Blog

  • আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না সাদিক আব্দুল্লাহ ও শাম্মি

    আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না সাদিক আব্দুল্লাহ ও শাম্মি

    আপিল বিভাগেও প্রার্থিতা বাতিল রইলো বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের। এতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা।

    মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।

    জানা যায়, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিল চেয়ে পরে ইসিতে আপিল করেন ওই আসনের নৌকার প্রার্থী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শুনানি শেষে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে কমিশন। পরে হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে রায় পেলেও আজ আপিল বিভাগে ফের আটকে গেল সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা।

    এদিকে ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বে অভিযোগে প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ। আর একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল থাকে। পরে শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন। অস্ট্রেলিয়ার নাগরিক হলেও শাম্মী আহমেদ তা গোপন করেছিলেন। পরে সেই অভিযোগের সত্যতা পেয়ে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজ আপির বিভাগে তার প্রার্থিতা বালিতের আদেশ দেয়।

  • আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

    আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

    জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    মঙ্গলবার (২ জানুয়ারি) ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে, গত ৩ ডিসেম্বর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

  • নির্বাচন উপলক্ষে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন

    নির্বাচন উপলক্ষে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

    মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।

    সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পর শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি নির্বাচন কমিশন বা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।

    সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলোর এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে। সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে।

    সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে; এ ছাড়া সীমান্তবর্তী ৪৭ উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চার উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) সর্বমোট ১৯ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে।

    বাংলাদেশ বিমান বাহিনী দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

    সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

  • বরিশালে বিপুল পরিমাণে কথিত গোল্ড কয়েনসহ ২ প্রতারক আটক

    বরিশালে বিপুল পরিমাণে কথিত গোল্ড কয়েনসহ ২ প্রতারক আটক

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে বিপুল পরিমাণে কথিত গোল্ড কয়েনসহ দুই প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    রোববার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশের পরিদর্শক মো. ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ছগির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন নগরের ২০ নম্বর ওয়ার্ডস্থ বগুড়া নথুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়।

    এ সময় মজিবর মোল্লা ওরফে জামাল ও মো. একরাম শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত গোল কয়েন আকৃতির সোনালী রঙের ময়লা যুক্ত ১ হাজার ১৬০ পিস টিনের টুকরা (কথিত সোনার কয়েন) এবং দুইটি বাটন মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

    তিনি জানান, প্রতারকরা সোনার কয়েনের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে পরিদর্শক মো. ছগির হোসেন জানান, অভিযানে এসআই মো. ফিরোজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

  • শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড,কয়েক মিনিটের মধ্যেই শর্তে জামিন

    শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড,কয়েক মিনিটের মধ্যেই শর্তে জামিন

    শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
    রায়ে ৩০ দিনের মধ্যে শ্রমিকদের চাকরিস্থায়ী করা, কল্যাণ তহবিলের গঠন ও শ্রমিকদের ৫ শতাংশ লভ্যাংশ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আপিলের শর্তে ৫ হাজার টাকা বন্ডে চারজনকেই এক মাসের জামিন দিয়েছেন আদালত।

    এদিন রায় শুনতে দুপুরে আদালতে হাজির হন ড. ইউনূস। দুপুর আড়াইটার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। ৮৪ পৃষ্ঠা রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান আদালত। রায়ে আদালত বলেন, নোবেলজয়ী হিসেবে ড. ইউনূসের বিচার হয়নি, বিচার হয়েছে শ্রম আইন লঙ্ঘনের।

    এর আগে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৪ ডিসেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।

    ওইদিন বেলা সাড়ে ১১টায় শুরু হয় শুনানি, চলে রাত সোয়া ৮টা পর্যন্ত। মাঝে এক ঘণ্টা দুপুরের খাবার এবং মাগরিবের নামাজের জন্য বিরতি দেয়া হয় ১৫ মিনিট। শ্রম আদালতে এত সময় ধরে কোনো মামলা শুনানির ঘটনা এটিই প্রথম।

    এদিন ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এসএম মিজানুর রহমান। অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

    গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়ার অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ড. ইউনূসসহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত। রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেন আদালত।

    সোমবার (১ জানুয়ারি) দুপুরে ড. ইউনূসসহ একই মামলায় দণ্ডিত চারজনকে সাজার রায় ঘোষণার পর তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।

    দুপুর ২টা ১৫ মিনিট থেকে রায় ঘোষণা শুরু করা হয়। রায় শোনার জন্য ১টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন ড. মুহাম্মদ ইউনূস।

    এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। খবর সংগ্রহের জন্য ভিড় জমান দেশি-বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা।

    ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

    এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়।

  • বরিশালে বই উৎসবে প্রাণবন্ত‌ শিক্ষার্থীরা

    বরিশালে বই উৎসবে প্রাণবন্ত‌ শিক্ষার্থীরা

    শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বরিশালে নতুন বছরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    সোমাবার (১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে পর্যাক্রমে বরিশালের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঙ্গনগুলোতে বই বিতরণ করা হয়।

    সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম এরপর সরকারি জিলা স্কুল এবং মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিন বিদ্যালয়ে অতিথি হিসেবে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বই উৎসব উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিধিরা স্বতস্ফুর্তভাবে বই উৎসবে অংশহণ করেন।

    সরকারি হিসাব আনুসারে বরিশাল বিভাগে ৬ হাজার ২৪৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক স্তরে বরিশাল বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৬২ হাজার ৫৭২ জন। বইয়ের চাহিদা রয়েছে ৫০ লাখ ৩৩ হাজার ৩৮২ টি বই। যার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।

    প্রাথমিক স্তরে বরিশাল জেলার মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৩৭ জন। বইয়ের চাহিদা রয়েছে ১৩ লাখ ৪ হাজার ৯৭৭ টি বই। যার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে । বরিশাল জেলায় সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৫৯৪ টি। প্রাক প্রাথমিকে ২ টি বই, ১ম ও ২য় শ্রেনীর শিক্ষার্থীদের ৩ টি করে বই এবং ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের ৬ টি করে বই দেয়া হয়।

    উচ্চ মাধ্যমিক, দাখিল, কারিগরি সহ বরিশাল জেলায় মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী ৪ লাখ ৪২ হাজার ৫০১ জন। বইয়ের চাহিদা রয়েছে ৩৭ লাখ ৮৮ হাজার ৫৯৬ টি। পাওয়া গেছে ২৬ লাখ ৭৮ হাজার ৪৪২ টি। বিতরন করা হয় ২৫ লাখ ১৩ হাজার ৯৭২ টি। প্রাপ্তির হার ৭০ দশমিক ৬৯ শতাংশ। বরিশাল উপজেলা ২০৩ টি প্রাথমিক বিদ্যালয়ের এ উৎসব হয়েছে।

  • বরিশালে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

    বরিশালে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

    বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ যাত্রী।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়- ৩০ ডিসেম্বর রাত সাড় ৭ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতুর ঢালে অজ্ঞাত এক বাইসাইকেল আরোহীকে পিছন থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদসহ পুলিশের টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

    এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, নিহতের সন্ধান পাওয়া যায়নি।

    অপরদিকে রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় ঢাকা থেকে বরিশালগামী একটি পিকআপ ভ‍্যান (ঢাকা মেট্রো-ন, ১৯-৭৪৭১) ইচলাদী বাসস্ট্যান্ডের আবু তালেব ফকিরের দোকানের সামনে থামিয়ে রাখা মাহেন্দ্র গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। যার ফলে মাহেন্দ্র গাড়ির ৩ জন যাত্রী আহত হয়।

    আহতরা হলেন- আটিপাড়া গ্রামের আঃ গনি হাওলাদারের ছেলে মাহবুব হাওলাদার(৪০), ধামসর গ্রামের আবুবক্কর খানের ছেলে বেল্লাল হোসেন (৪০), মুন্ডপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে হিরন হাওলাদার (৪৫)।

    আহতদের মধ্যে মাহবুব হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বাকীরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

  • শিক্ষকদের অসন্তোষের মুখে প্রাথমিকে ছুটি বাড়ালো ১৬ দিন

    শিক্ষকদের অসন্তোষের মুখে প্রাথমিকে ছুটি বাড়ালো ১৬ দিন

    অনলাইন ডেস্ক ::: মাধ্যমিকের চেয়ে প্রাথমিকে বাৎসরিক ছুটি কম রাখায় চরম অসন্তোষ জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিষয়টি নিয়ে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশ হয়। এরপর ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    নতুন ছুটির তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ের মতোই প্রাথমিক বিদ্যালয়েও বছরে ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। ছুটি বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা।

    রোববার (৩১ ডিসেম্বর) নতুন ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এ তালিকায় ২৮ ডিসেম্বর সই করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ অন্য কর্মকর্তারা।

    আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

    ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।

    অন্যদিকে ২০ জুলাইয়ের আষাঢ়ী পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।

    প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ছুটির তালিকায় সমন্বয় করেছে। এতে আমরা ভীষণ খুশি। অধিদপ্তরের মহাপরিচালকসহ সং‌শ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্ত‌রিক কৃতজ্ঞতা জানা‌চ্ছি।’

  • বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী

    বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী

    নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল জেলার ২টি আসন এবং বরগুনার একটি আসন থেকে জাতীয় পার্টির দুই সংসদ সদস্য প্রার্থী।

    রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা ও মহানগর জাতীয় পার্টি।

    নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমান।

    সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর। কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার কিছু রাজনৈতিক দলকে ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই।

    তাপস আরও বলেন, নির্বাচানে রয়েছে একটি দল, আর সেই দলের লেজুড়ভিত্তিক কিছু মানুষই এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। সার্বিক বিবেচনায় আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

    একই মঞ্চে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বরগুনা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী।

    সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। উপস্থিত ছিলেন বরিশাল এবং বানারীপাড়া ও উজিরপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা।

  • থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস না ওড়ানোর আহ্বান ফায়ার সার্ভিসের

    থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস না ওড়ানোর আহ্বান ফায়ার সার্ভিসের

    থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি না ফোটানোর এবং ফানুস না ওড়ানোর আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের বরাত দিয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ তথ্য জানায়।

    ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০২২ সালের থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর কারণে প্রায় ১০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; যাতে আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি হয়। আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো থেকে ২০২১ সালে ১৬টি অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয় এবং আতশবাজির উচ্চশব্দে তানজিম উমায়ের ওরফে মাহমুদুল হাসান নামের এক শিশুর মৃত্যু হয়। ২০২০ সালে ৫০টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা, ২০১৯ সালে ৭২টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৪৭ হাজার টাকা এবং ২০১৮ সালে ৪২টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫৬ লাখ ৬ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। এসব অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিস ৩ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ উদ্ধার করে।

    ফায়ার সার্ভিসের পক্ষ হতে ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও ভিডিও ক্লিপস শেয়ার করা হয়েছে। একইসাথে বিশেষ করে ঢাকার ফায়ার স্টেশনসমূহকে সতর্ক রাখা হয়েছে; যাতে এ সংক্রান্ত যেকোনো দুর্ঘটনায় দ্রুত রেসপন্স করা যায়।