Category: প্রশাসন

  • গভীর রাতে সংস্কার দেখতে সড়কে মেয়র

    গভীর রাতে সংস্কার দেখতে সড়কে মেয়র

    দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর এখনও শপথ নেননি আরিফুল হক চৌধুরী। এই অবস্থায়ই উন্নয়ন কাজ তদারকিতে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র। নগরীর বন্দরবাজার এলাকায় পানি সমস্যা সমাধানে বুধবার দিবাগত গভীর রাত পর্যন্ত সময় কাটিয়েছেন তিনি। তার এই কর্মোদ্যম প্রশংসা কুড়িয়েছে উপস্থিত নগরবাসীর।

    বুধবার রাত সাড়ে ১০টা। বন্দরবাজার এলাকায় (জেলরোড রাস্তার দক্ষিণ প্রান্তে) রাস্তা কেটে পানির লাইনের কাজ করছেন সিটি করপোরেশনের কয়েকজন শ্রমিক। হঠাৎ একটি সিএনজি অটোরিকশা থেকে নামেন নবনির্বাচিত মেয়র আরিফ। তাকে দেখে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ীরা। জানান, ওই স্থানে বেশ কিছুদিন ধরে সিটি করপোরেশনের পানির লাইন ছিদ্র হয়ে পানি বের হচ্ছে। লাইন ছিদ্র হওয়ায় পানির সাথে কাদা ও বালু মিশে তা পানের অযোগ্য হয়ে পড়েছে এমন অভিযোগও করেন স্থানীয়রা।

    স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে শ্রমিকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন আরিফ। এসময় রাস্তার ডিভাইডারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ট্রাকের ধাক্কায় হেলে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। আরিফুল হক চৌধুরী বৈদ্যুতিক খুঁটিও পরিবর্তনেরও নির্দেশ দেন তাৎক্ষনিক।

    বুধবার মধ্যরাত পর্যন্ত তিনি উন্নয়ন কাজ তদারকি করেন। ফেরার সময় রাতের মধ্যেই পানির লাইন মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে আসেন আরিফ।

    এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী জানান, ‘লাইন ফেটে গিয়ে পানির সাথে কাদা-বালু মিশে তা পানের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া কুশিঘাটের পাম্প চালু হলে ওই স্থানে (জেলরোডের দক্ষিণ প্রান্ত) পাইপের ছিদ্র দিয়ে পানি অনবরত পড়তে থাকে- এমন খবর পেয়ে উন্নয়ন কাজ দেখতে এসেছি। দিনে যাতে জনদূর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য রাতের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছি।’

  • কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী আটক

    কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী আটক

    কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী শিরিন আক্তারকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর ভাটপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে শিরিন আক্তারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

    এ ব্যাপারে র‍্যাব-১১ কুমিল্লার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিরিন আক্তারকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর শাকতলাস্থ র‍্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

    উল্লেখ্য, জাসদের (আ.স.ম. আব্দুর রব) কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার। পাশাপাশি তিনি গত দুইবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন।

  • পুলিশ অন্যায় হয়রানি করলে পোশাক খুলে নেওয়া হবে

    পুলিশ অন্যায় হয়রানি করলে পোশাক খুলে নেওয়া হবে

    গাজীপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য অন্যায় করলে বা জনগণকে হয়রানি করলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ওই পুলিশ সদস্যের পোশাক খুলে নেওয়া হবে। সত্যিকারের জনবান্ধব পুলিশিং বলতে যা বোঝায়, আমরা গাজীপুরে তা বাস্তবায়ন করতে চাই।’

    গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, তিনটি বিষয়ে তিনি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করবেন। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

    সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার নানা সমস্যার চিত্র, অভিযোগ ও অনিয়ম তুলে ধরে এগুলো সমাধানে পুলিশ সুপারের ত্বরিত হস্তক্ষেপ কামনা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে গাজীপুরের ঐতিহ্য তুলে ধরে বিরাজমান সমস্যা ও অভিযোগ সমাধানে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে তিনি কার্যকর ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।

    মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, গাজীপুরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে। তিনি গাজীপুরে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার কথা ব্যক্ত করেন। এ জন্য তিনি সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মো. গোলাম সবুর, মো. আমিনুল ইসলাম ও পংকজ দত্ত। অনুষ্ঠান শেষে গাজীপুরের পুলিশ সুপার সাংবাদিকদের শুভেচ্ছা জানান। ২৬ আগস্ট এসপি শামসুন্নাহার গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চাঁদপুরের পুলিশ সুপার ছিলেন।

  • সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াবে বিজিবি

    সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াবে বিজিবি

    সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

    সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের দুর্গম এলাকায় থাকা দুটি বর্ডার আউট পোস্ট (বিওপি) পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

    চলতি বছরের ২৮ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে যোগদানের পর এটি তার প্রথমবারের মত রাজশাহীর কোনো সীমান্ত এলাকা পরিদর্শন।

    সীমান্ত পরিদর্শন শেষে মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, যেহেতু আমাদের জনবল কম, সেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই শূন্যতা পূরণ করতে হবে। এজন্য সীমান্ত এলাকায় সিসি টিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর মাধ্যমে চোরাকারবারি এবং অপরাধীদের ওপর নজরদারী বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    পর্যায়ক্রমে দেশের প্রতিটি সীমান্তেই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এ ক্ষেত্রে সীমান্ত সড়ক নির্মাণের ওপরও বিশেষভাবে গুরাত্বারোপ করা হচ্ছে। এই ব্যাপারে সরকার যে প্রকল্প হাতে নিয়েছে তার বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু করা হবে বলেও জানান বিজিবি মহাপরিচালক।

    তিনি আরও বলেন, বিজিবির সীমান্তে মাদক পাচার ও চোরাচালান জিরো টলারেন্সে আছে। আগামীতেও বিজিবির এই সুরক্ষা ব্যবস্থা অটুট থাকবে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া বিএসএফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকায় সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কাছাকাছি এসেছে বলে মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

    এ সময় ভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি প্রস্তুত আছে। যখনই বিজিবির সহায়তা চাওয়া হবে তখনই মাঠ পর্যায়ে কাজের জন্য নামা যাবে বলেও উল্লেখ করেন বিজিবি মহাপরিচালক।

    এর আগে, সীমান্তে পৌঁছে নিজে মোটরসাইকেল চালিয়ে তিনি বিজিবি-১ ব্যাটালিয়নের আওতায়ধীন সাহেবনগর বিওপি ও বিজিবি-৫৩ ব্যাটালিয়েনের আওতাধীন মানিকচক বিওপি পরিদর্শন করেন। পরে তিনি ওই এলাকার ১০ কিলোমিটার দুর্গম এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সীমান্ত এলাকার দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

    এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার, চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার ছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: ওবায়দুল কাদের

    নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: ওবায়দুল কাদের

    নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় কোনো বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    রবিবার ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এক কোটি টাকা ব্যয়ে ৬শ’ মিটারের মধ্যে ৬০টি স্ট্রিট লাইট স্থাপন করে ইন্টারসেকশন আলোকিতকরণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

    সরকারের আয়তন বৃদ্ধি কিংবা আরও লোকজন যুক্ত করার কোনো দরকার নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় নতুন করে অন্য কাউকে যোগ নয় বরং কমানো হতে পারে। গতবার বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফার করা হয়েছিলো। তবে তারা সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এবার বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, তাই নতুন করে তাদের আমন্ত্রণ জানানোর কোনো সুযোগ নেই।

    তিনি আরও বলেন, ২০১৮ সালকে যদি বিএনপি ২০১৪ সাল মনে করে থাকে তাহলে তারা আরও বড় এবং মারাত্মক ভুল করবে। এবার যদি সন্ত্রাস সহিংসতা হয় বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে।

  • সাদিক আবদুল্লাহকে আইভীর অভিনন্দন

    সাদিক আবদুল্লাহকে আইভীর অভিনন্দন

    বরিশাল সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।

    নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব প্যাডে ১৭৬ নং পত্রে ২০ আগস্ট মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর স্বাক্ষরিত অভিনন্দন বার্তাটি বরিশাল সিটি কর্পোরেশন এ মেয়রের কাছে পৌচেছে।

    বার্তায় বলা হয় বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচিত হওয়ায় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়নগঞ্জবাসীর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

    বার্তায় মেয়র আইভি আরও বলেন গুরুত্বপূর্ন ও পবিত্র এই দায়িত্ব পালনের মাধ্যমে বরিশালবাসীর প্রত্যাশা পূরন হবে এ আমার দৃঢ় বিশ্বাস। মহান আল্লাহর নিকট নব নির্বাচিত মেয়রের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন মেয়র আইভী।

  • উত্তরে শতভাগ দক্ষিণে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ

    উত্তরে শতভাগ দক্ষিণে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শতভাগ এবং দক্ষিণে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুই সিটির পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    সংবাদ সম্মেলনে উত্তরের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, এ বছর কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং ছিল। তবে পূর্বঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্যের সঙ্গে এ কাজ সম্পন্ন করা হয়েছে।

    তবে সংবাদ সম্মেলনে দক্ষিণের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জানান, বর্জ্য অপসরণে ২৪ ঘণ্টায় সম্পন্ন হয়েছে ৯০ ভাগ কাজ।

    সাঈদ খোকন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেয়া হয়েছিল। সে কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। আগামীকালও কোরবানি হবে। সেগুলোও অপসারণ করে নগরবাসীকে শতভাগ পরিচ্ছন্ন নগরী উপহার দেব। ইতোমধ্যে ১৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ হয়েছে। বাকি বর্জ্য অপসারণে কাজ চলছে।

    DNCC

    তিনি আরও বলেন, পশু জবাইয়ের স্থান নির্ধারিত করা হলেও নগরবাসীর সেভাবে সাড়া পাইনি। আশা করছি, আগামীতে নগরবাসী আরও সচেতন হবে।

    প্যানেল মেয়র জামাল মোস্তফা জানান, স্বল্পসময়ে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কাজে ২৮০টি বিভিন্ন ধরনের যানবাহন ও যন্ত্রপাতি নিয়োজিত ছিল। ডিএনডিসির নিজস্ব ২৭০০ পরিচ্ছন্ন কর্মীসহ সর্বমোট ৯৫০০ মানুষ নিরলস পরিশ্রম করে শহর আবর্জনা মুক্ত করেছে।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বছর ডিএনসিসিতে আনুমানিক দুই লাখ ১৫ হাজার পশু কোরবানি হয়েছে। ডিএনসিসি পশু জবাইয়ে ১৮৩টি স্থান নির্ধারণ করেছিল। এ ছাড়া সরকারি ও ব্যক্তি মালিকানায় আবাসিক কমপ্লেক্সের অভ্যন্তরে উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত ৩৬৬টি স্থানসহ মোট ৫৪৯টি স্থানে উল্লেখযোগ্য সংখ্যক পশু কোরবানি হয়েছে।

    ডিএনসিসি ও প্রাইমারি ওয়েস্ট সার্ভিস কালেকশন প্রোভাইডার/ভ্যান সার্ভিসের কর্মীরা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং কন্টেইনারে জমা করে প্রতিটি ওয়ার্ডকে বর্জ্যমুক্ত করেছেন।

    DSCC

    সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে উত্তরের ৭, ২৭ ও ৩১ নম্বর কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডকে কোরবানি বর্জ্যমুক্ত ঘোষণা করেন। এরপর ক্রমান্বয়ে অন্যান্য ওয়ার্ডকেও বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়। এসটিএস এবং নির্ধারিত স্থানে কন্টেইনারে বর্জ্য জমা হওয়ার পরপরই তা ল্যান্ডফিলে পরিবহনের কাজ শুরু হয়।

    ডিএসসিসি ও ডিএনসিসির নগরভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি মোবাশ্বের হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন, তারেকুজ্জমান রাজিব, ডা. জিন্নাত আলী, দেওয়ান আব্দুল মান্নান, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বরিশালে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

    বরিশালে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

    বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।

    বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, খবর পেয়ে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া নামে এক তরুণীকে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে পাসপোর্ট করিয়ে দেওয়ার জন্য একজন সহযোগীও ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সহযোগী পালিয়ে যায়।

    তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। তবে তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • ইয়াবাসহ ডিবি পুলিশের বহিষ্কৃত এএসআই আটক

    ইয়াবাসহ ডিবি পুলিশের বহিষ্কৃত এএসআই আটক

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৩ হাজার ৩শ’ ৫০ টাকাসহ ডিবি পুলিশের বহিষ্কৃত এএসআই সালাউদ্দিন (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তার সহযোগী প্রাইভেটকার চালক মোঃ রনি (৩২)কেও গ্রেফতার করা হয়েছে।

    জব্দ করা হয়েছে ২৪ লাখ টাকা মূল্যের অত্যাধুনিক একটি প্রাইভেটকার। এছাড়াও র‌্যাব সদস্যরা গ্রেফতারকৃত সালাউদ্দিনের কাছ থেকে ১টি ডিবি পুলিশের জ্যাকেট, ১টি পুলিশের আইডি কার্ড ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে।

    সোমবার ভোররাত পৌঁনে ৪টায় মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমাবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (ভারপ্রাপ্ত সিও) মেজর আশিক বিল্লাহ এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- এএসপি শাহ মোঃ মশিউর রহমান ও এএসপি মোঃ নাজমুল হাসান।

    র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ জানান, গত ২৩ জুলাই র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বরখাস্তকৃত এএসআই সালাউদ্দিনের সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের বাসায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৪শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ দু’টি মামলায় সে পলাতক আসামি ছিল।

    ভারপ্রাপ্ত সিও আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত এএসআই সালাউদ্দিন স্বীকার করে যে, নারায়ণগঞ্জ ডিবিতে থাকা অবস্থায় তার সঙ্গে টেকনাফের কিছু মাদক ব্যবসায়ীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে টেকনাফ থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট আমদানি করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

    এছাড়া এএসআই সালাউদ্দিন র‌্যাবকে আরও জানায়, বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিত এবং সেই বাসা ব্যবহার করে তার চালক ও অন্যান্য সহযোগিদের মাধ্যমে ইয়াবা মজুদ করে বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

    জানা যায়, সালাউদ্দিন ২০০৩ সালে কনস্টেবল হিসেবে পুলিশের চাকরীতে যোগ দেয়। সে এএসআই হিসেবে পদোন্নিতি পেয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। ৮ মাস পূর্ব থেকেই সালাউদ্দিন চাকরীতে অনুপস্থিত থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। ফলে ৮ মাস আগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সালাদ্দিনকে বরখাস্ত করা হয়। এরপর থেকে সালাউদ্দিন পলাতক থাকে। পলাতক হলেও সে এখনও নারায়ণগঞ্জ ডিবির এএসআই পরিচয়ে গাড়িতে ডিবি পুলিশের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করে আসছিল। সালাউদ্দিন চাকরীর চেয়ে মাদক ব্যবসাই তার কাছে অনেক ভালো বলে বিভিন্ন জনের কাছে অবহিত করত।

    সালাউদ্দিন গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় পুলিশে কর্মরত ছিল। সে ঢাকার নবাবগঞ্জের আগলা কালুয়াহাটি এলাকার জুমনের ছেলে। সালাউদ্দিন নারায়ণগঞ্জের কিলারপুল, সিদ্ধিরগঞ্জের কদমতলী ও ঢাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা করত। প্রতিটি বাসা কমপক্ষে ২০ হাজার টাকা ভাড়া দিতে হতো। তার রয়েছে অত্যাধুনিক তিনটি প্রাইভেটকার। প্রতিটি প্রাইভেটকারের মূল্য ২৪ লাখ টাকা।

  • ‘সরকারি কর্মচারীদের গ্রেফতার করতে অনুমতি লাগবে’

    ‘সরকারি কর্মচারীদের গ্রেফতার করতে অনুমতি লাগবে’

    সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    আইনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া অনুযায়ী, ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মকর্তা এক বছরের সাজা পেলে বা মৃত্যুদণ্ড হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাংলাদেশের কোনো সরকারি চাকরিজীবী যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্রের আগে গ্রেফতার করতে সরকারের অনুমতি নিতে হবে।

    আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।

    পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের আলোচ্য বিষয় সাংবাদিকদের জানান।