Category: প্রশাসন

  • ঢাবি ভিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

    ঢাবি ভিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সম্পন্ন করতে আদালতের নির্দেশনা অনুসারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

    বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ মামলা করেন।

    মামলার অন্য দুইজন হলেন-ঢাবির প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও ট্রেজারার ড. কামাল উদ্দিন।

    এর আগে গত ৪ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ভিসিসহ তিনজনকে আইনি নোটিশ পাঠান তিনি।

    মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, গত ১৭ জানুয়ারি হাইকোর্টের এক নির্দেশে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়ের মধ্যে নির্বাচন না দেয়ায় সংশ্লিষ্টদেরকে একটি আইনি নোটিশ পাঠান। কিন্তু সে নোটিশের কোনো জবাব না পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। আগামী রবিবার এ বিষয়ে শুনানি হতে পারে।

    উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

     

  • বার্নিকাটর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    বার্নিকাটর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

    মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।

    আগামী অক্টোবরে ঢাকা মিশন শেষ হচ্ছে প্রায় তিন বছর ধরে ঢাকায় থাকা জ্যেষ্ঠ কূটনীতিক মার্শা বার্নিকাটের। তবে সরকার প্রধানের সঙ্গে এটি তার বিদায়ী সাক্ষাৎ নয়। বরং দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি আলোচনা করতে বৈঠক করছেন তিনি।

    বৈঠকের সঙ্গে যুক্ত কূটনীতিকরা ধারণা করছেন, সরকার প্রধান ও মার্কিন দূতের বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন, বৈশ্বিক, আঞ্চলিক এবং অভ্যন্তরীণ রাজনীতি, সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে। সহিংসতামুক্ত পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনের একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ার প্রশ্নে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতাতেও উৎসাহ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের বন্ধু-উন্নয়ন সহযোগীরা।

    এর আগে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য গত সপ্তাহে মার্কিন দূত পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। সেখানে এ সংক্রান্ত একটি নোটভারবালও হস্তান্তর করেন।

    অবশ্য ৫ সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের দিনেই বিমানবন্দরে আকাশবীণার উদ্বোধনীতে সরকার প্রধানের সঙ্গে দেখা হয় বার্নিকাটের। বিমানের ভেতরে পাশাপাশি বসে একটি সেলফিও তুলেন রাষ্ট্রদূত।

  • বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

    বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

    বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাতীয় সংসদে নেমে এসেছে অন্ধকার। সংসদ অধিবেশন শুরুর পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যাওয়া পরও সেখানে লাইন দিতে না পারায় সংসদের বেশির ভাগ রুম অন্ধকারে ছেয়ে যায়। তবে জেনারেটরের মাধ্যমে সংসদ অধিবেশন সোয়া এক ঘণ্টা চলার পর বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় তড়িঘড়ি করে সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

    মঙ্গলবার বিকেল ৫টায় সংসদ অধিবেশন চলার পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। সেই অবস্থাতেই অধিবেশন শুরু হয়। পরে বিদ্যুৎ আসলেও সংসদে লাইন দেয়া যাচ্ছিল না। লাইন দিলেই কেটে যাচ্ছিল। এরপর ঘণ্টা খানেক অধিবেশন চলার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদের সব কাজ স্থগিত করে বুধবার বিকেল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করেন।

    এ বিষয়ে পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমাদের সংসদ চলে মেঘনা ঘাটের ৪০০ মেঘাওয়াট বিদ্যুৎগ্রিডের মাধ্যমে। কিন্তু সেখানে কারিগরি সমস্যা দেখা দেয়ায় সংসদের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এজন্য সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে।’

    সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণ পর তা আসলেও সংসদের লাইন দেয়া যাচ্ছিল না। বার বার কেটে যাচ্ছিল। এজন্য এখন আর লাইন দেয়ার সাহস পাচ্ছেন না কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষা করে লাইন দেয়া হবে।

    সংসদের চিফ হুইপ ও ডেপুটি স্পিকারের কার্যালয়ের কয়েকটি রুম ঘুরে দেখা গেছে তারা মোবাইলের লাইন দিয়ে জরুরি কাজ করছেন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদের বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।

  • বরিশালে দুই ভুয়া চিকিৎসকের জরিমানা

    বরিশালে দুই ভুয়া চিকিৎসকের জরিমানা

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে রেডিয়াম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কোনো সনদ ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন দুই যুবক। স্থানীয় জনসাধারণের সাথে দীর্ঘদিন ধরে এভাবেই প্রতারণা করে আসছিলেন তারা। অবশেষে সোমবার রাতে র‌্যাবের অভিযানে তাদের আটক করা হয়।

    আটকের পর ওই দুই যুবক র‌্যাবের কাছে স্বীকার করেন তাদের কোনো ডাক্তারি সনদ নেই। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেয়া হয়।

    জরিমানাকৃতরা যুবকরা হলেন- উজিরপুর উপজেলার গুটিয়া বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) ও একই এলাকার শাহজাহান আলীর ছেলে মাহবুবুর রহমান (২৬)।

    বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের এএসপি মুকুল চাকমা জানান, ওই দুই যুবক নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে জনসাধারনের সাথে প্রতারণার মাধ্যমে ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা কোনো সনদ দেখাতে পারেননি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • আগৈলঝাড়ায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদ

    আগৈলঝাড়ায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদ

    আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় মানবাধিকার ইউনিটির নেতৃবৃন্দ, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধপরাধীসহ সকল অপরাধের বিচার করছেন। তাই সাংবাদিক নদী হত্যার বিচারও এই সরকার নিশ্চই করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

    আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, প্রেসক্লাব সাবেক সভাপতি সরদার হারুন রানা প্রমুখ।

    সমাবেশে গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, এনজিও সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরের রাধানগর মহল্লার বাসার গেটের সামনে সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে সুবর্ণার সাবেক শ্বশুর, সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে পাবনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • সিরাজগঞ্জে নেপালি ছাত্রীকে যৌন নির্যাতন, প্রভাষক কারাগারে

    সিরাজগঞ্জে নেপালি ছাত্রীকে যৌন নির্যাতন, প্রভাষক কারাগারে

    বিয়ের প্রলোভনে নেপালি মেডিকেল কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা.তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাতে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে মেডিকেল ছাত্রীর অভিযোগে শহরের ধানবান্ধি মহল্লা থেকে তাকে আটক করা হয়। ডাঃ তুহিন নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি নেপালে।

    অভিযোগে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন অধ্যাপক ডা. তুহিন। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নও করেন। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে ডা.তুহিন বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে শুক্রবার দুপুরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

    এরপর রবিবার বিকেলে আবারও ওই ছাত্রী বিয়ের জন্য ডা. তুহিনের বাড়ি যায়। তখন দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওই মেডিকেল ছাত্রী বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানিয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেন।

    সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের পরই ডা. তুহিনকে আটক করা হয়। প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় মেয়েটির অভিযোগ মামলা হিসেবে গ্রহণ ডা. তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্য প্রফেসর ডা.এসএম আকরাম হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পরই ডা. তুহিনের বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে প্রথমে উত্তেজিত করতো বাবা-ছেলে

    অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে প্রথমে উত্তেজিত করতো বাবা-ছেলে

    বরিশালের উজিরপুর উপজেলায় এক শিশুকে (১৩) বাবা-ছেলে মিলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার পর সোমবার দুপুরে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর বড়াকোঠা গ্রামের মৃত আজাহার বেপারীর ছেলে আলী আকবর বেপারী (৬০) ও তার ছেলে বেল্লাল বেপারী (৩৫)।

    মামলা সূত্রে জানা গেছে, আলী আকবর বেপারীর প্রতিবেশী নজরুল ইসলাম মন্টু কারিগরের বাড়িতে ঝিয়ের কাজ করতো ধর্ষিতা শিশুটির মা। কাজের জন্য ওই বাড়িতে কিশোরীর যাওয়া আসার পথে শিশুটির ওপর ওই বাবা-ছেলের দৃষ্টি পড়ে। প্রথমে লম্পট আলী আকবর বেপারী গত ১৫ জুলাই বিকেল ৪টায় ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ ধামুরা ডাবেরকুল রোর্ডের পূর্ব পাশে আলাউদ্দিন খন্দকারের বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে।

    এরপর তার ছেলে লম্পট বেল্লাল বেপারী গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টায় একই এলাকার জব্বার মোল্লার মিল সংলগ্ন বাগানের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তোকে ধর্ষণ করে। এমনকী ওই লম্পট বাবা-ছেলে প্রায়ই মোবাইল ফোনে শিশুটিকে অশ্লীল ভিডিও দেখিয়ে উত্তেজিত করে ধর্ষণ করতো। এরপর গত ৯ সেপ্টেম্বর হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি মায়ের কাছে সব কথা বলে দেয়।

    এ ঘটনায় সোমবার সকালে শিশুটির মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লম্পট বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    উজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • বিস্ফোরক মামলায় এক দিনের রিমান্ডে বিএনপি’র ১১ নেতাকর্মী

    বিস্ফোরক মামলায় এক দিনের রিমান্ডে বিএনপি’র ১১ নেতাকর্মী

    নারায়ণগঞ্জে পৃথক তিন থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারকৃত ১১জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনে সোমবার পৃথক সময় দুটি আদালতে রিমান্ড শুনানী হয়।

    কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আফজাল হোসেন, হাসান, মফিজুল ইসলাম, হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

    এ মামলায় তাদের ৪ জনের বিরুদ্ধে পুলিশের আবেদনে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীন। একই আদালত সিদ্ধিরগঞ্জের বিস্ফোরক আইনের মামলায় জিয়া উদ্দিন বিজয় ও রমজান ভূইয়ার বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

    অপরদিকে, নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্তের আদালত ফতুল্লা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় দুলাল ভুইয়া, রাজিব হোসেন, সোহেল মোল্লা, আব্দুল কাদের ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

  • ৪ দিন আটক রেখে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, নারীসহ আটক ৪

    ৪ দিন আটক রেখে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, নারীসহ আটক ৪

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে চার দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেই গৃহবধূ বাদী হয়ে সোমবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন।

    পুলিশ এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক  করেছে। আটককৃতরা হলেন সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে মাসুদ (২৮), একই এলাকার আবদুল বারেকের ছেলে মাসুদ (৩০), ধনপুর এলাকার ছারু মিয়ার ছেলে সিএনজি চালক হাসান (২৬) এবং ধর্ষণে সহযোগিতাকারী বল্লভপুর গ্রামের সহিদ মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার (২৭)।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ওমান প্রবাসীর স্ত্রী তার বাপের বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে উলুরচর এলাকায় স্বামীর বাড়িতে ফিরতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশার চালক হাসান পথিমধ্যে বল্লভপুর গ্রামের সহিদ নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে টানা চারদিন তাকে গণধর্ষণ করা হয়।

    এ সময় সেই গৃহবধূর বিভিন্ন অশ্লীল ছবি তুলে ৫ লাখ টাকা দাবি করা হয়। পরে গত ৮ সেপ্টেম্বর কৌশলে পালিয়ে যান গণধর্ষণের শিকার সেই গৃহবধূ। এরপর তিনি সোমবার সদর দক্ষিণ মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

    এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি সহিদকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

  • কথা দিয়েছিলাম, আপনার কাছেই প্রথম আসবো: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    কথা দিয়েছিলাম, আপনার কাছেই প্রথম আসবো: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাংলাদেশে আসবেন। সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে তিনি বলেন, ‘কথা দিয়েছিলাম, আপনার কাছেই প্রথম আসবো’।

    এর আগে বিকেল পৌনে ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    জানা যায়, ২০১০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। প্রায় ৪৭৭ কোটি টাকার এ প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।

    আখাউড়া-আগরতলা রেলপথ মোট ১৫ কিলোমিটার। এরমধ্যে আগরতলা অংশে পাঁচ কিলোমিটার আর বাকি ১০ কিলোমিটার আখাউড়া অংশে।