Blog

  • ২০২৩ সালে ৩৩ হাজার ৪৬৫ টি দুর্ঘটনায় নিহত ৫ হাজার ৫৯২ জন

    ২০২৩ সালে ৩৩ হাজার ৪৬৫ টি দুর্ঘটনায় নিহত ৫ হাজার ৫৯২ জন

    ২০২৩ সালে সড়কপথে ছোট-বড় ৩৩ হাজার ৪৬৫ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৯ হাজার ৯৯ জন এবং নিহত হয়েছে ৫ হাজার ৫৯২ জন।

    ৩১ ডিসেম্বর বিকেলে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানার পঠিত প্রতিবেদন থেকে আরো জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ হাজার ২৫২ টি মোটর বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ হাজার ৮১৪ জন, নিহত হয়েছেন ৯০৪ জন; ৯ হাজার ৮৬৭ টি ট্রাক দুর্ঘটনায় আহত ১০ হাজার ৮৩৪ এবং নিহত হয়েছেন ৯৩৪ জন, নির্ধারিত গতিসীমা না মানা, পরিবহন মালিকদের উদাসিনতা ও সতর্কতা অবলম্বন না করায় বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘন্টা বাহন চালনাসহ বিভিন্ন নিয়ম না মানায় ১১ হাজার ৩৪৬ টি বাস দুর্ঘটনায় আহত ১৩ হাজার ১৮৫ এবং নিহত হয়েছেন ২ হাজার ২৪৩ জন, দায়িত্বে অবহেলা, স্থানিয় পুলিশ-প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নাসিমন-করিমন এবং অন্যান্য ৩ চাকার বিভিন্ন ধরণের বাহনে ১১ হাজার ১০৪ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৭০৮ এবং নিহত হয়েছেন ১ হাজার ৫১১ জন।

    সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা ও লায়ন ইমাম হোসেন-এর তত্বাবধায়নে দৈনিক যুগান্তর, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ২২ টি জাতীয় দৈনিক, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাছরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডি নিউজসহ আঞ্চলিক ও স্থানিয় ৮৮ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথ-এর জন্য তৈরি করা হয়েছে।

    আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- ২০২৩ সালে নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৯০৫ টি। আহত হয়েছে ১ হাজার ৩১৪ জন, নিহত হয়েছে ১৯৬ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ১৯৬ টি। আহত হয়েছেন ১ হাজার ৫৯ জন। নিহত হয়েছেন ২৫৭ জন।

  • ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি খলিল, সম্পাদক আক্কাস

    ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি খলিল, সম্পাদক আক্কাস

    নিজস্ব প্রতিবেদক ::: ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী খলিলুর রহমান (বাংলাদেশ বেতার ও মাছরাঙা) সভাপতি নির্বাচিত হয়েছেন।

    সোমবার (২৫ ডিসেম্বর) প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু।

    কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে আল আমিন তালুকদার (এখন টিভি) ও মাসউদুল আলম (বাংলা ভিশন), সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ (প্রথম আলো), কোষাধ্যক্ষ হিসেবে শফিউল ইসলাম সৈকত (ইত্তেফাক) ও দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএটিভি)।

    এর আগে কোনো প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, রতন আচার্য্য, রাজু খান।

  • ৭ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভোট দিতে যাবেন: প্রধানমন্ত্রী

    ৭ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভোট দিতে যাবেন: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক ::: ১৯৭৫ সালের ১৫ আগস্ট মা-বাবা, ভাইসহ সব স্বজনদের হারিয়েছে। সব শোক-ব্যথা বুকে নিয়ে রাস্তায় নেমেছি। লক্ষ্য একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।

    মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের পর বাংলার মানুষ ছিল অবহেলিত। তাদের মাথাপিছু আয় বাড়েনি। তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমি এগিয়ে এসেছি।

    উত্তরবঙ্গে মঙ্গা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। দুই বেলা খেতে পারবে সে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমরা সেটা করতে পেরেছি।

    দেশকে আরও উন্নত করতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য কেবল নৌকা মার্কা থাকলেই সেটা সম্ভব। আমার আর হারাবার-পাওয়ার কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকবেন সেটাই আমার লক্ষ্য। এ জন্য ৭ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভোট দিতে যাবেন।

    প্রধানমন্ত্রী বলেন, রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডিউককে আপনাদের হাতে তুলে দিলাম। আরও একবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, নৌকা মার্কাই আপনাদের জীবনমান উন্নয়ন করেছে। তাই আরও একবার সুযোগ দেবেন।

    এসময় প্রধানমন্ত্রী তার সময়কালে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন।

    এর আগে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

    সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে বেলা ১১টা ৫০ মিনিটে প্রথমে রংপুরের তারাগঞ্জ উপজেলার ওয়াকফ এস্টেট কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় যোগ দেন।

    জনসভা শেষে সড়ক পথে স্বামীর বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খাবার শেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ভোট চাইবেন তিনি।

  • পূত্র সন্তা‌নের পিতা হ‌লেন সাংবাদিক আ‌রি‌ফিন তুষার

    পূত্র সন্তা‌নের পিতা হ‌লেন সাংবাদিক আ‌রি‌ফিন তুষার

    পূত্র সন্তা‌নের পিতা হ‌লেন শ‌হীদ আবদুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেসক্লা‌বের ক্রীড়া সম্পাদক আ‌রি‌ফিন তুষার।

    সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান।

    বর্তমানে নবজাতক শিশু ও তার মা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক আরিফিন তুষার।

    আরিফিন তুষার দেশের জনপ্রিয় দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান। এছাড়া তিনি বরিশালের স্থানীয় পত্রিকার পেশার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • পিরোজপুরে নিজের অটোরিকশার নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

    পিরোজপুরে নিজের অটোরিকশার নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

    পিরোজপুরের নাজিরপুরে নিজের অটোরিকশার নিচে চাপা পড়ে মো. কালাম হাওলাদার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত কামাল হাওলাদার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে।

    স্থানীয়রা জানায়, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ওই অটোচালক তার গাড়িতে পান নিয়ে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তার এক প্রান্ত থেকে একটি কুকুর দৌড়ে এসে ওই অটোরিকশার নিচে পড়ে। এতে অটোরিকশাটি উলটে যায় এবং নিজের চালিত ওই অটোরিকশার নিচে চাপা পড়েন চালক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এমন একটি দুর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। নিজের অটোতেই তিনি চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ও অটোতে থাকা ভাড়াটিয়া জানিয়েছেন।

  • ফের সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ১১ হাজার

    ফের সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ১১ হাজার

    পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ৪১ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি।

    শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রবিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।

  • নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা হবে না: শেখ হাসিনা

    নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা হবে না: শেখ হাসিনা

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না।

    বড়দিন উপলক্ষে রোববার (ডিসেম্বর ২৪) দুপুরে গণভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, মানুষের জন্য কতটুকু করতে পারব সেই কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না।

    তিনি বলেন, এভাবে জীবন্ত মানুষ পোড়ানো, এটা তো মহাপাপ। এটা তো অন্যায়। এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। ধিক্কার জানাই তাদের, যারা এই ধরনের হুকুম দেয় এবং যারা এই ধরনের কাণ্ড ঘটায়।

    শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্য আমাদের দেশেও আমরা দেখি কিছু মানুষ; তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করে। রেললাইনের ফিসপ্লেট খুলে দেয়। কেন? রেলের বগিগুলো পড়ে যাবে আর মানুষ নিহত হবে। এটা কোন ধরনের রাজনীতি আমি জানি না। আমার কাছে অবাক লাগে।

    আওয়ামী লীগ সভাপতি বলেন, জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মারা, বাসে আগুন, গাড়িতে আগুন দিয়ে খেলা। এটা কেন? রাজনীতি হবে আদর্শ নিয়ে, নিজের যদি কর্মসূচি থাকে জনগণের কাছে যাবে। জনগণের কাছে বলবে।

    তিনি বলেন, কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়েছে। একটি মা তার সন্তানকে বুকে ধরে পুড়ে মারা গেছে। এই ধরনের করুণ দৃশ্য তো আমরা দেখতে চাই না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে পুড়িয়ে মেরে, মানুষের ক্ষতি করে কী অর্জন করছে, সেটাই আমার প্রশ্ন। এই ধরনের সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা চাই।

  • সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

    সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

    বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি।

    রোববার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

    তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এর আগে গতকাল শনিবার রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

  • মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, এক মাস আগে কোচিং বন্ধ

    মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, এক মাস আগে কোচিং বন্ধ

    আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আর এক মাস আগে ৯ জানুয়ারি থেকে মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসঙ্গত পরীক্ষা নেওয়া যায়, যাতে ভালো শিক্ষার্থী ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

    ভর্তির যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে। যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশি শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আর ৪ জানুয়ারি থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন নেওয়া যাবে।

    সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বরিশালে চুরি হওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

    বরিশালে চুরি হওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

    বরিশালে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

    রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

    পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গত নভেম্বর মাসে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে।

    মোবাইল ফোন পেয়ে আনন্দিত মেহেন্দীগঞ্জের জেসমিন আক্তার জানান, তিনি মোবাইল ফোন ফেরত পাবেন এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুবই খুশি।

    বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান হোসেন জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে। কেউ যদি পুরোনো মোবাইল ফোন কিনে থাকেন তাহলে তা ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।