Category: বিনোদন

  • প্রথম হিন্দি ছবি হিসেবে ৬০০ কোটির রেকর্ড ‘স্ত্রী ২’

    প্রথম হিন্দি ছবি হিসেবে ৬০০ কোটির রেকর্ড ‘স্ত্রী ২’

    শাহরুখ খানের ‘জওয়ান’-এর হিন্দি সংস্করণকে ছাপিয়ে ভারতীয় বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে ঢুকে রেকর্ড গড়ল ‘স্ত্রী ২’।

    রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত অমর কৌশিকের হরর কমেডি সিনেমাটি এখন একমাত্র হিন্দি ছবি হিসেবে বক্স অফিসে ৬০০ কোটি আয় করেছে।

    চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোমবার সকালে টুইটবার্তায় পোস্ট করেছেন, ‘এটি ৬০০ পার করল হিসেবে ইতিহাস তৈরি করেছে। মেট্রো থেকে নন-মেট্রো, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন এবং আরবান সেন্টার থেকে গ্রামীণ এলাকা বোর্ডজুড়ে সরাসরি বিজয়ী। ভবিষ্যদ্বাণী করা অসম্ভব, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অভূতপূর্ব সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে বিস্মিত করছে।’

    ১৪ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকেই ঘরোয়া বক্স অফিসে ‘স্ত্রী ২’-এর সপ্তাহিক আয়েরও হিসাব দিয়েছেন তিনি।

    শাহরুখ খানের জওয়ান ও পাঠান, রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল এবং প্রভাস অভিনীত বাহুবলী ২: দ্য কনক্লুশনের হিন্দি সংস্করণ ও সানি দেওলের গদর ২-এর ব্যবসা পেরিয়ে এই মাইলফলক অর্জন করেছে ‘স্ত্রী ২’।

    রোববার রাতেই বন্ধুদের সঙ্গে শ্রদ্ধা সেলিব্রেট করেছেন এই সাফল্য। তাদের সবার পরনে ছিল ম্যাচিং লাল পোশাক। শ্রদ্ধাকে সোনালি ব্রেসলেট পরে দেখা যায় এবং চারদিক ছিল লাল বেলুন নিয়ে সাজানো। তিনি তার বন্ধুদের সঙ্গে একটি কেকও কাটেন, আর কেকের উপরে লেখা ছিল ‘রেকর্ড ব্রেকিং স্ত্রী’।

    ‘স্ত্রী ২’- ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। এটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং লিখেছেন নীরেন ভাট।

  • বাথুলীতে ওমর সানীর রেস্তোরাঁ, যা বললেন মৌসুমী

    বাথুলীতে ওমর সানীর রেস্তোরাঁ, যা বললেন মৌসুমী

    ঢালিউড অভিনেতা ওমর সানী সিনেমার অভিনয়ে এখন আর নিয়মিত নেই। আগের মতো সিনেমায় এখন আর তাকে দেখা যায় না। একসময়ের জনপ্রিয় এ অভিনেতার সেই ব্যস্ততা এখন আর নেই। এ অভিনেতার এখন ব্যস্ততা শুটিং ফ্লোরে নয়, রেস্টুরেন্ট ব্যবসায়। এ ব্যবসা তিনি বেশ উপভোগ করছেন বলে জানান। রেস্তোরাঁর নতুন শাখাও তিনি চালু করেছেন। ঢাকার রামপুরায় শুরুর পর সাভারেও চালু করেছিলেন রেস্টুরেন্ট। এবার ওমর সানী ঢাকার বাইরে ধামরাইয়ে নতুন একটি রেস্টুরেন্ট চালু করেছেন।

    চিত্রনায়ক স্বামীর পথচলায় শুভকামনা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী মৌসুমী। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এ নায়িকা। দেশে থাকলে স্বামীর উদ্যোগে পাশে থাকতেন বলে জানিয়েছেন তিনি।

    সাভারে ‘চাপওয়ালা’রেস্টুরেন্ট চালুর পর খুবই জনপ্রিয় হয় ওই রেস্তোরাঁ। গেল মার্চে ঝড়ে সেই রেস্টুরেন্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তার পরও সাভারের রেস্টুরেন্টটির জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে ধামরাইয়ে নতুন শাখা চালুর সিদ্ধান্ত নেন তিনি। গত শুক্রবার ধামরাইয়ের বাথুলীতে চালু করলেন চাপওয়ালার শ্বশুরবাড়ি হাইওয়ে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার।

    ওমর সানীর বাংলা হোটেল চালু উপলক্ষ্যে শুভকামনা জানিয়েছেন স্ত্রী মৌসুমী। সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে মৌসুমী বলেছেন— যারা আমাদের চাপওয়ালাতে সবসময় গেছেন, তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। যারা আসেননি কখনো, তাদের কাছে আমার প্রত্যাশা— কখনো সময় পেলে আসবেন আমাদের ছোট্ট রেস্টুরেন্টে। এই ভিডিওবার্তার কারণ— বাথুলীতে আমাদের আরও একটি রেস্টুরেন্ট চালু হয়েছে, চাপওয়ালার শ্বশুরবাড়ি নামে। এখানে ভাত, খিচুড়ি, পোলাও—এ রকম বাংলা খাবারের সমারোহ থাকবে। থাকবে গরুভুনা, মুরগিভুনা, ভর্তা-ভাজি, ডাল। পাশাপাশি থাকবে স্পেশাল চাপ ও অন্যান্য জনপ্রিয় আইটেম।

    মৌসুমী আরও বলেন, অনেকেই বলেছিলেন— ‘আপনারা শুধু শহরভিত্তিক রেস্টুরেন্ট করেন, এদিকটায় করেন না। সেই চাহিদার কথা মাথায় রেখেই এটা করা। আশা করি আপনারা সবাই এবং এলাকাবাসী পাশে থাকবেন, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে।’

    ভিডিওবার্তার একপর্যায়ে রেস্টুরেন্ট নিয়ে ওমর সানীর আগ্রহ ও আন্তরিকতার কথাও তুলে ধরলেন তিনি। মৌসুমী বলেন, ‘রেস্টুরেন্টে প্রচুর সময় দেয় ওমর সানী। ও অনেক ভালোবাসে এ কাজটা করতে। রেস্টুরেন্ট তার ভালোবাসার জায়গা। তাকে উৎসাহিত করার জন্য আপনারা আসবেন। দেখা হবে, আড্ডা হবে। আমন্ত্রণ রইল।’

    ভিডিওর একপর্যায়ে ওমর সানীও আগ্রহীদের আহ্বান জানান। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘হাইওয়েতে আমরা চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার করেছি। আপনারা আসবেন, এটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ— আপনারা অবশ্যই আসবেন। সবাইকে নিয়ে আসবেন।’

  • রাজনীতি না করার কারণ জানালেন বুবলী

    রাজনীতি না করার কারণ জানালেন বুবলী

    বাংলাদেশে এ পর্যন্ত অনেক শোবিজ তারকাই রাজনীতিতে এসেছেন। এদের মধ্যে কেউ কেউ ভালো করতে পারলেও অধিকাংশ তারকাই ব্যর্থ হয়েছেন। সমালোচনার মুখে পড়ে ক্যারিয়ার শেষও হয়েছে অনেকের। বিশেষ করে আওয়ামী লীগ আমলে তারকাদের বিতর্কিত নানা কর্মকাণ্ড সামনে আসার পর রাজনীতি নিয়ে চরম সমালোচনার শিকার হন তারা।

    সম্প্রতি মেরিল ক্যাফে লাইভ অনুষ্ঠানে সেই রাজনীতি নিয়েই কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কেন রাজনীতিতে আসতে চান না, জানিয়েছেন সে কথাও।

    তিনি বলেন, আমরা শিল্পী, সিনেমার প্রয়োজনে আমাদের অনেক চরিত্রে চরিত্রায়ণ করতে হয়। কিন্তু আমি কখনওই পলিটিক্যাল কোনো কিছু চাই না আমার সঙ্গে যুক্ত হোক। কারণ আমি একজন শিল্পী, আমি সব দর্শকদের মনে জায়গা করে নিতে চাই। হ্যাঁ, একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলবো। আমার কাছে যা সঠিক বা বেঠিক মনে হবে, আমি সেই বিষয়ে কথা বলবো।

    রাজনীতিতে জড়িত সহকর্মীদের নিয়ে অভিনেত্রী বলেন, পলিটিক্যাল পার্টির সঙ্গে অনেক শিল্পীই যুক্ত হয়েছেন, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ। তবে এ ব্যাপারটায় মাঝে মাঝে আমরাও ভুক্তভোগী হই। কেননা, অনেক শিল্পীই রাজনীতিক প্রভাব খাটিয়ে অনেক ভুয়া নিউজ করাচ্ছেন। যেটা এক ধরনের হলুদ সাংবাদিকতা। যে জায়গাটায় সংস্কার প্রয়োজন।

    বুবলী বলেন, আমাদের তো শুধু সংস্কার বলতে দুই-একটা সেক্টরের না। এ ধরনের যে-কোনো একটা মিথ্যা নিউজ করে ফেললো, যেটার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণও নেই। এসবের জবাবদিহিতার প্রয়োজন।

    নায়িকা বলেন, অনেক রাজনীতিবিদকেই দেখি, যখন যে দল ক্ষমতায় আসে তারা তখন সে দলে চলে যায়। এই যে ডিগবাজি দেওয়া মানুষগুলো একটু অন্যরকম। কারণ তারা যে কোনো সরকারের সময় নমিনেশন নিচ্ছে, আবার তা পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলছে। আমার মনে হয় এসব বিষয়ে একটি সামগ্রিক পরিবর্তন দরকার।

    দেশপ্রেম বলতে শুধু নির্দিষ্ট কোনো একটি বিষয়কে বুঝায় না। দেশপ্রেম হচ্ছে প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করা বলেই মনে করেন এ অভিনেত্রী।

  • দেশে চলমান অস্থিরতার জন্য যাদের দায়ী করলেন চমক

    দেশে চলমান অস্থিরতার জন্য যাদের দায়ী করলেন চমক

    গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা ঘটনায় দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মবের রাজত্ব, পাহাড়ে অস্থিরতাসহ নানা ঘটনায় কঠিন সময় পার করছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এসব ঘটনার জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী মনে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

    ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে চমক রাজপথে এবং সামাজিক মাধ্যমে সরব ছিলেন। এখনো দেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি।

    এর মধ্যে গত শনিবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, ‘পাহাড়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদেরকে উসকানিদাতা কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা।’

    এরপর অভিনেত্রী লেখেন, ‘বায়তুল মোকাররমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। ঘটনার জন্য দায়ী কে? গোপালগঞ্জের হুজুর।’ চমকের দাবি, কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছিলেন তিনি।

    এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চমক লেখেন, ‘ঢাবিতে হলের ভিতরে যুবককে পিটিয়ে হত্যা। অন্যতম হামলাকারী কে? ছাত্রলীগের সাবেক নেতা (সাথে আরো কিছু শিক্ষার্থী)।’

    তবে এসব অপরাধের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হলে তখন কটু মন্তব্য শুনতে হয় জানিয়ে চমক লিখেছেন, ‘এরপরও যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলা হয় যে, এই লোক তো লীগের। তখন এসে কমেন্ট করে বসে, আগে সবাই শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতো, এখন লীগ ট্যাগ দিয়ে করে।’

    অভিনেত্রী বলেন, ‘কিরে ভাই, দুইটার প্রেক্ষাপট কি এক হলো? যাদের জন্মগত স্বভাব মারামারি, গেঞ্জাম লাগানো, এরা কি এতো সহজেই তাদের চিরাচরিত স্বভাব পরিবর্তন করতে পারবে?’

  • মিমির বন্ধু হতে মানতে হবে যেসব শর্ত

    মিমির বন্ধু হতে মানতে হবে যেসব শর্ত

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। তিনি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে যাই পোস্ট করুন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়ানো যায় না। তিনি যেমন জনপ্রিয় তার আদরের পোষ্যরাও ঠিক তেমন জনপ্রিয়। তিনটি পোষ্যপ্রাণী আছে মিমির। চিকু, ম্যাক্স আর জাদু।

    তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। এই তিনজনকে ঘিরেই যে তার জীবন সেটা অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখলেই বোঝা যায়। এবার নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে।

    এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, ‘আমার বন্ধু হতে চাইলে কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’

    নায়িকার পোষ্য প্রেম প্রত্যেকের জানা। কিছুদিন আগেই তার জাদু একটি কাণ্ড ঘটিয়েছিল। সেই সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছিল চিকু এবং ম্যাক্স। নায়িকার যোগাভ্যাসের ম্যাট ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে।

    যা দেখে রাগ তো করেছেন অভিনেত্রী। কিন্তু কী আর করা যাবে তাতে। অবলা প্রাণীদের আর কত বকবেন অভিনেত্রী? পরের দিন যদিও নতুন ম্যাট কিনে নিয়ে আছেন তিনি। মিমি আর তার পোষ্যদের এমন কর্মকাণ্ড তবে সবার প্রিয়।

    উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা যায় অভিনেত্রীকে। মা-বাবা আর তিন পোষ্যকে ঘিরেই তার জীবন আবর্তিত। অনেক সময়ই তাই এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়। এমন বাসনা যে অনেকের মনেই রয়েছে তা নায়িকা নিজেও জানেন।

  • ‘ক্যারিয়ার শেষ হলে হবে, বিয়ে সাইফকেই করব’

    ‘ক্যারিয়ার শেষ হলে হবে, বিয়ে সাইফকেই করব’

    বলিউডে ‘রিফিউজি’ ছবি দিয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী কারিনা কাপুর। সেখান থেকে পরিচয় অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে। ২০১২ সালে বিয়ে করেন সাইফকে। তাদের সংসারে তৈমুর ও জাহাঙ্গীর নামে দুই ছেলে সন্তান রয়েছে।

    তবে বিয়ে করলে অভিনয়ে ভাটা পড়বে, এমন ভয় দেখিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তা ভুল প্রমাণ করেছেন কারিনা কাপুর। কারণ, পুরোদমে সংসার পাতার পরেও কারিনা আছেন সেই আগের মতই। চেহারায় খানিকটা বয়সের ছাপ আসলেও তা নিয়ে ভাবেননি কারিনা।

    এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোনো ধরনের ফেস ট্রিটমেন্ট করেন না তিনি। তার ছাপ কোনোভাবেই পড়েনি তার অভিনয় জীবনে। বরং, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন বলিউডের কাপুর পরিবারের দ্বিতীয় কন্যা।

    সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের মধ্যগগনে সাইফকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। সে সময় আমাকে অনেকে বলেছিলেন এখন যেন বিয়ে না করি। কারণ, বিয়ে করলে নাকি আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ভালো চরিত্র পাব না আর। কিন্তু আমি তাদের বলেছিলাম, ক্যারিয়ার শেষ হলে হবে। বিয়ে সাইফকেই করব। আর সত্যিই বিয়ের পরেও কাজ করেছি। এমনকি মা হওয়ার পরেও। আজ মনে হয় স্রোতের উলটো দিকে হেঁটে ভুল করিনি।’

    এদিকে, ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’ ছবির পর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি সাইফ-কারিনাকে। কবে আবার একসঙ্গে কাজ করবেন তারা? এ বিষয়ে কারিনা বলেন, ‘সাইফের তামিল ছবি দেবারার জন্য আমি খুব উৎসাহিত। এইবার আমাদের দুজনের একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করি।’

  • ‘সেনারা প্রাণ দিচ্ছেন, আর আমরা ঘরে বসে পাকিস্তানি ছবি দেখব’

    ‘সেনারা প্রাণ দিচ্ছেন, আর আমরা ঘরে বসে পাকিস্তানি ছবি দেখব’

    আগামী ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা ‘মওলা জাট’। এতে অভিনয় করেছেন একসময়ে বলিউড কাঁপানো অভিনেতা ফাওয়াদ খান ও অভিনেত্রী মাহিরা খান। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্র জানায়, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাক শিল্পীরা নিষিদ্ধ হন বলিউড ইন্ডাস্ট্রিতে। অবশেষে সেই জট কেটে গিয়ে ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ছবি ‘মওলা জাট’-এর। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তারা হুঁশিয়ারি দিয়েছেন— কোনোভাবেই এ ছবি ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে দেওয়া হবে না।

    সংবাদমাধ্যমকে এমএনএসের সভাপতি অমেয়া খোরপার বলেছেন, ভারতে কিছুতেই পাকিস্তানের ছবি এবং অভিনেতাদের গ্রহণ করা হবে না। তিনি অন্য রাজ্যের রাজনৈতিক দলকেও এ ছবি মুক্তির বিরোধিতা করার আবেদন করেছেন। তিনি বলেন, এ ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়; পাকিস্তানের কোনো শিল্পীকেই এ দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।

    এমএনএসের সভাপতি আরও বলেন, সীমান্তে আমাদের সেনারা প্রাণ দিচ্ছেন। পাকিস্তানি অভিনেতাদের আমাদের কিসের প্রয়োজন, আমাদের এখানে কি প্রতিভার অভাব রয়েছে?

    হুমকি দিয়ে খোরপার বলেন, প্রেক্ষাগৃহের মালিকরা জানেন— প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনো অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি ভিন্ন সে কথা উল্লেখ্য করে তিনি বলেন, সেনাদের জীবনের থেকে শিল্প কখনই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা ঘরে বসে পাকিস্তানের ছবি দেখব? এ দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।

    উল্লেখ্য, অভিনেত্রী মাহিরা খান ও ফাওয়াদ খান দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিল ভারতীয় দর্শক। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।

  • জীবনের যে আক্ষেপ প্রকাশ করলেন কৌশানী

    জীবনের যে আক্ষেপ প্রকাশ করলেন কৌশানী

    ‘বহুরূপী’ সিনেমা নিয়ে এবার পূজায় হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এই ছবির টিজার ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ছবিটিতে ‘ঝিমলি’ রূপে দেখা যাবে কৌশানীকে। নায়িকার বিপরীতে থাকছেন শিবপ্রসাদ মুখার্জি। তাদের জুটিতে রোম্যান্টিক গান ‘শিমূল-পলাশ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।

    গত বৃহস্পতিবার ছবির দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’-এর মিউজিক লঞ্চ ইভেন্টে নানা কথা প্রসঙ্গে অভিনেত্রী নিজের জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খোলেন।

    কৌশানী তার আশেপাশে থাকা মুখোশধারী মানুষদের চিনতে পারেন কিনা, প্রশ্ন করেন সাংবাদিকরা। নায়িকার উত্তর, ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হত। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি।’

    কৌশানী বলেন,‘এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি। আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মত ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দেই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়ত অনেক বড় জায়গা যেতে পারতাম।’

    ‘বহুরূপী’-এর পোস্টার লঞ্চের ইভেন্টেও নিজের প্রকৃতি ও তার জন্য কাজে কী প্রভাব পড়ে তা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না। দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘আবার প্রলয়’-এর পর আমি প্রায় ৮ মাস কিছু কাজ করিনি। এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাচ্ছি না। সেটা কিন্তু একেবারেই নয়। এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল, কিন্তু আমি স্বেচ্ছায় সেইসব কাজ ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল ‘আবার প্রলয়’-তে আমাকে অন্যরকম ভাবে দেখে দর্শকরা যে ভালোবাসাটা দিয়েছিলেন, সেটা যেন আমার পরের ছবিতে একটু না কমে। ‘আবার প্রলয়’ আমার জন্য খুব বিশেষ ছিল। তারপর আসে ‘বহুরূপী’-এর অফার।’

  • রায়হান রাফির সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

    রায়হান রাফির সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

    ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফি। গত ঈদে মুক্তি পায় তার ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’।

    রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরেই। এমনকি তাদের বিয়ে নিয়েও কথা শোনা গেছে। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। এখন আবার শোনা যাচ্ছে, তমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার। প্রেম-বিচ্ছেদ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন তমা মির্জা।

    রায়হান রাফির সঙ্গে কি আসলেই প্রেম ছিল তমার। এই প্রশ্নের জবাবে তমা জানান, রাফির সঙ্গে প্রেমে ছিল এটা তিনি কখনো বলেননি, তাহলে বিচ্ছেদের বিষয়টা এখন আসছে কেন? প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে ফের প্রশ্ন করা হলে তমা বলেন, আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এ বিষয়ে জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।

    অন্যদিকে রাফি দাবি করেছিলেন, তাদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেই কথার প্রেক্ষিতে তমা বলেন, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।

    যেহেতু তাদের বন্ধুত্বেও ফাটল, সেক্ষেত্রে প্রশ্ন আসেই যে, রায়হানের পরিচালনায় আগামীতে তমাকে দেখা মিলবে কি, তমা বললেন, আমি পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে, তখন আমি কাজ করতে পারব না। একই ভাবে, ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিক ভাবে কাজ করে যাব— সেটাও পারব না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।

    মাসখানেক আগেই অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফি। উল্লেখ করেন, আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম। রাফির সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।

    রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

  • হাত জোড় করে ক্ষমা চাইলেন অমিতাভ

    হাত জোড় করে ক্ষমা চাইলেন অমিতাভ

    মানুষ মাত্রই ভুল। তবে ভুল স্বীকার করে তা শুধরে নেওয়াটাই বড় কথা। এমনটাই মানেন অমিতাভ বচ্চন। তাই তো বলিউডের শাহেনশা হয়েও বিনম্র তিনি। হাত জোড় করে নিজের ভুলের জন্য চাইলেন ক্ষমা। কিন্তু কী এমন ভুল করেছেন বিগ বি?

    দিন কয়েক আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। তাতে বলেছিলেন, আমি আবর্জনা ফেলব না।

    এ কথাটি মারাঠি ভাষায় বলতে গিয়েই তিনি ভুল উচ্চারণ করে বসেন। ভুলের কথাটি তাকে জানান, বন্ধুবর সুদেশ ভোঁসলে। ভুল করেছেন তা জানতে পেরেই ক্ষমা চেয়ে নেন বলিউডের শাহেনশা। সঠিক উচ্চারণ করে কথাটি বলেন তিনি।

    অমিতাভের এই বিনম্রতায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই কমেন্টবক্সে তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, এই জন্যই তো আপনি অমিতাভ বচ্চন। কেউ কেউ আবার জানিয়েছেন, শেখার কোনও বয়স হয় না সেকথা বিগ বি আবারও প্রমাণ করলেন। আর এই কারণেই তিনি এতদিন ধরে বলিউডে রাজত্ব করছেন।

    সম্প্রতি প্রভাস-দীপিকার ‘কল্কি’ সিনেমা অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এই চরিত্রের জন্য তুমুল প্রশংসা পেয়েছেন তিনি। এদিকে আবার জল্পনা, রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমায় তার কণ্ঠ শোনা যাবে, তাও আবার জটায়ুর চরিত্রে।