Category: প্রশাসন

  • পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ জন করোনা আক্রান্ত

    পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ জন করোনা আক্রান্ত

    পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারসহ (এডিশনাল এসপি) সদর উপজেলায় দুইজন এবং বাউফলে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

    পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বরিশালটাইমসকে মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নতুন তিনজনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এদের মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ২৮ জন। এছাড়া বাকী ৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

  • বরিশালে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

    বরিশালে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

    বরিশালের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অমিতাভ সরকার।

    বৃহস্পতিবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

    বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব থাকা মো. ইয়ামিন চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়েছে।

    অমিতাভ চৌধুরী এর আগে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    সেখানে থাকার সময়ই তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পান। পরে তাকে স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়।

    এরপর তিনি অতিরিক্ত সচিব হন।

  • প্রায় সাড়ে ৫ হাজার পুলিশ করোনায় আক্রান্ত

    প্রায় সাড়ে ৫ হাজার পুলিশ করোনায় আক্রান্ত

    করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ৫ হাজার ৩৩৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ আক্রান্ত পুলিশদের মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ২ হাজার ৫৯ জন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র।

    সূত্র থেকে জানানো হয়েছে, শুধু ডিএমপিতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৬ জন। করোনাভাইরাস জয় করা পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

    অন্যদিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৫ হাজার ৩১২ জনকে। এছাড়া মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ৩২২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

    এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ পুলিশ সদস্য মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৬৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৬ জনে।

  • করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

    করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মর্তুজা আব্দুল কাইয়ুম (৫০)। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    এএসআই মর্তুজা আব্দুল কাইয়ুম ফেনীর পরশুরাম উপজেলার রাজষপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে। মৃত্যুকালে আব্দুল কাইয়ুম দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

    পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

    তার মরদেহ পরশুরামে নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

    পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ গ্রাম রাজষপুরে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।

    এর আগে, গতকাল সোমবার পরশুরাম উপজেলার বাসিন্দা মো মামুন নামে আরেক পুলিশ সদস্য মারা যান। তিনিও চট্টগ্রামে কর্মরত ছিলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ গ্রাম কালিকাপুরে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

  • মানবপাচার চক্রের হোতা হাজী কামাল গ্রেফতার

    মানবপাচার চক্রের হোতা হাজী কামাল গ্রেফতার

    লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

    সোমবার সকালে র‍্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

    বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ এর সিনিয়র এএসপি আবু জাফর রহমাতুল্লাহ বলেন, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় তদন্তে মানবপাচারকারী হিসেবে কামাল হোসেন ওরফে হাজী কামালের নাম উঠে আসে।

    আজ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। জব্দ করা হয়েছে পাসপোর্ট। অভিযান চলমান রয়েছে।

    সোমবার দুপুর দেড়টায় টিকাটুলি র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি রহমাতুল্লাহ।

    গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরো ১১ জন।

    বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে এক পর‍্যায়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানবপাচারকারী নিহত হয়। তারই প্রতিশোধ হিসেবে সেই মানবপাচারকারীর লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়।

  • বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমসহ ৬১ পদস্থ কর্মকর্তা করোনা আক্রান্ত

    বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমসহ ৬১ পদস্থ কর্মকর্তা করোনা আক্রান্ত

    ৩১ মে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ পদস্থ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত আব্দুর রহমান মুকুলের নাম রয়েছেন। শুধু মুকুল নয়, এবার করোনায় দুঃসংবাদ দিলো পুরো বরিশাল মেট্রোপলিটন পুলিশকে। জানা গেছে, বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমও করোনা আক্রান্ত হয়েছেন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের সঙ্গে ফোনে সার্বক্ষণিক যোগযোগ রাখা হচ্ছে। এছাড়াও পুলিশ হাসপাতালের চিকিৎসকরা তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। তিনি সুস্থ আছেন। তিনি যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এই কর্মকর্তা বলেন, জনগণের সামাজিক দূরত্ব নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশের প্রায় দুই হাজার সদস্য দিনরাত কাজ করে যাচ্ছেন। নগরীর সর্বত্র নিয়মিত টহল, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জানাজা ও দাফনের ব্যবস্থাও করছেন তারা। পাশাপাশি করোনা শনাক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া, কোয়ারেন্টাইন নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা, রাস্তায় জীবাণুনাশক ছেটানো, অসহায়-কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছানোসহ করোনা প্রতিরোধে যে মহাযজ্ঞ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তারা। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

    এদিকে ২৯ মে অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমের করোনা সন্দেহে হলে নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পাঠানো। রোববার (৩১ মে) রাতে জানানো হয় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের করোনা পজেটিভ।

    প্রলয় চিসিম বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে তিনি নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। তার মধ্যে করোনার কোনো লহ্মণ ছিল না। সতর্কতামূলকভাবে শুক্রবার নমুনা পরীক্ষা করান। রোববার রাতে রিপোর্ট এসেছে। সেখানে বলা হয়েছে তিনি করোনা পজিটিভ।

    এখনও তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

  • স্বাস্থ্যবিধি না মানলেই শাস্তি

    স্বাস্থ্যবিধি না মানলেই শাস্তি

    করোনাভাইরাস মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে রোববার থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি না মানলে শাস্তি দেবে ওই আদালত। এজন্য স্থানীয় প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা দেওয়ার জন্য সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    শনিবার (৩০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

    চিঠিতে বলা হয়, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ জননিরাপত্তা বিভাগের আওতাধীন আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ও বিধিসমূহ কঠোরভাবে প্রতিপালন করা এবং মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    চিঠিতে আরও বলা হয়, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রতিপালন ও অনুসরণ করা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ বা প্রতিপালন না করা উক্ত আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা বিভাগের আওতাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি যেমন সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, দায়িত্ব পালনকালে এবং ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করাও সর্বসাধারণের জন্য বাধ্যতামূলকভাবে।

    চিঠিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং ব্যাপক বিস্তার রোধে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্বাস্থ্য বিভাগের ১১ মে’র স্মারকে ১৩টি এবং ২৫ মে’র স্মারকে করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসিক স্থাপনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে দু’টি নির্দেশনা প্রদান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ২৮ মে স্মারকে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের জন্য ১৫টি শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ মে’র প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বা সীমিতকরণ করা হয়েছে।

    স্বাস্থ্য সেবা বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের পত্রসমূহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিভাগের জারি করা ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

    করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসিক স্থাপনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে এক সদস্য থেকে অন্য সদস্যদের কমপক্ষে ৪ থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখা, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনবোধে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • করোনায় দেশে ১৫ পুলিশ সদস্যের মৃত্যু

    করোনায় দেশে ১৫ পুলিশ সদস্যের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫ জন পুলিশ সদস্য মারা গেছেন। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এতথ্য জানানো হয়েছে।

    সর্বশেষ বৃহস্পতিবার মো. রাসেল বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ মে পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৪২৫৮ জন। এর মধ্যে ১৫১৪ জন ডিএমপির। এ পর্যন্ত মোট ১৫ জন পুলিশের সদস্য মারা গেছেন। বৃহস্পতিবার সর্বশেষ মারা গেলেন মো. রাসেল বিশ্বাস (৩৫)।

    করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করা বাকি ১৪ সদস্য হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), উপ-পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪), এসবির এসআই নাজির উদ্দীন (৫৫), এসআই মো. মজিবুর রহমান তালুকদার (৫৬), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মো. নঈমুল হক (৩৮), চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মো. মোখলেছুর রহমান, ডিএমপির নায়েক আল মামুনুর রশীদ (৪৩), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসআই মোশাররফ হোসেন (৫৬), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানায় কর্মরত কনস্টেবল মো. নেকবার হোসেন (৪২)।

  • পাঁচারকালে বরিশালে ৭ লাখ রেনুপোনা জব্দ, কীর্তনখোলায় অবমুৃক্ত

    পাঁচারকালে বরিশালে ৭ লাখ রেনুপোনা জব্দ, কীর্তনখোলায় অবমুৃক্ত

    অবৈধ পাঁচারকালে বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে সকল রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

    এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা থেকে সাতক্ষীরা-বাগেরহাট এলাকায় পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবাদর নদী থেকে রেনু পোনাগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) মো. আসাদুজ্জামান জানান, একটি ট্রলারে বিপুল পরিমান গলদা চিংড়ির রেনুপোনা অবৈধভাবে পাঁচার করা হচ্ছিলো।

    গোপন সংবাদের ভিত্তিতে এ খবর কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশী করে ২৮টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনুপোনা উদ্ধার করে।

    আজ সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে জব্দকৃত ৭ লাখ পিস রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

    করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

    অনলাইন ডেস্ক :: চলমান করোনা যুদ্ধে দেশ ও জনগণের সেবা এবং সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আত্মোৎসর্গ করেছেন আরও এক পুলিশ সদস্য। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বাংলাদেশ পুলিশের এ গর্বিত সদস্য এসআই মো. রাসেল বিশ্বাস (৩৫)। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্য দেশের জন্য শহীদ হলেন।

    বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

    এসআই মো. রাসেল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ, উল্লেখ করেন এআইজি।

    করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী এসআই মো. রাসেল বিশ্বাস বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। গত ২৪ মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ (কোভিড-১৯) ধরা পড়ে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মো. রাসেল বিশ্বাস মৃত্যুবরণ করেন।

    বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. রাসেল বিশ্বাসের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয়রীতি মেনে তাকে দাফন করা হবে।

    তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করোনাযুদ্ধে আত্মোৎসর্গকারী মো. রাসেল বিশ্বাসের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে বাংলাদেশ পুলিশ।