Category: প্রচ্ছদ

  • বিএমপির নতুন কমিশনার সাইফুল ইসলামের যোগদান

    বিএমপির নতুন কমিশনার সাইফুল ইসলামের যোগদান

    বরিশাল মেট্টোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার যোগদান করেছে। যোগদানের পূর্বে তাকে গার্ড সালামী ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

    আজ বুধবার ১৩ জুলাই বিকেল ৪ টায়, নবাগত বিএমপি কমিশনার (ডিআইজি) মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার বরিশাল আগমন উপলক্ষ্যে বিএমপি’র পক্ষ থেকে তাকে বরিশাল পুলিশ অফিসার্স মেস চত্বরে গার্ড সালামি ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

  • শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

    শ্রীলঙ্কান পার্লামেন্টের স্পিকারের বরাত দিয়ে বুধবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির পার্লামেন্টের স্পিকারের মতে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সবেমাত্র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন।

    তিনি আরও বলছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদে নিয়োগের কথা জানিয়েছেন। তবে রাজাপাকসের পক্ষ থেকে সরাসরি কোনো কথা বলা হয়নি।

    প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে সমস্ত ঘোষণাই পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান বলে জানান দেশটির অভিবাসন কর্মকর্তারা।

    বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।

    মূলত শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি। এছাড়া শ্রীলঙ্কান একটি প্রদেশে কারফিউও জারি করা হয়েছে।

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

    প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মুখপাত্র দিনৌক কলোম্বেজকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ‘প্রেসিডেন্ট দেশের বাইরে রয়েছেন। তাই দেশের পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে।’

    পুলিশ জানিয়েছে, দেশের পশ্চিম প্রদেশ অর্থাৎ কলম্বোসহ একাধিকায় জায়গায় কারফিউ কার্যকর করা হয়েছে। দেশজুড়ে বিক্ষোভে লাগাম টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘কলম্বোয় প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে বিক্ষোভ, প্রতিবাদ চলছে। এই পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়েছে।’

  • বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

    বুধবার (১৩ জুলাই) গণভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী দেশের অটিজম ও এনডিডি শিশুদের শিক্ষার ন্যায্য ও সম-অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভলপমেন্ট ডিজেবিলিটিজ (এনএএএনডি)’-এর স্থাপত্য নকশার উপস্থাপনা অবলোকন করেন।

    প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে পাঠানো ওক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    শেখ হাসিনা বলেন, বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া, যে কোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরণের শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

    তাছাড়াও তিনি শহর এলাকায় যেকোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস-ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেন।

    প্রধানমন্ত্রী এসময় অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে তিনি দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু/অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার উপর জোর দেন।

  • বরিশালে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর পলাতক

    বরিশালে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর পলাতক

    বরিশালের উজিরপুরে রুবি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুবি আক্তার উপজেলার বরাকোঠা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর বরাকোঠা গ্রামের ওর্য়াকশপ ব্যবসায়ী মো. স্বপন ব্যাপারীর স্ত্রী এবং একই উপজেলার বামরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হস্তিসন্ড গ্রামের ব্যবসায়ী বজলু হাওলাদারের মেয়ে। এ ঘটনার পর থেকে স্বপন ও তাঁর বাবা পলাতক রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মো. স্বপন ব্যাপারীর সঙ্গে রুবির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাঁদের সংসারে দাম্পত্য কলহ দেখা দেয়। তাঁদের রাহাত আর রেদোয়ান নামে দুই ছেলেসন্তান রয়েছে।

    এই মৃত্যুর বিষয়ে নিহতের মা নেহেরুন বেগম বলেন, ‘বিয়ের পর থেকে স্বপন আমার মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত।’ নিহতের বাবা বজলু হাওলাদার বলেন, ‘ঘটনার কয়েক দিন আগে মেয়ের স্বামী সরাসরি আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। সাধ্যমতো কিছু টাকাও দিয়েছিলাম।’

    খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আজ বুধবার সকালে পুলিশ গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহতের গলা ও পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বরিশালের ২ শীর্ষ পুলিশ কর্মকর্তা হচ্ছেন র‌্যাবে নতুন অধিনায়ক

    বরিশালের ২ শীর্ষ পুলিশ কর্মকর্তা হচ্ছেন র‌্যাবে নতুন অধিনায়ক

    পুলিশে বড় ধরনের পদোন্নতির পর এবার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন ও বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩৮ জন অতিরিক্ত ডিআইজির মধ্যে চারজন কর্মকর্তাকে ঢাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র‌্যাব) অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

    সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের নাম জানতে পেরেছে ঢাকা টাইমস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ফাইলে প্রধানমন্ত্রীর স‌ই হলেই প্রজ্ঞাপন জারি হবে।

    ঢাকায় র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে পদায়ন হতে যাওয়া অতিরিক্ত ডিআইজির মধ্যে আছেন বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ডিসি মো. মোকতার হোসেন, বরিশালের এসপি মো. মারুফ হোসেন, ফরিদপুরের এসপি আলিমুজ্জামান এবং পাবনার এসপি মো. মহিবুল ইসলাম।

  • শনাক্ত বেশি ফ্রান্সে, মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে ব্রাজিল

    শনাক্ত বেশি ফ্রান্সে, মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে ব্রাজিল

    বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ফ্রান্সে। দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। মৃত্যুর এ তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, তাইওয়ান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো।

    একদিনে বিশ্বে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিনশো। এতে মহামারি শুরুর পর মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬৩ লাখ ৭৬ হাজার ৪৩৬ জনে। এসময়ে ৮ লাখ ২২ হাজার ৭৯৯ জন শনাক্ত হওয়ায় আগের দিনের তুলনায় এ সংখ্যা আড়াই লাখের বেশি বেড়েছে। মোট রোগীর শনাক্তের সংখ্যা হয়েছে ৫৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৫৩ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল জার্মানি।

    বুধবার (১৩ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬ জন এবং মারা গেছেন ১২৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৯৪৭ জন শনাক্ত এবং ১ লাখ ৫০ হাজার ৩০৫ জন মারা গেছেন।

    দৈনিক প্রাণহানির তালিকায় জার্মানিকে টপকে শীর্ষে উঠে আসা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৭৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩০ লাখ ৫ হাজার ২৭৮ জন এবং মারা গেছে ৬ লাখ ৭৪ হাজার ১৬৬ জন।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ২৫১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৬ লাখ ৮১ হাজার ৩২ জন শনাক্ত এবং মারা গেছেন ১০ লাখ ৪৬ হাজার ৬১০ জন।

    একদিনে ইতালিতে শনাক্ত আরও ১ লাখ ৪২ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ১৫৭ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৩২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ৩৯০ জন মারা গেছেন। এসময়ে কানাডায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১ জন এবং মারা গেছেন ২৮ জন।

    গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে মারা গেছেন ৬০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৩২ হাজার ৪২৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৮০ জনের। একইসময়ে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

    একদিনে রাশিয়ায় শনাক্ত আরও ৪৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৩১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৬৯ জনের। একইসময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮০৫ জন এবং মারা গেছেন ৫৩ জন।

    অস্ট্রেলিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ১৮ জন।

  • অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

    অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

    শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পদত্যাগপত্রে মঙ্গলবার সই করেছেন। তবে বুধবার জমা দেওয়া হবে। শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

    জানা গেছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্রে সই করা হয়েছে এবং তা এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।

    স্পিকার মহিন্দা ইয়াবা আবেবর্ধনেকে পদত্যাগপত্রটির বিষয় অবগত করা হয়েছে। তিনি
    বুধবার গোতাতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

  • বরিশালে তেলের লরির সাথে যাত্রীবাহি বাসের সংঘর্ষে নিহত ১

    বরিশালে তেলের লরির সাথে যাত্রীবাহি বাসের সংঘর্ষে নিহত ১

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকীতে বাস ও তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তেল বহনকারী লরির চালক ঘটনাস্থলে নিহত হন এবং বাসের ৬ যাত্রী আহত হয়েছে। নিহত মোক্তার মোল্লা (৫০)গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার বাসিন্দা।

    আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল পৌনে ৭ টার দিকে টরকী বাজার সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে ঘটা এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।

    স্থানীয়রা জানান,বরিশাল থেকে বিএমএফ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। টরকি ব্রিজের উত্তর প্রান্তের পৌছালে বিপরীত দিক থেকে আসা তেলের লরির
    সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

    বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ বেলাল হোসেন বলেন, এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের ৬ জন যাত্রী আহত হন।

    তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় পরে থাকলে সেটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেয়া
    হয়েছে।

    তবে একদম যান চলাচল বন্ধ ছিলো না। ছোট গাড়িগুলোকে সবসময় চলাচল করতে দেয়া হয়েছে। বাস-ট্রাকের মতো বড় যানবাহনগুলো প্রায় ১ ঘন্টা দুর্ঘটনার কারনে
    মহাসড়কের ওপর আটকে ছিলো।

  • বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

    বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

    বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

    বিভাগীয় কমিশনার এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সুষ্ঠু-সুন্দর পরিবেশে ঈদে জামাত আদায় করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

    পদ্মা সেতুর কারনে এবারের ঈদ দক্ষিণাঞ্চলবাসীর জন্য বিশেষ আনন্দের জন্য জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঈদ জামাত শেষে মোনাজাতে দোয়া কামনা করা হয় বলে বিভাগীয় কমিশনার জানিয়েছেন।
    পদ্মা সেতুর সুফল ভোগ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দেন।

    এদিকে, বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের স্বরূপকাঠী ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঝালকাঠীর এনএইচ কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। বরিশালের উজিরপুরের গুটিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

    নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় প্রথম ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।

    এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সবগুলো ঈদ জামাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

  • পবিত্র ঈদুল আজহা আজ

    পবিত্র ঈদুল আজহা আজ

    পবিত্র ঈদুল আজহা আজ রোববার (১০ জুলাই)। এদিন বাংলাদেশসহ আশপাশের দেশে ঈদ উদযাপিত হবে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা।

    আল্লাহর জন্য নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেওয়ার মহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদুল আজহা ফিরে আসে মুসলমানদের মাঝে।

    ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

    এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

    এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

    এই জামাতে অংশ নেবেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    বায়তুল মোকাররমে এবারও ঈদুল আজহার পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সবশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।