এসব মালামাল কেউ বিক্রি করবেন না।

    তিনি আরও বলেন, বরিশালে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন ও কর্মহীন থাকবে না। সেজন্য শেখ হাসিনার সরকার প্রয়োজন মতো কাজ করে যাচ্ছে। পরে সবার মাঝে স্বাধীনতার শুভেচ্ছা স্মারক হিসেবে টি-শার্ট, ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক শহিদুল ইসলামসহ প্রমুখ।

  • মেট্রোরেলের ব্যয় বৃদ্ধিসহ ৮ প্রকল্প অনুমোদন

    মেট্রোরেলের ব্যয় বৃদ্ধিসহ ৮ প্রকল্প অনুমোদন

    নিউজ ডেস্কঃ মেট্রোরেল নির্মাণে প্রায় ১১ হাজার ৪৮৭ কোটি টাকা ব্যয় ও দেড় বছর সময় বাড়ানোসহ প্রায় ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

    মঙ্গলবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।

    শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

    প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের ফলে মেট্রোরেল নির্মাণে ব্যয় বাড়লো ১১ হাজার ৪৮৬ কোটি ৯২ লাখ টাকা এবং নির্মাণ কাজ শেষ করার মেয়াদ বাড়ানো হলো দেড় বছর। একই সঙ্গে এর দৈর্ঘ্য বাড়বে ১ দশমিক ১৬ কিলোমিটার। মেট্রোরেলের নির্মাণ ব্যয় বৃদ্ধির ফলে এখন পর্যন্ত এর মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা। সর্বশেষ মেট্রোরেলের ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৫৮ কোটি টাকা।

    মেট্রোরেলের ব্যয় ও সময় বৃদ্ধিসহ মঙ্গলবার মোট ৮টি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সবগুলো প্রকল্প নির্মাণে ব্যয় হবে প্রায় ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৪৪৪ কোটি ২৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৩ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা।

    অনুমোদিত প্রকল্পগুলো হলো
    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে ‘চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক (এন-১০৬) এর হাটহাজারী হতে রাউজান পর্যন্ত সড়কাংশ ৪-লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ডেভেলপমেন্ট (লাইন-৬) (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘নরসিংদী সড়ক বিভাগের আওতায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক (আর-২১১) ও নয়াপাড়া-আড়াইহাজার নরসিংদী-রায়পুরা (আর-১১৪) দুটি আঞ্চলিক মহাসড়ক যথাযথমানে প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ’ প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি) (২য় সংশোধিত)’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন হতে সংরক্ষণ’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন (UGDP) (২য় সংশোধিত) (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।

    পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

    সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

    সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

    নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনাসহ ৮ আসামিকে ১১ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন মঙ্গলবার দুপুরে আলোচিত মামলাটির রায় ঘোষণা করেন।

    সাবরিনা ছাড়া মামলার বাকি আসামিরা হলেন—সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী, সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস। আসামিরা সবাই কারাগারে রয়েছেন।

    আসামিদের প্রত্যেককে দণ্ডবিধির তিনটি ধারায় এই সাজা দিয়েছে আদালত। এর মধ্যে দণ্ডবিধির ৪২০ ধারায় ৩ বছর, ৪৬৬ ধারায় ৪ বছর আর ৪৭১ ধারায় ৪ বছর মোট ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ জুন এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার ১৯ জুলাই রায়ের দিন ঠিক করা হয়।

    এর আগে মামলাটিতে গত ১১ মে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। গত ২০ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

    মামলার তদন্ত শেষে গত ৫ আগস্ট আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী চার্জশিট জমা দেন। চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে এক হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়েছে। গত বছর ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। ওই ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে আটক করে পুলিশ। হিরু স্বীকারোক্তি দিয়ে জানান, তিনি ভুয়া করোনা সার্টিফিকেটের ডিজাইন তৈরি করতেন, যার সঙ্গে জেকেজি গ্রুপের লোকজন জড়িত। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ জেকেজির সিইও আরিফুলসহ চারজনকে আটক করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর জ্ঞাতসারেই সব কিছু হয়েছে বলে পুলিশকে জানান আটক ব্যক্তিরা।

    এরপর ওই বছর ১২ জুলাই ডা. সাবরিনা চৌধুরীকে গ্রেপ্তার করে ১৩ জুলাই ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। ওই রিমান্ডের পর ১৭ জুলাই তার ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ জুন আরিফ চৌধুরীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। ১৫ জুলাই তাকে ফের ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। সব আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

    ২০২০ সালের ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। একই বছরের ২০ আগস্ট সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত।

    ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক। তিনি আরিফের চতুর্থ স্ত্রী। তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী রাশিয়া ও লন্ডনে থাকেন। তৃতীয় স্ত্রীর সঙ্গে তালাক হয়েছে তার। চতুর্থ স্ত্রী ডা. সাবরিনার কারণেই করোনার নমুনা সংগ্রহের কাজ পায় জেকেজি হেলথকেয়ার।

    প্রথমে তিতুমীর কলেজ মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে ৪৪টি বুথ স্থাপন করেছিল প্রতিষ্ঠানটি। নমুনা সংগ্রহের জন্য মাঠকর্মী নিয়োগ দেন তারা। তাদের হটলাইন নম্বরে রোগীরা ফোন দিলে মাঠকর্মীরা বাড়ি গিয়ে এবং বুথ থেকেও নমুনা সংগ্রহ করতেন। এভাবে নমুনা সংগ্রহ করে তারা ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেন, যার মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করে। প্রতিটি সার্টিফিকেটের বিনিময়ে তারা ৫ হাজার টাকা করে নিয়েছেন।

  • শেবাচিমের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন বিএমপি কমিশনার

    শেবাচিমের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন বিএমপি কমিশনার

    আজ ১৯ জুলাই, ২০২২ খ্রিঃ সকাল ১০ঃ০০ ঘটিকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক হাসপাতালের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জসীম উদ্দিন হায়দার, পরিচালক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল জনাব ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

  • বিশ্বে একদিনে মৃত্যুতে শীর্ষে ফ্রান্স, সংক্রমণে জাপান

    বিশ্বে একদিনে মৃত্যুতে শীর্ষে ফ্রান্স, সংক্রমণে জাপান

    আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১০২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৩২৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ৯১ হাজার ৫৬২ জন।

    এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৯ হাজার ৩৪৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৮৭৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৯১ জন।

    মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৩ হাজার ৬০২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ১৭৪ জন মারা গেছেন ফ্রান্সে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ হাজার ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৫৬৯ জন।

    এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৪৩ জন, ইতালিতে ১১২ জন, রাশিয়ায় ৩৫ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, চিলিতে ৪০ জন এবং তাইওয়ানে ৪৮ জন মারা গেছেন।

    এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪১ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ১০৭২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

  • বরিশালে দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

    বরিশালে দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্কঃ বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে ভ‍‍ূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ জুলাই তিনি এই দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

    পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হবে বলে ঘোষণা দিযেছেন বরিশাল বিভাগীয় কমিশনার।

    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় আগামী ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান এই তথ্য জানান।

    সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন।

    এই লক্ষ্যে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই বরিশাল বিভাগের ৬ জেলার ৪২ উপজেলায় ৩ হাজার ৫শ’ ৫০টি ভ‍ূমি ও গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করবে সরকার। এর মধ্যে বরিশাল জেলায় জমি সহ সেমিপাকা ঘর পাচ্ছেন ৬শ’ ৮৩টি গৃহ ও ভূমিহীন পরিবার। আগের চেয়ে বরাদ্দ বেশী থাকায় এবারের ঘরগুলো টেকসই হবে বলে আশা করা হচ্ছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব বর্ষে একটি পরিবারও গৃহহীন এবং ভ‍ূমিহীন থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারী বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় ৬ হাজার ৮৮টি এবং দ্বিতীয় পর্যায়ে একই বছরের ২০ জুন ৪২ উপজেলার ৭ হাজার ১শ’ ৫৩টি গৃহ ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেয়া হয়। তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে গত ২৬ এপ্রিল বিভাগে আরও ৩ হাজার ২শ’ ১০টি পরিবারকে দুই শতাংশ জমির উপর নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ঘর উপহার দেয়া হয়। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই জমি সহ ঘর দেয়া হবে আরও ৩ হাজার ৫শ’ ৫০টি গৃহ ও ভূমিহীন পরিবারকে। ওইদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করবেন।

    এবার আগের (১ লাখ ৭১ হাজার টাকা) চেয়ে বরাদ্দ ৮৮ হাজার টাকা বেশী হওয়ায় ঘরগুলো অনেক টেকসই এবং দুর্যোগ সহনশীল হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

    প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগ বাস্তবায়নে ইতিমধ্যে বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার কাঠালিয়া এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত বলে ঘোষণা দেয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো বিভাগকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

    এদিকে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ২১ জুলাই ৩য় পর্যায়ের ২য় ধাপে বরিশাল জেলার ১০ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৮৫৬টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ ৬৮৩টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এরমধ্যে বরিশাল সদর উপজেলায় ৮টি, বাকেরগঞ্জে ৫৯টি, মেহেন্দিগঞ্জে ১৪৫টি, উজিরপুরে ১৪১টি, গৌরনদীতে ৯২টি, মুলাদী ২০টি, বাবুগঞ্জে ৫৭টি, হিজলায় ৯০টি, আগৈলঝাড়ায় ৭১ টি গৃহ রয়েছে। অসমাপ্ত বাকি ৭২১টি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • ৮টার পর শপিংমল বন্ধ

    ৮টার পর শপিংমল বন্ধ

    অনলাইন ডেস্কঃ ৮টার পর শপিংমল বন্ধ থাকবে। শিডিউল অনুযায়ী অফিসের সময়সূচী ১-২ ঘন্টা কমানোর চিন্তা চলছে। এলাকাভিত্তিক লোডশেডিং, তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত ও সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি হবে বলে জানানো হয়েছে।

    সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

    তিনি বলেন, বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। একই সঙ্গে সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ থাকবে।

    তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।

    প্রতিমন্ত্রী জানান, এছাড়া অফিসের সময় কমানো যায় কিনা, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

    সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

  • বরিশালে পুলিশের সাথে ছাত্রদলের ধাক্কাধাক্কিতে বিক্ষোভ মিছিল পন্ড

    বরিশালে পুলিশের সাথে ছাত্রদলের ধাক্কাধাক্কিতে বিক্ষোভ মিছিল পন্ড

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পুলিশের সাথে মহানগর ও জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের ধস্তা-ধস্তি ও ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে।

    আজ সোমবার (১৮) জুলাই সকাল সাড়ে সকাল সাড়ে ১১ টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টাপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় সম্মুখে।

    মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড, রেজাউল করিম রনির সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু,মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমাউন কবির, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক কামরুল ইসলাম,জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম এমরান, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রাঢ়ি প্রমুখ।

    এসময় মহানগর ও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করার চেষ্টা করা হলে টাউন হলের গেটে পুলিশ বাধা প্রদান করে এখানে পুলিশের সাথে বেশ কিছু সময় ছাত্রদলের মিছিলের নেতা কর্মীদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি করার পর ছাত্রদল নেতৃবৃন্দ পিছু হটে দলীয় কার্যলয় গিয়ে কর্মসূচি শেষ করে।

  • সিটি মেয়রের শোক

    সিটি মেয়রের শোক

    তানজিম হোসাইন রাকিবঃ বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অমিতা ঘোষ আজ সকালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় এ শোক প্রকাশ করেন।

  • বিএমপি’র  মাসিক  কল্যাণ সভা অনুষ্ঠিত

    বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


    তানজিম হোসাইন রাকিবঃ

    আজ ১৮ জুলাই ২০২২ খ্রিঃ সোমবার, সকাল ০৯:০০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সম্মানিত বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।

    সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা  ও চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

    এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে  আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং,  ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে  সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    এ সময় বিএমপি  অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মােহাম্মদ এনামুল হক সহ
    বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ  ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।