Category: অন্যান্য

  • বাংলাদেশের ৯টি পেজ, ৬টি ফেসবুক এ্যাকাউন্ট বন্ধ

    বাংলাদেশের ৯টি পেজ, ৬টি ফেসবুক এ্যাকাউন্ট বন্ধ

    বাংলাদেশ থেকে খোলা ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এসব পেজ ও অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। সমন্বিতভাবে ভুয়া পোস্ট দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে আছে বিডিএসনিউজ ২৪ ডটকম, বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, নিউজ দিনেররাত ২৪ ডটকম।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকের নিউজরুমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

    তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এখনো সেই তথ্য প্রকাশ করেনি ফেসবুক। ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাজ করা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করায় ফেসবুক। তদন্তের পরই বাংলাদেশের ৯টি পাতা ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

    ফেসবুক বলেছে, যে নয়টি পাতা ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

    ফেসবুক জানায়, বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জন। বন্ধ হওয়া পেজগুলো বুস্ট করতে (বিজ্ঞাপন বাবদ) ৮০০ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। এখানে ২০১৭ সালের জুলাইয়ে প্রথম বুস্ট করা হয়। আর সর্বশেষ গত নভেম্বরে বুস্ট করা হয়েছে।

  • নারী ধূমপায়ীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

    নারী ধূমপায়ীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

    ধূমপান নিয়ে যখন চলছে হাজার তর্ক-বিতর্ক সেখানে আমাদের দেশ ধূমপায়ীদের তালিকায় শীর্ষে। এখানে ধূমপানে অভ্যস্ত নেই এমন পুরুষ হাতে গোনা খুব কম। তাই বলে নারীর যে ধূমপান করে না, তা কিন্তু নয়। তারাও করে তাই বলে একেবারে নারী ধূমপায়ীর তালিকায় যে বিশ্বে বাংলাদেশ শীর্ষস্থান দখল করবে তা হয়তো কেউ ভাবেও নি। তবে এমনটাই ঘটেছে।

    ক্রোয়েশিয়া ইন্সটিটিউট অব পাবলিক হেলথের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ড এবং রোমানিয়া এই তালিকায় ক্রোয়েশিয়ার আগে অবস্থান করছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবছর শুধুমাত্র ধূমপানের কারণে ক্রোয়েশিয়ার তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ২২টি ধূমপায়ী দেশের তালিকায় ক্রোয়েশিয়া বিশ্বে সপ্তম। এরপরেই আছে পোল্যান্ড ও রোমানিয়া।

    ক্রোয়েশিয়া ইন্সটিটিউট অব পাবলিক হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার ১৫ বছরের ঊর্ধ্বে অন্তত ৩১ শতাংশ নাগরিক ধূমপান করে। এ হিসেবে দিনে প্রত্যেকেই ১৬টি সিগারেট ধূমপান করে। এজন্য প্রতিমাসে মাথাপিছু ৭০ ইউরো দরকার হয় তাদের।

    ধূমপানে অনেক ক্ষতি জেনেও মানুষ আসক্ত হয়ে পড়েছে। কিন্তু মরণব্যাধি এই জিনিসটাকে কেউ ছাড়তে পারে না। আমাদের নিজেদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত

  • পিরোজপুরে ইটভাটায় শ্রমিকের ঝুলন্ত লাশ

    পিরোজপুরে ইটভাটায় শ্রমিকের ঝুলন্ত লাশ

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আবদুল আজিজ গাজী (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বলেশ্বর নদ তীরে অবস্থিত মুন ব্রিকস নামের ইটভাটা থেকে ওই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

    নিহত শ্রমিক আবদুল আজিজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের মৃত জমির উদ্দিন গাজীর ছেলে।

    থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আজিজ গত কয়েক মাস আগে ইটভাটা শ্রমিক হিসেবে মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের মেসার্স মুন ব্রিকস নামের একটি ইটভাটায় কাজ করে আসছিলেন। পারিবারিক কলহে বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইটভাটার একটি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

    শুক্রবার সকালে ইটভাটার অন্য শ্রমিকরা তার লাশ ঝুলতে দেখে ভাটা মালিককে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক অশান্তির কারণে ওই শ্রমিক আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • বরিশালে আগুনে ৪ ব্যবসা-প্রতিষ্ঠান ভস্মীভূত

    বরিশালে আগুনে ৪ ব্যবসা-প্রতিষ্ঠান ভস্মীভূত

    স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:

    বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ‘শহীদ জিয়া সড়ক’ এলাকায় আগুনে চার ব্যবসা-প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

    বুধবার (৫ ডিসেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানিয়েছেন।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল বাহিনীর সদস্যরা জানান, জিয়া সড়কে ব্রাশ ফ্যাক্টরির পাশে সিরাজের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী মো. আদু মিয়ার দর্জির দোকান, অপর একটি চায়ের দাকান ও রিকশার পার্সের দোকানসহ চারটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ওই চারটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

    এদিকে, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন।

  • অতিথি পাখির মেলা

    অতিথি পাখির মেলা

    শীতের হাওয়ায় কাঁপন লাগতে না লাগতেই সিলেটের বিভিন্ন হাওরে আসতে শুরু করেছে পরিযায়ী অতিথি পাখি। হাওরগুলোয় তারা নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। পুরো শীতকাল তারা এখানেই কাটিয়ে দেবে। তাদের দেখে মনে হয়, হাওরে যেন অতিথি পাখির মেলা বসেছে। তাদের কলতানে মুখর হাওর। তারা কখনো কচুরিপানার পাতার ফাঁকে দল বেঁধে বসে থাকে, আবার কখনো ঝাঁক বেঁধে আকাশে ওড়ে। তাদের কিচিরমিচির আওয়াজ ও ওড়াউড়ি দেখে দর্শনার্থীরাও মুগ্ধ।

    ডানা ঝাপটানো বেশ হয়েছে। এবার বিশ্রাম নেওয়ার পালা।ডানা ঝাপটানো বেশ হয়েছে। এবার বিশ্রাম নেওয়ার পালা।জলাশয় থেকে ঝাঁক বেঁধে ওপরে উঠছে পাখিরা।জলাশয় থেকে ঝাঁক বেঁধে ওপরে উঠছে পাখিরা।দল বেঁধে আকাশে উড়ছে শীতের অতিথি পাখি।দল বেঁধে আকাশে উড়ছে শীতের অতিথি পাখি।আকাশে ওড়াউড়ির প্রতিযোগিতা।আকাশে ওড়াউড়ির প্রতিযোগিতা।আকাশ যেন অতিথি পাখির দখলে।আকাশ যেন অতিথি পাখির দখলে।আকাশে উড়ছে হাজারো অতিথি পাখি।আকাশে উড়ছে হাজারো অতিথি পাখি।অতিথি পাখির ওড়াউড়িতে আকাশটা যেন নকশিকাঁথাঅতিথি পাখির ওড়াউড়িতে আকাশটা যেন নকশিকাঁথা

  • টঙ্গীতে বন্য প্রাণী জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

    টঙ্গীতে বন্য প্রাণী জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

    গাজীপুরের টঙ্গীতে বন্যপ্রাণী অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেশকিছু বন্য প্রাণী জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে টঙ্গী বাজারে র‍্যাব ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে বন্য প্রাণী জব্দ করা হয়।

    বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, টঙ্গী বাজারে আল হাদী নামে এক ব্যক্তির দোকান থেকে এসব প্রাণী জব্দ করা হয়। অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

    অসীম মল্লিক জানান, জব্দ হওয়া এসব প্রাণীর মধ্যে রয়েছে, একটি বানর, ১৯টি বালিহাঁস, পাঁচটি প্যাঁচা, ১৫টি শালিক, পাঁচটি ঘুঘু, একটি কালিম, দুটি কাঠবিড়ালি ও সাতটি টিয়া। তিনি জানান, জব্দ হওয়া এসব প্রাণীর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

    অসীম মল্লিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদী জানিয়েছেন, পাখিগুলো শেরপুরের হাওরাঞ্চল থেকে আর বানর-কাঠবিড়ালি গাজীপুরের বন থেকে ধরা হয়। পরে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দের নেতৃত্বে এসব প্রাণী গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

  • হংসবলাকা আসছে ডিসেম্বরে

    হংসবলাকা আসছে ডিসেম্বরে

    বিজয়ের মাসে দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত নতুন দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ। ১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর মধ্যে দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৫টি। গত ১৯ আগস্ট বিমানের প্রথম ড্রিমলাইনার আকাশবীণা ঢাকায় আসে। দ্বিতীয় ড্রিমলাইনারটির নাম হংসবলাকা।

    আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে ড্রিমলাইনার আকাশে উড়বে। ওই দিন থেকে ২৭১ আসনের ড্রিমলাইনারে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ৬টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে ৪টি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ২৯ নভেম্বর ড্রিমলাইনারের মালিকানা হস্তান্তর করবে। ৩০ নভেম্বর দুপুরে ঢাকার উদ্দেশে যাত্রা করবে উড়োজাহাজ। বিজি-২১১২ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের পেনফিল্ড এয়ারপোর্ট থেকে টানা সাড়ে ১৫ ঘণ্টা উড়ে ঢাকায় আসবে।

    বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইনামুল বারী বলেন, টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম ড্রিমলাইনার। এ উড়োজাহাজ চালাতে অন্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানি লাগে।

    ড্রিমলাইনারের ওজন ২৯টি হাতির সমান
    ড্রিমলাইনার ঘণ্টায় ৬৫০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম। উড়োজাহাজের শব্দ কমাতে ইঞ্জিনের সঙ্গে শেভরন প্রযুক্তি যুক্ত রয়েছে। বিমানটি নিয়ন্ত্রিত হবে ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমে। কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় বিমান ওজনে হালকা। ভূমি থেকে বিমানটির উচ্চতা ৫৬ ফুট। দুটি পাখার আয়তন ১৯৭ ফুট। এর মোট ওজন ১ লাখ ১৭ হাজার ৬১৭ কিলোগ্রাম, যা ২৯টি হাতির সমান! এর ককপিট থেকে টেল (লেজ) পর্যন্ত ২৩ লাখ যন্ত্রাংশ রয়েছে।

    ড্রিমলাইনারে ২৭১টির মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাসের। বিজনেস ক্লাসের আসনগুলো ১৮০ ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরামদায়কভাবে বিশ্রাম নিতে পারবেন। দু’দুপাশের প্রত্যেক আসনের পাশে রয়েছে বড় আকারের জানালা। একই সঙ্গে জানালার শাটার বন্ধ করাও খোলা যাবে বোতাম টিপে। জানালা থেকে শুরু করে কেবিনেও রয়েছে মুড লাইট সিস্টেম। ফলে যাত্রীরা সহজেই পরিবর্তন করতে পারবেন লাইটিং মুড। দীর্ঘ ভ্রমণে যাত্রীরা যেন ক্লান্তি অনুভব না করেন, সে জন্য এয়ার কম্প্রেসর সিস্টেম অন্যান্য উড়োজাহাজের তুলনায় উন্নত।

    সব সময় ওয়াইফাই সুবিধা, স্ক্রিনে থ্রিডি ম্যাপ
    ড্রিমলাইনারের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট (আইএফই) সেবা দিতে প্যানাসনিক এভিওনিকস করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে বিমান। প্রতিটি আসনের সামনে প্যানাসনিকের এলইডিএস-মনিটর রয়েছে। মনিটরে বিবিসি, সিএনএনসহ ৯টি টিভি চ্যানেল দেখা যাবে। ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমে থাকবে ১০০টির বেশি ক্ল্যাসিক থেকে ব্লকবাস্টার ছবি। বিমানের জন্য বিশেষভাবে নির্মিত গেমসও আছে। ড্রিমলাইনার সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট দিয়ে উড়ে যাওয়ার সময়ও ওয়াইফাই সুবিধা পাবেন যাত্রীরা। এ ছাড়া মোবাইল ফোনে রোমিং সুবিধা থাকলে আকাশে উড্ডয়নের সময় কল করতে পারবেন যাত্রীরা। এ জন্য ২৫টি স্যাটেলাইটের সঙ্গে করা হয়েছে চুক্তি। উড়োজাহাজটি যে স্থানের ওপর দিয়ে যাবে, যাত্রীদের সামনে তখন স্ক্রিনে দেখা যাবে থ্রি-ডি ম্যাপ। একই সঙ্গে উঠে আসবে সেই স্থানের সংক্ষিপ্ত পরিচিতি।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে বোয়িং কোম্পানির ১০টি নতুন বিমান কেনার জন্য ২ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলারের চুক্তি করে। ইতিমধ্যে বহরে যুক্ত হয়েছে ৬টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি ৭৩৭-৮০০ এবং ১টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বাকি তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এর মধ্যে দ্বিতীয়টি বিমান বহরে যুক্ত হবে ১ ডিসেম্বর, ২০১৮। চারটি ড্রিমলাইনারসহ সব উড়োজাহাজের নাম পছন্দ করেছেন প্রধানমন্ত্রী।

  • প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে তরুণী

    প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে তরুণী

    শামীম ইসলাম:

    বছরখানিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। তারপর প্রেম। সেই প্রেমের টানে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান (২৮)। বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের খ্রিষ্টানপাড়ার বাসিন্দা মাইকেল অপু মণ্ডলের সঙ্গে ফেসবুকে প্রেম হয় সারা মেরিয়ানের।

    বৃহস্পতিবার খ্রিষ্টান ধর্মীয় রীতি অনুযায়ী সারা ও অপুর মধ্যে আংটি বদলের মাধ্যমে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাইকেল রবীন মণ্ডলের একমাত্র ছেলে অপু মণ্ডল পেশায় রং মিস্ত্রি।

    অপু জানান, ফেসবুকের মাধ্যমে সারা মেরিয়ানের সঙ্গে তার পরিচয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা মেরিয়ান মিনাসোটার একটি বৃদ্ধাশ্রমের সেবিকা। গত ১৯ নভেম্বর তিনি বরিশালে আসেন। নগরীর একটি আবাসিক হোটেলে উঠে মুঠোফোনের মাধ্যমে খুঁজে নেন অপুকে।

    সারা মেরিয়ান জানান, অপুর প্রেমের টানেই তিনি বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপুর পরিবারের সবাইকে তার ভাল লেগেছে। বরিশালের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে। আগামী ২৭ নভেম্বর তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

    পরবর্তীতে কোন এক সময় এসে বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে অপুকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মুরতজা আবেদীন জানান, বৃহস্পতিবার সারা মেরিয়ান ও অপুর মধ্যে আংটি বদল হয়েছে।

    এ উপলক্ষে অপুর পারিবারের উদ্যেগে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেমের টানে মার্কিন তরুণীর এভাবে বরিশালে চলে আসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই হতবাক। সেই সঙ্গে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করেছে।

  • উদ্ধার হল গর্ভবতী কঙ্কাল

    উদ্ধার হল গর্ভবতী কঙ্কাল

    ৩৭০০ বছর ধরে মাটির তলায় চিরঘুমে শায়িত মা ও সন্তান। মাটি খুঁড়ে মিলল তাদের কঙ্কাল। ঘটনা মিশরের। প্রত্নতাত্ত্বিকদের মতে, দু’টি কঙ্কালের একটি বছর পঁচিশের এক যুবতীর। অন্য কঙ্কালটি তার গর্ভস্থ ভ্রুণের। সম্ভবত ওই মহিলা আসন্নপ্রসবা ছিলেন। সেই সময়ই মৃত্যু হয় তার।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মিশর রাজধানী কায়রো থেকে ৫৩০ মাইল দূরে অবস্থিত আসওয়ান নামের এক স্থান থেকে ওই কঙ্কাল দু’টির সন্ধান পাওয়া গিয়েছে।

    ইয়েল বিশ্ববিদ্যালয় ও বোলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ওই কঙ্কালগুলো উদ্ধার করেন। ওই গর্ভবতী মহিলাকে ১৭৫০ থেকে ১৫৫০ খ্রিস্ট পূর্বাব্দের মধ্যবর্তী কোনও এক সময়ে কবর দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকিউটিস-এর সচিব মোস্তাফা ওয়াজিরি।

    কীভাবে মৃত্যু হয়েছিল ওই মহিলার? জবাবে জানালেন, তার কোমরের হাড়ে সমস্যা ছিল। সেটিকে হয়তো ঠিকভাবে শুশ্রুষা করা সম্ভব হয়নি। সেই কারণেই সন্তানের জন্ম দেওয়ার সময়ে সমস্যায় পড়তে হয়েছিল তাকে। আর তাই শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল।

    মহিলার শরীরটি একটি চামড়ার ভিতরে মোড়ানো ছিল। কবরের মধ্যে রাখা ছিল একটি পাত্র ও অস্ট্রিচের ডিম দিয়ে বানানো জপমালা। হাজার হাজার বছর পেরিয়ে এসে আবার পৃথিবীর আলো পড়ল কবেকার মৃত শরীরের কাঠামোয়। আধুনিক পৃথিবীর বুকে ফুটে উঠল কবেকার এক অজ্ঞাত নারীর প্রসবকালীন মৃত্যুর করুণ ছবি।

  • আ.লীগ ব্যবসা করে না, ব্যবসায়ীদের সুযোগ করে দেয়

    আ.লীগ ব্যবসা করে না, ব্যবসায়ীদের সুযোগ করে দেয়

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার পুনরায় নির্বাচিত হলে চট্টগ্রাম ও রাজশাহীতে আধুনিক ট্যানারি ও স্বতন্ত্র চামড়াশিল্প অঞ্চল গড়ে তোলা হবে। সরকার ইতিমধ্যে শিল্পাঞ্চলের উপযোগী স্থান নির্ধারণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেরা ব্যবসা করে না। ব্যবসায়ীদের জন্য ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেয়।

    প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ উদ্বোধনকালে এসব কথা বলেন।

    শেখ হাসিনা চামড়াশিল্পের নেতাদের বলেন, আমি নির্বাচিত হলে শিল্পাঞ্চল ও ট্যানারি নির্মাণ করব। অন্যথায় আপনারা নিশ্চিত করবেন যে নতুন সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী নবনির্মিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রত্যেকটিতে বিশেষ করে চামড়াশিল্পের জন্য একটি করে স্থান রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

    দেশে বিভিন্ন চামড়াশিল্প গড়ে তোলায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন বিভিন্ন ব্র্যান্ডের চামড়াজাত পণ্য বাংলাদেশেই তৈরি হচ্ছে, যেগুলো তাঁরা তাঁদের দেশে নিয়ে গিয়ে ফিনিশিং দিয়ে মার্কেটে দিচ্ছেন। তিনি চামড়া ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, এই কাজগুলো যেন আরও ভালোভাবে করা যায়, আপনারা তা খেয়াল রাখবেন। এ জন্য যা কিছু সহযোগিতা দরকার, আমাদের সরকারের পক্ষ থেকে, আমরা তা করব।

    সরকারপ্রধান বলেন, ‘এই সেক্টরটিকে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র। সেই সম্ভাবনাটা আমাদের কাজে লাগাতে হবে। সেই দিকে দৃষ্টি দিয়েই আমাদের সব রকম ব্যবস্থা নিতে হবে।’ রপ্তানি বাস্কেট বাড়ানোর জন্য ব্যবসায়ীদের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সব সময় আপনাদের মাথায় রাখতে হবে আরও কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারি। কোন দেশের চাহিদা কী, কোথায় আমরা আমাদের রপ্তানিটা বাড়াতে পারি। তাহলে আমাদের উৎপাদনও যেমন বাড়বে, দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে, ব্যবসায়ীদের ব্যবসা এবং রপ্তানি উভয়ই বৃদ্ধি পাবে।

    কূটনীতি ছিল পলিটিক্যাল, এখন ইকোনমিক্যাল
    শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার নিজেরা ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। তিনি জানান, এ বিষয়ে ইতিমধ্যেই তাঁর সরকার সব দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের বাংলাদেশে ডেকে তাঁদের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। শেখ হাসিনা বলেন, ‘একসময় কূটনীতিটা ছিল পলিটিক্যাল আর এখন হয়ে গেছে ইকোনমিক্যাল। কী ধরনের বিনিয়োগ আমাদের দেশে আসতে পারে, সেটাকেই খুঁজে নিয়ে আসা এবং সেভাবেই কাজ করতে হবে।

    রাজধানীর হাজারীবাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে থাকা ট্যানারি শিল্পসমূহকে একটি পরিবেশবান্ধব জায়গায় স্থানান্তরের জন্য ঢাকার সাভারে ধলেশ্বরী নদীর তীরে ২০০ একর জমিতে চামড়াশিল্প নগরী স্থাপনের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে ১১৫টি ট্যানারি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। তবে এটাকে আরও আধুনিকায়ন করা দরকার। এ সময় চামড়া সংগ্রহে কসাইদের প্রশিক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাহলে সংগ্রহকালে একটি বড় অংশ যে নষ্ট হয়ে যায়, তা আর নষ্ট হতে পারবে না। প্রধানমন্ত্রী সঙ্গে আনা জার্মান ব্র্যান্ড পিকার্ডের তৈরি চামড়ার ভ্যানিটি ব্যাগ দেখিয়ে বলেন, এটি বাংলাদেশে তৈরি এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকেও তিনি এটা দেখিয়েছেন যে এসব পণ্যও বাংলাদেশে তৈরি হচ্ছে। তিনি বিদেশে যেখানেই যান এসব বাংলাদেশি পণ্য সঙ্গে করে নিয়ে যান বলে উল্লেখ করেন।

    তাঁর সরকারের সময় দেশে একের পর এক কৃষি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, মেরিটাইম ও ডিজিটাল বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সময়ের প্রয়োজনটা জেনে নিয়ে সেভাবে আমাদের হালনাগাদ হওয়ার দরকার।

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশিষ বসু, এফবিসিসিআই প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি সফিউল ইসলাম স্বাগত বক্তব্য দেন।