Category: প্রশাসন

  • অভিভাবকদের আগে ভালো মানুষ হতে হবে : আইজিপি

    অভিভাবকদের আগে ভালো মানুষ হতে হবে : আইজিপি

    শামীম ইসলাম:

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের কী শিক্ষা দিচ্ছি সেটার উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যত। ওদেরকে অবুঝ ভাববেন না। শিশুদের শুধু ভালো মানুষ হবার কথা না বলে অভিভাবকদের নিজেদের আগে ভালো মানুষ হতে হবে। কারণ আমরা যা বলছি তার চেয়ে যা করছি তাই বেশি অনুসরণ করে ওরা।

    শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৮’ শীর্ষক ওই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এসব বলেন তিনি।

    igp

    অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুলিশ পরিবারের ৩৬১ জন কৃতি সন্তানকে বৃত্তি প্রদান করেন আইজিপি।

    পুলিশ পরিবারের কৃতি সন্তানদের বৃত্তি প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সাফল্যের স্বীকৃতি সুস্থ প্রতিযোগিতা তৈরি করে। ওদেরকে (শিক্ষার্থী) আরও বেশি অনুপ্রাণিত করতে হবে। কারণ ভবিষ্যতে আমাদের পরিচয়, সম্মান নির্ভর করছে ওদের উপর। ওদের কর্মে অভিভাবকরা উজ্জ্বল হয়।আমরা পুলিশ সদস্যরা পরিবার ও সন্তানদের সময় দিতে পারি কম। আমাদের মতো সরকারি চাকরীজীবিরাও। আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হবার ক্ষেত্রে মূল ভূমিকা তো গর্বিত মা’দের। তবে বাবার আদর্শ, শিক্ষা এবং কর্ম প্রভাবিত করে আমাদের সন্তানদের। অভিভাবকদের উচিত ওদের সাথে, ওদের সামনে, গোচরে, অগোচরে নৈতিক কর্মের দৃষ্টান্ত রাখা। দিন শেষে আপনার কথা হয়, আপনি যা করছেন সন্তান সেটাই গ্রহণ করছে।

    igp

    কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘ভালো মানুষ হতে হবে। সেজন্য মানবিক বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে চিনতে হবে। বাংলাদেশকে চিনতে ও চেনাতে বঙ্গবন্ধু, দেশের ইতিহাস, সংস্কৃতি ও অভ্যুদ্বয়ের ইতিহাস জানতে হবে। পরীক্ষার খাতায় ভালো লিখে ভালো রেজাল্ট করাই জীবনের সব কিছু নয়, বরং পদে পদে পরীক্ষা দিতে হবে। জীবনের স্তরে স্তরে পরীক্ষায় পাস করতে পারাই ভালো মানুষ হয়ে ওঠার সিঁড়ি।’

    বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নজিবুর রহমান বলেন, ‘হে কৃতি সন্তানেরা, তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা আজই সিদ্ধান্ত নাও কি হতে চাও। নেতা হওয়া সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন। সমাজের চারদিকে ভালো মানুষ থাকার জন্য বিপদ তৈরি হয়েছে। টাকা বেড়েছে, কমেছে শান্তি। সোনার মানুষ হতে গেলে এসব মোকাবেলার চ্যালেঞ্জ নিতে হবে।’

    igp

    একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বিশ্বের কোথাও বাংলাদেশ পুলিশের ন্যায় কর্মঘণ্টার বাইরে এতো বেশি পরিশ্রম করতে হয় না। এরপরও অহেতুক পুলিশকে নিয়ে নানা সমালোচনা। পুলিশকে নিয়ে এতো এতো সমালোচনা ও বিরোধিতা তা কৃতিত্বের সাথে তোমাদের জবাব দিতে হবে, এভাবেই সফলতার মধ্য দিয়ে।’

    এবার পুলিশ পরিবারের ৩৬১ কৃতি শিক্ষার্থীর মধ্যে এসএসসি ৩৫৪ জন (ছেলে ১৭৫ ও মেয়ে ১৭৯), দাখিল ৪ জন, ও লেভেল ৩ জনকে (ছেলে ২, মেয়ে ১) সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

  • নৌকাডুবিতে ভাই-বোন নিখোঁজ

    নৌকাডুবিতে ভাই-বোন নিখোঁজ

    শামীম ইসলাম:

    রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে ভাই-বোন নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিখোঁজেরা হলেন সুমি বেগম (১৮) ও তাঁর ভাই রবিউল গাজী (৭)। তাঁদের বাড়ি বরিশালের হিজলা উপজেলার সদরে। নৌকাডুবির সময় তাঁদের সঙ্গে মা ও আরেক বোনও ছিলেন। তবে তাঁরা তীরে উঠতে সক্ষম হয়।

    নিখোঁজ দুজনের বাবা সমিত গাজি  বলেন, বরগুনাগামী লঞ্চ শাহরুখ-১ যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ে ওই খেয়া নৌকা উল্টে যায়। তিনি বলেন, তাঁর স্ত্রী দুই মেয়ে ও ছেলেকে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট থেকে সদরঘাটের লালকুঠি এলাকায় যাচ্ছিল। কিন্তু সদরঘাট টার্মিনাল এলাকায় পৌঁছালে ওই লঞ্চের সৃষ্ট ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।

    সমিত গাজীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আর দুর্ঘটনা কবলিত নৌকায় তাঁর স্ত্রী ও তিন সন্তানই যাত্রী ছিল। ঘটনার সময় সমিত গাজি ওই নৌকায় ছিলেন না।

    সদরঘাট নৌথানার পরিদর্শক আবদুর রাজ্জাক  বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ অভিযান চালাচ্ছে।

  • বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

    বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বলেন, যারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণ রয়েছে।

    তিনি আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ ও প্রমাণ আমাদের কাছে রয়েছে। তারা যদি চ্যালেঞ্জ করে আমরা পরিষ্কার বলতে পারবো, কি অভিযোগে তাদের ধরা হয়েছে। তাদের অপরাধের ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে।

    তিনি বলেন, ধর্ম যার-যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে ও ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

    পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তের আগে কোন মন্তব্য করা সম্ভব নয়।

    নির্মল কুমার চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত, সংসদ সদস্য ঊষাতন তালুকদার, হিউবোর্ট গোমেজ, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।

  • কোটার কারণে পেছন থেকে অনেকে চলে আসে

    কোটার কারণে পেছন থেকে অনেকে চলে আসে

    জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, কোটার কারণে জাতীয় মেধা তালিকার পেছন থেকে অনেকে চলে আসে। তবে মেধা তালিকার বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই।

    আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন সচিব। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৬২ জন শিক্ষানবিশ সহকারী কমিশনার অংশ নেন।

    নতুন সহকারী কমিশনারদের উদ্দেশে জনপ্রশাসন সচিব বলেন, ‘তোমরা যারা বিসিএসে রিটেন (লিখিত) পাস করেছ, ভাইভা পাস করে এখানে এসেছ, তাঁরা কি অমেধাবী। নিঃসন্দেহে নয়। হ্যাঁ কোটার কারণে জাতীয় মেধা তালিকার পেছন থেকে অনেকে চলে আসে। তবে মেধা তালিকার বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই।’

    প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, কোনো অবস্থাতেই ‘অমেধাবীদের’ বিসিএসে আসার সুযোগ নেই। গত ১০টি বিসিএসের পরিসংখ্যান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ১০ শতাংশের বেশি পূরণ হয়নি। নারী কোটাও পূরণ হয় না। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শূন্য আসনগুলো মেধা তালিকা থেকে পূরণ করা হয়। সরকার কোটা পর্যালোচনা করছে।

    কোটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘তোমরাও (শিক্ষানবিশ সহকারী কমিশনার) বিদ্রোহী হয়ে থাকতে, যদি তোমাদের রেজাল্ট না আসত। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি জনপ্রশাসনের সচিব। এ জায়গা থেকে আমাকে কোটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। দেশ-বিদেশের অনেক তথ্য সংগ্রহ করেছি। বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে কম করে হলেও কিছু কিছু কোটা আছে।’

    পরিশ্রম ও সততার মাধ্যমে দায়িত্ব পালনে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। তাঁদের উদ্দেশে সচিব বলেন, পদের কারণে যেন নিজেদের মধ্যে অহংকারবোধ না আসে। নমনীয় হতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। দায়িত্ব পালন করতে হলে বিভিন্ন বিষয় নিয়ে ধারণা থাকতে হবে। বই-পত্রিকা পড়তে হবে। জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

  • শনিবার থেকে শুরু জেল খাল পুন:সংস্কারের কাজ

    শনিবার থেকে শুরু জেল খাল পুন:সংস্কারের কাজ

    আগামী শনিবার ৮ সেপ্টেম্বর থেকে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেল খাল পুন:সংস্কারের কাজ শুরু হতে যাচ্ছে। শনিবার সকাল ১১ টার দিকে নগরীর নথুল্লাবাদ পয়েন্ট থেকে পুন:সংস্কারের কাজ শুরু হবে।

    পুন:সংস্কার কাজের উদ্বোধন করবেন সদ্য যোগদানকারী বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঐতিহ্যবাহী জেল খাল উদ্ধারে সাবেক জেলা প্রশাসক কর্তৃক গৃহীত অসমাপ্ত পদক্ষেপ ও উদ্যোগসমূহ যা সর্বমহলে প্রশংসিত হয়েছিল তা সমাপ্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

    এ ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশনসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা চান জেলা প্রশাসক।

  • কারগারে আদালত স্থানান্তরে সংবিধান লঙ্ঘন হয়নি : অ্যাটর্নি জেনারেল

    কারগারে আদালত স্থানান্তরে সংবিধান লঙ্ঘন হয়নি : অ্যাটর্নি জেনারেল

    অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে সংবিধান মেনেই পুরনো কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছে।

    বুধবার বিকালে বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগের প্রেক্ষিতে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ‘কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করায় সংবিধান লঙ্ঘন হয়েছে’ এমন অভিযোগের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কারগারে আদালত স্থানান্তরে সংবিধান লঙ্ঘন হয়নি। নিরাপত্তাজনিত কারণেই পুরনো কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছে।

    এর আগে, সকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।

    আদালতে বিচারককে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, ‘আপনারা যা খুশি করেন, যা ইচ্ছা সাজা দেন।’

    এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা না থাকায় শুনানি মুলতবি করে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করে দেন বিচারক। সে পর্যন্ত এই মামলায় জামিনে থাকবেন খালেদা জিয়া।

    প্রসঙ্গত, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দু’বছর আগে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই দিন থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

  • প্রধান নেশা শিশু ধর্ষণ, অবশেষে গ্রেফতার

    প্রধান নেশা শিশু ধর্ষণ, অবশেষে গ্রেফতার

    প্রধান নেশা শিশু ধর্ষণ। একের পর ৫-১০ বছরের শিশুদের টার্গেট করে তাদের পিছু নিয়ে নানা প্রলোভনে আসক্ত করে সুযোগ বুঝে ধর্ষণ করে পালানোই যেন মহাসিন (৩৫) নামের এক ধর্ষকের প্রধান নেশা। সতের বছর আগে ১৮ বছর বয়সেই সে শিশু ধর্ষণ মামলায় জেলও খেটেছে একবার। তারপর আবার গত বছরের নভেম্বরে এবং এ বছরের ফেব্রুয়ারিতে পৃথক স্থানে শিশুধর্ষণ করে। ধর্ষণের উদ্দেশ্যে সে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে থাকা এবং তার পরিচয় কেউ যাতে চিহ্নিত না করতে পারে তার জন্য কৌশলে সে বিশেষ পন্থা অবলম্বন করতো।

    মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রঘুরামপুর গ্রামের আকমত আলি ওরফে আফতাব আলি শেখের ছেলে মহসিন। তবে বহু আগেই বাড়িঘর বিক্রি করে সে ওখান থেকে উধাও হয়। এমনই এক শিশু ধর্ষক অবশেষে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হলো বুধবার রাতে। অনেক শিশুর অভিভাবকরা আত্মসম্মানের ভয়ে মামলা না করলেও ইতিমধ্যে ২ শিশুর অভিবাবকরা ধর্ষক  মহসিন আলীর বিরুদ্ধে মামলা করে। ওই ২ শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মহসিন আলি শেখকে (৩৫) বুধবার মধ্যরাত ৪টার দিকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে শিশু ধর্ষণের ৪৩(২)১৮ ও ৫২(১১)১৭ নং দুইটি মামলা রয়েছে। অন্যান্য থানায়ও তল্লাশি দেওয়া হচ্ছে এ জাতীয় আরো মামলা তার বিরুদ্ধে থাকতে পারে এ আশংকায় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো: আলমগীর হোসোইন।

    এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) গাজী মো. সালাউদ্দিন জানান, ২০০১ সালে শিশু ধর্ষণ মামলায় ৫ বছর জেল খেটে বের হয়েছে বলে মহসিন মৌখিকভাবে স্বীকার করে। তবে মামলাটির সত্যতা যাচাই বাছাই চলছে। আটকের রাতে ১২টার পর মুন্সীগঞ্জের বিনোদপুর এলাকায় ধর্ষণসহ চুরি, ছিনতাই করার উদ্দেশ্যে ঘুরে বেড়াতে থাকাবস্থায় পুলিশ তাকে আটক করে। এর আগে সে আত্নগোপনে থাকার জন্য নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকাসহ বিভিন্ন স্থানে ভাসমানভাবে অবস্থান করে আসছিলো। নির্দিষ্ট করে তার কোন ঠিকানা নেই। ধর্ষণ মামলা দুইটির সুরাহা না হওয়ায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশে মামলার তদন্তভার গ্রহন করেন তিনি। মহসিনকে একাধিকবার গ্রেফতার চেষ্টা করা হলেও সে পুলিশি ফাদ বুঝতে পেরে পালিয়ে যায়। ৬ মাস ধরে বিশেষ অভিযান পরিচালনার পর তাকে গ্রেফতার করা হয়।
    তিনি আরো জানান, ৫-১০ বছরের শিশুদের ধর্ষণের উদ্দেশ্যে সে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতো। তার পরিচয় কেউ যাতে চিহ্নিত না করতে পারে তার জন্য বিশেষ পন্থা অবলম্বন করতো। টঙ্গিবাড়ী উপজেলার রঘুরামপুর এলাকার আকমত আলি ওরফে আফতাব আলি শেখের ছেলে মহসিন। তবে দীর্ঘদিন আগে বাড়িঘর বিক্রি করে চলে যায়।

    এদিকে, জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হৃদয়(৩৫) নামের অপর এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে। হৃদয় ভাড়া বাসায় বসবাস করছিল এবং বরগুনা জেলার আমতলি থানার ত্রিপুরা গ্রামের সেলিম মৃধার ছেলে। ভোর ৬টার দিকে তাকে ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

  • ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার: অর্থমন্ত্রী

    ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার: অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে স্বল্প পরিসরে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

    বুধবার সচিবালয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মুহিত এ কথা বলেন।

    অর্থমন্ত্রী আরও জানান, আগামী ২০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।

    তিনি আরও বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে। এছাড়া ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

    সাক্ষাৎ অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

  • শপথ নিলেন রাজশাহী ও সিলেটের মেয়র

    শপথ নিলেন রাজশাহী ও সিলেটের মেয়র

    রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

    এসময় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

    গত ৩০ জুলাই রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

    অপরদিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন।

  • এক পিস্তলে ২ জনের প্রাণ নিলো কালা মনির

    এক পিস্তলে ২ জনের প্রাণ নিলো কালা মনির

    শামীম ইসলাম:

    কুমিল্লার তিতাসের আওয়ামী লীগ নেতা হাজী মনির হোসেন এবং দাউদকান্দির ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া মনির ওরফে কালা মনিরকে (৩৮) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালা মনির তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত কানু মোল্লার ছেলে। মঙ্গলবার বিকেলে দুটি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জালাল উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মনির। বিষয়টি নিশ্চিত করেছেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা কুমিল্লা ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম।

    তিনি বলেন, ডিবির একটি টিম নিয়ে সোমবার রাতে দাউদকান্দির গৌরীপুর থেকে দুটি হত্যার মিশনে সরাসরি অংশ নেয়া ঘাতক কালা মনিরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করার পর দুটি হত্যার বিষয়ে ১৬৪ ধারায় পৃথক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

    গত ৩ মে গভীর রাতে দাউদকান্দির বাজরা গ্রামে মো. ইসলামকে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে ও গুলি চালিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ঢামেকে নেয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন।

    অপরদিকে, গত ২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তিতাসের ভাটিপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা হাজী মনির হোসেন বাড়ির পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে পালিয়ে যায়।

    তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের ছেলে মোক্তার হোসেন বাদী হয়ে তিতাস থানায় পরদিন হত্যা মামলা করেন।

    দুটি হত্যা মামলায় সরাসরি কালা মনির অংশ নেয়। বর্তমানে দুটি হত্যা মামলা তদন্ত করছেন ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম।

    এসআই সহিদুল ইসলাম বলেন, ঘাতক কালা মনির আওয়ামী লীগ নেতা হাজী মনির ও ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে পৃথক পৃথক জবানবন্দি দিয়েছে। দুটি হত্যাকাণ্ডে একই পিস্তলের গুলি ব্যবহার করা হয়েছে। এর আগে হাজী মনির হত্যা মামলায় তিতাস থেকে মোফাজ্জল ও সুমনকে গ্রেফতারের সময় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরীক্ষা করে এর প্রমান পাওয়া যায়। ঘাতক কালা মনিরের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।